📄 অসদুদ্দেশ্যে মু'জিযা প্রদর্শনের আবদার
অধিকাংশ মুফাসসিরীনের মতে হযরত ঈসা (আ) যখন নবুওয়াত দাবি করিলেন এবং বিভিন্ন অলৌকিক নিদর্শন প্রকাশ করিতে লাগিলেন তখন বনূ ইসরাঈলীরা একগুয়েমী প্রদর্শন করিতে শুরু করিল। সাথে সাথে কিভাবে তাঁহাকে অপছন্দ করা যায় তাহার ফন্দি ফিকির করিতে থাকে। যাহাই হউক, একবার তাহারা ঈসা (আ)-কে অপ্রস্তুত করিবার জন্য বলিল, আপনি আমাদেরকে একটি বাঁদুড় পাখি তৈরি করিয়া দেন। তখন ঈসা (আ) তাহাদের জন্য সেই পাখি আল্লাহ্র অনুমোদনক্রমে সৃষ্টি করিয়াছিলেন (রাযী, প্রাগুক্ত, ৭খ, page ৫৯; আলুসী, প্রাগুক্ত, ৩খ, page ১৬৮)।
বর্তমান প্রচলিত সুসমাচারসমূহেও দেখা যায়, ইয়াহুদীরা বিশেষত ফরীশীরা হযরত ঈসা (আ)-এর অনেক মু'জিযা দেখার পরও মু'জিযা তলব করিত, যেজন্য তিনি তাহাদের উদ্দেশে বলিয়াছিলেনঃ "তোমরা আকাশের লক্ষণ বুঝিতে পার, কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পার না। এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে" (মথি, ১৬: ৩-৪)।
📄 ঠাট্টা-বিদ্রূপ
ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত যে, ইয়াহুদীরা হযরত ঈসা (আ)-এর কাছে একত্র হইত এবং ঠাট্টা-বিদ্রূপ শুরু করিত। তাহারা তাঁহাকে বলিত, হে ঈসা! অমুক গত রাত্রে কি ভক্ষণ করিয়াছে আর তাহার বাড়িতে আগামী দিনের জন্য কি সঞ্চয় করিয়াছে? তখন হযরত ঈসা (আ) তাহাদেরকে সেই ব্যাপারে সংবাদ প্রদান করিতেন। আর উহা লইয়া তাহারা ঠাট্টা-বিদ্রূপে মত্ত হইত। এইভাবে অনেকক্ষণ চলিত (প্রাগুক্ত, page ১৭৪)।
📄 দম্ভ প্রদর্শন
এমনিভাবে হযরত ঈসা (আ) কোন মু'জিযা বা কোন যুক্তি প্রদর্শন করিলে মূল বিষয়ে না যাইয়া ফরিশীরা শুধু ঠাট্টা-বিদ্রূপ করিয়াই ক্ষান্ত হইত না, বরং তাহারা দম্ভ প্রদর্শন ও গালিগালাজ করিতেও কুণ্ঠাবোধ করিত না। যেমন বার্ণাবাসের বাইবেলে উল্লেখ আছে যে, ইয়াহূদীদের প্রধান রাব্বির সঙ্গে ঈসা (আ)-এর এক বিতর্ক অনুষ্ঠিত হইয়াছিল এবং ইহাতে পরাজয় বরণ করে। তখন প্রধান রাব্বি বলিল, "এখন আমরা বুঝতে পারিয়াছি আপনার কাঁধের ওপর শয়তান সওয়ার হইয়াছে; আর আপনি একজন সুমেরীয়, আল্লাহর মনোনীত প্রধান রাব্বির প্রতি আপনার কোনো সম্ভ্রমবোধ নাই" (বার্ণাবাসের বাইবেল, page ২৪৬)।
📄 প্রকাশ্যে কুফুরী ঘোষণা
হযরত ঈসা (আ) যখন তাঁহার দাওয়াত পেশ করেন তখন ইয়াহুদীরা সদন্তে উহা প্রত্যাখ্যান করে এবং প্রকাশ্যে কুফুরী ঘোষণা করে। আল-কুরআনে এই ধরনের একটি তথ্য স্পষ্টভাবেই আসিয়াছে:
ফَلَمَّا أَحَسَّ عِيْسَى مِنْهُمُ الكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى الله . "যখন ঈসা তাহাদের অবিশ্বাস উপলব্ধি করিল তখন বলিল, আল্লাহর পথে কাহারা আমার সাহায্যকারী" (৩ঃ ৫২)?
আল্লামা তাবারী বলেন, এই আয়াতের অর্থ হইল, আল্লাহ তা'আলা যাহাদের নিকট হযরত ঈসা (আ)-কে পাঠাইয়াছিলেন, সেই বনূ ইসরাঈলের পক্ষ হইতে যখন নবুওয়াতের অস্বীকৃতি, তাঁহার বক্তব্য প্রত্যাখ্যানের মনোভাব দেখিতে পাইলেন এবং আল্লাহ্র পথে আহবানে তাহাদের পক্ষ হইতে বাধার সম্মুখীন হইলেন তখন তিনি বলিলেন, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে আছ? অর্থাৎ আল্লাহর প্রমাণ প্রত্যাখ্যানকারী ও তাঁহার নবীর নবুওয়াতের অস্বীকারকারী লোকদের বিরুদ্ধে আল্লাহর সাথে আমার সাহায্যকারী কে আছে (তাফসীরে তাবারী, ৫খ, page ৪১০)।
উহা হইতে বুঝা যায় যে, ইয়াহুদীদের দ্বারা হযরত ঈসা (আ)-এর দাওয়াতকে মুখের উপর প্রত্যাখ্যান করার পন্থাটি ছিল গুরুতর। তাহারা প্রকাশ্যে কুফুরীর ঘোষণা দিয়া বেড়াইত।