📘 সীরাত বিশ্বকোষ > 📄 অলৌকিকভাবে ঈসা (আ)-কে গর্ভে ধারণ

📄 অলৌকিকভাবে ঈসা (আ)-কে গর্ভে ধারণ


আল্লাহ তা'আলা কাহারও মাধ্যম ব্যতীতই আদম (আ)-কে সৃষ্টি করিয়াছেন। বর্ণিত আছে, "হযরত হাওয়া (আ)-কে আদম (আ)-এর পাঁজরের হাড় হইতে সৃষ্টি করিয়াছেন তথা কোন নারীর গর্ভ ছাড়াই তাঁহাকে সৃষ্টি করিয়াছিলেন। শুধু বাকী ছিল পিতা ছাড়া একমাত্র মায়ের মাধ্যমে কোন মানব সন্তান সৃষ্টি করা। আল্লাহর সৃষ্টির পূর্ণাঙ্গ বিধানে সেই সৌভাগ্যবতী মা কে হইবেন-তাহারই ছিল অপেক্ষা। পুণ্যশীলা মারয়াম (আ) ও তাঁহার মায়ের ইবাদত ও দু'আর কথা পূর্বেই বর্ণনা করা হইয়াছে। কোন রকম পুরুষের স্পর্শবিহীন সন্তান জন্ম দেওয়ার জন্য সারা বিশ্বময় নারীর মধ্য হইতে আল্লাহ পাক হযরত মারয়াম (আ)-কেই নির্বাচন করিলেন। এই শুভ সংবাদটি তিনি তাঁহার ফেরেশতা জিবরাঈল-এর মাধ্যমেই সেই মহিয়সী নারী মারয়াম (আ)-কে প্রদান করিয়াছিলেন। তবে তাহা কখন? সে সুসংবাদটি মারয়াম (আ)-কে সন্তানের রূহ গর্ভে ফুঁকিয়া দেওয়ার সময় তাৎক্ষণিকভাবেই, না ইহার পূর্বেই দিয়াছিলেন? এই সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা হয় নাই। তবে আল-কুরআনের দুই স্থানে মারয়ামের গর্ভ ধারণের বিষয়টি আলোচিত হইয়াছেঃ প্রথমত সূরা আল-ইমরানে, দ্বিতীয়ত সূরা মারয়ামে। সূরা আলে ইমরানে বলা হইয়াছে:
إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهَا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلاً وَمِنَ الصَّالِحِينَ . قَالَتْ رَبِّ أَنِّي يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذلِكَ اللهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ .
"স্মরণ কর, যখন ফেরেশতাগণ বলিল, হে মারয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে তাঁহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন। তাহার নাম মসীহ, মারয়াম তনয় 'ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে। দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে সে মানুষের সহিত কথা বলিবে এবং সে হইবে পূণ্যবানদের একজন। সে (মারয়াম) বলিল, হে আমার প্রতিপালক! আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান হইবে কীভাবে? তিনি বলিলেন, 'এইভাবেই', আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন, তখন বলেন, 'হও' এবং উহা হইয়া যায়” (৩:৪৫-৪৭)।
হাসান বসরী (র) বলিয়াছেন, মারয়াম ছোটকাল হইতেই বুদ্ধিমতী ছিলেন। আর তখনই তাঁহার নিকট সেই সুসংবাদটি আসিবার সম্ভাবনা আছে। তবে আলুসী এই অভিমতকে দুর্বল বলিয়া মন্তব্য করিয়াছেন (আলুসী, প্রাগুক্ত, ৩খ, page ১৬০)।
মোটকথা, ফেরেশতা তাঁহার নিকট একাধিকবার আসিয়াছিলেন, এমনকি শৈশবে বেহেশতী খাবার লইয়াও আসিতেন। সেই সময় কোন এক মুহূর্তে প্রথম সুসংবাদটি লাভ করিয়া থাকিতে পারেন। যদিও কোন কোন তাফসীরকার ঐ সুসংবাদকে ইলহাম আকারে কিংবা কোন গায়বী আওয়াজ আকারে হইতে পারে বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন (দ্র. তাফসীরে মাজেদী, ২খ, ৫৯)। কিন্তু প্রকৃত অবস্থা আল্লাহই জ্ঞাত। খাদ্য লইয়া সরাসরি ফেরেশতা আগমনের বিষয়টিকে অসম্ভব বলা যায় না। কেননা মারয়াম (আ) সেইগুলিকে আল্লাহর পক্ষ হইতে আগত বলিয়া স্পষ্ট ঘোষণা করিয়াছেন, যাহা আল-কুরআনেও স্পষ্টভাবে উদ্ধৃত হইয়াছে (দ্র. ৩: ৩৭)। তবে ঈসা (আ)-কে গর্ভে ধারণের সুসংবাদ লইয়া একজন ফেরেশতা, প্রসিদ্ধ মতে জিবরাঈল (আ) মারয়ামের নিকট আগমন করিয়াছিলেন, যাহা আল-কুরআনের সূরা মারয়ামে স্পষ্টভাবে উল্লিখিত হইয়াছে। বলা হইয়াছে:
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا، فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًا . قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا . قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا . قَالَتْ أَنِّي يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا . قَالَ كَذَا لِكِ قَالَ رَبُّكَ هُوَ عَلَى هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا وَكَانَ أَمْراً مَقْضِيًا . فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا .
"এই কিতাবে মারয়ামের কথা বর্ণনা কর, যখন সে তাহার পরিবারবর্গ হইতে পৃথক হইয়া নিরালায় পূর্বদিকে এক স্থানে আশ্রয় লইল, অতঃপর উহাদিগ হইতে সে পর্দা করিল। অতঃপর আমি তাহার নিকট আমার রূহকে (জিবরাঈল) পাঠাইলাম। সে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল। মারয়াম বলিল, আল্লাহকে ভয় কর যদি মুত্তাকী হও, আমি তোমা হইতে দয়াময়ের শরণ লইতেছি। সে বলিল, আমি তো তোমার প্রতিপালক প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য। মারয়াম বলিল, কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যভিচারিণীও নহি? সে বলিল, এইরূপই হইবে। তোমার প্রতিপালক বলিয়াছেন, ইহা আমার জন্য সহজসাধ্য এবং আমি উহাকে এইজন্য সৃষ্টি করিব যেন সে হয় মানুষের জন্য এক অনুগ্রহ; ইহা তো স্থিরীকৃত ব্যাপার। তৎপর সে গর্ভে উহাকে ধারণ করিল; অতঃপর তৎসহ এক দূরবর্তী স্থানে চলিয়া গেল” (১৯: ১৬-২২)।
*ফেরেশতার সাথে উপরিউক্ত কথোপকথনে স্পষ্ট যে, জিবরাঈল (আ) মানব আকৃতি ধারণ করিয়া মারয়াম (আ)-এর নিকট আগমন করিয়া প্রথমে সেই সুসংবাদটি দেন। প্রথমত মায়য়াম (আ) সেই অবস্থায় সন্তান ধারণের সংবাদটি মানিয়া লইতে ছিলেন না।
ইমাম আবু জাফর তাবারী এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ফেরেশতা হযরত মারয়াম (আ)-কে যখন মহান আল্লাহর পক্ষ হইতে একটি 'কালেমা'র সুসংবাদ দিলেন, তখন তিনি বলিলেন, হে আমার প্রতিপালক! কোন্ পদ্ধতিতে আমার সন্তান হইবে? আমি বিবাহ করিব এবং সেই দাম্পত্য জীবনে স্বামীর পক্ষ হইতে আমার গর্ভে সন্তান আসিবে, না কি কোন মানুষের স্পর্শ ব্যতীত সরাসরি আমার উদরে সন্তান জন্ম লাভ করিবে? আল্লাহ তা'আলা তাঁহাকে জানাইলেন, আল্লাহ তা'আলা এইভাবেই সৃষ্টি করিতে পারেন অর্থাৎ কোন মানুষের স্পর্শ ব্যতীত তিনি তোমার গর্ভে সন্তান সৃষ্টি করিবেন। ইহা মানুষের জন্য নিদর্শন ও শিক্ষণীয় বিষয় হিসাবে থাকিবে (তাফসীরে তাবারী, প্রাগুক্ত, page ৩৯৫-৩৯৬)।
হযরত মারয়াম (আ)-কে সুসংবাদ দেওয়ার ঘটনার পর তিনি ঈসা (আ)-কে গর্ভে ধারণ করেন। আল-কুরআনের অন্যত্র হযরত মারয়াম (আ) সম্পর্কে বলা হইয়াছে: وَمَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا . "আরও দৃষ্টান্ত দিতেছেন ইমরান-তনয়া মারয়ামের, যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল, ফলে আমি তাহার মধ্যে রূহ ফুঁকিয়া দিয়াছিলাম" (৬৬ঃ ১২)।
ইবন কাছীর উল্লেখ করেন, সলফে সালেহীনের মধ্যে অনেকেই উল্লেখ করিয়াছেন যে, জিবরাঈল (আ) হযরত মারয়ামের জামার বুকের ফাঁকা অংশে ফুঁক দেন। অতঃপর সেই ফুঁ তাঁহার গর্ভাশয়ে পৌঁছিয়া যায়। ইবন কাছীর আরো উল্লেখ করেন, কাহারও মতে জিবরাঈল (আ) মারয়াম (আ)-এর মুখের ভিতরে ফুঁ দিয়াছিলেন, আবার কাহারও মতে জিবরাঈল নহে বরং রূহ (আত্মা)-টি নিজেই মারয়ামের মুখ দিয়া ভিতরে চলিয়া যায়। কিন্তু এই ধরনের বক্তব্য আল-কুরআনের স্পষ্ট বর্ণনার পরিপন্থী। কেননা কুরআনে স্পষ্টত বুঝা যায়, মারয়াম (আ)-এর কাছে মানবাকৃতি জিবরাঈল (আ)-কে পাঠানো হইয়াছিল। তিনি মারয়াম (আ)-এর মুখে নহে, তাঁহার জামার বুকের ফাঁকা অংশে রূহ ফুঁকিয়া দিয়াছিলেন (প্রাগুক্ত)।
মোটকথা, জibraeel-এর ফুঁকের মাধ্যমেই তিনি গর্ভবতী হইয়াছিলেন। যখন সেই ফেরেশতার মুখেই উচ্চারিত হইয়াছিল, আমি তোমাকে এক পবিত্র সন্তান দান করিতে প্রেরিত হইয়াছি (দ্র. ১৯ : ১৬-১৯), আবার অন্য একাধিক আয়াতে রূহ ফুঁক্রিয়া দেওয়ার কথাও উল্লিখিত হইয়াছে।
এই ঘটনাটি সম্পর্কে এমনকি খৃস্টানদের বাইবেলেও ইঙ্গিত পাওয়া যায় যে, ঈসা মাসীহ (আ)-এর মাতা মারয়ামের বিবাহের কথাবার্তা ইউসুফের সহিত সম্পন্ন হইয়াছিল; কিন্তু ইউসুফের সহিত মিলনের পূর্বেই রূহুল কুদুস-এর আগমনের পর আল্লাহ তা'আলার কুদরতে তিনি গর্ভবতী হন (দ্র. মথি, সুসমাচার ১৪ ১৮)।
উল্লেখ্য, জিবরাঈল (আ) কোথায় মারয়াম (আ)-এর সামনে হাযির হইয়াছিলেন ইহা লইয়া বিভিন্ন তথ্য পাওয়া যায়। আল-কুরআনে সে স্থানটিকে মাকান শারকী (পূর্বদিকে এক স্থান) বলিয়া উল্লেখ করা হয়। মুফাস্স্সিরীনে কেরাম 'পূর্বদিক' বলিতে মসজিদে আকসার মিহরাবের পূর্বদিক বলিয়া উল্লেখ করিয়াছেন। হইতে পারে ইহা মসজিদের অভ্যন্তরেই পূর্বদিকে কিংবা দেয়ালের অপর পার্শ্বে পূর্বদিকে (কুরতুবী, প্রাগুক্ত, ১১ খ., page ৯০)। মারয়াম (আ) স্বীয় পরিজন হইতে মসজিদের পূর্ব দিকে নিরালায় পর্দার আড়ালে অবস্থান করিতেছিলেন। সুদ্দীর মতে, তিনি তখুন হায়েযের জন্য দেয়ালের আড়ালে অবস্থান করিতেছিলেন (তাফসীরে তাবারী, ১৬ খ, page ৪৫-৪৬)। কারণ তাঁহার হায়েব সমাগম হইলে স্বভাবত যেই স্থানে বসিয়া ইবাদত করিতেন তাহা হইতে দূরে চলিয়া যাইতেন। আর সেইখানেই পবিত্রতার জন্য অপেক্ষা করিতেন। একবার যখন তিনি পবিত্র অবস্থায় সেই স্থানে পদার্পণ করেন, তখনই জিবরাঈলের আগমন ঘটিয়াছিল (রাযী, প্রাগুক্ত, ২১খ, page ১৯৬)। কাহারও মতে, যখন তিনি পবিত্রতার জন্য গোসল করিতে পূর্বদিকে পর্দার আড়ালে গমন করিয়াছিলেন তখন জিবরাঈল (আ) আগমন করেন। এইজন্য ইমাম রাযী মাকান শারকী বলিতে বায়তুল মুকাদ্দাসের পূর্বদিক কিংবা তাঁহার বাড়ির পূর্বদিক বুঝানো হইয়াছে বলিয়া উল্লেখ করিয়াছেন (প্রাগুক্ত)।
মোটকথা, বায়তুল মুকাদ্দাসের অভ্যন্তরে পূর্বদিকে যেইখানে মারয়াম পর্দার আড়ালে ইতিকাফে থাকিতেন সেই স্থানটি হওয়ার সম্ভাবনা বেশি। মাওলানা আবদুল হক হাক্কানী উল্লেখ করেন, মারয়াম (আ) হায়েয হইতে পবিত্র হইয়া যখন তাঁহার হুজরায় অবস্থান করিতেছিলেন, সেই অবস্থায় জিবরাঈল (আ) আগমন করেন (তাফসীরে হাক্কানী, তৃতীয় পারা, page ৫২)।
অপরদিকে খৃস্টানদের বাইবেলে বর্ণিত হইয়াছে, জিবরাঈল (আ) গ্যালিল (আল-খালীজ শহর)-এর নাসিরাহ (নাযেরাথ) নামীয় পল্লীতে এক কুমারীর নিকট অবতরণ করিলেন, যাহার বিবাহের কথাবার্তা হযরত দাউদ (আ)-এর বংশীয় এক যুবকের সহিত সম্পন্ন হইয়াছিল, যাহার নাম যোসেফ এবং কুমারীর নাম মারয়াম (দ্র. লুক সুসমাচার, ১৪ ২৬-২৭; আরও দ্র. মথি, ১৪১৮)।
খৃস্টানদের বাইবেলের এই তথ্য আল-কুরআনে উল্লিখিত তথ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ নহে। কারণ বাইবেলে উল্লিখিত নাসেরাহ জেরুসালেম হইতে উত্তর দিকে অবস্থিত, পূর্ব দিকে নহে (সায়্যিদ মওদূদী, তাফহীমুল কুরআন, ৩খ, page ৬৩)।
আল্লাহর নির্দেশে হযরত জিবরাঈল (আ) ফুঁক দেওয়ার কিছুকাল পর হযরত মারয়াম নিজেকে অন্তঃসত্ত্বা অনুভব করিলেন। এইভাবে দিনরাত অতিবাহিত হইতে লাগিল। কিন্তু গর্ভে ধারণকৃত সন্তান সম্পর্কে সুসংবাদ তাঁহার জন্য এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করিল (সিওহারবী, প্রাগুক্ত, ৩৫)। তাঁহার চলাফেরা ক্রমে সংকীর্ণ হইতে লাগিল। আর তিনি বুঝিতে পারিলেন, অনেক লোকই তাঁহার ব্যাপারে বাজে মন্তব্য করিবে (ইব্‌ন কাছীর, প্রাগুক্ত, page ৬০)।
ইবন কাছীর আরও উল্লেখ করেন, ওয়াহ্‌ব ইবন মুনাববিহসহ অনেকে উল্লেখ করিয়াছেন, তাঁহার গর্ভ ধারণের প্রাথমিক পর্যায়ে এই ব্যাপারে সর্বপ্রথম যিনি বিষয়টি আঁচ করিতে পরিয়াছিলেন তিনি হইলেন বানু ইসরাঈলেরই এক আবিদ ব্যক্তি, যাহার নাম ইউসুফ ইবন রা'কৃষ্ণ আন্-নাজ্জার, যিনি সম্পর্কে মারয়ামের খালাতো ভাই। তিনি মারয়ামের ঐ অবস্থা দেখিয়া বিস্ময় প্রকাশ করিতে শুরু করিলেন। একদা তিনি মারয়াম (আ)-কে লক্ষ্য করিয়া বলিলেন, হে মারয়াম! বীজ ব্যতীত কোন্ কিছু কি উৎপন্ন হয়? মারয়াম বলিলেন, হাঁ, অন্যথায় প্রথম উদ্ভিদ কে সৃষ্টি করিয়াছেন? তিনি আবার বলিলেন, পানি ও বৃষ্টি ব্যতীত কোন গাছ জন্মায়? মারয়াম উত্তরে বলিলেন, হাঁ, প্রথম গাছটি অন্যথায় কে সৃষ্টি করিলেন? তিনি আবার প্রশ্ন করিলেন, পুরুষ ব্যতীত কোন সন্তান হয়? মারয়াম জবাবে বলিলেন, হাঁ হয়। নিশ্চয় আল্লাহ পাক আদমকে নারী-পুরুষ ছাড়াই সৃষ্টি করিয়াছেন। তখন তিনি বলিলেন, মারয়াম! তুমি আমাকে-ঘটনাটি খুলিয়া বল। তখন মারয়াম (আ) তাঁহাকে আল্লাহ পাকের পক্ষ হইতে প্রাপ্ত সুসংবাদের কথা জানাইলেন এবং বলিলেন, গর্ভস্থ এই সন্তানের নাম হইবে ঈসা; সে দুনিয়া ও আখেরাতে বিশেষ মর্যাদার অধিকারী হইবে (প্রাগুক্ত)।
বাইবেলে উল্লেখ আছে যে, মারয়ামের গর্ভধারণের বিষয়টি জানিতে পারিয়া ইউসুফ তাঁহাকে ত্যাগ করিতে ইচ্ছা করিয়াছিলেন। কিন্তু স্বপ্নে প্রকৃত ঘটনা জানিতে পারিয়া তাঁহাকে ত্যাগ করা হইতে বিরত থাকেন। স্বপ্নে প্রভুর এক দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোষেফ, দায়ুদ সন্তান, তোমার স্ত্রী মারুয়ামকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে, তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু (ত্রাণকর্তা) রাখিবে, কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন' (মথি সুসমাচার, ১: ২০-২২)।
ইবন কাছীরের বর্ণণামতে দেখা যায়, হযরত যাকারিয়‍্যা (আ)-ও মারয়ামকে ঐরূপ প্রশ্ন করিয়াছিলেন (ইবন কাছীর, প্রাগুক্ত)। ঐতিহাসিক সুদ্দী কয়েকজন সাহাবী (রা)-এর বরাতে উল্লেখ করিয়াছেন, মারয়াম (আ) একদিন তাঁহার খালার নিকট গেলেন। তখন তাঁহার খালা ইয়াহুয়াকে গর্ভে ধারণ করিয়াছিলেন এবং তাঁহাকে উদ্দেশ্য করিয়া তিনি বলিলেন, আমার গর্ভে সন্তানের উপস্থিতি অনুভব করিতেছি। অতঃপর মারয়াম (আ)-ও তাঁহাকে বলিলেন, আমিও আমার গর্ভে সন্তানের উপস্থিতি অনুভব করিতেছি। তৎপর ইয়াহইয়ার মাতা তাঁহাকে বলিলেন, আমি অনুভব করিতেছি আমার গর্ভস্থ সন্তান তোমার গর্ভস্থ সন্তানের প্রতি সিজদা অবনত (প্রাগুক্ত)। ইবন কাছীর ইবন আবী হাতিমের সূত্রে ইমাম মালিক হইতেও ঐরূপ একটি বর্ণনা উল্লেখ করিয়াছেন (প্রাগুক্ত)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ঈসা (আ)-এর লালন-পালনের দায়িত্বে মারয়াম (আ)

📄 ঈসা (আ)-এর লালন-পালনের দায়িত্বে মারয়াম (আ)


হযরত মারয়াম (আ) হযরত ঈসা (আ)-এর জন্মের পর তাঁহাকে লইয়া বায়তুল মুকাদ্দাসে বানু ইসরাঈলের নিকট আসা ও শিশু ঈসা-এর বক্তব্যে পরিস্থিতি মুকাবিলার বিষয়টি আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কিন্তু পরবর্তীতে হযরত মারয়াম (আ)-এর জীবনের ঘটনাবলী সুস্পষ্টভাবে জানা যায় না। আল-কুরআনে অন্য স্থানে শুধু এইটুকু বলা হইয়াছে: وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ أَيَةً وَأَوَيْنَاهُمَا إِلَى رَبِّوَةٍ ذَاتٍ قَرَارٍ وَمَعِينٍ . "আর আমি মারয়াম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন, তাহাদিগকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রস্রবণবিশিষ্ট উচ্চ ভূমিতে" (২৩ঃ ৫০)।
কিন্তু হযরত মারয়াম (আ) তাঁহার সন্তানসহ যে প্রস্রবণবিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় লইয়াছিলেন তাহা কোথায় অবস্থিত সেই সম্পর্কে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়। ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত, ঈসা (আ)-এর শিশু অবস্থা হইতেই বিভিন্ন রকম আশ্চর্যজনক ঘটনা সংঘটিত হইতেছিল। আর এইগুলির সংবাদ ইয়াহূদী সমাজে ব্যাপকভাবে প্রচারিত হইতেছিল। অন্যদিকে ঈসা (আ) বড় হইতেছিলেন। তখন ইয়াহূদীগণ তাঁহার ক্ষতিসাধন করিবার জন্য ষড়যন্ত্র করিতে লাগিল। তাঁহার মাতা স্বীয় সন্তানের হিফাযতের ব্যাপারে শংকিত হইয়া পড়িলেন। এহেন অবস্থায় আল্লাহ তাআলা তাঁহাকে নির্দেশ দিলেন, তিনি যেন তাঁহার পুত্রসহ মিসরে চলিয়া যান। উপরিউক্ত আয়াতটি দ্বারা ইহার দিকেই ইঙ্গিত করা হইয়াছে (ইবন কাছীর, প্রাগুক্ত, page ৭১)। ইবন কাছীর ইবন আব্বাস (রা) হইতে নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত অন্য এক বর্ণনায় উল্লেখ করেন যে, নিরাপদ ভূমি বলিতে দামিশকের নদনদী সম্পন্ন এলাকা বুঝানো হইয়াছে (প্রাগুক্ত, page ৭২)। কাহারো কাহারো মতে রামলা অঞ্চল (প্রাগুক্ত)।
মথি সুসমাচারে উদ্ধৃত হইয়াছে, "প্রভুর এক দূত স্বপ্নে যোষেফকে দর্শন দিয়া কহিলেন, উঠ, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিসরে পলায়ন কর। আর আমি যতদিন তোমাকে না বলি, তত দিন সেখানে থাক। কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন যোষেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিসরে চলিয়া গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন" (দ্র. ২: ১৩-১৫)।
ওয়াহব ইবন মুনাব্বিহ বলিয়াছেন, ঈসা (আ) যখন ১৩ বৎসরে উপনীত হইলেন তখন আল্লাহ পাক ঈসাকে মিসর হইতে জেরুসালেমে লইয়া আসিবার আদেশ করিলেন। তখন তাঁহার মাতার খালাতো ভাই ইউসুফ উভয়কে গাধায় আরোহণ করাইয়া মিসর হইতে জেরুসালেমে লইয়া আসিলেন। তিনি মারয়াম (আ)-এর সহিত সেইখানেই অবস্থান করিতে লাগিলেন।
মথি সুসমাচারে আসিয়াছে, হেরোদ রাজার মৃত্যুর পর ইউসুফ স্বপ্নে আদিষ্ট হইয়াই মারয়াম (আ) ও তাঁহার পুত্রকে লইয়া মিসর হইতে ইসরাঈলী অঞ্চলে ফিরিয়া আসিয়াছিলেন এবং আল খলীল প্রদেশের নাসরাত জনপল্লীতে বসবাস করিতে থাকিলেন (দ্র. মথি, ২ঃ ১৯-২৩)।
লুক সুসমাচারে আসিয়াছে, শিশু ঈসা (আ) যখন বলবান হইলেন, প্রতি বৎসর নিস্তার পর্ব উদযাপনে যেরুসালেমে আসিতেন। এইভাবে একবার মারয়াম (আ) স্বীয় পুত্র ঈসাকে উৎসবের মধ্যে হারাইয়া ফেলিলেন, পরে তাহাকে ইয়াহুদী আলেমদের সহিত বিতর্কে লিপ্ত অবস্থায় পাইলেন। অতঃপর তাহারা সকলেই নাসরাতে ফিরিয়া গেলেন এবং তাহাদের সাথেই রহিলেন (দ্র. লুক, ২: ৪০-৫২)।
কিন্তু ঈসা (আ)-এর নবুওয়াত প্রাপ্তির পর মারয়ামের ভূমিকা কি ছিল ইতিহাস এই ব্যাপারে নীরব। সম্ভবত তিনিও তাঁহাকে সমর্থন করিয়াছিলেন। তবে কিভাবে ও কখন তাঁহার সঙ্গে সাক্ষাত হইত তাহা জানা যায় নাই। মারয়াম (আ) কাহার সহিত কোথায় অবস্থান করিতেন তাহাও জানা যায় না। ঈসা (আ)-এর ঊর্ধারোহণের পূর্বে মারয়াম (আ) সম্পর্কে বর্ণিত আছে যে, আল-খলীল প্রদেশের 'কান্না নগরে এক বিবাহ অনুষ্ঠানে ঈসা (আ)-এর সহিত মারয়াম (আ)-এর সাক্ষাত হইয়াছিল (দ্র. যোহন সুসমাচার, ২: ১-২)। আর একবার ঈসা (আ) তাঁহার শিশুদেরকে শিক্ষা প্রদান করিতেছিলেন, সেইখানে হযরত মারয়াম (আ) তাঁহার সাক্ষাতের জন্য আসিয়াছিলেন (দ্র. মার্ক: ৩: ৩১-৩২)।
এই সকল তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, ঈসা (আ) যদিও পাহাড়-পর্বতে, নদ-নদীর তীরে ও গ্রামাঞ্চলে ঘুরিয়া বেড়াইতেন তবুও তাঁহার মাতা হযরত মারয়াম (আ)-এর সাথে তাঁহার কিছু যোগাযোগ ছিল। কেননা আল-কুরআনেও আসিয়াছে, 'তিনি ছিলেন স্বীয় মাতার সাথে সদাচারী' (১৯ঃ ৩২)। তাই বিচ্ছিন্ন হইয়া থাকিবার প্রশ্নই উঠে না। অবশ্যই যোগাযোগ ছিল। কিন্তু তৎকালীন ইয়াহুদী সমাজের বৈরী পরিবেশের কারণে হয়ত অনেক তথ্য অজানা রহিয়া গিয়াছে।
বাইবেলে উল্লেখ আছে যে, কথিত যীশুকে যেখানে শূলিতে চড়ানো হয় সেইখানে আরও কিছু মহিলাসহ হযরত মারয়াম (আ) উপস্থিত ছিলেন (দ্র. যোহন সুসমাচার, ১৯: ২৫-২৭)। সেইখানে ঈসা (আ) তাঁহার মাতাকে সান্ত্বনা দিয়াছিলেন এবং তাঁহার এক শিস্যকে তাঁহার দায়িত্ব নেওয়ার জন্য উপদেশ দিয়াছিলেন (প্রাগুক্তা, ১৯: ২৫-২৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের মুহূর্তে মারয়াম (আ)

📄 ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের মুহূর্তে মারয়াম (আ)


হাফিয ইবন 'আসাকির ইয়াহইয়া ইবন হাবীবের সূত্রে উল্লেখ করেন, হযরত মারয়াম (আ) জিবরাঈল (আ)-এর দিকনির্দেশনায় ঐ গহীন জঙ্গলে গিয়া ঈসা (আ)-এর সাক্ষাত পাইলেন। ঈসা (আ) তাঁহাকে দেখিয়া দ্রুত তাঁহার পানে আগাইয়া আসিলেন এবং জড়াইয়া ধরিলেন, মাথায় চুমা খাইলেন, তাঁহার জন্য দু'আ করিলেন এবং বলিলেন, আম্মাজী! এই (ষড়যন্ত্রকারী) গোষ্ঠী আমাকে হত্যা করিতে পারে নাই, বরং আল্লাহই আমাকে তাঁহার কাছে উঠাইয়া নিয়াছেন এবং আপনার সাক্ষাতের অনুমতি দিলেন। অচিরেই আপনার মৃত্যু হইবে। অতঃএব আপনি সবর করুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। তাহার পর ঈসা (আ) উর্ধ্বারোহণ করিয়া চলিয়া গেলেন। মারয়াম (আ)-এর ইন্তিকাল পর্যন্ত তাঁহার সাথে ঈসা (আ)-এর আর সাক্ষাত হয় নাই (প্রাগুক্ত, page ৮৮)।
খৃস্টানদের বাইবেলে উল্লেখ রহিয়াছে, 'ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের সময় গালীল তথা, আল-খলীল প্রদেশের এক পল্লী পাহাড়ে তাঁহার এগারজন সাথীর সাথে তাঁহার সাক্ষাত হইয়াছিল। তাহাদের সাথে তাঁহার মাতা মারয়াম (আ)-ও ছিলেন (দ্র. মথি, ২৮: ১, ১৬; মার্ক, ১৬ : ১২, ২৪ : ১০, ২৪, ২৭-৪২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর মারয়াম-এর অবস্থান

📄 ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর মারয়াম-এর অবস্থান


খৃস্টীয় উৎস হইতে জানা যায়, ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর তাঁহার এগারজন শিষ্য মারয়াম (আ)-সহ জেরুসালেমে ফিরিয়া আসিয়াছিলেন (দ্র. লুক সুসমাচার, ২৪ : ৫৩)। কিন্তু পরবর্তীতে তিনি কোথায় কিভাবে অবস্থান করেন সেই সম্পর্কে কোন কিছু জানা যায় না। সম্ভবত ইয়াহুদীদের তল্লাশি ও ষড়যন্ত্রের মুখে ঈসা (আ)-এর এগারজন সাথীর সাথে মারয়াম (আ)-ও পাহাড়ে-জঙ্গলে আত্মগোপন করিয়াছিলেন এবং ইবাদত-বন্দেগীতে মশগুল থাকিয়া বাকি জীবন অতিবাহিত করিয়াছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00