📄 ইউসুফ ভ্রাতৃবর্গের অপরাধ স্বীকার এবং ইউসুফ (আ)-এর ক্ষমা ঘোষণা
ইউসুফ ভ্রাতৃগণের এই তুচ্ছ পুঁজি কি ছিল সে সম্পর্কে মুফাসসিরগণ বিভিন্ন বস্তুর নাম উল্লেখ করিয়াছেন। পবিত্র কুরআনের مزجاة শব্দের অর্থ “প্রত্যাখ্যানযোগ্য” অর্থাৎ যাহা স্বাভাবিকভাবে ও প্রচলিত ব্যবস্থায় বিনিময় মূল্যরূপে গ্রহণযোগ্য নহে। মুফাসসিরদের বিভিন্ন মতে উহা ছিল অচল মুদ্রা, অধিক খাদযুক্ত মুদ্রা, প্রয়োজনের তুলনায় অতি তুচ্ছ ও নগণ্য পরিমাণের মুদ্রা, তৈজসপত্র, পশম ও ঘি, পশম ও পনির, দেবদারু ফল, বন্য পেস্তা, চামড়া ও চামড়াজাত দ্রব্য কিংবা বাজারে চাহিদা নাই এমন কোন পণ্য (মাজহারী, ৫খ., ১৯৫; মা'আরিফুল কুরআন, ৫খ., ১২৩; ইবন কাছীর, ২খ., ২৬১; বিদায়া, ১খ., ২১৫)।
ইউসুফ (আ) তাঁহার ভাইদের অহংবোধ সম্পর্কে পূর্ণরূপে অবহিত ছিলেন। কিন্তু আজ তাহাদের ভাষায় এভাবে এবং স্বরে ও সুরে আমূল পরিবর্তন লক্ষ্য করিলেন। নবীর অন্তর তো অন্যের দুঃখে কাতর হইয়াই থাকে, আর ইহারা তো ভাই। ইউসুফ (আ)-এর দৃষ্টির সম্মুখে সমগ্র ইতিহাস ভাসিয়া উঠিল। সেই সাথে সম্মুখে উপস্থিত তাঁহার হত্যা প্রচেষ্টাকারী ভাইয়েরা করুণাপ্রার্থী। পিতার মুখচ্ছবি এবং তাহাতে সন্তান হারানোর দুঃখ-ক্লিষ্টতার ছাপ ও দুর্ভিক্ষের ছোবল এবং উহার বিপরীতে তাঁহার নিজের রাজকীয় ক্ষমতা-প্রতিপত্তি ও প্রাচুর্যের কথা ভাবিতে লাগিলেন। এই পরিস্থিতি তাঁহাকে উদ্বেলিত করিয়া তুলিল। ভাইদিগকে আরও কিছু শিক্ষা দেওয়ার ইচ্ছা স্তিমিত হইয়া গেল। পিতা ও ভাইদের করুণ অবস্থা তাঁহার কোমল অন্তরকে সমবেদনার দোলায় তরংগায়িত করিয়া তুলিল। এখন আপন পরিচয়ে আত্মপ্রকাশে আর বিলম্ব করিতে চাহিলেন না। ইউসুফ (আ) আর আত্মসম্বরণ করিতে পারিলেন না। বেদনাপ্লুত হৃদয়ের আবেগ তাঁহার চক্ষুদ্বয়ের অশ্রুধারারূপে প্রকাশ পাইল। তখন তিনি আত্মপরিচয় প্রকাশের ভূমিকাস্বরূপ বলিলেন (কুরআনের ভাষায়): قَالَ هَلْ عَلِمْتُمْ مَا فَعَلْتُمْ بِيُوسُفَ وَآخِيهِ إِذْ أَنْتُمْ جُهَلُونَ .
"সে বলিল, তোমরা কি জান, তোমরা ইউসুফ ও তাহার সহোদরের প্রতি কিরূপ, আচরণ করিয়াছিলে, যখন তোমরা ছিলে অজ্ঞ" (১২ঃ ৮৯)।
ইউসুফ (আ)-এর এই আকস্মিক প্রশ্নে ভ্রাতৃবর্গ হতভম্ব হইয়া পড়িল। তাহারা ভাবিল, আমরা তো মিসরের রাজ-দরবারে আযীয মিসরের সম্মুখে দাঁড়াইয়া আছি। তবে তাঁহার মুখে ইউসুফের ব্যাপারে এ কি কথা শুনিতেছি! আবার তাঁহার ভাইয়ের কথা! তবে কি ইনিই ইউসুফ? তাহা কি করিয়া হয়? পিছনের সব ঘটনা তাহাদের হৃদয়পটে ভাসিয়া উঠিতে লাগিল। তাহারা ভাবিল, হইতেও পারে। কেননা ইউসুফের স্বপ্ন তো এখনও বাস্তবায়িত হয় নাই। তাই নিশ্চিত হওয়ার জন্য তাহারা বলিল:
قَالُوا إِنَّكَ لَأَنْتَ يُوسُفُ قَالَ أَنَا يُوسُفُ وَهَذَا أَخِي قَدْ مَنَّ اللَّهُ عَلَيْنَا إِنَّهُ مَنْ يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ.
"উহারা বলিল, তবে কি তুমিই ইউসুফ? সে বলিল, আমিই ইউসুফ এবং এই আমার সহোদর; আল্লাহ তো আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। নিশ্চয়ই যে ব্যক্তি মুত্তাকী এবং ধৈর্যশীল, আল্লাহ সেইরূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না" (১২ঃ ৯০)।
সায়্যিদ কুতব শহীদ লিখেন, "এখন তাহারা তাঁহার স্বরধ্বনি ও মুখমণ্ডলের কিছু কিছু আলামত দেখিয়া তাঁহাকে ইউসুফ বলিয়া ধারণা করিল" (ফী জিলালিল কুরআন, ৫খ., ৬৬)।
সেই মুহূর্তে অনুতাপ ও লজ্জায় ইউসুফ (আ)-এর অপরাধী বড় ভাইদের মাথা হেঁট হইয়া গেল। বিগত দিনের অসহায় মজলুম আজ ক্ষমতায় অধিষ্ঠিত, অপরাধীদের দণ্ডমুণ্ডের অধিকারী। বিগত দিনের প্রতাপশালী জালিম আজ আসামীর কাঠগড়ায়। কাল যাহাকে নিক্ষেপ করা হইয়াছিল কানআনের অন্ধকূপে, আজ তিনি আযীয মিসর। বিগত জীবনের সকল অপকর্মের ছবি একের পর এক তাহাদের মানসপটে ভাসিয়া উঠিতে লাগিল। অপরাধ বোধে ও লজ্জায় মাটিতে মিশিয়া যাইতে ইচ্ছুক ভাইয়েরা অবনত মস্তকে স্বীকারোক্তি করিল:
قَالُوا تَاللهِ لَقَدْ أَثَرَكَ اللهُ عَلَيْنَا وَإَنْ كُنَّا لَخَطِئِينَ.
"উহারা বলিল, আল্লাহর শপথ! আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়াছেন এবং আমরা তো অপরাধী ছিলাম" (১২ঃ ৯১)।
অর্থাৎ অহং ও আত্মমর্যাদাবোধে অনমনীয় ও শ্রেষ্ঠত্বের দাবিদার বড় ভাইয়েরা তাহাদেরই ছোট ভাইয়ের কাছে আজ অনুনয় বিনয় করিয়া নিজেদের অপরাধ স্বীকার করিতেছে। এই দৃশ্য ইউসুফ (আ)-এর হৃদয়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। তিনি অবিলম্বে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমা আদর্শের নির্মল ঘোষণা দিয়া বলিলেন (আল কুরআনের ভাষায়):
قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ.
"সে বলিল, আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই। আল্লাহ তোমাদিগকে ক্ষমা করুন এবং তিনিই শ্রেষ্ঠ দয়ালু" (১২ঃ ৯২)।
ইউসুফ (আ)-এর অন্তরে সর্বাগ্রে পিতার সাক্ষাত লাভের চিন্তা উদিত হইল। বাগাবী বলেন, পরিচয় পর্ব সমাপ্তির পর ইউসুফ (আ) ভাইদের নিকট পিতার অবস্থা জিজ্ঞাসা করিলে তাহারা বলিল, তোমার জন্য কাঁদিয়া কাঁদিয়া তিনি দৃষ্টিশক্তি হারাইয়া ফেলিয়াছেন। তখন ইউসুফ (আ) নিজের জামা খুলিয়া ভাইদের হাতে দিলেন এবং পরিবারের সকলকেসহ পিতাকে মিসরে নিয়া আসিতে বলিলেন (কুরআনের ভাষায়):
اذْهَبُوا بِقَمِيصِي هَذَا فَالْقُوهُ عَلَى وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَاتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ .
"তোমরা আমার এই জামাটি লইয়া যাও এবং ইহা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখিও; তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পাইবেন। আর তোমাদের পরিবারের সকলকেই আমার নিকট লইয়া আসিও" (১২ঃ ৯৩)।
📄 জামা লইয়া ইউসুফ (আ) ভ্রাতৃবর্গের কান'আনে প্রত্যাবর্তন
ইউসুফ-ভ্রাতৃবর্গের এই কাফেলা মিসর হইতে কান'আন প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করিল। এইবার তাঁহার পিতার জন্য সুসংবাদ নিয়া যাইতেছিল। ইমাম নববীর বর্ণনামতে ইয়া'কূব (আ) ও সমগ্র পরিবারবর্গকে সসম্মানে ও রাজকীয় মর্যাদায় নিয়া আসিবার লক্ষ্যে ইউসুফ (আ) এই কাফেলার সহিত দুই শতটি বাহন ও উহাদের জন্য প্রয়োজনীয় ভ্রমণ উপকরণ প্রেরণ করিয়াছিলেন (মাজহারী, ৫খ., ২০১)। ইউসুফ (আ)-এর আদেশ মুতাবিক তাহারা জামা লইয়া কান'আনের উদ্দেশে মিসর ত্যাগ করিল। একদিকে কাফেলা মিসরের শহরতলী অতিক্রম করিতেছিল, আর অপরদিকে কান'আনে ইয়া'কূব (আ) উপস্থিত পৌত্র-পৌত্রী ও পরিবারের অন্য লোকদিগকে ডাকিয়া বলিতে লাগিলেন (কুরআনের বর্ণনায়):
وَلَمَّا فَصَلَتِ الْعِبْرُ قَالَ أَبُوهُمْ إِنِّي لَأَجِدُ رِيحَ يُوسُفَ لَوْلا أَنْ تُفَنِّدُونَ، قَالُوا تَاللَّهِ إِنَّكَ لَفِي ضَلَلِكَ القديم.
"অতঃপর যাত্রীদল যখন বাহির হইয়া পড়িল তখন উহাদিগের পিতা বলিল, তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না কর তবে বলি, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। তাহারা বলিল, আল্লাহ্র শপথ! আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রহিয়াছেন" (১২: ৯৪-৯৫)।
অপ্রকৃতস্থ হওয়ার ধারণা ছিল অবান্তর; বরং আল্লাহ তা'আলার সহিত ঘনিষ্ঠ সংযোগ থাকিবার কারণে ইউসুফের বাঁচিয়া থাকা ও তাঁহার সহিত পুনর্মিলন এবং সুদূর হইতে তাঁহার অস্তিত্বের ঘ্রাণ অনুভব করা তাঁহার জন্য কোন অবাস্তব ছিল না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে আল্লাহ্র কুদরতী বিষয়সমূহ অনুধাবন অসম্ভব বা কঠিন হওয়ার কারণে তাহারা অনেক বাস্তবকেও উপহাসে উড়াইয়া দেয়। ইয়া'কূব (আ) কর্তৃক ইউসুফ (আ)-এর সুঘ্রাণ পাওয়ার ঘটনাটিও ছিল অনুরূপ। মুজাহিদ বলিয়াছেন, ইয়া'কূব (আ) তিন দিনের দূরত্ব হইতে ইউসুফের ঘ্রাণ পাইয়াছিলেন, ইবন আব্বাস (রা)-এর বর্ণনামতে আট দিনের দূরত্ব হইতে। হাসান (র) বলিয়াছেন, মিসর হইতে কান'আনের দূরত্ব আশি ফরসাখ বা প্রায় দুই শত পঞ্চাশ মাইল। কেহ কেহ বলিয়াছেন যে, পবিত্র কুরআনে 'ইউসুফের সুঘ্রাণ' বলা হইয়াছে, ইউসুফের 'জামার' সুঘ্রাণ বলা হয় নাই। ইহা দ্বারা বুঝা যায় যে, সুঘ্রাণ মূলত ইউসুফের ছিল, তাঁহার জামার নহে (মাজহারী, ৪খ., ১৯৯; মা'আরিফুল কুরআন, ৪খ, ১৩১)। উপস্থিত ব্যক্তিবর্গের বিরূপ মন্তব্য শুনিয়া ইয়া'কূব (আ) নিরবতা অবলম্বন করিলেন। কাফেলা পৌছিবার সাথে সাথে সুসংবাদবাহক ইউসুফ (আ)-এর নির্দেশমত ইয়া'কূব (আ)-এর মুখমণ্ডলের উপর জামাটি রাখিল। তৎক্ষণাৎ তিনি দৃষ্টিশক্তি ফিরিয়া পাইলেন। পুত্ররা তাহাদের জন্য আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করিলে ইয়া'কূব (আ) দু'আ করিবার ওয়াদা করিয়া তাহাদিগকে সান্ত্বনা দিলেন (কুরআনের ভাষায়):
فَلَمَّا أَنْ جَاءَ الْبَشِيرُ أَلْقَهُ عَلَى وَجْهِهِ فَارْتَدْ بَصِيرًا قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ . قَالُوا يُأَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَطَئِينَ . قَالَ سَوْفَ اسْتَغْفِرُ لَكُمْ رَبِّي إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ.
অতঃপর যখন সুসংবাদবাহক উপস্থিত হইল এবং তাহার মুখমণ্ডলের উপর জামাটি রাখিল তখন সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল। সে বলিল, আমি কি তোমাদিগকে বলি নাই যে, আমি আল্লাহ্র নিকট হইতে জানি যাহা তোমরা জান না" (১২:৯৬)?
ইবন মাস'উদ (রা) বলিয়াছেন, সুসংবাদ বাহক কাফেলার পূর্বেই ছুটিয়া আসিয়াছিলেন। এই সুসংবাদ বাহক কে ছিলেন? ইবন আব্বাস (রা)-এর মতে তিনি ছিলেন 'বড় ভাই' ইয়াহুদা। সুদ্দী বলেন, ইয়াহুদা তাহার অন্য ভাইদিগকে বলিলেন, আমিই ইউসুফের রক্তমাখা জামা পিতার নিকট নিয়া গিয়াছিলাম এবং ইউসুফকে নেকড়ে বাঘে খাওয়ার কথা বলিয়াছিলাম। সুতরাং আজও আমিই জামাটি নিয়া গিয়া তাঁহাকে বলিব যে, ইউসুফ বাঁচিয়া আছে। সেদিন যেমন আমি তাঁহাকে দুঃখ দিয়াছিলাম, আজ আমিই তাঁহাকে আনন্দ দান করিয়া প্রতিবিধান করিব। ইবন 'আব্বাস (রা) বলেন, ইয়াহুদা জামাটি নিয়া উর্ধশ্বাসে ছুটিতে লাগিল। পথিমধ্যে ক্ষুধা নিবারণের জন্য সে সাতটি রুটি সংগে নিয়াছিল, কিন্তু সেগুলি শেষ করিবার পূর্বেই সে পিতার নিকট পৌছিয়া গেল। এই আড়াই শত মাইল পথ সে পদব্রজে অতিক্রম করিয়াছিল। (মাজহারী, ৫খ., ২০০; মা'আরিফুল কুরআন, ৫খ., ১২৮, ১২৯, ১৩১)।
সুসংবাদ বাহক কাফেলা সিরিয়া আসিয়া ইয়া'কূব (আ)-কে তাহাদের মিশনের পূর্ণ সফলতা সম্পর্কে অবহিত করিল। তাহারা ইউসুফ (আ)-এর সার্বিক অবস্থা বর্ণনা করিল এবং বিশেষত পরিবারের সকলকে মিসরে নিয়া যাওয়ার ব্যাপারে ইউসুফ (আ)-এর অনুরোধের বিষয়ে অবহিত করিল। ইয়া'কুব (আ) এইবার পুত্র পৌত্রদের বিগত সকল মন্তব্যের সংক্ষিপ্ত জবাব দিলেন, "আমি তো বলিয়াছিলাম যে, আমি আল্লাহর পক্ষ হইতে এমন কিছু জানি যাহা তোমরা জান না"। আমি বলিয়াছিলাম, আল্লাহ্র রহমত সম্বন্ধে নিরাশ হইও না; ইউসুফকে সন্ধান কর। বলিয়াছিলাম, ইউসুফ বাঁচিয়া আছে এবং আল্লাহ আমাদের পুনর্মিলন ঘটাইবেন। সর্বশেষ বলিয়াছিলাম, আমি ইউসুফের সুঘ্রাণ পাইতেছি। তোমরা তখন এইসব কথা বিশ্বাস করিতে পার নাই। এখন তো তোমরা উহার বাস্তবতা প্রত্যক্ষ করিলে। বাইবেলে আছে, "যখন সে (ইয়াকূব) সেই সকল শকট দেখিল, যাহা ইউসুফ তাঁহাকে নিয়া যাওয়ার জন্য পাঠাইয়াছিল, তখন তাহাদের পিতা ইয়াকূবের জীবন পুনরায় হইল এবং ইসরাঈল বলিল, ইহাই যথেষ্ট যে, আমার পুত্র ইউসুফ এখন বাঁচিয়া রহিয়াছে। আমি যাইব এবং আমার মৃত্যুর পূর্বে তাহাকে দেখিব" (আদিপুস্তক, ৪৫: ২৭, ২৮)।
হাসান (র) হইতে বর্ণিত আছে, সুসংবাদদাতা ইউসুফের জামা নিয়া আসিলে ইয়াকূব (আ) তাহাকে কিছু পুরস্কার দিতে চাহিলেন। কিন্তু পরিস্থিতি অনুকূল না হওয়ার কারণে তিনি এই বলিয়া দুঃখ ও অপারগতা প্রকাশ করিলেন, সাত দিন পর্যন্ত আমাদের বাড়িতে খাদ্য তৈরি হইতেছে না। কোন বস্তু পুরস্কার দিতে আমি অপারগ। তবে আমি দু'আ করি, আল্লাহ যেন তোমাদের মৃত্যুষাতনা লাঘব করিয়া দেন। কুরতুবী বলেন, এই দু'আই ছিল তাহাদের জন্য উৎকৃষ্ট পুরস্কার (মা'আরিফুল কুরআন, ৫খ, ১১৮)।
ইউসুফ ভ্রাতৃবর্গ এতক্ষণ পিতাকে ইউসুফের সুংসবাদ প্রদানে ব্যস্ত থাকিলেও ভিতরে ভিতরে তাহারা লজ্জায় মরিয়া যাইতেছিল। কেননা পিতাকে প্রতারণা করিবার এবং ইউসুফ (আ)-এর প্রতি নির্যাতনের মাধ্যমে পিতার মনে অপরিসীম দুঃখ দেওয়া, কথায় কথায় পিতাকে ইউসুফ প্রেমের ব্যাপারে কটাক্ষ করিয়া ব্যথিত করিবার সকল ঘটনা ও চিত্র তাহাদের মনের মধ্যে আন্দোলিত হইতে থাকিল। তাহারা ক্ষমার অযোগ্য অপরাধের কথা স্বীকার করিয়া অত্যন্ত অনুতাপ ও বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করিয়া বলিল, আব্বাজান! আমাদের জন্য আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করুন। পুত্রদের আবেদনের জবাবে পিতা ইয়াকূব (আ) পরে ক্ষমা প্রার্থনার ওয়াদা করিলেন।
📄 ইয়াকূব (আ)-এর সপরিবারে মিসর আগমন
ইয়াকুব (আ) পরিবার ইউসুফ (আ)-এর আহবানে সাড়া দিবার জন্য অবিলম্বে মিসর গমনের প্রস্তুতি গ্রহণ করিতে লাগিলেন। ইয়াকুব (আ) তাঁহার পুত্র-পৌত্রীদের সহকারে প্রস্তুতি গ্রহণ করিয়া মিসর অভিমুখে রওয়ানা হইলেন (মাআরিফুল কুরআন, ৫খ., ১৩২)। ইউসুফ (আ) মিসর আগমনের প্রস্তুতির জন্য তাঁহার প্রত্যেক ভাইকে এক এক সেট পূর্ণ বস্তু ও বিনয়ামীনকে পাঁচ সেট বস্তু ও তিন শত রৌপ্যমুদ্রা দিয়াছিলেন এবং পিতার জন্য দশটি গাধা বোঝাই উপহার ও অন্য দশটি গাধা বোঝাই খাদ্যদ্রব্য পাঠাইয়াছিলেন (রূহুল মা'আনী, ১৩ পারা, পৃ. ৫৭)।
বাইবেলে আছে: ফিরআওন ইউসুফ (আ)-কে বলিল, তুমি তাহাদিগকে বল যে, তোমরা এইরূপ কর যে, তোমাদের পুত্র-সন্তানগণ ও তোমাদের স্ত্রীগণের নিমিত্ত মিসর দেশ হইতে শকটযান নিয়া যাও এবং তোমাদের পিতাকে নিয়া আইস এবং তোমাদের (সেখানকার) আসবাবপত্রের জন্য কোন প্রকার দুঃখ করিও না। কেননা সমগ্র মিসর দেশের তুষ্টি তোমাদের নিমিত্ত নিবেদিত এবং ইসরাঈল পুত্রগণ তদ্রূপই কার্য করিল এবং ইয়াকুব তাহার গোষ্ঠী সহকারে মিসরে আগমন করিল। সে তাহার পুত্রগণ ও পুত্রগণের পুত্রগণ এবং তাহার কন্যাগণ ও পুত্রগণের কন্যাগণ ও নিজের সকল ঔরসজাতকে নিজের সহিত মিসরে আনিলেন। সুতরাং তাহারা সকলেই যাহারা ইয়া'কূবের পরিবারের সদস্য ছিল এবং মিসর আগমন করিয়াছিল, তাহাদের সংখ্যা ছিল সত্তর (দ্র. আদিপুস্তক ৪৬: ১৬, ২০; ৪৬: ৭, ২৭)।
যথাযোগ্য প্রস্তুতি গ্রহণের পর ইয়াকূব পরিবারের সকল সদস্যের কাফেলাটি মিসর অভিমুখে রওয়ানা করিল। তাহাদের সংখ্যা কত ছিল সে সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়: ৭২, ৯৯, ৩৮০, ৩৯০, ৬৩, ৮৩। বইবেলীয় বর্ণনায় তাহাদের সংখ্যা সত্তর জন (৭০) এবং বাইবেলে তাহাদের নামের তালিকাও রহিয়াছে (আল-বিদায়া, ২খ, ২৫১; তাফসীরে মাজেদী, পৃ. ৫০৬ টীকা ১৬৯; বরাত ৪৬: ২৭; তাবারী, ১খ, ১৮৭)।
কাফেলা সফর করিয়া মিসরের নিকটবর্তী হইলে ইউসুফ (আ) সংবাদ পাইয়া পিতাকে রাজকীয় সম্বর্ধনা প্রদানের উদ্দেশে নগরীর বাহিরে অভ্যর্থনা কেন্দ্রে আসিলেন। ইউসুফ (আ) বাদশাহকে তাঁহার পিতার আগমনের সংবাদ অবহিত করিলে বাদশাহ তাঁহার পরিষদের সদস্যবর্গ ও গণ্যমান্য লোকদিগকে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদানের এবং যথাযোগ্য রাজকীয় মর্যাদায় সম্বর্ধনা প্রদানের ব্যবস্থা করিবার আদেশ দিলেন এবং নিজেও সম্বর্ধনার জন্য বাহিরে জনগণের সম্বর্ধনা কেন্দ্রে গমন করিলেন। (মুখতাসার তাফসীর ইবন কাছীর, ২খ, ২৬২; বিদায়া, ১খ, ২৫০, ২৫১; মাজহারী, ৫খ., ২০১; মাআরিফুল কুরআন, মুফতী শফী, ৫খ., ১৩২; ফী জিলালিল কুরআন, ৫খ, ৭১, ৭২; কাসাসুল কুরআন, ১খ, ৩৬৩)। বাইবেলের বর্ণনায়, "ইউসুফ তাহার গাড়ি তৈরি করিল এবং পিতাকে স্বাগত জানাইবার জন্য সম্বর্ধনা অনুষ্ঠান কেন্দ্রের দিকে চলিল। নিজেকে তাহার নিকট করিল এবং তাঁহার গলা জড়াইয়া ধরিয়া ক্রন্দন করিল (তাফসীর মাজেদী, পৃ. ৫০৭, টীকা ১৭৭; বরাত বাইবেলের আদি পুস্তক, ৪৬: ২৮, ২৯)।
মুফাসসিরগণ বর্ণনা করিয়াছেন যে, সম্বর্ধনার জন্য ইউসুফ (আ) নগরীর বাহিরে এতদুদ্দেশে নির্মিত রাজকীয় তাঁবু বহর অথবা কোন প্রাসাদে সেনাবাহিনী ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে লইয়া অপেক্ষমাণ ছিলেন। অপর দিক হইতে ইয়াকূব (আ) পুত্র ইয়াহুদার কাঁধে ভর করিয়া আগাইয়া আসিতেছিলেন। ইয়াকুব (আ) তাঁহার সম্মুখ দিকে অশ্ববাহিনী ও জনতার সমাগম দেখিয়া ইয়াহুদাকে বলিলেন, ঐ কি মিসর সম্রাট ফিরআওনের বাহিনী? ইয়াহুদা বলিল, আব্বাজান! ফিরআওন নয়, আপনার পুত্র ইউসুফ। আপনাকে অভ্যর্থনা করিবার জন্য লোকজন নিয়া আসিয়াছে। পিতা ইয়াকুব (আ) বলিলেন, اَلسّلامُ عَلَيْكَ يَا مُذْهِبَ الْأَحْزَانِ 'হে দুঃখ-যাতনার অবসানকারী! তোমাকে সালাম।' ইয়াকূব (আ) ইউসুফকে বুকে জড়াইয়া নিলেন এবং তাহাকে চুমু খাইলেন। তখন তাঁহাদের উভয়ের চক্ষু হইতে গড়াইয়া পড়িতেছিল পুনর্মিলনের অরূন্দাশ্রু (রূহুল মাআনী, ১৩ পারা, ৫৭; মাজহারী, ৫খ, ২০১)।
📄 হযরত ইউসুফ (আ)-এর বর্গের বাস্তবায়ন
সাক্ষাত পর্ব শেষ হইলে ইউসুফ (আ) পিতার নিকট আবদার করিলেন, মেহেরবানী পূর্বক সসম্মানে নগর অভ্যন্তরে চলুন। এই সময় মিসরের রাজধানীর নাম ছিল রামাসীস ( رعمسیس ) যাহা 'উৎসবের শহর' নামে অভিহিত হইত। ইউসুফ (আ) তাঁহার পিতা ও পরিবারবর্গের সকলকে রাজকীয় বাহনে আরোহণ করাইয়া জাঁকজমকের সহিত নগর অভ্যন্তরে নিয়া গেলেন এবং রাজভবনে তাঁহাদের অবস্থানের ব্যবস্থা করিলেন" (কাসাসুল কুরআন, ১খ, ৩৩৩)।
অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসাসিরের বর্ণনামতে ইউসুফ (আ) ও বিনয়ামীনের মাতা রাহীল ইতোপূর্বে ইন্তিকাল করেন। তাঁহাদের মতে, এই আয়াতে "মা" বলিতে ইউসুফ (আ)-এর খালা লায়্যাকে বুঝানো হইয়াছে। কেননা তখন চাচাকে পিতা বলার ন্যায় খালাকে মাতা বলিবার প্রচলন ছিল। ইহা ছাড়া এই খালা পিতা ইয়াকূবের স্ত্রী হওয়ার কারণে স্বভাবতই তাহাকে মাতা বলা যায়। ইবন আব্বাস হইতে এই অভিমত বর্ণিত হইয়াছে (রূহুল মা'আনী, ১৫ পারা, পৃ. ৫৭)। ইউসুফ (আ)-এর নিরুদ্দেশ হওয়ার পর কত বৎসর পরে পিতা-পুত্রের পুনর্মিলন ঘটিয়াছিল সে সম্পর্কে বিভিন্ন বর্ণনা রহিয়াছে। ইবনে কাছীরের মতে এই সময়কাল ২৭/২৮ বৎসর ছিল (বিদায়া, ১খ., ২৫৩)।
ইয়াকূব (আ) এই সময় বাদশাহর জন্য দু'আ করিয়াছিলেন এবং তাঁহার আগমনের বরকতে আল্লাহ তা'আলা মিসরবাসীকে দুর্ভিক্ষের পরবর্তী বৎসরগুলি হইতে পরিত্রাণ দান করিয়াছিলেন (বিদায়া; ১খ, ২৪১)।
ইয়াকূব (আ) ও তাঁহার পরিবারবর্গের মিসর আগমন উপলক্ষে রাজকীয় সম্বর্ধনার ব্যস্ততা সমাপ্ত হওয়ার পর ইউসুফ (আ) একটি মজলিস অনুষ্ঠানের ইচ্ছা করিলেন, যাহাতে মিসরবাসী তাঁহার সম্মানিত পিতা ও পরিবারের সদস্যদের পরিচিত লাভ করিতে পারে। সুতরাং একটি দরবারের আয়োজন করা হইল এবং নিয়ম অনুযায়ী দরবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ আসন গ্রহণ করিলেন। ইউসুফ (আ)-এর হুকুমে তাঁহার পিতা-মাতাকে রাজকীয় মঞ্চে উচ্চাসনে উপবিষ্ট করানো হইল এবং পরিবারের অন্য সদস্যদেরকে তাহাদের মর্যাদা অনুসারে আসন প্রদান করা হইল। এই সকল ব্যবস্থার পর ইউসুফ (আ) শাহী মহল হইতে বাহির হইয়া সিংহাসনে উপবেশন করিলেন। দরবারী সদস্যরা দরবারের নিয়মানুসারে তাঁহার সম্মানে সিজদা করিল। পরিবেশ-পরিস্থিতি দরবারে উপস্থিত ইউসুফ (আ)-এর পিতা-মাতা ও ইউসুফ ভ্রাতৃবর্গকে এমনভাবে অভিভূত করিল যে, তাহারাও দরবারীদের অনুসরণে সিজদায় পতিত হইল। কুরআনের বর্ণনায়:
وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا .
"এবং ইউসুফ তাহার পিতা-মাতাকে উচ্চাসনে বসাইল এবং উহারা সকলে তাহার সম্মানে সিজদায় লুটাইয়া পড়িল" (১২: ১০০)।
এই সিজদা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন মত ব্যক্ত করিয়াছেন। তবে তাঁহারা সকলে এই বিষয়ে একমত যে, এই সিজদা ইবাদতের সিজদা ছিল না। কেহ কেহ বলিয়াছেন, ইহা আক্ষরিক অর্থে ভুলুণ্ঠিত হওয়া ও মস্তক মাটিতে স্পর্শ করাইবার সিজদা ছিল না। ইহা ছিল মাথা ঝুঁকাইয়া কাহাকেও অভিবাদন ও সম্মান করিবার তৎকালে প্রচলিত প্রথা। সুতরাং ইহাকে রূপক অর্থে সিজদা বলা হইয়াছে। অধিকাংশের মতে এই সিজদা কপাল মাটিতে লাগাইয়াই করা হইয়াছিল। তবে উহা ইবাদতের জন্য ছিল না। উহা ছিল সম্মান প্রদর্শনের জন্য। শরীআতে মুহাম্মাদীতে আল্লাহ ব্যতীত অন্য কাহারো জন্য কোন প্রকার সিজদা করা হারাম করা হইয়াছে। আতা (র) সূত্রে ইবন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তাহারা ইউসুফকে ফিরিয়া পাওয়ার আনন্দে (এবং অভাবনীয় ও অপরিসীম নি'মাত লাভের) শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তা'আলার জন্য সিজদাবনত হইয়াছিল (তাফসীর কাবীরের বরাতে তাফসীরে মাজেদী, ১খ., পৃ. ৫০৭, টীকা, ১৭৮; মুখতাসার ইবন কাছীর, ২খ, ২৬২; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ., ২৫১; রূহুল মা'আনী, ১৩ পারা, পৃ. ৫৮; মাজহারী, ৫খ, ২০২; মুফতী শফী, মা'আরিফুল কুরআন, ১খ., ১৩৩; কান্ধলাবী, মা'আরিফুল কুরআন, ৪খ., ৬৬; ফী জিলালিল কুরআন, ৫খ, ৭২; কাসাসুল কুরআন, ১খ, ৩৩৩। বিষয়টির পূর্ণাঙ্গ ও বিশদ আলোচনার জন্য দ্র. তাফসীরে কবীর, ইমাম রাযী, ১৮ খ., পৃ. ২১২-২১৩)।
দরবারীদের অনুসরণে পিতা-মাতা ও ভাইগণকে সিজদাবনত হইতে দেখিয়া এই সুদীর্ঘ কাল পরে শৈশবে দেখা স্বপ্নটির কথা ইউসুফ (আ)-এর মনে পড়িয়া গেল। তিনি আল্লাহ তা'আলার মহিমার বর্ণনা প্রদান এবং তাঁহার জীবনের একের পরে এক কঠিন হইতে কঠিনতর সংকট হইতে মুক্তি লাভ ও সকল পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হওয়ার শুকরিয়া প্রকাশ করিয়া একটি অতি সংক্ষিপ্ত ভাষণ দিলেন (কুরআনের ভাষায়):
وَقَالَ يَا بَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهُ رَبِّي حَقًّا وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ اخْوَتِي إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ
"সে বলিল, হে আমার পিতা! ইহাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক উহা সত্যে পরিণত করিয়াছেন এবং তিনি আমাকে কারাগার হইতে মুক্ত করিয়া এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করিবার পর আপনাদিগকে মরু অঞ্চল হইতে এখানে আনিয়া দিয়া আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। আমার প্রতিপালক যাহা ইচ্ছা তাহা নিপুণতার সহিত করেন। তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়" (১২:১০০)।
এই নাতিদীর্ঘ ভাষণের পরবর্তী অংশে ইউসুফ (আ) তাঁহার প্রতি আল্লাহর মহাঅনুগ্রহ, বিশেষত ইলম ও নবুওয়াত এবং পার্থিব রাজত্ব প্রাপ্তির শুকরিয়া আদায় করিলেন এবং মৃত্যুর কথা স্মরণ করিয়া বলিলেন:
رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الأَحَادِيثِ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِي فِي الدُّنْيَا وَالآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَالْحِقْنِي بِالصَّلِحِينَ.
"হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজ্য দান করিয়াছ এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়াছ। হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা! তুমিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত কর” (১২:১০১)।
যুগে যুগে পৃথিবীর বুকে প্রতিপত্তি ও দাপটের সহিত রাষ্ট্রীয় ক্ষমতার মসনদারোহী দাম্ভিকদের বক্তৃতা-বিবৃতির সহিত তৎকালীন বিশ্বের সর্বাধিক উন্নত ও শ্রেষ্ঠ রাজ্য মিসরের মসনদারোহী ইউসুফ (আ)-এর এই সংক্ষিপ্ত ভাষণের মৌলিক পার্থক্য স্রষ্টাতে আত্মসমর্পণ, অবনত মস্তকে তাঁহার শুকরিয়া আদায়, পরম বিনয় প্রকাশের সহিত মৃত্যু ও আখিরাতের স্মরণ এবং সৎসংগ লাভের বাসনার ভাবাদর্শে অত্যন্ত সমুজ্জ্বল।
মুফাসসিরগণ এই ভাষণের ব্যাখ্যা-বিশ্লেষণে যাহা বলিয়াছেন উহার মর্ম এই যে, ভাইদের নিকট হইতে দুর্ব্যবহার, এমনকি তাঁহার জীবন নাশের চেষ্টা, গোলামী জীবন যাপন, মিথ্যা অভিযোগে কারারুদ্ধ জীবন-যাপন, সুদীর্ঘ কাল পিতৃ-মাতৃ বিচ্ছেদের পর পুনর্মিলন এবং প্রতিশোধ গ্রহণের নিরংকুশ ক্ষমতা ও সুযোগ থাকিলে সাধারণ মানুষের মধ্যে যে প্রতিশোধ-স্পৃহা পরিলক্ষিত হয় এবং দুঃখ-ভরা জীবনের মর্মস্পর্শী বিশদ বিবরণ প্রদানের প্রবণতা দেখা যায়, আলোচ্য ক্ষেত্রে পিতা-পুত্রের মধ্যে উহার বিন্দুমাত্রও বিদ্যমান নাই, বরং পিতা-পুত্রের এই সুদীর্ঘ সময়ের ঘটনাবলী যেন অত্যন্ত সাধারণ কোন বিষয়। সুতরাং শৈশবে পিতার সান্নিধ্য হইতে বিচ্ছিন্ন ইউসুফ (আ) বিপদের মহাসাগর পাড়ি দিয়া মুক্তির সৈকতে অবতীর্ণ হওয়ার পরও যে কথা বলিলেন উহাতে বিপদের বিবরণ গৌণ হইয়া মুক্তিলাভ ও উহাতে স্রষ্টার অনুগ্রহের বিবরণ মুখ্যরূপে প্রকাশিত হইয়াছে।
ইউসুফ (আ)-এর দুঃখময় জীবনকে তিনটি স্তরে বিভক্ত করা যায়। প্রথমত, ভাইদের বিদ্বেষ ও নিপীড়ন; দ্বিতীয়ত, পিতা-মাতার সহিত সুদীর্ঘ কালের বিচ্ছেদ এবং তৃতীয়ত, কারাগারের কঠিন জীবন। কিন্তু আল্লাহ তা'আলার এই মহান নবী তাঁহার ভাষণে ঘটনার এই ক্রমবিন্যাস পরিবর্তন করিয়া প্রথমেই কারাগার প্রসঙ্গ উত্থাপন করিলেন এবং উহাতে ও কারারুদ্ধ হওয়ার কারণস্বরূপ আযীয পত্নী ও নিজের গোলামী জীবনের গৃহকর্ত্রীই যে উহার উৎস ছিল সে কথা উল্লেখ করিয়া আযীয, আযীয-পত্নী ও সংশ্লিষ্টদের লজ্জিত করিলেন না এবং সেখানে দুঃখ-কষ্ট ভোগের আলোচনাও করিলেন না, বরং কারাগার হইতে মুক্তি লাভের বিষয়টি আল্লাহ তা'আলার অনুগ্রহ হওয়াকেই মুখ্যরূপে উপস্থাপন করিলেন, তবে পরোক্ষভাবে এ সময় কারাজীবন যাপনের প্রতি ইংগিত করিলেন। আরও লক্ষণীয় যে, কারামুক্তি প্রসঙ্গে কারারুদ্ধ থাকিবার প্রতি ইঙ্গিত করিলেও কূপ হইতে মুক্তিলাভের উল্লেখ একেবারেই করিলেন না। কেননা উহাতে ভাইদের কূপে নিক্ষেপের বিষয়টির প্রতি পরোক্ষ ইঙ্গিত হইত। অথচ تَشْرِيْبَ عَلَيْكُمْ বলিয়া ভাইদিগকে সম্পূর্ণ ও নিঃশর্তরূপে দায়মুক্তি ঘোষণা করিবার পর বিষয়টির প্রতি পরোক্ষ ইঙ্গিত প্রদান করা তাঁহার রুচিসম্মত ছিল না। অতঃপর পিতা-মাতার সহিত সুদীর্ঘ কালের বিচ্ছেদ ও দুঃখ-দুর্যোগময় জীবনের বিবরণ প্রদান না করিয়া এই সবের পরিণতি এবং পিতা-মাতার সহিত পুনর্মিলনের বিষয়টিও আল্লাহ তা'আলার এক বিশেষ অনুগ্রহরূপে উপস্থাপন করিলেন যে, আল্লাহ তাহাদিগকে মরু অঞ্চলের অভাব-অনটন ও কষ্টকর জীবন হইতে নগর সভ্যতার মর্যাদাসম্পন্ন ও প্রাচুর্যময় জীবনে পৌছাইয়া দিয়াছেন। অতঃপর প্রথম বিষয় অর্থাৎ ভাইদের দুর্ব্যবহার ও নিপীড়নের বিষয়টিতে শয়তানকে দায়ী করিয়া ভাইদিগকে সম্পূর্ণ দায়মুক্ত করিয়া দিলেন। যেন তিনি বলিলেন, আমরা এক পিতার সন্তান ভাই ভাই-ই ছিলাম। শয়তানই আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাইয়াছিল। এই ব্যাপারে ভাইদের কোন দোষ নাই। শয়তানের প্রতারণা না হইলে আমার ভাইয়েরা কোন অপকর্ম করিত না।
অবশেষে তিনি বিগত সকল ঘটনাকে মানুষের চিন্তা-চেতনা ও কর্তৃত্ব বহির্ভূতরূপে মহা প্রজ্ঞাবলে আল্লাহ তা'আলার সুদূরপ্রসারী সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়ন, তাঁহার অনুগ্রহ ও হিকমতের বহিঃপ্রকাশ হওয়ার কথা ব্যক্ত করিয়া বলিলেন, أن ربى لطيف (মাজহারী, ৫খ, ২০২; মুফতী শফী, মাআরিফুল কুরআন, ৫খ., ১৩৫, ১৩৬; বরাত, কুরতুবী কান্ধলাবী, মা'আরিফুল কুরআন, ৪খ., ৬৬)।
ভাষণের সমাপ্তি অংশে ইউসুফ (আ) আল্লাহ তা'আলার প্রদত্ত বাহ্য ও পার্থিব নি'মত রাজত্ব এবং আত্মিক ও অপার্থিব নি'মত স্বপ্নের ব্যাখ্যা জ্ঞান তথা নবুওয়াতী ইল্ম দানের শুকরিয়া আদায় করিলেন। কেননা রাজত্ব এবং পার্থিব জীবনে প্রাচুর্য ও ক্ষমতাও একটি উল্লেখযোগ্য নি'মত (মাজেদী, ৫০৭, টীকা ১৮১)। সুতরাং শুক্রিয়া প্রকাশের ক্ষেত্রে উহার উল্লেখ ইউসুফ (আ)-এর দৃষ্টিতেও প্রয়োজনীয় ও বাঞ্ছনীয় ছিল। কিন্তু এই সবই ক্ষয়িষ্ণু ও সাময়িক হওয়ার কারণে একজন মুমিনের নিকট আখিরাতই প্রধান ও মুখ্য বিষয় এবং পৃথিবীর অঢেল প্রাচুর্য ও ক্ষমতা লাভ করিয়াও আখিরাতের কথা বিস্তৃত না হইয়া সদাসর্বদা আখিরাতের প্রবেশদ্বার মৃত্যুকে স্মরণে রাখাই মুমিনের কর্তব্য। সুতরাং ইউসুফ (আ) মুসলিমরূপে মৃত্যু কামনা এবং মৃত্যু পরবর্তী কালে আল্লাহ্র সন্তুষ্টি লাভের ক্ষেত্র জান্নাত তথা জান্নাতের অধিকারপ্রাপ্ত নবী-রাসূলগণের সান্নিধ্য কামনার মাধ্যমে দু'আ (ও ভাষণ) সমাপ্ত করিলেন। অবশ্য মুফাসসিরদের অনেকে মৃত্যু সংক্রান্ত দু'আটি পরবর্তী কালে ইউসুফ (আ)-এর মৃত্যু সন্নিকট হওয়ার সময় করিবার অভিমতও ব্যক্ত করিয়াছেন (মুখতাসার ইবন কাছীর, ২খ, ২৬৩; আল-বিদায়া, ১খ., ২৫২, ২৫৩; মাজহারী, ৫খ., ২০৩; আরদুল কুরআন, ৫খ, ১৩৭; রূহুল মাআনী, ১৩ পারা, পৃ. ৬১, ৬২)।
বায়দাবীর বর্ণনামতে, (অনুষ্ঠান সমাপ্তির পর) এক সময় ইউসুফ (আ) পিতাকে রাজকীয় ভবনসমূহ ঘুরাইয়া দেখাইলেন। একটি ভবনে কাগজপত্রের বিশাল ভাণ্ডার দেখিয়া ইয়া'কূব (আ) বলিলেন, ইউসুফ! তোমার হাতের নাগালে এত কাগজ থাকা সত্ত্বেও এত দিনে আমাকে চিঠি লিখিলে না কেন? ইউসুফ (আ) বলিলেন, জিবরাঈল (আ) আমাকে নিষেধ করিয়াছিলেন। জিবরাঈল (আ) বলিলেন, আল্লাহ-ই আমাকে এইরূপ হুকুম করিয়াছিলেন (রূহুল মা'আনী, ১৩ পারা, পৃ. ৬০, ৬১; তাফসীরে মাজহারী, বায়দাবীর বরাতে, ৫খ., পৃ. ২০২, ২০৩)।