📘 সংশয়বাদী > 📄 জ্ঞান বনাম জ্ঞানের ভান

📄 জ্ঞান বনাম জ্ঞানের ভান


মহান আল্লাহ বলেছেন, আর যখন তাদের বলা হয়, 'তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে', তারা বলে, 'আমরা কি ঈমান আনব যেমন নির্বোধরা ঈমান এনেছে?' জেনে রাখো, নিশ্চয় তারাই নির্বোধ; কিন্তু তারা জানে না। [তরজমা, সূরা আল-বাকারাহ, ১৩]
আজও এমন মানুষ আছে, যারা মুমিনদের নির্বোধ বলে। নিশ্চিতভাবে এই লোকগুলোই হলো প্রকৃত নির্বোধ। তারা সত্য জানে না এবং তারা যে জানে না সেটাও তারা জানে না।
আফসোসের বিষয় হলো, অনেক মুসলিমও এ ব্যাপারটা জানে না। সত্য প্রত্যাখ্যান করা লোকদের নির্বোধ হিসেবে দেখার বদলে তাদের দেখা হয় বিশেষজ্ঞ, পণ্ডিত, বুদ্ধিজীবী হিসেবে। তাদের ধ্যানধারণা, তত্ত্ব, দর্শন মুসলিমদের মধ্যে এমনভাবে প্রচার করা হয় যে একসময় এসব চিন্তা আর তত্ত্বের সাথে খাপ খাওয়ানোর জন্য মুসলিমরা নিজেদের বিশ্বাসকে বদলাতে শুরু করে। অথচ এগুলো আসছে এমন মানুষদের কাছ থেকে যারা কঠোরভাবে ঈমানকে অস্বীকার করে। এমন আচরণের পরস্পরবিরোধিতা মুসলিমদের চোখে ধরা পড়ে না।
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এসব লোকদের মুসলিমরা সম্মানের এমন আসনে বসায়, তাদের প্রতি এতই শ্রদ্ধা এবং বিশ্বাস মুসলিমদের মধ্যে কাজ করে, যে তারা আলিমদের নিন্দা করা শুরু করে-আলিমরা কিছু জানে না, তাদের বুদ্ধিবৃত্তিক দৌড় সীমিত, তারা আসলে খেয়ালখুশি অনুযায়ী কথা বলে, কুরআন-সুন্নাহর সঠিক অর্থ তারা বোঝেনি, ইত্যাদি।
এমন হবার কারণ কী? অন্যতম প্রধান কারণ হলো, মুসলিমরা এমন কিছু ধ্যানধারণা নিয়ে মুগ্ধ হয়ে আছে, যেগুলো তারা পুরোপুরিভাবে বোঝে না। আপনি যখন কোনো কিছু ঠিকমতো বুঝবেন না তখন আপনার হাতে দুটো অপশান থাকে।
আপনি সেটা পুরোপুরি প্রত্যাখ্যান করবেন (যদিও কেন প্রত্যাখ্যান করছেন সেটা আপনি জানেন না)। অথবা আপনি বাহ্যিক অবস্থা থেকে সেই জিনিসের মূল্য বিচার করার চেষ্টা করবেন।
এটা কি দেখে ঠিকঠাক মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে? কথাগুলো শুনতে কি জ্ঞানী জ্ঞানী মনে হচ্ছে? নামিদামি লোকেরা কি এই কথাকে সমর্থন করছে? জনগণ কি এটা গ্রহণ করেছে? এটা কি জনপ্রিয়?
অর্থাৎ, কোনো কিছু আপাতভাবে 'জ্ঞান' মনে হওয়াই যথেষ্ট। মুসলিমরা আজ যেসব মডার্নিস্ট আদর্শ গ্রহণ করেছে, তার অধিকাংশই গ্রহণ করা হয়েছে এ মূলনীতির ভিত্তিতে।
খুব অল্প কিছু মানুষ পাবেন, যারা কোনো কিছু পুরোপুরি না বুঝতে পারলে, নিশ্চিত না হতে না পারলে প্রত্যাখ্যান করে। যদিও এটা নিরাপদ রাস্তা কিন্তু এতে করে বৃহত্তর উম্মাহ লাভবান হয় না। তাই এই আদর্শগুলোকে আমাদের পুরোপুরি বুঝতে হবে। আমার অভিজ্ঞতা এবং দাবি হলো, এই আদর্শগুলো পুরোপুরি বুঝলে এগুলো আসলে কতটা ঘৃণ্য এবং মূর্খতাপূর্ণ তা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে। আর আপনি অবধারিতভাবে তখন অনুধাবন করবেন সত্যিকারের নির্বোধ কারা।

টিকাঃ

📘 সংশয়বাদী > 📄 প্রগতিবাদী ও আধুনিক মুসলিম ‘সংস্কারক’

📄 প্রগতিবাদী ও আধুনিক মুসলিম ‘সংস্কারক’


ফিকহের মাযহাবগুলোর মধ্যে পর্যালোচনা করলে দেখবেন কোনো মাযহাবের অবস্থান যদি এক বিষয়ে কঠিন হয়, তাহলে অন্য কোনো দিকে সেই মাযহাবের অবস্থান অন্য মাযহাবগুলোর তুলনায় সহজ হয়। যেমন, ওযুর শর্তের ক্ষেত্রে 'ক' মাযহাবের অবস্থান হয়তো 'খ' মাযহাবের তুলনায় কঠোর। কিন্তু সফরের ক্ষেত্রে 'খ' মাযহাবের তুলনায় 'ক' মাযহাবের অবস্থায় নমনীয়। কিন্তু আধুনিক সংস্কারবাদীদের অবস্থানের দিকে তাকালে দেখবেন তাদের সব মত একমুখী। সবক্ষেত্রে তারা ওই অবস্থানটাই গ্রহণ করে, যা আধুনিক পশ্চিমা, বুর্জোয়া ধ্যানধারণা, সংস্কৃতি আর রুচির সাথে খাপ খায়।
যেকোনো বোধবুদ্ধিসম্পন্ন মানুষ বুঝবে যে এটা কোনো কাকতাল না। দৈবক্রমে এমন হচ্ছে না; বরং এটা হলো স্পষ্ট প্রমাণ যে এই সংস্কারবাদীদের কোনো নির্দিষ্ট উসুল বা মূলনীতি নেই। তারা ওই মতটাই গ্রহণ করে, যা ওই সময়ের কর্তৃত্বশালী সমাজ-সংস্কৃতির প্রথাপ্রচলনের সাথে মেলে। প্রথমে তারা উপসংহার ঠিক করে নেয়, তারপর এর পক্ষে দলীল-প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে। কুরআন-সুন্নাহ থেকে বেছে বেছে ওই আয়াত বা হাদীসগুলো বের করে যেটাকে কোনো-না-কোনোভাবে নিজের উপসংহারের পক্ষে উপস্থাপন করা যাবে। পাশাপাশি পূর্ববর্তী আলিমদের বিভিন্ন দুর্লভ, বিচ্ছিন্ন মত তারা নিয়ে আসে।
এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও ইলমী জোচ্চুরির পরও তারা আশা করে যে মুসলিমরা তাদের গুরুত্বের সাথে নেবে!

টিকাঃ

📘 সংশয়বাদী > 📄 ‘সংস্কার’-এর নামে ভণ্ডামি

📄 ‘সংস্কার’-এর নামে ভণ্ডামি


আধুনিক সংস্কারবাদী মুসলিমরা অনেক সময় তাদের অবস্থানের পক্ষে ক্লাসিকাল আলিমদের কিছু দুর্লভ, বিচ্ছিন্ন মত নিয়ে আসে। এটা বুদ্ধিবৃত্তিক অসততা। তারা যেটা করে তা সেটাকে বলা হয় 'পোস্ট হক জাস্টিফিকেশান' (post hoc justification)। অর্থাৎ তারা আগেই ঠিক করে রেখেছে তারা কী অর্জন করতে চায়। পরে সেটার একটা ব্যাখ্যা তারা তৈরি করেছে। প্রথমে তারা উত্তর ঠিক করে। তারপর ইসলামী জ্ঞানের সমুদ্র সেঁচে কুড়িয়ে কুড়িয়ে ওইসব জিনিস খুঁজে আনে, যেটা তাদের উপসংহারকে সমর্থন করে। আবার অধিকাংশ সময় ক্লাসিকাল টেক্সট বুঝতেও তারা ভুল করে। অথবা আলিমদের বক্তব্যকে তারা প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করে।
এসব সংস্কারবাদীদের মুখোমুখি হলে, আমাদের তাদের প্রশ্ন করা দরকার। নিজেদের অবস্থানের সমর্থনে তারা যখন বলে-অমুক মাযহাবে এমন একটা মত আছে। তখন আমাদের বলা দরকার-হ্যাঁ, এমন মত থাকতে পারে। কিন্তু তুমি কেন খুঁজে খুঁজে এই দুর্লভ এবং বিচ্ছিন্ন মতগুলো বের করছ? তোমার উদ্দেশ্য কী? তুমি কি লিবারেল মতাদর্শের প্রসার চাইছ, যা বুদ্ধিবৃত্তিক এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ?
এভাবে খেয়ালখুশি মতো আলিমদের বক্তব্য বিকৃত করার বদলে, লিবারেলিসমের অবস্থানগুলো নিয়ে চিন্তা করা যায় না? লিবারেলিসমের পূর্বধারণাগুলোকে ক্রিটিক করা যায় না?
অর্থাৎ, দ্বীনের ব্যাপারে আন্তরিক হবার একটি দিক হলো, উম্মাহর অধিকাংশ আলিমগণের মতকে গুরুত্বের সাথে গ্রহণ করা (যদিও কিছু ক্ষেত্রে দলীলের ভিত্তিতে ব্যক্তি ভিন্নমত অনুসরণ করতে পারে)। কারণ, শুধু সম্ভাব্যতার দিক থেকেই বলা যায়, অধিকাংশ বিষয়ে উম্মাহর ইতিহাসের জুমহুর আলিমগণের অবস্থান সত্যের অধিকতর নিকটবর্তী হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কারও মূল উদ্দেশ্যই যদি হয় যেকোনো মূল্যে নিজের অবস্থানকে বৈধতা দেয়া, তাহলে সে ওইসব মতই খুঁজে খুঁজে বের করবে, যেগুলো তার পক্ষে যায়। সেগুলো যত দুর্বলই হোক না কেন।

টিকাঃ

📘 সংশয়বাদী > 📄 ইসলামই কি মুসলিম-বিশ্বের পশ্চাৎপদতার কারণ?

📄 ইসলামই কি মুসলিম-বিশ্বের পশ্চাৎপদতার কারণ?


বহুদিনের পুরোনো প্রশ্ন, 'মুসলিম-বিশ্ব পিছিয়ে আছে কেন?' বহুদিনের মুখস্থ উত্তর—ইসলামের কারণে।
এমন উত্তর প্রাচ্যবিদ, পশ্চিমা ইসলামবিদ্বেষী কিংবা ওবামার মতো লোকের কাছ থেকে আসলে মেনে নেয়া যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো অনেক মুসলিমদের মধ্যেও এমন চিন্তাভাবনা কাজ করে। নিজের মুসলিম পরিচয়কে ঘৃণা করা আর হীনম্মন্যতায় ভোগা মুসলিমদের অনেকেই ঔপনিবেশিক যুগের শুরু থেকে এ প্রশ্নের জবাবে সাম্রাজ্যবাদী প্রভুদের সাথে সুর মিলিয়ে বলে আসছে—'ইসলামই হলো মূল সমস্যা। অগ্রগতির একমাত্র উপায় ইসলামকে বাদ দেয়া।'
তবে পরাজিত মানসিকতার মুসলিমরা এ কথাটা সরাসরি বলে না। একটু ঘুরিয়ে বলে। যেমন এদের কেউ কেউ বলে, 'ইসলামের সংস্কার দরকার', অথবা বলে, 'আমাদের উচিত পুরোনো ফিকহগুলোকে আবার খতিয়ে দেখা, শরীয়াহর ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা এবং প্রয়োজন মতো নতুন নতুন ইজতিহাদ করা', অথবা তারা বলে 'আগেকার আলিমদের মধ্যে নারীবিদ্বেষী প্রবণতা ছিল'।
কথাটা সরাসরি না বলে, মুসলিম মর্ডানিস্টরা এভাবে ঘুরিয়ে বলে। এদের অনেকে সনাতন পদ্ধতিতে ইলম অর্জন করেছে। পোশাক-আশাকের দিক থেকেও বাহ্যিকভাবে এদের অনেককে দেখে আলিম মনে হয়, যেমন জামালুদ্দিন আফগানী, মুহাম্মাদ আবদুহ, আলি জুমা কিংবা আব্দুল্লাহ বিন বায়্যাহ। সব মর্ডানিস্ট কিন্তু আদনান ইব্রাহিমের মতো সুট-টাই পরে না।
ইসলাম, আলিম এবং ইলমের প্রতি সাধারণ মুসলিমদের মনে থাকা গভীর শ্রদ্ধাবোধকে কাজে লাগিয়ে—ধর্মীয় পোশাক, শিক্ষা এবং শব্দ ব্যবহার করে—এ মর্ডানিস্টরা খুব সহজে মানুষকে প্রভাবিত করে ফেলে। এ কারণে সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা শুরু থেকেই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এ ধরনের আলিমদের ব্যবহার করে আসছে। আজও করছে।
এবার আসুন 'পিছিয়ে পড়ার' প্রশ্নটা একটু খতিয়ে দেখা যাক।
নিজেদের অর্থনৈতিক দুরবস্থার জন্য মুসলিমরা যখন ইসলাম ও ইসলামী ঐতিহ্যকে দায়ী করে, তখন কে আসলে লাভবান হয় বলুন তো?
কী? প্রশ্নটা বেশি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা পৃথিবীর পিছিয়ে পড়া অন্যান্য অঞ্চলগুলোর দিকে একটু তাকানো যাক।
ভেনেজুয়েলার মতো ল্যাটিন অ্যামেরিকার দেশগুলো কেন পিছিয়ে আছে? নিউইয়র্ক টাইমসের লিবারেল বিশ্লেষকরা এ প্রশ্নের উত্তর দেয় এভাবে-
'মি. মাদুরোকে (ভেনেজুয়েলার প্রেসিডেন্ট) ক্ষমতা থেকে সরাতে হবে, এটা বেশ কিছুদিন ধরেই স্পষ্ট হয়ে গেছে। ২০১৩-তে বামপন্থী একনায়ক হুগো শাভেজের স্থলাভিষিক্ত হবার পর থেকে তার অব্যবস্থাপনা, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং তেলের মূল্য হ্রাস (যেটা ভেনেজুয়েলার আয়ের মূল উৎস) দেশটাকে ধ্বংস করে ফেলছে। মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতির কারণে বেতনের টাকা পরিণত হয়েছে একটা অর্থহীন জিনিসে। লোকজন ক্ষুধা আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। লাখ লাখ মানুষ পালিয়ে আশ্রয় নিচ্ছে আশপাশের দেশগুলোতে। '[৯৫]
দেখুন, দেখুন! ভেনেজুয়েলার লোকগুলোর জন্য পশ্চিমা দেশগুলো কী দরদটাই-না দেখাচ্ছে। তারা কত চিন্তিত! ভেনেজুয়েলার লোকগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে! তাদের প্রয়োজনীয় ওষুধ নেই! তারা মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতিতে ভুগছে! আমাদের কিছু একটা করা দরকার! আমাদের উচিত ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা সমর্থন করা!! আমাদের হয়তো ভেনেজুয়েলা আক্রমণও করা উচিত! এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার নিপীড়িত মানুষদের সাহায্য করার এটাই একমাত্র মানবিক উপায়!!
কিন্তু তারা যা বলে না তা হলো-এই ক্ষুধা, ওষুধের অভাব আর মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতির মূল কারণ হলো বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার ওপর চলা অর্থনৈতিক অবরোধ। বছরের পর বছর ধরে একটা দেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হলে, সেই দেশের মানুষ তো অর্থনৈতিক সংকটে পড়বেই, তাই না? আপনি প্রথমে অর্থনৈতিক অবরোধ দেবেন। তারপর সংকট দেখা দিলে নিজের অপছন্দের রাজনৈতিক গোষ্ঠীর ওপর সব দোষ চাপিয়ে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সামরিক অভিযানের কথা বলবেন। খুব মজা, তাই না?! দীর্ঘদিন ধরে এ ধরনের চক্রাকার যুক্তি ব্যবহার করে নিউ ইয়র্ক টাইমসসহ অন্যান্য পশ্চিমা মিডিয়াগুলো সামরিক অভিযান আর সরকার পরিবর্তনের পলিসি সমর্থন করে আসছে।
ভেনেজুয়েলা এ কূটকৌশলের একমাত্র শিকার না। ল্যাটিন আমেরিকার অনেক দেশকে এভাবে অ্যামেরিকান 'মানবতার' মাধ্যমে নতজানু করা হয়েছে। বিশ্বের এই তথাকথিত ত্রাণকর্তা(!) অ্যামেরিকা, পিছিয়ে পড়া দেশগুলোকে এভাবেই রক্ষা করছে! এটাই নাকি একমাত্র উপায়!
TruthDig এর এক রিপোর্ট অনুযায়ী,
'নিউইয়র্ক টাইমসের আর্কাইভের এক জরিপে দেখা গেছে, ল্যাটিন অ্যামেরিকাতে হওয়া অ্যামেরিকা সমর্থিত ১২টা সামরিক অভ্যুত্থানের মধ্যে ১০টাকেই সমর্থন দিয়েছে নিউইয়র্ক টাইমসের সম্পাদনা পরিষদ। যে দুটো অভ্যুত্থানকে তারা সমর্থন দেয়নি, তার একটি হলো ১৯৮৩ সালের গ্র্যানাডা আক্রমণ আর ২০০৯ সালের হন্ডুরাস অভ্যুত্থান। এ দুটি ক্ষেত্রে তাদের অবস্থান ছিল অস্পষ্ট কিংবা অনিচ্ছুক বিরোধিতার।
সিআইএ, মার্কিন সেনাবাহিনী আর এদের সাথে যুক্ত কর্পোরেশানগুলো ল্যাটিন অ্যামেরিকার দেশগুলোকে কেন বারবার টার্গেট করছে জানেন? কারণ, এ দেশগুলো অ্যামেরিকান পুঁজিবাদ আর তাদের কৌশলগত উদ্দেশ্যের জন্য হুমকি। এ কারণেই দেশগুলোতে বারবার সমস্যা তৈরি করা হচ্ছে, দেশগুলো অগণতান্ত্রিক হবার কারণে না। তাই নিউইয়র্ক টাইমসের কিছু কিছু কথা সত্য হলেও, বাস্তবে যা হচ্ছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এগুলো থেকে পাওয়া যায় না।'[৯৬]
সংক্ষেপে এটাই অ্যামেরিকার কৌশল। এভাবেই তারা কাজ করে। নিজেদের অর্থনৈতিক স্বার্থ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাকে দিয়ে অ্যামেরিকার স্বার্থ পূরণ হবে? কারা অ্যামেরিকা এবং অ্যামেরিকান কর্পোরেশানগুলোর কাছে সস্তায় প্রাকৃতিক সম্পদ বিক্রি করবে?
অধিকাংশ দেশের সরকার সোৎসাহে এবং সাগ্রহে অ্যামেরিকাকে স্বাগত জানায়। তবে মাঝেমধ্যে কিছু-না-কিছু লোক উদিত হয়, যারা ঝামেলা করে। এই ঝামেলার সমাধান অ্যামেরিকা কীভাবে করে? নিষ্ঠুর, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর অবরোধের মাধ্যমে। যার কারণে জীবন দিতে হয় বিপুলসংখ্যক মানুষকে। মনে আছে ম্যাডেলিন অলব্রাইট বলেছিল, অ্যামেরিকার চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ৫ লক্ষ ইরাকী শিশুর মৃত্যু 'দরকারি' ছিল?
অন্যদিকে অ্যামেরিকান মিডিয়া একদিকে অ্যামেরিকার সরকার এসব করে বেড়ায়, রিপোর্ট করে, 'দেখুন, এই দুস্থ লোকগুলো মারা যাচ্ছে! ক্ষুধার্ত এই শিশুদের জন্য আমাদের কিছু একটা করা উচিত!'
তবে অ্যামেরিকার বন্ধুভাবাপন্ন কোনো স্বৈরশাসকের দুঃশাসনের কারণে যখন জনদুর্ভোগ তৈরি হয়, তখন আর তাদের মন্তব্য খুঁজে পাওয়া যায় না। কোনো পদক্ষেপও নিতে দেখা যায় না।
অতএব, এই পিছিয়ে পড়াদের তালিকায় মুসলিম-বিশ্ব একা না। উত্তর অ্যামেরিকা এবং পশ্চিম ইউরোপের বাইরে পৃথিবীর অনেক অঞ্চলই একই রকম অর্থনৈতিক দুর্দশার শিকার। তাহলে ইসলামের দিকেই কেন বারবার অভিযোগের আঙুল? কেন ইসলামিক ঐতিহ্য এবং সোনালি যুগের আলিমদের দোষারোপ করা? এটার কোনো অর্থ হয়?
আসলে কী ঘটছে সেটা আমাদের বুঝতে হবে। অ্যামেরিকা পুরো পৃথিবীকে জিম্মি করে রেখেছে। দেশগুলোর মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে। আর কিছুদিন এ অবস্থায় থাকার পর জিম্মি তার অপহরণকারীকে ভালোবাসতে শুরু করছে।
যখন দেখবেন মুসলিম-বিশ্ব পিছিয়ে পড়ার জন্য কেউ ইসলামকে দায়ী করছে, চোখে ওদের আঙুল দিয়ে তখন পিছিয়ে পড়া কাফির দেশগুলোর অবস্থা দেখিয়ে দেবেন। সেই দেশগুলোর কেন এ অবস্থা? তারা তো মুসলিম না, তারা তো ইসলাম মানে না।
পুরো পৃথিবীর মধ্যে শুধু অল্প কিছু পশ্চিমা দেশই কেন অনাহার আর দারিদ্র্য থেকে বেঁচে থাকার ফর্মুলা আবিষ্কার করল? এই ম্যাজিক ফর্মুলা শুধু পশ্চিম ইউরোপই কেন আবিষ্কার করতে পারল? বাকি পৃথিবী কেন পারল না? বিশ্বের বাকি ৯০% মানুষ কি অথর্ব? ইউরোপীয়দের কি এমন কোনো জাতিগত কিংবা বর্ণগত শ্রেষ্ঠত্ব আছে, যার বদৌলতে শুধু তারাই এটা পারল? আর্য শ্রেষ্ঠত্বের কারণেই কি এই সফলতা? নাকি অন্য কিছু ঘটছে মিডিয়ার টেনে দেয়া পর্দার আড়ালে?

টিকাঃ
[৯৫] Venezuela: Between Maduro and a Hard Place, The New York Times, January 24, 2019
[৯৬] Your Complete Guide to the N.Y. Times' Support of U.S.-Backed Coups in Latin America, Truthdig, January 29, 2019

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00