📘 শোনো হে যুবক > 📄 অন্যকে দ্বীনের দাওয়াত দিন

📄 অন্যকে দ্বীনের দাওয়াত দিন


উপদেশ : ৯
অন্যকে দ্বীনের দাওয়াত দিন
যখন আপনি দ্বীনের স্বাদ উপলব্ধি করতে শুরু করবেন, দ্বীনের ওপর চলার আনন্দ পাবেন, আল্লাহর আনুগত্যের তৃপ্তি পাবেন, তখন নিজের মুসলিম ভাইদের ভুলে যাবেন না, যারা আপনার সাথী-সঙ্গী। সারাজীবন যাদের সাথে আপনার সময় কেটেছে। আজ হয়তো আল্লাহ তা'আলার অনুগ্রহে আপনি হেদায়েত পেয়েছেন, কিন্তু তারা পায়নি। তাই তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, দ্বীনের দাওয়াত দেওয়া এখন আপনার দায়িত্ব।
আপনার সাথী-সঙ্গী ও পরিচিতজনদের তালিকা তৈরি করুন।
মাদরাসা, স্কুল, কলেজ, ভার্সিটি-জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত আপনার সাথী-সঙ্গীদের তালিকা করুন। আপনার পাড়ার সাথীদের লিস্ট করুন। এ ছাড়াও জীবনে চলার পথে আপনার কতজনের সাথে পরিচয় হয়েছে- যেমন: বিভিন্ন সভা-সেমিনার, সফর, ইন্টারনেট-সূত্রে পরিচিত এমন বহু মানুষকে আপনি খুঁজে পাবেন যারা আজও দ্বীন-বিমুখ।
ক্রমান্বয়ে তাদের সবার কাছে গিয়ে আপনি যে কল্যাণের পথে রয়েছেন, সে পথের দাওয়াত দিন। তাদের সাথে উত্তম কথা বলুন। তাদেরকে ইসলামের শান্তির কথা বলুন। তাদের মোবাইলে খুদে বার্তা পাঠান। টেলিফোনে তাদের সাথে কুশল বিনিময় করুন। তাদের নিয়ে দ্বীনী মজলিসে যান। তাদের সাথে ইসলামী জীবনব্যবস্থার কথা আলোচনা করুন। তাদেরকে দ্বীনী বইপুস্তক উপহার দিন।
কিছু একটা করুন। কারণ, এ তো ভ্রাতৃত্বের দাবি। ইসলামের দাবি। তাদের কল্যাণে আপনাকেই এগিয়ে আসতে হবে।
তাদেরকে সুখী সমৃদ্ধশালী জীবনের পথে আসার আহ্বান করুন, যে পথে আপনি আছেন।
মনে রাখবেন, আপনার কথায় তারা সারাজীবন যত নেক আমল করবে এবং তাদের আহবানে যারা আমল করবে (এভাবে কেয়ামত পর্যন্ত যারা সঠিক পথে আসবে) তাদের সবার আমলের সমপরিমাণ প্রতিদান আপনার আমলনামায় জমা হবে। কারণ, এসব আপনারই মেহনতের ফল।
ইমাম আহমদ রহ. হযরত বুরাইদা রা. এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদীসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
الدال على الخير كفاعله. (رواه أحمد)
'সৎকাজের পথপ্রদর্শক সৎকাজ কর্তার মতো।'
এ কারনেই আল্লাহ রব্বুল আলামীন বলেন-
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. (حم السجدة)
'ওই ব্যক্তির অপেক্ষা কার কথা উত্তম, যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত?'[43]

টিকাঃ
৪৩. হা-মীম-সাজদা (৪১): ৩৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00