📘 সীরাত বিশ্বকোষ > 📄 আল-ইয়াসা' (আ)-এর ইনতিকাল

📄 আল-ইয়াসা' (আ)-এর ইনতিকাল


ডঃ মুহাম্মদ সায়্যিদ আত-তানতাবী বলেন, আল-য়াসা' (আ) খৃ.পৃ. ৮৪০ সনে ইন্তিকাল করেন। বুতরুস আল-বুসতানী এই ব্যাপারে ইতিহাসবিদদের ঐকমত্য প্রতিষ্ঠার দাবি করিয়াছেন। অতঃপর তিনি বলেন, রূমানীয়া গির্জা উহার পুত ও পবিত্রতা প্রমাণ করে। জুন মাসের ১৪ তারিখ তাঁহার স্মরণার্থে উৎসব পালিত হয়। হউরোনিমূসের (ایرو نموس) শাসনকালে আস-সামিরা-তে তাঁহার কবর চিহ্নিত করা হয়। অপরদিকে যুলিয়ানুসের (پولیاینوس) শাসনকালে কবর হইতে তাঁহার হাড়সমূহকে গোপনে উঠাইয়া আগুন দ্বারা দাহ করা হয়। হযরত আল-য়াসা' (আ) বনী ইসরাঈলের একজন শীর্ষস্থানীয় নবী, ইহাতে কোন সন্দেহ নাই। তাঁহার সম্পর্কে আল-কুরআনে দুইবার আলোচনা করা হইলেও বিস্তারিত কোন বিবরণ দেওয়া হয় নাই। ইতিহাসবিদ ও তাফসীরকারগণ তাঁহার সম্পর্কে খুবই কম লিখিয়াছেন। যাহা কিছু লিখিয়াছেন তাহাও অনেকটা বাইবেলের অনুকরণেই। তাঁহার সম্পর্কে বাইবেলে দীর্ঘ আলোচনা রহিয়াছে। উরদূ দাইরায়ে মা'আরিফে ইসলামিয়ায় এই সকল বিবরণকে অগ্রহণযোগ্য ইসরাঈলী বর্ণনা বলিয়া আখ্যায়িত করা হইয়াছে। তবে যেহেতু ইসলাম এই সকল বিবরণের সত্যাসত্য সম্পর্কে মৌনতা অবলম্বন করিয়াছে তাই উহা গ্রহণ বা বর্জন কোন দিককেই প্রাধান্য দেওয়া উচিত হইবে না।

টিকাঃ
আত-তাফসীরুল ওয়াসীত, তৃতীয় সংস্করণ, ১৪০৩ হি. / ১৯৮৩ খৃ. ৫খ., ১৬৫
বুতরুস আল-বুসতানী, দাইরাতুল মাআরিফ, পৃ. ৩৩৫
উরদূ দাইরায়ে মাআরিফে ইসলামিয়া, লাহোর ১৯০০ খৃ., ৩খ., ২১৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00