📄 অযু ভঙ্গের কারণ
অযু-ভঙ্গকারী বলতে এমনসব বিষয় বোঝায়, যেগুলো ঘটলে অযুকারী ব্যক্তি 'মুহদিস' তথা অযুহীন হয়ে যায়। সেগুলো নিম্নরূপ :
১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া; যেমন পেশাব, পায়খানা বা বায়ু।
২. বোধশক্তি হারিয়ে ফেলা: উন্মাদনা, সংজ্ঞাহীনতা, নেশা বা গভীর ঘুমের অবস্থায় অনুভূতিশক্তি এতটুকু নিষ্ক্রিয় হয়ে যাওয়া যে, তার শরীর থেকে কিছু বেরিয়ে গেলে টের পায় না। তবে হালকা ঘুমে, যে-ঘুমে অনুভূতি লোপ পায় না, অযু ভঙ্গ হবে না।
৩. উত্তেজনার সাথে সরাসরি হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা। নিজের লজ্জাস্থান হোক বা অন্যেরটা। রাসুল ﷺ ইরশাদ করেছেন— مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأُ যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন অযু করে। [ইবনে মাজা, সুনানে নাসায়ী]¹
৪. উটের গোস্ত, ভুঁড়ি, কলিজা খাওয়া। কেননা রাসুল-কে জিজ্ঞাসা হয়েছিল— أَنَتَوضَّأُ مِنْ لُحُوْمِ الْإِبْلِ؟ قَالَ نَعَمْ 'আমরা কি উটের গোস্ত খেয়ে অযু করবো?' তিনি ﷺ বললেন, 'হাঁ।' [সহিহ মুসলিম]²
৫. আরও কিছু কারণ আছে, যেগুলো অযুভঙ্গের কারণ হওয়া নিয়ে ইমামদের মধ্যে মতবিরোধ আছে। সেগুলোর ক্ষেত্রে অযু করে নিয়ে মতবিরোধ থেকে বেরিয়ে যাওয়াটাই উত্তম।
টিকাঃ
১. এক্ষেত্রে অযু ভঙ্গ না হওয়ারও হাদিস আছে।
২. এক্ষেত্রেও অযু ভঙ্গ না হওয়ার হাদিস আছে।