📄 ৫. প্রধান পুরোহিতের ঘরে জন্ম
ভাগবত পুরাণের উক্ত শ্লোকে কল্কি অবতার সম্পর্কে ইহাও বলা হইয়াছে যে, তিনি প্রধান পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করিবেন। ইহা ঐতিহাসিকভাবে সত্য যে, হযরত মুহাম্মাদ (স) মক্কায় অবস্থিত আল্লাহ্র ঘর কা'বার প্রধান পুরোহিতের ঘরেই জন্মগ্রহণ করেন। তাঁহার প্রপিতামহ আবদুল মুত্তালিব কা'বা ঘরের প্রধান পুরোহিত ও মুতাওয়াল্লী ছিলেন।
📄 ৬. কল্কি অবতারের মাতা-পিতা
কল্কি পুরাণে লিখিত আছে যে, কল্কি অবতারের মাতার নাম সুমতি হইবে। সুমতি অর্থ শান্ত ও মননশীল স্বভাবযুক্ত। পিতার নাম হইবে 'বিষ্ণুদাস' অর্থাৎ বিষ্ণুর দাস। মুহাম্মাদ (স)-এর মাতার নাম আমিনা অর্থাৎ শান্ত স্বভাবযুক্ত এবং পিতার নাম 'আবদুল্লাহ অর্থাৎ আল্লাহ্র দাস। সুতরাং মাতা-পিতার ক্ষেত্রেও সামঞ্জস্য পরিলক্ষিত হইতেছে।
📄 ৭. অন্তিম বা সর্বশেষ অবতার হওয়া
ভাগবত পুরাণে কল্কি অবতারকে ১ম স্কন্ধ, ৩য় অধ্যায়ের ২৪ শ্লোকে যুগের 'সর্বশেষ অবতাররূপে চিহ্নিত করা হইয়াছে। বস্তুত কুরআন পাকে মুহাম্মাদ (স)-কে সর্বশেষ নবী বলা হইয়াছে। তাই মুসলমানগণও ভবিষ্যতে কোন নবী আসায় বিশ্বাসী নহেন (দ্র. ৩৩:৪০)।
কল্কি শব্দের অর্থ ডালিম ফল ভক্ষণকারী ও কলঙ্ক বিধৌতকারী। মুহাম্মাদ (স) ডালিম ও খেজুর ভক্ষণ করিতেন এবং শিরক ও কুফরের কলংক বিধৌত করিয়াছেন।
📄 ৮. উত্তর দিকে গমন ও প্রত্যাবর্তন
কল্কি পুরাণে উল্লিখিত আছে যে, কল্কি অবতার পর্বতের দিকে যাইবেন। সেখানে পরশুরাম কর্তৃক জ্ঞানলাভ করিয়া উত্তর দিকে গমন করিবেন এবং পুনরায় প্রত্যাবর্তন করিবেন। মুহাম্মাদ (স)-ও প্রথমে হেরা পর্বতে গমন করেন। সেখানে জিবরাঈল (আ) হইতে ওহী প্রাপ্ত হন এবং তাঁহার উপর কুরআন অবতীর্ণ হইতে আরম্ভ হয়। উহার কয়েক বৎসর পর তিনি উত্তর দিকে মদীনায় গমন করেন এবং পুনরায় মক্কা বিজয় করিয়া জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন।