📘 শোনো হে যুবক > 📄 মসজিদের সাথে সম্পর্ক গড়ুন

📄 মসজিদের সাথে সম্পর্ক গড়ুন


উপদেশ : ৩
মসজিদের সাথে সম্পর্ক গড়ুন
যুবসমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম হলো মসজিদ। জামাতের সাথে নামায আদায়ের নির্দেশ কেবল অধিক নেকী অর্জনের জন্য নয়, বরং আল্লাহ তা'আলা জামাতের সাথে নামাযের সওয়াব বাড়িয়ে দিয়েছেন মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য।
মসজিদ ব্যক্তি ও সমাজের ঈমান হেফাজতের কেন্দ্র। যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করল সে নিজের ঈমান ও তাকওয়ার হেফাজতের মাধ্যমকে সংরক্ষণ করল, এ কারণেই আল্লাহ রব্বুল আলামীন বলেন-
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ. (التوبة)
'আল্লাহর মসজিদসমূহ তারাই আবাদ করে, যারা আল্লাহ ও আখেরাত দিবসের ওপর ঈমান রাখে। '[36]
বোঝা গেলো, নিয়মিত মসজিদে নামায আদায় করা এবং মসজিদ আবাদ করা আল্লাহ ও কেয়ামত দিবসের ওপর পূর্ণ ঈমান আনার আলামত। অতঃপর এই ব্যক্তি অন্যান্য ভাইদের ঈমানের পথে সহযোগিতা করবে।
যারা নিয়মিত মসজিদে নামায আদায় করেন, কোনো কারণে কোনো নামাযে মসজিদে উপস্থিত না হলে অন্য মুসল্লীগণ তার খোঁজখবর নেন। এভাবে তারা একে অপরের সহযোগী হয়ে ওঠেন। পরস্পরে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়।
এরচেয়ে বড় ফায়দা হলো, মসজিদের নামাযে যে মনোযোগ ও ভাবগাম্ভির্য্য থাকে, ঘরের নামাযে তা থাকে না। নামায-সংক্রান্ত ফায়দা অনেক বেশি। এ ছাড়াও মসজিদের নামাযে বহুবিধ উপকারিতা রয়েছে, যা গণনা করে শেষ করা যাবে না।
পাশাপাশি আপনি যদি মসজিদের ইলমি মজলিসগুলোয় মিলিত হন- যদি পারেন, যেমন মসজিদে কুরআন হিফজ করার মজলিস হয়, অনেক সময় নামাযের পর সংক্ষিপ্ত তা'লীম হয়- এগুলো আপনার দ্বীনী মূল্যবোধ সৃষ্টিতে সহযোগী হবে, মসজিদের সাথে আপনার সম্পর্ককে আরও বৃদ্ধি করবে। এ সবকিছু আপনাকে একজন সৎ-পূর্ণাঙ্গ মুমিন হিসেবে গড়ে তুলবে।
এ কারণেই আল্লাহ তা'আলা মসজিদের মুসল্লীদের প্রচুর সওয়াব দান করেন। অথচ ঘরের মুসল্লী যেই নামায আদায় করেন তারাও সেই নামায আদায় করেন। উভয়ের নামাযের নিয়ম-কানুন, আদায়পদ্ধতি একই রকম। পার্থক্য শুধু জামাত।
ইমাম বুখারী ও মুসলিম রহ. হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. এর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلَاةِ الْفَذْ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً. (متفق عليه)
"জামাতের নামায একাকী নামাযের চেয়ে সাতাশ গুণ অধিক উত্তম।[37]
ইমাম বুখারী ও মুসলিম রহ. হযরত আবু হুরায়রা রা. এর সূত্রে আরেকটি হাদীস বর্ণনা করেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَنْ غَدًا إِلَى الْمَسْجِدِ، أَوْ رَاحَ، أَعَدَّ اللهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلًا، كُلَّمَا غَدًا، أَوْ رَاحَ. (متفق عليه)
'যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদের দিকে যায়, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে মেহমান খানা তৈরী করেন, সকাল বিকাল সে যতবার যায় ততবার।'[38]

টিকাঃ
৩৬. সূরা তওবা (০৯): ১৮
৩৭. মুসলিম: ৬৫০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00