📄 সালাতের কিয়ামে যেসব ভুল হয়
১. অনেকে সালাতে এভাবে নিয়্যত করে, আমি আল্লাহর ওয়াস্তে অমুক ওয়াক্তের অত রাকআত অমুক সালাত পড়ছি। এটা জরুরি মনে মুখে উচ্চারণ করা বেদআত। বরং নিয়্যত মনে মনেই করবে। এবং যে সালাত পড়ছে, মনের মধ্যে সেটা উপস্থিত রাখবে। যদি মুখে মুখেই নিয়্যত করে, কিন্তু মনের মধ্যে সেটা উপস্থিত না থাকে, তা হলে নিয়্যত হবে না। ফলে সালাতও হবে না।
২. ইমাম সাহেব যখন إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ [আমরা তোমারই ইবাদত করি, এবং তোমারই নিকট সাহায্য চাই।] পড়েন, তখন অনেকেই বলে, اِسْتَعَنَّا بِاللَّهِ [আমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি।]। এটা ভুল।
৩. رَبَّنَا وَلَكَ الْحَمْدُ এর পর অনেকে وَلَكَ الشُّكْرُ যোগ করে। এটাও ভুল।
৪. রুকু' থেকে ওঠার পর রফ'য়ে ইয়াদাইন করে মুখ মাসেহ করা।
৫. কাতার সোজা না করা এবং সালাত আদায়কারীদের মধ্যে ফাঁক রাখা।
৬. সালাতে এদিক-সেদিক তাকানো বা ওপরের দিকে মুখ তোলা। শরিয়তের বিধান হল, সেজদার জায়গার দিকে তাকানো।
৭. পেশাব-পায়খানার প্রচণ্ড বেগ হলেও তা চেপে রেখে সালাত পড়া।
৮. বিনা প্রয়োজনে মুখ ঢেকে রাখা কিংবা দু'দিকে দু'হাত ঝুলিয়ে দেওয়া।
৯. বাম হাতের ওপর ডান হাত দিয়ে তা পেটের ওপর রাখা। সুন্নাত হল বুকের ওপর রাখা।⁷
১০. বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা।
১১. এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতর দিয়ে জট পাকানো, বা আঙ্গুল ফোটানো।
টিকাঃ
৭. হানাফী আলেমদের মতে, পেটের ওপর হাত রাখা ভুল নয়। হানাফী আলেমদের মতে রুকুর সময় হাত উঠাবে না। হাত না ওঠানোর আমলও রাসুল ﷺ থেকে বর্ণিত আছে।
📄 রুকু'তে যেসব ভুল হয়
১. রুকু'র সময় মেরুদণ্ড সোজা না রাখা। এ সময় পিঠ সোজা রাখা সুন্নাত।
২. দু' পায়ের দিকে দৃষ্টি রাখা। সুন্নাত হল সেজদার জায়গার দিকে দৃষ্টি রাখা।
৩. পিঠের সাথে মাথা সমান্তরাল না হওয়া। সুন্নাত হল, মাথা পিঠের সমান্তরালে থাকা।
📄 সেজদায় যেসব ভুল হয়
১. সাতটি অঙ্গ দ্বারা সেজদা না করা।
২. সেজদার সময় হাতের কনুই বা পায়ের গোড়ালি মাটিতে রাখা।
৩. নাক না লাগিয়ে শুধু কপাল দ্বারা সেজদা করা।
৪. সেজদার সময় মাটি থেকে পা উঠিয়ে ফেলা কিংবা মাটির ওপর শুধু আঙ্গুলের মাথা রাখা। আঙ্গুলের পেট মাটিতে মিলিয়ে রাখা ওয়াজিব।⁹
৫. উরুর সাথে পেট চেপে রাখা বা পাঁজরের সাথে বাজু মিলিয়ে রাখা। নিয়ম হল, এগুলো দূরে দূরে রাখা।
টিকাঃ
৯. হানাফী আলেমদের মতে এটা সুন্নাত।