📄 কওমকে দাওয়াত
তিনি তাঁহার সম্প্রদায়কে ও পিতাকে বুঝাইলেন যে, মূর্তি কখনো উপাস্য ও প্রতিপালক হইতে পারে না, বরং প্রতিপালক তো তিনি যিনি আসমান-যমীনের সৃষ্টিকর্তা। কুরআন শরীফে এই ব্যাপারে ইরশাদ হইয়াছেঃ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ. قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ. قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ . أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ . قَالُوا بَلْ وَجَدْنَا أَبَاءَنَا كَذَلِكَ يَفْعَلُونَ . قَالَ أَفَرَأَيْتُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ . أَنْتُمْ وَأَبَاءَكُمُ الْأَقْدَمُونَ . فَإِنَّهُمْ عَدُوٌّ لِي إِلَّا رَبَّ الْعَالَمِينَ الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ . وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ. وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ . (٢٦:٦٩-٨٢) "তাহাদের নিকট ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা কর। সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত কর? তাহারা বলিল, আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সহিত উহাদের পূজায় নিরত থাকিব। সে বলিল, তোমরা প্রার্থনা করিলে ইহারা কি শোনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে? তাহারা বলিল, না, তবে আমরা আমাদের পিতৃ-পুরুষদিগকে এইরূপই করিতে দেখিয়াছি। সে বলিল, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ, তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা? উহারা সকলেই আমার শত্রু, জগতসমূহের প্রতিপালক ব্যতীত; যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয় এবং রোগাক্রান্ত হইলে তিনিই আমাকে রোগমুক্ত করেন; এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনর্জীবিত করিবেন। এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন" (২৬ঃ ৬৯-৮২)। সুদ্দী বর্ণনা করেন যে, প্রতি বৎসর তাহাদের একটি ঈদ হইত। তাহারা সকলেই সেখানে সমবেত হইত। সেই ঈদ হইতে যখন তাহারা প্রত্যাবর্তন করিত তখন মূর্তিগৃহে প্রবেশ করিয়া উহাকে সিজদা করিত। ইহার পর বাড়ি ফিরিত (ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮০)। ইবরাহীম (আ)-এর পিতা আযর তাহাকে বলিল, হে ইবরাহীম! আমাদের একটি ঈদ আছে। তুমি যদি আমাদের সঙ্গে সেখানে যাইতে তবে আমাদের দীন অবশ্যই তোমার ভাল লাগিত। অতঃপর ঈদের দিন তাহারা ঈদে গমন করিল। ইবরাহীম (আ) তাহাদের সহিত বাহির হইলেন। কিছু দূর গিয়া তাঁহার মনে কিছু একটা উদয় হইল। তিনি বলিলেন, আমি অসুস্থ। প্রকৃতপক্ষে তিনি তাহাদের দেবতাদিগকে অপদস্থ করত উহাদের অক্ষমতা ও অসারতা প্রত্যক্ষভাবে প্রমাণ করিতে এবং আল্লাহ্ প্রভুত্ব ও তাওহীদ প্রতিষ্ঠা করিতে চাহিলেন। আল্লাহ্ সত্য দীনকে সহায়তা কল্পেই তিনি এই কৌশল অবলম্বন করিয়াছিলেন। কুরআন শরীফে ইরশাদ হইয়াছে: فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ. فَقَالَ إِنِّي سَقِيمٌ. فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ . (۳۷ : ۸۸-۹۰) "অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল এবং বলিল, আমি অসুস্থ। অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল" (৩৭ঃ ৮৮-৯০)। অতঃপর তিনি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন : وَتَاللَّهِ لَا كَيْدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ (۲۱ : ٥٧) "শপথ আল্লাহ্, তোমরা চলিয়া গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব” (২১:৫৭)। তাহাদের মধ্যে দুর্বল এক ব্যক্তি পিছনে পড়িয়া গিয়াছিল, সে ইহা শুনিয়া ফেলিল। মুজাহিদ ও কাতাদার বর্ণনামতে, ইবরাহীম (আ) ইহা আস্তে আস্তে বলা সত্ত্বেও সে উহা শুনিয়া ফেলে এবং প্রচার করিয়া দেয়। অতঃপর ইবরাহীম (আ) দ্রুতপদে ও সন্তর্পণে তাহাদের দেবতা গৃহে আসিলেন। তিনি বিরাট এক মন্দিরে আসিলেন। মন্দিরের দরজায় বিরাটকায় একটি মূর্তি স্থাপিত ছিল। উহার পার্শ্বে ছিল আরো ছোট একটি, তাহার পার্শ্বে আরো ছোট একটি। এমনিভাবে প্রত্যেকটির পার্শ্বে ছিল তাহার চাইতে ছোট একটি মূর্তি। তাহার সম্প্রদায় বিভিন্ন রকমের খাবার তৈরি করিয়া তাহাদের দেবতাদের সম্মুখে ভোজ হিসাবে রাখিয়া দিয়াছিল এবং বলিয়াছিল, আমরা যখন প্রত্যাবর্তন করিব এবং ততক্ষণে আমাদের দেবতাগণ আমাদের খাবারে আশির্বাদ দিয়া দিবে তখন আমরা উহা খাইব। ইবরাহীম (আ) মন্দিরে প্রবেশ করিয়া যখন উহাদিগকে এবং উহাদের সম্মুখে রাখা খাবার দেখিলেন তখন বলিলেন, "তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন" (৩৭: ৯১)? উহারা যখন ইবরাহীম (আ)-এর কথার কোন উত্তর দিল না তখন তিনি ঠাট্টা ও বিদ্রূপ করিয়া বলিলেন, "তোমাদের কী হইয়াছে যে, তোমরা কথা বল না"? অতপর তিনি উহাদের উপর সজোরে আঘাত হানিলেন" (৩৭: ৯২-৯৩)। তিনি একখানি লোহার কুঠার লইয়া প্রতিটি মূর্তিকে ভাঙ্গিয়া চূর্ণ-বিচূর্ণ করিয়া ফেলিলেন। প্রধান মূর্তিটি ছাড়া আর একটিও অবশিষ্ট রহিল না। তখন কুঠারখানি উহার ঘাড়ে ঝুলাইয়া রাখিলেন যাহাতে তাহার সম্প্রদায় উহাকে দোষারোপ করে। ইহার পর তিনি বাহির হইয়া আসিলেন। ইহার প্রতিই ইঙ্গিত করা হইয়াছে কুরআন কারীমে : فَجَعَلَهُمْ جُدَادًا إِلَّا كَبِيرًا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ . (٢١:٥٨) "অতপর সে চূর্ণ-বিচূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত; যাহাতে উহারা তাহার দিকে ফিরিয়া আসে" (২১:৫৮)। প্রকৃতপক্ষে ইহা ছিল একটি সুস্পষ্ট প্রমাণ যে, তাহারা যদি কোন কিছু বুঝিতে পারিত তবে অবশ্যই যে তাহাদের প্রতি এইরূপ খারাপ আচরণ করিতে ইচ্ছা করে তাহাকে প্রতিহত করিতে পারিত। কিন্তু তাহাদের মূর্খতা, বুদ্ধির স্বল্পতা ও গোমরাহীর প্রচণ্ডতায় কোন শিক্ষাই গ্রহণ করিল না বরং ঈদ হইতে ফিরিয়া আসিয়া দেবতা গৃহে প্রবেশ করিল এবং উহাদিগকে এই অবস্থায় দেখিয়া বলিল: مَنْ فَعَلَ هذا بالهَتِنَا إِنَّهُ لَمِنَ الظَّلِمِيْنَ . قَالُوا سَمِعْنَا فَتًى يُذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ ( ٦٠-٢١:٥٩ ) . "আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিল কে? সে নিশ্চয়ই সীমালংঘনকারী। কেহ কেহ বলিল, এক যুবককে উহাদের সমালোচনা করিতে শুনিয়াছি; তাহাকে বলা হয় ইবরাহীম" (২১: ৫৯-৬০)। তাহাকেই আমরা এই ব্যাপারে সন্দেহ করি। কেননা সে দেবতাদিগকে গালি দেয় ও সমালোচনা করে। এই সংবাদ যখন বাদশাহ নমরূদ ও অন্যান্য নেতৃবৃন্দের নিকট পৌঁছিল তখন তাহারা বলিল, তাহাকে উপস্থিত কর লোক সম্মুখে, যাহাতে উহারা প্রত্যক্ষ করিতে পারে (২১ঃ৬১) যে, সে-ই ইহা করিয়াছে। তাহারা বিনা প্রমাণে তাঁহাকে দোষারোপ করিতে অপছন্দ করিল। প্রকৃতপক্ষে ইবরাহীম (আ)-এর উদ্যেশ্য ইহাই ছিল যে, সকল লোক একত্র হউক। তাহা হইলে সকল মূর্তিপূজকের সম্মুখে তিনি প্রমাণ করিয়া দিবেন যে, তাহারা গোমরাহীর মধ্যে রহিয়াছে, যেমন মূসা (আ) ফিরআওনকে বলিয়াছিলেন: مَوْعِدُكُمْ يَوْمُ الزِّينَةِ وَأَنْ يُحْشَرَ النَّاسُ ضُحى (٢٠:٥٩) "তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হইবে” (২০:৫৯)। অতঃপর যখন তাঁহাকে আনা হইল তখন লোকজন বাদশাহ নমরূদের নিকট সমবেত হইল। তাহারা বলিল, انْتَ فَعَلْتَ هذا بالهَتِنَا يَا ابْرَاهِيمُ (٦٢ : ٢١) "হে ইবরাহীম! তুমিই কি আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিয়াছ” (২১ঃ৬২)? উত্তরে ইবরাহীম (আ) বলিলেন, بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هُذَا فَاسْتَلُوهُمْ إِنْ كَانُوا يَنْطِقُونَ . (٢١:٦٣) "বরং ইহাদের এই প্রধান, সেই তো ইহা করিয়াছে, ইহাদিগকে জিজ্ঞাসা কর যদি ইহারা কথা বলিতে পারে" (২১:৬৩)। প্রকৃতপক্ষে ইহার উদ্দেশ্যে ছিল তাহাদের নিকট হইতে এই কথার স্বীকারোক্তি আদায় করা যে, ইহারা কথা বলিতে পারে না। এইগুলি জড় পদার্থ, অন্যান্য জড় পদার্থের ন্যায়ই। তখন তাহারা মূর্তি ভাঙ্গার জন্য তাহাকে যে দোষারোপ করিয়াছিল উহা হইতে ফিরিয়া আসিল এবং পরস্পর বলিতে লাগিল, আমরাই তাহার উপর জুলুম করিয়াছি; সে তো ঠিকই বলিয়াছে। যেমন ইরশাদ হইয়াছে: فَرَجَعُوا إِلَى أَنْفُسِهِمْ فَقَالُوا إِنَّكُمْ أَنْتُمُ الظَّلِمُونَ (٢١:٦٤) "তখন তাহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল, তোমরাই তো সীমালংঘনকারী" (২১ঃ ৬৪)। অতঃপর তাহারা বুঝিতে পারিল এবং বলিল, উহারা তো কোন ক্ষতি করিতে পারে না, উপকার করিতে পারে না, কোন কিছু ধরিতেও পারে না। উহারা তো কথা বলিতে পারে না যে, কে এইরূপ করিয়াছে তাহা আমাদিগকে বলিয়া দিবে। হাত দিয়া ধরিতেও পারে না যে, আমরা তোমাকে সত্য বলিয়া সমর্থন করিব। কুরআন কারীমে ইরশাদ হইয়াছে: ثُمَّ نُكِسُوا عَلَى رُءُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هُؤُلَاءِ يَنْطِقُونَ (٢١:٦٥) "অতঃপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল, তুমি তো জানই যে, ইহারা কথা বলে না" (২১:৬৫)। অতঃপর উহাদের উপর ইবরাহীম (আ)-এর যুক্তি প্রমাণ যখন অকাট্য বলিয়া বিবেচিত হইল এবং তাহারা পরাজয়ের গ্লানি লইয়া মাথা নোয়াইয়া ফেলিল তখন ইবরাহীম (আ) বলিলেন: أَفَتَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْئًا وَلَا يَضُرُّكُمْ . أَنَّ لَكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ أَفَلَا تَعْقِلُونَ (٢١:٦٦-٦٧) "তবে কি তোমরা আল্লাহ্র পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যাহা তোমাদের কোন উপকার করিতে পারে না, ক্ষতিও করিতে পারে না? ধিক তোমাদিগকে এবং আল্লাহ্র পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত কর তাহাদিগকে! তবুও কি তোমরা বুঝিবে না" (২১ঃ ৬৬-৬৭)? তখন তাঁহার সম্প্রদায় আল্লাহ্ ব্যাপারে তাঁহার সহিত বিতর্ক করিতে প্রবৃত্ত হইল। তাহাদের দাবি ছিল, ইবরাহীম (আ) যাহার ইবাদত করেন তাহা হইতে তাহাদের উপাস্য ও দেবতারাই উত্তম। তখন ইবরাহীম (আ) উদাহরণ দিয়া তাহাদিগকে বুঝাইলেন যাহাতে তাহারা বুঝিতে পারে যে, তাহারা যাহার ইবাদত করে উহা অপেক্ষা আল্লাহই ইবাদত পাওয়ার বেশী যোগ্য এবং তাঁহাকেই ভয় করা উচিৎ। কুরআন কারীমে ইরশাদ হইয়াছে: وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونَنِي في اللَّهِ وَقَدْ هَدَانِ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ . وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (٦:٨٠-٨١) "তাহার সম্প্রদায় তাহার সহিত বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সহিত বিতর্কে লিপ্ত হইবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাঁহার শরীক কর তাহাকে আমি ভয় করি না। সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত, তবে কি তোমরা অনুধাবন করিবে না? তোমরা যাহাকে আল্লাহ্র শরীক কর আমি তাহাকে কিরূপে ভয় করিব? অথচ তোমরা আল্লাহ্ শরীক করিতে ভয় কর না, যে বিষয়ে তিনি তোমাদিগকে কোন সনদ দেন নাই। সুতরাং যদি তোমরা জান তবে বল, দুই দলের মধ্যে কোন্ দল নিরাপত্তা লাভের বেশী হকদার" (৬: ৮০-৮১)?
📄 নমরুদের সহিত বিতর্ক
“তাহার সম্প্রদায় তাহার সহিত বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সহিত বিতর্কে লিপ্ত হইবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাঁহার শরীক কর তাহাকে আমি ভয় করি না। সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত, তবে কি তোমরা অনুধাবন করিবে না? তোমরা যাহাকে আল্লাহ্র শরীক কর আমি তাহাকে কিরূপে ভয় করিব? অথচ তোমরা আল্লাহ্ শরীক করিতে ভয় কর না, যে বিষয়ে তিনি তোমাদিগকে কোন সনদ দেন নাই। সুতরাং যদি তোমরা জান তবে বল, দুই দলের মধ্যে কোন্ দল নিরাপত্তা লাভের বেশী হকদার" (৬: ৮০-৮১)?
নমরূদের সহিত বিতর্ক
অতঃপর নমরূদ ইবরাহীম (আ)-কে বলিল, তুমি যে ইলাহের ইবাদত কর এবং যাঁহার ইবাদত করিতে অন্যকে দাওয়াত দাও, যাঁহার শক্তির কথা উল্লেখ কর এবং অন্যের উপর প্রাধান্য দাও তিনি কে? ইবরাহীম (আ) বলিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। নমরূদ বলিল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইবরাহীম বলিল, তুমি কিভাবে জীবন দান কর ও মৃত্যু ঘটাও? নমরূদ বলিল, আমি দুই ব্যক্তিকে ধরিয়া আনিব যাহাদিগকে আমার নির্দেশে মৃত্যুদণ্ড দেওয়া হইয়াছে। অতঃপর উহাদের একজনকে হত্যা করিব। এইভাবে আমি তাহার মৃত্যু ঘটাইলাম। আর অপরজনকে ক্ষমা করিয়া মুক্তি দিব। এইভাবে আমি তাহার জীবন দান করিলাম। তখন ইবরাহীম (আ) বলিলেন, "আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদয় করান, তুমি উহাকে পশ্চিম দিক হইতে উদয় করাও তো'। তখন যে কুফরী করিয়াছিল সে (নমরূদ) হতবুদ্ধি হইয়া গেল" (২ঃ ২৫৮)। সে বুঝিতে পারিল যে, ইহা তাহার দ্বারা সম্ভব নহে। দলীল-প্রমাণে সে পরাস্ত হইল (তাবারী, তারীখ, ১খ, ১২২-১২৩; ছা'লাবী, কাসাসুল-আম্বিয়া, পৃ. ৭৯)।
এইসব বাদানুবাদে ও দলীল-প্রমাণে পরাস্ত হইয়া নমরূদ ও তাহার সম্প্রদায় ইবরাহীম (আ)-এর উপর দারুণভাবে ক্ষিপ্ত হইল। তাহারা আলোচনা করিল যে, ইবরাহীমকে কাটিয়া টুকরা টুকরা করিতে হইবে। কিন্তু তাহারা ভাবিয়া দেখিল যে, এই শাস্তি তো কিছুক্ষণের মধ্যে শেষ হইয়া যাইবে, তাহাতে তাহাদের অন্তরে ক্রোধের যে অগ্নি প্রজ্জ্বলিত হইয়াছে উহা নিভিবে না। তাই তাঁহাকে এমন শাস্তি দিতে হইবে যাহা তিল তিল করিয়া তাঁহাকে দগ্ধীভূত করিবে। তাহারা সবশেষে সিদ্ধান্ত গ্রহণ করিল যে, তাঁহাকে অগ্নিতে দগ্ধীভূত করিয়া হত্যা করিতে হইবে। আর এমন অগ্নি প্রজ্জ্বলিত করিতে হইবে যে, উহার উপর দিয়া উড্ডীয়মান পাখিও যেন পুড়িয়া যায় এবং যাহা ইতিহাসে প্রসিদ্ধ হইয়া থাকে (মাহমূদ যাহরান, কাসাস মিনাল-কুরআন, পৃ. ৫৬)।
কুরআন কারীমে এই দিকেই ইঙ্গিত করা হইয়াছে: قَالُوا حَرِّقُوهُ وَانْصُرُوا الهَتَكُمْ إِنْ كُنْتُمْ فَعَلَيْنَ (٢١:٦٨)
"উহারা বলিল, তাহাকে পোড়াইয়া দাও এবং সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে, তোমরা যদি কিছু করিতে চাহ” (২১ঃ ৬৮)।
মুজাহিদ বলেন, আমি একবার আবদুল্লাহ ইবন উমার (রা)-এর সম্মুখে উক্ত আয়াত তিলাওয়াত করিলাম। তখন তিনি বলিলেন, মুজাহিদ! তুমি কি জান কে সর্বপ্রথম ইবরাহীম (আ)-কে অগ্নিতে দগ্ধীভূত করার প্রস্তাব করিয়াছিল? আমি বলিলাম, না। তিনি বলিলেন, পারস্যের এক বেদুঈন। আমি বলিলাম, হে আবূ আবদুর রাহমান! পারস্যে কি বেদুঈন আছে? তিনি বলিলেন, হ্যাঁ, কুর্দীরাই পারস্যের বেদুঈন। তাহাদেরই এক ব্যক্তি ইবরাহীম (আ)-কে আগুনে দগ্ধীভূত করিবার প্রস্তাব করিয়াছিল (তাবারী, তারীখ, ১খ, ১২৩)। ইব্ন জুরায়জ শু'আয়ব আল-জুব্বাঈ সূত্রে বর্ণনা করেন যে, যে ব্যক্তি এই প্রস্তাব করিয়াছিল তাহার নাম 'হায়যান'। আল্লাহ তাহাকে মাটিতে ধ্বসাইয়া দিয়াছেন এবং কিয়ামত পর্যন্ত সে মাটির নীচে ধ্বসিতে থাকিবে (ইবনুল-আছীর, আল-কামিল, ১খ, ৭৫)।
অতঃপর নমরূদ কাষ্ঠ সংগ্রহ করার নির্দেশ দিল এবং ইবরাহীম (আ)-কে বন্দী করিয়া রাখিল। তাঁহার জন্য একটি পাকা প্রাচীরযুক্ত ইমারত নির্মাণ করিল (ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮১; তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪)। এই সম্পর্কে কুরআন কারীমে বলা হইয়াছে:
قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَالْقُوهُ فِي الْحَحِيمِ (۳۷:٩٧)
"তাহারা বলিল, ইহার জন্য এক ইমারত নির্মাণ কর, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর" ( ৩৭ঃ ৯৭)।
ইহার পর তাহারা বিভিন্ন প্রকারের কাষ্ঠ সংগ্রহ করিল। এক বর্ণনামতে এক মাস যাবত এই কাষ্ঠ সংগ্রহ অভিযান চলে। ইহাকে তাহারা ধর্মীয় দিক হইতে পূণ্যের কাজ মনে করিত, এমনকি কোন মহিলা রোগাক্রান্ত হইলে তাহা আরোগ্যের জন্য অথবা কোন কাম্য বস্তু পাওয়ার জন্য কাষ্ঠ সংগ্রহ করার মানত করিত (তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪; ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮১)। কাষ্ঠ সংগৃহীত হইলে চতুর্দিক হইতে তাহারা উহাতে অগ্নি প্রজ্জ্বলিত করিল। এই অগ্নির তেজ এত তীব্র ছিল যে, উপর দিয়া কোন পাখি উড়িয়া যাইতে লাগিলে তাহা পুড়িয়া ছাই হইয়া যাইত। অগ্নি প্রজ্জ্বলনের পর তাহারা ইবরাহীম (আ)-কে ইমারতের উপরে উঠাইয়া হাত-পা বাঁধিল। অতঃপর ইবলীসের পরামর্শ মত একটি প্রস্তর নিক্ষেপণ যন্ত্র (মিনজানীক) বানাইল এবং ইবরাহীম (আ)-কে উহাতে উঠাইল। তাহারা যখন তাঁহাকে অগ্নিকুণ্ডে ফেলিতে উদ্যত হইল তখন জিন ও মানব ব্যতীত আসমান-যমীন, পাহাড়-পর্বত ও উহার মধ্যে যত সৃষ্টি আছে ফেরেশতাসহ সবাই একবাক্যে চীৎকার করিয়া আল্লাহ্র নিকট ফরিয়াদ জানাইল, "হে আল্লাহ! পৃথিবীর বুকে ইবরাহীম ছাড়া আর দ্বিতীয় কেহ নাই যে, তোমার ইবাদত করিবে। তোমার জন্যই তাঁহাকে অগ্নিতে জ্বালানো হইতেছে। তাঁহাকে সাহায্য করিবার জন্য আমাদিগকে অনুমতি দাও।"
তখন আল্লাহ তাআলা বলিলেন, আমি তাঁহার ব্যাপারে অধিক অবগত। সে যদি তোমাদের মধ্যে কাহারও নিকট আশ্রয় প্রার্থনা করে অথবা কাহারো সাহায্য কামনা করে তবে সে যেন তাঁহাকে সাহায্য করে। আমি তাঁহাকে সেই ব্যাপারে অনুমতি দিলাম। আর যদি আমি ছাড়া অন্য কাহারো সাহায্য প্রার্থনা না করে তবে আমিই তাঁহার জন্য যথেষ্ট (ইবনুল-আছীর, আল-কামিল, ১খ, ৭৬)।
এক বর্ণনামতে ইবরাহীম (আ)-কে আগুনে নিক্ষেপ করিতে উদ্যত হইলে পানির ফেরেশতা তাঁহার নিকট আসিয়া বলিল, আপনি চাহিলে আমি অগ্নি নিভাইয়া দিব। কারণ পানি ও বৃষ্টির ভাণ্ডার আমার হাতে। বাতাসের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসিয়া বলিল, আপনি চাহিলে এই অগ্নিকুণ্ড আমি বাতাসে উড়াইয়া দিব। কিন্তু ইবরাহীম (আ) বলিলেন, তোমাদের কাহারো নিকট আমার কোন প্রয়োজন নাই (ছা'লাবী, কাসাসুল-আম্বিয়া, পৃ. ৮১)।
অতঃপর তিনি আকাশের দিকে মাথা উঠাইয়া বলিলেন, হে আল্লাহ! আকাশে তুমিই একক সত্তা এবং দুনিয়াতে আমি এক ব্যক্তি। দুনিয়াতে আমি ছাড়া আর এমন কেহ নাই, যে তোমার ইবাদত করিবে (তাবারী, তারীখ, ১খ, ১২৪; ছা'লাবী, প্রাগুক্ত)। ইবন কাছীরের বর্ণনা মতে ইবরাহীম (আ) এই বলিয়া দু'আ করিয়াছিলেন, “তুমিই আসমানে একক ও যমীনেও একক। আমার জন্য তুমিই যথেষ্ট ও উত্তম কর্মবিধায়ক” (আল কামিল, ১খ, পৃ. ৭৬)। মুতামির আরকাম (রা) সূত্রে বর্ণনা করেন যে, ইবরাহীম (আ)-কে হাত পা বাঁধিয়া যখন তাহারা অগ্নিতে নিক্ষেপ করিতেছিল তখন তিনি বলিলেন,
لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ رَبِّ الْعَالَمِيْنَ لَكَ الْحَمْدُ وَلَكَ الْمُلْكُ لَا شَرِيْكَ لَكَ.
"তুমি ছাড়া কোন ইলাহ নাই। তুমি জগৎসমূহের প্রতিপালক, প্রশংসা তোমারই। রাজত্ব ও কর্তৃত্ব তোমারই। তোমার কোন শরীক নাই" (প্রাগুক্ত)। এক বর্ণনামতে তখন জিবরীল (আ) আসিয়া বলিলেন, ইবরাহীম! তোমার কোন প্রয়োজন আছে কি? তিনি বলিলেন, আপনার কাছে কোন প্রয়োজন নাই। জিবরীল (আ) বলিলেন, তবে তোমার প্রতিপালকের নিকট আবেদন কর। তিনি বলিলেন, তিনি আমার অবস্থা সম্পর্কে সব কিছুই অবগত আছেন। তাই তাঁহার অবগতিই যথেষ্ট।
حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيْلُ.
"আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কত উত্তম কর্মবিধায়ক" (প্রাগুক্ত; ইবন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, ১৪৬)। অতঃপর তাহারা মিনজানীকের সাহায্যে তাঁহাকে অগ্নিতে নিক্ষেপ করিল। তখন আল্লাহ ত'আলা আগুনকে বলিলেন।
يَا نَارُ كُونِي بَرْداً وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ. (২১:৬৯)
"হে অগ্নি! তুমি ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও" (২১ঃ ৬৯)।
সুদ্দীর বর্ণনামতে আল্লাহ তা'আলার নির্দেশে জিবরীল (আ) এই ঘোষণা দিয়াছিলেন (ছা'লাবী, কাসাসুল-আম্বিয়া, পৃ. ৮২)। এই ঘোষণার সঙ্গে সঙ্গে প্রজ্জ্বলিত অগ্নি ইবরাহীম (আ)-এর জন্য শীতল ও নিরাপদ হইয়া গেল। শুধু তাহাই নহে, উহা তাঁহার জন্য পরম আরামদায়ক স্থান হইয়া গেল। তাঁহার হাত-পায়ের রশিগুলি আগুনে পুড়িয়া তিনি মুক্ত হইয়া গেলেন। আগুনের প্রতি আল্লাহ ত'আলার উক্ত নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত অগ্নিই সেই দিন নির্বাপিত হইয়া গিয়াছিল। কা'ব আল-আহবার, কাতাদা ও যুহরী (র) বলেন, পৃথিবীর বুকে ঐদিন কেহই অগ্নি দ্বারা কোন কাজ করিতে পারে নাই। ইবরাহীম (আ)-এর হাত-পায়ের রশি ব্যতীত অগ্নি ঐদিন কোন কিছুকেই দগ্ধীভূত করে নাই (তাবারী, তারীখ, ১খ, ১২৪)। আলী ইবন আবী তালিব ও ইবন আব্বাস (রা) বলেন, আল্লাহ তা'আলা যদি তাঁহার নির্দেশের মধ্যে বর্দ (শীতল) শব্দের পর সালাম (নিরাপদ) শব্দ না আনিতেন তবে অগ্নি এমন ঠাণ্ডা হইয়া যাইত যে, ঠাণ্ডায় ইবরাহীম ইন্তিকাল করিতেন (প্রাগুক্ত)। গিরগিটি (وزغ) ব্যতীত সকল প্রাণীই সেই দিন ইবরাহীম (আ)-এর আগুন নিভাইতে চেষ্টা করে। এই জন্যই নবী (স) উহাকে হত্যা করিবার নির্দেশ দিয়াছেন এবং তাহাকে ক্ষুদ্র দৃষ্কৃতিকারী (فويسقة) নামে অভিহিত করিয়াছেন (বুখারী, আস-সাহীহ, কিতাবুল-আম্বিয়া, ৪খ, ৫৯৮)।
ইবরাহীম (আ) ৭ দিন (ইবন আবী হাতিমের বর্ণনায় ৪০ দিন, আম্বিয়া-ই কুরআন, 'খ., পৃ. ১৯৯) উক্ত অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করেন। মিনহাল ইবন উমার হইতে বর্ণিত আছে যে, ইবরাহীম (আ) বলিয়াছেন, আমি আগুনের মধ্যে অবস্থানকালীন দিনগুলিতে যে সুখ-স্বচ্ছন্দ ও আরাম-আয়েশ ভোগ করিয়াছিলাম তেমন সুখ-স্বচ্ছন্দ ও আরাম-আয়েশ জীবনে আর কখনো পাই নাই (ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮২)। ইবন ইসহাক প্রমুখ বলেন, আল্লাহ তা'আলা ইবরাহীম (আ)-এর আকৃতিতে ছায়ার ফেরেশতাকে প্রেরণ করিলেন। তিনি ইবরাহীম (আ)-এর পার্শ্বে আসিয়া উপবেশন করিলেন এবং তাঁহাকে সান্ত্বনা দিতে লাগিলেন।
কয়েক দিন পর নমরূদ একটি বাহনে করিয়া সেই অগ্নিকুণ্ডের নিকট দিয়া যাইতেছিল। ইবরাহীম (আ) যে পুড়িয়া ছাইভস্ম হইয়া গিয়াছেন এই ব্যাপারে তাহার কোনই সন্দেহ ছিল না। কিন্তু সে তাঁকাইয়া দেখিল, ইবরাহীম (আ) উহার মধ্যে বসিয়া আছেন। পার্শ্বে তাঁহারই মত এক লোক। সে নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিতেছিল না। সে যাত্রা বিরতি করিয়া ফিরিয়া আসিল এবং তাহার সম্প্রদায়কে ডাকিয়া বলিল, আমি যেন ইবরাহীমকে আগুনের মধ্যে জীবিত দেখিলাম। আমার সন্দেহ হইতেছে। তোমরা আমার জন্য একটি সুউচ্চ স্তম্ভ নির্মাণ কর যেখান হইতে আমি নিম্নে তাঁকাইয়া অগ্নির অবস্থা পর্যবেক্ষণ করিতে পারি। তাহারা স্তম্ভ নির্মাণ করিলে নমরূদ সেখান হইতে তাঁকাইয়া দেখিল, ইবরাহীম (আ) একটি ফুল বাগানে বসিয়া আছেন এবং তাঁহার পার্শ্বে উপবিষ্টে তাঁহারই মত এক লোক অর্থাৎ ফেরেশতাকেও সে দেখিতে পাইল।
নমরূদ ইবরাহীম (আ)-কে ডাকিয়া বলিল, ইবরাহীম! তোমার উপাস্য অতি মহান, যাহার শক্তির ফলে তোমার মধ্যে এবং আগুনের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হইয়াছে। তাই তোমার কোন ক্ষতি হয় নাই। ইবরাহীম! তুমি কি উহা হইতে বাহির হইয়া আসিতে পার? ইবরাহীম (আ) বলিলেন, হাঁ। নমরূদ বলিল, তুমি কি এই ভয় কর যে, তুমি ঐখানে অবস্থান করিলে তোমার কোন ক্ষতি হইবে? ইবরাহীম (আ) বলিলেন, না। নমরূদ বলিল, উঠিয়া দাঁড়াও এবং উহা হইতে বাহির হইয়া আস। ইবরাহীম (আ) উঠিয়া উহার মধ্য দিয়া হাঁটিয়া বাহির হইয়া আসিলেন।
নমরূদের নিকটে আসিলে সে বলিল, ইবরাহীম! তোমার পার্শ্বে উপবিষ্ট তোমারই আকৃতিতে যে লোকটিকে দেখিয়াছিলাম সেই লোকটি কে? ইবরাহীম (আ) বলিলেন, তিনি ছায়ার ফেরেশতা। আমাকে সঙ্গ দিতে আল্লাহ তা'আলা তাঁহাকে আমার নিকট প্রেরণ করিয়াছিলেন। নমরূদ বলিল, হে ইবরাহীম! আমি তোমার উপাস্যের উদ্দেশ্যে কিছু কুরবানী করিব। কারণ আমি তাঁহার শক্তি ও দৃঢ়তা দেখিয়াছি, যাহা তোমার ক্ষেত্রে প্রয়োগ করিয়াছেন, যখন তুমি কেবল তাঁহারই ইবাদত কর এবং তাঁহারই একত্ব স্বীকার করা ব্যতীত আর সবকিছুই অস্বীকার করিয়াছিলে। আমি তাঁহার জন্য চার হাজার গাভী যবাহ করিব। ইবরাহীম (আ) বলিলেন, তুমি তোমার এই দীনে থাকাবস্থায় তিনি তোমার কিছুই কবুল করিবেন না, যতক্ষণ না তুমি উহা ত্যাগ করিয়া আমার দীন গ্রহণ কর। নমরূদ বলিল, হে ইবরাহীম! আমি আমার রাজত্ব ত্যাগ করিতে পারি না। তবে শীঘ্রই আমি উহা যবাহ করিব। অতঃপর সত্যই সে উহা যবাহ করিল এবং ইবরাহীম (আ)-কে নূতন কোন শাস্তি দেওয়া হইতে বিরত রহিল। সে ইবরাহীম (আ)-কে বলিল, তোমার প্রতিপালক কতই না উত্তম হে ইবরাহীম! (ছা'লাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮২-৮৩; আত-তাবারী, তারীখ, ১খ, ১২৪; ইবনুল আছীর, আল-কামিল, ১খ, ৭৬)।
📄 বিবাহ
হযরত ইবরাহীম (আ) কত বৎসর বয়সে বিবাহ করেন তাহা সুস্পষ্টরূপে জানা যায় না। তবে অগ্নিকুণ্ড হইতে বাহির হওয়ার অব্যবহিত পরই তিনি বিবাহ করেন বলিয়া ধারণা করা হয়। স্বীয় চাচাতো ভগ্নি সারা বিনত হারান আল-আকবারকে তিনি বিবাহ করেন। সুদ্দীর বর্ণনামতে সারা ছিলেন হাররান সম্রাটের কন্যা। তিনি তাহার কওমের দীনের ব্যাপারে সমালোচনা করিতেন। ইবরাহীম (আ) যখন শাম অভিমুখে রওয়ানা হন তখন সারার সাক্ষাত পান এবং তাহাকে এই শর্তে বিবাহ করেন যে, তিনি তাহাকে পরিবর্তন করিতে পারিবেন না (তাবারী, তারীখ, ১খ, ১২৫; ছালাবী, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮৩; ইবনুল জাওযী, তারীখুল মুনতাজাম, ১খ, ২৬২)। তবে হাফিজ ইবন কাছীর এই মতটিকে বিরল বলিয়া উল্লেখ করিয়াছেন। আর কেহ কেহ ধারণা করেন, যেমন সুহায়লী কুতায়বা ও মাক্কাশ হইতে বর্ণনা করিয়াছেন যে, সারা ইবরাহীম (আ)-এর ভ্রাতা হারানের কন্যা, লূত (আ)-এর ভগ্নী। ইহাদের দাবি হইল, তখনকার শরীআতে ভ্রাতুষ্পুত্রীকে বিবাহ করা বৈধ ছিল। এইজন্য হাফিজ ইবন কাছীর এই মতটিকে জোরদারভাবে প্রত্যাখ্যান করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহা অজ্ঞতার ফল এবং ইহার সপক্ষে কোন প্রমাণ নাই। যদি মানিয়াও লওয়া যায় যে, তখনকার সময়ে উহা বৈধ ছিল, যেমন ইয়াহূদী পণ্ডিতগণ হইতে বর্ণিত আছে, তবুও আম্বিয়া-ই কিরাম উহার উপর আমল করেন নাই। ইবন কাছীর-এর মতে সারা ইবরাহীম (আ)-এর চাচা হারান এর কন্যা ছিলেন। ইহাই অধিকতর সঠিক ও প্রসিদ্ধ বলিয়া তিনি মত ব্যক্ত করিয়াছেন (ইবন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ, ১৫০)।
📄 হিজরত
হযরত ইবরাহীম (আ) স্বীয় পিতা, তাঁহার সম্প্রদায় ও বাদশাহকে অত্যন্ত নম্রভাবে নসীহতের দ্বারা, যুক্তি ও বুদ্ধির দ্বারা বিভিন্নভাবে এক আল্লাহ্র প্রতি ঈমান আনার দাওয়াত দিলেন। তাঁহার সহিত শরীক করিতে নিষেধ করিলেন এবং মূর্তিপূজা ত্যাগ করিতে বলিলেন। কিন্তু তাহারা উহা প্রত্যাখ্যান করিল। তাঁহার সম্প্রদায় তাঁহাকে আগুনে ফেলিল। কিন্তু আল্লাহ তাহা ঠাণ্ডা ও নিরাপদ করিয়া দিলেন। আর পিতা তাঁহাকে উক্ত পথ ত্যাগ না করিলে প্রস্তরাঘাতে প্রাণনাশ করার হুমকি দিল। তাঁহার প্রতি কেবল স্ত্রী সারা এবং ভ্রাতুষ্পুত্র লূত (আ) ইব্ন হারান ব্যতীত আর কেহ ঈমান আনয়ন করিল না। ইহাতে ইবরাহীম (আ) ভীষণভাবে মনক্ষুন্ন হইলেন এবং স্বদেশ ভূমি ত্যাগ করত অন্যত্র গিয়া দীন প্রচার করিতে মনস্থ করিলেন। তিনি বলিলেন:
اِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِيْنِ . (۳۷:۹۹)
"আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎ পথে পরিচালিত করিবেন" (৩৭ঃ ৯৯)।
অতঃপর নিরাশ হইয়া তিনি বাবেলের কৃছা হইতে বাহির হইয়া কালদানীগণের বাসস্থান ফুরাত নদীর পশ্চিম তীরের কাছাকাছি 'ঊর' নামক একটি জনপদে হিজরত করিলেন। এই সফরে তাঁহার সঙ্গে ছিলেন স্বীয় স্ত্রী সারা ও ভ্রাতুষ্পুত্র লূত (আ) ইব্ন হারান (ইব্ন কুতায়বা, আল-মা'আরিফ, পৃ. ৩২; আবদুল ওয়াহ্হাব আন-নাজ্জার, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮৩)। কিছুদিন পর এখান হইতে হারান (হাররান) চলিয়া যান এবং সেখানে দীন-ই হানীফের প্রচার শুরু করেন। এই সময়ে তিনি স্বীয় পিতা আযর-এর হিদায়াতের জন্য দু'আ করিতে থাকেন। কারণ অত্যন্ত নম্র ও দয়ার্দ্র হৃদয়ের অধিকারী হওয়ার কারণে পিতা কর্তৃক দীন-ই হানীফের দাওয়াত প্রতাখ্যান এবং তাঁহাকে ভর্ৎসনা করা সত্ত্বেও তিনি বলিয়াছিলেন:
سَلَّمَ عَلَيْكَ سَاسْتَغْفِرُ لَكَ رَبِّي إِنَّهُ كَانَ بِي حَفِيًّا (١٩:٤٧)
"তোমার প্রতি সালাম। আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল” (১৯:৪৭)।
অবশেষে আল্লাহ তা'আলা ওহীর মাধ্যমে তাঁহাকে জানাইয়া দিলেন যে, তাঁহার পিতা ঈমান আনয়ন করিবে না, সে আল্লাহ্ শত্রুই থাকিয়া যাইবে। এই কথা জানার পর ইবরাহীম (আ) তাঁহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা হইতে বিরত থাকেন। কুরআন কারীমে ইহাই সুস্পষ্টভাবে বলা হইয়াছে:
وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلَّهِ تَبَرَأَ مِنْهُ إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَاهُ حَلِيمٌ. (٩:١١٤)
"ইবরাহীম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়ছিল, তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া। অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে, সে আল্লাহ্ শত্রু তখন ইবরাহীম উহার সম্পর্ক ছিন্ন করিল। ইবরাহীম তো কোমল হৃদয় ও সহনশীল" (৯:১১৪)।
বাইবেলের বর্ণনামতে এই সফরে ইবরাহীম (আ)-এর পিতা তারাহ (আযর) ও সঙ্গে ছিল। এই হারানে অবস্থানকালে ২০৫ (মতান্তরে ২৫০) বৎসর বয়সে তারাহ মৃত্যুবরণ করে (Genesis, 11: 31-32; মুহাম্মদ আল-ফুকা, কাসাসুল-আম্বিয়া, পৃ. ৬১; ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, পৃ. ১৫০)। এইভাবে দীন-ই হানীফ-এর দাওয়াত দিতে দিতে তিনি হারান হইতে হিজরত করিয়া ফিলিসতীন পৌঁছিলেন। এই সফরেও তাঁহার সঙ্গী ছিলেন স্বীয় স্ত্রী সারা, ভ্রাতুষ্পুত্র লূত এবং তাঁহার স্ত্রী কুরআন কারীমে লূত (আ) কর্তৃক ইবরাহীম (আ)-এর উপর ঈমান আনয়ন এবং তাঁহার সহিত হিজরত করার কথা এইভাবে বিবৃত হইয়াছে:
فَأَمَنَ لَهُ لُوطُ . وَقَالَ إِنِّي مُهَاجِرُ إِلَى رَبِّي إِنَّهُ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (٢٩:٢٦)
"লূত তাহার (ইবরাহীম-এর) প্রতি বিশ্বাস স্থাপন করিল। ইবরাহীম বলিল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়" (২৯: ২৬)।
আর হাদীছে বর্ণিত হইয়াছে যে, উছমান (রা) যখন স্বীয় স্ত্রী হযরত রুকায়্যা (রা)-কে লইয়া হাবশা হিজরত করেন তখন রাসূলুল্লাহ (স) বলিয়াছিলেন:
إن عثمان اول مهاجر باهله بعد لوط عليه السلام
"নিশ্চয়ই লূত (আ)-এর পর উছমানই প্রথম ব্যক্তি, যে সস্ত্রীক হিজরত করিয়াছে (আবদুল ওয়াহ্হাব নাজ্জার, কাসাসুল কুরআন, পৃ. ৮৪)।
অতঃপর ইবরাহীম (আ) ফিলিসতীনের পশ্চিমাঞ্চলে বসতি স্থাপন করেন। তৎকালে এই অঞ্চলটি কান'আনীদের অধীনস্থ ছিল। অতঃপর নিকটেই শাকীম (বর্তমান নাম নাবলুস) নামক স্থানে চলিয়া যান। আহলে কিতাবের বর্ণনামতে ফিলিসতীনে থাকাকালে আল্লাহ তাঁহার নিকট ওহী প্রেরণ করেন, তোমার পর এই ভূমিকে আমি বরকতময় করিব। তখন ইবরাহীম (আ) সেখানে একটি কুরবানীর স্থান তৈরি করিলেন এই নি'মাতের শুকরিয়াস্বরূপ (Genesis, 12: 8; ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, পৃ. ১৫০)। নাবলুসেও তিনি বেশি দিন অবস্থান করেন নাই। আরো পশ্চিম দিকে অগ্রসর হইয়া মিসর চলিয়া যান। মিসরের রাজত্ব ছিল তখন 'আমালীক সম্প্রদায়ের হাতে রোমানগণ যাহাদিগকে 'হাকসূস' নামে অভিহিত করিত (আবদুল ওয়াহ্হাব নাজ্জার, কাসাসুল আম্বিয়া, পৃ. ৮৪)। কোন কোন ঐতিহাসিকের বর্ণনামতে মিসরের তৎকালীন ফির'আওন ছিল অত্যাচারী বাদশাহ আদ-দাহ্হাক-এর ভ্রাতা। দাহ্হাক-এর পক্ষ হইতে সে তখন মিসরের গভর্নর ছিল। আর কাহারও মতে তাহার নাম ছিল সিনান ইবন 'আলওয়ান ইব্ন 'উবায়দ ইব্ন 'উওয়ায়জ ইবন 'আমলাক ইব্ন লাউদ ইব্ন সাম ইব্ নূহ (আ)। ইব্ন হিশাম তাঁহার তীজান গ্রন্থে 'আমর ইবন ইমরুউল কায়স ইন মাইলুন (মায়ালবুন) ইবন সাবা বলিয়া উল্লেখ করিয়াছেন। সে ছিল মিসরে। কোন কোন বর্ণনায় তাহার নাম সাদৃফ বা সাদৃক বলিয়াও উল্লেখ আছে (ইবনুল আছীর, আল-কামিল, পৃ. ৭৭)। সুহায়লী ইহা বর্ণনা করিয়াছেন (ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, পৃ. ১৫২)।