📘 শিরকের বেড়াজালে উম্মত বেসামাল > 📄 জয়-জীতি ও জর্জিসের ডাইল, দূর করে না রোগ-বালা

📄 জয়-জীতি ও জর্জিসের ডাইল, দূর করে না রোগ-বালা


রোগ হলে গলায় মালা পরিয়ে দেয়া হয়। সুতা ও শেকড়ের তৈরি মালা। কেবল সুতা নয়। সুতার এক বা দেড় ইঞ্চি তফাতে গাছের কয়েকটি শেকড় বা চিকন ডাল গোছা করে বাঁধা থাকে। রোগীর গলায় পরিয়ে দেবার পর মালাটি বড় হতে থাকে। বড় হতে হতে এক সময় বেশ বড় হয়। তারপর এক শুভদিনে রোগটিও সেরে যায়! এ রোগের নাম সকলের জানা। এ রোগ আমাদের কাছে খুবই পরিচিত। জণ্ডিস। আজকাল এ রোগের প্রকোপ বেশি। কেউ কেউ এটাকে 'হলদে পালং' বলে থাকে। জণ্ডিস হলে চোখ, হাত প্রভৃতি হলদে বর্ণ হয়ে যায় বলে এ নামকরণ। অনেকের ধারণা হলদে পাখি জণ্ডিস রোগীকে খাওয়ালে এ রোগের উপশম হয়। বলা হয়, পাখির হলুদ বর্ণ দেহের মধ্যে রোগের কারণে সৃষ্ট হলুদ বর্ণকে নষ্ট করে দেয়। আবার অনেকে জণ্ডিস রোগীকে হলুদ কম খেতে দেয়। কারণ তাতে নাকি হলদে পালং বেড়ে যায়। জন্ডিস নামের এ রোগ হলে চোখের কর্ণিয়া হলুদ হয়ে যায়। প্রায় সময় শরীরে একটু করে জ্বর থাকে। খাবারে রুচি থাকে না। শরীর বেশ দুর্বল হয়ে পড়ে।
জণ্ডিস রোগের উৎপত্তি কিভাবে হয় বা কেন মানবদেহের রং হলদে হয়ে যায় তার ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানের মত হল- বিলিরুবিন নামক একটি রঞ্জক পদার্থের কারণে শরীরে হলুদ রং দেখা দেয়। কোন কারণে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং রোগীর দেহকে বিশেষ করে, চোখের সাদা অংশ, জিহ্বা, হাতের তালু প্রভৃতি হলুদ রঙের হয়ে যায়। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই যকৃত বা লিভারের গোলমাল থেকে জন্ডিস রোগের সৃষ্টি হয়। আর হেপাটাইটিস নামের এক প্রকার ভাইরাস এ গোলযোগের মূল হোতা। শরীরের যে পদার্থগুলো যকৃতের মধ্য দিয়ে অন্য অংশে যাতায়াত করে, যকৃতের গোলমালের দরুন তা পারে না। যকৃতে গিয়ে সেগুলো জমে যায়। এতেই হয় জন্ডিস। বারবার বদহজম, পেটের বিভিন্ন অসুখ, ব্যাকটেরিয়া ও ভাইরাস এবং নানা ওষুধের প্রতিক্রিয়া- এগুলো থেকেই লিভারের ক্ষতি সাধিত হয়। আর লিভারের গোলযোগ থেকেই হয় জন্ডিস। জন্ডিস ভালো করতে হলে নিয়ম করে ৩টি কাজ করতে হয়। কোনপ্রকার পরিশ্রম না করে কেবলই বিশ্রাম নিতে হবে। প্রচুর বিশুদ্ধ পানি পান করতে হবে। পানির সাথে গ্লুকোজ মিশিয়ে পান করলে খুব ভাল হয়। কারণ, এ রোগে শরীরে অনেক গ্লুকোজ দরকার হয়। এ ছাড়া ডাব বা আখের রস খেলেও উপকার হয়। আর ঠিক ঠিক মতো খেতে হবে পথ্য। তেল-চর্বি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে। কড়া ঝাল বা জ্বালের খাবারও খাওয়া অনুচিত। এটুকু একটানা কয়েকদিন মেনে চলতে পারলেই আল্লাহর ইচ্ছায় জন্ডিস সেরে যায়। কারণ, এতে স্বাভাবিক নিয়মেই দেহে এন্টিবডি তৈরি হয়ে যায় এবং লিভার ফাংশনে শৃঙ্খলা ফিরিয়ে আনে। এ জন্য তেমন ওষুধ কিংবা মালা নেয়ার দরকার নেই।
কিছু ভণ্ড কবিরাজ জণ্ডিসের চিকিৎসার নামে নানা কায়দায় এ হলুদ রংটাকে ব্যবহার করছে। স্বাভাবিক বিষয়টাকেই তারা অস্বাভাবিক করে তোলে। ওঝা বা কবিরাজ মশাইরা চালাকির আশ্রয় নেয়। আমগাছের ছাল বাটা রস এ কাজে ব্যবহার করে। আমগাছের এ রস তারা রোগীর হাতে মেখে দেয়, তারপর চুনগোলা পানিতে সেই রস মাখা হাত চুবাতে বলে। মুহূর্তে চুন মেশানো পানি হলুদ হয়ে যায়। আমগাছের রস চুনগোলা পানিতে মেশালেই সেই পানি হলুদ হয়ে যায়। আবার কখনো কখনো কবিরাজ মশাই তার নিজ হাতে আমের রস মেখে নেয়। তারপর সেই হাত রোগীর গায়ে বুলিয়ে চুন মেশানো পানিতে চুবিয়ে নেয় আর তাতে পানির রং হলুদ হয়ে যায়।
এভাবে তারা রোগীকে বুঝিয়ে দেন যে, তার শরীর থেকে সকল হলুদ রং বের হয়েছে এবং সে এখন সুস্থ হয়ে গেছে। আসলে এর দ্বারা রোগের কিছুই হয় না।
আমাদের গ্রাম বা প্রায় শহর এলাকায় কারো জন্ডিস হলেই একমাত্র চিকিৎসা হিসেবে গলায় মালা পরানো হয়। অধিকাংশ কবিরাজ মালা পরানোর মাধ্যমে জণ্ডিসের চিকিৎসা করে থাকে। এটা অনেকদিন ধরেই চলে আসছে। এ ক্ষেত্রে তারা এমন কিছু গাছের ডাল ব্যবহার করে যার মধ্যখানে মূলত ফাঁকা থাকে অর্থাৎ ডালের ভিতরে সার পদার্থ থাকে না। এরই সূত্র ধরে সাধারণত বামনহাটি, আপাং ও ভৃঙ্গরাজের চিকন ডাল দিয়ে মালা বানানো হয়। এর মধ্যে বামনহাটিই বেশি ব্যবহার হয়। এ গাছগুলোর ডাল পরীক্ষা করে দেখা গেছে, এতে যকৃতের রোগ কমে না। বামনহাটির শেকড়ে (ডাল নয়) জ্বর, কাশি, হাঁপানি ও গলগণ্ড রোগ সারে। জন্ডিস সারার কোন কারণ দেখা যায়নি। কবিরাজি চিকিৎসায় পিত্ত ঠাণ্ডা করে এমন গাছের পাতা বা ডালের রস খেতে বলা হয়। এর মধ্যে রয়েছে তুলসি, কাঁচা হলুদ, হরিতকি, কালোমেঘ ইত্যাদি। সুতরাং দেখা যাচ্ছে, বামনহাটি, আপাং বা ভৃঙ্গরাজের ডালে জন্ডিস সারতে পারে না। আর এ ডাল তো মালায় গাঁথা অবস্থায় শরীরের বাইরে থাকে। শরীরের ভেতরে গিয়ে সরাসরি কাজ করবার সুযোগ পায় না। তাই মালা ব্যবহারে রোগ সারবে কেন?
এ সব গাছের ডাল ছোট ছোট টুকরা করে তা সুতায় বেঁধে মালা তৈরি করে রোগীর মাথায় বেঁধে দেয়া হয় এবং বলা হয় যে, গলায় পরার পর মালাটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং রোগ শুষে নেয়। তাছাড়া, কথা থাকে যে, এ মালা মাথা থেকে যখন গলায় পড়ে যাবে তখন বুঝতে হবে যে, রোগ ভাল হয়ে গেছে। এ ব্যাপারে পরীক্ষা করে দেখা গেছে, মানুষের মাথায় বা গলায় না পরিয়ে এমনি যেকোন জায়গায় রাখলেও মালাটি বড় হয়েছে। অতএব জন্ডিস রোগ সারার জন্য যে মালা দেয়া হয় তা বাড়ে আপনাতেই। মালা বড় হয় রোগের জন্য নয়, অন্য কারণে। বামনহাটি, আপাং বা ভৃঙ্গরাজের ডাল কেটে ছোট ছোট টুকরো করা হয়। কয়েকটি টুকরো একসাথে কিছু দূর দূর গিট দিয়ে বাঁধা হয়। কাঁচা ডালগুলো টান টান সুতার বেড় দিয়ে বেঁধে মালা বানানো হয়। প্রথমে কাঁচা অবস্থায় ডালগুলো গায়ে গায়ে লেগে থাকে। কিন্তু যত দিন যায়, ততোই ডালগুলো শুকোতে থাকে আর সুতার গিরাগুলো আলগা হতে থাকে। এটা তো হবেই। শুকানোর সাথে সাথে সুতার পাক ঢিল হয়ে ডালের মধ্যে ফাঁক বাড়তে থাকে। এতে মালাও লম্বা হতে থাকে। এভাবে প্রথম দেয়া মালাখানি কয়েকদিন পর দেখা যায় বেশ বড় হয়ে গেছে।
জন্ডিসের মালার এটাই হল রহস্য। মানুষ বা জন্ডিস ছাড়াই গরু, ছাগল, ভেড়া, কুকুরের গলায় বা এমনকি টেবিলে ফেলে রাখলেও মালা বাড়বেই। দেয়ালে ঝুলিয়ে রাখলেও মালা বড় হতেই থাকবে। মালা বাড়ার চমকে গ্রামের সহজ-সরল মানুষ আকৃষ্ট হন অতি সহজে। এ সুযোগটাই নেয় প্রতারক কবিরাজরা। মালা দেয়া ও মালা পরানোর পর অনেক রোগী ভালও হয়ে যায়- এর কারণ কি!? কারণ হল, এ সব ভণ্ড, ধোঁকাবাজ ও প্রতারক ওঝা-কবিরাজরা মালা দেবার সময় তারা রোগীকে পূর্বোক্ত পথ্যসমূহ খেতে দেয়। যেমন- রোগীকে বলা হয়, কোন কাজকর্ম না করে বিশ্রামে থাকতে। যথাসম্ভব বেশি বেশি ডাবের পানি খেতে বলা হয়। আবার, দুয়েক দিন গোসল করতেও নিষেধ করা হয়। কয়েকদিন কাজ ও নড়াচড়া না করে বিশ্রাম নিলে তো এমনিই জন্ডিস সেরে যায়। আর এর সাথে মনের জোরও কাজ করে। মালা পরানোর পর স্বাভাবিকভাবে রোগীর মনের জোর বেড়ে যায় কয়েক গুণ। তাতেও কাজ হয়। মালা কিন্তু সত্যিকারভাবে কোনই কাজে আসে না।
জণ্ডিস রোগের চিকিৎসায় 'কলা পড়া' প্রথাও চালু রয়েছে আমাদের সমাজে। যে ওঝা বা কবিরাজ সাহেব কলা পড়া দিয়ে থাকে, তার কাছে ৭টি কলা নিয়ে যেতে হয়, তিনি ৩টি রেখে বাকি ৪টি কলা পড়ে দেয় রোগীর জন্য। আর, এ কলা পড়ায় রোগীর কোন লাভ হয় না। তবে, লাভ হয় একটি বিষয়ে, তা হচ্ছে, এ সুযোগে রোগী ও ওঝা বা কবিরাজ সাহেব এক সাথে কয়েকটি কলা পেট পুরে খেতে পারে।
জণ্ডিস রোগে আরেকটি চিকিৎসা পদ্ধতি দেখা যায় কিছু এলাকাতে। এ পদ্ধতিতে রোগীর মাথার তালু থেকে চুল সরিয়ে লতা-পাতা বাটা সেখানে লাগিয়ে দিয়ে তার ওপর পদ্ম পাতা বা অন্য কোন পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে রোগীর উপকার তো হয়ই না, বরং কিছু ক্ষতি ও কষ্ট বাড়ে।
অন্যদিকে হাম, বসন্ত ইত্যাদির হাত থেকে পরিত্রাণ পাবার জন্য হিন্দুরা শীতলা দেবীর পূজা করে আর মুসলমানরা হিন্দুদের সাথে সেসব বিশ্বাস করে। হিন্দু সাধুরা কুলা নিয়ে বের হলে মুসলিমরা তাতে দান-খয়রাত করে এবং ঠাকুরের কাছ থেকে পানি পড়া, ডাব পড়া ইত্যাদি নেয়। হাম চিকিৎসা আরেক অদ্ভুত ব্যাপার। কোন কোন এলাকায় হাম রোগটি লতি বা লুনতি নামে পরিচিত। হয়ত এ দেশের গোটা এলাকাতেই হামের এ বন্য পরিচিতি থাকতে পারে। হাম দেখা দিলে মানুষ পানি পড়া, ডোর পড়া, নানা রকম ঝাড়-ফুঁক ইত্যাদির সাথে সাথে আরেকটি অদ্ভুত চিকিৎসা শুরু করে দেয়। তারা নানারকম পাতা যেমন- নিমপাতা, আমপাতা প্রভৃতি এবং বিভিন্ন রকম দুর্বা পানিতে ভিজিয়ে রোগীকে সেবন করায়। সোনা-রূপার অলংকার ওই পানিতে ভিজিয়ে রোগীকে সেবন করায় এবং রোগীর দেহে ওই পানির ছিঁটা দেয়। রোগীকে বেশিরভাগ সময়ে বদ্ধ ঘরে রাখা হয়। মাছ, গোস্ত ইত্যাদি জাতীয় পুষ্টি সমৃদ্ধ খাবার রোগীকে খেতে দেয়া হয় না। তদুপরি, পলি মাছ ধোয়া পানিতে রোগীকে সপ্তাহান্তে গোছল করানো হয়। এতে রোগমুক্তি না ঘটে রোগীর নানা বিপত্তি ঘটতে থাকে। অনেক সময় নানা রকম লতা-পাতা বেটে রোগীর শরীরে মেখে দেয়া হয়। আবার অনেক কবিরাজ রোগীকে কলা পাতায় বসিয়ে বাসী মুখে রোগীর পিঠে ঝাড়া হয়। ঝাড়া শেষে দেখা যায় কলা পাতার ওপর সরিষার দানার মতো অসংখ্য আমলকি বর্ণের বিন্দু বিন্দু দানা জমা হয়ে যায়। এ সব দানা দেখে সবাই ভাবে যে, লুতির (হাম রোগের) সমস্ত পোকা বের হয়ে গেছে। আসলে এ সব ক্রিয়াকাণ্ড পুরোটাই মস্তবড় ভাঁওতাবাজি। কারণ, সজিনা পাতার অপর পিঠে ঐ ছোট ছোট দানাগুলো থাকে আর পিঠে ঝাড়ার সময় দানাগুলো পাতা থেকে ঝড়ে পড়ে যায়।
কলেরা একটি মারাত্মক রোগ। মানুষের ধারণা ওলাউঠা বা গলাকাটাভূত এ রোগ গভীররাতে ছড়িয়ে যায়। ওলা বিবি হল সাদা বা কালো কাপড় পরা কাল্পনিক ছায়ামূর্তি। এ ওলাবিবি বা ওলাইচণ্ডী মূলত হিন্দু সমাজে পূজ্য পিসূচিকা রোগের দেবী। সাধারণ শ্রেণীর মুসলিমরা ওলাইচণ্ডীকে ওলাবিবি বলে থাকে। তারা তাকে খুব ভয় পায়, কেননা তাদের বিশ্বাস ঐ দেবীর মাধ্যমেই কলেরা (এ কালে ডায়রিয়াও) রোগ ছড়িয়ে পড়ে। কলেরার জীবাণুকে খালি চোখে দেখতে পায় না বলেই হয়ত তাদের এ ধারণা।
আর এভাবে আমরা দেখি যে, নানা রোগের নানা রকম উদ্ভট, অবৈজ্ঞানিক ও শিরক ও কুফরযুক্ত কষ্টকর চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কুসংস্কারাচ্ছন্ন লোকেরা এ সব করে। অধিকাংশ সময়ই রোগের প্রকৃত কারণ অনুসন্ধান না করে অর্থহীন চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়।

📘 শিরকের বেড়াজালে উম্মত বেসামাল > 📄 চিকিৎসার ভাষায় তারা, যারা করে তারা শয়তানের চেলা

📄 চিকিৎসার ভাষায় তারা, যারা করে তারা শয়তানের চেলা


শরীরে বাত ও অন্যান্য ব্যাথা-বেদনার জন্য অনেককে হাতে তামার বালা পরতে দেখা যায়। তামার বালায় যেকোন ব্যাথা সারে, এমন বিশ্বাস চালু রয়েছে আমাদের সমাজে। তাই ব্যাথায় কাতর রোগী ওষুধপত্র না খেয়ে হাতে বালা পরেন। যারা এটা বিক্রি করেন, তারা রোগীকে পুরোপুরি নিশ্চয়তা দিয়ে বালা ধরিয়ে দেন। তামার বালা যারা বিক্রি করেন তারা বলেন, 'উচ্চ বিদ্যুৎ প্রবাহ দিয়ে বালা তৈরি করা হয়েছে। তাই এ উচ্চ বিদ্যুৎ প্রবাহের বালা হাতে পরলে তা শরীরের ছোঁয়াতে যে ক্রিয়া করে তাতে বাত সেরে যায়।' আরও বলা হয়, 'ধাতু হিসেবে তামার কিছু নিজস্ব গুণাগুণ আছে। তামার এ নিজস্ব গুণও বাত সারাতে কাজে লাগে।' এখন কথা হচ্ছে, তামার তারে খুব তাড়াতাড়ি বিদ্যুৎ চলাচল করে সেটা সত্যি। কিন্তু তারটি থেকে বিদ্যুৎ প্রবাহ সরিয়ে নেয়ার পর কি এতে বিদ্যুৎ থাকে? নিশ্চয়ই থাকে না। তারে উচ্চ বা নিচ যেমন বিদ্যুতের প্রবাহই দেয়া হোক, পরে তো আর তাতে বিদ্যুতের ছিটেফোটাও থাকে না। এ অবস্থায় তারটি শরীরের মধ্যে কী কাজ করবে! তামার যে গুণ আছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু বাত-বেদনার ব্যাপারে তামার সেই গুণটি কাজে লাগে কিনা তাও কেউ হলফ করে বলতে পারেননি। অর্থাৎ বাত-ব্যাথা বিরোধী গুণ তামার মধ্যে আছে কিনা তা নিশ্চিত করে কেউ জানে না।
তারপরেও একটি প্রশ্ন থাকে। রোগীর শরীরে কী পরিমাণ বাত, ব্যাথা কতটা বেশি বা কম এবং সে অনুসারে কি পরিমাণ তামা দরকার, সেটা কি ঠিক করা হয়! এক এক রকম বাতে এক এক রকম তামা দরকার। সব বাতে নিশ্চয়ই একই বালা ব্যবহার করলে চলবে না। অথচ তামার বালা যারা বিক্রি করেন তাদের সবগুলো বালা একই ওজনের এবং একই মাপের। কোন হেরফের নাই একটির থেকে আরেকটির।
সুতরাং এ থেকে বোঝা যায়, বাত-ব্যাথায় তামার বালা ব্যবহারের কোন মানে নেই। বালায় বাত রোগী সারবেই এমন কথার অর্থ মানুষকে ঠকানো। অনেকদিন ধরে চলে আসা একটা অন্ধবিশ্বাস থেকে তামার বালা ব্যবহার হচ্ছে। মানুষ বাত ব্যাথা-বেদনার যন্ত্রণা সইতে না পেরে অন্ধবিশ্বাসে বালা গ্রহণ করছে। আর এর সাথে বালাওয়ালারা অবৈধ রুজি কামিয়ে নিচ্ছে এবং এ উভয়পক্ষই জাহান্নামে তাদের শক্ত অবস্থান গড়ে নিচ্ছে, এই আর কি।

📘 শিরকের বেড়াজালে উম্মত বেসামাল > 📄 অষ্ট ধাতুর আংটি-টুইট, ভণ্ডতাবাজীর জাদুকরি

📄 অষ্ট ধাতুর আংটি-টুইট, ভণ্ডতাবাজীর জাদুকরি


গ্রামের হাট-ঘাট-বাজার কিংবা রাজধানী ঢাকাসহ কোন কোন শহরের ফুটপাত অথবা রেল, লঞ্চ বা বাসে এক ধরনের ফেরিওয়ালা দেখা যায়। বগলে ব্যাগ একখানা। ব্যাগ থেকে হঠাৎ বের করে ধরে পোড়া লাল রঙের চওড়া চুড়ি। আঙুলের আংটিও কখনো সখনো। চুড়ি ও আংটি দুইই ধাতুর তৈরি। চওড়া চুড়ি বা বালা তৈরি হয় একটি ধাতু দিয়ে। নাম তার তামা। তবে আংটির মধ্যে রয়েছে অষ্টধাতু। অর্থাৎ আট রকম ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে গড়া ওই আংটি। বালা এবং আংটি ফেরি করে বিক্রি করা হয় পথ-ঘাটে। সরাসরি মুখে মুখে বা টেপরেকর্ডারের মাধ্যমে বলা হয়, 'অষ্টধাতুর আংটিতে এ রোগ, সে রোগ সারবে। অনেক রোগ-বালাই দূর হবে চিরতরে। বাসা বাঁধবে না সেগুলো শরীরে আর কখনো। যেকোন রোগ সারানোর উদ্দেশ্যে [নিয়তে] ব্যবহার করা যাবে এ বালা।' আট-আটটি ধাতুর মিশ্রণ! কম তো নয়!
ফেরি করে. যে বালাটা বিক্রি হয়, বলা হয় তা তামার বালা। তামার বালায়ও এটা সেটা নানা রোগ দূর হয়। হাতে পরে নিলে ওই বালা, আর রোগ ঢুকবে না কখনো শরীরে। বিশেষ কয়েকটি রোগ। এমনই বলা হয়। আমাদের শরীরের জটিল কয়েকটি রোগব্যাধি সারাবার দাওয়াই হিসেবে বালা বা আংটি বিক্রি করা হয়। অনেকের ধারণা ধাতু আমাদের শরীরে নানা রোগের উপকার করে। তাই তারা ধাতব আংটি বা চেইন ব্যবহার করে। অনেকে বাত রোগ থেকে রেহাই পাবার জন্য তামার আংটি ব্যবহার করে থাকেন। আবার এগুলো বিক্রির সময় এমনও বলা হয় যে, এক সপ্তাহ, পনর দিন, একুশ দিন, এক মাসের মধ্যে ফল পাওয়া যাবে। উপকার হবেই। বিফলে মূল্য ফেরত। সুতরাং লোকসান নেই।
অষ্টধাতুর ব্যাপারটি একটু খতিয়ে দেখা যাক।
আটটি ধাতু একত্র করে মিশিয়ে যে নতুন একটি ধাতু বানানো হয় তা-ই হল অষ্টধাতু। ধাতু আটটি হচ্ছে- তামা, সোনা, লোহা, রূপা, দস্তা, সীসা, পারদ ও পিতল।
এখানে যে আটটি ধাতুর কথা বলা হল, এগুলোর সাথে রোগের বা ভাগ্যের কোন সম্পর্ক আছে কি? কোন সম্পর্কই থাকতে পারে না। দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্যও এর কিছুই করার নেই। উপরন্তু, বাস, ট্রেন, বিমান বা নৌযান দুর্ঘটনার শিকার হয়ে এ সব ধাতুর সমন্বয়ে গড়া যানের যন্ত্রাংশের আঘাতেই মানুষের প্রাণহানি ঘটে। আর অসুখ-বিসুখ! ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেলেই আল্লাহর ইচ্ছাতে রোগ সারে। অন্য কিছুতে নয়। অষ্টধাতুতে তো নয়ই।
মানব শরীরের উপর এ সব ধাতুর কোন প্রভাব নেই। এটা মূলত একটা অলীক ধারণা। ধাতব পদার্থের তৈরি আংটি কখনও মানব শরীরের ভিতরে যায় না। অষ্টধাতুকে শরীর শুষে দিতে পারে না। অতএব ধাতুর দ্বারা কোন উপকার হয় না। আবার অনেকে বাণ মারার থেকে হেফাজত করার জন্য কোমরে তামার পয়সা, লোহা- সিসা প্রভৃতি ধাতু বাহুতে বা গলায় পরে থাকেন। আসলে, এ সব ধাতুর কার্যকারিতা ধোঁকাবাজী ছাড়া আর কিছুই না।

📘 শিরকের বেড়াজালে উম্মত বেসামাল > 📄 অসুস্থ হলে হলে কবজ, নয় জীবনের রক্ষাকবচ

📄 অসুস্থ হলে হলে কবজ, নয় জীবনের রক্ষাকবচ


ইতিহাস পড়ুয়া ব্যক্তিমাত্রই জানে যে, ইতিহাসের একটা বড় জায়গা জুড়ে কয়েকটি চরিত্রের ভূমিকা রয়েছে খুব বেশি। এ চরিত্রগুলো হচ্ছে- ধর্মযাজক, পুরোহিত, যাদুকর, ওঝা, দরবেশ, ডাইনি, জ্যোতিষী ও পীর-ফক্বীর। এদের সকলের কর্মপদ্ধতি ও ধরন প্রায় একরকম। লোক ঠকানো, ধোঁকা দেয়া, বিচিত্র কথা বলে তাক লাগিয়ে দেয়া বা মোহাচ্ছন্ন করে ফেলা- এগুলোই হচ্ছে ইতিহাসের এ চরিত্রদের কর্মকুশলতা। এ সকল হাতিয়ার প্রয়োগ করে এরা অতীতে যেমন আয়-উপার্জন করেছে, তেমনি করছে বর্তমানেও। শহর ও গ্রামে ওঝা, দরবেশ, পীর, ফক্বীর, কবিরাজ, গণক, যাদুকর ও জ্যোতিষীরা এখন খুব জনপ্রিয়।
এক সময় ওঝা, দরবেশ, পীর, ফক্বীর, যাদুকর ও জ্যোতিষীদের সম্পর্কে মানুষের যে ভয়-ভীতি ছিল এখনো তা বহাল তবিয়তে বর্তমান রয়েছে, এতে কোন ভাটা পড়েনি আজও। পুরনো দিনে তন্ত্র-মন্ত্র, ভেলকিবাজী ও যাদুর কলাকৌশল দেখিয়ে মানুষকে প্রতারণা করা হতো। ঠকিয়ে অর্থ হাতিয়ে নিত। এখন কিন্তু যাদু একটা শিল্প হিসেবে সম্মানিত মর্যাদা পেয়েছে। যাদু আর ভীতিকর কিছু নয়। বরং আনন্দদায়ক বিনোদনের অন্যতম এক মাধ্যম (!?) কেবল বিনোদনই-বা বলি কেন, শিক্ষামূলক মাধ্যমও বটে (!?) আনন্দ লাভের পাশাপাশি শেখা-জানাও যায় অনেক কিছু! যেমন, আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুকর জুয়েল আইচের কথাই ধরা যাক। জুয়েল আইচের মোহনীয় হাসির পাশাপাশি তাঁর যাদুগুলো কত আনন্দেরই না যোগান দেয়! আবার তার সাথে শিক্ষণীয়ও কত ব্যাপার থাকে! সুতরাং যাদু বা যাদুকরদের নাম শুনলে আগেকার মতো আঁতকে ওঠার দরকার হয় না। তবে অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ সমাজে এখনও অনেক ভণ্ড যাদুকর রয়েছে। যারা যাদুর ভেল্কিবাজীতে শিকার খুঁজে বেড়ায়। মানুষের মন ও চোখ দুটোকে ধোঁকা দিয়ে টাকা-পয়সা আত্মসাৎ করে। হয়ত দেখা গেল, একজন তাবিজ বা কবচ বিক্রি করছে। সে এমন সব কাণ্ড ক'রে তার তাবিজের মাহাত্ম্য দেখিয়ে দিল যে, সাধারণ অশিক্ষিত মানুষের তাতে বশীভূত না হয়ে বা ঠকে উপায় থাকে না।
এ বিষয়ে একটা গল্প বলে নিই। একবার আন্দামান দ্বীপপুঞ্জে এক সাধু বাবাজীর আবির্ভাব ঘটেছিল। তিনি নাকি অনেক আশ্চর্য কাণ্ডের সঙ্গে এক আশ্চর্য কবচও বিক্রি করছিলেন। সারা ভারত জুড়ে তার নামধাম ছড়িয়ে পড়েছে। কলকাতার একজন সাংবাদিক এটা জানতে পেরে এ বিষয়ে বেশ কৌতূহলী হয়ে তিনি আন্দামান গিয়ে পৌঁছান। নাজমুল নামে এই সাংবাদিক ভদ্রলোক নির্ধারিত স্থানে গিয়ে দেখেন প্রচণ্ড ভীড়। উপচেপড়া ভীড়। ভীড় ঠেলে অবশেষে তিনি সাধু বাবাজীর কাছাকাছি পৌঁছলেন। সেখানে দেখতে পেলেন, সাধু আগ্রহী মানুষের হাতে একটি করে কবচ ধরিয়ে দিচ্ছেন। কিছু সময় পর কবচগুলো এত গরম হয়ে উঠছিল যে, তা আর হাতে ধরে রাখা যাচ্ছে না। সবাই কবচ মাটিতে ফেলে দিচ্ছিল। গরম হওয়াটাই নাকি কবচের তেজের প্রমাণ। সাধু তাই জানালেন। এর কিছু সময় পর কবচ থেকে 'বিভূতি' বা 'পবিত্র ছাই' (!?) বেরোতে লাগল। আর অমনি সেই বিভূতি নেবার জন্য মানুষের হুড়োহুড়ি পড়ে গেল। এ ছাই তো জবরদস্ত ছাই না হয়েই পারে না।
ইসলামের বিশুদ্ধ আক্বীদা, কুরআন, হাদীস ও বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখা নাজমুল সাহেবও প্রথমে কবচের গরম হওয়া দেখে ভড়কে গিয়েছিলেন। কিন্তু তার চমক কেটে যায় সেই বিভূতি দেখে। কারণ, এ বিভূতিটা তার পূর্ব পরিচিত। অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম মেশানো যেকোন ধাতু মারকিউরাস ক্লোরাইডের সংস্পর্শে এলে প্রথমে খুব গরম হয় এবং পুড়ে হয় ছাই। ঠিক এখানেই সাধুর ভেল্কিবাজী। সাধু বাবাজী অ্যালুমিনিয়ামের তৈরি কবচ মানুষের হাতে তুলে দেবার আগে মারকিউরাস ক্লোরাইডে মাখিয়ে নিয়েছেন। এতে তাপ ও ছাই দুইই সৃষ্টি হয়েছে।
আর, এভাবেই অনেক ঠগ, প্রতারক বিভিন্ন আশ্চর্য কলাকৌশল দেখিয়ে মানুষকে প্রতারণা করে। পথে-ঘাটে চলতে ফিরতে এমন অনেক ঘটনাই আমাদের নজরে পড়ে। আপাতদৃষ্টিতে ঘটনাগুলো অসম্ভব বা অলৌকিক মনে হলেও আসলে সেগুলো যাদু ভিন্ন আর কিছুই নয়। মানুষের মনে সর্বদাই দুর্বল একটা কোণ থাকেই। আর সাধারণ, অসচেতন ও প্রকৃত ঈমানের স্বাদবঞ্ছিত কুসংস্কারাচ্ছন্ন মানুষের তো কথাই নেই। তাদের মন সর্বদাই দুর্বল। এ মানসিক দুর্বলতার সুযোগে তথাকথিত ওঝা, দরবেশ, পীর, ফক্বীর, কবিরাজ, গণক, যাদুকর ও জ্যোতিষীরা নিজেদেরকে অলৌকিক ক্ষমতার (কারামত) অধিকারী বলে ঘোষণা করে। যা খুব চরম গর্হিত অন্যায় বলেই প্রতীয়মান হয়।

টিকাঃ
১. যে পত্রে বা কাগজে মাদুলি ইত্যাদির মন্ত্র লেখা হয় তা হচ্ছে কবজ বা কবচ। রক্ষাকবচ হচ্ছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধারণীয় মন্ত্রপূত কবচ। কবচকালী হচ্ছে রোগ, মহামারী প্রভৃতি থেকে পরিত্রাণকারী হিন্দু দেবী। কবচমন্ত্র হচ্ছে যে মন্ত্র জপ করলে বিপদ স্পর্শ করে না বা বিপদ ত্রাণকারী মন্ত্র।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00