📘 শোনো হে যুবক > 📄 সময় কাজে লাগান

📄 সময় কাজে লাগান


উপদেশ: ১০
সময় কাজে লাগান
'সময় কাজে লাগান' কথাটি বহুলপ্রচলিত ও সাদাসিধে হলেও খুবই গুরুত্ব বহন করে আর অধিকাংশ যুবকই এ ক্ষেত্রে অবহেলা করে। তারা মনে করে কিছুক্ষণ সময়, কিছু মুহূর্ত, দুই-একদিন সময় নষ্ট করলে কী এমন ক্ষতি হবে! মনে রাখবেন, এভাবেই একদিন আপনার জীবন শেষ হয়ে যাবে। এই ক্ষুদ্র সময়গুলোর সমষ্টিই হলো জীবন। আল্লাহ তা'আলা আপনাকে সময়ের এক মহা দৌলত দান করেছেন। আপনি চাইলে সময়কে কাজে লাগিয়ে জীবনে অনেক কিছু অর্জন করতে পারেন।
সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য সময়ের সুষমবণ্টন আবশ্যক। সময়ানুবর্তিতাকে জীবনের অন্যতম গুণ সাব্যস্ত করুন। প্রত্যেক কাজের জন্য পৃথক পৃথক সময় নির্ধারণ করুন। পড়াশোনা, পর্যালোচনা, বিনোদন, সংসার তথা সবকাজের জন্য পৃথক সময় নির্ধারণ করুন।
প্রতিদিন আপনি কী অর্জন করতে চান, তা আপনাকে জানতে হবে। জীবনের একটা দিন অতিবাহিত হবে আর আপনার অর্জনের খাতায় কোনো কিছু সংযোজন হবে না- তা অসম্ভব। আগামীকাল আপনার কী কাজ, তা আজই নির্ধারণ করুন। এভাবে সারাটা জীবনের কাজ নির্ধারণ করে সে মোতাবেক সময়কে কাজে লাগান।
জীবনের লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করুন। গুরুত্বের বিচারে কোনটি অগ্রগণ্য, তা বাছাই করুন। সময় ও কাজের তালিকা করুন এবং কোন সময়ে, কোন মাসে, কোন বছরে আপনি কী অর্জন করতে চান, কী কাজ করতে চান, তা নির্ধারণ করুন।
পাশাপাশি বিজ্ঞজনদের পরামর্শে চলুন। তারা আপনার সফলতার পথে প্রদীপ হিসাবে কাজ করবেন। কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করবেন না। কারণ, অজ্ঞতার চিকিৎসা হলো জিজ্ঞাসা করা। অন্যদের গন্তব্যসীমার শেষ থেকে আপনি আপনার ভ্রমণ শুরু নির্ধারণ করুন।
আপনার ছক ও সময় ব্যবস্থাপনা অনুযায়ী কাজ না হলে ভেঙে পড়বেন না। প্রত্যেক মানুষই কখনো সফল হয় আবার কখনো ব্যর্থ হয়। সফলতা ও ব্যর্থতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে ভেঙে পড়লে চলবে না। ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। আবার নতুনভাবে শুরু করুন। আল্লাহ আপনাদের সাথে আছেন। তিনি কখনো কারও প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করেন না।[44]
একটু ভেবে দেখবেন! আপনার জীবনের মূলধন কিন্তু আপনার এই সময়। আপনার জীবনের যেমন ক্ষুদ্র সময়গুলো কেটে যাচ্ছে, নিঃসন্দেহে পুরোটা এভাবে কেটে যাবে। তাই আজই সতর্ক হোন। জীবনের যে মুহূর্ত আজ চলে যাচ্ছে, তা কেয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসবে না।
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। নিজেকে কোনো অবস্থাতেই অসহায় মনে করবেন না। মনে রাখবেন, আপনি যদি দয়াময়ের দরোজায় সাহায্যের জন্য হাত তোলেন, তিনি কখনোই আপনাকে রিক্তহস্তে ফিরিয়ে দেবেন না; বরং তার রহমত ও কল্যাণের দরোজাসমূহ খুলে দেবেন। আপনাকে সফলতা ও শান্তির পথে পরিচালিত করবেন। আপনাকে সরল সঠিক পথ প্রদর্শন করবেন।
আল্লাহ তা'আলা বলেন-
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ. (العنكبوت)
'যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন।'[45]

টিকাঃ
44. إن الله لا يضيع أجر المحسنين
45. সূরা আনকাবুত (২৯): ৬৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00