📄 সাবার সংক্ষিপ্ত ইতিহাস
কুরআন মজীদের দুইটি সূরার দুই স্থানে 'সাবা'-এর উল্লেখ আছে। "আমি সাবা হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি” (২৭: ২২)। "সাবাবাসীদের জন্য তো উহার বাসভূমিতে ছিল এক নিদর্শন" (৩৪: ১৫)। ইতিহাস দৃষ্টে 'সাবা' দক্ষিণ আরবের একটি বৃহৎ জাতি-গোষ্ঠীর নাম। এই সম্পর্কে মহানবী (স)-এর একটি হাদীছ বর্ণিত আছে।
عَنْ فَرْوَةَ بْنِ مُسَيْكَ الْمُرَادِي قَالَ أَتَيْتُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ..... قَالَ وَأُنْزِلَ فِي سَبَا مَا أُنْزِلَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ وَمَا سَبَا أَرْضُ أَوْ إِمْرَاةٌ قَالَ لَيْسَ بِأَرْضِ وَلَا امْرَأَةٍ وَلَكِنَّهُ رَجُلٌ وَلَدَ عَشَرَةٌ مِنَ الْعَرَبِ فَتَيَامَنَ مِنْهُمْ سِتَّةَ تَشَائَمَ مِنْهُمْ أَرْبَعَةً فَأَمَّا الَّذِينَ تَشَأَمُوا فَلَحْمُ وَجُدَامٌ وَغَسَّانٌ وَعَامِلَةً وَأَمَّا الَّذِينَ تَيَأْمَنُوا فَالْأَزْدُ وَالأَشْعَرِيُّونَ وَحَمِيرٌ وَمَدْحِجٌ وَانْمَارِ وَكنْدَةُ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا أَنْمَارُ قَالَ الَّذِينَ مِنْهُمْ خَنْعَمْ وَبَجِبلة
"ফারওয়া ইব্ন মুসায়্ক আল-মুরাদী (রা) বলেন, আমি নবী (স)-এর নিকট আসিলাম।... রাবী বলেন, অতঃপর সাবা সম্পর্কে যাহা নাযিল হওয়ার ছিল তাহা নাযিল হইল। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! 'সাবা' কি কোন এলাকার নাম না কোন স্ত্রীলোকের নাম? তিনি বলেন: কোন ভূখণ্ডের নামও নহে বা কোন স্ত্রীলোকের নামও নহে, বরং একজন পুরুষলোকের নাম। তাহার ঔরসে আরবের দশজন লোক জন্মগ্রহণ করেন। তাহাদের ছয়জন ইয়ামানে (দক্ষিণ দিকে) এবং চারজন সিরিয়ায় (বাঁ দিকে) বসতি স্থাপন করে। বাম দিকের লোকদের নাম : লাখখ, জুযাম, গাসসান ও আমিলা (গোত্র)। আর ডান দিকের লোকদের নাম : আব্দ, আশ'আরী, হিময়ার, কিন্দা, মাযহিজ ও আনমার। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! 'আনমার' কাহারা? তিনি বলেন: খাছ'আম ও বাজীলা গোত্রের লোকজন তাহাদের অন্তর্ভুক্ত” (তিরমিযী, তাফসীর, সূরা সাবা; আবূ দাউদ, কিতাবুল হুরুফ ওয়াল-কিরাআত, ২০ নং হাদীস; মুসনাদে আহমাদ, ১খ, পৃ. ৩১৬, নং ২৯০০; তাবাকাত ইবন সা'দ, ১খ, কিসমুল আওয়াল, পৃ. ২০)।
কুরআন মজীদে সাবা জাতির আর্থিক সমৃদ্ধি, কৃষিজ উন্নতি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর সভ্যতা, এই জাতির ধ্বংস, বিশেষত তাহাদের রাজধানী মা'রিবের শস্য-শ্যামল সবুজ বনানীর ধ্বংস সম্পর্কে কুরআন মজীদে একটি নাতিদীর্ঘ বর্ণনা রহিয়াছে:
لَقَدْ كَانَ لِسَبَا فِي مَسْكَنِهِمْ أَيَةٌ جَنَّانِ عَنْ يَمِينِ وَشِمَالٍ كُلُوا مِنْ رِزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ بَلْدَةً طَيِّبَةً وَرَبُّ غَفُورٌ. فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَهُمْ بِجَنْتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أَكُل خَمْطَ وَأَثْلٍ وَشَيْيْ مِنْ سِدْرٍ قَلِيلٍ . ذَلِكَ جَزَيْنَهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ تُجْزِي إِلا الْكَفُورُ . وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَرَكْنَا فِيهَا قرى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِي وَأَيَّامًا امْنِينَ ، فَقَالُوا رَبُّنَا بُعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنْفُسَهُمْ فَجَعَلْتُهُمْ أَحَادِيثَ وَمَزَقْنَهُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَآيَتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ : وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ . وَمَا كَانَ لَهُ عَلَيْهِمْ مِنْ سُلْطَنِ إِلَّا لِنَعْلَمَ مَنْ يُؤْمِنُ بِالْآخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِي شَكٍّ وَرَبُّكَ عَلَى كُلِّ شَيْءٍ حَفِيظٌ .
"সাবাবাসীদের জন্য তো তাহাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন : দুইটি উদ্যান, একটি ডানদিকে এবং অপরটি বামদিকে। তাহাদেরকে বলা হইয়াছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিযিক ভোগ কর এবং তাঁহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। পরে তাহারা অবাধ্য হইল। ফলে আমি তাহাদের উপর প্রবাহিত করিলাম বাঁধভাঙ্গা বন্যা এবং তাহাদের উদ্যান দুইটিকে পরিবর্তিত করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউগাছ এবং সামান্য কুলগাছ। আমি তাহাদের কুফরীর জন্য তাহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম। আমি অকৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না। তাহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং ঐসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং তাহাদেরকে বলিয়াছিলাম, তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিবস ও রজনীতে। কিন্তু তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক! আমাদের সফরের মনযিলের ব্যবধান বর্ধিত কর। তাহারা নিজেদের প্রতি যুলুম করিয়াছিল। ফলে আমি তাহাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং তাহাদেরকে ছিন্নভিন্ন করিয়া দিলাম। ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে। তাহাদের সম্বন্ধে ইবলীস তাহার ধারণা সত্য প্রমাণ করিল, ফলে তাহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল। তাহাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল না; বরং কাহারা আখেরাতে ঈমান আনে এবং কাহারা তাহাতে সন্দিহান তাহা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ে হেফাজতকারী" (৩৪ : ১৫-২১)।
অতএব সাবা ছিল আরবের একটি লোকের নাম। বহু প্রাচীন কাল হইতেই আরবের এই জাতিটি খ্যাতিমান ছিল। খৃ.পূ. ২৫০০ সনে উর-এর শিলালিপিসমূহে সাবা জাতি "সাবূম” নামে উক্ত হইয়াছে। অতঃপর ব্যাবিলনীয় ও এ্যাসিরীয় শিলালিপিতে, অনুরূপভাবে বাইবেলের বহু স্থানে ইহার উল্লেখ আছে (উদাহরণস্বরূপ দ্র. গীত সংহিতা, ৭২: ১৫; যিরমিয়, ৬: ২০; যিহিঙ্কেল, ২৭: ২২ হইতে ৩৮: ১৩; ইয়োব, ৬: ১৯; আরও দ্র. তাফহীমুল কুরআন, পৃ. স্থা.)। এই সাবা-ই বর্তমান কালে 'ইয়ামন' নামে খ্যাত (তাফহীম, পৃ. স্থা.)।
আদ জাতির মধ্যে হযরত হূদ (আ) জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত নূহ (আ)-এর বংশধর এবং অধস্তন পঞ্চম পুরুষ : হৃদ ইবন সিল্হ ইব্ন আরফাখসাদ ইব্ন সাম ইব্ন নূহ (আম্বিয়া-ই কুরআন, ৩খ, ১১৯)। বাইবেলে 'হৃদ' নামের স্থলে 'এবং' উক্ত হইয়াছে (আদিপুস্তক, ১০ ৪১-৩২; ১ম বংশাবলী, ১: ১৭-১৮)।
📄 সাবার সভ্যতা-সংস্কৃতি
বৃহৎ ইমারতরাজি ও দুর্গাদির জন্য সাবা ছিল তৎকালের একটি প্রসিদ্ধ রাজ্য। এই জাতি ছিল বণিক এবং ব্যবসায় ব্যাপদেশে ছিল সম্পদশালী। আরবদেশে পর্যাপ্ত স্বর্ণ ও মণি-মুক্তার খনি ছিল, যাহার অধিকাংশ ইহাদের এলাকায় বিদ্যমান ছিল ... হাদরামাওত ও ইয়ামন এলাকা সুগন্ধি দ্রব্য উৎপাদনের জন্য প্রসিদ্ধ ছিল। উমান ও বাহ্রায়নে মণি-মুক্তার খনি ছিল, বর্তমান কালেও তথা হইতে সারা পৃথিবীতে মূল্যবান মণি-মুক্তা রপ্তানী হয়। ইয়ামনের উপকূলে হিন্দুস্তান ও হাবশায় উৎপাদিত পণ্য মজুদের জন্য পণ্যাগার ছিল। তৎকালে সিরিয়া, মিসর, ইউরোপ, হিন্দুস্তান ও হাবশার মধ্যে যে ব্যবসায়িক আদান-প্রদান হইত সাবাই ছিল উহার একচেটিয়া ইজারাদার। এসব কারণে তাহাদের সভ্যতা-সংস্কৃতি বহুল আলোচিত (হিফজুর রহমানের কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ৩৩২-এর বরাতে আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২১-২২; আরও দ্র. বাইবেলের-যিশাইয়, ৪৫ : ১৪ ও ৬০: ৬; যিরমিয়, ৬: ২০; যিহিঙ্কেল, ২৭: ২২-২৪)।
📄 ধর্ম ও ভাষা
সাবা জাতি ছিল মুশরিক ও প্রতীমা পূজারী, সূর্যই ছিল তাহাদের সর্বপ্রধান দেবতা। যেমন হুদহুদ পাখির যবানীতে কুরআন মজীদে উক্ত হইয়াছে (অনুবাদ): "আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম তাহারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করিতেছে। শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে, ফলে উহারা সৎপথ পায় না" (২৭ঃ ২৪)।
ইয়াহূদী বিশ্বকোষেও ইহাদের সূর্য পূজার কথা উল্লেখ আছে (১১খ, পৃ. ২৩৬-এর বরাতে আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২২)। ইহারা তারকারাজির পূজাও করিত (আরদুল কুরআন, ২খ, পৃ. ১৬৪, 'আয়ানুল আরাব কাবলাল ইসলাম' অনুচ্ছেদের বরাতে আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২২)। সাবা জাতির ভাষা সম্পর্কে কথিত আছে যে, ইহারা ছিল 'আদ জাতির একটি শাখা। আর 'আদ জাতির ভাষা ছিল প্রাচীন আরামী-আরবী। ইহার খানিকটা পরিবর্তিত রূপই ছিল সাবা জাতির ভাষা। ইহা ছিল প্রাচীন দক্ষিণ আরবীয় অথবা কাহতানী ভাষার একটি শাখা। সাবার অপর গোত্র হিময়ারের ভাষা ছিল হিময়ারী। কুরআন মজীদের আরিম (عرم) শব্দটি এই ভাষাভুক্ত (আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২৩)। বর্তমানকালে উক্ত এলাকার জাতি-গোষ্ঠী আরবী ভাষাভাষী।
আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা ও অনুসন্ধানের ফলে ইয়ামনে প্রায় তিন হাজার শিলালিপি উদ্ধার হইয়াছে। সেই সঙ্গে আরবী কিংবদন্তী এবং রোমান ও গ্রীক ইতিহাসের সংগৃহীত তথ্যের আলোকে অনুমান করা যায় যে, সাবা রাজ্য উহার গোড়াপত্তন হইতে পতন কাল পর্যন্ত কয়েকটি যুগপর্যায়ে বিভক্ত ছিল।
প্রথম পর্যায় খৃ.পূ. ১১০০ সাল হইতে খৃ. পূ. ৫৫০ সাল পর্যন্ত বিস্তৃত। সর্বপ্রথম যাবুর কিতাবে সাবা রাজ্যের উল্লেখ দেখা যায় (দ্র. গীতসংহিতা, ৭২:১০)। এই রাজ্যের উত্থান ঘটে সম্ভবত খৃ. পূ. ৯৫০ সালের দিকে এবং হযরত সুলায়মান (আ) ও সাবার রাণীর সংশ্লিষ্ট ঘটনা এই সময়-কালের এবং সম্রাজ্ঞী সুলায়মান (আ)-এর দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ (খৃ. পূ. ৯৬৫-২৬) করিলে সম্ভবত এই জাতিও ইসলামে ধর্মান্তরিত হয়। কাসাসুল কুরআনের রচয়িতার মতে তাহার ইসলাম গ্রহণের ঘটনা খৃ. পূ. ৯৫০ সালের (৩খ., পৃ. ২৮৩)। এই যুগেই সাবা জাতি ধন-সম্পদ ও ব্যবসা-বাণিজ্যে চরম উৎকর্ষ লাভ করে (কাসাসুল কুরআন, ২খ, পৃ. ১৩৯; তাফহীমুল কুরআন, ৪খ, পৃ. ১৯৫, টীকা ৩৭; আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২০)।
এই সময় সালা সম্রাটদের উপাধি ছিল 'মুকাররিব সাবা' (مكرب سبا), যাহা সম্ভবত مقرب سبا -এর অপভ্রংশ এবং যাহার অর্থ তখনকার রাজা-বাদশাহগণ নিজদিগকে মানুষ ও দেবতাদের মধ্যবর্তী যোগসূত্র মনে করিত অথবা তাহারা ছিল পুরোহিত বাদশাহ (Priest King)। তখন তাহাদের রাজধানী ছিল সিরওয়াহ (صرواح) নামক স্থানে, যাহা ছিল মা'রিব হইতে পশ্চিম দিকে এক দিনের পথের দূরত্বে এবং যাহার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। ইহার বর্তমান নাম খারীবা। মা'রিব বাঁধও এই কালেই-নির্মিত হয় এবং পরবর্তী শাসকগণ উহার প্রয়োজনীয় সংস্কার ও সম্প্রসারণ করেন (তাফহীমুল কুরআন, পৃ. স্থা; আরদুল কুরআন, ১খ, পৃ. ১৯৩-৪; কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ২৮৪)।
সাবা রাজ্যের দ্বিতীয় পর্যায় খৃ. পূ. ৫৫০ সাল হইতে খৃ. পূ. ১১৫ সাল পর্যন্ত বিস্তৃত। এই পর্যায়ে সাবার সম্রাটগণ 'মুকাররিব' উপাধি ত্যাগ করিয়া 'মালিক' (বাদশাহ) উপাধি গ্রহণ করে এবং তাহারা সিরওয়াহ হইতে মা'রিব-এ (বিস্তারিত দ্র. ইসলামী বিশ্বকোষ, ১৮ খ, শিরো. মা'রিব) রাজধানী স্থানান্তরিত করে। স্থানটি সমুদ্রপৃষ্ঠ হইতে ৩৯০০ ফুট উচ্চে এবং সান'আ (صنعاء) হইতে ষাট মাইল পূর্বদিকে অবস্থিত। সায়লুল আরিম তথা বাঁধভাঙ্গা বন্যার বিপর্যয় এই কাল-পর্যায়ের ঘটনা, যাহা কুরআন মজীদে উক্ত হইয়াছে (দ্র. ৩৪: ১৬)। ইহার ধ্বংসাবশেষ এখনো সাক্ষ্য দেয় যে, ইহা এক কালে একটি জাতির সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি ছিল (তাফহীমুল কুরআন, পৃ. স্থা.; আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২০; কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ২৮৪; আরদুল কুরআন, ১খ)।
সাবা রাজ্যের তৃতীয় পর্যায় খৃ. পৃ. ১১৫ সাল হইতে ৩০০ খৃ. পর্যন্ত বিস্তৃত (কাসাসুল কুরআন ও আম্বিয়া-ই কুরআন ৩০০-এর স্থলে ৩০ খৃ. এবং আরদুল কুরআনে ২৫ খৃ., দ্র. পর্যায়ক্রমে, ৩খ, পৃ. ২৮৫; ৩খ., পৃ. ১২২; ১খ, পৃ. ২১৯)। তবে ৩০০ খৃ.-ই সঠিক মনে হয়। কারণ কাসাসুল কুরআনে চতুর্থ পর্যায় ৩০০ খৃ. হইতে শুরু হইয়াছে, (দ্র. ৩খ., পৃ. ১৮৫)। এই কাল-পর্যায়ে সাবা জাতির হিময়ার উপগোত্র ক্ষমতাসীন হয় এবং তাহারা মা'রিব হইতে রাজধানী 'রায়দান' নামক স্থানে স্থানান্তরিত করে। ইহা ছিল হিময়ার-এর কেন্দ্রভূমি এবং ইহার নামকরণ করা হয় যাফার (ظفا)। বর্তমান 'এরেম' (ارم عرم) শহরের কাছাকাছি এক গোলাকার পর্বতের উপর রায়দান-এর ধ্বংসাবশেষ এখনও লক্ষ্য করা যায় এবং ইহার নিকটবর্তী অঞ্চলে 'হিময়ার' নামে একটি ক্ষুদ্র গোত্র বসবাসরত আছে। ইতিহাসের এই অধ্যায়েই সাবা জাতির পতন শুরু হয় (তাফহীমুল কুরআন, ৪খ, পৃ. ১৯৬, টীকা ৩৭; কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ২৮৪; আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২২; আরদুল কুরআন, ১খ, পৃ. ২১৯)।
সাবা রাজ্যের চতুর্থ পর্যায় ৩০০ খৃস্টাব্দের পর হইতে দীন ইসলামের সূচনাকাল পর্যন্ত বিস্তৃত (কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ২৮৫ এবং আম্বিয়া-ই কুরআন, ৩খ, পৃ. ১২২-এ ৫২৫ খৃ. পর্যন্ত বিস্তৃত)। ইহা সাবা জাতির ধ্বংসপ্রাপ্তির অধ্যায়। এই পর্যায়ে তাহাদের মধ্যে ক্রমাগত গৃহযুদ্ধ চলিতে থাকে, বহিশক্তির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং তাহাদের ব্যবসা-বাণিজ্য ও কৃষি ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হইতে থাকে। তাহাদের গৃহযুদ্ধের সুযোগে প্রথমে ৩৪০ খৃ. হইতে ৩৭৮ খৃ. পর্যন্ত ইয়ামন হাবশার শাসনাধীনে থাকে। ৪৫০-৫১ খৃ. মা'রিব বাঁধ ভাঙ্গিয়া যাওয়ায় এক সর্বগ্রাসী বন্যার সৃষ্টি হয়। কুরআন মজীদে এই বন্যার (সায়লুল 'আরিম) কথাই উক্ত হইয়াছে। ৫২৩ খৃ. ইয়ামনের ইয়াহুদী শাসক যু-নাওয়াস নাজরানের খৃস্টানদের উপর অকথ্য ও নির্মম অত্যাচার চালায়, কুরআন মজীদে যাহা আসহাবুল উখদূদ (দ্র. ৮৫:৪-৮) নামে উক্ত হইয়াছে। ইহার প্রতিশোধস্বরূপ হাবশার খৃস্টান রাষ্ট্র ইয়ামন আক্রমণ করিয়া সমগ্র দেশ দখল করিয়া নেয়। অতঃপর ইয়ামনের হাবশী গভর্নর আবরাহা কা'বা ঘরের কেন্দ্রীয় মর্যাদা খতম করিয়া আরবের সমগ্র পশ্চিম অঞ্চল নিজ দখলে আনিবার জন্য ৫৭০ খৃ. মক্কা শরীফ আক্রমণ করিতে ৫৭০ খৃ. বা ৫৭১ খৃ. অগ্রসর হয় এবং আল্লাহ্র গযবে আবরাহা বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয় যাহা কুরআন মজীদে 'আসহাবুল ফীল' নামে-উক্ত হইয়াছে (দ্র. ১০৫: ১-৫)। শেষকালে ৫৭৫ খৃ. পারসিকরা ইয়ামন দখল করে এবং ৬২৮ খৃ. পারসিক শাসক বাযান-এর দীন ইসলাম গ্রহণের মাধ্যমে যাহার অবসান ঘটে। তখন হইতে বর্তমান কাল পর্যন্ত সাবা তথা বর্তমান ইয়ামন মুসলিম শাসনাধীন রহিয়াছে এবং এখানকার সমগ্র জনগোষ্ঠী মুসলিম জাতিসত্তার অন্তর্ভুক্ত হইয়াছে (তাফহীমুল কুরআন, ৪খ, পৃ. ১৯৬-৭, টীকা ৩৭)।
📄 সাবা জাতির অর্থনৈতিক সমৃদ্ধি
সাবা জাতি ছিল তখনকার দুনিয়ায় সর্বাধিক সমৃদ্ধিশালী সম্প্রদায়। তাহাদের অর্থনৈতিক সমৃদ্ধির উৎস ছিল কৃষিকার্য ও ব্যবসা-বাণিজ্য। এক বিশেষ পদ্ধতির উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে তাহারা কৃষিকার্যে সমৃদ্ধি আনয়ন করিয়াছিল। তাহাদের দেশ শস্য-শ্যামল ক্ষেত-খামার, বাগ-বাগিচা ও গবাদিপশুতে ভরপুর ছিল। তাহারা জ্বালানী কাঠ হিসাবে দারুচিনি, ছন্দল ও অন্যান্য সুগন্ধি কাষ্ঠ ব্যবহার করিত। তাহারা সোনা-রূপার পাত্র ব্যবহার করিত। তাহাদের বাড়ির ছাদে, প্রাচীরে ও দ্বারদেশে হাতীর দাঁত, সোনা-রূপা ও হীরা-জহরত খচিত থাকিত। রোম ও পারস্যের ধন-সম্পদ ইহাদের দিকেই প্রবাহিত হইতেছিল। তাহাদের নিকটবর্তী তীরভূমি হইতে যেসব পণ্যবাহী নৌযান যাতায়াত করিত তাহা হইতে সে পর্যন্ত সুগন্ধির প্রবাহ পৌঁছিত (তাফহীমুল কুরআন, ৩খ, পৃ. ১৯৭-৮, টীকা ৩৭; কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ২৮৯-৯১; আরদুল কুরআন, ১খ, পৃ. ১৯৭-৮)।
সাবা জাতি এক বিশেষ উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকার্যকে ব্যাপকভাবে সম্প্রসারিত করিয়াছিল। বর্ষাকালে পাহাড় পর্বত হইতে যেসব ঝর্ণা প্রবাহিত হইত সেইগুলির মুখে স্থানে স্থানে বাঁধ বাঁধিয়া সারা দেশব্যাপী অসংখ্য পানি সঞ্চয়াগার গড়িয়া তোলা হইয়াছিল এবং দেশটিকে ফল ও ফসলের সমারোহ ভরিয়া তুলিয়াছিল। কুরআন মজীদে সেদিকেই ইঙ্গিত করিয়া বলা হইয়াছে : "দুইটি উদ্যান, একটি ডানদিকে এবং অপরটি বামদিকে। তাহাদেরকে বলা হইয়াছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিয়িক ভোগ কর এবং তাঁহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর" (৩৪:১৫)। আয়াতের অর্থ এই নহে যে, মাত্র দুইটি বাগান ছিল; বরং সাবার সমগ্র এলাকা জনপথের দুই পাশ ধরিয়া গুলবাগিচায় ভরিয়া গিয়াছিল। মানুষ চলার পথে যেখানেই থামিয়া দাঁড়াইত, তাঁহার ডাইনে ও বামে কেবল বাগানই দেখিতে পাইত। কেহ ফল সংগ্রহের জন্য মাথায় ঝুড়ি লইয়া এইসব উদ্যানের মধ্য দিয়া অতিক্রম করাকালে তাহাকে কষ্ট স্বীকার করিয়া ফল পাড়ার প্রয়োজন হইত না। গাছের পরিপক্ক ফল পতিত হইয়া তাহার ঝুড়ি ভর্তি হইয়া যাইত (মা'আরিফুল কুরআন, সংক্ষিপ্ত সং, পৃ. ১১০৯, ইব্ন কাছীরের বরাতে; তাফহীমুল কুরআন, সূরা সাবা, টীকা ২৭; তাফসীরে উছমানী, পৃ. ৫৭২, টীকা ৮ এবং পৃ. ৫৭৩, টীকা ১; কাসাসুল কুরআন, ৩খ, পৃ. ২৯৫-৬; ইসলামী বিশ্বকোষ, ১৮খ, পৃ. ১৯৬)। ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন যে, জনপদের ডানে ও বামে তেরটি জনপদ ব্যাপিয়া উদ্যানরাজি বিস্তৃত ছিল (তাফসীর ইব্ন আব্বাস, পৃ. ৩৬০)। আল-মাসউদী বলেন, 'সাবা অঞ্চলের উর্বর ও আবাদী এলাকা অতিক্রম করিতে একজন অশ্বারোহীর এক মাসের অধিক সময় লাগিত। জনুযানে অথবা পদব্রজে ভ্রমণকারীকে এই এলাকা অতিক্রমকালে রৌদ্রের খরতাপের মধ্যে পড়িতে হইত না। কারণ সে সম্পূর্ণ পথই বৃক্ষের ছায়ায় অতিক্রম করিতে পারিত, (ই. বি., ১৮খ, পৃ. ১৯৭-৮)।
তাহাদের শহরও ছিল অত্যন্ত পরিচ্ছন্ন, সুসজ্জিত, স্বাস্থ্যকর ও জীবনোপকরণে ভরপুর। কুরআন মজীদে ইহাকে বলা হইয়াছে “উত্তম নগরী” (৩৪ : ১৫)। শহরটি ছিল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত এবং ইহার আবহাওয়া ছিল স্বাস্থ্যকর ও বিশুদ্ধ। সমগ্র শহরে মশা-মাছি, ছারপোকা ও সাপ-বিছার মত ইতর প্রাণীর অস্তিত্ব ছিল না। বহিরাঞ্চল হইতে কোন ব্যক্তি তাহার দেহে ও পরিচ্ছদে উকুন ইত্যাদি বহন করিয়া এই শহরে প্রবেশ করিলে সেইগুলি আপনা আপনি মরিয়া যাইত (তাফসীরে ইব্ন কাছীরের বরাতে মা'আরিফুল কুরআন, সৌদী সং, পৃ. ১১০৯; ইসলামী বিশ্বকোষ, ১৮খ)।
আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত বাণিজ্যিক কার্যক্রম, দেশব্যাপী উন্নত পদ্ধতির সেচব্যবস্থার মাধ্যমে কৃষিকার্যের সম্প্রসারণ এবং উত্তম ও পরিচ্ছন্ন নগর জীবন সাবাবাসীদের প্রভূত সমৃদ্ধির কথাই স্মরণ করাইয়া দেয়। আল্লাহ তা'আলা তাহাদেরকে এইরূপ উত্তম জীবনোপকরণ ও পরিচ্ছন্ন জীবন যাপনের ব্যবস্থা করিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাবাবাসীদেরকে তাঁহার প্রতি কৃতজ্ঞ হওয়ার আহ্বান জানাইয়াছেন। তাহাদেরকে বলা হইয়াছিল, "তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিযিক ভোগ কর এবং তাঁহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর ... ক্ষমাশীল প্রতিপালক" (৩৪: ১৫)। হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, আল্লাহ তা'আলা এই সম্প্রদায়ের হেদায়াতের জন্য তেরজন নবী প্রেরণ করিয়াছিলেন। তাঁহারা তাহাদেরকে আল্লাহ প্রদত্ত জীবনোপকরণ ভোগ করিয়া তাঁহার একত্বকে কবুল করার মাধ্যমে তাঁহার প্রতি কৃতজ্ঞ হওয়ার আহ্বান জানাইয়াছিলেন। কিন্তু তাহারা তাহাদের আহ্বানে কর্ণপাত করে নাই (তাফসীরে ইব্ন আব্বাস, পৃ. ৩৬০; ইসলামী বিশ্বকোষ, ১৮খ, পৃ. ১৯৬)। তাহারা বলিল, আল্লাহ যে আমাদের প্রতি কোনরূপ নিয়ামত নাযিল করিয়াছেন তাহা আমাদের জানা নাই।
সাবা জাতি হযরত সুলায়মান (আ)-এর সহিত রাণী বিলকীসের সাক্ষাতের পর প্রতিমা পূজা ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিল। তাহারা আল্লাহর প্রতি অনুগত থাকিলেও কালের প্রবাহে ক্রমান্বয়ে অত্যাচারী হইয়া উঠে এবং লোভ-লালসা ও ভোগ-বিলাসিতার পথ অনুসরণ করিয়া আল্লাহ তা'আলার অবাধ্য হইয়া পড়ে (ই.বি., ১৮খ, পৃ. ১৯৬)। ফলে তাহারা আল্লাহ্ গযবে নিপতিত হইয়া ধ্বংস হয়। মহান আল্লাহ বলেন : “পরে তাহারা অবাধ্য হইল। ফলে আমি তাহাদের উপর প্রবাহিত করিলাম বাঁধভাঙ্গা বন্যা এবং তাহাদের উদ্যান দুইটিকে পরিবর্তিত করিয়া দিলাম এমন দুইটি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউগাছ এবং সামান্য কুলগাছ। আমি তাহাদের কুফরীর জন্য তাহাদেরকে এই শাস্তি দিয়াছিলাম। আমি অকৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না" (৩৪: ১৬-১৭)।