📄 মহাবিশ্বের বিশালতা
[৩৫৩.] আবূ হুরায়রা বলেন, 'আমরা আল্লাহর রাসূল-এর কাছে থাকাকালে, একখণ্ড মেঘ [১] অতিক্রম করে যায়। নবি বলেন, أَتَدْرُوْنَ مَا هَذِهِ؟ "জানো, এটা কী?” আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।” তিনি বলেন-
الْعَنَانُ، وَرَوَايَا الْأَرْضِ، يَسُوقُهُ اللهُ إِلَى مَنْ لَا يَشْكُرُهُ مِنْ عِبَادِهِ وَلَا يَدْعُونَهُ، أَتَدْرُونَ مَا هَذِهِ فَوْقَكُمْ؟
"মেঘমালা-জমিনে বর্ষণের জন্য পানির ভান্ডার; আল্লাহ একে সেসব বান্দার উদ্দেশে নিয়ে যাচ্ছেন, যারা তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, তাঁকে ডাকে না। জানো, তোমাদের ওপর এটা কী?"
আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।” তিনি বলেন-
الرَّقِيعُ، مَوْجُ مَكْفُوفُ، وَسَقْفُ مَحْفُوظٌ، أَتَدْرُونَ كَمْ بَيْنَكُمْ وَبَيْنَهَا؟
"আকাশ-সুরক্ষিত তরঙ্গ ও নিরাপদ ছাদ। তোমরা কি জানো, তোমাদের ও এর মধ্যে ব্যবধান কতটুকু? [১]"
আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তিনি বলেন-
مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ أَتَدْرُونَ مَا الَّتِي فَوْقَهَا؟ سَمَاءُ أُخْرَى أَتَدْرُونَ كَمْ بَيْنَكُمْ وَبَيْنَهَا؟
"পাঁচশ বছরের পথ। এর ওপর কী আছে, জানো?" আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তিনি বলেন-
مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ أَتَدْرُونَ مَا فَوْقَ ذَلِكَ الْعَرْشُ أَتَدْرُونَ كَمْ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ السَّابِعَةِ؟
"পাঁচশ বছরের পথ।" এভাবে তিনি গুনে গুনে সাত আকাশের কথা উল্লেখ করে বলেন-
"তার ওপর কী আছে জানো?" আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তিনি বলেন-
"আরশ। এর ও সপ্তম আকাশের মধ্যে ব্যবধান কতটুকু, জানো?" আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তিনি বলেন-
"পাঁচশ বছরের পথ।" এরপর তিনি বলেন-
مَسِيرَةُ خَمْسِمِائَةِ عَامٍ أَتَدْرُونَ مَا هَذِهِ تَحْتَكُمْ؟ أَرْضُ، أَتَدْرُونَ مَا تَحْتَهَا؟
"তোমাদের নিচে কী আছে, জানো?" আমরা বলি, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তিনি বলেন-
"জমিন। এর নিচে কী আছে, জানো?" আমরা বলি, “আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তিনি বলেন-
أَرْضُ أُخْرَى، أَتَدْرُونَ كَمْ بَيْنَهُمَا؟
"আরেক জমিন। তোমরা কি জানো, দুটির মাঝখানে ব্যবধান কত?”
আমরা বলি, “আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।” তিনি বলেন-
"পাঁচশ বছরের পথ।" مَسِيرَةُ خَمْسٍ مِائَةِ عَامٍ
এভাবে তিনি গুনে গুনে সাত জমিনের কথা উল্লেখ করে বলেন-
وَايْمُ اللَّهِ، لَوْ دَلَّيْتُمْ أَحَدَكُمْ بِحَبْلٍ إِلَى الْأَرْضِ السُّفْلَى السَّابِعَةِ لَهَبَطَ
"শপথ আল্লাহর! যদি তোমাদের কাউকে একটি রশি দিয়ে সপ্তম জমিনের উদ্দেশে নামিয়ে দাও, সে গিয়ে পড়বে [১]"
এ-কথা বলার পর তিনি পাঠ করেন-
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
"তিনি প্রথম ও শেষ, প্রকাশ্য ও গোপন; তিনি সব বিষয়ে জ্ঞানী।"'
আহমাদ ২/৩৭০ (৮৮২৮), বর্ণনাসূত্রটি ত্রুটিযুক্ত (আরনাউত); তিরমিযি ৩২৯৮; কানযুল উম্মাল ৬/১৪৮-১৪৯ (৫১৯০); মাজমাউয যাওয়াইদ ১/৮৫-৮৬ (২৮৫)।
[৩৫৪.] ইবনু মাসউদ বলেন, 'নিকটতম আকাশ ও তার পরবর্তী আকাশের মাঝখানে ব্যবধান পাঁচশ বছরের পথ; প্রতি (দু) আকাশের মাঝখানে ব্যবধান পাঁচশ বছরের পথ; সপ্তম আকাশ ও কুরসির মাঝখানে ব্যবধান পাঁচশ বছরের পথ; কুরসি ও পানির মাঝখানে ব্যবধান পাঁচশ বছরের পথ; আরশ পানির ওপরে; আর আল্লাহ আরশের ওপরে; তিনি তোমাদের সকল বিষয়ের জ্ঞান রাখেন।'
তাবারানি, কাবীর ১/২২৮ (৮৯৮৭), এর বর্ণনাকারীগণ বুখারি ও মুসলিমেও হাদীস বর্ণনা করেছেন (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/৮৬ (২৮৬)।
টিকাঃ
[১] 'তাদের ওপর দিয়ে' (তিরমিযি ৩২৯৮)।
[১] مَا بَيْنَهُمَا “উভয়ের মাঝখানে” (তিরমিযি ৩২৯৮)।
[১] عَلَى اللَّهِ “আল্লাহর ওপর” (তিরমিযি ৩২৯৮)।