📘 সংশয়বাদী > 📄 শূন্যগর্ভ সেক্যুলারিসম

📄 শূন্যগর্ভ সেক্যুলারিসম


সেক্যুলারিসম সব সময় মাধ্যমের কথা বলে, কিন্তু গন্তব্যের কথা বলে না। সেক্যুলারিসম মানুষকে গন্তব্যের কথা ভুলিয়ে রাখতে চায়। কারণ, গন্তব্যের আলোচনা করতে হলে ধর্মকে লাগবে। সেক্যুলারিসম আপনাকে কোনো কাজের গুরুত্বের কথা বলবে, কিন্তু কাজের ফলাফলের ব্যাপারে বলবে না। অস্পষ্ট কিছু দাবি ছাড়া আর কিছু তার কাছ থেকে পাওয়া যাবে না। কারণ, ফলাফলের আলোচনা করতে হলে ধর্মের কাছে যেতে হবে।

সেক্যুলারিসম আপনাকে ভোট দিতে বলবে। কিন্তু কোনো নৈতিকতা আর মূল্যবোধের ভিত্তিতে ভোট দিতে হবে, সেটা বলবে না। কারণ, সেটা ধর্মের জায়গা। সেক্যুলারিসম বলবে সবাইকে সমানভাবে সম্মান করতে। কিন্তু সম্মানযোগ্য হবার অর্থ কী, সেটা বলবে না। কারণ, সম্মান ও মর্যাদার কেন্দ্রকে বুঝতে হলে ধর্মের কাছে যেতে হবে।

অনেকে ভাবতে পারেন এর অর্থ হলো মানুষ যত সেক্যুলার হবে তত নিরপেক্ষ হবে। এটা ভুল ধারণা। মানুষের মন-মস্তিষ্ক কখনো খালি থাকে না। লিবারেল সেক্যুলারিসম যে শূন্যতা তৈরি করে কিছু না কিছু দিয়ে সেটা পূর্ণ হয়ে যায়। আমাদের ক্ষেত্রে আজ এই শূন্যস্থান পূরণ হচ্ছে বহুজাগতিক কর্পোরেশান আর অশ্লীলতা ও বিকৃতির প্রচারে সদাপ্রস্তুত মুনাফালোভী মিডিয়ার বানানো চটুল সাংস্কৃতিক আবর্জনা দিয়ে। একসময় এটাই হয়ে দাড়াচ্ছে জনগণের ধর্ম। মানুষের পরিচয় আর চরিত্রের কাঠামো। এটাই সেক্যুলারিসমের অবধারিত ফল এবং উদ্দেশ্য। এভাবে সেক্যুলারিসম মানুষকে পরিণত করে ক্ষমতার অনুগত গোলামে। এই বিষের প্রতিষেধক কী?

ইন্নামাল আমালু বিননিয়্যাতি
প্রতিষেধক হলো প্রতিনিয়ত নিজের কাজগুলোকে নিজের অস্তিত্বের উদ্দেশ্যের সাথে যুক্ত করা। নিজের গন্তব্য এবং পরিণতির প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা। আর এ প্রশ্নগুলোর উত্তর কেবল তিনিই দিতে পারেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। তাই নিজের হৃদয় খুঁড়ে খুঁড়ে ভোগবাদী লিবারেল-সেক্যুলার সংস্কৃতির আবর্জনাগুলো দূর করুন। আর নিজেকে যুক্ত করুন চিরন্তন সত্য পথের সাথে।

📘 সংশয়বাদী > 📄 জার্মানি ও হিজাব

📄 জার্মানি ও হিজাব


হিজাব নিষিদ্ধ করা নিয়ে জার্মানির পরিস্থিতি সেক্যুলারিসমের অন্তর্নিহিত সাংঘর্ষিকতার উৎকৃষ্ট প্রমাণ। ২০১৬ এর এক রিপোর্টে এসেছে:
জার্মানীর প্রভাবশালী দুটি সংস্থা জার্মান বিচারক ও আইনজীবীদের মধ্যে হেডস্কার্ফ/হিজাবের ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। তাদের মতে আদালতের 'নিরপেক্ষতা' বজায় রাখার জন্য এই নিষেধাজ্ঞা জরুরি।
অ্যাসোসিয়েশন অফ জার্মান অ্যাডমিনস্ট্রেটিভ জাজেস এর চেয়ারম্যান রবার্ট সিগমুলারের মতে-বিচারের ফলাফল কেবল আইনের ওপর নির্ভরশীল, কোনো ব্যক্তির ওপর না-তা দেখানোর জন্য বিচারক ও আইনজীবীদের নির্ধারিত ইউনিফর্ম পরা উচিত। সেই নির্ধারিত ইউনিফর্ম হলো কালো আলখেল্লা, সাদা শার্ট, সাদা বো-টাই এবং গলবন্ধ কিংবা নেকারচিফ।

এই কালো আলখেল্লার উৎস কী জানেন?
নিউইয়র্ক টাইমসের গবেষকদের মতে,
'বিচারিক পোশাকের (judicial robe) আদি উৎস যদিও সুনিশ্চিতভাবে জানা যায় না। তবে অনেকেই মনে করেন এটি এসেছে গির্জার পাদরিদের কালো আলখেল্লা থেকে। অতীতে গির্জা আর বিচারবিভাগ আজকের মতো আলাদা ছিল না। ব্রিটেনের বিচার বিভাগে কালো আলখেল্লার ব্যবহার শুরু হয় চতুর্দশ শতাব্দীতে'।

এমন কি হতে পারে যে ইউরোপের ধর্মগুরুরা আলখেল্লা পরার এই রীতি গ্রহণ করেছিল মুসলিমদের জুব্বার অনুকরণে? আরব ও মুসলিম সমাজে জুব্বাকে দেখা হতো সম্মান, ধর্মীয় মর্যাদা এবং পাণ্ডিত্যের চিহ্নবাহী পোশাক হিসেবে। সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেয়া যায় না। যাই হোক, যে কালো আলখেল্লা নিয়ে জার্মান ধর্মনিরপেক্ষতাবাদীরা 'নিরপেক্ষতা' প্রমাণ করতে চাচ্ছে, তার উৎস ধর্মীয়—এটুকু পরিষ্কার।

পোশাক হিসেবে লম্বা আলখেল্লা মুসলিমদের কাছে আজও ধর্মীয় গুরুত্ব বহন করে। মুসলিম নারী ও পুরুষ-উভয়ই এটা পরে। মুসলিম-বিশ্বের অনেক নারী কালো আলখেল্লা পরেন, যেটাকে জিলবাব বলা হয়। ইহুদী এবং খ্রিষ্টান ধর্মগুরুরাও কালো আলখেল্লা পরে থাকে। কালো আলখেল্লার একটা ধর্মীয় গুরুত্ব সব সময়ই ছিল।

যেসব সেক্যুলারিস্ট হিজাব নিষিদ্ধ করার কথা বলে, অন্যান্য আরও ধর্মীয় চিহ্ন জনজীবন থেকে মুছে ফেলার কথা বলে, তাদের একটা প্রিয় যুক্তি হলো নিরপেক্ষতা। তারা বলে, জনপরিসরের নিরপেক্ষতা বজায় রাখতে হলে ধর্মীয় পোশাক আর ধর্মীয় চিহ্ন বাদ দিতে হবে। এ যুক্তির বিরুদ্ধে সহজ-সরল এবং যৌক্তিক আপত্তি হলো: কোন পোশাক নিরপেক্ষ, সেটা কে ঠিক করবে?

আসলে এটা সেক্যুলারিসমের মৌলিক প্রতারণাগুলোর একটা। যা কিছু ধর্মীয় তাঁর সবটুকুই যদি সমাজ, রাষ্ট্র থেকে বাদ দেয়া হয়ে তাহলে বাকি কী থাকে? সেক্যুলারিসমের বক্তব্য হলো, যা কিছু ধর্মীয় তা বাদ দেয়ার পর সমাজ ও রাষ্ট্র সত্যিকারভাবে নিরপেক্ষ হবে। আর এ অবস্থা থেকেই সেক্যুলারিসমের যাত্রা শুরু হবে। কিন্তু বাস্তবতা হলো, এমন কোনো নিরপেক্ষ কেন্দ্র নেই, যা মেটাফিযিকালিটি কিংবা নরম্যাটিভিটি থেকে মুক্ত। ধর্মের যে মেটাফিযিকালিটি এবং নরম্যাটিভিটি নিয়ে সেক্যুলারিসমের এত আপত্তি তা থেকে মুক্ত কোনো অবস্থান নেই।

একমাত্র সমাধান হলো নিজে থেকে একটা নিরপেক্ষ, সেক্যুলার কেন্দ্র বানিয়ে নেয়া। সেটা কীভাবে হবে? আপনি স্রেফ বলে দেবেন কোনো একটা নির্দিষ্ট সংস্কৃতি, চেতনা, নৈতিকতা আর নির্দিষ্ট ধরনের পোশাক সেক্যুলার। আর বাকি সবকিছু ধর্মপ্রভাবিত, সাম্প্রদায়িক।
কোনো কিছুকে সেক্যুলার সাব্যস্ত করার এই প্রক্রিয়া বৈধতা পায় মানুষের সামষ্টিক সাংস্কৃতিক প্রথাপ্রচলনের কারণে। মুসলিমদের আচার আচরণ এবং পোশাক যেহেতু ইউরোপের কাছে 'বিজাতীয়' তাই খুব সহজেই ইউরোপীয়ানদের চোখে এগুলো 'ধর্মীয়' হিসেবে ধরা পড়ে। কিন্তু খ্রিষ্টধর্মীয় উৎস থেকে আসা পশ্চিমা নানান পোশাক, প্রথা এবং নৈতিকতা যেহেতু ইউরোপের 'পরিচিত' তাই সেগুলোকে সংস্কৃতি বলা যায়, সেক্যুলার আর নিরপেক্ষ ধরা যায়। এ হলো নিছক কথার খেলা।

একদিকে কালো আলখেল্লাকে সেক্যুলার সাব্যস্ত করা আর অন্যদিকে হেডস্কার্ফকে ধর্মীয় আখ্যা দেয়ার পুরো ব্যাপারটাই সেক্যুলারিসমের কথিত নিরপেক্ষতার অন্তঃসারহীনতার উৎকৃষ্ট উদাহরণ। এভাবেই সেক্যুলারিসম এক বানোয়াট 'নিরপেক্ষতা' তৈরি করে কৃত্রিমভাবে নিজের 'পক্ষপাতশূন্যতা' বজায় রাখার জন্য।

এখানে ধর্মীয় স্বাধীনতা নিয়েও কিছু কথা বলা দরকার। সেক্যুলারদের আক্রমণের মোকাবিলায় ধর্মীয় স্বাধীনতার যুক্তি ব্যবহার করা উচিত না; বরং আমাদের উচিত সেক্যুলারিসমের অন্তর্নিহিত বৈপরীত্য আর সাংঘর্ষিকতাগুলো তুলে ধরা। মুসলিমদের হিজাব নিয়ে তাদের আপত্তি যে কালচারাল বায়াস ছাড়া আর কিছু না এটা তাদের স্বীকার করতে বাধ্য করা। তারা এটা মেনে নিলে ভালো। কিন্তু নিজেদের বায়াসকে তারা নিরপেক্ষতা, যৌক্তিকতা আর ন্যায়পরায়ণতা বলে চালাবে-এটা হবে না।

যদি তারা স্বীকার করে নেয় কালচারাল বায়াসের কারণে তারা হিজাবের বিরোধিতা করে, তাহলে আমরা সেটা মেনে নিতে রাজি আছি। কারণ, আমরা মুসলিমরাও আমাদের নিজস্ব মাপকাঠি অনুযায়ী পোশাকের নিয়ম ঠিক করতে চাই। তবে আমাদের মাপকাঠি পপ কালচার বা সাংস্কৃতিক খেয়ালখুশি দ্বারা প্রভাবিত না; বরং আমাদের মাপকাঠির ভিত্তি ইসলামী মূল্যবোধ এবং শালীনতার ব্যাপারে মহান আল্লাহর নির্ধারিত সীমারেখা।
ধর্মীয় স্বাধীনতার সেক্যুলার যুক্তির বদলে আমাদের উচিত আলোচনা এই দুই প্রতিদ্বন্দ্বী মাপকাঠির তর্কে নিয়ে আসা।

টিকাঃ
[১০] German judges call for headscarf ban in court to show 'neutrality', August 09, 2016. Independent, UK.
[১১] Behind the Gavel, a Sense of Style, September 5, 2008, The New York Times.
[১২] মেটাফিযিক্স-বাংলায় অধিবিদ্যা। দর্শনের ওই শাখা, যা প্রাথমিক মূলনীতিসমূহ (first principles) এবং সত্তা, অস্তিত্ব, জানা, পরিচয়, মন, সময়, বস্তু, সময়, স্থান, সম্ভাবনা এর মতো বিভিন্ন বিমূর্ত ধারণা নিয়ে কাজ করে। - অনুবাদক
[১৩] নরম্যাটিভ- মানবসমাজগুলোতে কিছু কাজ ও ফলাফল ভালো, আকাঙ্ক্ষিত কিংবা বৈধ সাব্যস্ত করা হয়। আবার কিছু কাজ ও ফলাফলকে মন্দ, অনাকাঙ্ক্ষিত কিংবা অবৈধ সাব্যস্ত করা হয়। একে নরম্যাটিভিটি বলা হয়। নরম্যাটিভিটি দ্বারা কোনো-না-কোনো ধরনের উচিত-অনুচিতের ধারণা প্রকাশ পায়। নরম্যাটিভিটির মূল আলোচনা নৈতিকতা নিয়ে। প্রায় প্রত্যেক নৈতিকতার কাঠামো কোনো-না-কোনো ধরনের নরম্যাটিভিটির ওপর নির্ভরশীল।
[১৪] ওপরে কথা দ্বারা লেখকের উদ্দেশ্য হলো সেক্যুলারিসম যেটাকে নিরপেক্ষ কেন্দ্র বলছে, সেই কেন্দ্রও দাঁড়িয়ে আছে কোনো একটি নির্দিষ্ট মেটাফিযিকাল এবং নরম্যাটিভ অবস্থানের ওপর। কাজেই সত্যিকার অর্থে নিরপেক্ষ কোনো কেন্দ্র সেক্যুলারিসম দিতে পারে না। এমন কোনো ক্যানভাস নেই, যা রংহীন। - অনুবাদক

📘 সংশয়বাদী > 📄 রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদের ধাপ্পাবাজি

📄 রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদের ধাপ্পাবাজি


রাষ্ট্র ও ধর্মের বিচ্ছেদের ধারণাটা কি আসলে সামঞ্জস্যপূর্ণ? সভ্য আর অসভ্য সমাজের মধ্যে পার্থক্য ধরা হয় আইনের শাসনের প্রতি শ্রদ্ধার মনোভাবকে। কিন্তু পশ্চিমা বিশ্বে আমরা কী দেখি? যখন রাজনৈতিক উদ্দেশ্য অর্জিত হয় তখন ট্রাম্প থেকে শুরু করে উগ্র বামপন্থী, সবাই আইনের শাসনের কথা বলে। কিন্তু কোনো কিছু যখন তাদের স্বার্থের বিরুদ্ধে যায় তখন তারা আইন বদলানোর কথা বলা শুরু করে।

এ ক্ষেত্রে তারা একটা পূর্ব-ধারণার ওপর ভিত্তি করে কথা বলে। সেই ধারণাটা হলো, কোনো কিছু বৈধ হওয়া আর নৈতিকভাবে ভালো হওয়া এক না। অনেক কিছু বৈধ হতে পারে, কিন্তু তার মানে এই না যে সেটা ভালো। আবার অনেক কিছু আইন অনুযায়ী অবৈধ হতে পারে। তার মানে এই না যে সেটা খারাপ। অর্থাৎ ভালোমন্দের চূড়ান্ত ফায়সালা করে দেয় নৈতিকতা, আইনের শাসন না।

প্রশ্ন হলো, এই নৈতিকতার ভিত্তি কী হবে? নৈতিকতা এত গুরুত্বপূর্ণ হলে, নৈতিকতা আর এর ভিত্তি নিয়ে আরও বেশি আলোচনা হওয়া দরকার না? ভালোমন্দ, মানবজীবনের লক্ষ, পবিত্রতা, শুদ্ধাচার আর ভ্রষ্টাচার-এগুলো নিয়ে আরও কথা হওয়া দরকার না?

কিন্তু আমরা এ ধরনের আলোচনা দেখি না। কারণ, নৈতিকতা হলো ধর্মের আলোচনার জায়গা। নৈতিকতার আলোচনা আনতে গেলে ধর্মকে আনতে হবে। আর সেক্যুলার রাষ্ট্রে যেহেতু আইনকে ধর্ম দ্বারা প্রভাবিত হতে দেয়া যাবে না, তাই ধর্মকে দূরে রাখার জন্য এই আলোচনাকেও দূরে রাখতে হয়।

কিন্তু তাহলে আবার সেই পুরোনো প্রশ্নে ফিরে যেতে হয়। আইনের ভিত্তি অন্তর্নিহিত নৈতিকতা। কিন্তু সেই নৈতিকতার ভিত্তি কী?
কোনো-না-কোনো নৈতিকতা, কোনো-না-কোনো মাপকাঠি তো লাগবেই। কিন্তু এ প্রশ্নগুলো শুধু 'অন্যায্য আইন' নিয়ে প্রতিবাদ করার সময় আলোচিত হয়। আর তখনো আলোচনা সীমাবদ্ধ থেকে যায় 'ন্যায়বিচার কী', এ প্রায়ই। কিন্তু ন্যায়বিচার কী-তার জবাব দিতে হলেও আগে ভালো-মন্দ, শুদ্ধ-অশুদ্ধ, শুদ্ধাচার-ভ্রষ্টাচারের কাঠামো ঠিক করে নিতে হবে। এমন কোনো কাঠামো কি আছে?

অবশ্যই আছে। অনেকগুলো আছে। সেগুলোকে আমরা ধর্ম বলি। অবশ্য এমন কিছু কাঠামোও আছে, যেগুলো তৈরি হয়েছে স্রষ্টাকে অস্বীকার করে। তবে স্রষ্টার দোহাই না দিলেও মানুষ কী করবে আর কী করবে না, কীভাবে তার জীবনযাপন করা উচিত-ধর্মের মতোই এই কাঠামোগুলোও সেটা নির্ধারণ করে দিতে চায়। এগুলোকেও ধর্মগুলোর মতোই সত্য বলে ধরে নেয়া হয়, অনুসরণ করা হয়।

ধর্মীয় কাঠামো আর স্রষ্টাকে অস্বীকার করা কাঠামো; অর্থাৎ নৈতিকতার সেক্যুলার কাঠামো-আইন প্রণয়নের প্রশ্নে এ দুই ধরনের কাঠামোর মধ্যে কি কার্যত কোনো পার্থক্য আছে? আমি মনে করি আইনের ভিত্তি হওয়া উচিত ধর্মীয় মূল্যবোধ। আমি জানি অনেকে আইনের ভিত্তি হিসেবে সেক্যুলার মূল্যবোধকে পছন্দ করে। আমি যখন সেক্যুলার রাষ্ট্রে বসবাস করি, এই সেক্যুলার-নাস্তিক নৈতিকতাকে তখন আমার মেনে নিতে হয়। আসলে মেনে নিতে হয়, বলাটা ভুল হবে। আমাকে মেনে নিতে বাধ্য করা হয়। নৈতিকতার এ কাঠামো নিয়ে যদিও আমার অনেক আপত্তি, অনেক বিরোধিতা আছে, তবুও সেক্যুলার রাষ্ট্র জোর করে তার পছন্দের নৈতিকতা আমার ওপর চাপিয়ে দেয়। মজার ব্যাপার হলো এই অভিযোগ তুলেই সেক্যুলার রাষ্ট্র ক্রমাগত ধর্মরাষ্ট্রের বিরোধিতা করে, অথচ ঠিক একই কাজ সেক্যুলার রাষ্ট্রও করে।

এ কথা স্বীকার করার মতো সততা কি সেক্যুলারদের আছে?
এই বাস্তবতাকে যদি মেনে নেয়া হয় তাহলে ধর্মীয় স্বাধীনতা নামক অন্তঃসারশূন্য বুলি নিয়ে আদিখ্যেতা বাদ দেয়া যায়। মুসলিমরা যখন শরীয়াহর প্রতি ভালোবাসা প্রকাশ করে, শরীয়াহ প্রতিষ্ঠার ইচ্ছা জানায় তখন ধর্মীয় স্বাধীনতার বুলি দিয়ে হাতুড়ির মতো বারবার মুসলিমদের ওপর ঘা দেয়া হয়। কিন্তু এই ধর্মীয় স্বাধীনতার অস্তিত্ব সেকুলার রাষ্ট্রেই নেই।

ধর্ম আর রাষ্ট্রের বিচ্ছেদ একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না।

📘 সংশয়বাদী > 📄 সুইজারল্যান্ডে হাতাহাতি!

📄 সুইজারল্যান্ডে হাতাহাতি!


সুইয়ারল্যান্ড মুসলিম ছাত্রদের জরিমানা করা শুরু করে ২০১৬-তে। তাদের অপরাধ, শিক্ষিকার সাথে হাত মেলাতে অস্বীকার করা। এই ‘গুরুতর’ অপরাধের কারণে মুসলিম ছাত্রদের ৫০০০ ডলার পর্যন্ত ফাইন করার আইন হয়।

আচ্ছা, মানুষকে তার ইচ্ছের বিরুদ্ধে আরেকজনের শারীরিক সংস্পর্শে আসতে বাধ্য করা কি একধরনের যৌন হয়রানি না? নারীবাদীরা তো ক্রমাগত পারস্পরিক সম্মতির গুরুত্ব নিয়ে চেঁচামেচি করে, কিন্তু এ বিষয়ে তারা মুখে কুলুপ এঁটে রইল কেন? সম্ভবত মুসলিম পুরুষের ক্ষেত্রে এসবের কোনো মূল্য নেই। একজন মুসলিম পুরুষ যখন অমুসলিম কোনো নারীর সাথে হাতে মেলাতে অস্বীকার করে তখন সে সম্ভবত সেই নারীকে শোষণ করার চেষ্টা করছে, যেভাবে সে নিজের মা-বোন-স্ত্রী-কন্যাকে শোষণ করে-তাই না?

পশ্চিমা বিশ্বে এমনও মহিলা আছে, কথা বলার সময় চোখে চোখ রেখে না হাসলে যারা রীতিমতো অপমানিত বোধ করে। এটা নাকি অপমান, অশ্রদ্ধা! কী অদ্ভুত! তুমি যে ধরনের সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত কোনো কিছু সেটার সাথে না মেলা মানেই সেটা অশ্রদ্ধা? অপমান?
এই পশ্চিমারা একদিকে সহিষ্ণুতা, বহুত্ববাদ আর বৈচিত্র্যকে সম্মান করার কথা বলে। অন্যদিকে কোনো মুসলিম তার ধর্মের বিধান মেনে চললে সেটাকে অসহিষ্ণুতা বলে গলা ফাটায়। একজন মুসলিম আদৌ অসম্মান করতে চাচ্ছে কি না, সেটা ধর্তব্য না। আমার সংস্কৃতি অনুযায়ী আমার কাছে একে অসম্মান মনে হচ্ছে, তাই আমি এটাকে অসহিষ্ণুতা বলে চালিয়ে দেবো। আসলে সহিষ্ণুতা বলতে ওরা কী বোঝায়? মাঝে মাঝে ইন্ডিয়ান কারী কিংবা অ্যারাবিয়ান শর্মা খাওয়া? হ্যালোউইনের সময় বিভিন্ন দেশের পোশাক পরে যেমন খুশি তেমন সাজো খেলা?

শিক্ষিকার হাত মেলাতে অস্বীকার করা কেন বেআইনি, তার পক্ষে সেক্যুলারদের পছন্দের আরেকটা যুক্তি আছে—
এর মাধ্যমে জেন্ডার রোল আর জেন্ডার সেগ্রেগেশানের ধারণাগুলো আরও পোক্ত হয়।

হ্যাঁ, তা তো হয়ই। সমাজে নারী-পুরুষের মেলামেশার ব্যাপারে ইসলামী বিধানগুলোর উদ্দেশ্যই হলো নারীপুরুষের মেলামেশা সীমিত করা। তুমি মুসলিম না, তুমি কাফের, তাই নারী-পুরুষের মেলামেশা সীমিত করার ব্যাপারটা তোমার কাছে খারাপ লাগতেই পারে। কিন্তু তাই বলে আমাকেও কেন সেটা খারাপ বলে মানতে হবে? তুমি অজ্ঞ, তোমার অজ্ঞতাকে আমার কেন মানতে হবে? হ্যাঁ, তুমি বলতে পারো, এটা তোমাদের দেশ। তাই ইচ্ছেমতো আইন বানানোর অধিকার তোমাদের আছে। তোমাদের দেশে থাকতে হলে তোমাদের মূল্যবোধ আর তোমাদের নৈতিকতা মেনে নিয়েই থাকতে হবে।

ঠিক আছে, মানলাম। তাহলে সৌদি আরব, ইরান কিংবা আফগানিস্তান যখন তাদের দেশে, তাদের পছন্দমতো আইন বানায় তখন কেন তোমাদের এত আপত্তি? তারা যখন তাদের মূল্যবোধ, বিশ্বাস আর নৈতিকতা অনুযায়ী বাধ্যতামূলক ড্রেস কোড কিংবা জেন্ডার সেগ্রেগেশানের নিয়ম করে তখন কেন তোমাদের এত চেঁচামেচি? এটা কি ভণ্ডামি না? ডাবলস্ট্যান্ডার্ড না? একই কাজ তোমরা করলে উদারতা-সহিষ্ণুতা আর আমরা করলে সাম্প্রদায়িকতা? তোমরা তোমাদের পশ্চিমা মূল্যবোধ আর সংস্কৃতি অন্যের ওপর চাপিয়ে দিতে চাও। মুসলিমরা তাদের ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতা বাস্তবায়ন করতে চায়। একমাত্র পার্থক্য হলো, মুসলিমরা লুকোচুরি করে না। তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর ধর্মীয় স্বাধীনতার দোহাই দেয় না। নিজেদের বিশ্বাস আর উদ্দেশ্যের কথা আমরা সোজাসুজি স্বীকার করি।

ধর্মনিরপেক্ষতা আর ধর্মীয় স্বাধীনতার বুলি আওড়ালেও পশ্চিমা বিশ্ব মুসলিমদের ইসলামের বিধান মানতে বাধা দেয় এবং অনেক ক্ষেত্রে বিধান অমান্য করতে বাধ্য করে। এটাই প্রমাণ করে সেক্যুলারিসমের নিরপেক্ষতা আসলে মরীচিকা ছাড়া আর কিছুই না। এমন অনেক উদাহরণ আছে। সুইজারল্যান্ডের 'হ্যান্ডশেইক আইন' সেই লিস্টে নতুন এক সংযোজন কেবল।

আসলে নিরপেক্ষতা বলে কিছু নেই। নিরপেক্ষতার নামে পশ্চিমারা তাদের মূল্যবোধ আর সাংস্কৃতিক রীতিনীতি অন্যদের ওপর চাপিয়ে দেয়। এ কারণেই ধর্মীয় স্বাধীনতার যুক্তি আওড়ে ইসলামের পক্ষে কথা বলার মানে হয় না। ধর্মীয় স্বাধীনতার পুরো ধারণাটাই এসেছে একটা নির্দিষ্ট পশ্চিমা প্রেক্ষাপট ও দর্শন থেকে। যেখানে ধর্মের নির্দিষ্ট একটা সংজ্ঞা আর ব্যাখ্যা আছে। আর এই সংজ্ঞার জন্মও নির্দিষ্ট পশ্চিমা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। ধর্মীয় স্বাধীনতার ধারণার অবধারিত ফলাফল হলো কালচারের পরিবর্তনের সাথে সাথে যেকোনো কিছু ধর্মীয় স্বাধীনতার নামে চালিয়ে দেয়া।

সমকামিতার কথাই ধরুন না। প্রথমে এটা ছিল সর্বজনীনভাবে নিন্দনীয় কাজ। তারপর কালচার যখন একটু বদলাল, তখন এটা হয়ে গেল ধর্মীয় দৃষ্টিকোণের প্রশ্ন। কিছু ধার্মিক লোক এটাকে পাপ মনে করে আর কিছু মুক্তমনা টাইপের ধার্মিক এতে খারাপ কিছু দেখে না। তারপর এটা হলো ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। এখানে ভিন্নমতের সুযোগ আছে। এটা ইখতিলাফি বিষয়। ইজতিহাদের বিষয়। তারপর এল আরেকটা সাংস্কৃতিক পরিবর্তন। সমকামিতা এখন সর্বজনীনভাবে নন্দিত। যারা এর বিপক্ষে, যারা সমকামিতার অধিকার নিয়ে উচ্ছ্বসিত না তারা গোঁড়া, ধর্মান্ধ। তাদের ধর্মীয় ব্যাখ্যা গ্রহণযোগ্য না। কারণ, এটা তাদের ঘৃণা, বিদ্বেষ, গোঁড়ামি, সাম্প্রদায়িকতা আর ধর্মান্ধতার ফসল। আর এগুলো খুব ক্ষতিকর বিষয়। তাই এগুলো এখন নিয়ন্ত্রণ করতে হবে। কোন ধর্মীয় অবস্থান সঠিক সেটা এখন থেকে রাষ্ট্র ঠিক করে দেবে। কোনো সমকামী এসে তার 'বিয়ের' জন্য আপনাকে কেক বানাতে বললে, চান বান আর চান, আপনাকে সেটা বানাতেই হবে। ধর্মীয় বিশ্বাসের কথা বলে অস্বীকৃতি জানাতে পারবেন না।

অর্ধ শতাব্দীর বেশি সময়জুড়ে অনেক মুসলিম পশ্চিমা-বিশ্বে পাড়ি জমিয়েছে। সেখানে অবস্থান করে সীমিতভাবে মোটামুটি ইসলাম পালন করতে পেরেছে। কিন্তু সেটা ধর্মীয় স্বাধীনতা, সহিষ্ণুতা কিংবা ধর্মনিরপেক্ষতার কারণে না। একেবারেই না। যারা আজও এটা বিশ্বাস করে বসে আছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। মুসলিমরা মোটামুটিভাবে ইসলামের কিছু অংশ এতদিন পালন করতে পেরেছে, কারণ পশ্চিমা দেশগুলোর মূল সাংস্কৃতিক শেকড় ছিল খ্রিষ্টধর্মে। খ্রিষ্টধর্ম, ইহুদীধর্ম এবং ইসলামের নৈতিকতার কাঠামোর মধ্যে বেশ অনেকটুকু মিল আছে। যেহেতু ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতা খ্রিষ্টধর্মের ভিত্তির ওপর দাঁড়ানো কালচারের সাথে অনেক দিক থেকে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ ছিল তাই মুসলিমদের এতদিন অতটা সমস্যা হয়নি।

কিন্তু এখন সেটা বদলাচ্ছে। ইহুদী ও খ্রিষ্টধর্মীয় শেকড় ত্যাগ করে পশ্চিমা সমাজ আজ ক্রমেই গ্রহণ করছে পৌত্তলিক এবং স্যাইটানিক চিন্তা ও সংস্কৃতি। খুব শীঘ্রই এমন অবস্থা আসবে যখন পশ্চিমা দেশগুলোর আইন ইসলামের একেবারে 'নির্দোষ' ফরয বিধানগুলো মানাও অসম্ভব করে তুলবে। এই আইনগুলো যখন বানানো হবে তখন পশ্চিমাদের কাছে সেগুলোকে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ বলে মনে হবে না; বরং তারা মনে করবে, এসব আইনের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতাকে আরও মজবুত করা হচ্ছে। অর্থাৎ ধর্মীয় বিধান পালনকে বেআইনি করার আইন তৈরি করা হবে ধর্মীয় স্বাধীনতার কথা বলে।

কিন্তু তখনো এমন একদল মুসলিম থাকবে, যারা বোকার মতো বিশ্বাস করবে, মুসলিমরা পশ্চিমে 'স্বাধীনভাবে' দ্বীন পালন করতে পারবে। আর ওই পর্যায়ে তারা এমন এক 'ইসলাম' আবিষ্কার করবে, যার সাথে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইসলাম এর কোনো মিল নেই।
আর যে মুসলিমরা কল্পনার জগৎ থেকে বের হয়ে প্রকৃত ইসলাম আঁকড়ে ধরতে চাইবে তাদের মোকাবিলা করতে হবে কঠিন পরীক্ষা আর দুর্দশার। গত দশ বছরে আমেরিকা আর ইউরোপে যেভাবে ঘটনাপ্রবাহ এগিয়েছে, তা চলতে থাকলে এমন হওয়াটা সময়ের ব্যাপারমাত্র। ওয়াল্লাহু 'আলাম।

টিকাঃ
[১৫] In Switzerland, Muslim schoolchildren who refuse to shake their teacher's hand may be fined $5,000. May 25, 2016. The Washington Post
[১৬] সমকামী বিয়ের অনুষ্ঠানের জন্য কেক বা ফুলের ডেকোরেশান করতে অস্বীকৃতি জানানোর কারণে আইনী হয়রানি এবং জরিমানার বেশ অনেকগুলো ঘটনা পশ্চিমে ঘটেছে। আগ্রহী পাঠক দেখুন, Klein, dba Sweet Cakes by Melissa, v. Oregon Bureau of Labor and Industries, Masterpiece Cakeshop v. Colorado Civil Rights Commission, এবং Arlene's Flowers lawsuit. ~ অনুবাদক
[১৭] 'পশ্চিমা ইসলামের' এমন অনেক বৈশিষ্ট্য ইতিমধ্যে দেখা যাচ্ছে। অনুবাদক

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00