📘 সীরাত বিশ্বকোষ > 📄 একটি দিব্যদর্শন ও বিশ্লেষণ এবং তাহা সত্যে পরিণত হওয়া

📄 একটি দিব্যদর্শন ও বিশ্লেষণ এবং তাহা সত্যে পরিণত হওয়া


সম্রাট বুখত নাস্সারের মৃত্যুর পর তাহার পুত্র বেল শেফার (বেল শৎসর) সিংহাসনে সমাসীন হন। রাজ-মুকুট পরিধান অনুষ্ঠানের দিন তিনি একটি ভোজসভার আয়োজন করেন। সেখানে তিনি মদ্য পানের বিশেষ ব্যবস্থা করেন। তাহার পিতা বুখত নাস্সার জেরুসালেমের হায়কাল (বায়তুল মুকাদ্দাস মসজিদ) হইতে যে সকল স্বর্ণ, রৌপ্য লইয়া আসিয়াছিলেন উহার পাত্রে স্বয়ং বাদশাহ, তাহার পত্নী ও উপপত্নিগণ মদ পান করেন। তাহাদের উদ্দেশ্য ছিল, ইহা দ্বারা হায়কাল-এর অসম্মান করা। বাদশাহর মধ্যে গর্ব ও অহঙ্কার সৃষ্টি হয়— তিনি স্বর্ণ, রৌপ্য, পিতল, লৌহ ও পাথরের মূর্তি তৈরি করত উহার পূজা করেন। মদ পানের সময় বাদশাহ হঠাৎ দেখিতে পাইলেন, রাজপ্রাসাদের ভিত্তির প্রলেপের উপর একটি হস্ত কি যেন লিখিতেছে। তিনি গণকগণের সকলকে ডাকিয়া ইহার মর্ম জিজ্ঞাসা করিলেন কিন্তু কেহই উহার মর্ম উদ্ধার করিতে পারিল না। অবশেষে হযরত দানিয়াল (আ) উহার মর্ম ব্যাখ্যা করিয়া বলিলেন যে, তাহার বাদশাহীর দিন শেষ হইয়া গিয়াছে। তাহার রাজ্য টুকরা টুকরা করিয়া দেওয়া হইবে। ইরানীগণ উহার মালিক হইবে। অতঃপর শীঘ্রই ইহা সত্যে পরিণত হইল। ইরানী সৈন্যগণ উহা আক্রমণ করত অধিকার করিয়া লইল এবং বাদশাহ বেলশেফার নিহত হইল।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ইরান সম্রাটের মন্ত্রী নিযুক্ত

📄 ইরান সম্রাটের মন্ত্রী নিযুক্ত


ইরান সম্রাট বাবিল অধিকার করিয়া সেখানে স্বীয় শাসন সুসংহত করেন এবং কর্তৃত্ব পরিচালনা করেন। তিনি দানিয়াল (আ)-এর বিদ্যা-বুদ্ধি ও জ্ঞান-বিবেকের কারণে তাঁহাকে খুবই সম্মান ও কদর করিতেন। তাই তিনি যখন রাষ্ট্রে ১২০ জন নাজিম ও তিনজন মন্ত্রী নিযুক্ত করেন তখন হযরত দানিয়াল (আ)-কেও মন্ত্রী নিযুক্ত করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সিংহের খাঁচায় নিক্ষেপ এবং উহা হইতে পরিত্রাণ লাভ

📄 সিংহের খাঁচায় নিক্ষেপ এবং উহা হইতে পরিত্রাণ লাভ


দানিয়াল (আ) অন্যান্য মন্ত্রী ও নাজিমদের তুলনায় বেশী জ্ঞানী ও কর্মতৎপর বলিয়া প্রমাণিত হইলে অন্যরা তাঁহার প্রতি হিংসা করিতে থাকে এবং তাঁহার ক্ষতি করিবার ফন্দি আঁটিতে থাকে। কিন্তু তাহাদের কোনও চেষ্টাই ফলবতী না হওয়ায় তাহারা বাদশাহকে পরামর্শ দিল যে, এই মর্মে এক ফরমান জারী করা হউক, ত্রিশ দিন পর্যন্ত কেহ আপনি ব্যতীত অন্য কোনও উপাস্য বা কোনও লোকের নিকট কিছু যাজ্ঞা করিলে বা কোনও আবেদন করিলে তাহাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করা হইবে। বাদশাহ তাহাদের পরামর্শ গ্রহণ করত উক্ত ফরমান জারী করিলেন। হযরত দানিয়াল (আ)-এর নিয়ম ছিল, দিনে তিনবার নিজের গৃহে বসিয়া তিনি আল্লাহ্ ইবাদত করিতেন এবং তাঁহার নিকট দু'আ করিতেন। ষড়যন্ত্রকারী ও হিংসুকগণ এই সুযোগ কাজে লাগাইল। তাহারা বাদশাহকে জানাইল যে, দানিয়াল (আ) আপনার নির্দেশের কোনও তোয়াক্কা করিতেছেন না; বরং প্রতিদিন তিনবার তিনি তাঁহার আল্লাহর নিকট দু'আ করিতেছেন। বাদশাহ হযরত দানিয়াল (আ)-এর প্রতি সুধারণা রাখিতেন। তাই তিনি চাহিতেছিলেন না যে, তাঁহাকে কোনওরূপ শাস্তি প্রদান করেন। কিন্তু পারিষদবর্গ পীড়াপীড়ি করিতে লাগিল যে, ঘোষণা ও ফরমান অনুযায়ী দানিয়াল (আ)-এর শাস্তি কার্যকর করা হউক এবং তাহাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করা হউক। অবশেষে বাধ্য হইয়া বাদশাহ হযরত দaniয়াল (আ)-কে তাহাদের নিকট সোপর্দ করিলেন। অতঃপর তাঁহাকে সিংহের খাঁচায় নিক্ষপ করা হইল। আল্লাহর কুদরতে সিংহ তাঁহার কোনই ক্ষতি করিল না। তিনি নির্ভয়ে ও সহীহ-সালামতে খাঁচার মধ্যে সময় অতিবাহিত করিতে লাগিলেন। বাদশাহ এই সংবাদ শুনিয়া নিজেই তাঁহাকে দেখিতে সিংহের খাঁচার নিকট গেলেন। বাদশাহ তাঁহাকে নিরাপদ ও অক্ষত দেখিয়া প্রফুল্ল চিত্তে তাঁহাকে বাহির করিবার নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে আরও নির্দেশ দিলেন যে, যাহারা দানিয়ালের বিরুদ্ধে অভিযোগ করিয়া তাহাকে এই শাস্তি দিতে প্ররোচিত ও বাধ্য করিয়াছে তাহদিগকে স্ত্রী-পুত্র-কন্যাসহ সিংহের খাঁচায় নিক্ষেপ করা হউক, যাহাতে তাহারা আপন কৃতকর্মের শাস্তি ভোগ করিতে পারে।
ইব্‌ন আবিদ দুনয়া আবদুল্লাহ ইব্‌ন আবি'ল-হুযায়ল সূত্রে অনুরূপ একটি ঘটনা বর্ণনা করিয়াছেন, যাহা বুপ্ত নাস্সার সম্পর্কিত। তাহা এই যে, বুপ্ত নাস্সার কূপের মধ্যে দুইটি সিংহ রাখেন এবং দানিয়াল (আ)-কে আনিয়া সেখানে উহাদের কাছে কূপে নিক্ষেপ করেন। কিন্তু উহারা তাঁহার কোনওরূপ ক্ষতি করিল না। দানিয়াল (আ) সেখানে কিছুকাল অতিবাহিত করেন। অতঃপর মানবিক চাহিদা অনুযায়ী খাদ্য ও পানীয়ের প্রতি তাঁহার আকর্ষণ জন্মিল। আল্লাহ তা'আলা শাম-এ উরমিয়ার নিকট ওহী প্রেরণ করিলেন যে, দানিয়ালের জন্য খাদ্য ও পানীয় তৈরি কর। তিনি বলিলেন, ওগো আমার প্রতিপালক! আমি রহিয়াছি পবিত্র ভূমি শাম-এ, আর দানিয়াল রহিয়াছেন ইরাকের বাবিল শহরে! আল্লাহ তাঁহাকে ওহী পাঠাইলেন, আমি তোমাকে যাহা তৈরি করার নির্দেশ দিয়াছি তুমি তাহাই কর। আমি অতি সত্ত্বর এমন একজনকে পাঠাইতেছি, যে তোমাকে এবং তুমি যাহা তৈরী করিয়াছ তাহা বহন করিয়া লইয়া যাইবে। অতঃপর উরমিয়া খাদ্য ও পানীয় তৈরি করিলেন। আল্লাহ তাঁহাকে ও তাঁহার তৈরীকৃত সামগ্রী লইয়া যাওয়ার ব্যবস্থা করিলেন। তিনি অতপর কূপের পার্শ্বে আসিয়া দাঁড়ালেন। দানিয়াল (আ) জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তিনি বলিলেন, আমি উরমিয়া। দানিয়াল (আ) বলিলেন, কিজন্য এইখানে আসিয়াছ? তিনি বলিলেন, আমাকে আপনার প্রতিপালক আপনার নিকট প্রেরণ করিয়াছেন। দানিয়াল (আ) বলিলেন, আমাকে তাহা হইলে আমার প্রতিপালক স্মরণ করিয়াছেন? তিনি বলিলেন, হাঁ। দানিয়াল (আ) বলিলেন, সকল প্রশংসা সেই আল্লাহর, তিনি তাঁহাকে যে স্মরণ করে তাহাকে ভুলেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তাহার ডাকে সাড়া দেন, যে তাঁহার প্রতি আশাবাদী হয়। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তাঁহার উপর ভরসাকারীকে অন্যের হাতে সোপর্দ করেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি উত্তম কর্মের উত্তম প্রতিদানই দেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি ধৈর্যের প্রতিদান দেন মুক্তির দ্বারা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের উপর মুসীবত আসার পর উহার ক্ষয়ক্ষতি দূর করিয়া দেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদিগকে আমাদের কর্ম সম্পর্কে কুধারণা সৃষ্টি হওয়ার মুহূর্তে আমাদিগকে রক্ষা করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আমাদের পক্ষ হইতে সকল কলা-কৌশল বন্ধ হইয়া যাওয়ার মুহূর্তে যিনি আমাদের আশা-ভরসা।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দানিয়াল (আ)-এর দু'আ ও তাঁহার লাশের অবস্থা

📄 দানিয়াল (আ)-এর দু'আ ও তাঁহার লাশের অবস্থা


হযরত দানিয়াল (আ) ঠিক কখন এবং কিভাবে ইনতিকাল করেন তাহার কোন সঠিক বর্ণনা পাওয়া যায় না। দ্বিতীয় খলীফা উমার ইবনুল খাত্তাব (রা)-এর শাসনামলে বর্তমান ইরানের পৃযিস্তান বিজিত হইলে তুসতার (শুস্তার, সূস) নামে উহারই একটি প্রদেশে তাঁহার লাশ পাওয়া যায়। অতঃপর হযরত উমার (রা)-এর লিখিত নির্দেশে তাঁহাকে দাফন করত কবরটির চিহ্ন বিলীন করিয়া দেওয়া হয়। এই সম্পর্কিত বিবরণ পরে আসিতেছে। তিনি আল্লাহর নিকট দু'আ করিয়াছিলেন যে, উম্মাতে মুহাম্মাদীর হাতে যেন তাহার দাফন হয়। এই মর্মে একটি রিওয়ায়াত পাওয়া যায়।
ইবন আবিদ দুনয়া (র) আবুল আশ'আছ আল-আহমারী (র) সূত্রে একটি মুরসাল হাদীছ বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স) বলেন, দানিয়াল (আ) আল্লাহর নিকট দু'আ করিয়াছিলেন যে, তাঁহাকে যেন মুহাম্মাদ (স)-এর উম্মাত দাফন করে। অতঃপর আবূ মূসা আল-আশ'আরী (রা) যখন তুসতার জয় করেন তখন তাঁহাকে একটি সিন্দুকের মধ্যে পান। আর রাসূলুল্লাহ (স) ইহাও বলিয়াছিলেন, যে ব্যক্তি দaniয়ালের সন্ধান দিবে তাহাকে জান্নাতের সুসংবাদ দিও। অতঃপর হারকূস নামক এক ব্যক্তি তাঁহার সন্ধান দেয়। আবূ মূসা (রা) উমার (রা)-কে এই সংবাদ জানাইয়া পত্র লিখিলেন। তখন উমার (রা) তাঁহাকে এই নির্দেশ দিয়া পত্র লিখিলেন, লাশটিকে দাফন কর এবং হারকূসকে আমার নিকট পাঠাইয়া দাও। কারণ নবী (স) তাঁহাকে জান্নাতের সুসংবাদ দিয়াছেন। এই রিওয়ায়াতটি সম্পর্কে হাফিজ ইব্‌ন কাছীর (রা) উল্লেখ করিয়াছেন যে, হাদীছটি মুরসাল, ইহা মাহফুজ নহে।
হযরত দানিয়াল (আ)-এর জীবদ্দশায় তাঁহার বহু মু'জিযা দেখিয়া লোকজন তাঁহাকে আল্লাহর প্রিয় ও অসাধারণ মানব বলিয়া গণ্য করে। তাই তাঁহার মৃত্যুর পরও তাঁহার লাশকে বরকতময় বলিয়া মনে করিতে থাকে। এই ধারণার বশবর্তী হইয়া তাহারা তাঁহার লাশ দাফন না করিয়া সযত্নে রাখিয়া দেয়। কথিত আছে যে, একবার সূস (তুসতার) প্রদেশে অনাবৃষ্টি দেখা দেয়। ফলে ফসলাদি না হওয়ায় মারাত্মক দুর্ভিক্ষ নামিয়া আসে। তখন উহার অধিবাসিগণ বিশ্বাস করিল যে, দানিয়াল (আ)-এর লাশের উসীলায় বৃষ্টি প্রার্থনা করিলে আল্লাহ তা'আলা উহা কবুল করত বৃষ্টি দান করিবেন। তাই উক্ত আশা লইয়া তাহারা বাবিলের অধিবাসীদের নিকট হইতে কিছু দিনের জন্য উহা চাহিয়া লয়। এইরূপে হযরত দানিয়াল (আ)-এর লাশ সূস-এর অধিবাসীদের নিকট পৌঁছিয়া যায়। অতঃপর তাহারা উক্ত লাশ আর বাবিলে ফেরত দেয় নাই। এমতাবস্থায় আবূ মূসা (রা) সূস জয় করিয়া তাঁহার লাশের সন্ধান পান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00