📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 হজের ব্যাপারে শয়তানের চক্রান্ত

📄 হজের ব্যাপারে শয়তানের চক্রান্ত


গ্রন্থকার বলেন, একবার হজ পালনের দ্বারাই মানুষের ওপর থেকে হজের ফরযিয়্যাত রহিত হয়ে যায়। এতৎসত্ত্বেও বহু লোক এমন আছেন, যারা হজ পালনের উদ্দেশ্যে মক্কা অভিমুখে সফর করেন। এটা যে পুণ্যের কাজ এ ব্যাপারে সন্দেহ পোষণ ও আপত্তি উত্থাপন এক মারাত্মক অন্যায়। কিন্তু আপত্তি তখনই আসে, যদি এ হজ পালন পিতা-মাতার অসন্তুষ্টির কারণ হয়, অথবা হজ পালকারী মাজলুম থেকে জুলুমের ক্ষমা না নিয়ে থাকে, অথবা হজ পালনের উদ্দেশ্য যদি হয় আনন্দ-বিনোদনে মন উৎফুল্ল করা, অথবা এমন মাল দ্বারা হজ করা যা সন্দেহযুক্ত, কিংবা এ উদ্দেশ্যে হজ পালন করা, যেন মানুষ তাকে হাজী সাহেব বলে। এদের অধিকাংশের অবস্থা এমন, যারা হজের সফরে পবিত্রতা ও নামাজের ন্যায় গুরুত্বপূর্ণ ফরয নষ্ট করেন, আর কা'বার চারপাশে সমাবেত হন এমন অন্তর নিয়ে যা কলুষিত, এমন হৃদয় দিয়ে যা অপবিত্র। অথচ হজের উদ্দেশ্য হলো অন্তরের নৈকট্য; দেহের নৈকট্য নয়, আর অন্তরের নৈকট্য তো তাকওয়া বিনে অর্জন সম্ভব নয়।

কতেক হাজী বহুবার হজ করে মানুষের কাছে বলে, আমি বিশবার হজ করেছি। আবার কিছুলোক এমনও আছেন যারা কা'বার পাশাপাশি অবস্থান করা সত্ত্বেও অন্তর পবিত্র করার প্রতি মনোযোগ দেন না; বরং দম্ভ করে বলেন, আজ বিশ বছর যাবৎ কা'বার পাশে অবস্থান করছি। এসব বিষয় রিয়ার অন্তর্ভুক্ত।

অনেক হাজী নামায ছেড়ে দেয় এবং ওজনে কম দেয়, আর শয়তান তাদেরকে এই ধোঁকা দেয় যে, এসবের ক্ষতিপূরক হিসেবে হজই তোমার জন্য যথেষ্ট। শয়তানের প্ররোচনায় আকৃষ্ট হয়ে অনেক হাজী হজের পালনীয় কাজসমূহে এমন রীতি-নীতি আবিষ্কার করেন যার অস্তিত্ব শরিয়তে নেই। হাজীদের এক জামাতকে আমি দেখেছি, যারা এক কাঁধ হতে ইহরাম কাপড় খুলে দেন এবং দীর্ঘ সময় সূর্যের নিচে অবস্থান করেন, ফলে তাদের ত্বক নষ্ট হয়ে যায় আর মাথার চামড়া ফেটে যায় এবং এর মাধ্যমেই তারা মানুষদের নিকট নতুন বেশ ধারণ করেন। বুখারি শরিফের হাদিসে ইবনে আব্বাস রা. বলেন,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ وَهُوَ يَطُوفُ بِالكَعْبَةِ بِإِنْسَانٍ يَقُودُ إِنْسَانًا بخِزَامَةٍ فِي أَنْفِهِ، فَقَطَعَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ أَمَرَهُ أَنْ يَقُودَهُ بِيَدِهِ
'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন, সে মুখে লাগام বেঁধে কাবা ঘর তাওয়াফ করছে, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাগাম কেটে দেন। অন্য রেওয়ায়েতে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এক ব্যক্তি অন্য ব্যক্তির নাকে লাগামের আংটা লাগিয়ে তাওয়াফ করাচ্ছে, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কেটে দেন এবং লোকটিকে হাত ধরে তাওয়াফ করানোর নির্দেশ দেন।'

গ্রন্থকার আল্লামা ইবনুল জাওযি রহ. বলেন, এ হাদিস ধর্মের বিষয়ে এমন কিছু উদ্ভাবনের নিষেধাজ্ঞাকে অন্তর্ভুক্ত করে, যার উপমা শরিয়তে নেই। যদিও সে ভালো উদ্দেশ্যে এটি করে থাকে।

টিকাঃ
১. সহিহ বুখারি: হাদিস নং ১৬২১

📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 তাওয়াক্কুলের ব্যাপারে শয়তানের চক্রান্ত

📄 তাওয়াক্কুলের ব্যাপারে শয়তানের চক্রান্ত


শয়তান একদলকে এমন চক্রান্তের জালে আটকায়, যারা তাওয়াক্কুলের দাবিদার, তাই তারা পাথেয় তথা টাকা-পয়সা ছাড়াই হজে বেরিয়ে যান। তাদের ধারণা এটাই প্রকৃত তাওয়াক্কুল। অথচ প্রকৃতপক্ষে এটা তাওয়াক্কুল নয়। তারা চরম ভ্রান্তিতেই নিমজ্জিত। এক ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-কে বলল, আমি পাথেয় ছাড়া আল্লাহর ওপর ভরসা রেখে হজের উদ্দেশ্যে মক্কায় যেতে চাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. তাকে বলল, তাহলে কোনো কাফেলার সাথে শরিক হওয়া ব্যতীত একাকী সফর করো। তখন লোকটি বলল, কাফেলার সাথে শরিক হওয়া ব্যতীত একাকী সফর আমার পক্ষে সম্ভব নয়। তখন আহমদ ইবনে হাম্বল রহ. বললেন, তাহলে তো তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করোনি; কাফেলার ওপরই তোমার তাওয়াক্কুল। আমরা আল্লাহর কাছে তাওফিক প্রার্থনা করছি।

📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 জিহাদের ক্ষেত্রে মুজাহিদদের ওপর শয়তানের চক্রান্ত

📄 জিহাদের ক্ষেত্রে মুজাহিদদের ওপর শয়তানের চক্রান্ত


গ্রন্থকার বলেন, শয়তান মুজাহিদদের পিছুও ছাড়ে না। ফলে কারও উদ্দেশ্য হয় গৌরব-প্রতিযোগিতা ও আত্মপ্রদর্শন, যেন মানুষ তাকে গাজী কিংবা সাহসী বীর উপাধিতে ভূষিত করে। অথবা গনীমত লাভের আশা তাদেরকে জিহাদের প্রতি অনুপ্রাণিত করে। অথচ আমল নিয়তের ওপর নির্ভরশীল।
عَنْ أَبِي مُوسَى، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا القِتَالُ فِي سَبِيلِ اللَّهِ؟ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً، فَرَفَعَ إِلَيْهِ
رَأْسَهُ، قَالَ: «وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلَّا أَنَّهُ كَانَ قَائِمًا، فَقَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ
হজরত আবু মুসা আশআরি রা. বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, আচ্ছা বলুন তো হে আল্লাহর রাসুল, এক ব্যক্তি বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে লড়াই করে, এক ব্যক্তি অহংকার প্রদর্শনের উদ্দেশ্যে লড়াই করে, আরেক ব্যক্তি আত্মপ্রদর্শনের উদ্দেশ্যে লড়াই করে; এদের ভেতর কে আল্লাহর রাস্তায় রয়েছে? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দীন পৃথিবীতে সমুন্নত হওয়ার উদ্দেশ্যে যে লড়াই করে সে আল্লাহর রাস্তায় রয়েছে।'

হজরত ইবনে মাসউদ রা. বলেন, খবরদার! কেউ যদি জিহাদের ময়দানে মারা যায়, তবে এ কথা বলো না যে, অমুক শহিদ হয়েছে। কেননা জিহাদে অংশগ্রহণকারীদের নিয়ত বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ জিহাদ করে গনীমত লাভের আশায়, কেউ জিহাদ করে আলোচিত হওয়ার আশায়, আবার কেউ জিহাদ করে বীর উপাধির আশায়।

হজরত আবু হোরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কেয়ামতের দিন যে তিন ব্যক্তির ফয়সালা হবে তাদের একজন হবেন শহিদ। তাকে উপস্থিত করে তার প্রতি আল্লাহপ্রদত্ত নেয়ামতরাজির কথা উল্লেখ করলে সে তা স্বীকার করবে। তখন আল্লাহ তাকে বলবেন, এ নেয়ামত ভোগ করে তুমি কী আমল করেছ? সে উত্তরে বলবে, তোমার রাস্তায় জিহাদ করে জীবন উৎসর্গ করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং বীর উপাধি লাভের আশায় তুমি লড়াই করেছ এবং সে উপাধি তোমার লাভ হয়েছে। অতঃপর আল্লাহর নির্দেশে তাকে অধোমুখ করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

দ্বিতীয় ব্যক্তি এমন, যে ইলম শেখার পর অন্যকে শিখিয়েছে এবং কুরআন তেلاওয়াত করেছে। তাকে উপস্থিত করে তার প্রতি আল্লাহর প্রতি নেয়ামতরাজির কথা উল্লেখ করলে সে তা স্বীকার করবে। তখন আল্লাহ তাকে বলবেন, এ নেয়ামত ভোগ করে তুমি কী আমল করেছ? সে উত্তরে বলবে, তোমার সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে ইলম শিখে অন্যকে তা শিখিয়েছি এবং নিয়মিত কুরআন তেلاওয়াত করেছি। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং আলেম উপাধি লাভের আশায় তুমি ইলম শিখেছ এবং সে উপাধি তোমার লাভ হয়েছে, আর কারী উপাধি লাভের আশা তুমি কুরআন পড়েছ এবং সে উপাধিও তোমার লাভ হয়েছে। অতঃপর আল্লাহর নির্দেশে তাকে অধোমুখ করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

তৃতীয় ব্যক্তি এমন, যাকে আল্লাহ বিপুল পরিমাণে সব ধরনের ধন-সম্পদ দান করেছেন। তাকে উপস্থিত করে তার প্রতি আল্লাহর প্রতি নেয়ামতরাজির কথা উল্লেখ করলে সে তা স্বীকার করবে। তখন আল্লাহ তাকে বলবেন, এ নেয়ামত ভোগ করে তুমি কী আমল করেছ? সে উত্তরে বলবে, আপনার পছন্দনীয় এমন কোনো খাত নেই যাতে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার সম্পদ ব্যয় হয়নি। তখন আল্লাহ তায়ালা বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং সম্পদ ব্যয় তুমি এজন্য করেছ, যেন মানুষ তোমাকে দানশীল বলে, আর তা বলাও হয়েছে। অতঃপর আল্লাহর নির্দেশে তাকে অধোমুখ করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে।”

আবু হাতেম রহ. বলেন, আমি আবদাহ ইবনে সোলাইমানকে বলতে শুনেছি, আমরা রোম দেশে আব্দুল্লাহ বিন মোবারকের সাথে এক অভিযানে ছিলাম। হঠাৎ আমরা এক শত্রু বাহিনীর সম্মুখীন হলাম। দু'দল মুখোমুখি হলে শত্রুপক্ষের এক ব্যক্তি বের হয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানালে আমাদের একজন তার দিকে এগিয়ে গেল এবং কিছুক্ষণ তার সাথে লড়াই করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। অতঃপর অন্য ব্যক্তি এগিয়ে এলে তাঁকেও জাহান্নামে পাঠিয়ে দিল। এভাবে চার-পাঁচ জনকে জাহান্নামে পাঠানোর পর আমাদের লোকটি শত্রুপক্ষকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানালে শত্রুপক্ষের এক ব্যক্তি বের হয়ে পরস্পর লড়াই শুরু করলে শত্রুপক্ষের লোকটি একপর্যায়ে আমাদের লোককে শহিদ করে দেয়। তখন লোকেরা তাঁর লাশের পাশে ভিড় করলে আমি তাঁদের সাথে সমবেত হয়ে দেখতে পাই, তিনি জামার আস্তিন দ্বারা চেহারা ঢেকে রেখেছেন। তখন আমি তাঁর আস্তিনের এক প্রান্ত ধরে হাত প্রসারিত করলে দেখতে পাই, তিনি আব্দুল্লাহ বিন মোবারক রহ.। তখন আমি বললাম (আল্লাহ তোমাদের প্রতি রহম করুন) তোমরা এ মুখলিস নেতাকে দেখো, মানুষ তাঁকে দেখে তাঁর প্রশংসা করার ভয়ে কীভাবে সে নিজেকে গোপন করেছে। ইবরাহিম বিন আদহাম জিহাদ করতেন। যখন লোকেরা গনীমতের মাল ভাগ করত তিনি গনীমতের কোনো অংশ নিতেন না, যাতে অধিক সাওয়াব লাভ হয়।

টিকাঃ
২. সহিহ বুখারি: হাদিস নং ১২৩, সহিহ মুসলিম: হাদিস নং ১৯০৪
১. সহিহ মুসলিম: হাদিস নং ১৯০৫

📘 শয়তান যেভাবে ধোঁকা দেয় তালবিসে ইবলিস > 📄 গনীমতের মালের ব্যাপারে মুজাহিদদের ওপর শয়তানের ধোঁকা

📄 গনীমতের মালের ব্যাপারে মুজাহিদদের ওপর শয়তানের ধোঁকা


শয়তান বহু মুজাহিদকে গনীমত লাভের পর ধোঁকায় পতিত করে। ফলে গনীমতের সম্পদ সে এ পরিমাণ গ্রহণ করে, যা তার অধিকারবহির্ভূত। এদের অনেকে অজ্ঞতার কারণে মনে করে, কাফেরদের সম্পদ যে যা নিতে পারবে তা তার জন্য বৈধ। অথচ তাদের জানা নেই যে, গনীমতের মাল আত্মসাৎ করা মারাত্মক গুনাহ।

হজরত আবু হোরায়রা রা. বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে খাইবারের যুদ্ধে বের হলাম। যুদ্ধের একপর্যায়ে আল্লাহ আমাদেরকে বিজয় দান করলে খাবার, জামা-কাপড় ও বহু আসবাবপত্র আমরা গনীমতস্বরূপ লাভ করি। তবে কোনো সোনা-রুপা আমাদের হস্তগত হয়নি। অতঃপর আমরা এক উপত্যকার দিকে যাত্রা শুরু করি। এ যাত্রায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মালিকাধিন এক গোলাম তার সাথে ছিল। আমরা উপত্যকায় যাত্রাবিরতি করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোলাম তার মালপত্র খোলার প্রস্তুতি নিলে এক তির এসে তার রুহ ছিনিয়ে নেয়। তখন আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কী সৌভাগ্য তার! সে তো শাহাদাতের মৃত্যু লাভ করেছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুতেই নয়; বণ্টনবিহীন যে আলখেল্লা খাইবারের যুদ্ধে যে আত্মসাৎ করেছে তার আগুনে সে অবশ্যই দগ্ধ হবে। এ কথা শ্রবণে উপস্থিত লোকেরা ভীত-সন্ত্রস্ত হলো। তখন এক ব্যক্তি জুতোর দু'একটি ফিতা এনে বলল, ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি তা খাইবারের দিন নিয়েছিলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো আগুনের ফিতা; অথবা বলেছেন, এ ফিতাদ্বয় তো আগুনের।

বণ্টনের আগে গনীমতের মাল গ্রহণ জায়েয নেই—এ কথা জানা সত্ত্বেও অনেক মুজাহিদ সম্পদের আধিক্য দেখে ধৈর্যহারা হয়ে মনে করেন, আমার জিহাদ মাল আত্মসাতের ক্ষতিপূরণ হবে। এসব ক্ষেত্রেই ঈমান ও ইলমের নিদর্শন স্পষ্ট হয়ে যায়। আর ওবায়দা আলআশআরী বলেন, মুসলমানরা যখন মাদায়েইন অবতরণ করে গনীমতলব্ধ মাল জমা করতে লাগল, তখন এক ব্যক্তি এসে তার নিকট বিদ্যমান গনীমতের মাল জমাকারীর নিকট জমা দিলে জমাকারীর সাথী বলল, এমন উদার দিল মানুষ তো আমি আগে দেখিনি। সে যা জমা দিয়েছে তার মূল্য তো আমাদের গনীমতলব্ধ সব সম্পত্তি ছাড়িয়ে যাবে। সে তখন বলল, তুমি কি এখান থেকে নিজের জন্য কিছু রেখেছ? লোকটি বলল, আল্লাহর কসম! যদি আল্লাহ ভয় আমার অন্তরে না থাকত তাহলে তোমাদের নিকট আমি তা কিছুতেই জমা দিতাম না। তারা তখন বুঝল যে, লোকটি বড় মাপের কোনো ব্যক্তি হবেন। তারা পরিচয় জানার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, কে আপনি? কী আপনার পরিচয়? সে বলল, আল্লাহর কসম! তোমাদের প্রশংসা লাভের উদ্দেশ্যে তোমাদেরকে আমার পরিচয় দেব না এবং তোমাদের উচ্চ প্রশংসা পাওয়ার আশায় তোমাদেরকে প্রচারিতও করব না; বরং আমি আল্লাহর প্রশংসা করি এবং তারই প্রতিদানেই আমি সন্তুষ্ট। তখন পরিচয় জানার উদ্দেশ্যে তারা এক ব্যক্তিকে তার পিছু পাঠায়। লোকটি নিজ সম্প্রদায়ের নিকট পৌঁছলে সে তার সাথিদেরকে তার পরিচয় জিজ্ঞেস করলে তারা বলল, ইনি আমের বিন আবদে কায়েস রহ.।

টিকাঃ
২. সহিহ বুখারি: ৪২৩৪; সহিহ মুসলিম: ১১৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00