📄 সালাতের রুকন
১. কিয়াম করা, তথা দাঁড়িয়ে সালাত পড়া।
২. তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা। [অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে।]
৩. সূরায়ে ফাতিহা পড়া। এটা ইমাম ও একাকী সালাত আদায়কারীর ওপর প্রত্যেক রাকআতেই ফরজ। আর মুক্তাদির ওপর সিররি সালাতের সব রাকআতে ফরজ, জেহরি সালাতের তৃতীয় ও চতুর্থ রাকআতে ফরজ, আর প্রথম ও দ্বিতীয় রাকআতে ওয়াজিব। আর জেহরি সালাতে ইমামের পড়ার পর মুক্তাদি পড়বে।¹⁴
৪. রুকু' করা।
৫. রুকু' হতে ওঠা।
৬. সেজদা করা।
৭. সেজদা হতে বসা।
৮. শেষ বৈঠকে তাশাহহুদ পড়া।
৯. শেষ তাশাহহুদে নবীজির ওপর সালাত পাঠ করা।
১০. প্রথম সালাম।
১১. রুকনগুলোর ধারাবাহিকতা রক্ষা করা।
১২. উল্লিখিত কাজগুলোর প্রতিটি ধীরস্থিরভাবে আদায় করা।¹⁵
টিকাঃ
১৪. হানাফী আলেমদের মতে, সালাতের কোনো রাকআতেই সূরায়ে ফাতিহা পড়া ফরজ নয়, বরং ওয়াজিব। জেহরি ও সিররি সালাতের একই হুকুম। তা ছাড়া ইমামের পিছনে ইক্তিদাকারী অর্থাৎ মুক্তাদি সুরা না পড়ে চুপ থাকবে এবং ইমামের কেরাতের দিকে মনোযোগ রাখবে। তাঁদের মতে সিররি সালাতেও মুক্তাদি সুরায়ে ফাতিহা পড়বে না।
১৫. হানাফী আলেমদের মতে, এসব কাজের কোনো কোনোটি ফরজ, সবগুলো নয়। রুকু' করা ফরজ, কিন্তু রুকু' থেকে ওঠা ফরজ নয়, ওয়াজিব। সেজদা করা ফরজ, কিন্তু সেজদা থেকে উঠে বসা ফরজ নয়। তেমনিভাবে শেষ বৈঠকে অতটুকু সময়ের জন্য বসা ফরজ, যতটুকু সময়ে তাশাহহুদ পড়া যায়, কিন্তু তাশাহহুদ পড়া ফরজ নয়। তাশাহহুুদের পর সালাত পাঠ করা সুন্নাত। প্রথম ও দ্বিতীয় কোনো সালামই ফরজ নয়। রুকনগুলোকে ধারাবাহিকতা রক্ষা করে ও ধীরস্থিরভাবে আদায় করাও ফরজ নয়।
📄 সালাতের ওয়াজিব
১. এক রুকন হতে আরেক রুকনে যাওয়ার সময়ের তাকবিরগুলো বলা ওয়াজিব।¹⁶ আর তাকবিরে তাহরিমা হল রুকন।
২. ইমাম ও মুনফারিদ [একাকী সালাত আদায়কারী]-এর জন্য سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَه বলা। আর মুক্তাদির জন্য رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলা।¹⁷
৩. তাহমিদ বলা। অর্থাৎ ইমাম, মুক্তাদি ও মুনফারিদের জন্য رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলা।
৪. রুকু'তে سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ বলা।
৫. সেজদায় سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى বলা।
৬. দুই সেজদার মধ্যখানে رَبِّ اغْفِرْ لِي বলা।
৭. প্রথম তাশাহহুদ। তা হল- التَّحِيَّاتُ لِلَّهِ وَ الصَّلَوَاتُ وَ الطَّيِّبَاتُ السَّلامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَ عَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ. أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْลُهُ.
৮. প্রথম তাশাহহুদের জন্য বসা।
এগুলো হল সালাতের ওয়াজিব। বুঝেশুনে কেউ যদি এগুলোর একটিও বাদ দিয়ে দেয়, তার সালাত বাতিল হয়ে যাবে। কারণ, সে সালাত নিয়ে খেলছে। আর কেউ যদি অজ্ঞতাবশত বা ভুলে বাদ দেয়, সে সেজদায়ে সাহু করে নেবে।
টিকাঃ
16. হানাফী আলেমদের মতে এ সময়ে তাকবিরগুলো বলা সুন্নাত।
17. এই সাতটি আমলের মধ্যে কেবল তাশাহহুদই হানাফী আলেমদের মতে ওয়াজিব। বাকিগুলো সুন্নাত।