📘 সবার ওপরে ঈমান > 📄 ভাবতে হবে আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর সত্তা নিয়ে নয়

📄 ভাবতে হবে আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর সত্তা নিয়ে নয়


[৪৫৩.] ইবনু উমর বলেন, ‘আল্লাহর রাসূল বলেছেন—
تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ وَلَا تَفَكَّرُوا فِي اللَّهِ
“গভীরভাবে চিন্তাভাবনা করো আল্লাহর নিদর্শনগুলো নিয়ে, আল্লাহর (সত্তার) ব্যাপারে গভীর চিন্তায় যেয়ো না।”’

তাবারানি, আওসাত ৪/৩৮৩ (৬৩১৯), বর্ণনাসূত্রের ওয়াযি‘ ইবনু নাফি পরিত্যক্ত (হাইসামি), হাসান বিশ-শাহিদ (দারানি); ইবনু আদি ৭/২৫৫৬; বাইহাকি, শুআব ১/১৩৬ (১২০); কানযুল উম্মাল ৩/১০৮ (৫৭০৭); মাজমাউয যাওয়াইদ ১/৮১ (২৬২)।

[৪৫৪.] আবদুল্লাহ ইবনু সালাম বলেন, ‘আল্লাহর রাসূল বের হয়ে তাঁর কয়েকজন সাহাবির কাছে আসেন। ওই সময় তারা আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছিলেন। তখন আল্লাহর রাসূল বলেন—فِيمَ تَتَفَكَّرُونَ ؟ “তোমরা কী নিয়ে গভীর চিন্তায় নিমজ্জিত?” তারা বলেন, “আমরা আল্লাহর (সত্তার) ব্যাপারে গভীরভাবে ভাবছি।” নবি বলেন—
لَا تَفَكَّرُوا فِي اللهِ ، وَتَفَكَّرُوا فِي خَلْقِ اللهِ ، فَإِنَّ رَبَّنَا خَلَقَ مَلَكًا قَدَمَاهُ فِي الْأَرْضِ السَّابِعَةِ السُّفْلَى ، وَرَأْسُهُ قَدْ جَاوَزَ السَّمَاءَ الْعُلْيَا ، مَا بَيْنَ قَدَمَيْهِ إِلَى رُكْبَتَيْهِ مَسِيْرَةُ سِتُّمِائَةِ عَامٍ ، وَمَا بَيْنَ كَعْبَيْهِ إِلَى أَخْمَصِ قَدَمَيْهِ مَسِيْرَةُ سِتُّمِائَةِ عَامٍ ، وَالْخَالِقُ أَعْظَمُ مِنَ الْمَخْلُوقِ
“আল্লাহর (সত্তার) ব্যাপারে গভীর চিন্তায় নিমজ্জিত হোয়ো না, বরং আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে গভীরভাবে ভাবো; কারণ আমাদের রব এমন এক ফেরেশতা বানিয়েছেন, যার পা দুটি আছে সবচেয়ে নিচের সপ্তম জমিনে, তার মাথা ছাড়িয়ে গিয়েছে সবচেয়ে ওপরের আকাশকে, তার পায়ের পাতা থেকে হাঁটুর দূরত্ব ছয়শ বছরের পথ, আর তার টাখনুর গাঁট থেকে পায়ের আঙুলের ব্যবধান ছয়শ বছরের পথ। স্রষ্টা (তাঁর) সৃষ্টির চেয়ে বড়ো।”

আবূ নুআইম, হিল্ইয়াতুল আউলিয়া ৬/৬৬-৬৭, ইসনাদটি হাসান (দারানি, মাজমাউয যাওয়াইদের ২৬২ নং হাদীসের টীকা)।

[৪৫৫.] আবূ হুরায়রা বলেন, ‘আল্লাহর রাসূল বলেছেন—
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يُكْفَرَ بِاللهِ جَهْرًا وَذُلِكَ عِنْدَ كَلَامِهِمْ فِي رَبِّهِمْ
“কিয়ামাত হবে না, যতক্ষণ-না প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করা হবে, আর তা ঘটবে এমন সময় যখন লোকজন আল্লাহর (সত্তার) ব্যাপারে আলোচনায় লিপ্ত হবে।”

তাবারানি, আওসাত ৩/৫২ (৩৮৪৩), ইসমাঈল ও তার সূত্রে বর্ণনাকারী ইসহাক ইবনু যুরাইক সম্পর্কে কাউকে আলোচনা করতে দেখিনি (হাইসামি); কানযুল উম্মাল ১/২৩৭ (১১৮৭); মাজমাউয যাওয়াইদ ১/৮১ (২৬৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00