📄 ফাতিমা ও আব্বাস (রাঃ)-এর প্রতি নবি ﷺ-এর নির্দেশ
[১৪৬.] হুযাইফা বলেন, 'আমি নবি-এর কাছে এসে দেখি-তাঁর ডানে আব্বাস বসে আছেন, আর বামে ফাতিমা। তখন তিনি বলেন-
يَا فَاطِمَةُ بِنْتَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْمَلِي لِلَّهِ خَيْرًا إِنِّي لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا يَوْمَ الْقِيَامَةَ
"আল্লাহর রাসূল-এর মেয়ে ফাতিমা! আল্লাহর উদ্দেশে ভালো কিছু করো; আমি কিন্তু কিয়ামাতের দিন আল্লাহর মোকাবিলায় তোমার কোনও উপকারে আসব না।"
এ-কথাটি তিনি তিনবার বলেন। তারপর তিনবার বলেন-
يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ : يَا عَمَّ رَسُوْلِ اللهِ اعْمَلْ لِلَّهِ خَيْرًا إِنِّي لَا أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا يَوْمَ الْقِيَامَةَ
"আব্বাস ইবনু আব্দিল মুত্তালিব, আল্লাহর রাসূলের চাচা! আল্লাহর উদ্দেশে ভালো কিছু করুন; আমি কিন্তু কিয়ামাতের দিন আল্লাহর মোকাবিলায় আপনার কোনও উপকারে আসব না।"
তারপর বলেন-
يَا حُذَيْفَةُ أَدْنُ
"হুযাইফা! কাছে আসো।”
কাছে গেলে তিনি বলেন,
يَا حُذَيْفَةُ أَدْنُ
"হুযাইফা! (আরও) কাছে আসো।”
(আরও) কাছে যাওয়ার পর তিনি বলেন-
يَا حُذَيْفَةُ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنِّي رَسُولُ اللهِ وَآمَنَ بِمَا جِئْتُ بِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ وَوَجَبَتْ لَهُ الْجَنَّةَ
"হুযাইফা! যে-ব্যক্তি
> সাক্ষ্য দেয়-আল্লাহ ছাড়া ইবাদাত-লাভের-যোগ্য আর কেউ নেই আর আমি আল্লাহর রাসূল, এবং
> আমি যা-কিছু নিয়ে এসেছি তাকে সত্য বলে মেনে নেয়,
আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন, আর জান্নাত তার জন্য অনিবার্য হয়ে ওঠবে।"
আমি বলি, “আল্লাহর রাসূল! এটা গোপন রাখব, নাকি প্রকাশ করে দেবো।”
নবি ﷺ বলেন, أَعْلِنْهُ "প্রকাশ করে দাও।"'
বাযযার (কাশফ) ১/২৪ (২৮); কানযুল উম্মাল ১৬/১৯ (৪৩৭৫৩); মাজমাউয যাওয়াইদ ১/৪১-৫০ (১৪৮)।