📘 সবার ওপরে ঈমান > 📄 হামদানের জনতার উদ্দেশে

📄 হামদানের জনতার উদ্দেশে


[১৭৬.] উমাইর (যু মাররান হামদানি) বলেন, 'আমাদের কাছে আল্লাহর রাসূল ﷺ-এর এ ফরমানটি এসে পৌঁছয়:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرٍ ذِي مَرَّانٍ وَمَنْ أَسْلَمَ مِنْ هَمْدَانَ، سَلامُ عَلَيْكُمْ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكُمُ اللهَ الَّذِي لا إلهَ إِلا هُوَ، أَمَّا بَعْدُ، فَإِنَّنَا بَلَغَنَا إِسْلَامُكُمْ مَقْدَمَنَا مِنْ أَرْضِ الرُّومِ، فَأَبْشِرُوا، فَإِنَّ اللهَ تَعَالَى قَدْ هَدَاكُمْ بِهِدَايَتِهِ، وَإِنَّكُمْ إِذَا شَهِدْتُمْ أَنْ لا إِلهَ إلا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَأَقَمْتُمُ الصَّلاةَ وَأَعْطَيْتُمُ الزَّكَاةَ، فَإِنَّ لَكُمْ ذِمَّةً اللهِ وَذِمَّةَ رَسُولِهِ ، عَلَى دِمَائِكُمْ وَأَمْوَالِكُمْ، وَعَلَى أَرْضِ الْقَوْمِ الَّذِينَ أَسْلَمْتُمْ عَلَيْهَا، سَهْلِهَا وَجِبَالِهَا، غَيْرَ مَظْلُومِينَ وَلا مُضَيَّقٌ عَلَيْهِمْ، وَإِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلا لأَهْلِ بَيْتِهِ، وَإِنَّ مَالِكَ بْنَ مِرَارَةً الرَّهَاوِي قَدْ حَفِظَ الْغَيْبَ، وَأَدَّى الأَمَانَةَ، وَبَلَغَ الرِّسَالَةَ، فَآمُرُكَ بِهِ خَيْرًا فَإِنَّهُ مَنْظُورُ إِلَيْهِ قَوْمُهُ ، وَلْيُحَبِّبَكُمْ رَبُّكُمْ
"করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদ ﷺ-এর পক্ষ থেকে উমাইর যু মাত্রান ও হামদান এলাকার ইসলাম-গ্রহণকারী লোকদের প্রতি। তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক! আমি তোমাদের কাছে আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া আর কোনও ইলাহ্ নেই। এবার মূলকথায় আসি। আমরা জানতে পেরেছি-আমরা রোমানদের এলাকা থেকে আসার পর তোমরা ইসলাম গ্রহণ করেছ। সুসংবাদ তোমাদের! কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে তাঁর পথের দিশা দিয়েছেন। তোমরা যদি
» এ মর্মে সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই আর মুহাম্মাদ আল্লাহর বার্তাবাহক,
» নামাজ কায়েম রাখো, এবং
» যাকাত দাও,
তা হলে তোমরা আল্লাহর নিরাপত্তা ও তাঁর রাসূলের নিরাপত্তা পাওয়ার অধিকারী হবে; এ সুরক্ষা প্রযোজ্য হবে তোমাদের নিজেদের জানমাল ও সেসব লোকের এলাকার ক্ষেত্রে, যাদের পক্ষ থেকে তোমরা আত্মসমর্পণ করেছ; সেখানকার সমতল ও পাহাড়ি সব এলাকার ক্ষেত্রেই এ নিরাপত্তা প্রযোজ্য; তাদের ওপর কোনও ধরনের জুলুম করা হবে না; তাদের ওপর সংকীর্ণতা আরোপ করা হবে না।
মনে রাখবে-মুহাম্মাদ ও তাঁর ঘরের সদস্যদের জন্য যাকাত-গ্রহণ বৈধ নয়। মালিক ইবনু মিরারা রাহাবি (যুদ্ধের) গোপনীয়তা রক্ষা করেছে, বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং বার্তা পৌঁছে দিয়েছে। তাই, তোমার প্রতি আমার নির্দেশ-তার সঙ্গে উত্তম আচরণ করবে, কারণ তার গোত্রের লোকদের দৃষ্টি (এখন) তার ওপর নিবদ্ধ। তোমাদের রব তোমাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিন!"'
তাবারানি, কাবীর ১৭/৫০ (১০৭) বর্ণনাকারীদের সমালোচনা ও নির্ভরযোগ্যতা নিয়ে কারও কোনও মন্তব্য দেখা যায়নি (হাইসামি); উসদুল গবাহ ৪/২৯৭; আল-ইসাবা ৭/২৮৮, ১/৬৯; মাজমাউয যাওয়াইদ ১/৩০ (৭১)।

📘 সবার ওপরে ঈমান > 📄 ‘ফুল্লাইহিম’ আমির ও তার অনুসারীদের প্রতি

📄 ‘ফুল্লাইহিম’ আমির ও তার অনুসারীদের প্রতি


[১৭৭.] আবূ নুআইম বলেন, 'আবদুল মালিক ইবনু আতা আল-আমিরি আল-বাক্বাঈ আমাদের সামনে একটি চিঠি বের করেন, যা নবি ﷺ তাদের কাছে পাঠিয়েছিলেন। তিনি সেটি পাঠ করে না শুনিয়ে আমাদের বলেন, “এটা লিখো।" তার দাবি-ফুজাইয়ি'-এর মেয়ের ঘরের নাতি এ চিঠিটি তার কাছে বর্ণনা করেছেন। (তাতে লেখা ছিল:)
هَذَا كِتَابٌ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْفُجَيِّعِ وَمَنْ تَبِعَهُ وَمَنْ أَسْلَمَ، وَأَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَأَطَاعَ اللهَ وَرَسُولَهُ، وَأَعْطَى مِنَ الْمَغْنَمِ خُمُسَ اللَّهِ، وَنَصَرَ نَبِيَّ اللَّهِ، وَأَشْهَدَ عَلَى إِسْلَامِهِ، وَفَارَقَ الْمُشْرِكِينَ، فَإِنَّهُ آمِنُ بِأَمَانِ اللهِ عَزَّ وَجَلَّ، وَمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
“এটি আল্লাহর বার্তাবাহক ও নবি মুহাম্মাদ ﷺ-এর পক্ষ থেকে একটি ফরমান, যা পাঠানো হলো ফুজাইয়ি', তার অনুসারী ও সেসব লোকের উদ্দেশে যারা
> ইসলাম গ্রহণ করে,
> নামাজ কায়েম রাখে,
> যাকাত আদায় করে,
> আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে,
> যুদ্ধলব্ধ সম্পদের পাঁচভাগের একভাগ (রাষ্ট্রীয় তহবিলে) জমা দেয়,
> আল্লাহর নবিকে সাহায্য করে,
> নিজের ইসলামের ব্যাপারে স্পষ্ট সাক্ষ্য দেয়, এবং
> মুশরিকদের পরিত্যাগ করে।
যে-ব্যক্তি এসব শর্ত পূরণ করবে, সে আল্লাহ ও মুহাম্মাদ ﷺ-এর দেওয়া নিরাপত্তা লাভের অধিকারী।"'
তাবারানি, কাবীর ১৮/৩২১ (৮৩০), ইসনাদটিতে ইনকিতা' (নিরবচ্ছিন্নতার ঘাটতি) আছে (হাইসামি); উসদুল গবাহ্ ৪/৩৫০; মাজমাউয যাওয়াঈদ ১/৩০ (৭২)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00