📄 শরীর-চর্চা করুন
উপদেশ : ৮
শরীরচর্চা করুন
শারীরিক সুঠাম গঠন, অবয়ব, শক্তি, বল, সুস্থতা যুবকদের অন্যতম গুণ। জাতির যেমন সুস্থ মস্তিষ্ক প্রয়োজন, তেমনি প্রয়োজন পূর্ণাঙ্গ সুস্থ শরীর।
এ ক্ষেত্রে লক্ষণীয় হলো, অর্থবহ শরীরচর্চার দিকে মনোযোগ দেওয়া। অর্থবহ শরীরচর্চা বলতে বোঝায়, ওই ব্যায়াম বা শরীরচর্চা, যা আপনার ও আপনার জাতির জন্য কল্যাণ বয়ে আনে। যেমন: সাঁতার, তীরন্দাজি, আত্মরক্ষামূলক কলাকৌশল, শক্তিবর্ধক খেলাধুলা, ভারী বস্তু কাঁধে তোলা, ঘোড়দৌড় ইত্যাদি শরীর, মস্তিষ্ক ও সমাজের জন্য উপকারী ব্যায়াম। হায়! আজ যুবসমাজ যদি বিভিন্ন খেলাধুলায় মাসের পর মাস নষ্ট না করে অর্থবহ ব্যায়ামের প্রতি মনোযোগী হতো!
যুবসমাজ সমীপে সবিনয় আবেদন, দয়া করে শরীরচর্চা বিষয়ক পড়াশোনায় বেশি সময় নষ্ট করবেন না। আজ যুবসমাজ শরীরচর্চা বিষয়ক বইপত্র পড়ে প্রচুর সময় নষ্ট করে থাকে। কিন্তু বাস্তব জীবনে তার কিয়দংশও প্রয়োগ করে না। আমরা পড়াশোনা করি কিন্তু আমল করি না। এটি আজ আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। শুধু আলোচিত বিষয়ে নয়, সব বিষয়েই!!
অন্যদিকে শারীরিক ব্যায়াম ও অনুশীলন যেখানে ভালো ফলাফল বয়ে আনার কথা সেখানে অনেকেই এর পেছনে পড়ে জীবন ধ্বংস করতে বসে। কেউ এর পেছনে অধিক সময় ব্যয় করতে শুরু করে। অত্যাধুনিক জিমগুলোর পেছনে পড়ে অনেকে জীবনের বহু মূল্যবান সময় নষ্ট করে ফেলে। বডিবিল্ডারের আদলে পেশী বানানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো, নিজেদের সুস্থ সবল রাখা, যা দেশ জাতির কল্যাণে কাজে আসবে। যে সকল ব্যায়াম ও শরীরচর্চা আমাদের কোনো উপকারে আসে না, সেগুলোর পেছনে পড়ে সময় নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয়!!
মনে রাখবেন, শরীরচর্চা উন্নতির মাধ্যম বটে, কিন্তু মূল উদ্দেশ্য নয়। তাই এর পেছনে বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ, এর চেয়েও আপনার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যেগুলোর পেছনে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক চিন্তা-ভাবনা, চেষ্টা-পরিশ্রম করতে হয়।