📘 সীরাত বিশ্বকোষ > 📄 তুফান

📄 তুফান


ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণনামতে তুফান হইল অতিবৃষ্টি। কাহারও মতে বন্যা হইয়া পানি স্থির হইয়া গেল, যাহার ফলে সব কিছুই ডুবিয়া গেল। তাহারা ঘর হইতে বাহির হইতে পারিল না, কোন কাজই করিতে পারিল না। ফসলাদি ও ফল-ফলাদি সব নষ্ট হইয়া গেল। অনন্যপায় হইয়া তাহারা মূসা (আ) কে বলিল, হে মূসা! আমাদের জন্য তোমার রবের নিকট দুআ কর যাহার অঙ্গীকার তিনি তোমাকে দিয়াছেন। যদি তুমি আমাদের উপর হইতে এই বিপদ দূর করিয়া দিতে পার তবে আমরা অবশ্যই তোমার উপর ঈমান আনিব এবং বানু ইসরাঈলকেও তোমার সহিত যাইতে দিব (দ্র. ৭ঃ ১৩৪)। অতঃপর মূসা (আ)-এর দু'আর বরকতে আল্লাহ তাআলা উক্ত মুসীবত অপসারণ করিলেন। ফলে তাহাদের ক্ষেতে শস্য উৎপাদিত হইতে লাগিল, বৃক্ষে ফল ধরিতে লাগিল। কিন্তু তাহারা তাহাদের অঙ্গীকার পূরণ করিল না, ঈমান আনয়ন করিল না (আল-কামিল, ১খ, ১৪২; আত-তাবারী, তারিখ, ১খ, ৪১০; আল-মুনতাজাম, ১খ, ৩৪৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পঙ্গপাল

📄 পঙ্গপাল


অতঃপর আল্লাহ তাআলা তাহাদের নিকট পঙ্গপাল প্রেরণ করিলেন। উহারা সমুদয় শস্য ও ফল ফলাদি খাইয়া ফেলিল, এমনকি ঘরের দরজার পেরেক পর্যন্ত খাইয়া ফেলিল। ইহাতে তাহাদের বাড়ীঘর পড়িয়া যাইবার উপক্রম হইল (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, ২৬৬)। এইবারও তাহারা মূসা (আ)-এর নিকট পূর্বের ন্যায় আবেদন করিল, মূসা (আ) দুআ করিলেন, তাই আল্লাহ তাআলা উক্ত শাস্তি তুলিয়া লইলেন। কিন্তু তাহারা ঈমান আনিল না।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 উকুন

📄 উকুন


অতঃপর আল্লাহ তাআলা উকুন প্রেরণ করিলেন। এক বর্ণনামতে মূসা (আ)-কে একটি ঢিবির নিকট গিয়া লাঠি দ্বারা উহাতে আঘাত করিবার নির্দেশ দেওয়া হইল। তিনি বিশাল একটি ঢিবির নিকট গিয়া উহাতে আঘাত করিলেন। ফলে উহা হইতে উকুন বাহির হইয়া তাহাদের ক্ষেত-খামার, ঘর-বাড়ি, বিছানাপত্র সব কিছুতেই ছড়াইয়া পড়িল। শস্য বিনষ্ট করিল, তাহাদের খাদ্যদ্রব্য নষ্ট করিল এবং দিবা রাত্র তাহাদিগকে কামড়াইতে থাকিল। ফলে তাহারা ঘুমাইতে পারিল না, শান্তি ও স্বস্তি উঠিয়া গেল এবং বাধ্য হইয়া তাহারা মূসা (আ)-কে আবারও পূর্বানুরূপ অনুরোধ করিল। অতঃপর মূসা (আ)-এর দুআয় আল্লাহ তাহাদের এই বিপদ তুলিয়া লইলেন। কিন্তু এইবারও তাহারা ঈমান আনিল না (বিদায়া, প্রাগুক্ত)

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ব্যাঙ

📄 ব্যাঙ


তখন আল্লাহ তাহাদের নিকট বেঙ প্রেরণ করিলেন। তাহাদের সমস্ত ঘরে বেঙ ভর্তি হইয়া গেল। তাহাদের খাদ্যদ্রব্য, ঘটি-বাটি, ডেগ-ডেকচি, হাঁড়ি-পাতিল সব কিছুর মধ্যেই বেঙ প্রবেশ করিল। বেঙের এত বেশী উৎপাত হইল যে, কেহ কাপড়ের বাক্স অথবা আহার্য দ্রব্য খুলিলেই দেখিত উহাতে অনেকগুলি বেঙ বসিয়া রহিয়াছে (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, ২৬৬)। তাহাদের কেহ আহার করিবার জন্য অথবা পানি পান করিবার জন্য পাত্রের মুখ খুলিতেই উহার মধ্যে বেঙ দেখিতে পাইত (প্রাগুক্ত, ১খ, ২৬৫)। অতিষ্ট হইয়া তাহারা আবারও মূসা (আ)-এর নিকট এই বিপদ হইতে পরিত্রাণের জন্য দুআ করিবার আবেদন করিল এবং শাস্তি বিদূরিত হইলে ঈমান আনয়নের প্রতিশ্রুতি দিল। অতঃপর আল্লাহ তাআলা উহা উঠাইয়া লইলেন। কিন্তু এইবারও তাহার ঈমান আনিল না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00