📄 মনগড়া ইলাহদের অসারতা
[৩৫.] মুজাহিদ থেকে বর্ণিত, 'আমার অভিভাবক (সাইব ইবনু আবিস সাইব) আমাকে বলেছেন, "আমার পরিবারের লোকজন আমাকে একপাত্র দুধ ও মাখন দিয়ে তাদের দেবতাদের উদ্দেশ্যে পাঠালে, আমি সেগুলো নিয়ে যাই। সেখান থেকে কিছু খেতে আমার ভয় হয়, তাই সেগুলো রেখে দিই। এমন সময় এক কুকুর এসে দুধ পান করে, মাখন খেয়ে ফেলে, আর মূর্তির ওপর প্রস্রাব করে দেয়।"'
তাবারানি, কাবীর ৭/১৩৯ (৬৬১৭), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি); দারিমি ৩ (প্রথম অংশ); মাজমাউয যাওয়াইদ ১/১১৫ (৪৫৭)।
[৩৬.] মুজাহিদ থেকে বর্ণিত, তার অভিভাবক (সাইব ইবনু আবিস সাইব) তাকে বলেছেন যে, জাহিলি যুগে কা'বা নির্মাণকারীদের একজন ছিলেন তিনি। তিনি বলেন, 'আমার একটি পাথর ছিল, যেটিকে আমি নিজের হাতে খোদাই করে বিশেষ আকৃতি দিয়েছিলাম। মহামহিম আল্লাহকে বাদ দিয়ে আমি সেটির ইবাদাত করতাম। আমার খুবই প্রিয় দই এনে সেটির ওপর ঢেলে দিতাম। পরে কুকুর এসে তা চেটে খেয়ে নিত, তারপর পেছনের পা উঁচিয়ে প্রস্রাব করে দিত। কা'বা নির্মাণ করতে করতে আমরা হাজরে আসওয়াদের কাছে পৌঁছে যাই। প্রথমে সেটি কারও নজরে পড়েনি। পরে দেখা গেল, সেটি আমাদের (অন্যান্য) পাথরের মাঝখানে পড়ে রয়েছে, অনেকটা মানুষের মাথার মতো, তাতে মানুষের চেহারাও দেখা যায়। তখন কুরাইশদের একটি গোত্র বলে ওঠে, "এটি আমরা স্থাপন করব।” অন্যরা বলল, "আমরা এটি স্থাপন করব।" পরিশেষে তারা বলে, "তোমরা একজন সালিশ নিয়োগ করো।” এরা বলে, "এ-পথ দিয়ে প্রথম যে আসবে, সে-ই সালিশ।” কিছুক্ষণ পর নবি ﷺ এলে তারা বলে, "তোমাদের কাছে আল-আমীন (বিশ্বস্ত ব্যক্তি) চলে এসেছে!" তারা নবি ﷺ-কে (বিষয়টি) জানালে, তিনি হাজরে আসওয়াদকে একটি কাপড়ে রেখে তাদের গোত্রগুলোকে ডাকেন। তারা এসে নবি ﷺ-এর সঙ্গে কাপড়ের বিভিন্ন প্রান্ত ধরে। এরপর নবি ﷺ সেটি (যথাস্থানে) স্থাপন করেন।'
আহমাদ ৩/৪২৫ (১৫৫০৪), ইসনাদটি সহীহ (আরনাউত); মাজমাউয যাওয়াইদ ১/১১৫ (৪৫৮)।
টিকাঃ
[১] "দেবতাদের ভয়ে আমি সেখান থেকে কিছু খাইনি” (দাবিনি ৩)।
[২] "সেটি ছিল ইসাফ ও নাইলা'র মূর্তি” (দারিমি ৩)।