📘 সীরাত বিশ্বকোষ > 📄 দানিয়াল (আ)-এর দু'আ ও তাঁহার লাশের অবস্থা

📄 দানিয়াল (আ)-এর দু'আ ও তাঁহার লাশের অবস্থা


হযরত দানিয়াল (আ) ঠিক কখন এবং কিভাবে ইনতিকাল করেন তাহার কোন সঠিক বর্ণনা পাওয়া যায় না। দ্বিতীয় খলীফা উমার ইবনুল খাত্তাব (রা)-এর শাসনামলে বর্তমান ইরানের পৃযিস্তান বিজিত হইলে তুসতার (শুস্তার, সূস) নামে উহারই একটি প্রদেশে তাঁহার লাশ পাওয়া যায়। অতঃপর হযরত উমার (রা)-এর লিখিত নির্দেশে তাঁহাকে দাফন করত কবরটির চিহ্ন বিলীন করিয়া দেওয়া হয়। এই সম্পর্কিত বিবরণ পরে আসিতেছে। তিনি আল্লাহর নিকট দু'আ করিয়াছিলেন যে, উম্মাতে মুহাম্মাদীর হাতে যেন তাহার দাফন হয়। এই মর্মে একটি রিওয়ায়াত পাওয়া যায়।
ইবন আবিদ দুনয়া (র) আবুল আশ'আছ আল-আহমারী (র) সূত্রে একটি মুরসাল হাদীছ বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স) বলেন, দানিয়াল (আ) আল্লাহর নিকট দু'আ করিয়াছিলেন যে, তাঁহাকে যেন মুহাম্মাদ (স)-এর উম্মাত দাফন করে। অতঃপর আবূ মূসা আল-আশ'আরী (রা) যখন তুসতার জয় করেন তখন তাঁহাকে একটি সিন্দুকের মধ্যে পান। আর রাসূলুল্লাহ (স) ইহাও বলিয়াছিলেন, যে ব্যক্তি দaniয়ালের সন্ধান দিবে তাহাকে জান্নাতের সুসংবাদ দিও। অতঃপর হারকূস নামক এক ব্যক্তি তাঁহার সন্ধান দেয়। আবূ মূসা (রা) উমার (রা)-কে এই সংবাদ জানাইয়া পত্র লিখিলেন। তখন উমার (রা) তাঁহাকে এই নির্দেশ দিয়া পত্র লিখিলেন, লাশটিকে দাফন কর এবং হারকূসকে আমার নিকট পাঠাইয়া দাও। কারণ নবী (স) তাঁহাকে জান্নাতের সুসংবাদ দিয়াছেন। এই রিওয়ায়াতটি সম্পর্কে হাফিজ ইব্‌ন কাছীর (রা) উল্লেখ করিয়াছেন যে, হাদীছটি মুরসাল, ইহা মাহফুজ নহে।
হযরত দানিয়াল (আ)-এর জীবদ্দশায় তাঁহার বহু মু'জিযা দেখিয়া লোকজন তাঁহাকে আল্লাহর প্রিয় ও অসাধারণ মানব বলিয়া গণ্য করে। তাই তাঁহার মৃত্যুর পরও তাঁহার লাশকে বরকতময় বলিয়া মনে করিতে থাকে। এই ধারণার বশবর্তী হইয়া তাহারা তাঁহার লাশ দাফন না করিয়া সযত্নে রাখিয়া দেয়। কথিত আছে যে, একবার সূস (তুসতার) প্রদেশে অনাবৃষ্টি দেখা দেয়। ফলে ফসলাদি না হওয়ায় মারাত্মক দুর্ভিক্ষ নামিয়া আসে। তখন উহার অধিবাসিগণ বিশ্বাস করিল যে, দানিয়াল (আ)-এর লাশের উসীলায় বৃষ্টি প্রার্থনা করিলে আল্লাহ তা'আলা উহা কবুল করত বৃষ্টি দান করিবেন। তাই উক্ত আশা লইয়া তাহারা বাবিলের অধিবাসীদের নিকট হইতে কিছু দিনের জন্য উহা চাহিয়া লয়। এইরূপে হযরত দানিয়াল (আ)-এর লাশ সূস-এর অধিবাসীদের নিকট পৌঁছিয়া যায়। অতঃপর তাহারা উক্ত লাশ আর বাবিলে ফেরত দেয় নাই। এমতাবস্থায় আবূ মূসা (রা) সূস জয় করিয়া তাঁহার লাশের সন্ধান পান।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দানিয়াল (আ)-এর লাশের সহিত প্রাপ্ত জিনিসপত্র ও তাঁহার লাশ দাফন

📄 দানিয়াল (আ)-এর লাশের সহিত প্রাপ্ত জিনিসপত্র ও তাঁহার লাশ দাফন


ইউনুস ইব্‌ন বুকায়র (র) আবুল আলিয়া সূত্রে বর্ণনা করেন যে, আবুল আলিয়া (র) বলেন, আমরা যখন তুসতার জয় করিলাম তখন হুরমুযান-এর কোষাগারে একখানি চৌকি পাইলাম, যাহার উপর একটি লাশ ছিল। লাশটির মাথার নিকট ছিল একখানি মুসহাফ। অতঃপর আমরা মুসহাফখানি উমার (রা)-এর নিকট লইয়া আসিলাম। তখন তিনি কা'ব (র)-কে ডাকাইয়া উহার আরবীতে অনুবাদ করাইলেন। আরবদের মধ্যে আমিই প্রথম ব্যক্তি এই গ্রন্থ পাঠ করি। বর্ণনাকারী আবু খালিদ বলেন, আমি আবুল আলিয়াকে জিজ্ঞাসা করিলাম, উহাতে কি ছিল? তিনি বলিলেন, তোমাদের সীরাত, তোমাদের বিভিন্ন কর্মের বিবরণ, তোমাদের বাক্যের লাহান (স্বর) এবং পরবর্তীতে যাহা ঘটিবে তাহা। আমি বলিলাম, আপনারা মৃত লোকটিকে কি করিয়াছিলেন? তিনি বলিলেন, দিনের বেলায় আমরা পৃথক পৃথক তেরটি কবর খনন করি। অতঃপর রাত্রিবেলায় আমরা তাঁহাকে দাফন করি এবং সবগুলি কবরই আমরা সমান করিয়া ফেলি যাহাতে লোকজনের কাছে কোনটি তাঁহার কবর সে কথা গোপন থাকে। ফলে কেহ কবর খুঁড়িয়া তাঁহার লাশ উঠাইতে না পারে। আমি বলিলাম, তাহারা উহার নিকট কি কামনা করিত? তিনি বলিলেন, বৃষ্টি বন্ধ হইয়া গেলে তাহারা উহার খাটিয়া বাহিরে লইয়া আসিত, অতঃপর বৃষ্টি হইত। আমি বলিলাম, লোকটি কে বলিয়া আপনাদের ধারণা? তিনি বলিলেন, তাঁহাকে দানিয়াল বলা হইত। আমি বলিলাম, কত দিন পূর্বে তিনি মারা গিয়াছিলেন বলিয়া আপনারা ধারণা করেন? তিনি বলিলেন, তিন শত বৎসর পূর্বে। আমি বলিলাম, তাঁহার কিছুই কি পরিবর্তিত হয় নাই? তিনি বলিলেন, পিছনের কয়েকটি চুল ব্যতীত আর কিছুই নষ্ট হয় নাই। নবীদের গোশত মাটিতে মিশিয়া যায় না, আর তাহা জীব-জন্তুতেও খায়না।
হাফিজ ইব্‌ন কাছীর উক্ত রিওয়ায়াত উদ্ধৃত করিয়া মন্তব্য করিয়াছেন যে, আবুল আলিয়া পর্যন্ত ইহার সনদ সহীহ। কিন্তু তাহার মৃত্যু তারিখ 'তিন শত বৎসর পূর্বে' যদি সঠিক হইয়া থাকে তবে ধরিয়া লইতে হইবে যে, তিনি নবী দানিয়াল নহেন, বরং একজন সৎ বান্দা। কারণ বুখারী শরীফে বর্ণিত হাদীছ অনুযায়ী হযরত 'ঈসা (আ) ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এর মধ্যখানে অন্য কোনও নবী আসেন নাই। আর তাঁহাদের দুইজনের মধ্যে চারি শত বৎসরের ব্যবধান। এক বর্ণনামতে ছয় শত বৎসরের এবং অপর এক বর্ণনামতে ছয় শত বিশ বৎসরের। তাঁহার মৃত্যু তারিখ হইতে পারে আট শত বৎসর পূর্বে। ইহাই নবী দানিয়াল-এর যুগের কাছাকাছি সময়। আর বাস্তবেও ইহা নবী দানিয়াল-এর লাশ হওয়াই স্বাভাবিক ও যুক্তিযুক্ত। কারণ তাঁহাকে পারস্য-রাজ বন্দী করিয়া লইয়া গিয়াছিলেন এবং সেখানেই তিনি বন্দী অবস্থায় কাটান। এই লাশটি যে নবী দানিয়ালের সেই ব্যাপারে হাফিজ ইব্‌ন কাছীর আরো একটি দলীল পেশ করিয়াছেন। তিনি বলেন, আবুল আলিয়া হইতে সহীহ সনদে বর্ণিত আছে যে, উহার নাক ছিল এক বিঘত লম্বা। আর আনাস ইবন মালিক (রা) হইতে উত্তম সনদে বর্ণিত আছে যে, উহার নাক ছিল এক হাত লম্বা। উক্ত রিওয়ায়তদ্বয়ের আলোকে বলা যায় যে, তিনি প্রাচীন নবীদের একজন হইবেন। কারণ পরবর্তীকালের লোকজনের নাক এত লম্বা হওয়া যুক্তিযুক্ত নহে। মানুষের গঠনাকৃতি ক্রমান্বয়ে ছোট হইতেছে।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হযরত দানিয়াল (আ) সম্পর্কিত আরো যে সকল বর্ণনা পাওয়া যায় তাহা নিম্নরূপ

📄 হযরত দানিয়াল (আ) সম্পর্কিত আরো যে সকল বর্ণনা পাওয়া যায় তাহা নিম্নরূপ


ইব্‌ন আবি'দ দুনয়া (রা) 'আনবাসা ইবন সা'ঈদ (র) সূত্রে বর্ণনা করেন যে, আবূ মূসা (রা) দানিয়াল (আ)-এর সহিত একখানি মুসহাফ ও একটি মাটির পাত্র পাইলেন, যাহার মধ্যে কিছু চর্বি, দিরহাম ও তাঁহার অঙ্গুরী ছিল। আবূ মূসা (রা) ইহা জানাইয়া উমার (রা)-কে পত্র লিখিলেন। উমার (রা) তাঁহাকে লিখিয়া পাঠাইলেন যে, মুসহাফখানি এবং চর্বির কিছু অংশ আমার নিকট পাঠাইয়া দাও। আর বাকী চর্বিটুকু দ্বারা মুসলমানদিগকে রোগের চিকিৎসা করাইবার নির্দেশ দাও এবং দিরহামগুলি তাহাদের মধ্যে বণ্টন করিয়া দাও। আর অঙ্গুরীটি সৌজন্যমূলক তোমাকে দেওয়া হইল।
ইব্‌ন আবিদ দুনয়া একাধিক সূত্রে বর্ণনা করেন যে, আবূ মূসা (রা) যখন দানিয়াল (আ)-এর সন্ধান পাইলেন এবং লোকজন তাঁহাকে জানাইল যে, ইনি নবী দানিয়াল (আ), তখন তিনি তাঁহাকে আলিঙ্গন করিয়া চুমা খাইলেন। অতঃপর তাঁহার বিষয় জানাইয়া উমার (রা)-এর নিকট পত্র লিখিলেন। আবূ মূসা (রা) তাঁহার নিকট রক্ষিত প্রায় দশ হাজার দিরহাম পাইলেন। তৎকালে কেহ উহা হইতে ধার গ্রহণ করিয়া ফেরত না দিলে রোগগ্রস্ত হইয়া পড়িত। তিনি তাঁহার নিকট একটি সিন্দুকও পান। অতঃপর উমার (রা)-এর নির্দেশে তাঁহাকে পানি ও বরই পাতা দ্বারা গোসল করানো হয়। অতঃপর কাফন পরাইয়া দাফন করা হয় এবং তাঁহার কবর গোপন রাখা হয়, যাহাতে কেহ উহা জানিতে না পারে। তাঁহার নিকট প্রাপ্ত সম্পদ ও সিন্দুক উমার (রা) বায়তুল মালে জমা দেওয়ার নির্দেশ দেন এবং তাঁহার আংটিটি আবূ মূসা (রা)-কে প্রদান করেন।
আবু মূসা (রা) হইতে বর্ণিত আছে যে, দানিয়াল (আ)-কে কবরস্থ করার জন্য তিনি চারজন কয়েদীকে পানির প্রবাহ বন্ধ করিয়া দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর উহা বন্ধ হইয়া গেলে নদীর মধ্যখানে তাহারা কবর খুঁড়িল এবং সেখানেই তাঁহাকে দাফন করিল। অতঃপর বন্দী চারজনকে হত্যা করা হয়। তাই আবু মূসা (রা) ছাড়া তাঁহার কবরের সন্ধান আর কেহ জানে না।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দানিয়াল (আ)-এর আংটি

📄 দানিয়াল (আ)-এর আংটি


হযরত দানিয়াল (আ)-এর লাশের সহিত যে আংটি পাওয়া গিয়াছিল উহার মণিতে অঙ্কিত ছিল দুইটি সিংহের ছবি। সিংহদ্বয়ের মধ্যখানে একজন মানুষ। সিংহদ্বয় লোকটির শরীর লেহন করিতেছে। এই বিষয়ে ইন্ন আবিদ দুনয়া আবুয-যিনাদ (র) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আবূ মূসা আশ'আরী (রা)-এর পৌত্রের হাতে একটি আংটি দেখিলাম যাহার মণিতে অঙ্কিত ছিল দুইটি সিংহ, উহাদের মধ্যখানে এক ব্যক্তিকে লেহন করিতেছে। আবূ বুরদা বলেন, ইহা হইল সেই মৃত ব্যক্তির আংটি, যাহার সম্পর্কে সেখানকার অধিবাসিগণ মনে করেন যে, তিনি দানিয়াল (আ)। আবূ মূসা (রা) তাঁহাকে দাফন করার দিন ইহা প্রাপ্ত হন। আবূ বুরদা বলেন, আবূ মূসা (রা) উক্ত আংটির চিত্র সম্পর্কে সেখানকার আলিমগণকে জিজ্ঞাসা করিলে তাঁহারা জানাইয়াছেন যে, যে বাদশাহের রাজত্বে দানিয়াল (আ) ছিলেন, একদা গণক ও বিদ্বান ব্যক্তিগণ সেই বাদশাহের নিকট গিয়া বলিল যে, অমুক রাত্রে একটি বালক জন্মগ্রহণ করিবে, সে আপনার রাজ্য বিনাশ করিয়া ফেলিবে। তখন বাদশাহ বলিল, আল্লাহর কসম! সেই রাত্রের সকল বালককে আমি হত্যা করিয়া ফেলিব। তবে রাজ-কর্মচারিগণ দানিয়ালকে লইয়া গিয়া সিংহের মুখে ফেলিয়া দিল। অতঃপর সিংহটি ও তাহার সহধর্মিনী উভয়ে তাহাকে লেহন করিতে লাগিল। উহারা তাঁহার কোনওরূপ ক্ষতি করিল না। অতপর তাহার মাতা আসিয়া সিংহদ্বয়কে এই অবস্থায় পাইল। এই ভাবেই আল্লাহ তা'আলা তাঁহাকে রক্ষা করেন। অতঃপর দানিয়াল (আ) বড় হইয়া উঠেন। আবূ বুরদা (র) আবূ মূসা (রা) হইতে বর্ণনা করেন যে, সেখানকার 'আলিমগণ বলিয়াছিলেন, দানিয়াল (আ) তাঁহার আংটির মণিতে নিজের এবং সিংহদ্বয়ের তাঁহাকে লেহনরত অবস্থার প্রতিকৃতি অংকন করেন, যাহাতে এই ব্যাপারে তাঁহার প্রতি প্রদত্ত আল্লাহর নি'মাত তিনি ভূলিয়া না যান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00