📄 হযরত ইসমাঈল (আ)-এর ইনতিকাল
হযরত ইসমাঈল (আ)-এর ইনতিকাল
বাইবেলের বর্ণনামতে হযরত ইসমা'ঈল (আ) ১৩৭ বৎসর বয়সে ইনতিকাল করেন (আদিপুস্তক, ২৫: ১৭)। মুসলিম ঐতিহাসিকগণও উক্ত তারিখ উদ্ধৃত করিয়াছেন (বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, পৃ. ১৯৩; তাবারী, তারীখুল উমাম, ১খ, পৃ. ১৬২-এর বরাতে আওয়ারে আম্বিয়া, পৃ. ৬৬; আল-কামিল, ১খ, পৃ. ১৯৫; আরাইস, পৃ. ১০৭)। ইনতিকালের সময় তিনি ভ্রাতুষ্পুত্র ইসূর সহিত নিজ কন্যার বিবাহের ওসিয়ত করিয়া যান এবং তাহা প্রতিপালিত হয় (আরাইস, পৃ. ১০৯; আল-কামিল, ১খ, পৃ. ৯৫; বিদায়া, ১খ, পৃ. ১৯৩)। মুসলিম ঐতিহাসিকগণের মতে ইসমাঈল (আ) মক্কা শরীফেই ইনতিকাল করেন এবং তাঁহাকে তাঁহার মাতার কবরের পাশে রুকন ও কা'বার মাঝখানে হিজরে মীযাবের নিচে দাফন করা হয় (আত-তাবাকাতুল কুবরা, ১খ, পৃ. ৫২; আল-কামিল, ১খ, পৃ. ৯৫; বিদায়া, ১খ, পৃ. ১৯৩; আরাইস, পৃ. ১০৭; তারীখ তাবারী, ১খ-এর বরাতে কাসাসুল কুরআন, ১খ, পৃ. ২৪৭)। আল্লামা হিফজুর রহমান লিখিয়াছেন, তাওরাতে ইঙ্গিত রহিয়াছে যে, হযরত ইসমাঈল (আ)-এর কবর ফিলিস্তীনেই অবস্থিত এবং তিনি এখানেই ইনতিকাল করেন (কাসাসুল কুরআন, ১খ, পৃ. ২৪৭)। তিনি সম্ভবত নাজ্জারের কাসাসুল আম্বিয়ার বক্তব্য উদ্ধৃত করিয়াছেন। কারণ উহাতে এইরূপ একটি বক্তব্য বিদ্যমান (পৃ. ১০১)। কিন্তু বাইবেলের আদিপুস্তকের ২৫শ অধ্যায়সহ উক্ত পুস্তকের কোথায়ও অনুরূপ স্পষ্ট ইঙ্গিত নাই (নিবন্ধকার)।
উমার ইব্ন আবদুল আযীয (র)-এর সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেন, ইসমাঈল (আ) আল্লাহ্র নিকট মক্কাভূমির উষ্ণ আবহাওয়ার অভিযোগ করিলে তাঁহার মহান প্রতিপালক ওহী মারফত বলেন, তোমাকে যেখানে দাফন করা হইবে, আমি সেখান হইতে তোমার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলিয়া দিব এবং কিয়ামত পর্যন্ত তোমার আত্মার প্রতি উহার শান্তিধারা প্রবাহিত হইতে থাকিবে (বিদায়া, ১খ, পৃ. ১৯৩; আরাইস, পৃ. ১০৭)। ইবন সা'দ বলেন, তিনজন নবীর কবরের স্থান সম্পর্কেই জানা যায়: ইসমাঈল (আ)-এর কবর কা'বার চত্বরে, হূদ (আ)-এর কবর ইয়ামানের কোন এক পর্বতোপরি, যেখানে মাটি সিক্ত করার উপযোগী একটি বৃক্ষ আছে, যে স্থানের উষ্ণতা পৃথিবীর মধ্যে সর্বাধিক এবং মহানবী (স)-এর রওযা মুবারক (তাবাকাত, ১খ, পৃ. ৫২)।