📘 সবার ওপরে ঈমান > 📄 হাতিম তাই

📄 হাতিম তাই


[৩৭৩.] সাহল ইবনু সাদ সাইদি বলেন, 'আদি ইবনু হাতিম আল্লাহর রাসূল-এর কাছে এসে বলেন, "আল্লাহর রাসূল! আমার পিতা নিকটাত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন, অসহায় লোকদের বোঝা কাঁধে তুলে নিতেন, (মানুষকে) খাবার খাওয়াতেন [১]।” নবি বলেন, هَلْ أَدْرَكَ الْإِسْلَامَ "তিনি কি ইসলামের নাগাল পেয়েছিলেন?" আদি বলেন, “না।” নবি বলেন-

إِنَّ أَبَاكَ كَانَ يُحِبُّ أَنْ يُذْكَرَ فَذُكِرَ

"তোমার পিতা (লোকমুখে) আলোচিত হতে চেয়েছিলেন, ইতোমধ্যে তিনি আলোচিত হয়ে গিয়েছেন [২]।”

তাবারানি, কাবীর ৬/১৯৭ (৫৬৮৭), বর্ণনাসূত্রে রিশদীন ইবনু সাদ পরিত্যাজ্য (হাইসামি), ১৭/১০৪ (২৫০); আহমাদ ৪/২৫৮ (১৮২৬২, প্রথম অংশ), হাসান (আরনাউত); বাযযার (কাশফ) ১/৬৪ (৯২); কানযুল উম্মাল ৬/৪৫১ (১৬৪৯৫, ১৬৪৯৬), ১৪/৩৫ (৩৭৮৬৭); মাজমাউয যাওয়াইদ ১/১১৯ (৪৭৪, ৪৭৫, ৪৭৬)।

টিকাঃ
[১] "আর এই এই কাজ করতেন” (তাবারানি, কাবীর ১৭/১০৪ (২৫০))।
[২] إِنَّ أَبَاكَ أَرَادَ أَمْرًا، فَأَدْرَكَهُ "তোমার পিতা একটি জিনিস চেয়েছিলেন, আর তিনি তা পেয়ে গিয়েছেন।” অর্থাৎ তিনি আলোচিত হতে চেয়েছিলেন। (তাবারানি, কাবীর ১৭/১০৪ (২৫০)); ذَاكَ رَجُلٌ أَرَادَ أَمْرًا فَأَدْرَكَهُ "তিনি এমন এক ব্যক্তি, যিনি যা চেয়েছিলেন তা পেয়ে গিয়েছেন।” (বাযযার (কাশফ) ১/৬৪ (৯২))।

📘 সবার ওপরে ঈমান > 📄 আমির দব্বি

📄 আমির দব্বি


[৩৭৪.] সালমান ইবনু আমির দব্বি বলেন, 'আমি নবি -এর কাছে এসে বলি, "আল্লাহর রাসূল! আমার পিতা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, মেহমানদের আপ্যায়ন করতেন, এবং কোনোকিছুর দায়িত্ব পেলে তা সুন্দরভাবে পালন করতেন।” নবি বলেন, وَلَمْ يُدْرِكِ الْإِسْلَامَ "তবে তিনি ইসলামের (যুগ) নাগাল পাননি [১]?” তিনি বলেন, “না।” আমি ফেরার জন্য রওয়ানা হলে, তিনি বলেন عَلَيَّ بِالشَّيْخِ "বয়স্ক লোকটিকে ডাকো।” (এরপর) তিনি বলেন-

يَكُوْنُ ذَلِكَ فِي عَقِبِكَ، فَلَنْ يَذِلُّوا أَبَدًا، وَلَنْ يَفْقُرُوْا أَبَدًا

"তিনি তোমার পেছনে থাকবেন, ফলে তারা কখনও অপদস্থ হবে না, নিঃস্বও হবে না।"

তাবারানি, কাবীর ৬/২৭৬ (৬২১৩), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি), ইসনাদটি হাসান (দারানি); বুখারি, তারীখ ৪/১৩৬; মাজমাউয যাওয়াইদ ১/১১৯ (৪৭৭)।

টিকাঃ
[১] "তিনি ইসলামের (যুগ শুরু হওয়ার) আগে মারা গিয়েছেন।” (বুখারি, তারীখ ৪/১৩৬)।

📘 সবার ওপরে ঈমান > 📄 কবি ইমরুউল কাইস

📄 কবি ইমরুউল কাইস


[৩৭৫.] সাঈদ ইবনু ফারওয়া ইবনি আফীফ ইবনি মা'দীকারিব তার পিতার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমরা আল্লাহর রাসূল-এর কাছে ছিলাম। এমন সময় ইয়ামান থেকে একটি প্রতিনিধিদল এসে (কবি) ইমরাউল কাইস ইবনু হুজর কিনদি'র কথা আলোচনা করে। একপর্যায়ে তারা তার কবিতার দুটি পঙ্ক্তি উল্লেখ করে, যেখানে আরবের সারি জলাধারের উল্লেখ ছিল। তখন আল্লাহর রাসূল বলেন-

ذَاكَ رَجُلٌ مَذْكُورٌ فِي الدُّنْيَا، مَنْسِي فِي الْآخِرَةِ، شَرِيفٌ فِي الدُّنْيَا، خَامِلٌ فِي الْآخِرَةِ، يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ مَعَهُ لِوَاءُ الشُّعَرَاءِ يَقُوْدُهُمْ إِلَى النَّارِ

"সে এমন এক লোক-যে দুনিয়ায় আলোচিত, কিন্তু পরকালে বিস্মৃত, দুনিয়ায় সম্মানিত, তবে পরকালে গুরুত্বহীন; সে কিয়ামাতের দিন কবিদের পতাকা নিয়ে হাজির হবে, (আর) তাদের নেতৃত্ব দিয়ে জাহান্নামে নিয়ে যাবে।”'

তাবারানি, কাবীর ১৮/১০০ (১৮০), সাঈদ ইবনু ফারওয়া ইবনি আফীফ ইবনি মা'দীকারিবের আলোচনা করতে কাউকে দেখিনি (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/১১৯ (৪৭৮)।

📘 সবার ওপরে ঈমান > 📄 হিশাম ইবনুল মুগীরা

📄 হিশাম ইবনুল মুগীরা


[৩৭৬.] মুজাহিদ থেকে বর্ণিত, 'উম্মু সালামা বলেন, "আল্লাহর রাসূল! হিশাম ইবনুল মুগীরা খাবার খাওয়াত, মেহমানদের আপ্যায়ন করত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত [১], এবং বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করত [২]। সে আপনাকে পেলে ইসলাম গ্রহণ করত। সে কি এসব কাজের কোনও বিনিময় পাবে?" নবি বলেন-

إِنَّهُ عَمَّكَ كَانَ يُعْطِي لِلدُّنْيَا وَذِكْرِهَا وَجَمَالِهَا ، وَمَا قَالَ يَوْمًا قَطُّ اغْفِرْ لِيْ يَوْمَ الدِّيْنِ

“দুনিয়ার সৌন্দর্যবোধ [৩], দুনিয়ার জীবনে স্মরণীয় হয়ে থাকা [২]—এসব দুনিয়াদারির উদ্দেশে তোমার চাচা দানখয়রাত করত। তাছাড়া, সে কোনোদিনও বলেনি—‘বিচারের দিন তুমি আমাকে মাফ করে দিয়ো [৪]।’"

তাবারানি, কাবীর ২৩/৩৯১ (৯৩২), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি), ইসনাদটি সহীহ (দারানি); আবূ ইয়া'লা ১২/৪০১-৪০২ (৬৯৬৫); আল-মাতালিব ৩/৫২ (২৮৫৪); মাজমাউয যাওয়াইদ ১/১১৮ (৪৭২)।

টিকাঃ
[১] لَا "না।” (আবূ ইয়া'লা ১২/৪০১-৪০২ (৬৯৬৫))।
[২] আরেকটি অনুবাদ হতে পারে, 'সে বন্দিদের মুক্ত করে দিত' (আল-মাতালিব ৩/৫২ (২৮৫৪) ।
[৩] ابْنُ عَمَّكٍ “তোমার চাচাতো ভাই" (আসকালানি, মাতালিব ৩/৫২ (২৮৫৪))।
[৪] رَبِّ "রব আমার!” (আবূ ইয়া'লা ১২/৪০১-৪০২ (৬৯৬৫))।
[২] حَدِيْفًا "দুনিয়ার জীবনে প্রশংসা লাভ করা” (আবূ ইয়া'লা ১২/৪০১-৪০২ (৬৯৬৫))।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00