📄 ইনতিকাল
ইব্ন কাছীর ওয়াহ্হ্ ইব্ন মুনাব্বিহ, কা'ব আহবার ও হযরত আবদুল্লাহ ইব্ন সালাম (রা) হইতে উযায়র (আ) সম্বন্ধে যে বর্ণনাটি উদ্ধৃত করিয়াছেন, উহাতে উল্লেখ আছে যে, হযরত উযায়র (আ) ইরাকে অবস্থানকালে দায়েরে হিযকীলে বসিয়া বনী ইসরাঈলদের জন্য তাওরাতের নূতন সংস্করণ লিখিয়া দিয়াছিলেন এবং এই অঞ্চলেই সায়বাবাদ নামক একটি জনপদে তিনি ইনতিকাল করেন।
টিকাঃ
আল-বিদায়া ওয়ান-নিহায়া, ২খ, ৪২ এবং অন্যত্র বলেন, কোন কোন সাহাবা কিরাম ও তাবিঈনের বর্ণনায় আছে যে, তাঁহার কবর দামিশকে অবস্থিত (আল্-বিদায়া ওয়ান-নিহায়া, ২খ, পৃ. ৪৩)
📄 সন্তান-সন্তুতি
ইতোপূর্বে ‘পরিবার-পরিজনের সহিত সাক্ষাত’ উপ-শিরোনামে বলা হইয়াছে যে, হযরত উযায়র (আ) এক শত বৎসর মৃত থাকার পর পুনর্জীবন লাভ করিয়া স্বগৃহে প্রত্যাবর্তন করেন এবং তাঁহার জীবিত থাকা এক শত আঠার বৎসর বয়সের এক পুত্র তাঁহার দুই কাঁধের মধ্যস্থলের তিল দেখিয়া তাঁহাকে চিনিতে পারিয়াছিলেন। ইহা হইতে বুঝা যায় যে, তিনি বিবাহিত ছিলেন এবং তাঁহার একাধিক পুত্র ও পৌত্রাদি ছিল। বিদায়া ওয়ান-নিহায়ায় (পৃ. ৪২) উল্লিখিত হইয়াছে, হযরত উযায়র (আ) তাঁহার বৃদ্ধ পুত্র ও পৌত্রদের সহিত যুবক অবস্থায় বসবাস করিতেন। কেননা তিনি যখন চল্লিশ বৎসর বয়সের ছিলেন, তখন আল্লাহ তাঁহাকে মৃত্যু দান করিয়াছিলেন এবং সেই অবস্থায়ই তাঁহাকে পুনর্জীবিত করিয়াছিলেন।