📘 শো আপ মুসলিম নারীদের প্রেরণার বার্তা 📄 ৩.৬: প্রভাবক বৃত্ত

📄 ৩.৬: প্রভাবক বৃত্ত


আপনি হয়তো ভাবছেন-নিজের আসল রূপটা দেখালে হবেটা কী? কিংবা আপনি ভাবছেন-আমি স্রেফ একজন মা, আমি বিখ্যাত কেউ নই। সেজন্যই শুরুতে আমি নিজের গল্পটা আপনাদের বলেছি, চিন্তা করার খোরাক জুগিয়েছি। এখন ভেবেচিন্তে এই প্রশ্নটার উত্তর দিন তো-আপনার প্রভাবক বৃত্তের মধ্যে কারা আছে?

জনপ্রিয় আমেরিকান বক্তা, স্যার জোহরা সারওয়ারি এবং আমি একবার ইংল্যান্ড সফরের সময় আলাপ করেছিলাম। আমরা সাতাশটির মতো অনুষ্ঠানে একসাথে কথা বলেছি, যা ইস্ট লন্ডনের একটা মসজিদে অনুষ্ঠিত হয়েছিল। রুমের পরিবেশ ছিল উষ্ণ এবং ইতিবাচক। আমরা বিভিন্ন অনুপ্রেরণাদায়ক কথাবার্তা শুনছিলাম—মুসলিম নারী হিসেবে আমরা কতটা ভাগ্যবতী, নিজেদের পরিচয়টা আমরা কীভাবে প্রকাশ করব, সমাজে কীভাবে নিজেদের পদচিহ্ন রাখব, এসব। উদাহরণ হিসেবে অতীত এবং বর্তমানের অনেক মহীয়সী নারীর গল্প বলা হলো। অতঃপর, আমাদের আর কোনো সন্দেহই রইল না যে—আমরা পারি। বরং আমাদের উচিত মুসলিমা হিসেবে সমাজের উন্নয়নে অবদান রাখা।

আলোচনা শেষে, সকলকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। একজন বোন হাত উঠিয়ে প্রশ্ন করলেন—যদি আপনি জনপ্রিয় কেউ না হতেন? তাঁর কণ্ঠে কিছুটা সংকোচ। তিনি আবার প্রশ্ন করলেন—যদি ফেসবুকে আপনার এত এত ফলোয়ার না থাকত? যদি আপনি একজন সাধারণ নারী হতেন? তাঁর প্রশ্নে অনেকে সহমত জ্ঞাপন করল। রুমের পরিবেশ ক্রমশ ভারী হতে লাগল।

প্রশ্নটা তো ঠিকই আছে। ফেসবুক বা ইনস্টাগ্রামে ত্রিশ হাজার ফলোয়ার না থাকলে আমরা কীভাবে পরিবর্তন আনব? জাতীয় পত্রিকায় লিখতে না পারলে আমরা কীভাবে প্রভাব বিস্তার করব? আমরা যদি সুপরিচিত হতে না পারি, তবে কীভাবে পরিবর্তন আসবে?

এবার আমি আপনাদের আসল ব্যাপারটা বলি: আমরা সবাই প্রভাব বিস্তারকারী। সবাই মানে প্রত্যেকে।

কারণ, আমাদের সবার আশেপাশেই একটা প্রভাবক বৃত্ত আছে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আমাদের ভালোবাসে, বিশ্বাস করে, আমাদের থেকে পরামর্শ চায়।

ভেবে দেখুন। সেটা হতে পারে আপনার সন্তানেরা বা আপনার পরিবার। আপনার হালাকা সংস্থা কিংবা কলেজের নারী সংগঠন। আপনার সহকর্মী কিংবা কর্মচারীও হতে পারে। কিংবা আপনি যে স্কুলে পড়াচ্ছেন তার বাচ্চারা বা বোর্ডের সদস্যরা। হতে পারে এলাকার মসজিদ কিংবা সামাজিক সংঘ, ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এমনকি হতে পারে আপনার ব্লগ, ওয়েবসাইট, টুইটার বা ত্রিশ হাজার ফলোয়ার সংবলিত সেই ইনস্টাগ্রাম আইডিও।

এবার আপনি দেখলেন তো বৃত্তটা কীভাবে ধীরে ধীরে বাড়ছে?

আমাদের সবার মধ্যেই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য, সমস্যা আছে, যা দুনিয়ায় আমাদের নিজ নিজ উদ্দেশ্য পূরণে সহায়তা করে। যেমন, ভিন্ন ভিন্নভাবে নিজের সর্বস্ব দিয়ে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত, নিজের ও অন্যের জীবনে বরকত নিয়ে আসে। যার কোনো হিসাব নেই, যা সংখ্যায় গণনা করা যায় না। আছে স্রেফ গুণগত মান।

আপনার প্রভাবক বৃত্ততে থাকা মানুষগুলোর জীবনে যদি আপনি কোনো প্রভাব রাখতে চান—তবে আল্লাহকে ভরসা করুন, তার ওপর বাকিটা ছেড়ে দিন। আপনি শুধু নিজেকে প্রকাশ করুন, একটি দীর্ঘমেয়াদি প্রভাব রাখার চেষ্টা করুন। এমন কিছু, যা আপনি চলে যাওয়ার পরও মানুষ দীর্ঘদিন মনে রাখবে বিইজনিল্লাহ।

ফন্ট সাইজ
15px
17px