📘 সীরাত বিশ্বকোষ > 📄 নবুওয়াত লাভ

📄 নবুওয়াত লাভ


আল-য়াসা' (আ)-এর সঠিক পরিচয় উদঘাটনে যতই মতানৈক্য থাকেনা কেন এই ব্যাপারে অবশ্য সকল ইতিহাসবিদ ও আল-কুরআনের ভাষ্যকার প্রায় ঐকমত্য পোষণ করিয়াছেন যে, তিনি হযরত ইলয়াস (আ)-এর শিষ্য ছিলেন এবং তাঁহার উর্ধ্বারোহণের পরবর্তী সময়ে তিনি নবুওয়াত লাভ করিয়াছিলেন। আল্লামা ইব্‌ন্ন কাছীর বলেনঃ কথিত আছে, হযরত ইলয়াস (আ) যখন কাসিয়ূন (দিমাশক নগরীর পার্শ্বস্থিত একটি পাহাড়, ইয়াকৃত আল-হামাবী, মু'জামুল বুলদান, বৈরূত তা. বি., ৪ খ., ২৯৫) পাহাড়ে সঙ্গোপণে অবস্থান করিতেছিলেন, তখন আল-য়াসা' (আ) তাঁহার সহযাত্রী ছিলেন। তখন ছিল বা'লাবাক্ক নামক বাদশাহের রাজত্বকাল। অতঃপর হযরত ইলয়াস (আ)-কে উর্ধ্বলোকে তুলিয়া লওয়া হইল। তিনি হযরত আল-য়াসা' (আ)-কে তাঁহার উম্মতের জন্য প্রতিনিধি হিসাবে মনোনীত করেন। ইহার পর মহান আল্লাহ তাঁহাকে নবুওয়ত প্রদান করেন। এই তথ্য প্রদান করিয়াছেন আবদুল মুনইম তাঁহার পিতা ইদরীস সূত্রে তিনি ওয়াহ্হ্ ইব্‌ন মুনাব্বিহ সূত্রে। ইবনুল আছীর আল-জাযারী বলেন, হযরত ইলয়াস (আ) যখন প্রত্যক্ষ করিলেন, বনী ইসরাঈল জাতি কুফরী ও জুলুম পরিহার করিতেছে না, তখন তিনি তাহাদের উদ্দেশে বদদু'আ করিলেন। ইহার ফলে আল্লাহ তা'আলা তাহাদেরকে তিন বৎসর পর্যন্ত অনাবৃষ্টির ক্লেশে আবদ্ধ রাখিলেন। ইহাতে তাহাদের গৃহপালিত প্রাণী, পশু-পক্ষী, তরুলতা ও গাছপালা ধ্বংস হইতে লাগিল। লোকজন অবর্ণনীয় দুর্ভোগে পতিত হইল। দুঃখ-কষ্টে মুহ্যমান বনী ইসরাঈলের সম্ভাব্য নির্যাতনের আশংকায় হযরত ইলয়াস (আ) নির্জনে চলিয়া গেলেন। এই নির্জন বাসস্থানে তাঁহার নিকট তাঁহার খাবার আসিত। অতঃপর একদা রাত্রে তিনি বনী ইসরাঈলের জনৈক মহিলার নিকট আশ্রয় গ্রহণ করিলেন। তাহার ছিল একটি পুত্র সন্তান, যাহাকে আল-য়াসা' ইব্‌ন আখতৃব বলিয়া অভিহিত করা হইত। সে ছিল কঠিন রোগে আক্রান্ত। ইলয়াস (আ) তাহার জন্য দু'আ করিলেন। ফলে সে আরোগ্য লাভ করিল। পরিণামে সে ইলয়াস (আ)-এর অনুসারী হইয়া গেল এবং তাঁহাকে সত্য বলিয়া স্বীকৃতি দিয়া তাঁহার শিষ্যত্ব গ্রহণ করিল। মাওলানা আবুল আলা মাওদূদী বলেন, হযরত ইলয়াস (আ) যেই যুগে সীনাই উপদ্বীপে অবস্থানরত ছিলেন তখন তাঁহাকে কিছু অতীব গুরুত্বপূর্ণ কাজের নিমিত্ত সিরিয়া ও ফিলিস্তীনে প্রত্যাগমনের নির্দেশ দেওয়া হইয়াছিল। এই গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে একটি ছিল হযরত আল-য়াসা' (আ)-কে তাঁহার স্থলাভিষিক্তির জন্য প্রস্তুত করা। নির্দেশানুযায়ী ইলয়াস (আ) তথায় উপনীত হইয়া আল-য়াসা' (আ)-কে হালচাষ করিতে দেখিলেন। তাঁহার সম্মুখে ছিল বার জোড়া বলদ এবং তিনি নিজেই দ্বাদশতম জোড়ার হালগুলোকে হাঁকাইতেছিলেন। হযরত ইলয়াস (আ) তাঁহার পাশ দিয়া অতিক্রম করিবার সময় তাঁহার উপর স্বীয় চাদর ফেলিয়া দিলেন। ফলে আল-য়াসা' (আ) কৃষিকাজ ছাড়িয়া তাঁহার সঙ্গী হইয়া গেলেন। আনুমানিক দশ কিংবা বার বৎসর তিনি ইলয়াস (আ)-এর নিকট দীক্ষা গ্রহণ করিতে থাকিলেন। অতঃপর আল্লাহ তা'আলা তাঁহাকে উর্ধ্বজগতে তুলিয়া লইলে আল-য়াসা' (আ) তাঁহার স্থলাভিষিক্ত নিযুক্ত হইলেন। খৃস্টান বিশ্বকোষ প্রণেতা আল-মুআল্লিম বুতরুস আল-বুসতানী আল-য়াসা' (আ)-কে ইলীশা (ELISHA) বলিয়া দাইরাতুল মাআরিফে উল্লেখ করিয়াছেন। অতঃপর তিনি বলেন, ইলীশা একজন ইবরানী নবী ছিলেন। নবী ইলয়াস (আ)-এর আলয়াসা'-এর সহিত সাক্ষাত করিবার ঘটনাটি ইতোপূর্বে তাফহীমুল কুরআনের উদ্ধৃতিতে যেইভাবে উল্লেখ করা হইয়াছে সেইরূপ বিবরণ বুতরুস আল-বুসতানীও বিবৃত করিয়াছেন। তবে আল-বুসতানীর বিবরণে রহিয়াছে, ইলিয়্যা (ইলয়াস আ)-কে ইয়াহুদী ও খৃস্টান জগৎ এই নামে উল্লেখ করে) তাহার সহিত সাক্ষাত করিয়া তাঁহাকে নবুওয়তের দায়িত্ব গ্রহণের আহ্বান জানাইতেছিলেন। অতঃপর ইলিয়্যা-কে ভূমণ্ডল হইতে উঠাইয়া লওয়া হইলে ইলীশা তাহার চাদরটি গ্রহণ করেন। অতঃপর নবীগণের যেই সকল পুত্র আরীহার অধিবাসী ছিল তাহারা ইলীশা-কে ইলিয়্যার মত চেহারার অধিকারী দেখিতে পাইল। তাহারা বলাবলি করিতে লাগিল, ইলিয়‍্যার আত্মা ইলীশা'র মধ্যে প্রবিষ্ট হইয়াছে। তাহারা তাঁহার সহিত সাক্ষাত করিতে আসিত এবং তাঁহার সম্মানার্থে মস্তক অবনত করিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইয়া থাকিত।

টিকাঃ
ইব্‌ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, মিসর ১৯৮৮ খৃ., ২খ., ৫
আল-কামিল ফিত-তারীখ, প্রথম সংস্করণ বৈরূত ১৪০৭ হি. / ১৯৮৭ খৃ., ১খ. ১৬২
তাফহীমুল কুরআন, দিল্লী ১৯৮২ খৃ. ৪খ., ৩৪৪
দাইরাতুল মাআরিফ, বৈরূত, তা. বি., ৪খ., ৩৩৫

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আল-কুরআনে আল-ইয়াসা' (আ) প্রসঙ্গ

📄 আল-কুরআনে আল-ইয়াসা' (আ) প্রসঙ্গ


আল-কুরআনে আল-য়াসা' (আ)-এর প্রসঙ্গ অতি সংক্ষেপে আলোচনা করা হইয়াছে। তাঁহাকে কিভাবে কখন কাহাদের প্রতি প্রেরণ করা হইয়াছিল ইত্যাদির মোটেই আলোচনা নাই। তবে আল্লাহ তা'আলা তাঁহার কথা অন্যান্য নবীগণের (আ) সহিত আলোচনা করিয়াছেন। ইরশাদ হইয়াছে:
وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ ،
"আরও সৎপথে পরিচালিত করিয়াছিলাম ইসমাঈল, আল-য়াসা', ইউনুস ও লুতকে; এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে" (৬: ৮৬)।
وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِّنَ الأَخْيَارِ .
"স্মরণ কর ইসমাঈল, আল-য়াসা' ও যুল-কিফলের কথা, ইহারা প্রত্যেকেই ছিল সজ্জন" (৩৮: ৪৮)। প্রথমোক্ত আয়াতের ব্যাখ্যায় সায়্যিদ আলুসী বলেন,
وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ .
ইহার অর্থ হইল প্রত্যেককে নবুওয়ত দানের মাধ্যমে সমকালীন বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম। ইহাতে এই কথার দলীল রহিয়াছে যে, নবীগণের মর্যাদা ফেরেশতাগণেরও ঊর্ধ্বে।
দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী বলেন, প্রত্যেককে নবুওয়তের জন্য মনোনীত করা হইয়াছে। অপরদিকে সায়্যিদ আলুসী বলেন, كُلِّ مِّنَ الْأَخْيَارِ এই বাক্যাংশের অর্থ হইল المشهورين بالخيرية "ইহারা সজ্জন ছিল বলিয়া প্রসিদ্ধ ছিল"।

টিকাঃ
রূহুল মাআনী, ৭খ., ২১৪
আল-জামি'লি-আহকামিল কুরআন, ৭খ., ৩২
রূহুল মাআনী, প্রাগুক্ত, ২৩খ., ২১১

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সংকট প্রচার

📄 সংকট প্রচার


আনওয়ারে আম্বিয়া গ্রন্থে বলা হইয়াছে যে, হযরত আল-য়াসা' (আ)-এর নবুওয়ত লাভের ঘটনাটি প্রমাণ করে যে, পুণ্যবানদের সংস্পর্শ যে কোন মানুষের উন্নতি ও কৃতকার্যতার মহান সোপান। হযরত ইলয়াস (আ) কৃষি খামার দিয়া যাত্রা করিতেছিলেন। খামারের স্বত্বাধিকারী হাল চাষ করিতেছিল। ইলয়াস (আ)-কে দেখিয়া সে দৌড়াইয়া তাঁহার সহিত চলিতেছিল। তিনি অবাক বিস্ময়ে লোকটিকে জিজ্ঞাসা করিলেন, তুমি এইভাবে কেন আসিতেছ? কৃষিকর্মের মালিক ইত্যবসরে স্বীয় কর্মের গরুটি লইয়া আসিল এবং উহাকে যবেহ করিয়া গরুটি রান্না করিল এবং আল্লাহুর নামে সকলকে ভক্ষণ করাইল। ইলয়াস (আ) তাহার খোদাভক্তি দেখিয়া তাহার উপর অত্যন্ত খুশী হইলেন। লোকটি হযরত ইলয়াস (আ)-এর খাদেম হইবার বাসনা প্রকাশ করিলে তিনি তাহাকে বরণ করিয়া লইলেন। এই মহৎপ্রাণ ব্যক্তিটিইি ছিলেন আল-য়াসা' (আ)।
হযরত ইলয়াস (আ)-এর ওফাতের সময় নিকটবর্তী হইলে তিনি আল-য়াসা'-কে বিদায় করিয়া দিবার মনস্থ করিলেন। কিন্তু তিনিতো কোনভাবেই ছাড়িয়া যাইতে চাহেন না। ইলয়াস (আ) তাহাকে বলিলেন, কোন মনোবাঞ্ছা থাকিলে বল। তিনি বলিলেন, আমার বাসনা হইল আপনার উপর যেই পবিত্র বরকত অবতীর্ণ হয় তাহা যেন আমার উপরও অবতীর্ণ হয়। ইহার ফলে ইলয়াস (আ) তাহাকে স্বীয় খলীফা নিযুক্ত করিয়া লইলেন। মাওলানা রুমী কতইনা সুন্দর কথা বলিয়াছেনঃ يك زمانه صحبت با اولیاء + بهتر از صد سال طاعت بے ریا . "একটি মুহূর্ত ওলীগণের সংস্পর্শে থাকা শত বর্ষের প্রদর্শনীমুক্ত ইবাদত হইতে উত্তম"।

টিকাঃ
আনওয়ারে আম্বিয়া, ৩০৪ পৃ.

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আল-ইয়াসা' (আ)-কে সঙ্গে লইয়া ইলয়াস (আ)-এর দু'আ

📄 আল-ইয়াসা' (আ)-কে সঙ্গে লইয়া ইলয়াস (আ)-এর দু'আ


আল্লাহ্ তা'আলা ইলয়াস (আ)-এর প্রতি এই মর্মে ওয়াহয়ি পাঠাইলেন যে, তোমার অবাধ্যতা একমাত্র বনী ইসরাঈলরা করিতেছে। ইহাদের অবাধ্যতার কারণে তুমি বৃষ্টি আটকাইয়া দিয়াছ। ইহার ফলে পশু-পাখি, কীট-পতঙ্গ, বৃক্ষ, লতাপাতা ধরনের জগতের অসংখ্য সৃষ্টি ধ্বংসের মুখে পতিত হইতেছে। আল্লাহ এই কথা শুনিয়া ইলয়াস (আ) অত্যন্ত বিনম্র হইয়া গেলেন। কথিত আছে যে, ইলয়াস (আ) তাৎক্ষণিকভাবে বলিয়া উঠিলেন, হে আমার রব! আমাকে অনুমতি দিন, আমিই তাহাদের জন্য দু'আপ্রার্থী হইব। তাহারা অনাবৃষ্টির ফলে যেই দুর্ভোগ পোহাইতেছে তাহা হইতে নিষ্কৃতি লাভ করিয়া স্বাভাবিক জীবনে ফিরিয়া আসিবে, অতঃপর আশা করা যায় তাহারা তুমি ছাড়া অন্য যাহাদের উপাসনা করিতেছে তাহা হইতে প্রত্যাবর্তন করিবে। তিনি অনুমতি লাভ করিবার পর বনী ইসরাঈলের নিকট চলিয়া গিয়া বলিলেন, আহা কি যে সর্বনাশী খেলায় তোমরা মতিয়া উঠিয়াছ! ক্ষুধা-তৃষ্ণার জ্বালায় ধুকিয়া ধুকিয়া মৃত্যুকে আলিঙ্গন করিতেছ। হায়! তোমাদের কৃতকর্মের ফলে পশু-পাখি, জীব-জন্তু, গাছ-পালা, লতা-পাতা অনাবৃষ্টির ফলে ধ্বংস হইতেছে। তোমরা তাহা হইলে আমার সঙ্গে এই প্রতিমাগুলিকে লইয়া মাঠে অবতরণ কর। যদি তাহাদের দু'আ কবুল হয় তাহা হইলে তো তাহাদের সত্যতা সম্পর্কে কোন কথাই নাই। আর যদি ইহারা তোমাদের কথামত কিছুই দিতে সক্ষম না হয় তাহা হইলে ইহাদেরকে বাতিল বলিয়া জ্ঞান করিবে। ইহার পর আমি তোমাদের জন্য দু'আ করিব। আমার দু'আর ফলে তোমাদের সংকট মোচন হইবে বলিয়া আমি আশাবাদী। তাহারা বলিল, আপনি সত্য কথা বলিয়াছেন। অতঃপর তাহারা তাহাদের প্রতিমাগুলি লইয়া বাহির হইল। উহাদের লইয়া দু'আ করিল কিন্তু তাহাদের দু'আ কবুল হইল না, অনাবৃষ্টি জনিত সংকট হইতে মুক্তি পাইল না। তাহারা ইলয়াস (আ)-কে অনুরোধ করিয়া বলিল, হে ইলয়াস! আল্লাহ্ দরবারে আমাদের জন্য দু'আ করুন। ইলয়াস (আ) তাহাতে সাড়া দিয়া আল-য়াসা' (আ)-কে সঙ্গে লইয়া আল্লাহর দরবারে দু'আ করিলেন। অনাবৃষ্টি জনিত দুর্ভোগ লাঘব করিবার জন্য ঢাল সদৃশ এক খণ্ড মেঘ সমুদ্রের উপর ছায়াপাত করিল। তাহারা ইহা প্রত্যক্ষ করিল। মেঘখণ্ডটি তাহাদের দিকে ধাবিত হইয়া তাহাদের উপর বর্ষিত হইল। ইহাতে তাহাদের সমগ্র আবাস ভূমিসিঞ্চিত হইল। তাহাদের উপর এই পরিমাণ বারিপাত হইয়াছিল যে, ইহার ফলে অনেক দালান ধ্বসিয়া পড়িয়া গিয়াছিল। অতঃপর তাহারা আল্লাহর নবী ইলয়াস (আ)-এর নিকট দালানকোঠা ধ্বসিয়া পড়ার এবং বীজ না থাকার অভিযোগ পেশ করিল। বলিল, আমাদের নিকট চাষাবাদ করিবার উপযোগী কোন শস্যদানা নাই। তখন আল্লাহ তা'আলা ইলয়াস (আ)-এর নিকট ওয়াহয়ি পাঠাইলেন যে, তাহারা যেন জমিতে লবণ ছিটাইয়া দেয়। তাহারা ওয়াহয়ির আদেশ মুতাবিক তাহা করিল। ইহার ফলে তাহাদের জন্য বুট উৎপন্ন হইল। বালি ছিটাইয়া দিবার আদেশ করা হইলে তাহারা তাহা করিল। ইহার ফলে তাহাদের জন্য চারাগাছ উৎপন্ন হইল। এইভাবে মহান আল্লাহ বনী ইসরাঈলের সংকট মোচন করিয়া দিবার পর তাহারা ওয়াদা ভঙ্গ করিল। কুফরী হইতে ফিরিল না, বরং পূর্ব হইতে আরও অধিক মাত্রায় গোমরাহিতে লিপ্ত হইল। ইলয়াস (আ) ইহা দেখিয়া আল্লাহর দরবারে এখান হইতে চলিয়া যাইবার দু'আ করিলেন। তাঁহার নিকট ওয়াহয়ি আসিল, তুমি অমুক অমুক দিন পর্যন্ত অপেক্ষা কর, আর অমুক দিবসে অমুক স্থানে বাহির হইয়া পড়িও। যখন তোমার নিকট কোন জিনিস আসিতে দেখিবে তখন তুমি উহার উপর সওয়ার হইয়া যাইবে। ইহাতে ভীত হইবে না।
কথামত ইলয়াস (আ) বাহির হইলেন। তাঁহার সহিত আল-য়াসা' ইব্‌ন আখতুব (আ)-ও বাহির হইলেন। নির্দেশিত স্থানে যখন তাঁহারা উপনীত হইলেন তখন আগুনের একটি অশ্বকে তাহাদের দিকে ধাবিত হইতে দেখিলেন। অশ্বটি ইলয়াস (আ)-এর সামনে অবস্থান করিল। তিনি দ্রুত উহার উপর সওয়ার হইলেন। তাঁহাকে লইয়া অশ্বটি যাত্রারম্ভ করিলে আল-য়াসা' (আ) তাঁহাকে ডাকিয়া বলিলেন, হে ইলয়াস! আমাকে কী নির্দেশ দিয়া যাত্রা করিতেছেন? এই সময় আল-য়াসা' (আ)-এর উপর খোলা আকাশ হইতে ইলয়াস (আ)-এর চাদরটি নিক্ষিপ্ত হইল। ইহাই ছিল ইলয়াস (আ)-এর অন্তিম যাত্রা। তাঁহাকে বনী ইসরাঈল সম্প্রদায় হইতে উঠাইয়া লওয়া হইয়াছিল। পানাহার গ্রহণের চাহিদা তাঁহার হইতে দূর করা হইয়াছিল। তাঁহাকে পালকযুক্ত কাপড় পরানো হইয়াছিল। তিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলে মানব ফেরেশতারূপে গণ্য হইয়া গেলেন। ইলয়াস (আ)-কে তুলিয়া লইবার পর আল্লাহ তা'আলা স্বীয় করুণা দ্বারা আল-য়াসা' (আ)-কে নবুওয়ত দান করিলেন। বনী ইসরাঈলের নবী ও রাসূল হিসাবে তাঁহাকে নিযুক্ত করা হইল। তাঁহার নিকট ওয়াহয়ি আসিতে লাগিল। মহান আল্লাহ তাঁহার বান্দা ইলয়াস (আ)-কে যেইভাবে স্থানে স্থানে সব সময় সাহায্য করিয়াছিলেন সেইভাবে তাঁকেও সাহায্য করিতেন। বনী ইসরাঈল সম্প্রদায় তাঁহার আনুগত্য স্বীকার করিয়া লইল। তাঁহার উপর ঈমান আনিল। তাহারা তাঁহাকে খুবই ভক্তি করিত। তাঁহার আদেশ-নিষেধকে মাথা পাতিয়া গ্রহণ করিত। বনী ইসরাঈল হইতে আল-য়াসা' (আ)-এর পৃথক হইবার পূর্ব পর্যন্ত আল্লাহ্র আদেশ তাহাদের মধ্যে অটুট ছিল।

টিকাঃ
ছা'লাবী, কাসাসুল আমবিয়া, ২৭৮ পৃ.)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00