📄 খুযায়মা
খুযায়মা : তাঁহার মাতা হইলেন সালমা বিন্ত আসলাম, তাঁহার সহোদর একভাই হুযায়ল। বৈপিত্রিয় ভাই তালিব ইব্ন হালওয়ান। কাহারও কাহারও মতে তাঁহার মাতা ছিলেন সালমা বিন্ত আসাদ ইব্ন রবী'আ।
📄 মুদরিকা
মুদরিকা: তাঁহার আসল নাম 'আমর। মাতার নাম খিদিফ (خدف)। লায়লা বিন্ত হালাওয়ান ইব্ন ইমরান। মুদরিকার সহোদর দুই ভাই হইলেন যথাক্রমে 'আমির (অপর নাম তাবিখাহ) ও 'উমায়র (অপর নাম কামা'আহ)।
📄 ইলয়াস
ইলয়াস: তাঁহার মাতা হইলেন আর-রাবাব বিনত হায়দাহ ইব্ন মা'আদ। তাঁহার সহোদর এক ভাই হইল 'আয়লান (তাবারী, প্রাগুক্ত)। বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (স) বলিয়াছেন।
لا تَسُبُّوا الْيَاسَ فَإِنَّهُ كَانَ مُؤْمِنًا .
"ইলয়াসকে গালি দিও না। কারণ তিনি ছিলেন মু'মিন"। বায়তুল্লাহ্র নিকট উট কোরবানীর প্রথা তিনিই প্রবর্তন করেন (আস-সুহায়লী, প্রাগুক্ত, ১খ, ১০)।
📄 মুদার
মুদারঃ এই নামটি সম্পর্কে আল-কুতুবী বলেন, শব্দটির মূল মুদায়রাহ (দুধ দ্বারা প্রস্তুতকৃত খাদ্যবিশেষ)। এই নামকরণের কারণ তাঁহার উজ্জ্বল শুভ্র গাত্রবর্ণ (বিস্তারিত বিবরণের জন্য দ্র. আস-সুহায়লী, প্রাগুক্ত, পৃ. ১০)। মুদার সর্বাধিক মধুর কণ্ঠের অধিকারী ছিলেন বলিয়া কথিত আছে। হাদীছে বর্ণিত আছেঃ
لا تَسُبُّوا مُضَرَ وَلَا رَبِيعَةَ فَإِنَّهُمَا كَانَا مُؤْمِنَيْنِ .
"মুদার ও রবী'আকে গালি দিও না, কারণ তাহারা মুমিন ছিল" (আস-সুহায়লী, প্রাগুক্ত, ১খ, পৃ. ১০)। তাঁহার মায়ের নাম সাওদা বিন্ত 'আক (علك)। তাঁহার সহোদর এক ভাইয়ের নাম আয়াদ (إياد)। তাঁহাদের বৈমাত্রেয় অপর দুই ভাই হইলেন রবী'আ ও আনসার।