📄 পশমি কাপড় পরিধান, দুধ দোহন ও অধীনস্থদের সঙ্গে খাবার গ্রহণ
[৪৩৫.] সাইব ইবনু ইয়াযীদ থেকে বর্ণিত, ‘নবি বলেছেন—
لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ كِبْرٍ
“যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে যাবে না।”
তারা বললেন, “আল্লাহর রাসূল, (তা হলে) আমাদের ধ্বংস অনিবার্য! আমরা কীভাবে জানব— আমাদের অন্তরে সেই অহংকার আছে কি না? আর সেটা থাকে কীসে?” এর জবাবে নবি বলেন—
مَنْ لَبِسَ الصُّوْفَ أَوْ حَلَبَ الشَّاةَ أَوْ أَكَلَ مَعَ مَا مَلَكَتْ يَمِينُهُ، فَلَيْسَ فِي قَلْبِهِ إِنْ شَاءَ اللَّهُ كِبْرُ
“যে-ব্যক্তি পশমি কাপড় পরে, অথবা ভেড়ার দুধ দোহন করে, অথবা অধীনস্থ লোকদের সঙ্গে খাবার খায়—ইন শা আল্লাহ তার অন্তরে অহংকার থাকে না।”’
তাবারানি, কাবীর ৭/১৫৩ (৬৬৬৮), বর্ণনাসূত্রে ইয়াযীদ ইবনু আবদিল মালিক নাওফিলি ভীষণ পর্যায়ের মুনকারুল হাদীস (হাইসামি); কানযুল উম্মাল ৩/৫৩৪ (৭৭৭২); মাজমাউয যাওয়াইদ ১/৯৮-৯৯ (৩৫৯)।
📄 বোঝা বহন করা
[৪৩৬.] আবদুল্লাহ ইবনু হানযালা ইবনির রাহিব বলেন, ‘আবদুল্লাহ ইবনু সালাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে বাজারে গেলেন। এ-অবস্থা দেখে তাকে বলা হলো, “আল্লাহ আপনাকে যে সচ্ছলতা দিয়েছেন, তাতে তো আপনার এ-কাজ করার দরকার পড়ে না। তারপরও এ-কাজ করার কারণ কী?” তিনি বলেন, “আমি অহংকার দমন করতে চাই। আমি আল্লাহর রাসূল -কে বলতে শুনেছি—
لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ فِي قَلْبِهِ خَرْدَلَةٌ مِنْ كِبْرٍ
“যার অন্তরে সরিষা-পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না।”’
তাবারানি, কাবীর ১৪/৩০৮ (১৪৯৪৬), ইসনাদটি হাসান (হাইসামি); বুখারি, তারীখ ১/২১৪ (৬৭৩); হাকিম ৩/৪১৬ (৫৭৫৭); বাইহাকি, শুআব ৬/২৯১-২৯২ (৮১৯৯); ইবনু আসাকির ২৯/১৩২ (৫৯৯৪), ২৯/১৩২-১৩৩ (৫৯৯৫); মাকদিসি ৯/৪৫২-৪৫৩ (৪২৪); আত-তারগীব ৩/৫৬৬ (২৯); মাজমাউয যাওয়াইদ ১/৯৯ (৩৬২)।
**টিকাঃ**
১. “মূলোৎপাটন” (ইবনু আসাকির ২৯/১৩২ (৫৯৯৪))।
২. مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ “সরিষার দানা পরিমাণ” (হাকিম ৩/৪১৬ (৫৭৫৭))।
৫. مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ كِبْرٍ فَحَرَامٌ عَلَيْهِ رَائِحَةُ الْجَنَّةِ “যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকবে, তার জন্য জান্নাতের ঘ্রাণ হারাম।” (বুখারি, তারীখ ১/২১৪ (৬৭৩))।