📘 সীরাত বিশ্বকোষ > 📄 বনী ইসরাঈলের পরিচয়

📄 বনী ইসরাঈলের পরিচয়


বনী ইসরাঈলের পরিচয়
হযরত ইয়াকূব (আ)-এর বংশধরগণ বনূ ইসরাঈল নামে পরিচিত। হযরত ইয়াকূব (আ)-এর অপর নাম ইসরাঈل। ইসর (اَسْر) অর্থ বান্দা (عَبْد) এবং (اِیْل) অর্থ আল্লাহ্, অতএব "ইসরাঈল শব্দের অর্থ "আল্লাহর বান্দা" (তাফসীরে তাবারী, বাংলা অনু, ১খ, পৃ. ৩৭০; তাফসীর ইবন কাছীর, বাংলা অনু., ১খ, পৃ. ৩০১; মাআরিফুল কুরআন, সংক্ষিপ্ত সং, পৃ. ৩৪; শায়খুল হিন্দের তরজমা, উছমানীর টীকাভাষ্য, টীকা নং ৫, পৃ. ৯; তাফহীমুল কুরআন, ২:৪০ আয়াতের ৫৬ নং টীকা)।
কুরআন মজীদের এক আয়াতে বলা হইয়াছে, "তাহারা ছিল আমারই ইবাদতকারী" (২১ঃ ৭০), এই কারণেও তাঁহার উক্ত নামকরণ হইতে পারে। ইবনুল আছীর বলিয়াছেন, জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক নিহত হওয়ার ভয়ে তিনি রাত্রে বাড়ি হইতে পলায়ন করিয়া মামার বাড়ি যান। পথিমধ্যে তিনি রাত্রে ভ্রমণ করিতেন এবং দিনের বেলা নিরাপদ স্থানে বিশ্রাম করিতেন। এই রাত্রি ভ্রমণের জন্য তাঁহার উক্ত নামকরণ হয় (আল-কামিল, ১খ, পৃ. ৯৬)। কুরআন মজীদে ইদাফাত ছাড়া একবার মাত্র এই নামের উল্লেখ আছে (দ্র. ৩ঃ ৯৩)। ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইসরাঈল অর্থ আল্লাহ্র বান্দা (তাবারী, ১খ, পৃ. ৩৭০)। একটি হাদীছ হইতেও ইহার সমর্থন পাওয়া যায়। একদল ইয়াহুদী নবী করীম (স)-এর নিকট উপস্থিত হইলে তিনি তাহাদেরকে জিজ্ঞাসা করেন: ইয়াকূব (আ)-ই যে ইসরাঈল তাহা কি তোমরা জান? তাহারা বলিল, আল্লাহ্ শপথ! আমরা তাহা জানি। নবী (স) বলেন, হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন (আবু দাউদ তায়ালিসীর বরাতে তাফসীর ইব্‌ن কাছীর, বাংলা অনু, ১খ., পৃ. ৩০১)। আল্লামা ইব্‌ن কাছীর বলেন, একদা মানুষের বেশে একজন ফেরেশতা হযরত ইয়াকূব (আ)-এর নিকট উপস্থিত হইয়া তাঁহার সহিত মল্লযুদ্ধে লিপ্ত হন। ফেরেশতা পরাজিত হইয়া জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? তিনি বলেন, ইয়াকূব। ফেরেশতা বলেন, এখন হইতে আপনার নাম "ইসরাঈل"। ইয়াকূব (আ) তাঁহার পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি অদৃশ্য হইয়া যান। তখন তিনি বুঝিতে পারেন যে, ইনি আল্লাহ্র ফেরেশতা (বিদায়া, ১খ., পৃ. ১৯৬)। ইহা বাইবেলের বিকৃত ঘটনার মার্জিত রূপ বলিয়া মনে হয়। কারণ বাইবেলের হাস্যাস্পদ বিবরণ যায়ী 'ইসরাঈল' অর্থ "আল্লাহ্র সহিত যুদ্ধকারী" এবং তাহাতে অনুরূপ একটি ঘটনা বর্ণিত আছে (দিপুস্তক, ৩২ঃ ২৪-৩০)। অতএব 'বনূ ইসরাঈল' অর্থ ইয়াকূব (আ)-এর বংশধর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00