📄 ফরজ সালাতের সাথের সুন্নাত
ফরজ সালাতের সাথে যেসব সুন্নাত পড়ার বিধান রয়েছে, সেগুলো অনেক ফজিলতপূর্ণ। নবীজি ইরশাদ করেছেন—
মَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلّي الله كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوّعاً، غَيْرَ فَرِيضَةٍ، إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعُ رَكْعَاتٍ قَبْلَ الظُّهْرِ ... وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ... وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ... وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ
যে মুসলমান আল্লাহকে খুশি করার জন্য প্রতিদিন ফরজের অতিরিক্ত বারো রাকআত নফল সালাত পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। [সেগুলো হল,] যোহরের আগে চার রাকআত, যোহরের পর দু' রাকআত, মাগরিবের পর দু' রাকআত, ইশার পর দু' রাকআত এবং ফজরের আগে দু' রাকআত। [সহিহ মুসলিম]
এগুলো হল সুন্নাতে মুআক্কাদা। এর মধ্যে সবচেয়ে বেশি তাকিদ হল ফজরের সুন্নাতের। হাদিসে আছে— رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا ফজরের সালাতের দু' রাকআত সালাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা-কিছু আছে, তার সবকিছু থেকে উত্তম। [সহিহ মুসলিম]
ফজরের দু' রাকআত সুন্নাত দীর্ঘ না করা উত্তম। প্রথম রাকআতে সূরায়ে ফাতিহার পর সূরায়ে কাফেরুন পড়বে, এবং দ্বিতীয় রাকআতে সূরায়ে ইখলাস পড়বে। অথবা প্রথম রাকআতে পড়বে— قُولُوا أَمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرُهِمَ وَإِسْمَعِيلَ وَإِسْحَقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ মِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
আর দ্বিতীয় রাকআতে পড়বে— قُلْ يَأَهْلَ الْكِتَبِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا মِّنْ دُونِ اللَّهِ ۖ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
তদ্রূপ মাগরিবের পরের দু' রাকআতেও সূরায়ে কাফেরুন ও সূরায়ে ইখলাস পড়বে।
এসব সুন্নাত সালাতের কোনোটা পড়তে না পারলে পরবর্তীতে কাজা পড়া সুন্নাত।²³ তদ্রূপ কেউ যদি রাতে বিতরের সালাত পড়তে না পারে, তা হলে দিনের বেলায় তা কাজা পড়ে নেবে। নবীজি ইরশাদ করেছেন—
মَنْ نَامَ عَنْ الْوِتْرِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّ إِذَا أَصْبَحَ أَوْ ذَكَرَ
কেউ যদি বিতর না পড়ে ঘুমিয়ে পড়ে, বা পড়তে ভুলে যায়, তা হলে সকাল হলে তা পড়ে নেবে, অথবা স্মরণ হলে পড়ে নেবে। [দারা কুতনি]
তবে বিতর সালাত কাজা পড়ার সময় এক রাকআত বৃদ্ধি করে জোড় রাকআত বানিয়ে নেবে। তাই কেউ যদি সব সময় পাঁচ রাকআত পড়ে, তা হলে ছয় রাকআত পড়বে। এভাবে বাকিগুলোর নিয়ম।²⁴
টিকাঃ
২৩. হানাফী আলেমদের মতে, ফজরের সুন্নাত ব্যতীত কোনো সুন্নাতের কাজা নেই।
২৪. তবে হানাফী আলেমদের মতে এরূপ করবে না।
📄 জোহাস সালাত
আবু হুরায়রা রাযি. বলেন, 'আমার বন্ধু রাসুল আমাকে তিনটি বিষয়ের জন্য বিশেষ তাকিদ দিয়ে ওসিয়্যত করেছেন: প্রতি মাসে তিন দিন সিয়াম রাখার; দোহার দু' রাকআত সালাত পড়ার এবং ঘুমানোর আগে বিতরের সালাত আদায় করার।' [সহিহ বুখারি, মুসলিম]
নবীজি এই সালাতের নাম রেখেছেন 'সালাতুল আউয়াবিন' [তওবাকারীদের সালাত]। বলেছেন, আউয়াবিনের সালাতের সময় হল, যখন উটের বাচ্চা উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ প্রচণ্ড তাপের কারণে যখন ছোট উটগুলো বসে পড়ে। [সহিহ মুসলিম]
এই সালাতের সময় শুরু হয় সূর্যোদয়ের পনেরো-বিশ মিনিট পর। আর তা দ্বিপ্রহরের আগ পর্যন্ত পড়া যায়।
📄 সেজদায়ে তেলাওয়াত
সালাত বা সালাতের বাইরে সেজদার আয়াত পাঠ করলে সেজদা করা ওয়াজিব। শ্রবণ করলেও সেজদা করা ওয়াজিব। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, নবীজি ইরশাদ করেছেন— إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ : يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ
আদমসন্তান সেজদার আয়াত পড়ে সেজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূর হয়ে যায়। বলে, 'হায় আফসোস! আদমসন্তানকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সে সেজদা করেছে। ফলে সে জান্নাতে যাবে। আর আমাকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমি অস্বীকার করেছি। ফলে আমাকে জাহান্নামে যেতে হবে'। [সহিহ মুসলিম]
সেজদায়ে তেলাওয়াত করার সময় তাকবির বলবে। ইবনে উমর থেকে বর্ণিত আছে, রাসুল আমাদের পবিত্র কুরআন পড়ে শোনাতেন। সেজদার আয়াত এলে তিনি আল্লাহু আকবার বলে সেজদা করতেন। আর আমরাও তার সাথে সেজদা করতাম। [সুনানে আবু দাউদ]
সেজদার মধ্যে سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى পড়বে। আর এটাও পড়া যাবে— سَجَدَ وَجْهِي لِلَّهِ الَّذِي خَلَقَه وَصَوَّرَه ، وَشَقَّ سَمْعَه وَبَصَرَهُ ، بِحَوْلِهِ وَقُوَّتِه اللهُمَّ اكْتُبْ لِي بِهَا أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا ، وَاجْعَلْهَا لِيْ عِنْدَكَ ذُخْرًا, وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَادَ.
বসা থেকে সেজদায় না গিয়ে দাঁড়ানো থেকে যাওয়া ভাল।
📄 নফল সালাত
নফল সালাতের মধ্যে উত্তম হল রাতের সালাত। দিনের নফল থেকে রাতের নফল শ্রেষ্ঠ।
নবীজি ইরশাদ করেছেন— أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ الْمَكْتُوْبَةِ الصَّلَاةُ فِي جَوْفِ اللَّيْلِ ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল মধ্যরাতের সালাত। [হাদিসটি আসহাবুসুনান বর্ণনা করেছেন।]
তিনি আরও ইরশাদ করেছেন— فِي اللَّيْلِ سَاعَةٌ لا يُوَافِقُهَا عَبْدُ مُسْلِمُ يَدْعُو اللَّهَ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ রাতে এমন একটি মুহূর্ত আছে, যে-মুহূর্তে কোনো মুসলমান বান্দা আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাইলে আল্লাহ তাকে তা দান করেন।
তিনি আরও বলেছেন— عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ ، فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ ، وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَى رَبِّكُمْ ، وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ ، وَمَنْهَاةٌ عَنِ الإِثْمِ তোমরা অবশ্যই কিয়ামুল্লাইল [রাত জেগে সালাত আদায়] করবে। কারণ, এটা তোমাদের আগেকার নেককারদের রীতি। এর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়, পাপ মোচন হয়, এবং গোনাহর কাজে বাধা হয়। [মুসনাদে হাকেম]
রাত্রিজাগরণকারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন—
'রাতের সামান্য অংশেই তারা নিদ্রা যেত। রাতের শেষ প্রহরে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত।' [সূরা যারিয়াত: ১৭-১৮]
আরও ইরশাদ হচ্ছে—
'বিছানা থেকে তাদের পার্শ্ব আলাদা থাকে। ভয় ও আশা নিয়ে তারা তাদের প্রভুকে ডাকে। আর আমার প্রদত্ত রিযিক থেকে তারা দান করে। তাদের আমলের বিনিময়ে চক্ষুশীতলকারী কী কী নিয়ামত গোপন করে রাখা হয়েছে, তা কেউ জানে না।' [সূরা সিজদা: ১৬-১৭]