📄 নবুওয়াত লাভের স্থান ও সময়কাল
হযরত ইলয়াস (আ) কখন কোথায় প্রেরিত হইয়াছিলেন, কুরআন ও হাদীছে তাহার কোন উল্লেখ নাই। কুরআন মজীদে অতীত যুগের কাহিনী বর্ণনার উদ্দেশ্য হইল উম্মতে মুহাম্মদীকে পূর্বযুগের লোকদের ঘটনা স্মরণ করাইয়া উহা' হইতে উপদেশ গ্রহণে উদ্বুদ্ধ করা। তাই কুরআন মজীদে পূর্ববর্তী ঘটনাসমূহের শুধুমাত্র ততটুকু অংশই উল্লেখ করা হইয়াছে, যতটুকু শিক্ষণীয় বিষয় হিসাবে মানব জীবনের প্রয়োজন এবং মানুষের সাফল্য ও কল্যাণের পথে উহা হইতে নির্দেশনা লাভ করা যায়। ঘটনার সকল অংশ পরিপূর্ণরূপে বর্ণনা করা কিংবা ইতিহাস রচনা করা কুরআন মজীদের আলোচ্য বিষয় নহে। হযরত ইলয়াস (আ)-এর আলোচনায় কুরআন মজীদে তাঁহার জীবনের শুধুমাত্র এই দিকটিকে প্রোজ্জ্বল করা হইয়াছে, যাহা মানবজাতির জন্য পথনির্দেশনা হইতে পারে।
সূরা আন'আম-এ ইলয়াস (আ)-সহ আম্বিয়ায়ে কিরামের এক দীর্ঘ তালিকা উল্লেখ করিয়া শুধু বলা হইয়াছে, ই'হারা সকলেই আল্লাহর মনোনীত ছিলেন এবং তাঁহাদিগকে হেদায়াত ও সংশোধনের দায়িত্ব অর্পণ করা হইয়াছিল। সূরা আস-সাফফাত-এ বলা হইয়াছে, তিনি ছিলেন একজন রাসূল। তিনি নিজ সম্প্রদায়কে আল্লাহর পথে আহবান জানাইয়াছিলেন এবং তাহাদিগকে বা'ল মূর্তির পূজা হইতে নিবৃত্ত থাকিতে বলিয়াছিলেন। কিন্তু আল্লাহর কতিপয় নিষ্ঠাবান বান্দা ব্যতীত সম্প্রদায়ের অবশিষ্ট সকল লোক তাঁহার আহবান প্রত্যাখ্যান করিল। মহানবী (স)-ও আম্বিয়ায়ে কিরামের আলোচনার সময় কুরআন মজীদেরই রীতি অনুসরণ করিয়াছেন। সেই কারণে এই বিষয়ে কুরআন মজীদে যাহা বলা হইয়াছে, কোন বিশুদ্ধ হাদীছে ইহার অতিরিক্ত কিছু উল্লেখ নাই। সেইজন্য হযরত ইয়াস (আ) সম্পর্কে ইতিহাস ও জীবনী গ্রন্থসমূহে যাহা বর্ণিত হইয়াছে, উহা হয়ত ইসরাঈলী বর্ণনাসমূহ হইতে গৃহীত, যাহার শুদ্ধাশুদ্ধ সম্বন্ধে নিশ্চিতরূপে কিছু বলিবার উপায় নাই, বরং অনেক অংশই এমন যে, উহা দৃশ্যত অসত্য গণ্য করিবার যথেষ্ট অবকাশ রহিয়াছে অথবা এইসব কাহিনী রচনা করিয়াছেন এক শ্রেণীর বাগ্মী ও ঐতিহাসিক, যাহারা অভিনব কাহিনী বর্ণনা করিয়া প্রশংসা অর্জন করিতে ভালবাসেন। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা এই বিষয়ে প্রায় একমত যে, হযরত ইলয়াস (আ) বনী ইসরাঈলের প্রতি প্রেরিত হইয়াছিলেন হযরত হিযকীল (আ)-এর পরে এবং হযরত আল-য়াসা' (আ)-এর পূর্বে। এই সময়ে বনী ইসরাঈলের সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হইয়া পড়িয়াছিল। এক অংশকে ইয়াহুদা অথবা ইয়াহুদিয়্যা বলা হইত। ইহার রাজধানী ছিল বায়তুল মুকাদ্দাসে অবস্থিত। অপর অংশের নাম ছিল ইসরাঈল। ইহার রাজধানী তৎকালীন সামিরাহ, বর্তমান নাবলুসে অবস্থিত ছিল। হযরত ইলয়াস (আ) জর্দানে "জিলীআদ" নামক স্থানে জন্মগ্রহণ করেন। তখনকার ইসরাঈলের শাসনকর্তার নাম বাইবেলে "আখিয়ায়” এবং আরবী ইতিহাসে "আজিব" অথবা "উজব" অথবা "আখিব" বলিয়া উল্লিখিত হইয়াছে। তাঁহার স্ত্রী ঈযাবিল ছিল দুষ্কর্মপরায়ণা।
অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসসির এই ব্যাপারেও ঐকমত পোষণ করিয়াছে যে, হযরত ইলয়াস (আ) সিরিয়ার অধিবাসীদের হেদায়াতের জন্য প্রেরিত হইয়াছিলেন এবং প্রসিদ্ধ "বা'লবাক্ক” শহর তাঁহার দাওয়াতের কেন্দ্রভূমি ছিল। হযরত ইলয়াস (আ)-এর সম্প্রদায় 'বা'লের' পূজারী ছিল এবং আল্লাহর তাওহীদ হইতে বিমুখ হইয়া কুফর ও শিরকে লিপ্ত হইয়া পড়িয়াছিল। এই বা'ল মূর্তিটি প্রাচ্যে বসবাসকারী সেমিটিক (সামী) জাতিসমূহের নিকট সবচেয়ে বেশী প্রিয় ও পূজনীয় দেবতা ছিল। ইহাকে শনি ও বৃহস্পতি নামক নারী নক্ষত্র দেবীদ্বয়ের স্বামী বলিয়া মনে করা হইত। ফিনিশীয়, কিনআনী, মুআবী ও মাদয়ানী লোকেরা বিশেষভাবে ইহার পূজা করিত। বস্তুত বা'লের পূজা অনেক প্রাচীন কাল হইতে চলিয়া আসিতেছিল। মুআবী ও মাদয়ানীরা হযরত মূসা (আ)-এর সময় হইতে ইহার পূজা করিত। সিরিয়ার বিখ্যাত শহর বা'লবাক্কও এই দেবতার নামের সহিত সম্পর্কিত। হযরত শু'আয়ব (আ) মাদয়ানে এই বা'লের পূজারীদেরই হেদায়াতের জন্য প্রেরিত হইয়াছিলেন। কোন কোন ঐতিহাসিকের মতে হিজাযের দেবতা হুবালও এই বা'লের আর এক নাম।
বা'ল দেবতার মাহাত্ম্য ও দানের কথা কল্পনা করিয়া লোকেরা ইহাকে বিভিন্ন নামে আখ্যায়িত করিত। কেননা সেমিটিক জাতিগুলির বা'ল পূজার উল্লেখ করিয়া তাওরাতে বা'লকে বা'ল বারীস ও বা'ল ফাগুর নামে আখ্যায়িত করা হইয়াছে। আকরোসীদের নিকট ইহার নাম ছিল বা'ল্ যাবুর। কালদানীরা বলিত বি'ল। তাহারা ইহাকে বি'লুস কিংবা বা'লুসও বলিত। হযরত ইলয়াস (আ)-এর সময়ে য়ামান ও সিরিয়ায় এই মূর্তিটি প্রিয় দেবতা ছিল। হযরত ইর্লয়াস (আ)-এর সম্প্রদায় অন্যান্য মূর্তির সহিত এই মূর্তিটির বিশেষভাবে পূজা করিত। হযরত ইলয়াস (আ) আল্লাহ তা'আলার পক্ষ হইতে এই ভূখণ্ডে তাওহীদ প্রচার করিবার ও বনী ইসরাঈলকে মূর্তি পূজা হইতে নিবৃত্ত করিবার নির্দেশ লাভ করেন।
টিকাঃ
মাআরিফুল কুরআন, ৩খ. ৯৯-১০৫
📄 স্বীয় সম্প্রদায়ের সহিত সংঘর্ষ
অন্যান্য পয়গাম্বরের ন্যায় হযরত ইলয়াস (আ)-কেও স্বীয় সম্প্রদায়ের কঠিন বাধার সম্মুখীন হইতে হইয়াছে। তিনিও নির্বিঘ্নে তাওহীদের প্রচার করিতে সক্ষম হন নাই। কতিপয় সজ্জন ব্যতীত কেহই তাঁহার আহবানে সাড়া দেয় নাই; বরং তাহারা তাঁহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিল ও তাঁহার আহবান প্রত্যাখ্যান করিল। ফলে তাহাদের প্রতি আল্লাহর পক্ষ হইতে আযাব নামিয়া আসে। মুহাম্মাদ ইবন ইসহাক, ওয়াহ্ত্ব ইবন মুনাব্বিহ, কা'ব আল-আহবার প্রমুখের বরাত দিয়া তাফসীরের গ্রন্থসমূহে স্বীয় সম্প্রদায়ের সহিত হযরত ইলয়াস (আ)-এর সংঘর্ষের বিবরণ দেওয়া হইয়াছে। তবে এই সংক্রান্ত যত বর্ণনা পাওয়া যায় তাহার অধিকাংশই বাইবেল ও ইসরাঈলী উৎস হইতে সংগৃহীত। তাফসীর গ্রন্থসমূহের বিবরণ হইতে জানা যায়, হযরত ইলয়াস (আ) ইসরাঈলী শাসনকর্তা আখিয়াব বা উজব ও তাহার প্রজাবৃন্দকে বা'ল দেবমূর্তির পূজা করিতে নিষেধ করিলেন এবং তাহাদিগকে তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু দুই-একজন সত্যপন্থী ব্যতীত কেহই তাঁহার কথায় কর্ণপাত করিল না; বরং তাহারা নানাভাবে তাঁহাকে উত্যক্ত করিতে লাগিল। এমনকি রাজা উজব ও রানী এযাবীল তাঁহাকে হত্যা করিবার পরিকল্পনা করিল। ফলে তিনি দূরবর্তী এক গুহায় আশ্রয় লইলেন এবং দীর্ঘকাল সেখানে অবস্থান করিলেন। অতঃপর তিনি দোআ করিলেন যেন ইসরাঈলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হয়। তিনি দোআ করিয়া যখন সকলকে দুর্ভিক্ষ হইতে রক্ষা করিবেন, তখন লোকেরা তাঁহার এই অলৌকিক ক্ষমতা দেখিয়া হয়ত আল্লাহ্র প্রতি বিশ্বাস স্থাপন করিবে। এই, দোআর ফলে ইসরাঈলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। অতঃপর হযরত ইলয়াস (আ) রাজা উজবের সহিত সাক্ষাত করিলেন এবং আল্লাহ্র নির্দেশমত তাহাকে জানাইলেন যে, আল্লাহর নাফরমানীই এই দুর্ভিক্ষের কারণ। তোমরা এখনও আল্লাহর নাফরমানী হইতে বিরত থাকিলে এই আযাব দূর হইতে পারে। আমার সত্যতা পরীক্ষা করারও ইহা একটি সুযোগ। তুমি বলিয়া থাক ইসরাঈল সাম্রাজ্যে তোমাদের বা'ল দেবতার সাড়ে চারি শত ভাববাদী আছে। তুমি একদিন তাহাদের সকলকে আমার সম্মুখে উপস্থিত কর। তাহারা বা'ল দেবতার নামে কুরবানী পেশ করুক, আর আমি আল্লাহ তা'আলার নামে কুরবানী পেশ করিব। যাহার কুরবানী আকাশ হইতে অগ্নিবিদ্যুৎ আসিয়া ভষ্ম করিয়া দিবে তাহার ধর্মই সত্য বলিয়া সাব্যস্ত হইবে। সবাই এই প্রস্তাব সানন্দে মানিয়া লইল।
সেইমতে কোহে করমশ নামক স্থানে উভয় পক্ষের সমাবেশ হইল। বা'ল দেবতার মিথ্যা নবীরা তাহাদের কুরবানী পেশ করিল। সকাল হইতে দুপুর পর্যন্ত বা'লের উদ্দেশে তাহারা অনুনয়-বিনয় সহকারে প্রার্থনা করিল। কিন্তু কোন সাড়া পাওয়া গেল না। অতঃপর হযরত ইলয়াস (আ) তাঁহার কুরবানী পেশ করিলেন। অবিলম্বে আকাশ হইতে অগ্নিবিদ্যুৎ আসিয়া তাহা ভষ্ম করিয়া দিল। এই দৃশ্য দেখিয়া অনেকেই সিজদায় পড়িয়া গেল। তাহাদের সামনে সত্য প্রস্ফুটিত হইল। কিন্তু বা'ল দেবতার মিথ্যা ভাববাদীরা ইহার পরেও সত্য গ্রহণ করিল না। ফলে হযরত ইলয়াস (আ) তাহদিগকে কায়শুন উপত্যকায় লইয়া গিয়া মৃত্যুদণ্ড দিলেন।
এই ঘটনার পর মুষলধারে বৃষ্টি হইল এবং সমস্ত ভূখণ্ড ধুইয়া-মুছিয়া সাফ হইয়া গেল। কিন্তু রাজা উজবের পত্নী এযাবীলের ইহাতেও চক্ষু খুলিল না। সে বিশ্বাস স্থাপনের পরিবর্তে হযরত ইলয়াস (আ)-এর প্রতি আরো শত্রুভাবাপন্ন হইয়া পড়িল এবং তাঁহাকে হত্যা করিবার জন্য প্রস্তুতি লইতে লাগিল। হযরত ইলয়াস (আ) সংবাদ পাইয়া পুনরায় সামিরাহ হইতে আত্মগোপন করিলেন এবং কিছুদিন পর বনী ইসরাঈলের অপর রাষ্ট্র ইয়াহুদিয়ায় পৌঁছেন এবং তাওহীদের প্রচার আরম্ভ করিলেন। কারণ সেখানেও বা'ল দেবতার পূজা ছড়াইয়া পড়িয়াছিল। সেখানকার সম্রাট য়াহুরামও হযরত ইলয়াস (আ)-এর কথা শুনিল না। অবশেষে হযরত ইলয়াস (আ)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী সেও ধ্বংসপ্রাপ্ত হইল। কয়েক বৎসর পর তিনি আবার ইসরাঈলে ফিরিয়া আসিলেন এবং উজব ও তাহার পুত্র আখ্যিয়াকে সত্যপথে আনিবার চেষ্টা করিলেন। কিন্তু তাহারা পূর্বের ন্যায় কুকর্মেই লিপ্ত রহিল। অবশেষে তাহাদিগকে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক ব্যাধির শিকার হইতে হইল। অতঃপর আল্লাহ তা'আলা তাঁহার পয়গাম্বরকে উঠাইয়া লইলেন।
কাযী ছানাউল্লাহ পানিপথী (র) তাঁহার তাফসীরে মাযহারীতে (১০ খ., ৫২-৬৪) আল্লামা বাগাবীর বরাতে এতদসংক্রান্ত বিস্তারিত বিবরণ উল্লেখ করিয়াছেন, যাহা মুহাম্মাদ ইব্ন ইসহাকের সূত্রে বর্ণিত। মুহাম্মাদ ইবন ইসহাক বর্ণনা করেন, হযরত হিযকীল (আ)-এর মৃত্যুর পর বনী ইসরাঈলের মধ্যে নানা বিপর্যয় ও অনাচার দেখা দিলে তাহারা পথভ্রষ্ট হইয়া পড়িল। তাহাদের মধ্যে কুফর, শিরক ও বিদআত ছড়াইয়া পড়ে এবং তাহারা মূর্তি নির্মাণ ও উহার পূজা করিতে থাকে। তাই তাহাদিগের হেদায়াতের জন্য আল্লাহ তা'আলা হযরত ইলয়াস (আ)-কে নবী মনোনীত করিয়া তাহাদের মধ্যে প্রেরণ করিলেন। হযরত মূসা (আ)-এর পরে বনী ইসরাঈলের নিকট নবীগণ প্রেরিত হইতেন তাওরাতের যেসব বিধান বনী ইসরাঈলগণ ভুলিয়া যাইত অথবা বিনষ্ট করিয়া ফেলিত তাহা তাহদিগকে নূতন করিয়া জানাইয়া দিবার এবং যাহারা পথভ্রষ্ট হইয়া যাইত তাহাদিগকে সঠিক পথে ফিরাইয়া আনিবার উদ্দেশ্যে। বনী ইসরাঈল তখন সমগ্র সিরিয়াতে ছড়াইয়া পড়িয়াছিল, হযরত যুশা' ইব্নু নূন (আ) সিরিয়া বিজয় করিবার পর বনী ইসরাঈলের জন্য সিরিয়াতে বসতি স্থাপন করেন।
তাহাদেরই গোত্র বা'লবাক্ক শহরের আধিবাসী ছিল। হযরত ইলয়াস (আ) তাহাদের হেদায়াতের জন্য প্রেরিত হইলেন। তখন তাহাদের যে রাজা ছিল তাহার নাম ছিল উজব। সে ছিল মূর্তিপূজক। বনী ইসরাঈলকেও সে মূর্তিপূজায় লিপ্ত করিয়াছিল। তাহার একটি মূর্তির নাম ছিল বা'ল। চারি মুখবিশিষ্ট এই মূর্তিটির দৈর্ঘ্য ছিল ত্রিশ হাত। রাজা-প্রজা সকলেই উক্ত মূর্তির পূজায় লিপ্ত থাকিত।
হযরত ইলয়াস (আ)-ই একমাত্র আল্লাহর ইবাদত করিতেন এবং নিজ সম্প্রদায়কে তাওহীদের প্রতি আহবান জানাইতেন। কিন্তু তাহারা তাঁহার আহবানে সাড়া দিত না। যেহেতু রাজা মূর্তিপূজক ছিল, তাই লোকেরাও রাজার অনুসরণে মূর্তিপূজায় লিপ্ত থাকিত। হযরত ইলয়াস (আ) রাজাকে আল্লাহ্ একত্বে বিশ্বাস স্থাপন করিবার জন্য আহবান জানাইতেন এবং তাহাকে আত্মসংশোধনের জন্য উপদেশ দিতেন। এযাবীল নাম্নী রাজার একজন স্ত্রী ছিল। যুদ্ধ ইত্যাদির প্রয়োজনবশত রাজা কখনো রাজধানীর বাহিরে গেলে রাণী এযাবীলকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়া যাইত। সে তখন রাজার স্থলে শাসনকার্য চালাইত। এযাবীল ছিল নবী-রাসূলগণের শত্রু। অনেকের মতে হযরত ইয়াহ্ইয়া (আ)-কেও এই এযাবীলই হত্যা করিয়াছিল। তাহার একজন জ্ঞানী কর্মকর্তা ছিলেন, যিনি প্রকৃতপক্ষে ঈমানদার থাকিলেও নিজের ঈমানের কথা গোপন রাখিতেন। এযাবীল আরো অনেক নবীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই ঈমানদার ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় তাহা বানচাল হইয়া যায়। সাতজন বনী ইসরাঈলী রাজার সহিত তাহার বিবাহ হইয়াছিল এবং প্রত্যেককেই সে প্রতারণা করিয়া হত্যা করে। তাহার সত্তরজন সন্তান হয়। সে দীর্ঘজীবন লাভ করিয়াছিল। রাজা উজবের একজন প্রতিবেশী ছিলেন। বনী ইসরাঈলীয় এই ব্যক্তির নাম ছিল মুযদাকী। তিনি খুব নেককার ছিলেন। তাহার একটি ছোট বাগিচা ছিল। সেই বাগিচার আয় হইতে তাহার জীবিকা নির্বাহ হইত এবং তিনি উক্ত বাগিচা দেখাশুনা করিতেন। রাজমহলের পাশেই ছিল বাগিচাটি।
রাজা ও রাণী মাঝেমাঝে সেখানে বেড়াইতে যাইত, সেখানকার ফলমূল আহার করিত এবং পানি পান করিত। রাজা তাহার প্রতিবেশীর সহিত উত্তম আচরণ করিত। কিন্তু রাণী এযাবীল তাহাকে হিংসার দৃষ্টিতে দেখিত এবং লোকজনের মুখে বাগানটির সৌন্দর্যের কথা শুনিয়া উহা দখল করিয়া লইবার কৌশল অনুসন্ধান করিত। লোকেরা বলাবলি করিত, এই প্রাসাদের মালিকেরই বাগানটি হওয়া উচিত ছিল। রাজা রাণী ইহা দখল করিতেছে না দেখিয়া তাহারা বিস্মিত হইত। তাই লোকটিকে কিভাবে হত্যা করিয়া তাহার বাগানাটি দখল করা যায়, রাণী এই চিন্তায় মগ্ন থাকিত। কিন্তু রাজা তাহাকে নিষেধ করিত। সে কারণে মহিলা ইহার কোন সুযোগ পাইত না। ঘটনাক্রমে রাজা একবার এক দীর্ঘ সফরে গমন করিল। তাহার এই দীর্ঘ অনুপস্থিতিকে এযাবীল এক মহাসুযোগ মনে করিল। সে এই সুযোগে নেককার ব্যক্তি মুযদাকীকে কৌশলে হত্যা করিয়া তাহার বাগানটি হস্তগত করিবার পরিকল্পনা বাস্তবায়িত চাহিল। নেককার ব্যক্তি ইহার কিছুই জানিতেন না। তিনি তো নিজ প্রভুর ইবাদতে ও নিজ জীবিকার সন্ধানে লিপ্ত থাকিতেন। এযাবীল একদল লোককে একত্র করিয়া তাহাদিগকে এই মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদানের আদেশ করিল যে, মুযদাকী তাহাদের রাজা উজবকে গালি দিয়াছেন। তাহারা তাহার কথায় মুযদাকীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য সম্মত হইল। তখনকার দিনে এই বিধান ছিল যে, কোন ব্যক্তি রাজাকে গালি দিয়াছে বলিয়া প্রমাণিত হইলে তাহার প্রাণদণ্ড হইত। মুযদাকীকে হাজির করা হইল। এযাবীল বলিল, আমি জানিতে পারিয়াছি যে, তুমি রাজাকে গালি দিয়াছ ও তাহার নিন্দা করিয়াছ। মুযদাকী ইহা অস্বীকার করিলেন। এযাবীল তখন সাক্ষী উপস্থিত করিল। সাক্ষীরা সকলের সম্মুখে এই মর্মে মিথ্যা সাক্ষ্য দিল। এযাবীল মুযদাকীকে হত্যার নির্দেশ দিল। তাঁহাকে হত্যা করা হইল এবং এযাবীল তাঁহার বাগিচাটি দখল করিয়া লইল।
একজন নেককার বান্দাকে এইভাবে হত্যা করার দরুন আল্লাহ তা'আলা তাহাদের প্রতি খুবই অসন্তুষ্ট হইলেন। রাজা সফর হইতে ফিরিয়া আসিলে এযাবীল সকল ঘটনা তাঁহার নিকট বর্ণনা করিল। রাজা বলিল, তুমি সঠিক কাজ কর নাই, বরং অন্যায় করিয়াছ। তাঁহাকে হত্যা করিয়া আমরা সাফল্য লাভ করিব বলিয়া মনে হয় না। তাঁহার বাগিচাটির প্রয়োজন আমাদের ছিল' 'না। আমরা সেখানে যাইয়া বেড়াইতে পারিতাম। তিনি আমাদের প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘকাল আমাদের সহিত বসবাস করিয়া আসিতেছিলেন। আমরা তাঁহাকে প্রতিবেশী জানিয়া তাঁহার অনিষ্ট করিতাম না। কেননা আমাদের নিকট তাঁহার অধিকার ছিল। কিন্তু তুমি আমাদের প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করিলে। তোমার নিবুদ্ধিতা, অশুদ্ধ চিন্তা ও অপরিণামদর্শিতাই তোমাকে এইরূপ দুঃসাহস করিতে উৎসাহ যোগাইয়াছে। সে বলিল, আমি তোমারই কারণে তাঁহার প্রতি অসন্তুষ্ট হইয়াছি এবং তোমার আইন অনুযায়ীই তাঁহার বিচার করিয়াছি। রাজা বলিল, তুমি ধৈর্য ধারণ করিতে পারিলে না এবং একজন মানুষকে ক্ষমা করিয়া প্রতিবেশীর অধিকার সমুন্নত রাখিলে না। এযাবীল বলিল, যাহা হইবার হইয়া গিয়াছে।
আল্লাহ তাআলা হযরত ইলয়াস (আ)-এর নিকট রাজা উজব ও তাহার সম্প্রদায়ের উদ্দেশ্যে ওহী প্রেরণ করিলেন এবং তাহাদিগকে জানাইয়া দিতে বলিলেন যে, আল্লাহ তা'আলার একজন ওলীকে সকলের সামনে অন্যায়ভাবে হত্যা করার কারণে তিনি তাহাদের প্রতি ভীষণ অসন্তুষ্ট হইয়াছেন। তিনি শপথ করিয়া বলিয়াছেন, যদি রাজা উজব ও তার স্ত্রী তাহাদের কৃত অপরাধ হইতে তওবা না করে এবং মুযদাকীর উত্তরাধিকারিগণের নিকট তাহার বাগানটি ফেরত না দেয়, তাহা হইলে আল্লাহ তা'আলা তাহাদিগকে ধ্বংস করিয়া দিবেন। তাহাদের উভয়ের লাশ উক্ত বাগানের মধ্যেই নিক্ষেপ করা হইবে এবং তাহাদের হাড় হইতে গোস্ত পৃথক করা হইবে। হযরত ইয়াস (আ) রাজার নিকট আল্লাহ তা'আলার এই বাণী পৌঁছাইয়া দিলেন। রাজা ইহা শুনিয়া অত্যন্ত রাগান্বিত হইল এবং হযরত ইলয়াস (আ)-কে বলিল, আপনি আমাকে যে বিষয়ের প্রতি আহধান জানাইতেছেন, তাহা সঠিক নহে। এই পৃথিবীতে আরও অনেক মূর্তিপূজক রাজা রহিয়াছে। তাহারা আমাদেরই ন্যায় মূর্তিপূজা করে। এতদসত্ত্বেও তাহারা অনেক আনন্দ ফুর্তিতে রাজত্ব করিতেছে। যেই কাজকে আপনি অন্যায় ও অসার বলিতেছেন, তাহা করিবার পরও তাহাদের কোন ক্ষতি হইতেছে না। ইহার পর রাজা হযরত ইলয়াস (আ)-কে কষ্ট দেওয়ার ও তাঁহাকে হত্যা করার ইচ্ছা করিলেন। হযরত ইলয়াস (আ) যখন উপলব্ধি করিলেন যে, রাজা তাঁহার প্রাণের শত্রু হইয়া পড়িয়াছে, তখন তিনি তাহাকে ছাড়িয়া গেলেন এবং পাহাড়ের উচ্চ চূড়ায় আশ্রয় গ্রহণ করিলেন। রাজা তখন বা'ল মূর্তিপূজা করিতে লাগিল। রাজার অত্যাচার হইতে আত্মরক্ষার জন্য হযরত ইলয়াস (আ)-কে একাধারে সাত বৎসর আত্মগোপন করিয়া থাকিতে হয়। উজবের লোকজন তাঁহাকে অনুসন্ধান করিত কিন্তু তাঁহার সাক্ষাত পাইত না। আল্লাহ তা'আলা তাঁহাকে গোপন করিয়া রাখিয়াছিলেন। এইভাবে সাত বৎসর অতিবাহিত হয়। অতঃপর আল্লাহপাক তাঁহাকে বাহির হইয়া আসিবার অনুমতি প্রদান করিলেন। সেই সময় রাজার জ্যেষ্ঠপুত্র অত্যন্ত অসুস্থ হইয়া পড়িয়াছিল। তাহার জীবন সম্পর্কে উজব প্রায় নিরাশ হইয়া গিয়াছিল। রাজা তাহার উপাস্য দেবতা বালে নিকট অনেক কান্নাকাটি করে, কিন্তু তাহার সকল ক্রন্দন নিষ্ফল প্রমাণিত হয়। অথচ উজব ও তাহার সকল প্রজা উক্ত মূর্তিটিরই পূজা করিত। মূর্তিটির সেবায় চার শত খাদেম নিযুক্ত ছিল। উহার অভ্যন্তরে শয়তান প্রবেশ করিয়া কথা বলিত। তাহা শুনিয়া সেবকরা রাজাকে অবহিত করিত।
এদিকে রাজপুত্রের রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। রাজা তাঁহার পূত্রের রোগমুক্তির জন্য সেবায়েতদের শরণাপন্ন হইতে থাকে কিন্তু কোন ফল হইত না। পূর্বে ইবলীস মূর্তিটির পেটের ভিতর প্রবেশ করিয়া সেবায়েতদের সহিত কথা বলিত। পরবর্তী কালে আল্লাহর হুকুমে মূর্তির অভ্যন্তরে শয়তানের প্রবেশের পথ রুদ্ধ হইল। সেবায়েতগণ রাজাকে বলিল, দেবতা আপনার প্রতি অসন্তুষ্ট, তাহা না হইলে অবশ্যই জবাব দিত। উজব জিজ্ঞাসা করিল, আমি তো দেবতার পূজা করিতেছি, তবুও দেবতা আমার প্রতি অসন্তুষ্ট কেন? সেবায়েতরা বলিল, আপনি এখনও ইলয়াসকে হত্যা করেন নাই' ইহাই দেবতার অসন্তুষ্টির কারণ। সেবায়েতরা ইহাও বলিল যে, আরো যেসব দেবতা 'রহিয়াছে তাহাদের নিকটেও আরাধনা করা উচিত। সেইমতে রাজা কিছু সেবায়েতকে সিরিয়ার বিভিন্ন স্থানে প্রেরণ করিল। যে পাহাড়ে হযরত ইলয়াস (আ) আত্মগোপন করিয়াছিলেন সেবায়েতরা 'সেই পাহাড়ের পাদদেশে পৌঁছাইলে আল্লাহ তা'আলা হযরত ইলয়াস (আ)-এর নিকট এই মর্মে ওহী প্রেরণ করিলেন যে, আপনি নিচে অবতরণ করুন এবং তাহাদের সহিত নিঃসঙ্কোচে কথা বলুন। আমি তাহাদের ষড়যন্ত্র বানচাল করিয়া দিব। তাহাদের অন্তরে আপনার ভয় সৃষ্টি করিব।
আল্লাহ্র নির্দেশ মুতাবিক হযরত ইলয়াস (আ) অবতরণ করিলেন এবং তাহদিগকে অপেক্ষন করিতে আদেশ দিলেন এবং বলিলেন, আল্লাহ তা'আলা আমাকে তোয়াদের নিকট এবং তোমরা যাহাদের নিকট হইতে আসিয়াছ তাহাদের নিকট প্রেরণ করিয়াছেন। আল্লাহ তা'আলা একটি বাণী প্রেরণ কয়িাছেন। তোমরা তাহা শ্রবণ কর এবং তোমাদের রাজাকে উহা শুনাইয়া দিও। আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, "হে উজব! তুমি কি জান না যে, আমি ব্যতীত আর কোন ইলাহ নাই, আমিই বনি ইসরাঈলের স্রষ্টা। আমিই সকলকে রিযিক দিয়া থাকি। জীবন ও মৃত্যু আমারই হাতে। তুমি কোন্ কারণে আমার সহিত শির্ক কর এবং আমাকে ব্যতীত অন্যের নিকট তোমার পুত্রের রোগমুক্তির জন্য প্রার্থনা কর? আমার ইচ্ছা না হইলে কেহই কিছু করিতে পারে না। আমি আমার পবিত্র নামের শপথ করিয়া বলিতেছি, তোমার পুত্রের প্রতি গজব আপতিত হইবে। তাহার মৃত্যু অবশ্যম্ভাবী। ইহাতে তুমি উপলব্ধি করিতে পারিবে যে, আমি ধ্যতীত কেহই কোন কিছু করিতে পারে না।
'হযরত ইল্লাস' (আ)-এর মাধ্যমে আল্লাহ পাকের বাণী শ্রবণ করিয়া রাজী উজবের প্রেরিত সেবায়েতরা ভীত হইয়া পড়িল এবং রাজার নিকট আসিয়া সমস্ত ঘটনা বর্ণনা করিল। তাহারা ইহাও বলিল, আমরা যখন ইলয়াস (আ)-এর সম্মুখে দণ্ডায়মান হইলাম, তখন ভয়ে আমাদের বাকশক্তি রুদ্ধ হইবার উপক্রম হইল। রাজা উজব এই সংবাদ পাইয়া উপলব্ধি করিল যে, হযরত ইলয়াস (আ) জীবিত থাকিলে তাহার জীবন দুর্বিসহ হইয়া পড়িবে। তাই একটি ষড়যন্ত্র করিল এবং তাহার সম্প্রদায়ের পঞ্চাশজন শক্তিশালী লোককে নির্বাচন করিয়া এই আদেশ দিল যে, যে কোন ভাবেই প্রতারণা করিয়া হযরত ইলয়াস (আ)-কে হত্যা করিবে। তোমরা যাইয়া তাঁহাকে বলিবে, আমরা সকলেই আপনার প্রতি ঈমান আনিয়াছি। এই কথা শ্রবণ করিয়া তিনি তোমাদের ব্যাপারে নিশ্চিন্ত হইয়া যাইবেন এবং প্রতারিত হইবেন। তখন তোমরা তাঁহাকে আমার নিকট লইয়া আসিবে। রাজার নির্দেশে তাহারা রওয়ানা হইল। তিনি যে পাহাড়ে ছিলেন তাহারা সেই পাহাড়ে পৌঁছিয়া ছড়াইয়া পড়িল এবং তাঁহাকে ডাক দিয়া বলিল, "হে আল্লাহর নবী! আপনি আমাদের প্রতি দয়া করুন, আমরা আপনার প্রতি ঈমান আনিয়াছি। রাজা-প্রজা তথা সমগ্র জাতি আপনার প্রতি ঈমান আনিয়াছে। আমরা আপনার কথা মানিয়া চলিব। আপনি যে আদেশ দিবেন, তাহাই পালন করিব। আমরা আপনার অনুগত হইয়াছি। অতএব আমাদের হইতে আপনার পৃথক থাকার কোন যুক্তি নাই।
তিনি এইভাবে দোআ করিলেন, হে আল্লাহ! যদি ইহারা তাহাদের কথায় সত্যবাদী হয়, তাহা হইলে আমাকে তাহাদের নিকট বাহির হইবার অনুমতি দান করুন। আর যদি তাহারা মিথ্যাবাদী হয়, তাহা হইলে তাহাদের নিকট হইতে আমাকে বিরত রাখুন এবং তাহাদের প্রতি এমন অগ্নি বর্ষণ করুন, যাহাতে দগ্ধ হইয়া তাহারা শেষ হইয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান হইতে অগ্নি বর্ষিত হইতে থাকে এবং সঙ্গে সঙ্গে তাহারা ধ্বংস হইয়া যায়।
উজব যখন তাহার প্রেরিত লোকদের ধ্বংসের খবর পাইল তখনও ভ্রান্ত পথ হইতে বিরত হয় নাই এবং প্রতারণার উদ্দেশ্যে আরো একটি দল তৈরী করে যাহা পূর্ববর্তী দলের অপেক্ষাও বেশী শক্তিশালী ছিল। তাহারা পুনরায় ঐ পাহাড়ে আরোহণ করিল এবং হযরত ইলয়াস (আ)-কে ডাক দিয়া বলিল, হে আল্লাহর নবী! আমরা আল্লাহর গজব হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থী; ইতোপূর্বে যাহারা আসিয়াছিল, তাহারা মোনাফেক ছিল। তাহারা আমাদের পরামর্শ ব্যতীতই আপনাকে প্রতারণার জন্য হাজির হইয়াছিল। যদি তাহাদের সম্পর্কে আমরা পূর্বে জানিতাম, তাহা হইলে তাহাদের সকলকে হত্যা করিতাম এবং আপনাকে কষ্ট করিতে হইত না। হযরত ইল্যাস তাহাদের কথা শ্রবণ করিয়া পুনরায় আল্লাহ পাকের দরবারে দোআ করিলেন। তখন আল্লাহ পাক আসমান হইতে অগ্নি বৃষ্টি বর্ষণ করিলেন, পরিণামে তাহারা সকলেই নিশ্চিহ্ন হইয়া গেল।
দ্বিতীয় দলের ধ্বংসের খবর পাইয়া রাজার ক্রোধ আরো বৃদ্ধি পাইল। সে নিজেই হযরত ইলয়াস (আ)-এর অনুসন্ধানে বাহির হইবার ইচ্ছা করিল, কিন্তু তাহার পুত্রের রোগ বৃদ্ধি পাওয়ার কারণে তাহার পক্ষে তাহা সম্ভব হইল না।
উজব পারিষদের মধ্যে এক ব্যক্তি গোপনে মুমিন ছিলেন। রাজা তাহার বিশ্বস্ততা ও যোগ্যতার জন্য তাহাকেই প্রেরণ করা পছন্দ করিল এবং তাহার নিকট এই মনোভাব ব্যক্ত করিল যে, আমি হযরত ইল্যাস (আ)-এর প্রতি কোন প্রকার জুলুম করিতে চাহি না। ঐ ব্যক্তির সঙ্গে রাজা তাহার নিজস্ব দলও প্রেরণ করে এবং তাহাদেরকে গোপনে আদেশ দেন, যদি ইল্যাস (আ) তোমাদের সঙ্গে আসিতে অসম্মত হয়, তাহা হইলে গ্রেফতার করিয়া লইয়া আসিবে। অন্যদিকে ঐ মুমিন ব্যক্তিকে বলিল, আমি পূর্বেকৃত অন্যায় হইতে তওবা করিয়াছি। আমার পুত্র অসুস্থ, আমার লোকজন আসমানী অগ্নি দ্বারা ভস্মীভূত হইয়াছে। এইসবই ইলয়াস (আ)-এর বদদোআর কারণে হইয়াছে।
এমতাবস্থায় তাঁহাকে আমরা চাই। তিনি আমার নিকট থাকিলে, তাঁহার আদেশ-নিষেধ মানিয়া চলিব। রাজা উজবের প্রেরিত ব্যক্তি হযরত ইলয়াস (আ)-এর নিকট হাজির হইলে আল্লাহ পাকের পক্ষ হইতে এই মর্মে ওহী নাযিল হইল যে, এই নেককার ব্যক্তির সঙ্গে সাক্ষাত কর। হযরত ইয়াস (আ) তাহার সহিত সাক্ষাত করিলেন। তিনি বলিলেন, এই জালেম রাজা আমাকে আপনার নিকট প্রেরণ করিয়াছে। ইহার পর তিনি সমস্ত ঘটনা বর্ণনা করিয়া বলিলেন, যদি আপনি আমার সঙ্গে না যান, আর আমি একা যাই তবে ভয় হয় রাজা আমাকে হত্যা করিবে। এখন আপনি যাহা হুকুম দিবেন আমি তাহাই করিব। আর যদি আপনার ইচ্ছা হয় যে, আমি রাজা হইতে পৃথক হইয়া যাই এবং আপনার কাছেই থাকিয়া তাহার মুকাবিলা করি, তাহাতেও আমি প্রস্তুত। কিংবা যদি আপনি আমার মাধ্যমে তাহার নিকট কোন বাণী প্রেরণ করিতে চাহেন তবে তাহাও আমি পৌছাইয়া দিব। আর আপনি আল্লাহ পাকের দরবারে দোআ করুন যেন তিনি এই সমস্যার সমাধান করিয়া দেন।
আল্লাহ পাক হযরত ইয়াস (আ)-এর নিকট ওহী প্রেরণ করিলেন, হে ইলয়াস! তুমি এই মুমিনের সঙ্গে চলিয়া যাও। আমি তোমাদের উভয়ের হেফাযত করিব। এই আদেশ পাইয়া হযরত ইলয়াস (আ) তাহার সঙ্গে রওয়ানা হইয়া রাজা উজুবের নিকট পৌছিলেন। তখন আল্লাহ পাকের হুকুমে রাজপুত্রের রোগ বৃদ্ধি পাইল, অবশেষে তাহার মৃত্যু হইল। পুত্র শোকে কাতর রাজা হযরত ইল্যাস (আ)-এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার সুযোগ পাইল না। হযরত ইলয়াস (আ) নিরাপদে প্রত্যাবর্তন করিলেন। এই ঘটনার কয়েক দিন পর যখন মুমিন ব্যক্তিকে হযরত ইলয়াস (আ) সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলিলেন, আমি তাঁহার সম্পর্কে কিছুই জানি না। কেননা রাজপুত্রের মৃত্যুর কারণে শোকে এতই মুহ্যমান ছিলাম যে, কাহারো খবর নেওয়ার অবকাশ পাই নাই।
হযরত ইলয়াস (আ) পাহাড়ে সুদীর্ঘ কাল একাকী জীবন যাপন করিয়া যাইতেছিলেন। অতঃপর তিনি পাহাড় হইতে অবতরণ করেন এবং একজন ইসরাঈলী স্ত্রীলোকের বাড়িতে অবস্থান করেন। স্ত্রীলোকটি ছিলেন হযরত ইউনুস (আ)-এর মাতা। সেইখানে তিনি ছয়মাস আত্মগোপন করিয়া ছিলেন। তখন ইউনুস (আ) দুগ্ধপোষ্য শিশু ছিলেন। হযরত ইউনুস (আ)-এর মাতা হযরত ইলয়াস (আ)-এর খেদমত নিজেই করিতেন এবং তাঁহাকে অর্থ-সম্পদ দ্বারাও সাহায্য করিতেন। কিন্তু হযরত ইলয়াস (আ) যেহেতু পাহাড়ের উন্মুক্ত স্থানে জীবন যাপনে অভ্যস্থ হইয়া পড়িয়াছিলেন, তাই গৃহের সংকীর্ণ পরিবেশে ছয় মাসেই ক্লান্ত হইয়া পড়েন এবং পাহাড়ে চলিয়া যাওয়াই পছন্দ করেন। এদিকে কিছুদিন পর শিশু ইউনুস (আ)-এর ইন্তিকাল হয়, তখন তাঁহার মাতা অত্যন্ত ব্যাকুল হইয়া হযরত ইলয়াস (আ)-এর অনুসন্ধান করিতে থাকেন। অবশেষে তাঁহাকে পাইয়া বলেন, আপনি চলিয়া আসার পর আমার একমাত্র সন্তান ইউনুস-এর ইন্তিকাল হইয়াছে। আমার উপর এক মহাবিপদ আপতিত হইয়াছে। আপনি আমার দোয়া করুন যেন আমার পুত্র জীবিত হইয়া যায়। আমি তাঁহাকে দাফন করি নাই, শুধু কাপড় দ্বারা ঢাকিয়া রাখিয়াছি। হযরত ইয়াস (আ) বলিলেন, আল্লাহ পাক আমাকে এ ব্যাপারে কোন আদেশ প্রদান করেন নাই অর্থাৎ মৃতকে জীবিত করার জন্য দোআ করার অনুমতি দেওয়া হয় নাই। আর আমি তো একজন বান্দা মাত্র, আমি তাহাই করি যাহার হুকুম আমাকে দেওয়া হয়। এই কথা শ্রবণ করিয়া ইউনুস (আ)-এর মাতা আরো বেশী ক্রন্দন করিতে লাগিলেন। তখন আল্লাহ পাক ইলয়াস (আ)-কে স্ত্রীলোকটির প্রতি সহানুভূতিশীল করিয়া দিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার পুত্র কবে ইন্তিকাল করিয়াছে? স্ত্রীলোকটি বলিলেন, সাত দিন। হযরত ইয়াস (আ) তখন তাঁহার সহিত রওয়ানা হইলেন। সাত দিন একাধারে চলিবার পর স্ত্রীলোকটির গৃহে পৌঁছিলেন, যেইখানে চৌদ্দ দিন পূর্বে তাঁহার পুত্র ইন্তিকাল করিয়া ছিল। হযরত ইয়াস (আ) উযু করিয়া নামায আদায় করিয়া মৃত শিশুটির জন্য দোআ করিলেন, আল্লাহ পাক ইউনুস (আ)-কে জীবিত করিয়া দিলেন। যখন হযরত ইউনুস (আ) জীবিত হইয়া উঠিয়া বসিলেন, তখন হযরত ইয়াস (আ) সঙ্গে সঙ্গে সেইখান হইতে বিদায় লইলেন এবং স্বস্থানে প্রত্যাবর্তন করিলেন।
১. এইদিকে হযরত ইল্যাস (আ)-এর সম্প্রদায়ের নাফরমানী বাড়িয়া গেলে তিনি তাহাদের উপর অত্যন্ত মনক্ষুণ্ণ হইলেন। আল্লাহ পাক সাত বৎসর পর তাঁহার নিকট ওহী প্রেরণ করিলেন, ওহী নাযিল হওয়ার পূর্ব পর্যন্ত তিনি চিন্তাগ্রস্ত ছিলেন। আল্লাহ পাক তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে ইয়াস! তোমার অন্তরে যে ব্যথা-বেদনা রহিয়াছে এবং তুমি যে চিন্তাগ্রস্ত রহিয়াছ, জিজ্ঞাসা করি, তুমি কি আমার ওহীর আমানতদার নও? আর পৃথিবীতে তুমি কি আমার দলীল নও? সারা পৃথিবীতে তুমি কি আমার মনোনীত ব্যক্তি নও? তোমার যাহা ইচ্ছা তাহা আমার নিকট চাও আমি তোমাকে দান করিব। আমার রহমত অসীম। হযরত ইলয়াস (আ) আরয করিলেন, হে আল্লাহ! আমাকে মৃত্যু দিন, আমার পূর্বপুরুষদের সঙ্গে একত্র হইবার সুযোগ দান করুন। আমি বনী ইসরাঈলদের ব্যাপারে ক্লান্ত হইয়া পড়িয়াছি। আমার মন তাহাদের ব্যাপারে অত্যন্ত অসন্তুষ্ট হইয়া পড়িয়াছে।
তখন আল্লাহ পাক হযরত ইয়াস (আ)-এর নিকট ওহী প্রেরণ করিলেন এবং ইরশাদ করিলেন, ইহা সেই দিন নয়, যখন আমি পৃথিবীকে তোমার নিকট হইতে খালি করিয়া দিব। পৃথিবীতে তোমার অবস্থান অনেক লোকের জন্যই কল্যাণকর ও বরকতময় হইবে, যদিও তাহাদের সংখ্যা হইবে অতি নগণ্য। অতএব ইহা ছাড়া অন্য কিছু চাও। হযরত ইলয়াস (আ) আরয করিলেন, যদি আমার মৃত্যু না হয় তাহা হইলে আমাকে বনী ইসরাঈল হইতে প্রতিশোধ নেওয়ার শক্তি দান করুন। আল্লাহ পাক ইরশাদ করিলেন, তুমি কি চাও? হযরত ইল্যাস (আ) আরয করিলেন, সাত বছর যাবত বৃষ্টির ভাণ্ডারটি আমার নিকট দিয়া দিন, আমার দোআ ব্যতীত যেন আকাশে মেঘমালা দেখা না যায় এবং আমার দোআ ব্যতীত যেন এক ফোঁটা পানিও পৃথিবীতে না পড়ে। এতদ্ব্যতীত এই দুষ্ট প্রকৃতির লোকগুলো অনুগত হইবে না। আল্লাহ পাক ইরশাদ করিলেন হে ইলয়াস। আমি আমার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান। যদিও অহারা জুলুম করে কিন্তু আমি তাহাদের প্রতি দয়া করি। তখন হযরত ইলয়াস (আ) আরয করিলেন, তাহা হইলে অন্তত ছয় বৎসরের জন্য তাহাদের প্রতি বারিপাত বন্ধ করিয়া দিন। আল্লাহ পাক ইরশাদ করিলেন, এই সময়টিও আমার রহমতের দাবির পরিপন্থী। তবে তিন বৎসরের জন্য বারিপাত বন্ধ করিয়া তাহাদের শাস্তি বিধান করা যাইতে পারে।
তখন হযরত ইলয়াস (আ) আরয করিলেন, তবে এই সময় আমি কিভাবে জীবিত থাকিব? আল্লাহ পাক ইরশাদ করিলেন, আমি পাখিদের একদল তোমার সেবায় নিয়োজিত করিব, তাহারা তোমার খাদ্যদ্রব্য বিভিন্ন স্থান হইতে সংগ্রহ করিয়া তোমাকে সরবরাহ করিবে। ইহার পর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করিয়া দিলেন। ফলে অনেক জীবজন্তু, কীটপতঙ্গ মরিয়া যায়, বৃক্ষগুলো শুকাইয়া যায়। মানুষ মহা বিপদের সম্মুখীন হয়। হযরত ইলয়াস (আ) আত্মগোপন করিয়াছিলেন। তবে তিনি যেখানেই থাকিতেন তাহার রিযিক পৌঁছাইয়া দেওয়া হইত। যে গৃহ হইতে খাদ্য দ্রব্যের সুগন্ধ পাওয়া যাই, লোকেরা বুঝিত, হয়ত সেইখানে হযরত ইলয়াস (আ) ছিলেন। তাহারা তাঁহাকে খোঁজ করিত, কিন্তু তাঁহাকে দেখিতে পাইত না। একবার তিনি এক বৃদ্ধার বাড়ি অতিক্রম করিতেছিলেন। তিনি ঐ বৃদ্ধাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নিকট কোন খাদ্যদ্রব্য আছে কি? সে বলিল, হাঁ, সামান্য আটা এবং যয়তুনের তেল আছে। হযরত ইলয়াস (আ) ঐ দু'টি বস্তুর উপর হাত বুলাইয়া দোআ করিলেন। তখন তাহার পাত্র দুইটি আটা এবং তৈল দ্বারা পরিপূর্ণ হইয়া গেল। লোকেরা জিজ্ঞাসা করিল, এইসব খাদ্যদ্রব্য কোথা হইতে পাইলে? তখন সে ঘটনা বর্ণনা করিল।
একবার তিনি একজন স্ত্রীলোকের বাড়িতে অবস্থান করিলেন। তাহার পুত্র আল-য়াসা' ছিল অসুস্থ, তাঁহার দোআয় সে সুস্থ হইল। সে হযরত ইলয়াস (আ)-এর প্রতি ঈমান আনিল এবং তাঁহার সহিত থাকিতে লাগিল। আল্লাহ পাক হযরত ইলয়াস (আ)-এর প্রতি ওহী প্রেরণ করিলেন, হে ইলয়াস! তোমার বদদোআর কারণে অনেক জীবজন্তু এবং মানুষ ধ্বংস হইয়া গিয়েছে। হযরত ইলয়াস (আ) আরয করিলেন, হে আমার পরওয়ারদিগার! আমি যেন তাহাদের পক্ষে দোআ করিতে পারি এবং তাহারা যে বিপদে আছে সে বিপদ হইতে রক্ষা পাইতে পারে। আল্লাহ পাক তাঁহাকে ইহার অনুমতি দান করিলেন। তখন হযরত ইলয়াস (আ) বনী ইসরাঈলের নিকট গমন করিয়া বলিলেন, তোমরা মূর্তি পূজার পাপে লিপ্ত, তোমাদের শির্ক ও অন্যান্য পাপাচারের শাস্তিই তোমরা ভোগ করিয়াছ। তোমরা শিরকসহ সকল পাপাচার পরিহার কর। তাহা হইলে আল্লাহ পাক তোমাদের বিপদ দূর করিয়া দিবেন। তখন তাঁহার সম্প্রদায় বলিল, আপনি সত্য কথা বলিয়াছেন। তাহারা তাহাদের মূর্তিগুলি নিজ নিজ ঘর হইতে বাহির করিয়া ফেলিয়া দিল। হযরত ইলয়াস (আ) তাহাদের পক্ষে দোআ করিলেন, ফলে ক্ষণিকের মধ্যেই আকাশে মেঘমালা দেখা গেল, বৃষ্টিপাত হইতে লাগিল, মৃত শুষ্ক ধরণী জীবন্ত হইয়া উঠিল। বনী ইসরাঈলের বিপদ দূরীভূত হইল, আল্লাহ পাক তাহাদের সকল কষ্ট দূর করিয়া দিলেন। কিন্তু এতদসত্ত্বেও তাহারা কুফর ও শিরক বর্জন করিল না, বরং পৌত্তলিকতা, কুফরী ও নাফরমানীর মধ্যেই লিপ্ত রহিল।
হযরত ইলয়াস (আ) যখন এই অবস্থা দেখিলেন, তখন বনী ইসরাঈলের হেদায়াতের ব্যাপারে নিরাশ হইয়া আল্লাহ পাকের দরবারে দোআ করিলেন, হে আল্লাহ! আমাকে ইহাদের' হইতে নাজাত দিন। আল্লাহর তরফ হইতে ওহী আসিল, অমুক তারিখের অপেক্ষা কর, ঐ নির্দিষ্ট দিনে অমুক স্থানে চলিয়া যাও। সেইখানে যেই বাহন পাও তাহাতে আরোহণ কর। নির্দেশ মুতাবিক হযরত ইলয়াস (আ) আল-য়াসা' (আ)-কে সঙ্গে লইয়া নির্ধারিত স্থানে উপস্থিত হইয়া দেখিলেন, একটি নূরাণী অশ্ব আসিয়া দণ্ডায়মান। হযরত ইলয়াস (আ) তাহাতে আরোহণ করিলেন। অশ্বটি তাঁহাকে লইয়া রওয়ানা হইল। আল-য়াসা' (আ) চিৎকার করিয়া বলিলেন- হযরত! আমার সম্পর্কে কি আদেশ? হযরত ইলয়াস (আ) একটি লিখিত বাণী প্রেরণ করিলেন, যাহাতে প্রমাণ হয় যে, আল-য়াসা' (আ) কে বনী ইসরাঈলের জন্য তিনি খলীফা নিযুক্ত করিয়াছেন। হযরত ইলয়াস (আ)-এর সহিত এইটিই ছিল আল-য়াসা' (আ)-র শেষ সাক্ষাত। আল্লাহ হযরত ইলয়াস (আ)-কে বনী ইসরাঈলীদের হইতে বাহির করিয়া মহাশূন্যে উত্তোলন করিলেন, তাঁহাকে পানাহারের প্রয়োজন হইতে মুক্ত করিলেন এবং ফেরেশতাদের ন্যায় ডানা দান করিলেন। তিনি দুনিয়াতে মানুষ হিসাবেই জীবন-যাপন করিয়াছেন কিন্তু তাহাকে ফেরেশতাদের ন্যায় মহাশূন্যের অধিবাসী করিলেন।
এইদিকে রাজা উজব এবং তাহার জাতির উপর আল্লাহ পাক এক তাগুতী শক্তিকে হামলা করার ক্ষমতা দিলেন। হামলাকারী বাহিনী রাজা উজব এবং তাহার স্ত্রীকে মরহুম মুজাদকারীর বাগানে হত্যা করিল এবং তাহাদের লাশ ঐ বাগানেই খণ্ড-বিখণ্ড করিয়া ফেলিয়া দিল। আল্লাহ তা'আলা হযরত আল-য়াসা' (আ)-কে ওহীর মাধ্যমে এই সংবাদ দিলেন এবং তাঁহাকে রাসূল মনোনীত করিয়া বনী ইসরাঈলের নিকট প্রেরণ করিলেন। বনী ইসরাঈল হযরত আল-য়াসা' (আ)-এর প্রতি ঈমান আনিল এবং তাঁহাকে সম্মান করিল। মৃত্যুকাল পর্যন্ত বনী ইসরাঈলের মধ্যে তাঁহারপ্রভাব-প্রতিপত্তি বজায় ছিল।
টিকাঃ
মাজহারী, ১০ খ., ৬৪
📄 হযরত ইলয়াস (আ) জীবিত আছেন কিনা?
ঐতিহাসিক ও তাফসীরবিদগণের নিকট হযরত ইলয়াস (আ)-এর জীবিত থাকিবার বিষয় বহুল আলোচিত। তিনি কি জীবিত রহিয়াছেন না ইনতিকাল করিয়াছেন তাহা লইয়া আলোচনার অন্ত নাই। তাফসীরে মাযহারীতে উল্লিখিত বর্ণনায় দেখা যায় যে, ইলয়াস (আ)-কে অগ্নি অশ্বে আরোহণ করাইয়া আকাশে তুলিয়া লওয়া হয় এবং তিনি হযরত ঈসা (আ)-এর মতই জীবিত রহিয়াছেন। এইরূপ আরো কতিপয় বর্ণনা তাঁহার জীবিত থাকিবার প্রমাণ বহন করে। সিররী ইবন ইয়াহইয়া 'আবদুল আযীয ইবন আবু দারদার সূত্রে বর্ণনা করেন, হযরত ইলয়াস (আ) এবং হযরত খিযির (আ) উভয়ে রায়তুল মুকাদ্দাসে রমযানের রোযা রাখেন। হজ্জের সময় প্রতি বছর একত্র হন। ইহাও বর্ণিত আছে যে, হযরত ইলয়াস (আ) পৃথিবীর স্থলভাগে এবং হযরত খিযির (আ) সামুদ্রিক ভাগে কর্তব্যরত রহিয়াছেন। পাহাড়-পর্বত, অরণ্য বা মরুভূমিতে যাহারা পথ হারাইয়া ফেলে, তাহদিগকে পথ প্রদর্শন করেন হযরত ইলয়াস (আ), আর খিযির (আ) সমুদ্র পথের মুসফিরদের সাহায্য করিয়া থাকেন।
ইবনে আসাকির কা'ব (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন, চারজন নবী বর্তমানে জীবিত রহিয়াছেন: দুইজন দুনিয়াতে, দুইজন আসমানে। দুনিয়াতে হইলেন হযরত ইলয়াস (আ) ও হযরত খিযির (আ) এবং আসমানে রহিয়াছেন হযরত ঈসা (আ) ও হযরত ইদরীস (আ)। ইবন আসাকির আরো লিখিয়াছেন, হযরত খিযির (আ) ও হযরত ইলয়াস (আ) প্রত্যেক বৎসর হজ্জের সময় একত্র হন।
'হযরত আনাস (রা) বলেন, একদা আমরা মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সহিত সফরে ছিলাম। এক স্থানে আমরা বিশ্রাম গ্রহণ করিলাম। সেইখানে মরুভূমিতে এক ব্যক্তিকে দেখিলাম, তিনি বলিতেছেন, হে আল্লাহ! আমাকে উম্মতে মুহাম্মদিয়ার অন্তর্ভুক্ত কর। আমি লক্ষ্য করিলাম যে, লোকটি দৈর্ঘ্যে প্রায় তিন শত হাত, এবং ইহার চাইতেও বেশী। আমাকে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? আমি বলিলাম, হযরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের খাদেম আনাস। লোকটি বলিলেন, তিনি কোথায়? হযরত আনাস (রা) বলিলেন, তিনি নিকটেই রহিয়াছেন, আপনার কথা শ্রবণ করিতেছেন। লোকটি বলিলেন, তাঁহাকে আমার সালাম পৌঁছাইয়া দাও এবং বল, আপনার ভাই ইলয়াস (আ) আপনাকে সালাম দিয়োছেন। হযরত আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের খেদমতে হাযির হইয়া এই সংবাদ দিলে তিনি বাহির হইয়া আসিয়া ঐ ব্যক্তিকে আলিঙ্গন করিলেন এবং তাঁহারা উভয়ে বসিয়া কথা বলিলেন। উক্ত ব্যক্তি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি বৎসরে একদিন আহার করি। ইহা আমার স্বাভাবিক ব্যাপার, অদ্য আপনি ও আমি একসঙ্গে আহার করিব। ইহার পর আসমান হইতে খাবার নাযিল হইল। তাহাতে ছিল রুটি, মাছ ও অন্যান্য দ্রব্য। তাঁহারা উভয়ে আহার গ্রহণ করিলেন এবং আমাকেও খাইতে দিলেন, অতঃপর একসঙ্গে আসরের নামায আদায় করিলেন। ইহার পর তিনি বিদায় গ্রহণ করিলেন। আমি দেখিলাম তিনি মেঘমালা অতিক্রম করিয়া আকাশ পানে চলিয়া যাইতেছেন।
ইমাম হাকিম (র) তাঁহার মুসতাদরাক-এ ইহা বর্ণনা করিবার পর বলিয়াছেন, এই হাদীছটির সনদ বিশুদ্ধ হইলেও ইমাম বুখারী ও মুসলিম ইহা সংকলন করেন নাই। কিন্তু হাফিজ শামসুদ্দীন যাহাবী (র) তাঁহার "তালখীসুল মুসতাদরাক"-এ ইহা বর্ণনা করিয়া অতঃপর লিখিয়াছেন, আমি বলি, বরং ইহা বানোয়াট হাদীছ। আল্লাহ ইহার বানোয়াটকারীর অমঙ্গল করুন। আমি ধারণাও করিতাম না এবং সঙ্গত মনে করি না হাকেম এতদূর অজ্ঞতার পরিচয় দিবেন যে, এইরূপ একটি বর্ণনাকে তিনি বিশুদ্ধ সাব্যস্ত করিবেন। ইহার সনদের মধ্য হইতে য়াযীদ বালবী কিংবা ইবনু সায়্যার সম্ভবত ইহা রচনা করিয়াছে।
টিকাঃ
মাজহারী, ১০ খ., ৬৪