📘 সীরাত বিশ্বকোষ > 📄 ব্যবসা-বাণিজ্য ও লেনদেনে পরিচ্ছন্নতার দাওয়াত

📄 ব্যবসা-বাণিজ্য ও লেনদেনে পরিচ্ছন্নতার দাওয়াত


শু'আয়ব (আ) শুধুমাত্র আখেরাত সংশ্লিষ্ট বিষয়টি সংশোধনের দাওয়াত প্রদান করিয়া ক্ষান্ত হন নাই; বরং পার্থিক জীবনকেও সুন্দর করিবার প্রয়াস পাইয়াছিলেন। মাদ্‌য়ান সম্প্রদায় যেহেতু ঐতিহাসিকভাবে বণিক সম্প্রদায় হিসাবে বিখ্যাত ছিল এবং তাহাদের মধ্যে নানান ধরনের অবৈধ লেনদেন ও ওযনে কারচুপি করিবার মানসিকতা মাথাচাড়া দিয়া উঠিয়াছিল, তাই শু'আয়ব (আ) তাহাদিগকে বলিলেন (কুরআনের ভাষায়):
فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ .
"কাজেই পরিমাপ ও ওযন সঠিকভাবে কর এবং মানুষের প্রাপ্য বস্তুতে কম করিও না" (৭:৮৫)।
وَلا تَنْقُصُوا المِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُمْ بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُحِيطٌ ، وَيَا قَوْمِ أَوْفُوا المِكْيَالَ وَالْمِيزَانَ بِالقسط وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ.
"তোমরা মাপে ও ওযনে কম করিও না। আমি তোমাদিগকে সমৃদ্ধিশালী দেখিতেছি। কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিবসের শাস্তির আশংকা করিতেছি। হে আমার সম্প্রদায়! তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপিও ও ওজন করিও, লোকদিগকে তাহাদের প্রাপ্ত বস্তু কম দিও না" (১১: ৮৪-৮৫)
এই গর্হিত আচরণ হইতে আল্লাহ তা'আলা তাহাদিগকে নিষেধ করিয়াছিলেন। কেননা ইহার মাধ্যমে লোকদের মধ্যে সামান্য গহির্ত আচরণও ছড়াইয়া পড়ে। এইভাবে যাহারা ওযনে কম প্রদান করিবে তাহাদিগের ধ্বংস অনিবার্য। আল্লাহ তা'আলার বাণী:
وَيْلٌ للمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ. وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ . أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ .
"মন্দ পরিণাম তাহাদিগের জন্য যাহারা মাপে কম দেয়, যাহারা লোকদিগের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তাহাদিগের জন্য মাপিয়া বা ওযন করিয়া দেয় তখন কম দেয়। উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে" (৮৩: ১-৪)?
মাপ ও ওযনের সংশোধনের মাধ্যমে প্রকৃতপক্ষে শু'আয়ব (আ)-এর উদ্দেশ্য ছিল যাবতীয় অবৈধ পন্থার লেনদেন ও ব্যবসা-বাণিজ্য হইতে ফিরাইয়া রাখা।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করিবার দাওয়াত

📄 পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করিবার দাওয়াত


সৃষ্টির সেরা হিসাবে মানুষ দুনিয়াতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করিবে ইহাই স্বাভাবিক। কিন্তু শু'আয়ব (আ)-এর সম্প্রদায় বিভিন্নভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়াছিল। তাহারা কয়েক ধরনের বিপর্যয় সৃষ্টি করিত : (ক) নবী-রাসূলদের শিক্ষাকে পরিহার করিয়া পাপাচারের পথ অবলম্বন করিয়াছিল; (খ) নিজেরা শু'আয়ব (আ)-এর অনুসরণ করে নাই এবং যাহারা তাঁহার অনুসরণ করিয়াছিল তাহাদিগকে ভয়ভীতি প্রদর্শন করিয়াছিল; (গ) দলে দলে প্রকাশ্য যাতায়াতের রাস্তায় বসিয়া দস্যুবৃত্তিতে লিপ্ত হইয়াছিল এবং লোকদিগকে শু'আয়ব (আ)-এর আহ্বান হইতে ফিরাইয়া রাখিয়াছিল; (ঘ) শিরকে নিজেরা লিপ্ত হইয়াছিল এবং লোকদেরকে লিপ্ত হইতে বাধ্য করিয়াছিল। এই সকল অপকর্ম হইতে ফিরিয়া থাকিবার জন্য শু'আয়ব (আ)-এর দাওয়াত ছিল এইরূপ:
وَلا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ .
"শান্তি প্রতিষ্ঠিত হইবার পর তোমরা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করিও না। ইহাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা মুমিন হইয়া থাক" (৭:৮৫)।
"এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না" (২৯:৩৬)।
وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ .
وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ . بَقِيَّةُ اللهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ .
"এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না। আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তাহা তোমাদের জন্য উত্তম যদি'তোমরা মুমিন হইয়া থাক" (১১:৮৫-৮৬)।
وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعَدُونَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيلِ اللهِ مَنْ آمَنَ بِهِ وَتَبْغُونَهَا عِوَجًا وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلًا فَكَثْرَكُمْ وَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ.
"তাহার প্রতি যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে ভয় প্রদর্শনের জন্য তোমরা কোন পথে বসিয়া থাকিবে না, আল্লাহ্ পথে তাহাদিগকে বাধা দিবে না এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিবে না। স্মরণ কর, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তাহা লক্ষ্য কর" (৭:৮৬)। এই আয়াতের তাফসীরে ইব্‌ন কাছীর বলেন, মালামাল প্রদান করিতে অস্বীকৃতি জানাইলে তাহারা লোকদিগকে হত্যার হুমকি দিত। সুদ্দী বলিয়াছেন, তাহারা রাস্তায় বসিয়া জোরপূর্বক লোকদিগকে হত্যার হুমকি দিত। ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, তাহারা রাস্তায় বসিয়া শু'আয়ব (আ)-এর নিকট আগামনকারী মুমিনদিগকে ভয়ভীতির মাধ্যমে ফিরাইয়া দিত। প্রথম ব্যাখ্যাটি অধিকতর স্পষ্ট। একই পদ্ধতিতে কুরাইশ জালিমগণও বিশ্বনবী (স)-এর অনুসারীদিগকে নির্যাতনের মাধ্যমে তাঁহার নিকট হইতে ফিরাইয়া রাখিবার ব্যর্থ প্রয়াস পাইয়াছিল। দীর্ঘ দাওয়াতের পর মাত্র কিছু সংখ্যক লোক শু'আয়ব (আ)-এর উপর ঈমান আনিয়াছিল। এই অবস্থা প্রত্যক্ষ করিয়া শু'আয়ব (আ) বলিয়াছিলেন:
وَإِنْ كَانَ طَائِفَةٌ مِنْكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلَتُ به وَطَائِفَةً لَمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرٌ الحاكمين ..
"আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোন দল ঈমান আনে এবং কোন দল ঈমান না আনে তবে ধৈর্য ধারণ কর, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন, আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী" (৭:৮৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শু'আয়ব (আ) মু'মিনগণকে দেশ হইতে বহিষ্কারের হুমকী

📄 শু'আয়ব (আ) মু'মিনগণকে দেশ হইতে বহিষ্কারের হুমকী


মাদ্‌য়ান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন প্রত্যক্ষ করিল যে, শু'আয়ব (আ)-এর দলবল দিন দিন বৃদ্ধি পাইতেছে, তখন তাহারা সন্ত্রাসী ভূমিকায় অবতীর্ণ হইয়া বলিল, তোমাদিগকে পিতৃ-পুরুষের ধর্মে ফিরিয়া আসিতে হইবে, অন্যথায় তোমাদিগকে এই দেশ হইতে বহিষ্কার করিয়া দিব। আল-কুরআনের ভাষায় : قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لِنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ .
"তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলিল, হে শু'আয়ব! আমরা তোমাকে ও তোমার সহিত যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে আমাদের জনপদ হইতে বহিষ্কৃত করিবই অথবা তোমাদিগকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতেই হইবে। সে বলিল, যদিও আমরা উহা ঘৃণা করি তবুও" (৭:৮৮)?
দাম্ভিক প্রধানদের কঠোর ধমকে শু'আয়ব (আ) মোটেই বিচলিত হইলেন না, বরং তাহাদিগকে উদ্দেশ্য করিয়া বলিতে থাকিলেন, আমার বন্ধু-বান্ধব এবং আপজন কি তোমাদের নিকট আল্লাহ্ চাইতে শক্তিশালী? তোমাদের জন্য আফসোস! তোমরা চরম বিভ্রান্তিতে লিপ্ত হইয়া পড়িয়াছ। আল-কুরআনের সূরা হূদে ইহার বিশদ বর্ণনা আসিয়াছে : قَالَ يَا قَوْمِ أَرَهْطِي أَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللهِ وَاتَّخَذْتُمُوهُ وَرَاءَكُمْ ظَهْرِيَّاً ، إِنَّ رَبِّي بِمَا تَعْمَلُوْنَ مُحِيطٌ ، وَيَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ سَوْفَ تَعْلَمُونَ . مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ وَارْتَقِبُوا إِنِّي مَعَكُمْ رَقِيبٌ .
"সে বলিল, হে আমার সম্প্রদায়! তোমাদের নিকট কি আমার স্বজনবর্গ আল্লাহ অপেক্ষা অধিক শক্তিশালী? তোমরা তাঁহাকে সম্পূর্ণ পশ্চাতে ফেলিয়া রাখিয়াছ। তোমরা যাহা কর আমার প্রতিপালক অবশ্যই তাহা পরিবেষ্টন করিয়া আছেন। হে আমার সম্প্রদায়! তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাক, আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি" (১১ঃ ৯২-৯৩)।
দেশ হইতে বহিষ্কার করিবার হুমকিতে ও শু'আয়ব (আ) এতটুকুন দমিলেন না, বরং অকাট্য যুক্তি-তর্কের মাধ্যমে সাব্যস্ত করিলেন যে, হক কখনও বাতিলের সহিত সন্ধি করিতে পারে না। হক আগমন করিয়াছে বিশ্বস্রষ্টা আল্লাহ তা'আলার পক্ষ হইতে। তিনি সর্বশক্তিমান এবং সবকিছুর নিয়ন্ত্রক। কাজেই, আমার ও তোমাদের মধ্যে ফয়সালার জন্য একমাত্র আল্লাহ্র উপরই আমি ভরসা করিতেছি। তিনি বলিলেন:
قَدِ افْتَرَيْنَا عَلَى اللهِ كَذِبًا إِنْ عُدْنَا فِي مِلتِكُمْ بَعْدَ إِذْ نَجَّانَا اللهُ مِنْهَا وَمَا يَكُونُ لَنَا أَنْ نَعُودَ فِيهَا إِلَّا أَنْ يَشَاءَ اللهُ رَبُّنَا وَسِعَ رَبُّنَا كُلَّ شَيْئٍ عِلْمًا رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنْتَ خَيْرُ الْفَاتِحِينَ.
"তোমাদের ধর্মাদর্শ হইতে আল্লাহ আমাদিগকে উদ্ধার করিবার পর যদি আমরা উহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহ্র প্রতি মিথ্যা আরোপ করিব। আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমীচীন নয়। সব কিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্ত; আমরা আল্লাহর প্রতি নির্ভর করি। হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমিই শ্রেষ্ঠ মীমাংসাকারী" (৭ঃ ৮৯)।
অত্র আয়াতে শু'আয়ব (আ)-এর অনিন্দ্য সুন্দর ব্যক্তব্য দ্বারা প্রতীয়মান হয় যে, নবীগণের অন্তরে আল্লাহ তা'আলা ব্যতীত দুনিয়ার কোন ক্ষমতা অথবা শক্তির ভীতি বিন্দুমাত্র থাকে না। প্রতিপালকের উপর সর্বদা তাহাদের আস্থা অবিচল থাকে। এই সকল যুক্তির বিপক্ষে তাঁহার সম্প্রদায় কোন যৌক্তিক বক্তব্য উপস্থাপন করিতে সক্ষম হয় নাই। অতঃপর তাহারা নিজেদের মধ্যে শলাপরামর্শ করিল এবং শেষ পর্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা ঘোষণা করিল, যদি তোমরা শু'আয়ব-এর অনুসরণ করিয়া চল তাহা হইলে পার্থিব ও ধর্মীয় উভয় দিক দিয়া ক্ষতিগ্রস্ত হইবে। পার্থিব ক্ষতি এই যে, তোমাদের যেইভাবে খুশি অর্থ উপার্জনের সুযোগ থাকিবে না। আর ধর্মীয় ক্ষতি এই যে, তোমাদিগকে পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করিতে হইবে। তাই কোন অবস্থাতেই তোমরা তাঁহার অনুসরণ করিবে না। পবিত্র কুরআনের ভাষায়:
قَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ لَئِنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ .
"তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানগণ বলিল, তোমরা যদি শু'আয়বকে অনুসরণ কর তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবে" (৭ঃ ৯০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মাদয়ান সম্প্রদায়ের ধ্বংস

📄 মাদয়ান সম্প্রদায়ের ধ্বংস


কুফরী, শিরক, হকের বিরোধিতা, পাপাচার, চারিত্রিক অবক্ষয় এবং সীমালংঘনের দায়ে যখন মাদ্‌য়ান সম্প্রদায়ের পাপ ষোলকলায় পূর্ণ হইল তখন তাহাদের উপর বহুমুখী শান্তি নামিয়া আসিল। বাইবেলের বর্ণনা অনুসারে হযরত মূসা (আ) ১২ হাজারের এক বিশাল সৈন্যবাহিনী লইয়া তাহাদেরকে শাস্তি প্রদান করিতে আসিলেন। তাহাদের অগণিত অসংখ্য শিশু এবং বিবাহিত মহিলাকে হত্যা করা হইল। অঢেল গনীমতের সম্পদ লাভ হইল: ৭৫ হাজার বকরী, ৭২ হাজার গাভী, ৬১ হাজার গাধা এবং ৩২ হাজার এমন রমণী যাহারা কখনও পুরুষের সহিত মিলিত হয় নাই। বাইবেলের সরাসরি ভাষ্য হইল:
"And the booty the rest of the plunder that the people of the expedition has taken as plunder amounted to six hundred and seventy five thousand of the flock and seventy two thousand of the herd and sixty one thousand of asses, As for human souls from the women who had not known the act of lying with a male. all the souls were thirty two thousand" (Old Testament, Book of Numbers, 31 : 1-35)।
আল-কুরআনুল কারীমে মাদ্‌য়ান সম্প্রদায়ের শান্তি ও ধ্বংসের বর্ণনা আসিয়াছে: فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ الرِّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ .
"কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল; অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল; ফলে উহারা নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল" (২৯: ৩৭)। فَأَخَذَتْهُمُ الرِّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانْ لَّمْ يَغْنُوا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ.
"অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে তাহাদের প্রভাত হইল নিজগৃহে অধঃমুখে পতিত অবস্থায়। মনে হইল, যাহারা শু'আয়বকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহারা যেন কখনও সেখানে বসবাস করেই নাই। শু'আয়বকে যাহারা মিথ্যাবাদী বলিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল” (৭: ৯১-৯২)।
সূরা হূদে একটু ভিন্নভাবে বর্ণনা আসিয়াছে। সেখানে বলা হইয়াছে: وَأَخَذَتِ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ . كَانْ لَّمْ يَعْنُوا فِيهَا أَلَا بُعْدًا لَمَدْيَنَ كَمَا بَعدَتْ ثَمُودُ .
"অতঃপর যাহারা সীমালংঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল, ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়িয়া রহিল, যেন তাহারা সেথায় কখনও বসবাস করে নাই। জানিয়া রাখ! ধ্বংসই ছিল মাদ্‌য়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হইয়াছিল ছামূদ সম্প্রদায়" (১১: ৯৪-৯৫)।
মাদ্‌য়ান সম্প্রদায়ের ধ্বংস হইয়াছিল দুই ধরনের শাস্তির মাধ্যমে: (ক) প্রচণ্ড ভূমিকম্প সবকিছু তছনছ করিয়া দিয়াছিল; (খ) মহানাদ বা প্রচণ্ড আওয়াজে তাহারা মরিয়া গিয়াছিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00