📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 সুফিবাদ ও ক্ষুধা

📄 সুফিবাদ ও ক্ষুধা


গ্রন্থকার বলেন, সুফিরা শুধু অল্পবয়স্ক ও তাসাওউফে নবীন শিক্ষানবীশদেরকে কম খাওয়ার নির্দেশ প্রদান করে বেড়ায়। অথচ যুবকদের জন্য ক্ষুধা যথেষ্ট ক্ষতিকর। কেননা বৃদ্ধ ও পরিণত বয়সের লোকেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে। এর কারণ হলো, যৌবনের তেজ খুব তীব্র। তাই যুবকদের হজমশক্তি ভালো হওয়ার কারণে পেট দ্রুত খালি হয়ে যায়। নতুন বাতি যেমন অধিক তেলের মুখাপেক্ষী, তদ্রূপ তারা বেশি খেতে চায়।

গ্রন্থকার বলেন, খুব কম খাবার গ্রহণের কারণে শরীর দুর্বল হয়ে যায় বলে আলেমগণ অভিমত দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-কে উকবা বিন মুকাররম জিজ্ঞেস করলেন, লোকেরা খুব কম আহার করে এবং অন্নসংস্থানে উদাসীন থাকে, এ ব্যাপারে আপনার মতামত কী? জবাবে তিনি বলেন, তাদের এ বিষয়টি আমার ভালো লাগে না। তিনি আরও বলেন, আমি আবদুর রহমান ইবনে মাহদিকে বলতে শুনেছি, সুফিরা এমন কর্মকাণ্ডের কারণে অনেক ফরয ছেড়ে দেয়। ইসহাক ইবনে দাউদ বলেন, আমি আবদুর রহমান ইবনে মাহদিকে বললাম, হে আবু সাঈদ! আমাদের এলাকায় সুফি সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে। তিনি আমাকে বললেন, তুমি এদের কাছে যেয়ো না। কেননা এদের একটি দলকে আমি দেখেছি, যাদেরকে তাদের কর্মকাণ্ড বেপরোয়া করে ফেলে। অনেকে মুলহিদ ও নাস্তিক হয়ে যায়। অপঃপর তিনি বললেন, একবার সুফইয়ান সাওরি রহ. সফরে বের হলে আমিও তাঁর অনুসরণ করি। আমি দেখলাম তাঁর সফরে আনা খাদ্যের মাঝে ফালুদাও ছিল।

আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বল রহ.-কে জনৈক ব্যক্তি বলল, আজ পনেরো বছর যাবত শয়তান আমাকে প্রলোভন দিয়ে রেখেছে। অধিকাংশ সময় দ্বিধাগ্রস্ত হয়ে আমি আল্লাহর বিষয়ে চিন্তা করতে থাকি। এ কথা শুনে ইবনে হাম্বল বললেন, সম্ভবত তুমি নিয়মিত সিয়ামব্রত পালন করতে। তুমি রোযা রাখা বন্ধ করে চর্বিযুক্ত খাবার খাও এবং গল্পকারদের সাথে উঠা-বসা করতে থাকো।

গ্রন্থকার বলেন, কিছু কিছু সুফি নিকৃষ্টমানের খাদ্য গ্রহণ করে। তারা চর্বিযুক্ত খাবার খায় না। এতে করে তার পাকস্থলিতে নিকৃষ্ট খাবার একত্র হলে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত পাকস্থলি তা থেকে খাদ্য গ্রহণ করে। কেননা পাকস্থলি সব সময় এমন কিছু খাবার চায়, যা সে সহজে হজম করতে পারে। সুতরাং পাকস্থলিতে নিকৃষ্ট খাবার একত্র হলে এবং পাকস্থলি তা হজম করে শরীরে খাবার সরবরাহ করলে সেই নিকৃষ্ট খাবার তার মাঝে দ্বিধা, সংশয় ও বেপরোয়া স্বভাবের জন্ম দেয়। খুব অল্প আহারকারীদের পাকস্থলি ক্রমান্বয়ে সরু ও সঙ্কুচিত হয়। একপর্যায়ে একবার আহার করে তারা দীর্ঘদিন অনাহারে কাটাতে পারে। এ ক্ষেত্রে যৌবনের শক্তি তাদেরকে সহযোগিতা করে। বাস্তবতা সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তারা দীর্ঘদিন অনাহারে থাকতে পারাকে কারামত বলে মনে করতে থাকে।

আবদুল মুনইম বিন আবদুল করিম তার পিতার সূত্রে বর্ণনা করেন, এক মহিলা বৃদ্ধ হওয়ার পর তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি যৌবনকালে কম খাদ্য গ্রহণ করা সত্ত্বেও কয়েকদিন না খেয়ে থাকতে পারতাম। এটাকে আমি কারামত ও বুযুর্গি মনে করতাম। কিন্তু বয়স বাড়তে থাকলে আমার দেহশক্তি কমতে থাকে। তখন আমি বুঝতে পারলাম, এটা তো কারামত নয়; বরং এটা আমার যৌবনশক্তি ছিল।

গ্রন্থকার বলেন, কেউ এ প্রশ্ন উত্থাপন করতে পারে যে, আপনারা কোন্ যুক্তিতে কম খাবার গ্রহণ করতে নিষেধ করছেন? আপনারাই তো বর্ণনা করেছেন যে, হযরত ওমর রা. দিনে মাত্র এগারো লোকমা খাবার খেতেন। ইবরাহিম তামিমী ইবনে যুবাইর এক সপ্তাহ ধরে না খেয়ে থাকতেন। এর জবাবে আমরা বলব, ইচ্ছে না করলেও অনবরত দুই মাস না খেয়ে থাকতে হত। তবে তারা থাকা সত্ত্বেও অনেক সময় আল্লাহর বা না খেয়ে থাকতে অভ্যস্ত হতেন। এমনকি এটাকে অভ্যাস হিসেবেও গ্রহণ করতেন না। আমাদের পূর্ববর্তী মনীষীরা অস্বচ্ছলতা ও দারিদ্র‍্যতাজনিত হেতুতে না খেয়ে থাকতেন। আবার অনাহারে থাকা তাদের কারও অভ্যাসে পরিণত হলে তাতে তাদের দেহ দুর্বল হত না। এতে করে ইবাদত-বন্দেগিতে কোনো প্রকার বিঘ্ন ঘটত না। এখনও আরবের অনেক লোক আছেন, যারা শুধু দুধ পান করে দীর্ঘদিন অনায়াসে কাটাতে পারেন। বিষয়টি ভালো করে বুঝে নেয়া জরুরি যে, আমরা অধিক ভোজনের নির্দেশ দিচ্ছি না; বরং এমন ক্ষুধা থেকে বিরত থাকতে বলছি, যার কারণে শক্তি হ্রাস পায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। কেননা এক্ষেত্রে শরিয়তের বিধি-বিধান পালন করা কষ্টকর হয়ে পড়ে।

হযরত আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর রা. এর সামনে এক সা’ পরিমাণ খেজুর রাখা হত, তিনি খেতে খেতে সব শেষ করে ফেলতেন।

ইবরাহিম ইবনে আদহাম রহ. একবার মাখন, মধু ও রুটি কিনলে তাকে বলা হল, আপনি কি সবগুলো খেয়ে ফেলবেন? তিনি বললেন, আমরা যখন পাই তখন বীরপুরুষের মতো খাই, আর যখন না পাই তখন মহাপুরুষের মতো সবর করি।

টিকাঃ
১. আলবানি প্রণীত 'আলজামে' হাদিস নং ৫৬৭৪

📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 পানি পানের ব্যাপারে প্রমাণপঞ্জি

📄 পানি পানের ব্যাপারে প্রমাণপঞ্জি


গ্রন্থকার বলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ ও শীতল পানি ভালোবাসতেন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনসারদের এক অসুস্থ ব্যক্তিকে দেখতে এসে পানি চাইলেন। ওই আনসারির বাড়ির পাশেই একটি ঝরনা ছিল। তিনি বললেন,
عِنْدَكَ مَاءٌ بَاتَ اللَّيْلَةَ فِي شَنِّ ؟ وَإِلَّا كَرَعْنَا
'তোমাদের কাছে কলসে রাখা রাতের পানি থাকলে তা নিয়ে আসো। অন্যথায় আমরা ঝরনা হতেই চুমুক দিয়ে পানি পান করব।"

অন্য হাদিসে আছে, হজরত আয়েশা রা. হতে বর্ণিত, أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسْتَقَى لَهُ الْمَاءُ الْعَذِّبُ مِنْ بِثْرِ السُّقْيَا রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সুকইয়া কূপ হতে মিষ্টপানি সংগ্রহ করা হতো।'

গ্রন্থকার বলেন, অনেক সুফি বলে থাকে, মানুষ উত্তম খাবার খেলে এবং শীতল পানি পান করলে মৃত্যুর ভালোবাসা কখন সৃষ্টি হবে? আবু হামেদ গাযালি রহ.ও বলেন, মানুষ সুস্বাদু খাদ্য গ্রহণ করলে তার মন কঠিন হয়ে যায় এবং মৃত্যুকে সে ভালোবাসে না।

গ্রন্থকার বলেন, একজন অভিজ্ঞ ফকিহের মুখ থেকে এমন কথা বের হচ্ছে দেখে আমি আশ্চর্যবোধ করছি। আচ্ছা, বলুন তো, কেউ যদি চতুর্দিক থেকে বহুমুখী শাস্তি ও অত্যাচারের সম্মুখীন হয়, তারপরও কি কেউ মৃত্যু কামনা করতে ভালোবাসবে? এছাড়া মানুষের জন্য নিজেকে শাস্তি দেয়া কি কখনো বৈধ হতে পারে?
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ 'তোমরা নিজেকে হত্যা কোরো না।"

সফরকালীন আল্লাহ তায়ালা অনুগ্রহ করে রোযা ভাঙ্গার সুযোগ দিয়ে বলেছেন, يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ 'আল্লাহ তায়ালা তোমাদের ব্যাপারে সহজ বিধান চান, কঠিন বিধান চান না।' শরীর ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারব? সুতরাং এর প্রতি অবহেলা প্রদর্শন একপ্রকার ধৃষ্টতা।

ওপরের ঘটনায় আবু ইয়াযিদ এক বছর ধরে পানি পান থেকে বিরত থেকে নিজেকে কষ্ট দেয়ার উত্তরে বলা যায়, এরা শরিয়তের দৃষ্টিতে নিন্দিত ও পরিত্যাজ্য। কারণ মানুষের ওপর তার দেহের হক রয়েছে। হকদারকে হক না দেয়া জুলুমের নামান্তর। তাই গ্রীষ্মকালে দীর্ঘ সময় রোদে পড়ে থাকা আর শীতকালে দীর্ঘ সময় বরফে বসে থাকা দেহের জন্য কষ্টকর বিধায় তাও পরিত্যাজ্য। পানি দেহের আর্দ্র উপাদানগুলো সুস্থ সবল রাখে এবং শরীরে শক্তি জোগায়। এছাড়া এটা জানা কথা যে, খাবারের মাধ্যমেই দেহ সুস্থসবল থাকে। অতএব কেউ শরীরকে খাবার-দাবার থেকে বিরত রাখলে কিংবা পর্যাপ্ত খাবার-দাবার না দিলে সে দেহের ক্ষতি করেছে হিসেবে বিবেচিত হবে। যে যা উত্তম মনে করে করেছে, তা তার ভুল ছিল। তেমনিভাবে শরীরকে নিদ্রা থেকে বিরত রাখাও জুলুম।

ইবনে আকিল বলেন, মানুষের জন্য তার নিজের ওপর শাস্তি দেয়া জায়েয নয়।' অনুরূপভাবে প্রতিশোধ গ্রহণ করাও বৈধ নয়। কেউ এমন করে থাকলে ইমাম তাকে শাস্তি দেবেন। শরীর ও জীবন আল্লাহ তায়ালা মানুষকে আমানতস্বরূপ দান করেছেন। মানুষকে তার নিজ মালিকানাধীন বস্তু ব্যবহারের পূর্ণ স্বাধীনতা আল্লাহ তায়ালা দেননি। ধন-সম্পদ ব্যয়ের পন্থাও আল্লাহ তায়ালা নির্দিষ্ট করে দিয়েছেন।

গ্রন্থকার বলেন, হিজরতের হাদিসে আমরা উল্লেখ করে এসেছি- 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরের জন্য পাথেয় হিসেবে খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছেন।'

হজরত আবু বকর রা. পাথরের ছায়ায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য বিছানা বিছিয়েছেন এবং পাত্রে দুধ দোহনের পর তার ওপর পানি ঢেলেছেন, যেন পেটের নিম্নভাগ শীতল হয়। এ সব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল শরীরের সাথে উত্তম ব্যবহার করা। আবু তালেব মক্কি অল্প খাবার গ্রহণের ব্যাপারে যা বলেছেন, তা শরীরের ওপর এমন অত্যাচার, যাতে শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। অবশ্য ক্ষুধা পরিমিত হলে তা অবশ্যই প্রশংসার দাবি রাখতে পারে। মুহাম্মাদ বিন আলী তিরমিযি যা লিখেছেন তা এক নষ্ট চিন্তার বহিঃপ্রকাশ। হয়তো তিনি নতুন শরিয়ত আবিষ্কার করতে চেয়েছিলেন। তাওবাহর সময় অনবরত দুই মাস রোযা রাখার ব্যাপারে শরিয়তের কোনো দিকনির্দেশনা আছে কি? অনুরূপভাবে ফলমূল ও হালাল খাদ্য পরিহারের মাঝেও কোনো উপকারিতা নেই।

টিকাঃ
১. সহিহ বুখারি: হাদিস নং ৫৬১৩
২. সহিহুল জামে': হাদিস নং ৪৯৫১
৩. সুরা নিসা: আয়াত ২৯
৪. সুরা বাকারা: আয়াত ১৮৫
১. সহিহ বুখারি: হাদিস নং ৩৯০৫
২. ইনি হাকীম তিরমিযি; সুনান সংকলক আবু ঈসা তিরমিযি নন।

📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 সুফিদের কর্মকাণ্ডের অসারতা প্রমাণে হাদিসসমূহ

📄 সুফিদের কর্মকাণ্ডের অসারতা প্রমাণে হাদিসসমূহ


সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, হজরত উসমান ইবনে মাযউন রা. একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মনে কিছু বিষয়ের উদ্ভব হয়েছে। আপনাকে জিজ্ঞেস না করে সেগুলোর কোনোটি করতে চাই না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনে কিসের উদ্ভব হয়েছে? তিনি বললেন, আমার ইচ্ছে হয় নপুংসক (পুরুষত্বহীন) হয়ে যেতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের নপুংসক হওয়া হলো রোযা। উসমান ইবনে মাযউন রা. বললেন, আমার মন চায় পাহাড়ের নির্জন স্থানে গিয়ে বসে থাকতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের বৈরাগ্য হলো মসজিদে বসে এক নামাযের পর আরেক নামাযের জন্য অপেক্ষা করা। উসমান রা. বললেন, আমার মন চায়, বিভিন্ন দেশ ভ্রমণ করতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভ্রমণ হলো, জিহাদ ও হজ-ওমরা। উসমান রা. বললেন, আমার মন চায় স্ত্রী-সন্তান থেকে পৃথক হয়ে যেতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন সদকা করা, নিজের এবং বাচ্চাদের ভরণ-পোষণ এবং এতিম-মিসকিনদের ওপর দয়া-দাক্ষিণ্য করা এর চেয়ে উত্তম। উসমান রা. বললেন, আমার মন চায়, স্ত্রী-সহবাস বর্জন করতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মুসলমান যখন আপন স্ত্রীর সাথে সহবাস করে আর এর ফলে কোনো সন্তান জন্মলাভ না করে, তবে তার জন্য জান্নাতে একটি বাঁদি লাভ হবে। আর যদি সন্তান জন্মলাভ করে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে, তবে সে সন্তান তার জন্য কেয়ামতের দিন সুপারিশকারী হবে। আর যদি তার পরেও জীবিত থাকে, তবে তার জন্য কেয়ামতের দিন নূর হবে। উসমান রা. বললেন, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মন চায় গোশত খাওয়া বর্জন করতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোশত প্রিয় বস্তু। আমি যখন গোশত জোটে তখন খাই। আমি যদি আল্লাহর কাছে প্রতিদিন আমাকে গোশত খাওয়ানোর দরখাস্ত করি, তবে অবশ্যই তিনি তা আমাকে খাওয়াবেন। উসমান রা. বললেন, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মন চায়, সুগন্ধজাতীয় দ্রব্য বর্জন করতে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাঈল আলাইহিস সালাম আমাকে সুগন্ধজাতীয় দ্রব্য ব্যবহার করতে আদেশ করেছেন। আর জুমার দিন আমি কখনে সুগন্ধজাতীয় দ্রব্য ব্যবহার বর্জন করি না। হে উসমান! আমার রাস্তা থেকে বিমুখ হয়ো না। যে ব্যক্তি আমার রাস্তা থেকে বিমুখ হয়ে তাওবাহ ছাড়া মৃত্যুবরণ করে ফেরেশতারা আমার হাউজে কাউসার থেকে তাদেরকে ফিরিয়ে দেবে।'

গ্রন্থকার বলেন, এটি ওমায়ের ইবনে মারদাসের হাদিস।

হজরত আবু বুরদাহ রা. হতে বর্ণিত, উসমান ইবনে মাযউন রা. এর স্ত্রী একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে এলেন। তাঁরা তাঁকে জীর্ণশীর্ণ অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমার এ অবস্থা কেন? তোমার স্বামী কি বিত্তশালী নয়? মাযঊন-পত্নী বললেন, তার দ্বারা আমার কোনো উপকার লাভ হয় না। সে সারারাত নামায পড়ে, সারাদিন রোযা রাখে। নবীপত্নীগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ঘটনাটি জানালেন। তিনি উসমান রা.-কে পেয়ে বললেন, হে উসমান! তুমি কি আমার অনুসরণ করো না? উসমান রা. বললেন, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কী ব্যাপার? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সারারাত নামায পড়ো, আর সারাদিন রোযা রাখো? উসমান রা. বললেন, জি হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা করবে না। কেননা তোমার ওপর তোমার চোখের হক আছে। তোমার ওপর আপন শরীরের হক আছে। তোমার ওপর আপন স্ত্রীর হক আছে। অতএব তুমি নামাযও পড়ো, নিদ্রাও যাও। রোযাও রাখো, ইফতারও করো।'

হজরত আবু কিলাবাহ রা. বলেন, উসমান ইবনে মাযঊন রা. একটি ঘর নির্মাণ করে তাতে নিরবচ্ছিন্নভাবে ইবাদত করতে শুরু করেন। বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তার নিকট গমন করে তার ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন,
يا عثمان إن الله عز وجل لم يبعثني بالرهبانية مرتين أو ثلاثا
'হে উসমান! আমাকে তো আল্লাহ তায়ালা সন্ন্যাসব্রত দিয়ে পাঠাননি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা দুইবার তিনবার বলেছেন।'

কাহমাস হেলালি রা. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের কথা জানালাম। অতঃপর এক বছর যাবৎ অনুপস্থিত রইলাম। এরপর আবার খেদমতে হাজির হলাম। তখন আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপাদমস্তক দেখলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি আমাকে চিনতে পারছেন না? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি বললাম, আমি কাহমাস হেলালী। তিনি জিজ্ঞেস করলেন, তোমার এ অবস্থা কেন? আমি বললাম, আপনার কাছ থেকে যাওয়ার পর এক রাতও ঘুমাইনি এবং একদিনও রোযাবিহীন থাকিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজেকে শাস্তির মুখোমুখি করার নির্দেশ তোমাকে কে দিয়েছে? পূর্ণ রমযান এবং প্রতিমাসে একটি রোযা রাখো। আমি বললাম, আরও বৃদ্ধি করুন। বললেন, পূর্ণ রমযান এবং প্রতি মাসে দু'টি রোযা রাখো। আমি আরয করলাম আরও বৃদ্ধি করুন। বললেন, পূর্ণ রমযান এবং প্রতি মাসে তিনদিন রোযা রাখো।

হজরত আবু কিলাবা রা. বলেন, আমার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এ সংবাদ পৌছল যে, একদল সাহাবি স্ত্রীদের নিকটবর্তী হওয়া ও গোশত খাওয়া পরিত্যাগ করে একস্থানে সমবেত হয়েছেন। তখন আমরাও স্ত্রীদের নিকটবর্তী না হওয়া এবং গোশত না খাওয়ার বিষয়টি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উল্লেখ করলে তিনি এ বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ার করে বললেন,
لو كنت تقدمت فيه لفعلت ثم قال إني لم أرسل بالرهبانية إن خير الدين الحنيفية السمحة
'এর দ্বারা যদি পরকালে মঙ্গলজনক পরিণতি পাওয়া যেত, তাহলে সর্বপ্রথম আমি তা করতাম। অতঃপর তিনি বললেন, আমি সন্ন্যাস-ধর্ম নিয়ে প্রেরিত হইনি। আমি মধ্যপন্থী ধর্ম নিয়ে প্রেরিত হয়েছি।”

গ্রন্থকার বলেন, এক হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يرى آثَارَ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ فَيْ مَأْكِلِهِ وَمَشْرَبِهِ
'আল্লাহ তায়ালা বান্দার খাবার-দাবার ও বেশভূষায় তাঁর অনুগ্রহের নিদর্শন দেখতে ভালোবাসেন।'

বকর ইবনে আবদুল্লাহ বলেন, আল্লাহ তায়ালা যাকে নেয়ামত দান করেছেন এবং তার খাবার-দাবার ও বেশভূষায় নেয়ামতের নিদর্শন দেখা না যায় তাকে 'বাগিযুল্লাহ' বা আল্লাহর অপছন্দনীয় উপাধিতে ভূষিত করা হয়।
***
গ্রন্থকার বলেন, এ সব হাদিস দ্বারা প্রমাণিত হয়, সুফিরা যে পন্থা অবলম্বন করেছে, তা সঠিক নয়। পানাহার বর্জনের এ রীতি আগেকার যুগের সুফিদের ছিল। কিন্তু পরবর্তী সুফিরা এ ব্যাপারে অন্যদেরকে ডিঙিয়ে গেছে।

মুহাম্মাদ ইবনে আবদুস সিরাজ বাগদাদি বলেন, আবু মরহুম একবার বসরায় ওয়াজ করতে দাঁড়িয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী ও মর্মস্পশী ওয়াজ করলেন-এতে মানুষ অঝোরে কাঁদতে থাকল। ওয়াজ শেষে বললেন, আমাদেরকে আল্লাহর ওয়াস্তে কে ভাত খাওয়াবে? এক যুবক দাঁড়িয়ে বলল, আমি এ সেবার জন্য প্রস্তুত আছি। আবু মরহুম বললেন, তুমি বসো। তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি তোমার মর্যাদা উপলব্ধি করতে পেরেছি। ওই যুবক এভাবে তিনবার ওঠে বলল। তৃতীয়বার আবু মরহুম সঙ্গীদেরকে বললেন, চলো, এ ব্যক্তির বাড়িতে যাই। সবাই ওই যুবকের বাড়িতে গেলেন। যুবক বলল, আমি তাদের সামনে এক পাতিল শাক রান্না করে এনেছিলাম। তাঁরা লবণ ছাড়াই সেগুলো খেয়ে নিলেন।

এরপর আবু মরহুম বললেন, আমার কাছে একটি লম্বা চওড়া দস্তরখান, পাঁচ টুকরি ভাত, পাঁচ সের ঘি, দশ সের চিনি, পাঁচ সের বাদাম এবং পাঁচ সের পেস্তা নিয়ে আসো। এ সবকিছু উপস্থিত করা হলো। আবু মরহুম সঙ্গীদেকে লক্ষ্য করে বললেন, এখন দুনিয়া কেমন দেখাচ্ছে? তারা বলল, তার রং চমকাচ্ছে এবং সূর্য উজ্জ্বল। আবু মরহুম বললেন, এখন দুনিয়াতে নহরও প্রবাহিত করে দাও। এ বলে ঘিগুলো ভাতে ঢেলে দেয়া হলো। আবার আবু মরহুম জিজ্ঞেস করলেন, এবার দুনিয়া কেমন দেখাচ্ছে? তারা বলল, তার রং চমকাচ্ছে, সূর্য উজ্জ্বল এবং নহরও প্রবাহমান। অতঃপর পেস্তা বাদাম আনা হলো এবং ভাতে ঢালা হলো। এরপর আবু মরহুম সঙ্গীদেরকে বলল, এখন দুনিয়া কেমন দেখাচ্ছে? তারা বলল, তার রং চমকাচ্ছে, সূর্য উজ্জ্বল, নহরও প্রবহমান এবং গাছও জন্মেছে। আবু মরহুম বললেন, এবার পাথরও ঢেলে দাও। এ বলে চিনিগুলোও ঢেলে দেয়া হলো। এরপর আবু মরহুম সঙ্গীদেরকে বলল, এখন দুনিয়া কেমন দেখাচ্ছে? তারা বলল, তার রং চমকাচ্ছে, সূর্য উজ্জ্বল, নহরও প্রবহমান, গাছ জন্মেছে, ফল ধরেছে এবং পাথরও ঢালা হয়েছে। আবু মরহুম বললেন, ভাইয়েরা! দুনিয়ার সাথে আমাদের কী সম্পর্ক? আমরা দুনিয়া দিয়ে কী করব? এ বলে সবাই হাত বাড়াল এবং পাঁচ আঙ্গুল দিয়ে খেতে শুরু করল। আবু ফযল আহমদ ইবনে সালামাহ বলেন, আমি এ ঘটনা আবু হাতেম রাযীর কাছে বর্ণনা করলে তিনি বললেন, ঘটনাটি আমাকে লিখে দাও। অতঃপর তিনি বললেন, বর্তমান সুফিদের অবস্থা এটাই।

টিকাঃ
১. [যঈফুন জিদ্দান] এর সনদে আলী ইবনে যায়েদ ইবনে জুদয়ান রয়েছেন- যিনি 'যঈফ'। অবশ্য অনুরূপ অর্থবোধক হাদিস সহিহ বুখারিতে রয়েছে: হাদিস নং ৫০৭৩
২. হাদিসটি তাবাকাতে ইবনে সা'আদে উপরোক্ত সনদে এসেছে। সনদটি 'মুরসালান সহিহ'।
৩. হাদিসটি তাবাকাতে ইবনে সা'আদে বর্ণিত হয়েছে। আলবানি রহ. এটাকে সহিহ বলেছেন।
৪. [যঈফ] মুসনাদে আহমাদ: ৫/২৮, সুনানে আবি দাউদ: হাদিস নং ২৪২৮
১. 'ইরসাল' এর কারণে হাদিসটির সনদ দুর্বল। এছাড়া অনুরূপ অর্থবোধক হাদিস পূর্বেও উল্লেখিত আছে।
২. [যঈফ] আলবানি প্রণীত 'যঈফুল জামে' : হাদিস নং ১৭১৫, অন্য একটি বর্ণনামতে হাদিসটি 'সহিহ লিগাইরিহী' এর পর্যায়ে পড়ে।

📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 ছেমা-গান, বাদ্য ও নৃত্যের ব্যাপারে সুফিদের ওপর শয়তানের ধোঁকা

📄 ছেমা-গান, বাদ্য ও নৃত্যের ব্যাপারে সুফিদের ওপর শয়তানের ধোঁকা


গ্রন্থকার বলেন, জেনে রাখা উচিত-গান-বাজনা দু'টি নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। একটি হলো, আল্লাহর ধ্যান ও স্মরণ থেকে গাফেল করা, আরেকটি হলো, মনে উত্তেজনা সৃষ্টি করা; যা অনেক সময় যিনায় লিপ্ত হতে প্ররোচিত করে। অতএব প্রতীয়মান হলো যে, لزنا। যিনা অর্থাৎ ব্যভিচার ও الغناء গিনা অর্থাৎ গান-বাদ্যের মধ্যে একটি শাব্দিক সাযুজ্য বিদ্যমান। গান আত্মাকে উত্তেজিত করে, পক্ষান্তরে যিনা প্রবৃত্তির বাসনা পূরণের অন্যতম হাতিয়ার। এ জন্য হাদিসে এসেছে:

الْغِنَاءُ رَقِيَةُ الزِّنَا 'গান হচ্ছে যিনার মন্ত্র'।

অর্থাৎ গান যিনার প্রতি উদ্বুদ্ধ করার ব্যাপারে মন্ত্রের ন্যায় কাজ করে। আবু জাফর তাবারি বলেন, সর্বপ্রথম বাদ্যযন্ত্র আবিষ্কার করে কাবিলের বংশধর থেকে 'সাওবান' নামক জনৈক ব্যক্তি। এ যুগেই মাহলাইল ইবনে কিনান নামে এক ব্যক্তি বাঁশি, তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র তৈরি করে। কাবিলের বংশধর গান-বাজনায় লিপ্ত হয়ে পড়ে। হজরত শীশ আলাইহিস সালাম এর বংশধর পাহাড়ে বাস করত। তাদের কাছে এ সংবাদ পৌঁছলে তারাও পাহাড় থেকে নেমে এসে গান-বাজনা ও অন্যান্য বেহায়াপনার কাজে জড়িয়ে পড়ে।

গ্রন্থকার বলেন, এ সব উত্তেজনা উদ্রেককারী যন্ত্রগুলোর এমন বিষয়াশয় বিদ্যমান, যার একটি অপরটি দ্বারা প্রবৃত্তির অনুসরণ ও উত্তেজনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। ইবলিস যখন ভাবল—মানুষকে ইবাদত থেকে বিরত রাখতে সুললিত কণ্ঠে বাদ্যের সংমিশ্রণে তাদেরকে বশে আনা সহজ, তখন সে এ যন্ত্রের প্রতি মানুষকে অধিকহারে আকৃষ্ট করতে প্রয়াসী হয়। প্রথম সে গানের প্রতি আকৃষ্ট করতে থাকে। এই পাষণ্ড এরপর বাদ্যযন্ত্রের প্রতি মানুষকে প্ররোচিত করতে থাকে। এর বিভিন্ন শোভা-সৌন্দর্য সে মানুষের সামনে পেশ করতে থাকে।

ফকিহ তিনি—যিনি বস্তুর ফলাফলের প্রতি দৃষ্টি দেয় এবং চিন্তা-ভাবনা করে। যেমন—সুদর্শন কমবয়সী বালকের দিকে দৃষ্টিপাত করা বৈধ, কিন্তু শর্ত হচ্ছে, প্রবৃত্তিতে উত্তেজনা আসতে পারবে না। যদি সুদর্শন কমবয়সী বালকের দিকে দৃষ্টিপাত করলে যৌনস্পৃহা জাগ্রত হয়, তাহলে তার দিকে তাকানো বৈধ নয়। অনুরূপভাবে তিন বছরের কম বয়সী মেয়েকে চুমু দেয়া জায়েয। কেননা এমন বয়সে তার প্রতি যৌন-লালসার উদ্রেক হয় না। পক্ষান্তরে যদি যৌন-স্পৃহা জাগ্রত হয়ে যায়, তাহলে তাকেও চুমু দেয়া বৈধ নয়। একইভাবে মাহরাম নারীদের সাথে একাকী সময় কাটানো অবস্থায় যদি যৌন উত্তেজনা দেখা দেয়, তবে তাদের থেকে দূরে থাকা চাই। কেননা এমতাবস্থায় তাদেরকে সঙ্গ দেয়া হারাম।

টিকাঃ
১. [মাউযূ) হাদিসটি মোল্লা আলী কারী রহ. 'আল আসরারুল মারফুআ' গ্রন্থে উল্লেখ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00