📄 প্রশ্নের মুখোমুখি হলে ঈমানের ব্যাপারে নিঃসংশয় থাকা চাই
[২৬.] আবদুল্লাহ ইবনু যাইদ আনসারি রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন-
إِذَا سُئِلَ أَحَدُكُمْ : أَمُؤْمِنُ ؟ فَلَا يَشُلَّ
"তোমাদের কাউকে যখন জিজ্ঞেস করা হয়, 'আপনি কি মুমিন?', তখন সে যেন (তার ঈমানের ব্যাপারে) কোনও সংশয়ে না ভোগে।"
তাবাবানি, কাবীর, অনাবিষ্কৃত খণ্ড, সূত্র: মাজমাউয যাওয়াইদ ১৭৩; নাসাঈ ও আবূ হাতিমের মতে বর্ণনাকারী আহমাদ ইবনু বাদীল 'বিশ্বস্ত', অন্যদের মতে দুর্বল (হাইসামি); হিল্ইয়া ৭/২৩৮; মাজমাউয যাওয়াইদ ১/৫৫ (১৭৩)।
📄 প্রশ্নের মুখোমুখি না হলে নিজেকে ‘মুমিন’ বলে পরিচয় দেওয়া অনুচিত
[২৭.] আলকামা বলেন, 'একব্যক্তি আবদুল্লাহ (ইবনু মাসঊদ) রা.-এর কাছে বলে, "আমি মুমিন।” তখন আবদুল্লাহ রা. বলেন, "(ঈমানের ব্যাপারে এত নিশ্চিত হলে, এটাও) বলে দাও-'আমি জান্নাতী'! কিন্তু আমরা (এভাবে) বলি-'আমরা আল্লাহ, তাঁর ফেরেশতাবর্গ ও রাসূলগণের প্রতি ঈমান এনেছি'।"
তাবারানি, কাবীর ৯/১৭৩ (৮৭৯২), বর্ণনাকারীগণ বিশ্বস্ত (হাইসামি); মাজমাউয যাওয়াইদ ১/৫৫ (১৭৪)।
📄 ফেরেশতাদের ঈমানের সঙ্গে নিজের ঈমানের তুলনা করা অনুচিত
[২৮.] আয়িশা রা. বলেন, 'আল্লাহর রাসূল ﷺ (কখনও) এমন কথা বলতেন না যে, অমুক ব্যক্তি জিবরীল ও মীকাঈল -এর ঈমানের ওপর প্রতিষ্ঠিত।'
তাবারানি, আওসাত ৫/৪৬ (৬৫৩৮), বর্ণনাসূত্রের হাসান ইবনু আবী জাফর পরিত্যাজ্য ও অপ্রামাণ্য (হাইসামি); তাবারি, তাহযীবুল আসার ২/৬৮১-৬৮২ (১০২৭); মাজমাউয যাওয়াইদ ১/৬৪ (২২৯)।
টিকাঃ
[১] 'আমার ঈমান জিবরীল ও মীকাইল-এর ঈমানের মতো' (তাবারি, তাহযীব ২/৬৮১-৬৮২ (১০২৭))|
📄 রাগ, সন্তুষ্টি ও ক্ষমতার ক্ষেত্রে ঈমানের দাবি
[২৯.] আনাস রা. থেকে বর্ণিত, 'আল্লাহর রাসূল ﷺ বলেছেন—
ثَلَاثُ مِنْ أَخْلَاقِ الْإِيْمَانِ : مَنْ إِذَا غَضِبَ لَمْ يُدْخِلْهُ غَضَبُهُ فِي بَاطِلٍ ، وَمَنْ إِذَا رَضِيَ لَمْ يُخْرِجْهُ رِضَاهُ مِنْ حَقٌّ ، وَمَنْ إِذَا قَدِرَ لَمْ يَتَعَاطَ مَا لَيْسَ لَهُ
“তিনটি বিষয় ঈমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত:
» রাগান্বিত হলে, তার রাগ তাকে অন্যায়ের সীমানায় প্রবেশ করায় না;
» সন্তুষ্ট হলে, তার সন্তুষ্টি তাকে সত্য থেকে বের করে দেয় না; আর
» ক্ষমতা পেলে, যা তার প্রাপ্য নয় তা সে নেয় না।”'
তাবারানি, সগীর ১৬৪, ইসনাদটি ভীষণ ত্রুটিযুক্ত (দারানি), মুসনাদুল ফিরদাউস ২/৮৭ (২৪৬৬); কানযুল উম্মাল ১৫/৮১১ (৪৩২২৫); মাজমাউয যাওয়াইদ ১/৫৮-৫৯ (১৯৮)।