📄 অযুর পরের দোয়া
অযুর পর এই দোয়া পড়বে¹—
أَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَ رَسُولُه ، سُবْحَانَكَ اللهُمَّ وَ بِحَمْدِكَ أَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَ أَتُوْبُ إِلَيْكَ .
আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবি হামদিকা আশহাদু আল্লা-ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
টিকাঃ
১. সহিহ মুসলিম, তাবারানি
📄 সতর্কতা
অযুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে পর পর ধোয়া ওয়াজিব।
অযুর পর কাপড় দিয়ে অঙ্গগুলো মুছে নেওয়া জায়েয।
অযুর অঙ্গগুলো এক বার করেও ধোয়া জায়েয, দু'বার করেও ধোয়া জায়েয। তবে তিন বার করে ধোয়া সুন্নাত। মাথা এক বারই মাসেহ করবে।
অযুর অঙ্গগুলোর সবখানেই যেন পানি পৌঁছয়, কোনো অঙ্গ যেন শুকনো না থাকে। নবীজি ﷺ একব্যক্তিকে দেখলেন, তার পায়ে নখ পরিমাণ জায়গা শুকনো রয়ে গেছে, পানি পৌঁছয়নি। তিনি বললেন, إِرْجِعْ فَأَحْسِنُ وَضُوءَكَ 'পুনরায় গিয়ে সুন্দর করে অযু করে এসো।'
ক্ষতস্থানের ওপর যদি পট্টি বা ব্যান্ডেজ বাঁধা থাকে, তা হলে তার ওপরই মাসেহ করবে। আর যদি ক্ষতের ওপর পট্টি বা ব্যান্ডেজ না থাকে, যেমন পোড়া জায়গা, তা হলে যতটুকু সম্ভব ধুয়ে নেবে। এরপর তায়াম্মুম করবে।
অযুর পর দু' রাকআত সালাত পড়া সুন্নাত।
📄 মোজার ওপর মাসেহর আহকাম
মোজা যা বলতে পায়ে চামড়া বা চামড়ার মত বস্তুর তৈরি যা পরিধান করা হয়, তাকে বোঝায়।
📄 মাসেহ করার পদ্ধতি
হাতের ভেজা আঙ্গুল ফাঁক করে মোজার ওপরিভাগে পায়ের আঙ্গুলের দিক থেকে পায়ের গোছার দিকে টেনে আনবে, পিছনে বা নীচের দিকে টেনে নেবে না।
আলী রাযি. বলেন, 'আমি নবীজি-কে মোজার ওপরিভাগে মাসেহ করতে দেখেছি।'
হাসান বসরি বলেন, 'আমি রাসুল-এর সত্তরজন সাহাবি থেকে শুনেছি, রাসুল মোজার ওপর মাসেহ করেছেন।'
امام আহমদ বলেন, 'মাসেহ জায়েয হওয়ার ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে নবীজি-র চল্লিশটি হাদিস রয়েছে।'