📄 তাবৃত
কুরআন মজীদের দুই স্থানে 'তাবুত' শব্দটি উল্লিখিত হইয়াছে (তু. ২: ২৪৮ এবং ২০: ৩৬), অর্থ সিন্ধুক। ২: ২৪৮ আয়াতে উদ্ধৃত তাবূত বলিতে সেই "প্রশান্তির সিন্দুক" (Ark of the Covenant)-কে বুঝানো হইয়াছে যাহা বাইবেলে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক নামে উল্লেখিত হইয়াছে (তু. ১ম শমূয়েল, ৪: ৩)। ইহা ছিল ইয়াহুদীদের সর্বাধিক গুরুত্বপূর্ণ, মহামূল্যবান ও অতি পবিত্র ধর্মীয় ও জাতীয় উত্তরাধিকারের স্মৃতিবাহী ঐতিহ্য। ইহার মধ্যে তাওরাতের মূল লিপি, মূসা ও হারূন (আ) ভাতৃদ্বয়ের স্মৃতিবাহী জিনিসপত্র, যেমন মু'জিযার লাঠি, মান্ন ইত্যাদি সংরক্ষিত ছিল। ইয়াহুদীরা ইহাকে তাহাদের সৌভাগ্যের চাবিকাঠি বলিয়া বিশ্বাস করিত। তাই তাহারা স্বদেশে, প্রবাসে, যুদ্ধে সব সময় ইহাকে নিজেদের সঙ্গে রাখিত।
এক যুদ্ধে ফিলিস্তীনী পৌত্তলিকরা ইসরাঈলীদিগকে পরাভূত করিয়া সিন্দুকটি হস্তগত করে এবং ইহাকে তাহাদের দাজুন দেবতার মন্দিরে রাখিয়া দেয়। ইহার ফলে প্রতি রাত্রে দেবমূর্তিটি উল্টাইয়া পড়িয়া থাকিত। তাহারা সিন্দুকটি যে জনপদেই রাখিত সেখানেই 'মহামারির প্রাদুর্ভাব ঘটিত। অবশেষে তাহারা ভীত-সন্ত্রস্ত্র হইয়া সিন্দুকটি একটি গরুর 'গাড়িতে স্থাপন করিয়া উহাকে চালকহীনভাবে ইসরাঈলীদের বসতির দিকে হাঁকাইয়া দেয়। আল্লাহর হুকুমে ফেরেশতাগণ গাড়িটিকে হাঁকাইয়া ইয়াহুদীদের জনপদে লইয়া আসে। নবী সমূয়েল (আ) কর্তৃক তালুতকে শাসক নিয়োগকালে এই ঘটনা ঘটে।
হযরত সুলায়ামান (আ)-এর (মৃ. ৯৩৩ খৃ. পৃ.) যুগ পর্যন্ত ইহা ইয়াহুদীদের অধিকারে থাকে। হায়কালে সুলায়মানী (সৌধ বা মিনার) নির্মাণের পর সিন্দুকটি সেখানে স্থাপন করা হইয়াছিল। অতঃপর ইহার আর কোনও ইতিহাস পাওয়া যায় না। ইয়াহুদীদের মধ্যে প্রচলিত বিশ্বাসমতে ইহা এখনো হায়কালে সুলায়মানীর ভিত্তিমূলের কোথাও সমাহিত আছে (মাআরেফুল কোরআন, সংক্ষিপ্ত সং, ২: ২৪৮ নং আয়াতের টীকা; তাফসীরে মাজেদী, ১খ, পৃ. ৪৭৯, টীকা ৯৪৩; তাফহীমুল কুরআন, সূরা বাকারার ২৪৮ আয়াতের ২৭০ নং টীকা; তারীখুল কালিম, ১খ, পৃ. ১৬৫, টীকা ৫; বিদায়া, ২খ, পৃ.৭; তু. বাইবেল, ১ম শমূয়েল, ৪: ১-১১; ৫ ৪...; Encyclopaedia Amerieana, vol. i. See Ark.)।
২০ :৩৯ আয়াতে তাবৃত বলিতে মূসা (আ)-এর জন্মের পর তাঁহাকে যে বাক্সে ভর্তি করিয়া নদীতে ভাসাইয়া দেওয়া হইয়াছিল, সেই বাক্সকে বুঝানো হইয়াছে।
📄 নদী অতিক্রমণ
তালূত বাহিনীকে যে নদী পার হইতে হইয়াছিল এবং যাহার পানি পান করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল, তাহা কোন্ নদী সেই বিষয়ে মতভেদ আছে। ইহা বর্তমানের জর্দান নদী অথবা ইহার কোন শাখা-নদী বা ফিলিস্তীন নদী (বিদায়া, ২ খ, পৃ. ৮; আল-কামিল, ১খ, পৃ. ১৬৬; তাফহীমুল কুরআন, ২: ২৪৯ আয়াতের ২৭১ নং টীকা; তাফসীরে মাজেদী, ১খ, পৃ. ৪৮১, টীকা ৯৪৮)। নদীটি তত বড় নহে, সোজা মাপে পঁয়ষট্টি মাইল এবং বাঁকসহ দুই শত মাইল প্রায়। নদীটি উত্তর হইতে দক্ষিণে প্রবাহিত এবং পথিমধ্যে গালীল হ্রদ ও তাবারিয়া উপসাগর অতিক্রম করিয়া মৃত সাগরে পতিত হইয়াছে। উৎপত্তি স্থানের দিকে ইহার পানি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মিষ্ট হইলেও মোহনার দিকের পানি ঘোলা, দুর্গন্ধময় ও ক্ষতিকর (তাফসীরে মাজেদী, ১খ, পৃ. ৪৮১)।
📄 যুদ্ধের ঐতিহাসিক পটভূমি
হযরত মূসা (আ) ইসরাঈলীদেরকে ফিরআওনের কবল হইতে মুক্ত করিয়া পবিত্র ভূমিতে (জেরুসালেম) লইয়া আসার পর স্বল্প কালের মধ্যে ইনতিকাল করেন। তাহারা তাওরাতের পথনির্দেশ ভুলিয়া যাইতে থাকে। তাহারা ফিলিস্তীনের সমগ্র এলাকা দখল করিবার পর উহাকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার পরিবর্তে বারোটি গোত্রের মধ্যে বণ্টন করিয়া লয়। ক্রমান্বয়ে তাহারা গোত্রীয় বিবাদে লিপ্ত হইতে থাকে। ফলে তাহারা ঐসব এলাকার পৌত্তলিকদিগকে সমূলে উৎখাত করিতে কখনও সক্ষম হয় নাই। তাহারা পৌত্তলিকদের সহিত একত্রে বসবাস করিতে থাকে এবং তাহাদের শিরকী রীতিনীতি দ্বারা প্রভাবিত হইতে থাকে। এই ক্ষেত্রে বাইবেলের নিম্নোক্ত বিবরণ লক্ষণীয়:
"ইসরাঈল সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই করিতে লাগিল এবং বাল দেবগণের সেবা করিতে লাগিল। আর যিনি তাহাদের পিতৃপুরুষগণের প্রভু, যিনি তাহাদেরকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলেন, সেই সদাপ্রভুকে ত্যাগ করিয়া অন্য দেবগণের অর্থাৎ আপনাদের চতুর্দিকস্থিত লোকদের দেবগণের অনুগামী হইয়া তাহাদের কাছে প্রণিপাত করিতে লাগিল, এইরূপে সদাপ্রভুকে অসন্তুষ্ট করিল। তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়া বাল দেবের ও অষ্টারোত দেবীদের সেবা করিত। তাহাতে ইসরাঈলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। তিনি তাহাদেরকে লুণ্ঠনকারীদের হস্তে সমর্পণ করিলেন। তাহারা তাহাদের দ্রব্য লুট করিল। আর তিনি তাঁহাদের চতুর্দিকস্থ শত্রুগণের হস্তে তাহাদেরকে বিক্রয় করিলেন, তাহাতে তাহারা আপন শত্রুদের সম্মুখে আর দাঁড়াইতে পারিল না" (বিচারকগণের বিবরণ, ২ঃ ১১-১৪)।
একদিকে ইয়াহুদীরা পথভ্রষ্ট হইতে থাকে এবং তাহাদের মধ্যে বিভেদ ও বিছিন্নতা ছড়াইয়া পড়িতে থাকে, অপরদিকে ফিলিস্তীনী পৌত্তলিকরা ও তাহাদের মিত্ররা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হইতে থাকে। তাহারা সম্মিলিত আক্রমণের মাধ্যমে একের পর এক ইয়াহুদীদের দখলভুক্ত এলাকা কুক্ষিগত করিতে থাকে। অবশেষে তাহারা ইয়াহুদীদের প্রশান্তির সিন্দুকটি পর্যন্ত তাহাদের নিকট হইতে ছিনাইয়া লইয়া যায়। তাহারা চরম লাঞ্ছিত অবস্থায় পতিত হয়।
এই অবস্থায় তাহাদের বোধোদয় হইল যে, একজন শাসকের অধীনে তাহাদের ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরী। সমসাময়িক নবী হযরত শামুঈল (আ)-এর নিকট তাহাদের আবেদনের প্রেক্ষিতে তিনি তালূতকে তাহাদের শাসক নিয়োগ করেন (তাফহীমুল কুরআন, ১৭ঃ ৫ আয়াত সংশ্লিষ্ট ৭ নং টীকা দ্র.)। কুরআন মজীদে এই কথাই বলা হইয়াছেঃ "তাহারা যখন তাহাদের নবীকে বলিল, আমাদের জন্য একজন শাসক নিযুক্ত করুন.... তাহাদের নবী তাহাদেরকে বলিলেন, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের শাসক করিয়াছেন" (২: ২৪৬-৭)।
নবী (আ) কর্তৃক তালুত শাসক নিযুক্ত হওয়ার পরপরই তিনি জালুতের বিরুদ্ধে যুদ্ধভিযানের প্রস্তুতি শুরু করেন। ইত্যবসরে আল্লাহর অনুগ্রহে 'তাবৃত' (শান্তির সিন্দুক)-ও তাঁহার ও সঙ্গীগণের হস্তগত হইয়া যায়। ফলে তাহাদের মনোবলও বৃদ্ধি পায় এবং যুদ্ধে যোগদানের জন্য তাহারা উদগ্রীব হইয়া পড়ে (দ্র. ২: ২৪৬)। আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে নবীকে জানাইয়া দিলেন যে, বৃদ্ধ, রোগগ্রস্ত, অন্ধ এবং যাহাদের বাস্তবিকই গ্রহণযোগ্য কোন ওজর আছে তাহারা যুদ্ধে গমন করিবে না। যুদ্ধে যোগদানের জন্য তালূত ও তাঁহার বাহিনী সমবেত হইল। তাহারা প্রখর রৌদ্রতাপ ও পানির স্বল্পতা সম্পর্কে অভিযোগ করিলে তালূত তাহাদের জানাইয়া দিলেন যে, আল্লাহ তা'আলা তাহাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করিবেন। নদী অতিক্রমকালে কেহ উহার পানি পান করিতে পারিবে না, এক-দুই আঁজলা ব্যতীত (দ্র. ২: ২৪৯)। কিন্তু সেনাপতির নির্দেশ অমান্য করিয়া অধিকাংশ সৈন্য উদর পূর্তি করিয়া পানি পান করে এবং নদী অতিক্রম করার পর তাহারা যুদ্ধ করিতে অক্ষম হইয়া পড়ে। তাহারা তালূতকে জানাইয়া দিল যে, জালূত ও তাহার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য তাহাদের নাই (দ্র. ২: ২৪৯)। কিন্তু যাহারা আল্লাহর সহিত সাক্ষাতে বিশ্বাসী ছিল তাহারা বলিল, কত ক্ষুদ্র বাহিনী কত বৃহৎ বাহিনীকে আল্লাহর হুকুমে পরাভূত করিয়াছে। তালূতের স্বল্প সংখ্যক সৈন্য জালুত ও তাহার বাহিনীর মুকাবিলায় অবতীর্ণ হইয়া আল্লাহর নিকট দো'আ করিল। আল্লাহ যেন তাহাদেরকে ধৈর্য দান করেন, তাহাদেরকে যুদ্ধক্ষেত্রে অবিচল রাখেন এবং কাফেরদের বিরুদ্ধে সাহায্য করেন (দ্র. ২: ২৪৯-২৫০)।
তাফসীরকার সুদ্দী (র) বলেন যে, তালূত আশি হাজার সৈন্যসহ যুদ্ধে রওয়ানা করেন, ইহাদের মধ্যে ছিয়াত্তর হাজার সেনাপতির আদেশ অমান্য করিয়া উদর পূর্তি করিয়া নদীর পানি পান করে এবং অবশিষ্ট থাকে মাত্র চার হাজার (বিদায়া, ২খ., পৃ.৮; আল-কামিল, ১খ, পৃ. ১৬৬; আরাইস, পৃ. ২৯০)। এই পর্যায়ে হাদীছ গ্রন্থাবলীতে রাসূলুল্লাহ (স)-এর সাহাবী হযরত বারাআ ইব্ন আযিব (রা)-র একটি বক্তব্য পাওয়া যায়:
عَنِ الْبَرَاءِ قَالَ كُنَّا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَحَدَّثُ أَنَّ عِدَّةَ أَصْحَابِ بَدْرٍ عَلَى عِدَّةٍ اصحاب طَالُوْتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهْرَ وَلَمْ يُجَاوِزُ مَعَهُ الا مُؤْمِنٌ بِضْعَةَ عَشَرَ وَثَلاثَ مِائَةٍ .
"বারাআ (রা) বলেন, আমরা মুহাম্মাদ (স)-এর সাহাবীগণ পরস্পর আলোচনা করিতাম যে, বদর যুদ্ধে যোগদানকারী সাহাবীগণের সংখ্যা ছিল তালুতের সহিত নদী অতিক্রমকারীগণের অনুরূপ তিন শত দশজনের অধিক। কেবল ঈমানদারগণই তাঁহার সহিত নদী পার হইয়াছিল" (বুখারী, ৪খ, মাগাযী, বাব ৪, নং ৩৬৬৭, ৩৬৬৮, আরো দ্র. নং ৩৬৬৬; তিরমিযী, ৩খ, সিয়ার, বাব ৩৭, নং ১৫৪৫; ইব্ন মাজা, জিহাদ, বাব ২৫, নং ২৮২৮)।
কুরআন মজীদের বক্তব্য হইতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, তালূত বাহিনীর সকলেই ছিল মুমিন মুসলমান (দ্র. ২: ২৪৬, ২৪৭, ২৪৮, ২৪৯ ইত্যাদি)। ২৪৯ নং আয়াতে তো পরিষ্কারই বলা হইয়াছে: “সে এবং তাহার সঙ্গী ঈমানদারগণ যখন উহা অতিক্রম করিল...". মুফতী শফী (র) বলেন যে, 'রূহুল মা'আনী'তে উদ্ধৃত ইব্ন আব্বাস (রা)-র রিওয়ায়াত দ্বারা বুঝা যায় যে, তালূত বাহিনীতে তিন শ্রেণীর মুমিন ছিলেনঃ একদল দুর্বল মুমিন, যাহারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন নাই। দ্বিতীয় শ্রেণী পূর্ণ মুমিন যাহারা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন ঠিকই কিন্তু নিজেদের সংখ্যা- স্বল্পতার দুশ্চিন্তায় ভুগিয়াছিলেন এবং তৃতীয় শ্রেণী ছিলেন পূর্ণ মুমিন যাহারা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন এবং নিজেদের সংখ্যাস্বল্পতার দুশ্চিন্তার শিকার হন নাই (মাআরেফুল কুরআন, সংক্ষিপ্ত বাংলা সৌদী সংস্করণ, পৃ. ১৩৬)।
ঈমানদার সৈন্যবাহিনীকে সব যুগেই এইরূপ কাঠোর পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছে। কারণ সামরিক অভিযানের মত বিপদসংকুল ও জীবনের ঝুঁকিপূর্ণ আর কোন তৎপরতা নাই। তাই এখানে ধৈর্য ও মনোবলের প্রয়োজন সর্বাধিক। বদরের যুদ্ধেও মুসলমানরা নিজেদের সৈন্য সংখ্যার স্বল্পতা ও কাফের সৈন্যদলের সংখ্যাধিক্যে সন্ত্রস্ত হইয়াছিলেন। তাহাদেরকে অভয় দান করিয়া মহান আল্লাহ বলেন:
إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ "তোমাদের মধ্যে বিশজন ধৈর্যশীল থাকিলে তাহারা দুই শতজনের উপর বিজয়ী হইবে ....." (৮:৬৫)।
বাইবেলেও নদী দ্বারা তালূত বাহিনীর সৈন্যদিগকে পরীক্ষা করার কথা আছে। যেমন, "তুমি তাহাদেরকে লইয়া ঐ পানির কাছে নামিয়া যাও। সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব ....। পরে তিনি লোকদেরকে পানির নিকট লইয়া গেলে সদাপ্রভু গিদিওনকে বলিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা পানি চাটিয়া পান করে তাহাকে, যে কেহ পানি পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাহাকে পৃথক করিয়া রাখ। তাহাতে সংখ্যায় তিন শত লোক মুখে অঞ্জলি তুলিয়া পানি চাটিয়া খাইল ... এই যে তিন শত লোক পানি চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদেরকে নিস্তার করিব" (বিচারক, ৭:৪-৭)।
পরিশেষে বাধ্য হইয়া তালূত সসৈন্যে যুদ্ধে অগ্রসর হইলেন। ইতোমধ্যে আল্লাহ তা'আলা নবী শামূঈল (আ)-কে জানাইয়া দেন যে, বনু ইসরাঈলে দাউদ নামে যিশয়ের এক পুত্র আছে। তাহার হস্তেই জালূত নিহত হইবে। শামূঈল (আ) ওহীর মাধ্যমে ইহা অবগত হইয়া যুদ্ধযাত্রার পূর্বে দাউদ (আ) ও তাঁহার অপর ভ্রাতাগণকে তালূত বাহিনীতে অন্তর্ভুক্ত করিলেন। এদিকে দাউদ (আ)-ও মাঠে তাঁহার পিতার মেষপাল চরাইবার কালে অদৃশ্য হইতে শব্দ শুনিতে পান, তুমি জালূতের হন্তা, এখানে কি করিতেছ! তুমি মেষপাল তোমার প্রতিপালকের যিম্মায় ত্যাগ করিয়া তালূত বাহিনীতে যোগদান কর। তালূত জালূতের হত্যাকারীর জন্য নিজ সম্পত্তির অর্ধেক এবং নিজ কন্যাকে তাহার সহিত বিবাহ দেওয়ার ঘোষণা দিয়াছে। তিনি এই অদৃশ্য বাণী শ্রবণ করিয়া তালূত বাহিনীতে যোগদান করিতে রওয়ানা হইয়া যান এবং পথিমধ্যে জালূতকে হত্যা করার তিন খণ্ড পাথর প্রাপ্ত হন (তাহযীব তা'রীখ দিমাক্ক, ৫খ., পৃ. ১৯০-৯১)।
জালূতের সঙ্গে ছিল বিশাল বাহিনী, আর তালূতের সঙ্গে ছিল একটি নগণ্য ক্ষুদ্র বাহিনী। জালুত এই ক্ষুদ্র বাহিনী লক্ষ্য করিয়া তাচ্ছিল্য ও দাম্ভিকতার সহিত তালূতকে মুকাবিলায় অবতীর্ণ হইতে আহবান জানাইল। কিন্তু তালুত বাহিনীর কেহই তাহার মুকাবিলায় অবতীর্ণ হইতে সাহস করিল না।
হযরত দাউদ (আ) এই অবস্থা প্রত্যক্ষ করিয়া জালূতের বিরুদ্ধে নির্ভীকভাবে রণক্ষেত্রে ঝাপাইয়া পড়িলেন এবং সেই আশ্চর্য পাথর নিক্ষেপ করিয়া মুহূর্তের মধ্যে জালুতকে হত্যা করিয়া তাহার দম্ভ চূর্ণ করিয়া দিলেন। সেনাপতির মৃত্যুতে জালূত বাহিনী ভীত-সন্ত্রস্ত হইয়া পলায়ন করিল এবং তালূত বাহিনী আল্লাহর হুকুমে বিজয়ীর বেশে যুদ্ধক্ষেত্র হইতে ফিরিয়া আসিল। এই ঘটনায় দাউদ (আ) সমগ্র ইসরাঈলী জাতির নিকট মহাবীররূপে খ্যাতি লাভ করিলেন এবং তাহাদের প্রিয়পাত্র হইলেন। তালুত তাঁহার কন্যাকে দাউদ (আ)-এর সহিত বিবাহ দিলেন, অবশেষে তিনিই গোটা ইসরাঈল জাতির শাসক হইলেন" (তু. তাহযীর তা'রীখ দিমাশূক, ৫খ., পৃ. ১৯১; আত-তা'রীখুল কামিল, ১খ, পৃ. ১৬৬-৭; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ২খ, পৃ. ৮-৯)।
কোন কোন বর্ণনায় আছে যে, দাউদ (আ) অপরিচিত ব্যক্তি হিসাবেই এই যুদ্ধে যোগদান করেন, এমনকি তালূতও তাঁহার সম্পর্কে অবহিত ছিলেন না। কেবল যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের মাধ্যমেই তিনি পরিচিত হইয়া উঠেন (তাফহীমুল কুরআন, ২৪ ২৫১ আয়াতের ২৭৩ নং টীকা)। পূর্বোক্ত বর্ণনার সহিতও বাইবেলের বর্ণনার মিল পরিলক্ষিত হয় (তু. ১ম শমূয়েল, ১৬৪ ১-২৩; ১৭৪১-৫৪)।
এই যুদ্ধের বর্ণনার সমাপ্তি পর্যায়ে কুরআন মজীদ একটি ঐতিহাসিক বাস্তবতাকে তুলিয়া ধরিয়াছে। বলা হইয়াছে: "আল্লাহ যদি এইভাবে মানুষের এক দলকে অপর দল দ্বারা দমন না করিতেন তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত, কিন্তু আল্লাহ জগতবাসীর প্রতি বড়ই অনুগ্রহশীল" (২৪ ২৫১)। অর্থাৎ মানব সমাজের নিয়ম-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তা'আলা এই স্থায়ী নিয়ম করিয়া দিয়াছেন যে, তিনি বিভিন্ন মানব দলকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আধিপত্য ও শক্তি-সামর্থ্য লাভের সুযোগ দান করেন। কিন্তু কোন দল যখন সেই সীমা লংঘন করিতে থাকে তখন অপর এক মানবদল দ্বারা উহার শক্তি চূর্ণ করিয়া দেন। অতএব জালুত তাহার সীমা লংঘনের কারণে সদলে, তালুত বাহিনী দ্বারা ধ্বংস হইয়াছে। একইভাবে মক্কার মুশরিকরা মহানবী (স) ও মুসলমান-গণকে অন্যায়ভাবে তাহাদের আবাসভূমি হইতে উচ্ছেদ করিলে আল্লাহ তা'আলা নির্যাতিত মুসলমানদেরকে তাহাদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দান করিয়া একই ঐতিহাসিক সত্য তুলিয়া ধরেনঃ وَلَوْلا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسْجِدٌ .
"আল্লাহ যদি মানবজাতির একদল দ্বারা অন্য দলকে প্রতিহত না করিতেন, তাহা হইলে বিধ্বস্ত করিয়া দেওয়া হইত খৃস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, উপাসনালয় ও মসজিদসমূহ" (২২৪৪০)।
অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম না থাকিলে সবলেরা দুর্বলদেরকে গ্রাস করিয়া ফেলিত।
যুদ্ধ-পরবর্তী যেসব ঘটনাপ্রবাহের বর্ণনা, বিশেষত ছা'লাবীর কাসাসুল আম্বিয়ায়, বিধৃত হইয়াছে, সেই সম্পর্কে কুরআন ও হাদীছে কোন বর্ণনা বা ইঙ্গিত পাওয়া যায় না। এইসব বিবরণ সম্পূর্ণরূপে বাইবেল হইতে লওয়া হইয়াছে। কারণ যুদ্ধ-পরবর্তী তালূত-দাউদ 'সম্পর্কের উত্থান-পতন ও অবনতির যে বিবরণ কাসাস গ্রন্থাবলীতে সন্নিবিষ্ট হইয়াছে তাহা বাইবেলের বিবরণের অনুরূপ। দাউদের নিকট তালূতের কন্যার বিবাহ, দাউদকে তালুতের রাজ্যের অর্ধেক দান; দাউদের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় তালুতের ঈর্ষান্বিত হওয়া এবং ইহার পরিণতিতে দাউদকে হত্যার ষড়যন্ত্র, তাহাতে অকৃতকার্য হওয়া, দাউদের নিকট তালূতের ক্ষমা প্রার্থনা ইত্যাকার সকল ঘটনার বিষরণ বাইবেল ভিত্তিক (দ্র. ১ম শমূয়েল, অধ্যায় ১৮-২৮)।
📄 নবুওয়াত ও রিসালাত লাভ
নবী-রাসূলগুণের জীবনেতিহাস পাঠ করিলে জানা যায় যে, তাঁহারা ছোটবেলা হইতেই এক বিশেষ স্বভাবের অধিকারীরূপে বর্দ্ধিত হইতে থাকেন। তাহাদেরকে কেন্দ্র করিয়া নানারূপ অলৌকিক ঘটনা ঘটিতে থাকে। হযরত দাউদ (আ)-এর শৈশব জীবনেও এইরূপ অলৌকিক ঘটনার বিবরণ পাওয়া যায়। একদা তিনি তাঁহার পিতার নিকট উপস্থিত হইয়া বলেন, হে পিতা! আমি অদ্য রজনীতে স্বপ্নে দেখিলাম যে, আমি, বাঘের পৃষ্ঠে চড়িয়া যাইতেছি। ইহা একটি অনুগত পশুর ন্যায় আমাকে লইয়া অগ্রসর হইতে থাকে। আমার মনেই হইল না যে, আমি বাঘের পিঠে আরোহী। আমি উহাকে আমার যে দিকে ইচ্ছা হাঁকাইতে থাকিলাম। তাঁহার পিতা স্বপ্নের বর্ণনা শুনিয়া বলিলেন, আল্লাহ তা'আলা শত্রুদের পক্ষের কোন বীর যোদ্ধাকে তোমার করায়ত্ত করিবেন (আল-আরাইস, পৃ. ২৯১; আল-কামিল, ১খ, পৃ. ১৬৬)। তিনি আরো একটি ঘটনা বিবৃত করিয়া বলিলেন, হে পিতা! অদ্য আমি একটি পাহাড়ের মধ্য দিয়া গমনকালে অস্পষ্ট আওয়াজে আল্লাহর যিকির করিতেছিলাম। হঠাৎ আমার কানে একটি লঘু আওয়াজ ভাসিয়া আসিল। আমি লক্ষ্য করিলাম যে, উক্ত এলাকার পাহাড়সমূহ আমার সহিত তাসবীহ পাঠ করিতেছে। তাঁহার পিতা বলিলেন, আল্লাহ তা'আলা তোমার মর্যাদা বাড়াইয়া দিবৈন (আল-কামিল, ১খ, পৃ. ১৬৬; আরাইস, পৃ. ২৯১)।
যুদ্ধে যোগদানের জন্য হযরত দাউদ (আ) শামুঈল (আ)-এর নিকট উপস্থিত হইলে তিনি তাঁহার জীবনের আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, হে আল্লাহর নবী। একদা আমি পথ অতিক্রম করিতেছিলাম। একটি প্রস্তর আমাকে বলিল, হে দাউদ! আমি এককালে কিছুক্ষণ হযরত মূসা (আ)-এর ভ্রাতা হারুন (আ)-এর হাতে ছিলাম। তিনি আমাকে তাঁহার শত্রুর মস্তকে নিক্ষেপ করিয়া তাহাকে বধ করিয়াছিলেন। আপনি আমাকে তুলিয়া আপনার সঙ্গে রাখিয়া দিন, হয়ত আপনারও কোন কাজ সিদ্ধ হইতে পারে। আমি উহাকে তুলিয়া আমার থলির মধ্যে রাখিয়া দেই। অনুরূপভাবে আর একদিন পথ অতিক্রমকালে একটি পাথর আমাকে বলিল, হে দাউদ! আমি এক সময় হযরত মূসা (আ)-এর হাতে ছিলাম। আমি তাঁহার দ্বারা নিক্ষিপ্ত হইয়া তাহার এক চরম শত্রুকে ধ্বংস করিয়াছি। হয়ত আমি আপনারও কোনও কাজে লাগিতে পারি। অতএব আমি পাথরটিকে তুলিয়া লইলাম। আর এক দিন এক খণ্ড পাথর আমাকে ডাকিয়া বলিল, হে দাউদ! তোমাকে এক সময় স্বৈরাচারী জালুতের বিরুদ্ধে যুদ্ধ করিতে হইবে। তুমি আমাকে তুলিয়া রাখিয়া দাও। আমার তীব্র আঘাতে সে-ধ্বংসপ্রাপ্ত হইবে। তখন আমি উক্ত পাথরটিও তুলিয়া লইলাম। অতঃপর এই তিন টুকরা পাথর আল্লাহ্ কুদরতে একটি পাথরে পরিণত হইয়াছে (তাহযীব তা'রীখ দিমাল্ক, ৫খ, পৃ. ১৯১; বিদায়া, ২খ, পৃ. ৯; আল-কামিল, ১খ, পৃ. ১৬৬; আরাইস, পৃ. ২৯২)। আল্লাহ তা'আলা শামুঈল (আ)-কে জানাইয়া দেন যে, দাউদ (আ) তাঁহার পরে নবী হইবেন (আরাইস, পৃ. ২৯১)। মূসা (আ)-এর মত দাউদ (আ)-ও মেষপাল চরাইয়াছিলেন (প্রত্যেক নবীই মেষ চরাইয়াছেন, এই সংক্রান্ত হাদীছের জন্য দ্র. বুখারী, বিতাবুল ইজারা, বাব ২, নং ২১০২; তু. আম্বিয়া, বাব ২৯, নং ৩১৫৫; মুওয়াত্তা, কিতাবুল জামে, বাব মা জাআ ফী আমরিক গানাম)।
ইয়াহুদী-খৃস্টান সম্প্রদায় হযরত দাউদ (আ)-কে প্রত্যক্ষভাবে মর্যাদা না দিলেও বাইবেলের বর্ণনা হইতে তাঁহার নবুওয়াত প্রমাণিত হয়। বাইবেল বলেঃ "তৎপর দাউদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি যিহূদার কোন এক নগরে উঠিয়া যাইব? সভাপ্রভু কহিলেন, যাও। পরে দাউদ জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইব? তিনি কহিলেন, হেব্রোনে" (২য় শমূয়েল, ২ঃ ১)। এইরূপ আরো উদ্ধৃতি শমূয়েল, গীতসংহিতা ও হিতোপদেশ গ্রন্থে বিদ্যমান আছে।
কুরআন মজীদে তাঁহার নবুওয়াত প্রাপ্তি সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য বিদ্যমান। "আমি তোমার নিকট ওহী প্রেরণ করিয়াছি, যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের নিকট ওহী প্রেরণ করিয়াছিলাম.... এবং দাউদকে যাবুর দান করিয়াছি" (৪ : ১৬৩; আরও দ্র. ২নং অনুচ্ছেদে উল্লিখিত আয়াতসমূহ)।