📄 নিষিদ্ধ ফল কোন্টি ছিল?
জান্নাতে বসবাসের আদেশ দানের সাথে সাথে আদম ও হাওয়া (আ)-এর প্রতি কঠোরভাবে একটি নিষেধাজ্ঞাও আল্লাহ্ তা'আলার পক্ষ হইতে জারী করা হইয়াছিল। তাহা ছিল এইরূপ:
وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّلِمِينَ.
"কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না; হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে” (২: ৩৫ ও ৭: ১৯)।
এই নিষিদ্ধ বৃক্ষ ও ইহার ফলটি কী ছিল তাহা নিয়াও তাফসীরবিদগণের মধ্যে মতানৈক্য রহিয়াছে। কেহ বলিয়াছেন, উহা ছিল আঙ্গুর। ইবন আব্বাস, সাঈদ ইব্ন জুবায়র, শা'বী, জা'দা ইব্ন হুবায়রা, মুহাম্মদ ইব্ন কায়স, সুদ্দী প্রমুখ হইতে এরূপ বর্ণিত হইয়াছে。
ইব্ন আব্বাস, হাসান বাসরী, ওয়াহ্ ইব্ন্ন মুনাব্বিহ প্রমুখ হইতে বর্ণিত আছে, ইয়াহুদীদের ধারণা, উহা ছিল গম। ওয়াত্ব বলেন, এমন একটি শস্যফল যাহা সমুদ্রের ফেনার চাইতেও কোমল এবং মধুর চাইতেও সুমিষ্ট। সুফিয়ান ছাওরী হযরত হুসায়ন (حصين) হইতে বর্ণনা করেন, উহা হইতেছে খেজুর। ইব্ন জুরায়জ (র) হযরত মুজাহিদের সূত্রে বর্ণনা করেন, উহা হইতেছে ডুমুর ফল। কাতাদা ও ইব্ন জুরায়জের উহাই অভিমত। আবুল আলিয়া বলেন, উহা এমন একটি বৃক্ষ ছিল যাহা ভক্ষণে বায়ু নিঃসরণ হইত আর জান্নাতে বায়ু নিঃসরণ ছিল অশোভনীয় (কাসাসুল আম্বিয়া, ইব্ন কাছীর, পৃ. ২০-২১)।
আল্লামা ইবন জারীর এই প্রসঙ্গে তাঁহার আলোচনায় একটি সিদ্ধান্তমূলক মন্তব্য করিয়াছেন। তিনি বলেন, "সঠিক কথা এই যে, আল্লাহ তাআলা আদম (আ) ও হাওয়াকে একটি সুনির্দিষ্ট বৃক্ষের ফল ভক্ষণ করিতে বারণ করেন। ঐ জাতীয় সমস্ত বৃক্ষের ফল ভক্ষণ করিতে তিনি বারণ করেন নাই। তাঁহারা উহা ভক্ষণ করেন। সুনির্দিষ্টভাবে ঐ বৃক্ষটি কী ছিল তাহা আমাদের জানা নাই। কেননা আল্লাহ তাআলা তদীয় বান্দাগণের জন্য আল-কুরআন বা মহানবী (স) সহীহ হাদীছে উহার কোন দলীল-প্রমাণ বর্ণনা করেন নাই। কেহ কেহ বলিয়াছেন, উহা গম গাছ ছিল, কেহ বলিয়াছেন, উহা ছিল আঙুর গাছ, কেহ বলিয়াছেন ডুমুর গাছ। ইহার যে কোনটিই হইতে পারে। উহা এমন একটি বিষয় যাহার জ্ঞান দ্বারা জ্ঞানী ব্যক্তির কোন উপকার হওয়ার সম্ভাবনা বা ইহা জ্ঞাত না থাকার কারণে ইহার জ্ঞানহীন ব্যক্তির কোনরূপ ক্ষতির আশঙ্কা নাই” (মুখতাসার ইন্ন কাছীর, সূরা বাকারার ৩৭ নং আয়াতের ব্যাখ্যায়, পৃ. ৫৫)।
ঐ নিষিদ্ধ বৃক্ষের ব্যাখ্যা প্রসঙ্গে সায়্যিদ কুতব (র) বলেন, "সম্ভবত ঐ গাছটিকে পার্থিব জীবনের যাবতীয় নিষিদ্ধ বস্তুর প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছিল।"
এই নিষিদ্ধ করণের যুক্তিও সায়েদ কুতুব ব্যাখ্যা করেন এইভাবে, "কিছু নিষিদ্ধ জিনিস না থাকলে স্বাধীন ইচ্ছা শক্তির অস্তিত্ব বুঝা যায় না এবং স্বাধীন ইচ্ছাশক্তিসম্পন্ন মানুষকে ইচ্ছাশক্তিহীন পশুপাখি থেকে পৃথক করা যায় না। মানুষ কতটা ধৈর্য সহকারে আল্লাহ্র সাথে কৃত অঙ্গীকার ও বিধিনিষেধ মেনে চলতে পারে তার পরীক্ষা নিষিদ্ধ জিনিস ছাড়া হতে পারে না। সুতরাং স্বাধীন ইচ্ছাশক্তি ও নির্বাচন ক্ষমতাই হলো মানুষ ও পশুর মধ্যে পার্থক্য করার মাপকাঠি। যাদের ভাল-মন্দ ও ন্যায়-অন্যায় বাছবিছার করার ক্ষমতা নাই এবং নির্বিচার জীবন যাপন করে তারা দেখতে মানুষ হলেও আসলে পশু” (ফী যিলালিল কুরআন, বঙ্গানুবাদ, ১খ, পৃ. ১০৯)।
শয়তানের শত্রুতার ব্যাপারে সতর্কবাণী: يَا أَدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى .
"হে আদম! নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদিগকে জান্নাত হইতে বাহির করিয়া না দেয়। দিলে তোমরা দুঃখ-কষ্ট পাইবে" (২০: ১১৭)।
সাথে সাথে জান্নাতে তাঁহাদের জন্য রক্ষিত সুখ-শান্তির কথাটাও বলিয়া দেওয়া হয়,
إِنَّ لَكَ أَلَّا تَجُوْعَ فِيهَا وَلَا تَعْرَى . وَأَنَّكَ لَا تَظْمَوْا فِيهَا وَلَا تَضْحى.
"তোমার জন্য ইহাই রহিল যে, তুমি জান্নাতে ক্ষুধার্তও হইবে না, নগ্নও হইবে না এবং সেখানে পিপাসার্তও হইবে না, রৌদ্রক্লিষ্টও হইবে না" (২০: ১১৮-১১৯)।
فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَنُ قَالَ يُأْدَمُ هَلْ أَدُلُّكَ عَلَى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكِ لَا يَبْلَى
"অতঃপর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিল। সে বলিল, হে আদম! আমি কি তোমাকে বলিয়া দিব জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা" (২০: ১২০)?
অন্যত্র তাহার এই কুমন্ত্রণার কথা বিবৃত হইয়াছে এইভাবে:
مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ . وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ . فَدَلَّاهُمَا بِغُرُورٍ .
"পাছে তোমরা উভয়ে ফেরেশতা হইয়া যাও কিংবা তোমরা স্থায়ী হও এইজন্যেই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদিগকে নিষেধ করিয়াছেন। সে তাহাদের উভয়ের নিকট শপথ করিয়া বলিল, আমি তো তোমাদের হিতাকাঙ্খীদের একজন। এইভাবে সে তাহাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধঃপতিত করিল" (৭ঃ ২০-২২)।
এই প্রসঙ্গে আদম (আ) ও ইবলীসের মধ্যকার ঐ সময়ের কথোপকথন চমৎকারভাবে বিধৃত হইয়াছে আল্লামা ইদরীস কান্দেহলভীর বর্ণনায়। তিনি লিখেন, "হযরত আদম (আ) জিজ্ঞাসা করিলেন, তুমি কোন বৃক্ষের কথা বলিতেছ হে? জবাবে শয়তান তাঁহাকে সেই বৃক্ষের কথাটি বলিল যাহার নিকট যাইতে আল্লাহ তাআলা আদম (আ)-কে নিষেধ করিয়াছিলিন। তখন তিনি বলিলেন, ইহা তো নশ্বরত্ব ও পতনের বৃক্ষ। অবিনশ্বরতা ও অমরতত্ত্বের বৃক্ষ নহে, বরং ইহা হইতেছে অপমানিত ও লজ্জিত হওয়ার বৃক্ষ। আল্লাহ্র নৈকট্য ও তাঁহার দরবারে সম্মান বৃদ্ধির পরিবর্তে তাঁহার হইতে দূরত্ব বৃদ্ধি ও অপদস্থ হওয়ার হেতু। আর এইজন্যই আল্লাহ তা'আলা উহার নিকটে যাইতে বারণ করিয়াছেন। এই বৃক্ষে তোমার কথিত ফায়দাসমূহ নিহিত থাকিলে পরম দয়ালু আল্লাহ তা'আলা নিশ্চয়ই আমাদেরকে বারণ করিতেন না।"
প্রতুত্তরে শয়তান বলিল, "তোমাদের প্রভু তোমাদের ক্ষতি হইবে ভাবিয়া ইহার ফল খাইতে বারণ করেন নাই, বরং তোমরা যাহাতে চির অমর অথবা ফেরেশতায় পরিণত না হও সেই জন্যই তিনি বারণ করিয়াছেন, যাহাদের না আছে পানাহারের দুশ্চিন্তা আর না আছে স্ত্রী-পুত্রের ভাবনা। তোমরাও যদি তাহা হইয়া যাও তাহা হইলে খিলাফতের গুরুদায়িত্ব কী করিয়া পালিত হইবে? পৃথিবীর খিলাফতের দায়িত্ব তো স্ত্রী-পুত্র-পরিজন, পানাহার ও আয়-উপার্জনের ব্যস্ততার মাধ্যমেই পালন করিতে হইবে। আর ইহা বলাই বাহুল্য যে, স্ত্রী-পুত্র-পরিজন লইয়া ব্যস্ত থাকিলে আল্লাহর ইবাদত-বন্দেগী কখন হইবে? তোমাদের দ্বারা খিলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করানোই যেহেতু তাঁহার উদ্দেশ্য, তাই নিজের নিকট হইতে তোমাদেরকে দূরে পাঠাইয়া দিতেছেন। আর এই বৃক্ষের ফল ভক্ষণে যেহেতু আল্লাহর নৈকট্য লাভ ঘটে, তাই তোমাদেরকে ইহা হইতে বিরত রাখা হইয়াছে। অধিকন্তু বেহেশতে মৃত্যু নাই। তোমাদেরকে কেবল খিলাফতের রীতি-নীতি শিক্ষা দেওয়ার উদ্দেশে অস্থায়ীভাবে কিছু দিন বেহেশতে বসবাসের আদেশ দেওয়া হইয়াছে, তারপর তিনি তাঁহার নৈকট্য হইতে দূরে পৃথিবীতে প্রেরণ করিবেন। সেখানে যাইয়া তোমাদের ও তোমাদের সন্তান-সন্ততির নানারূপ ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হইতে হইবে। অবশেষে সকলেরই মৃত্যু হইবে। পৃথিবীতে যাওয়ার ও খিলাফত লাভের পর আল্লাহ তা'আলার এই নৈকট্য আর তোমাদের ভাগ্যে জুটিবে না” (মাআরিফুল কুরআন, কান্দেলভী, ১খ, পৃ. ৯৬-৯৭)।
আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (স) হইতে একটি হাদীছে বর্ণনা করেন:
ان في الجنة شجرة يسير الراكب في ظلها مأة عام لا يقطعها شجرة الخلد .
"জান্নাতে এমন একটি গাছ আছে, আরোহী তাহার ছায়ায় শতাব্দীকাল ধরিয়া পথ পরিক্রমার পরও সে উহা অতিক্রম করিয়া শেষ করিতে পারিবে না। উহাই শাজারাতুল খুলদ বা কথিত অনন্ত জীবনপ্রদ বৃক্ষ” (আহমাদ, জিলদ ২, পৃ. ৪৫৫; আবু দাউদ তায়ালিসী, তদীয় মুসনাদে, পৃ. ৩৩২)।
📄 নিষিদ্ধ ফল ভক্ষণ
فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَواتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَعَصَى أَدَمُ رَبَّهُ فَغَوى .
"যখন তাহারা উভয়ে উহা হইতে ভক্ষণ করিল, তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল। আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল, ফলে সে ভ্রমে পতিত হইল" (৭ঃ ২২; তু. ২০: ১২১)।
এই নিষিদ্ধ ফল ভক্ষণের ব্যাপারে হাওয়াই তাঁহার স্বামীর তুলনায় অগ্রণী ছিলেন এবং তিনিই তাঁহাকে তাহা ভক্ষণে উৎসাহিত করিয়াছিলেন (কাসাসুল আম্বিয়া, ইবন কাছীর, পৃ. ২৫)। আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত বুখারীর একটি হাদীছেও ইহার প্রতি ইঙ্গিত রহিয়াছে, যাহাতে নবী করীম (স) বলেনঃ
لو لا بنو اسرائيل لم يخنز اللحم ولولا حواء لم تخن انثى زوجها
"বনূ ইসরাঈলরা না হইলে গোশত দুর্গন্ধযুক্ত হওয়ার ব্যাপারটা কখনো ঘটিত না, আর হাওয়া না হইলে মহিলারা তাহাদের স্বামীর ব্যাপারে কখনও খিয়ানতও করিত না” (বুখারী, আম্বিয়া, পৃ. ৪৬৯; কাসাসুল আম্বিয়া, ইবন কাছীর, পৃ. ২৬-এ উদ্ধৃত)।
বাইবেলের বর্ণনা হইতে জানা যায় যে, হাওয়াকে যে প্রাণী নিষিদ্ধ ফল ভক্ষণে প্রলুব্ধ করিয়াছিল সে ছিল সর্প। বিশালাকৃতি ও সুসজ্জিত রূপ লইয়া সে হাওয়ার কাছে আগমন করে। তাহার প্ররোচনায় হাওয়া নিজেও নিষিদ্ধ ফল খান এবং আদম (আ)-কেও ইহা খাওয়ান। এ সময় তাঁহাদের চক্ষু খুলিয়া যায় এবং তাঁহারা দিব্যি উপলব্ধি করিতে পারেন যে, তাঁহারা উলঙ্গ ও বিবস্ত্র হইয়া পড়িয়াছেন। কাল বিলম্ব না করিয়া ডুমুর ফলের পাতা দ্বারা লজ্জা নিবারণে প্রবৃত্ত হন। ওয়াহব ইব্ন মুনাব্বিহ্ও অনুরূপ বর্ণনা করিয়াছেন।
তাহাদের পোশাক বা আবরণ ছিল একটি দীপ্তি বা আলোকরশ্মি যাহা তাহাদের উভয়ের লজ্জাস্থানকে আড়াল করিয়া রাখিয়াছিল। ইব্ন আবী হাতিম (র) উবায়্য ইন্ন কা'ব (রা) হইতে একটি হাদীছ বর্ণনা করিয়াছেন যাহাতে নবী করীম (স) বলেন:
ان الله خلق ادم رجلا طوالا كثير شعر الراس كانه نخلة سحوق فلما ذاق الشجرة سقط عنه لباسه ناول ما بدأ منه عورته فلما نظر الى عورته جعل في الجنة فاخذى شعره شجرة فنازعها فناده الرحمن عز وجل يا آدم متى تفر فلما سمع كلام الرحمن قال يارب لا ولكن استحياء.
"আল্লাহ তা'আলা আদমকে দীর্ঘদেহী ও ঘন চুলবিশিষ্ট মানুষরূপে সৃষ্টি করেন। তাঁহার দেহ ছিল খর্জুর বৃক্ষের ন্যায় দীর্ঘ। তিনি যখন বৃক্ষের ফল আস্বাদন করিলেন তখন তাহার বস্ত্রাভরণ খসিয়া পড়িল। এই প্রথমবারের মত তাঁহার লজ্জাস্থান অনাবৃত হয়। তিনি যখন তাঁহার লজ্জাস্থানের দিকে তাকাইলেন তখন দ্রুতবেগে বেহেশতের মধ্যে দৌড়াইত শুরু করিলেন। একটি বৃক্ষশাখায় তাঁহার কেশদাম আটকাইয়া গেল। তিনি তাহা সজোরে টানিলেন। তখন পরম দয়াময় আল্লাহ তাঁহাকে ডাক দিয়া বলিলেন, হে আদম! তুমি আমা হইতে পলায়ন করিতেছ? দায়ময়ের সেই আহবান শুনিয়া আদম জবাব দিলেন, প্রভু! না, বরং লজ্জাবশত" (ইবন কাছীর, বিদায়া, ১খ, ৭৮)।
সুফিয়ান ছাওরী (র) ইব্ন আব্বাস (রা) হইতে সূরা আ'রাফের উপরিউক্ত আয়াতের (আয়াত নং ২২) ব্যাখ্যায় বর্ণনা করেন: জান্নাতের বৃক্ষপত্র বলিতে এখানে ডুমুর গাছের পাতাই বুঝান হইয়াছে। আল্লামা ইব্ন কাছীর উহা উদ্ধৃত করিয়া মন্তব্য করিয়াছেন:
كأنه مأخوذ من اهل الكتاب وظاهر الاية يقتضى اعم من ذلك وبقعد بر تسليمه فلا يهر والله اعلم।
সম্ভবত ইহা আহলে কিতাব হইতে গৃহীত। আয়াতটি ব্যাপক অর্থবোধক অর্থাৎ জান্নাতের যে কোন বৃক্ষপত্রই ইহার অর্থ হইতে পারে। কিন্তু যদি ধরিয়াই নেওয়া হয় যে, উহা ডুমুরের পাতা ছিল তাহাতেও কোন ক্ষতি নাই।
📄 আদম (আ)-এর অধস্তন বংশধরগণ
আদম (আ)-এর সন্তান-সন্তুতির আলোচনা প্রসঙ্গে কথিত তাওরাতের (বাইবেলের) বর্ণনা উল্লেখ করিয়া ইব্ন কাছীর (র) বলেন: শীছ-এর জন্মকালে আদম (আ)-এর বয়স ছিল ১৩০ বৎসর। তারপর তিনি আরও ৮০০ বৎসরকাল জীবিত ছিলেন। তাঁহার ১৬৫ বৎসর বয়সে তাঁহার পুত্র আনুশের জন্ম হয়, তারপর তিনি আরও ৮০৭ বৎসর জীবিত ছিলেন। আনুশের ৯০ বৎসর বয়সে তৎপুত্র কীনানের জন্ম হয়। তারপর আনূশ আরও ৮১৫ বৎসরকাল জীবিত ছিলেন। কীনানের ৭০ বৎসর বয়সে তৎপুত্র মাহ্লাঈলের জন্ম হয়। তারপরও কীনান আরও ৮৪০ বৎসরকাল জীবিত ছিলেন। মাহ্ফ্লাইলের ৬৫ বৎসর বয়সে তৎপুত্র য়ারদ-এর জন্ম হয়। তারপর মাহলাঈল আরও ৮৩০ বৎসর জীবিত ছিলেন। য়ারদ ১৬২ বৎসর বয়সে উপনীত হইলে তৎপুত্র খানূখ জন্মগ্রহণ করেন। তারপরও য়ারদ আরও ৮০০ বৎসর বাঁচিয়াছিলেন। খানূখের ৬৫ বৎসর বয়সে মাঙ্গালিহ -এর জন্মগ্রহণ করেন। তারপর খানূখ আরও ৮০০ বৎসর জীবিত ছিলেন। মাশালিহের ১৮৭ বৎসর বয়সে তৎপুত্র লামাকের জন্ম হয়। তারপরও মাঙ্গালিহ আরও ৭৮২ বৎসর জীবিত থাকেন। লামাকের ১৮২ বৎসর বয়সে তৎপুত্র নূহ (আ)-এর জন্ম হয়। লামাক তাঁহার পরেও ৫৯৫ বৎসর জীবিত ছিলেন। নূহ্ (আ) ৫০০ বৎসরে উপনীত হইলে তদীয় তিন পুত্র সাম, হাম ও য়াফিছ-এর জন্ম হয় (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১খ., পৃ. ৮৮-৮৯)।
উক্ত হিসাবকে যথার্থ বলিয়া ধরিয়া নিলে আদম (আ)-এর জন্ম সাল হইতে নূহ (আ)-এর ৫০০ বৎসর বয়স পর্যন্ত সময়কাল ছিল: ১৩০+১৬৫+৯০+৭০+৬৫+১৬২+৬৫+১৮৭+১৮২+৫০০= ১৬১৬ বৎসর। নূহ (আ) যেহেতু আয়ু পাইয়াছিলেন আরও চারি শত পঞ্চাশ বৎসর, তাই উহাও হিসাবে ধরিয়া হয় মোট ২০৬৬ বৎসর। বাইবেলের বর্ণনা বলিয়া কথিত উক্ত বিবরণটি উদ্ধৃত করিয়া আল্লামা ইব্ন কাছীর (র) মন্তব্য করেন: "উক্ত ইতিহাসপঞ্জী আসমানী কিতাবের বর্ণনারূপে সংরক্ষিত থাকার ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রহিয়াছে। বহু সীরাতবিদ এরূপ অভিমত ব্যক্ত করিয়া এ ব্যাপারে আহলি কিতাবদের বক্তব্যের সমালোচনা করিয়াছেন। উক্ত বর্ণনায় যে অবিবেচনাপ্রসূত অতিরঞ্জন রহিয়াছে তাহা বলাই বাহুল্য। অনেকে এই বর্ণনাটিতে ব্যাখ্যাচ্ছলে অনেক সংযোজন করিয়াছেন এবং তাহাতে প্রচুর ভুল রহিয়াছে" (প্রাগুক্ত)।
📄 আদম (আ)-এর অধস্তন বংশধরগণ ইবরাহীম (আ) পর্যন্ত কুড়ি পুরুষ
বাইবেলের আদিপুস্তকের ৪, ৫, ১১, ২১ ও ২৫তম অধ্যায়ে প্রদত্ত বর্ণনার ভিত্তিতে বিখ্যাত ফরাসী পণ্ডিত মরিস বুকাইলী হযরত ইবরাহীম (আ) পর্যন্ত কুড়ি পুরুষের নাম, তাহাদের জন্মসন, আয়ুষ্কাল এবং তৎকালে আদম (আ)-এর জন্মের পর কত বৎসর অতিক্রান্ত হইয়াছে তাহার যে ছক আঁকিয়াছেন, তাহা নিম্নরূপ (নামগুলি যেহেতু আমদের একান্তই অপরিচিত ভাষার, তাই মরিস বুকাইলীর পুস্তকে উদ্ধৃত রোমান হরফে লিখিত নামগুলির সাথে অনুবাদক আখতার-উল-আলমের অনুবাদ পুস্তকে ব্যবহৃত বাংলা প্রতিবর্ণায়নকেই বাছিয়া নেওয়া নিরাপদ বিবেচনা করিয়াছি)।
আদম (আ)-এর অধস্তন বংশধরগণ ইবরাহীম (আ) পর্যন্ত কুড়ি পুরুষ
হযরত আদমের সৃষ্টির কত বৎসর পর জন্ম | আয়ুষ্কাল | হযরত আদমের সৃষ্টির কত বৎসর পর মৃত্যু
১। হযরত আদম * | ৯৩০ | ৯৩০
২। শেথ (শীছ আ) | ১৩০ | ৯১২ | ১০৪২
৩। ইনোশ | ২৩৫ | ৯০৫ | ১১৪০
৪। কৈনন | ৩২৫ | ৯১০ | ১২৩৫
৫। মহলেল | ৩৯৫ | ৮৯৫ | ১২৯০
৬। জেরদ | ৪৬০ | ৯৬২ | ১৪২২
৭। ইনোক | ৬২২ | ৩৬৫ | ৯৮৭
৮। মথুশেলহ্ | ৬৮৭ | ৯৬৯ | ১৬৫৬
৯। লামাক | ৮৭৪ | ৯৯৯ | ১৬৫১
১০। হযরত নূহ (আ) | ১০৫৬ | ৯৫০ | ২০০৬
১১। শেম (শাম) | ১০৫৬ | ৬০০ | ২১৫৬
১২। অর্ফকষদ | ১৬৫৮ | ৪০৮ | ২০৯৬
১৩। শেলহ | ১৬৯৩ | ৪৩৩ | ২১২২
১৪। এবর | ১৭২৩ | ৪৬৪ | ২১৮৭
১৫। পেলেগ | ১৭৫৭ | ২০৯ | ১৯৯৬
১৬। রিয় | ১৭৮৭ | ২৩৯ | ২০২৬
১৭। স্বরূগ | ১৮১৯ | ২৩০ | ২০৪৯
১৮। নাহোর | ১৮৪৯ | ১৪৮ | ১৯৯৭
১৯। তেরহ | ১৮৭৮ | ২০৫ | ২০৮৩
২০। হযরত ইবরাহীম | ১৯৪৮ | ১৭৫ | ২১২৩
এই ছকটি পেশ করার পর মরিস বুকাইলি সুস্পষ্টভাবে লিখেন: “উল্লেখ যে, এই ছকে ব্যবহৃত পরিসংখ্যান বাইবেলের আদিপুস্তকের পুরোহিতদের রচিত পাঠ হইতেই প্রাপ্ত, এই জাতীয় তথ্যাদির যাহা একমাত্র উৎস। বাইবেলের বর্ণনানুসারে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, ইবরাহীম (আ) আদম (আ)-এর ১৯৪৮ বৎসর পর জন্মগ্রহণ করেন (The Bible the Quran and Science, তাজ কোম্পানী, দিল্লী, পৃ. ৪৭)।
লুক লিখিত সুসমাচারের বর্ণনা মোটামুটি উক্তরূপ। তবে তাহাতে ১৩ নং ক্রমিকে কৈননের নাম উক্ত হইয়াছে এবং তৎপরবর্তী শেলহ-এর নাম ১৪ নম্বরে আসিয়াছে। ফলে লুকের বর্ণনায় ইবরাহীম (আ) পর্যন্ত বংশলতিকা ২১ পুরুষে পৌছিয়া গিয়াছে। মথি লিখিত সু-সমাচারের ইবরাহীম (আ)-এর পূর্ববর্তী বংশলতিকা অনুপস্থিত। কিন্তু লুক ও মথি উভয়ের বর্ণনার মধ্যে ইবরাহীম (আ) হইতে হযরত ঈসা (আ) পর্যন্ত বংশলতিকার ব্যাপারে যথেষ্ট গরমিল পরিলক্ষিত হয়। ঐ বংশলতিকা বর্ণনায় দুইটি ধাপ আছে। প্রথম ধাপে ইবরাহীম (আ) হইতে দাউদ (আ) পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে হযরত দাউদ (আ)-এর পর হইতে ঈসা (আ) পর্যন্ত বিবৃত হইয়াছে। তুলনামূলকভাবে পার্থক্যটি সুস্পষ্ট করিয়া তুলিয়া ধরার মানসে মরিস বুকাইলি পাশাপাশি ছক আঁকিয়াছেন নিম্নরূপ:
প্রাক-দাউদ বংশতালিকা
মথির বর্ণনানুসারে: | লুকের বর্ণনানুসারে
মথি ইবরাহীম (আ)-এর পূর্বের কোন নাম উল্লেখ করেন নাই | (১) আদম
(২) শীছ
(৩) ইনোস
(৪) কৈনান
(৫) মাহালালীল
(৬) জেরদ
(৭) ইনোক
(৮) মেথুশেলহ
(৯) লামেক
(১০) নূহ
(১১) শেম (শাম)
(১২) অর্ফকষদ
(১৩) কৈনান
(১৪) শেলহ
দাউদ (আ)-উত্তর ঈসা (আ)-এর বংশতালিকা
মথির বর্ণনানুসারে | লুক-এর বর্ণনানুসারে
১। ইবরাহীম (আ) | (১৫) ইবর
২। ইসহাক (আ) | (১৬) পেলেগ
৩। ইয়াকুব (আ) | (১৭) রিয়
৪। এহুদা | (১৮) স্বরূগ
৫। পেরস | (১৯) নাহুর
৬। হেযরন | (২০) তেরহ
৭। রাম | (২১) ইবরাহীম
৮। আম্মীনাদব | (২২) ইসহাক (আ)
৯। নহশোন | (২৩) ইয়াকুব (আ)
১০। সলমোন | (২৪) ইহুদা
১১। বোয়স | (২৫) পেরস
১২। ওবেদ | (২৬) হেযরন
১৩। যিশয় | (২৭) অর্নি
১৪। দাউদ (আ) | (২৮) অদমান
(২৯) আম্মীনাদব
(৩০) নহশোন
(৩১) সালা
(৩২) বোয়স
(৩৩) ওবেদ
(৩৪) যিশয়
(৩৫) দাউদ (আ)
লক্ষণীয়, উক্ত ছকে উভয় বর্ণনার মধ্যে যেমন নামগত বিস্তর ফারাক রহিয়াছে, তেমনি রীতিমত একটি পুরুষেরও তারতম্য হইয়া গিয়াছে। মথির বর্ণনায় যেখানে ইবরাহীম (আ) হইতে দাউদ (আ) পর্যন্ত ১৪ পুরুষ দেখান হইয়াছে, সেখানে লুকের বর্ণনায় তাহা ১৫ পুরুষ।
দাউদ (আ) হইতে ঈসা (আ) পর্যন্ত বংশতালিকা:
মথির বর্ণনানুসারে | লুকের বর্ণনানুসারে
১৪। দাউদ (আ) | ৩৫। দাউদ (আ)
১৫। সুলায়মান (আ) | ৩৬। নাথান
১৬। রহবিয়াম | ৩৭। মওথ
১৭। আবিয় | ৩৮। মিন্না
১৮। আসা | ৩৯। মিলিয়া
১৯। যিহোশাফ্ট | ৪০। ইলিয়াকিম
২০। যোরাম | ৪১। যোনম
২১। উযিয় | ৪২। ইউসুফ
২২। যোথম | ৪৩। যুদা
২৩। আহস | ৪৪। শামাউন
২৪। যিকনিয় | ৪৫। লেবি
২৫। মনঃশি | ৪৬। মওত
২৬। আমোস | ৪৭। যোরীম
২৭। যোশিয় | ৪৮। ইলীয়েশর
২৮। যিকনিয় | ৪৯। ইউসা
ইয়াহুদীদের বাবিল দেশে নির্বাসন
২৯। শলটিয়েল | ৫০। এর
৩০। সরুব্বাবিল | ৫১। ইলমাদস
৩১। অবীহুদ | ৫২। কোষম
৩২। ইলীয়াকিম | ৫৩। আদ্দী
৩৩। আসোর | ৫৪। মল্কি
৩৪। সাদোক | ৫৫। নেরি
৩৫। আখীম | ৫৬। শল্টিয়েন
৫৭। সরুব্বাবিল
৩৬। ইলীহৃদ | ৫৮। রীষা
৩৭। ইলিয়াসর | ৫৯। যোহানা
৩৮। মওন | ৬০। যুদা
৩৯। ইয়াকূব | ৬১। যোশেখ
৪০। ইউসুফ | ৬২। শিমিয়ি
৪১। যীশু (ঈসা আ) | ৬৩। মওথিয়
৬৪। মাট
৬৫। নাগ
৬৬। ইষলি
৬৭। নহুম
৬৮। আমোষ
৬৯। মওযিয়
৭০। ইউসুফ
৭১। যান্নায়
৭২। মলকি
৭৩। লেবি
৭৪। মওত
৭৫। এলি
৭৬। ইউসুফ
৭৭। যীশু (হযরত ঈসা)
উক্ত বংশলতিকাটি একান্তই ইসরাঈলী উৎস তথা বাইবেলের পুরাতন নিয়ম ও নূতন নিয়ম হইতে প্রাপ্ত। এতদ্ব্যতীত এই সংক্রান্ত অন্য কোন বিবরণ পাওয়া যায় না। লোক পরম্পরার গড়পড়তা বয়স অনুমান করিয়া আদম (আ)-এর যুগ নির্ণয়ের প্রয়াস পাইবার কোনই উপায় নাই। তাই ফরাসী পণ্ডিত মরিস বুকাইলী উক্ত ছকগুলি উদ্ধৃত করার পর বিভিন্ন পর্যায়ের উপর বিচার-বিশ্লেষণপূর্বক তাঁহার বিখ্যাত The Bible The Quran & Science পুস্তকের বিভিন্ন স্থানে মন্তব্য করিয়াছেন:
“বাইবেলের পুরাতন নিয়মের এতদসংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান যে আধুনিক যুগের জ্ঞান-বিজ্ঞানের আলোকে একেবারে অগ্রহণযোগ্য তা অন্যরা তো বটেই খোদ ভ্যাটিকান কাউন্সিলও স্বীকার করে নিয়েছে। তাঁরা বাইবেলের পুরাতন নিয়মের এই ধরনের তথ্য পরিসংখ্যানকে সেকেলে বলে সর্বসম্মত অভিমত প্রকাশ করেছেন। অথচ দেখা যাচ্ছে বাইবেলের নতুন নিয়মের (ইঞ্জিল) সুসমাচারগুলিতে অবলীলায় বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত সত্যের সাথে সঙ্গতিবিহীন এইসব সেকেলে তথ্য ও পরিসংখ্যান গ্রহণ করা হইয়াছে। সুতরাং যাঁরা মনে করেন যে, সুসমাচারসমূহের বর্ণনা ঐতিহাসিকভাবে সঠিকত্বের দাবিদার, তাঁদের সে দাবি যে কতটা ভিত্তিহীন, এই থেকেই তার প্রমাণ পাওয়া যায়” (বাইবেল কোরআন ও বিজ্ঞান, পৃ. ১৫০, আখতার-উল-আলম অনূদিত)।
“লুক তদীয় সুসমাচারে হযরত ইবরাহীম (আ)-এর পূর্বপুরুষের যে তালিকা তুলিয়া ধরিয়াছেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিচারে তাহা আদৌ গ্রহণযোগ্য নহে” (Bible Quran & Science, পৃ. ১০০)।
১৮৬৩ সালে ইয়াহুদী-খৃস্টধর্ম ও তাহাদের শাস্ত্রে বিশেষ পারদর্শী ভারতীয় আলিম মওলানা রহমতুল্লাহ কীরানভী (১২৩৩ হি.-১৩০৮ হি./১৮১৮ খৃ.-১৮৯১ খৃ.) কর্তৃক লিখিত বিখ্যাত 'ইযহারুল হক' গ্রন্থের চারটি খণ্ডে বাইবেলের পুরাতন ও নূতন নিয়মে যে অসংখ্য বিকৃতি এবং বিভিন্ন ভাষায় প্রকাশিত বিভিন্ন সংস্করণে যে অসংখ্য তারতম্য পরিলক্ষিত হয় তাহা বিস্তারিতভাবে তুলিয়া ধরেন, যাহাতে বাইবেলের অনির্ভরযোগ্যতা অকাট্যভাবে প্রমাণিত ও স্বীকৃত হইয়াছে। সেই গ্রন্থ হইতে এই সংক্রান্ত কেবল দুইটি ছকই নিম্নে উদ্ধৃত করা হইতেছে।
ইতোপূর্বে আমরা আল্লামা ইবন কাছীর (র)-এর আল-বিদায়া ওয়ান-নিহায়া এবং মরিস বুকাইলীর 'বাইবেল কোরআন ও বিজ্ঞান' গ্রন্থে উদ্ধৃত বাইবেলের পুরাতন ও নূতন নিয়মের বরাতে আদম (আ) হইতে পরবর্তী দশ পুরুষ নূহ (আ) পর্যন্ত অধস্তন পুরুষগণের কাহার কোন বয়সে সন্তানের জন্ম হইয়াছিল তাহার বর্ণনা দিয়া আসিয়াছি। এবার নিম্নে ছকটি লক্ষ্য করুন:
আদম (আ) হইতে নূহ (আ) (প্লাবন) পর্যন্ত কাহার কত বৎসর বয়সে সন্তানের জন্ম হয়
| বাইবেলের হিব্রু ভাষ্যমতে | সামারিয়ান ভাষ্যমতে | গ্রীক ভাষ্যমতে
১। হযরত আদম (আ) | ১৩০ বৎসর | ১৩০ বৎসর | ২৩০ বৎসর
২। হযরত শীছ (আ) | ১০৫ " | ১০৫ " | ২০৫ "
৩। কৈনান | ৯০ " | ৯০ " | ১৭০ "
৪। সাবালাবীল | ৬৫ " | ৬৫ " | ১৬৫ "
৫। য়ারদ | ১৬২ " | ৬২ " | ১৬২ "
৬। ইনূক (ইদরীস আ) | ৬৫ " | ৬৫ " | ১৬৫
৭। মেথু শালেহ | ১৮৭ " | ৬৭ " | ১৮৭ "
৮। লামাক | ১৮২ " | ৫৩ " | ১৮৮ "
৯। নূহ (আ) | ৬০০ " | ৬০০ " | ৬০০ "
মোট : | ১৬৫০ | ১৩০৭ | ২২৬২
(টীকা: ইযহারুল হক, আরবী, ২খ, পৃ. ৪৩১, রিয়াদ মুদ্রণ ১৯৮৯ খৃ.; ঐ, ইংরেজী ভাষ্য, ওলী রাযীকৃত, রিয়াদ ১৯৯২ খৃ., ২খ, পৃ. ৬২)।
নূহ (আ)-এর প্লাবন হইতে ইবরাহীম (আ)-এর জন্ম পর্যন্ত।
| হিব্রু বাইবেলের ভাষ্যমতে | সামানিয়ান বাইবেলের ভাষ্যমতে | গ্রীক বাইবেলের ভাষ্যমতে
সাম | ২ বৎসর | ২ বৎসর | ২ বৎসর
আর্ফখশদ | ৩৫ " | ১৩৫ " | ১৩৫ "
কৈনান | - | - | ১৩০ "
সালাহ | ৩০ | ১৩০ | ১৩০
ইবর | ৩৪ | ১৩৪ | ১৩৪
পেলেগ | ৩০ | ২৩০ | ১৩০
রিযূ | ০২ | ১৩২ | ১৩২
সরূগ | ৩০ | ১৩০ | ১৩০
নহুর | ২৯ | ৭৯ | ৭৯
তারেহ (ইবরাহীম (আ)-এর পিতা আযর) | ৭০ | ৭০ | ৭০
মোট: | ২৯০ | ৯৪২ | ১০৭২
উক্ত ছকটি আপন কিতাবে সন্নিবেশিত করিয়া মওলানা রহমতুল্লাহ কীরানভী (র) লিখেন : “এই মতপার্থক্যও এতই অধিক যে, উক্ত ভাষ্যগুলির মধ্যে সাযুজ্য বিধান কোনক্রমেই সম্ভবপর নহে এবং যেহেতু হিব্রু ভাষ্যমতে ইবরাহীম (আ)-এর জন্ম মহাপ্লাবনের ২৯২ বৎসর পর বলিয়া প্রতীয়মান হয় এবং নূহ (আ) মহাপ্লাবনের পর ৩৫০ বৎসরকাল জীবিত ছিলেন, যাহার সুস্পষ্ট উল্লেখ আদিপুস্তক, নবম পরিচ্ছেদ-এর ২৮তম শ্লোকে রহিয়াছে, এই হিসাবে নূহ (আ)-এর ওফাতের সময় ইবরাহীম (আ)-এর বয়স ৫৮ বৎসর হইতে হয়, যাহা ঐতিহাসিকগণের সর্ববাদীসম্মত মতের বিরোধী। গ্রীক এবং সামারিয়ান ভাষ্যও উহাকে মিথ্যা প্রতিপন্ন করে। কেননা প্রথমোক্ত ভাষ্যমতে ইবরাহীম (আ)-এর জন্ম নূহ (আ)-এর ইন্তিকালের ৭২২ বৎসর পূর্বেকার ঘটনা এবং দ্বিতীয়োক্ত ভাষ্যমতে উহা ছিল ৫৯২ বৎসর পূর্বের কথা।
ছক আঁকিলে দাঁড়ায় এইরূপ:
| গ্রীক ভাষ্য | সামেরিয়ান ভাষ্য | হিব্রু ভাষ্য
ক। নূহ (আ)-এর মহাপ্লাবন হইতে তাহার ইনতিকাল পর্যন্ত | ৩৫০ | ৩৫০ | ৩৫০
খ। মহাপ্লাবন হইতে ইবরাহীম (আ)-এর জন্ম পর্যন্ত | ১০৭২ | ৯৪২ | ২৯২
অতএব (গ) নূহ (আ)-এর ইনতিকাল হইতে ইবরাহীম (আ)-এর জন্ম পর্যন্ত | ১০৭২-৩৫০ | ৯৪২-৩৫০ | ২৯২-৩৫০
৭২২ বৎসর | ৫৯২ বৎসর | ৫৮ বৎসর
অর্থাৎ ঐ সময় ইবরাহীম (আ)-এর বয়স ছিল ৫৮ বৎসর (ইযহারুল হক, আরবী, ২য় খণ্ডের পাদটীকায়, যাহা ডঃ মুহাম্মাদ আবদুল কাদির খলীল মালাক্কায়ী কর্তৃক লিখিত, পৃ. ৪৩৫)।
উপরন্তু গ্রীক ভাষ্যে অর্ফখষদ ও শালেহ-এর মধ্যে এক পুরুষ বর্ধিত করা হইয়াছে (তিনি হইলেন কৈনান, যাহার কথা ইতোপূর্বে উল্লেখিত হইয়াছে), হিব্রু ও সামেরিয়ান ভাষ্যে তাহার কোন উল্লেখ নাই। লুক তদীয় সুসমাচার গ্রন্থে গ্রীক বর্ণনার উপর নির্ভর করিয়াছেন, তাই ঈসা (আ)-এর বংশলতিকার বর্ণনায় তিনি কৈনানের নাম বর্ধিত করিয়াছেন। উক্ত অসঙ্গত মতানৈক্যের দরুন খৃস্টীয় পণ্ডিতগণের মধ্যে মতভেদের সৃষ্টি হইয়াছে। ঐতিহাসিকগণ ঐ কারণেই উক্ত ভাষ্যত্রয়কে উপেক্ষা করিয়াছেন এবং অনির্ভরযোগ্য ঠাওরাইয়াছেন। তাঁহারা বলিয়াছেন, উক্ত সময়ের ব্যবধান ছিল ৩৫২ বৎসরের। অনুরূপভাবে বিখ্যাত ইয়াহুদী ঐতিহাসিক ইউসীকস উহার উপর আস্থা স্থাপন করেন নাই। তিনি বলেন, উক্ত মেয়াদ ছিল ৯৯৩ বৎসর, যেমনটি হেনরী স্কট-এর বাইবেলের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখিত হইয়াছে (ইযহারুল হক, আরবী, ২খ, পৃ. ৪৩৫-৪৩৬; কুরআন ছে বাইবেল তক, মওলানা তকী উছমানী কৃত উর্দু ভাষ্য, ২খ, পৃ. ১৮, ৭ম সং, ১৪১০ হি., করাচী; ঐ, ইংরেজী ভাষ্য, ওলী রাযীকৃত, ২খ, পৃ. ৬৩-৬৪, ২য় সং, রিয়াদ, ১৪১২/১৯৯২)।
আদম (আ)-এর বয়স বা সময়কাল নির্ণয় অথবা তাঁহার বংশধরদের তালিকা বর্ণনায় বাইবেলের বর্ণনা যে আদৌ গ্রহণযোগ্য নহে, উপরিউক্ত আলোচনার দ্বারা তাহা সুস্পষ্ট হইয়া গিয়াছে। গোটা খৃস্টান জগতের সম্মুখে উপরিউক্ত পুস্তক দুইখানা-ইযহারুল হক ও The Bible The Quran & Science চ্যালেঞ্জরূপে বিদ্যমান রহিয়াছে। ইবন হিশাম (মৃত্যু ২১৮ হি./৮২৮ খৃ.) তাঁহার সীরাত গ্রন্থে আদম (আ) হইতে মুহাম্মাদ (স) পর্যন্ত নিম্নরূপ বংশতালিকা উল্লেখ করিয়াছেন:
(১) আদি পিতা হযরত আদম (আ)
↓ (২) হযরত শীছ (আ)
↓ (৩) ইয়ানিশ (আনূশ)
↓ (৪) কায়নাথ
↓ (৫) মাহলীল
↓ (৬) ইয়ারদ
↓ (৭) আখনূখ অর্থাৎ (হযরত ইদরীস (আ)
↓ (৮) মাতুশালাখ
↓ (৯) লামাক
↓ (১০) নূহ (আ)
↓ (১১) সাম
↓ (১২) আর ফাখশাজ
↓ (১৩) শালেখ
↓ (১৪) আয়বার (পূর্বোক্ত তালিকায় ইবরবা এবর নামে যিনি উক্ত হইয়াছেন; অন্যমতে ইহার নাম আবে)। তাবারীর মতে ফালেগ ও আবেরের মাঝখানে কায়আন নামক আরেক পুরুষ ছিলেন। তবে তিনি যাদুকর ছিলেন বলিয়া তওরাতে তাহার নাম বাদ দেওয়া হইয়াছে” (পাদটীকা সীরাতুন্নবী, ইবন হিশাম, ইফা, প্রকাশিত, ১খ, পৃ. ৫)।
↓ (১৫) ফালেখ (মতান্তরে (ফালেগ)
↓ (১৬) রাউ (রিয়ু)
↓ (১৭) সারূগ
↓ (১৮) নাহুর
↓ (১৯) তারেহ (আযার)
↓ (২০) ইবরাহীম (আ)
↓ (২১) ইসমাঈল (আ)
↓ (২২) নাবিত
↓ (২৩) ইয়াশজাব
↓ (২৪) ইয়ারুব
↓ (২৫) তায়রাহ
(২৬) নাহুর
(২৭) মুকাওয়ام
(২৮) উদাদ
(২৯) উদ্
(৩০) আদনান
(৩১) মাআদ
(৩২) নিযার
(৩৩) মুদার
(৩৪) ইলয়াস
(৩৫) মুদরাকা (আসল নাম আমির)
(৩৬) খুযায়মা
(৩৭) কিনানা
(৩৮) নাদর
↓ (৩৯) মালিক
↓ (৪০) ফিহ্র (আসল নাম কুরায়শ, মতান্তরে ফিহর, উপাধি কুরায়শ; কুরায়শ বংশের আদি পুরুষ)
↓ (৪১) গালিব
↓ (৪২) লুআই
↓ (৪৩) কা'ব
↓ (৪৪) মুররা
↓ (৪৫) কিলাব
↓ (৪৬) কুসাই
↓ (৪৭) মুগীরা (আবদ মানাফ)
↓ (৪৮) হাশিম (আসল নাম আমর)
↓ (৪৯) শায়বা (আসল নাম আবদুল মুত্তালিব)
↓ (৫০) আবদুল্লাহ
↓ (৫১) মুহাম্মাদ, আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম (ইবন হিশাম, সীরাতুন নবী, পৃ. ৩-৭)।
লক্ষণীয়, হযরত আদম (আ) হইতে ইবরাহীম (আ) পর্যন্ত বিশ পুরুষের বংশতালিকায় উক্ত সময়ের ব্যবধান দেখান হইয়াছে প্রায় ২০০০ বৎসর।
মোটামুটি যতদূর জানা যায়, ঈসা (আ)-এর ১৮০০ বৎসর পূর্বে হযরত ইবরাহীম (আ)-এর আগমন ঘটে। বাইবেলের আদিপুস্তকের তথ্যানুসারে আদম (আ) কমবেশী ঈসা (আ)-এর ৩৮০০ বৎসর পূর্বে জন্মগ্রহণ করেন (The Bible The Quran & Science, P. 47)। লুকের বর্ণনানুসারে ঈসা (আ) আদম (আ)-এর ৭৭তম অধস্তন পুরুষ; অথচ ইবন হিশামের উদ্ধৃত বংশতালিকায় তাঁহার ৫৭০ বৎসর পরে জন্মগ্রহণকারী আমাদের নবী করীম (স)-কে ৫১তম অধস্তন পুরুষরূপে দেখান হইয়াছে। অথচ হিসাবমতে ৭৭ পুরুষ পর্যন্ত সময়ের ব্যবধান ৩৮০০ বৎসর হইলে ৫১তম পুরুষ পর্যন্ত পৌছিতে লাগে ৩৮০০-৭৬=৫০×৫০=২৫০০ বৎসর। কিন্তু কার্যত আমরা এই ব্যবধান পাইতেছি ৩৮০০+৫৭০=৪৩৭০ বৎসরের।
অপরদিকে যদি আমরা লুকের পরিবর্তে মথির বর্ণনার উপর নির্ভর করি, তাহা হইলে ঈসা (আ) পর্যন্ত ৪১ প্রতি দুই পুরুষের ব্যবধান গড়ে প্রায় ৯৫ বৎসর (৩৮০০-৪০)। এই হিসাবে ৫১তম পুরুষ পর্যন্ত সময়ের ব্যবধান দাঁড়ায় প্রায় ৪৭৫ বৎসর। পক্ষান্তরে লুকের বর্ণনামতে আমাদের নবী করীম (স)-এর জন্মসাল হওয়া কথা ছিল, তাহার প্রকৃত জন্মসাল (৫৭০)-এর ১৮৭০ বৎসর পূর্বে, অন্যদিকে মথির বর্ণনা অনুসারে তাঁহার জন্মসাল হওয়া উচিত ছিল আরও ৩৮০ বৎসর পরে। সুতরাং বাইবেলের কোন বর্ণনাই যথার্থ বলিয়া মানিয়া লওয়া যায় না।
এখানে আরেকটি কথা প্রণিধানযোগ্য। প্রথম দিকের বংশধরগণ যত দীর্ঘ আয়ু লাভ করিয়াছেন, শেষ দিকের বংশধরগণ তেমনটি লাভ করেন নাই। সুতরাং মথির বর্ণনানুসারে ঈসা (আ) ৪১তম পুরুষ হইলে আমাদের নবী (স)-এর জন্মগ্রহণের বক্তব্যকে কোনমতেই মানিয়া নেওয়া যায় না। এই কারণেই "ফাদার কানেসগিয়েসার তাঁর পুস্তকে এ মর্মে সতর্কবাণী উচ্চারণ করে বলেন যে, "কেউ যেন যীশুখৃস্ট সংক্রান্ত বাইবেলের কোন সুসমাচারের বর্ণনাকে আক্ষরিক অর্থে গ্রহণ না করেন। কেননা বাইবেলের লেখকগণ কোন বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে অথবা কোন বিশেষ বিষয়ের মোকাবেলা করার প্রয়োজনেই হয়তো বা নিজ নিজ জনপদে প্রচলিত লোককাহিনীকে এভাবে লিপিবদ্ধ করে গেছেন" (The Bible The Quran & Science, P. 47 পৃ. ৬৪)।
ফরাসী পণ্ডিত মরিস বুকাইলীর পুস্তকের অসংখ্য স্থানে তাই বাইবেলের পুরাতন ও নূতন নিয়মকে "আল্লাহ কর্তৃক নাযিলকৃত নহে, বরং পণ্ডিত ও ধর্মশাস্ত্রজ্ঞদের রচনা" অবৈজ্ঞানিক ও অনির্ভরযোগ্য বলিয়া মন্তব্য করিয়াছেন। এই কারণেই মহানবী (স) ইসরাঈলীদের রিওয়ায়াত সম্পর্কে সাবধান বাণী উচ্চারণ করিয়াছেন:
لا تصدقوا أهل الكتاب ولا تكذ بوهم .
"আহলি কিতাবদের বর্ণনাকে সত্য বা মিথ্যা বলিতে যাইও না" (মিশকাত, বুখারী, পৃ. ২৮; বাইবেল কোরআন ও বিজ্ঞান-আখতার-উল-আলম অনূদিত, পৃ. ৮২)।