📄 ‘ওয়াজদ’ এর ক্ষেত্রে সুফিদের মতবাদ
লেখক রহ. বলেন, যদি কেউ বলে যে, কথা তো সত্যবাদীদের ব্যাপারে চলতে পারে; রিয়াকারদের ব্যাপারে নয়। ওই ব্যক্তির ব্যাপারে কী বলা হবে, যার ওপর অনিচ্ছাকৃতভাবে 'ওয়াজদ' তথা আবেগ, উত্তেজনা, উন্মত্ততার সৃষ্টি হয়? যে তা নিয়ন্ত্রণের সামর্থ্য রাখে না? এর উত্তরে বলা হবে—'ওয়াজদ' আরম্ভ হওয়ার প্রাক্ককালে অভ্যন্তরীণ একধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়। তখন মানুষ যদি তার নিয়ন্ত্রণে সচেষ্ট হয় যে, কেউ যেন এই অবস্থা অবলোকন করতে না পারে। তখন শয়তান তার থেকে নিরাশ হয়ে দূরে সরে যেতে বাধ্য।
আইয়ুব সাখতিয়ানির ব্যাপারে বলা হয়ে থাকে, তিনি যখন হাদিস বর্ণনা করতেন এবং তার অন্তর খুবই কোমল হয়ে যেত এবং তিনি বেশ আবেগাপ্লুত হয়ে পড়তেন। তখন তিনি নাক মুছতেন এবং বলতেন আবহাওয়া বেশ শীতল অনুভূত হচ্ছে। বোঝা গেল, মানুষ যদি নিজেকে নিয়ন্ত্রণহীন করে রাখে তাহলে শয়তান তার ভেতর কুমন্ত্রণার বীজ বপন করার সাহস ও সুযোগ পায়। তার ফুৎকারে মানুষ উত্তেজিত হয়ে পড়ে।
হজরত যায়নাব রা. এর ভাতিজা হতে বর্ণিত। তিনি বলেন, হজরত আবদুল্লাহর স্ত্রী যায়নাব বলেন, একদিন আবদুল্লাহ বাইরে থেকে এলে। আমার পাশে একজন বুড়ি বসা ছিলেন, যিনি আমাকে জ্বরের শুশ্রূষা করছিলেন। আমি তাকে চৌকির নিচে লুকিয়ে রাখলাম। আবদুল্লাহ এসে আমার পাশে বসে আমার গলায় একটি তাবিজ ঝোলানো দেখতে পান। জিজ্ঞেস করলেন, এই তাবিজ কিসের? আমি বললাম, আমার জন্য পড়ে ফুঁক দেয়া হয়েছে। আবদুল্লাহ তাবিজটি নিয়ে ভেঙ্গে ফেললেন এবং বললেন, আবদুল্লাহর পরিবার শিরক থেকে মুক্ত। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে শুনেছি, তিনি বলতেন, কষ্ঠিপাথর, তাবিজ ও এ-জাতীয় দানা শিরক। যায়নাব রা. বলেন, তুমি এটা কেন বলছ? অথচ একবার আমার চোখে ব্যথা অনুভূত হলে আমি অমুক ইহুদির কাছে গিয়ে ঝেড়ে আসি। এরপর এই ব্যথা উপশম হয়ে যায়। আব্দুল্লাহ বললেন, এটা শুধু শয়তানের কারবার। সে তার হাত দিয়ে চোখে ঠোকর মারে। যখন ইহুদি ঝেড়ে দেয় তখন ভালো হয় বলে মনে হয়। তোমাদের জন্য উচিত ছিল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমতাবস্থায় যে আমল করতেন, তা করা। তিনি এই দুআ করতেন :
اللَّهُمَّ أَذْهِبْ البَأْسَ رَبِّ النَّاسِ ، وَاشْفِ فَأَنْتَ الشَّانِي ، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمًا
'হে আল্লাহ মানুষের প্রতিপালক। দুঃখ-কষ্ট দূর করে দিন। শিফা দান করুন। আপনি সুস্থতা দানকারী। আপনার শিফা ব্যতীত কারও শিফা নেই। এমন শিফা দান করুন যাতে কোনো কষ্ট অবশিষ্ট না থাকে।”
📄 ‘ওয়াজদ’-এর নিয়ন্ত্রণ
যদি বলা হয়, আমরা ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাই, যারা 'ওয়াজদ' তথা আবেগ, উত্তেজনা, উন্মত্ততা নিয়ন্ত্রণের বহু চেষ্টা করে। কিন্তু পারে না। তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাহলে এখানে শয়তান আসবে কোথা থেকে?
এর জবাবে বলা হবে, আমরা এ কথা অস্বীকার করছি না যে, কেউ কেউ অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু সত্যবাদীর পরিচয় হচ্ছে, তারা জানে না কী ঘটে যাচ্ছে। অতএব তারা ওই দলের—যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, فَخَرَّ مُوسَى صَعِقًا 'এবং মুসা বেহুঁশ হয়ে পড়ে গেল।'
আবদুল্লাহ ইবনে ওয়াহাবের সামনে কেয়ামতের ভয়াবহতার কথা আলোচনা করা হলে তিনি বেহুঁশ হয়ে পড়েন এবং কোনো কথা বলতে পারেননি। এভাবে কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন।
গ্রন্থকার বলেন, আমি বলছি, অনেক মানুষ ওয়াজ শুনে মারা গেছেন এবং বেহুঁশ হয়ে গেছেন। আমি 'ওয়াজদ' বলতে তাদের বোঝাতে চাচ্ছি, যারা শয়তানের ফাঁদে পড়ে বিভিন্ন উন্মত্ততা ও অস্বাভাবিক আচরণ করে থাকে, উচ্চৈঃস্বরে চিৎকার দিতে থাকে। বাহ্যত তাদেরকে কৃত্রিমতার আশ্রয় নিতে দেখা যায়, যা শয়তানের ফাঁদে পড়েই এমন করে বেড়ায়।
গ্রন্থকার আল্লামা ইবনুল জাওযি রহ. বলেন, যদি বলা হয়, ইখলাসওয়ালাদের অবস্থা কি এমন অবস্থার চেয়ে কম হবে? উত্তরে বলা হবে, হ্যাঁ। দু'টি কারণে। ১. যদি তার ইলম শক্তিশালী হয় তাহলে সে তা আয়ত্ত করতে পারবে। ২. সাহাবি ও তাবেয়িদের বিপরীত কর্মকাণ্ড সাধনের কারণে সে বহু পেছনে পড়ে থাকবে।
সুফিয়ান ইবনে উয়াইনা থেকে আমার কাছে হাদিস পৌঁছেছে। তিনি বলেন, আমি খালাফ ইবনে হাওশাব থেকে শুনেছি যে, খাওয়াত রহ. ওয়াজের সময় কাঁপতেন। তা দেখে ইবরাহিম নাখয়ী বলেছেন যে, তুমি যদি এই অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পার, তবে আমি তোমাকে হীন ভাবতে অসুবিধার কিছু দেখি না। পক্ষান্তরে যদি নিয়ন্ত্রণ করতে না পার, তবে মনে রেখো, তুমি পূর্ববর্তী মনীষীদের বিপরীত কর্ম সাধন করছ।
গ্রন্থকার বলেন, ইবরাহিম নাখয়ী এমন একজন ফকিহ ছিলেন, যিনি সুন্নাতের খুবই পাবন্দি করতেন এবং মনীষীদের পদাঙ্ক অনুসরণ করতেন। আর খাওয়াত রহ. ভালো লোক ছিলেন এবং কৃত্রিমতার আশ্রয় নিতেন না। তার ক্ষেত্রেও ওয়াজদ এর ব্যাপারে ইবরাহিম নাখয়ী কী পরিমাণ কঠোর ছিলেন, তা সহজেই অনুমেয়।
টিকাঃ
১. সহিহুল জামে': হাদিস নং ১৬৩২
২. সুরা আ'রাফ: আয়াত ১৪৩
📄 গান শুনে পরিতৃপ্ত হয়ে তালি দেয়া ও নাচা
তাসাওউফওয়ালারা কাউয়ালি গান শুনে পরিতৃপ্ত হয়ে হাতে তালি বাজাতে থাকে। তারা বলে, হজরত ইবনে বুনান 'ওয়াজদ' করতেন এবং হজরত আবু সাঈদ খায্যায তালি বাজাতেন।
গ্রন্থকার বলেন, তালি বাজানো মন্দ ও ঘৃণিত স্বভাব। এটা উত্তেজনার বহিঃপ্রকাশ। বুদ্ধিমান লোক এমন কাণ্ড থেকে বিরত থাকেন। কারণ এটা পৌত্তলিকদের নিয়ম। তারা বায়তুল্লাহ শরিফের সন্নিকটে আসার প্রাক্ককালে হাত তালি বাজাত। যার নিন্দা জানিয়ে আল্লাহ তায়ালা বলেন,
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ
'আর কাবার নিকট তাদের নামায শিস ও হাত-তালি ছাড়া কিছু ছিল না। সুতরাং তোমরা আস্বাদন করো আযাব। কারণ তোমরা কুফরী করতে।'
লেখক বলেন, এতে মহিলাদের সাথেও সাযুজ্য দেখতে পাওয়া যায়। বুদ্ধিমানেরা এমনটি করতে পারেন না। তারা ব্যক্তিত্ব জলাঞ্জলি দিয়ে মুশরিক ও নারীদের সাযুজ্য গ্রহণ করতে পারেন না। এর পর তারা পরিতৃপ্ত হয়ে নাচতে থাকে। প্রমাণ হিসেবে তারা আল্লাহ তায়ালার বাণী أركض برجلك অর্থাৎ 'হে আইয়ুব! স্বীয় পা মাটিতে মারো।'-এটা দ্বারা প্রমাণ সাব্যস্ত করার চেষ্টা চালায়। গ্রন্থকার বলেন, আমার মতে এ আয়াত দ্বারা প্রমাণ নেয়া চরম ধৃষ্টতা। কেননা জমিনে পা মারার নির্দেশ তো আনন্দ প্রকাশের জন্য দেয়া হয়নি; বরং চাহিদামতো পানি প্রাপ্তির নিমিত্তে এমন নির্দেশ এসেছে।
ইবনে আকিল রহ. বলেন, একজন অসুস্থ ব্যক্তির ঘটনা, যার বিপদমুক্তির সময় এমন পা নাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে এবং তাতে পানি প্রবহমান হওয়ার নবীর মুজেযার অন্তর্ভুক্ত-এ দ্বারা নাচের বিধান নির্ণয় করা আহমকি। ইবনে আকিল আরও বলেন, কুরআনে কড়া ভাষায় সুফি- দরবেশদের এমন পা মারা ও নাচার ব্যাপারে হুঁশিয়ারি এসেছে-
لَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَهًا 'জমিনে দর্পভরে চলো না।'
আল্লাহ তায়ালা অহংকার ও দর্প সহকারে চলাফেরা করার প্রতি নিন্দা জানিয়েছেন। তিনি বলেন,
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।
তালি বাজানো ও নাচানাচি করা খুশির আতিশয্যে হয়ে থাকে। এতে পূর্ণমাত্রা অহংকার ও দর্প পরিদৃষ্ট হয়ে থাকে। গানের মজলিসে আবেগে উদ্বেলিত হয়ে অচেতন হওয়া বা নাচানাচি করাকে ইশকের বড় নিদর্শন বলে গণ্য করা হতো। জালিয়াতরা এ বিষয়ে কিছু হাদিস বানিয়েছে।
এদের নাচ-গানের মজলিসে চরম পুলকিত হয়ে কেউ কেউ দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে। এমনকি পাশের বসা লোককে ধরে দাঁড় করিয়ে যুগলভাবে নাচানাচি করতে থাকে। এমতাবস্থায় পাশের বসা লোকটি যদি তৎক্ষণাৎ না দাঁড়ায়, তবে এটাকে ধৃষ্টতা হিসেবে বিবেচনা করা হয়। অতঃপর একজনের দেখাদেখি সকলেই সমস্বরে চিৎকার করে দাঁড়াতে শুরু করে এবং লাফালাফি করতে থাকে। এবার কেউ তার মস্তিষ্কাবরণ খুলে ফেললে সকলে তার অনুসরণ করে নিজ নিজ মাথার কাপড় খুলে ছুড়ে ফেলে দেয়। অথচ বুদ্ধিমানমাত্রই এ কথা স্বীকার করে থাকবেন যে, মাথার কাপড় খুলে ফেলা নিন্দনীয় বিষয়। এটা শিষ্টাচারপরিপন্থী। কেবল হজের সময় আল্লাহ তায়ালার সামনে দাসত্বের নিদর্শনস্বরূপ মাথা খোলা রাখা হয়।
টিকাঃ
১. সুরা আনফাল: আয়াত ৩৫
২. সুরা বনি ইসরাঈল: আয়াত ৩৭
৩. সুরা লোকমান: আয়াত ১৮
📄 আনন্দের আতিশয্যে পোশাক নিক্ষেপ করা ও ছিঁড়ে ফেলা
আধ্যাত্মিক দাবিদার সুফিরা ছেমা ও কাউয়ালিজাতীয় গান-বাদ্য শুনে খুশির আতিশয্যে স্বীয় পোশাক খুলে ছুড়ে ফেলে দেয়। কেউ কেউ তার সঙ্গী-সাথির দিকে নিক্ষেপ করে। আবার কেউ কেউ তা ছিঁড়ে ফেলে দেয়। তাদের এহেন কাণ্ড দেখে অনেক অজ্ঞলোক বলে থাকে, সে তার নিজের ওপর নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সুতরাং তাকে অভিযুক্ত করা যাবে না। ইবনে আকিলের কাছে এমন কাপড় ছিঁড়ে ফেলা সম্পর্কে জানতে চাইলে তিনি এটাকে গর্হিত ও হারাম কাজ বলে সাব্যস্ত করেন।
وَنَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ إِضَاعَةِ المَالِ وَعَنْ شَقَّ الْحِيُوْبِ
'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ধ্বংস করা এবং কাপড় ছিঁড়তে নিষেধ করেছেন।”
জিজ্ঞাসু লোকেরা ইবনে আকিলের কাছে আরও জানতে চেয়েছেন যে, এ সব লোক তো কী করছে তা তারা জানে না। তদুত্তরে তিনি বলেছেন, যেখানে অবস্থান করলে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে এবং হিতাহিত জ্ঞান লোপ পায়, এমন বৈঠকে উপস্থিত হওয়া গুনাহের কাজ।
ইবনে তাহের এই সুফি মতাবলম্বীদের এহেন কর্মকাণ্ডের বৈধতা দিতে গিয়ে হজরত আয়েশা রা. হাদিসের উদ্ধৃতি পেশ করেছেন। হজরত আয়েশা রা. বলেন: 'আমি একটি পর্দা টাঙিয়েছিলাম, যাতে নকশা ও প্রাণীর ছবি অঙ্কিত ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে ছিঁড়ে ফেললেন।'
লেখক বলেন, এই বেচারা দীনহীন লোকের অজ্ঞতার ওপর করুণা হয়। কোন বিষয়কে কী কাজের সাথে সে তুলনা করছে! এটা যদি মেনেও নেয়া হয় যে, তিনি পর্দাটি ছিঁড়ে ফেলেছেন, তবে সাবধান করার জন্য এটা বৈধ। যেমন তিনি মদের ব্যাপারে মদের পাত্র ভেঙে ফেলার নির্দেশ নিয়েছিলেন।' কিন্তু কাপড় ছিঁড়ে ফেলার ব্যাপারে এখানে কী যুক্তি থাকতে পারে? এ সব লোককে শয়তান দারুণভাবেই প্ররোচিত করে রেখেছে।
আবু ইমরান আলজুনী বলেন, একবার মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম ওয়াজ করছিলেন। এতে আবেগের আতিশয্যে শ্রোতাদের মধ্যে একজন নিজের পোশাক ছিঁড়ে ফেললে হজরত মুসা আলাইহিস সালাম এর কাছে অহী আসে যে, যে লোকটি কাপড় ছিঁড়েছে, তাকে বলুন সে যেন কাপড় না ছিঁড়ে; বরং আমার জন্য অন্তরটা স্বচ্ছ রাখে।
টিকাঃ
১. সহিহ বুখারি: হাদিস নং ১২৯৪, সহিহ মুসলিম: হাদিস নং ২৮৫
২. এ অর্থের হাদিস সহিহ বুখারিতে এসেছে। হাদিস নং ৫৯৫৪