📄 হিজরত করার পর আবার বেদুইন-জীবনে ফিরে যাওয়া
[৩৯০.] আবূ হুরায়রা বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন
الْكَبَائِرُ أَوَّلُهُنَّ الْإِشْرَاكُ بِاللهِ، وَقَتْلُ النَّفْسِ بِغَيْرِ حَقَّهَا، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَفِرَارُ يَوْمَ الزَّحْفِ، وَرَمْيُ الْمُحْصَنَاتِ، وَالانْتِقَالُ إِلَى الْأَعْرَابِ بَعْدَ هِجْرَتِهِ
"বড়ো বড়ো গোনাহগুলোর মধ্যে [১]
> প্রথমটি হলো আল্লাহর সঙ্গে শির্ক করা, (তারপর)
> অন্যায়ভাবে মানুষ হত্যা করা [২],
> সুদ খাওয়া,
> ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা,
> জিহাদের সময় পালিয়ে যাওয়া,
> সচ্চরিত্রের নারীদের অপবাদ দেওয়া, ও
> হিজরত করার পর আবার বেদুইন জীবনে ফিরে যাওয়া।"
বাযযার (কাশফ) ১/৭২ (১০৯), বর্ণনাসূত্রে উমর ইবনু আবী সালামা আছেন, শু'বা ও অন্যদের মতে তিনি 'ত্রুটিযুক্ত' আর আবু হাতিম, ইবনু হিব্বান ও অন্যদের মতে 'বিশ্বস্ত' (হাইসামি), ইসনাদটি হাসান (দারানি); তাবারানি, কাবীর ৬/১০৩ (৫৬৩৬); তাবারানি, আওসাত ৪/২০০ (৫৭০৯); কানযুল উম্মাল ৩/৫৪১ (৭৮০৫), ৩/৫৪৩ (৭৮১১); মাজমাউয যাওয়াইদ ১/১০৩ (৩৮৫), ১/১০৩ (৩৮৮), ১/১০৪ (৩৯৩)।
টিকাঃ
[১] الْكَبَائِرُ سَبْعُ “বড়ো বড়ো গোনাহ সাতটি” (তাবারানি, আওসাত ৪/২০০ (৫৭০৯))।
[২] الَّتِي حَرَّمَ اللَّهُ “যা আল্লাহ হারাম করেছেন” (তাবারানি, আওসাত ৪/২০০ (৫৭০৯))।
📄 বংশক্ষমতা ব্যবহার করে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা
[৩৯১.] আনাস ইবনু মালিক বলেন, 'আল্লাহর রাসূল বলেছেন-
عَبْدُ لَا يُطْفَأُ نَارُهُ ، وَلَا تَمُوْتُ دِيْدَانُهُ، وَلَا يُخَفَّفُ عَذَابُهُ : الَّذِي يُشْرِكُ بِاللَّهِ، وَرَجُلٌ جَرَّ رَجُلًا إِلَى سُلْطَانٍ بِغَيْرِ ذَنْبٍ فَقَتَلَهُ، وَرَجُلٌ عَقَّ وَالِدَيْهِ
"সেই বান্দার
> আগুন নেভানো হবে না,
> তার (দেহের ওপর লেলিয়ে-দেওয়া) পোকামাকড় মারা যাবে না, আর
> তার শাস্তি কমানো হবে না,
যে
> আল্লাহর সঙ্গে শির্ক করে,
> রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, আর
> পিতামাতার অবাধ্য হয়।”'
তাবারানি, আওসাত ৪/২৮২ (৫৯৯৩), বর্ণনাসূত্রের আলা ইবনু সিনানকে ইমাম আহমাদ 'ত্রুটিযুক্ত' আখ্যায়িত করেছেন (হাইসামি); কানযুল উম্মাল ১৬/৪৩ (৪৩৮৫২); মাজমাউয যাওয়াইদ ১/১০৫ (৩৯৭)।
📄 ব্যভিচারে লিপ্ত হওয়া, চুরি করা
[৩৯২.] সালামা ইবনু কাইস বলেন, 'বিদায় হজের সময় আল্লাহর রাসূল বলেছেন-أَلَا إِنَّمَا هي أربع "মনে রাখবে, সেসব (বড়ো বড়ো গোনাহ) হলো চারটি।”
(সালামা বলেন,) আল্লাহর রাসূল -এর কাছ থেকে এগুলো শোনার দিন যতটা আগ্রহভরে এগুলো সংরক্ষণ করে রেখেছিলাম, আজও সে আগ্রহে একটুও ভাটা পড়েনি। (নবি বলেছিলেন-)
لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ، وَلَا تَزْنُوْا، وَلَا تَسْرِقُوا
» "আল্লাহর সঙ্গে কোনও শির্ক করো না,
» যে-প্রাণকে আল্লাহ সম্মান দিয়েছেন, অন্যায়ভাবে তা হত্যা করো না,
» ব্যভিচার করো না, আর
» চুরি করো না।"'
তাবারানি, কাবীর ৭/৩১ (৬৩১৭), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/১০৪ (৩৯১)।
📄 মদপান করা
[৩৯৩.] আমর ইবনু শুআইব তার পিতার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করেছেন, 'আল্লাহর রাসূল তাঁর সাহাবিদের বলেছেন-
أُبَايِعُكُمْ عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللهِ شَيْئًا، وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَلَا تَزْنُوْا، وَلَا تَسْرِقُوْا، وَلَا تَشْرَبُوا، فَمَنْ فَعَلَ شَيْئًا مِنْ ذَلِكَ فَأُقِيمَ عَلَيْهِ حَدُّهُ فَهُوَ كَفَّارَةٌ، وَمَنْ سَتَرَ اللَّهُ عَلَيْهِ فَحِسَابُهُ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، وَمَنْ لَمْ يَفْعَلْ شَيْئًا مِنْ ذَلِكَ ضَمِنْتُ لَهُ الْجَنَّةَ
"আমি তোমাদের কাছ থেকে এ-মর্মে শপথ নিচ্ছি যে-তোমরা
» আল্লাহর সঙ্গে কোনও শির্ক করবে না,
» আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, অন্যায়ভাবে তাকে হত্যা করবে না,
» ব্যভিচার করবে না,
» চুরি করবে না, এবং
» মদপান করবে না। [৫]
যে-ব্যক্তি এগুলোর কোনও একটি করে, আর তার ওপর হদ (শারীআ'র নির্ধারিত শাস্তি) কার্যকর করা হয়, তা হলে সেটি হবে কাফফারা-স্বরূপ। আর আল্লাহ যার অপরাধ গোপন রাখবেন, তার হিসাব নেওয়ার দায়িত্ব মহান আল্লাহর ওপর। আর যে এগুলোর কোনও একটিও করবে না, আমি তার জান্নাতের দায়িত্ব নেব।"'
তাবারানি, আওসাত ১/২৬৭ (৯২৩), ইসনাদটি হাসান (দারানি); ইবনু আদি ৬/২২০০-২২০১; মাজমাউয যাওয়াইদ ১/১০৪-১০৫ (৩৯৬)।
টিকাঃ
[৫] وَلَا تَشْرَبُوْا مُسْكِرًا "নেশাজাতীয় দ্রব্য পান করবে না” (তাবারানি'র আওসাত-এর বরাতে মাজমাউয যাওয়াইদ ৩৯৬)।