📄 স্বপ্নের উড়াউড়ি, স্বপ্নের অবশেষ
মেজো আবুব, মেজো আম্মু আর ছোটাচ্চুর অপেক্ষার প্রহর কাটছিলো না মাদীনাতে। উপর্যুপরি ফোন তাঁদের। আমাদের পরিকল্পনা ছিলো মাসজিদ নাবাওয়িতে ই’তিকাফের। এ জন্যে রমাদানের অষ্টাদশ দিবসে মাদীনাতে মেজো আব্বুর বাসায় চলে এলাম। সুহাইমা আর সাহিম এই প্রথম তাদের বড়ো ভাইয়াকে দেখলো। ওরা সারাটি ক্ষণ কোনোভাবেই তাই আমার পাশ থেকে নড়তে চায় না। কী এক মায়ার জালে আটকে গেলাম সামান্য কিছুক্ষনেই! ও হ্যাঁ, বলাই হয় নি, আমাদের মক্কায় অবস্থানের দ্বিতীয় দিনেই মেজো আম্মুর কোলজুড়ে আল্লাহ আরেকজন মেহমান পাঠিয়ে দিয়েছেন। আমাদের সেই ভাইটার নাম রাখার দায়িত্ব পড়লো আমার উপরেই।
সন্ধ্যার পর ফুফা উহুদ পাহাড় ও প্রান্তর, শহীদদের কবর, মাসজিদে কুবা আর অন্যান্য বিখ্যাত জায়গাগুলো ঘুরিয়ে আনলেন। ঐদিন তারাবীহ আদায় করলাম মাসজিদে কুবাতেই। হিজরতের পর প্রিয় নবীজি [ﷺ] এখানে প্রথম জুমু'আহ আদায় করেছিলেন এবং ঐতিহাসিক খুতবাটি দিয়েছিলেন। ওয়িতরের মুনাজাতে সম্মানিত ইমাম ফিলিস্তিনের মজলুমদের জন্যে কান্নাজড়িত কণ্ঠে যখন আল্লাহর দরবারে আর্তনাদ করে উঠলেন, পুরো মাসজিদেই কান্নার রোল পড়ে গেলো।
মাসজিদ নাবাওয়ি মেজো আব্বুব্বর বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের পথ। পরদিন জুমু'আহর সালাত ওখানেই আদায় করলাম। হার্টবিট বেড়ে চলছিলো। সবুজ গম্বুজ কই? এখনো চোখে পড়ছে না কেনো? ক্রমে ক্রমে চোখের সামনে স্পষ্ট হতে লাগলো। আহ! প্রিয় নবীজি আমার! আমার প্রেরণা ও ভালোবাসার রাসূল এখানেই তো অন্তিম শয্যায়! মুখে আর বুকে কেবলই 'সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম'-এর অনুরণন। রাসুলপ্রেমের ঢেউ ছলকে উঠছিলো ভাবাবেগের সাগরে। পকেট থেকে বের করি দেশ থেকে লিখে নিয়ে আসা কবিতার কাগজ। সত্তর দশকের অত্যুজ্জ্বল কবিপ্রতিভা ও কাব্যতাত্ত্বিক আবিদ আজাদ-এর 'আমার রাসূল' কবিতাটা আমার ভীষণ প্রিয়। 'উমরাহর সময় ঝোঁক চাপলে আবৃত্তি করার সুবিধার্থে পকেটে রাখা কবিতাগুলোর মধ্যে এটিও ছিলো। সবুজ গম্বুজের পাশে এসে মনে হোল, এই কবিতাটা মনভরে আবৃত্তির এই বুঝি উপযুক্ত সময়!
“আমাকে গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে দিলে না কেন আমার রাসূলের রোজার খেজুরে? কেন দাঁড় করিয়ে রাখলে না আমাকে সেই কিশোর রাখালের ক্লান্তি ও স্বপ্নের পাশে মরূদ্যানের দিক থেকে ছুটে আসা হাওয়ার মতো? তাঁর উদয় ও অস্তের সকল মেষ ও ভেড়ার ভিতর দিয়ে বয়ে যেতাম আমি উট ও কাফেলার ঘণ্টাধ্বনি হয়ে তাঁবুর বিয়াবানে। আরবের বুকের তাপ, জ্বর ও যন্ত্রণা শুষে নেওয়ার জন্যে আমাকেই পাঠালে না কেন ভোর ও মেঘের হাওদায়?..." [১]
মন ভরলো না। কবি সাহাবি হাসসান ইবন সাবিত [রা.]-এর লেখা রাসূলুল্লাহকে [] নিবেদিত এলিজি'রা আমার করা কাব্যানুবাদা থেকে কদ্দূর আবৃত্তি করে গেলাম। খুব ক্লান্ত ছিলাম। বসে পড়লাম। বসে বসেই বিড়বিড় করে আবৃত্তি করে গেলাম। নীরবে অশ্রুপাত হোল।
জুমু'আহর সালাতের পর ছোট আবুব আর ছোটাচ্চু মিলে আমাকে প্রতীক্ষিত সেই রাসূলের মাসজিদে ই'তিকাফের জন্যে জায়গা নিতে নিয়ে এলেন। বেশ সৌহার্দপূর্ণ একটি জায়গায় স্থান পেলাম। এখানে আরেক হৃদয়বিদারক অনুভূতি! ভাবা যায়! আমি এখন এমন এক জায়গায় এসে থিতু হয়েছি, যেটা একাধারে প্রিয় নবীজির মাসজিদ, প্রিয় নবীজির বিচারালয়, প্রিয় নবীজির শিক্ষালয়, প্রিয় নবীজির প্রশাসনিক দফতর একের ভেতরে সব! আমি সেই 'মাসজিদ নাবাওয়ী'তে অবস্থান করছি! আহ! সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম!
মাসজিদ নাবাওয়িতে অবস্থানের রুটিনটা মোটামুটি এ রকমই ছিলো - যোহরের সালাতের পর মাসজিদ লাইব্রেরিতে অধ্যয়ন। আসরের পর থেকে মাগরিব এবং মাগরিব থেকে 'ইশা আল-কুরআন হিফজ করা। তারাওয়ীহ এবং ওয়িতর শেষ হবার দু এক ঘণ্টার মধ্যেই আবার কিয়ামুল্লাইল। এ জন্যে ঘুমানোর সুযোগ নেই কারো। ততক্ষণ ব্যক্তিগত 'ইবাদাত, সালাত আর তিলাওয়াতে মগ্ন সবাই। সাহরী শেষ করেই ফাজরের সালাত। তারপর সালাতুশ শুরুকের জন্যে অপেক্ষা। সালাতুশ শুরুক্ত সারা হতেই মাসজিদের সব লাইট অফ হয়ে যেতো। সবাই ঘুমাতেন। কেউ এগারোটা, কেউ বারোটা পর্যন্ত। আবার অনেকে দু এক ঘণ্টা ঘুমিয়ে বাহির থেকে আলো আসতেই আল-কুরআন হাতে নিয়ে বসে যেতেন। নয়টা বা দশটার দিকে 'রাওদ্বাহ'তো। ভীড় কম থাকতো। আমি সুযোগ পেলে সে সময় প্রিয় নবীজিকে [] সালাম দিয়ে আসতাম।
লাইব্রেরিতে বেশ জ্ঞানপিপাসু কিছু তরুণের সাথে পরিচিত হলাম, অনুভূতি বিনিময়ে সুযোগ পেলাম। এরমধ্যে আমার চে' বয়সে ছোট একজন মিশরীয় কিশোরের দেখা পেলাম। ও আবার বড় হয়েছে সৌদি আরবে। ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি জানো 'Egypt' শব্দটা কোথা থেকে এসেছে? একটু অবাক হোল। আমি যখন বললাম, এটার উৎপত্তি 'أقباط' শব্দ থেকে; ও বেশ চমৎকৃত হোল এবং একটা ধন্যবাদ দিয়ে হাত টেনে নিয়ে চুমু খেল। লাইব্রেরিতে সে নিয়মিত-ই আসে, এ কারণে বই খোঁজার ক্ষেত্রে আমাকে বেগ পেতে হয় নি; সে-ই খুঁজে দিতো। মাসজিদের মধ্যে অনেকবার অনুচ্চ কিন্তু রাগত সুরে একজন আরেকজনের প্রতি সামান্য অজুহাতে অসহিষ্ণুতা প্রদর্শন করেছে- এ রকম যতজনকে দেখেছি, ছোটাচ্চু বললেন এরা মিশরীয়। সেখান থেকে আমার একটা ধারণা হয়েছে যে, মিশরীয় মানেই ঝগড়াটে ও রগচটা। কিন্তু এই ছেলেটাকে দেখার পরে কেউ-ই বিশ্বাস করতে চাইবে না, ঝগড়াটে লোকগুলো মিশরীয়। আসলে কিছু সংখ্যক মানুষকে দিয়ে একটি জাতি বা জাতিসত্তার সুরূপ বা প্রকৃতি বিচার করা বোকামী।
ই'তিকাফের সময়টাতে বেশ কিছু আলোকিত মানুষের সাথে পরিচিত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন তুরস্কের একজন আঙ্কেল, যিনি এখনো ভোলেন নি আমাকে। নাম তাঁর ইহসান কেররাহ। প্রথমদিনের পরিচয় থেকেই ইনি দেখা হলেই কপালে একটা চুমু খেতেন আর দু'আ করতেন এবং দু'আ চাইতেন। পাশে এসে একাধিকবার বলেছেন, 'তোমাকে সারাক্ষণ পড়তে দেখে ভালো লাগে বাবা!' আমার সমবয়সী তাঁর ছেলেও আমাদের সাথে ই'তিকাফে ছিলো। হাসিমুখ আর প্রাণোচ্ছল। সারাক্ষণ কাকে কুরআন এগিয়ে দেবে, ইফতার আর সাহরীতে কাকে একটু পানি পান করাবে, এই নিয়ে তার সারাক্ষণ উৎকণ্ঠা। কিন্তু প্রথমবারেই যখন সে আমাকে জিজ্ঞেস করেছিলো, আমি কুরআনের হাফিজ কি-না; আর আমি 'না' উত্তর দেওয়ায় সে বলেছিলো 'জা'আলাকাল্লাহু মিন হুফফাজিল কুরআন' (আল্লাহ তোমাকে কুরআনের হাফিজদের অন্তর্ভুক্ত করুন); তখন নিজের ওপর শক্ত অভিমান হচ্ছিলো। এখনো আল্লাহর কাছে বারবার চাই, যেনো তার দু'আটা কবুল হয়। সপ্তদশ রমাদানেই তিনি তুরস্কে ফিরে যান। যাবার সময় সাথে আনা দুটো বইও আমাকে গিফট করে যান। আমি যে জায়গায় অবস্থান নিচ্ছিলাম, সেখান থেকে তুলে এনে তাঁর জায়গায় আমার বালিশ আর ব্যাগটা নিয়ে এলেন। বললেন, 'ওদিকে ঘুমাবার সময় তোমার মাথায় সামনের সারি থেকে এই ভাইটার পা লেগে যায়, তুমি এখন থেকে আমার জায়গাতেই থাকলে খুশি হবো।' তাঁর দেখাদেখি আরেকজন ইয়ামেনী আঙ্কেলও একগুচ্ছ বই গিফট করলেন। কী আশ্চর্য! ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে! আর আমি বইপাগলাকে আল্লাহ কোথাও নিরাশ করেন না, বুঝছি!
এরই মাঝে পরিচিত হলাম দু জন সৌদি নাগরিকের সাথে। এই দুই ভাইয়া পরস্পর বন্ধু, দু জনেই প্রকৌশলী। ইয়ানবু'র অধিবাসী; প্রতি বছরই মাসজিদ নাবাওয়িতে তাঁরা মু'তাকিফ হন। চমৎকার এবং অসাধারণ তাঁদের ব্যবহার। ব্যক্তিগত তাক্বওয়া'র ব্যাপারে যথেষ্ট যত্নশীল। আমি কুরআন পড়তে গিয়ে একটি অপরিচিত শব্দ পেয়ে তাঁদের একজনকে (নাম তাঁর 'আয়াদ') অনুরোধ করেছিলাম এটার সমার্থক ইংরেজি শব্দ জানাতে। তিনি বেশ খানিকক্ষণ ভেবে বললেন, ইংরেজি মনে আসছে না, আরবি বলতে পারবেন। আমি তা-ই বলতে অনুরোধ করলাম। এবার বুঝলাম শব্দটা। [শব্দটা ছিলো نعاس, আর তিনি আমাকে কাছাকাছি প্রতিশব্দ বললেন نوم ]১
তাঁকে ধন্যবাদ দিলাম। জিজ্ঞেস করলেন, 'আরবি কিভাবে শিখেছো?' আমি বললাম, আমাদের মাদরাসায় আরবি সাহিত্যও পাঠ্য, ওখানে অনুশীলন করেছি। বললেন, মাশা-আল্লাহ বেশ ভালো পারো। আমি খানিকটা লজ্জিত হয়ে বললাম, 'আমি অল্প পারি' (عرفت قلیلا)। একটু হেসে আমাকে বুকে টেনে নিয়ে বললেন, 'না না, অনেক পারো তুমি। অনেক কি, চমৎকার পারো!' (الا! بل كثيرا بل ممتاز)!
এভাবে তাঁদের সাথে পরিচয়ের সূত্রপাত। তাঁর বিশুদ্ধ ও প্রমিত আরবি'র তুলনায় আমার ভাঙ্গা ভাঙ্গা আরবি বলা যে কত হাস্যকর, আমি নিজেই তা জানি। কিন্তু আমাকে একটুও বুঝতে না দিয়ে কত সুন্দর উৎসাহ দিয়ে গেলেন! এই মানুষগুলোকে না চাইতেও ভালোবেসে ফেলতে হয়!
যাবার সময় তিনি দারুসসালাম থেকে কুরআনের একটা সংক্ষিপ্ত তাফসির নিয়ে এসে গিফট করলেন! এটা ছোট আম্মুর পছন্দ হয়েছিলো, তাই তাঁকে দিয়ে দিয়েছি। ওখানে অবস্থানকালীন বেশ সুন্দর কিছু পুস্তিকা অনেকে বিতরণ করতো। কিন্তু এই জায়গায় যে পুস্তিকাটা দেওয়া হয়েছে, কিছুদূর গিয়ে দেখি আরেকটা। আবার বিশাল মাসজিদের মধ্যে সব পুস্তিকা সবাই পেতো না। আমার খুব লোভ জাগে। অনেকেই পুস্তিকাগুলো এক নজরে দেখে নিয়ে ফেলে রাখেন। প্রতিদিন তারওয়ীহ'র পরে পুরো মাসজিদ এক চক্কর ঘুরে এসে এই পুস্তিকাগুলো আমি সংগ্রহ করতাম আর ভাঁজ করে ব্যাগে ভরে নিতাম। এসব দেখে এই দু জন ভাইয়া বেশ মজা পেতেন। একদিন একটি পুস্তিকায় ইবন আল-কুয়্যিম [র.] লিখিত জান্নাত বিষয়ক সুন্দর একটি কবিতায় আমি কয়েকটি লাইন বুঝতে পারছিলাম না। তাঁরা দু জন মিলে বুঝিয়ে দিলেন। এবার আমাকে বললেন, এটাকে বাংলায় অনুবাদ করো তো! আমি যখনই বলা শুরু করলাম, অনুচ্চ স্বরে সে কি হাসি তাঁদের!
আরেকদিন হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার প্রিয় ঋতু কোনটি? বললাম শীত ঋতু। 'কেনো?' সেই হাদিসটা শোনালাম:
66 الشتاء ربيع المؤمن ، قصر نهاره فصام ، وطال ليله فقام
"শীত ঋতু হোল মু'মিনের বসন্তকাল। দিনগুলো ছোট হয়, ফলে সে (সহজে ও কম কষ্টে) সাওম রাখতে পারে। রাতগুলো দীর্ঘ হয়, ফলে সে (পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম সেরে যথেষ্ট সময় নিয়ে) সালাতে দাঁড়াতে পারে।"
বললেন, আমি ঠিক এই জবাবটাই চাচ্ছিলাম তোমার কাছে! আমাদেরও প্রিয় ঋতু শীত।
আমি এই ফাঁকে নিজ থেকে তাঁদের যখন জানালাম, বাংলাদেশে ছয়টি ঋতু; খুব অবাকই হলেন! বুঝলাম, তাঁদের এখানে যেহেতু চারটি ঋতু, স্বভাবতই ছয় ঋতুর কল্পনা বিস্ময়কর-ই ঠেকবে। নামগুলো বলতে বললেন। যেই বললাম 'গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত', আয়াদ ভাইয়া বললেন,
'আচ্ছা! তোমাদের বাংলাভাষাভাষী যে কারো সাথে কথা বললেই লক্ষ্য করলাম শ শ শ শ করে। কেনো? এই শা শা শু শু'র রহস্য কী? বাংলায় কি 'শীন' (ش) হরফটির ব্যবহার বেশি?'
! أنتم أهل الضاد ونحن أهل الشين 01011
দু জনে বেশ মজা পেলেন এই উত্তরে।
পাশেই পরিচিত হলাম আরেকজন দাদাভাইয়ের সাথে, যিনি পেশায় একজন চিকিৎসক। ইনি 'আল-ইত্তিফাক্ব মাআল ইখতিলাফ' (মতভিন্নতা রেখেই মতৈক্য) নিয়ে চমৎকার ভাবে আমাকে কিছুক্ষণ তাঁর অনুভূতি জানালেন। প্রায় সব মুসলিম দেশ-ই নাকি তিনি ঘুরেছেন, কেবল তাদের সংস্কৃতি ও পরিবেশের সাথে পরিচিত হবার জন্যে। বাংলাদেশেও এসেছিলেন ১৯৯৮ তে। আমাকে বললেন, 'উম্মাহর ঐক্যের জন্যে কাজ করো।' আমি দু'আ চাইলাম। তিনিও কপালে চুমু এঁকে দিলেন আর দু'আ করলেন।
সুদানের একজন আঙ্কেলের কথা ভুলবার নয়। আঙ্কেল তাঁর ছোট ভাই এবং ভাতিজা সহ মু'তাকিফ ছিলেন আমার কাছ থেকে মাত্র দুই গজ দূরেই। ভাতিজা (আমার সমবয়সী) স্থায়ীভাবে সৌদিতেই থাকে। ও বেশ চুপচাপ থাকে সব সময়। মাঝে মাঝে উদাস। তাঁরাও বেশ প্রাণবন্ত ও আন্তরিক ছিলেন। বেশ মজার ছিলো তাঁর ইংরেজি বলা। এই যেমন ধরুন, আমাকে তিনি বোঝাতে চাচ্ছেন 'তোমার চাচা কখন আসবেন আজকে?'- বলতেন, 'today what time coming your uncle? আবার ধরুন, বলতে চাচ্ছেন, 'আমি একটু বাথরুমে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসছি। আমার জায়গাটা একটু দেখে রাখবে যেন কেউ না বসে।', বলতেন, 'Uncle, I go bathroom. I come quick. You see my place, no person not sit here.' আবার মাঝেমধ্যেই বলতেন, 'When I talk you English, do not mind uncle! I can not talk this language good'
এই কয়েকটা বাক্য আমার মোটামুটি মুখস্থই হয়ে গিয়েছিলো। আমি খুব সুন্দর হাসি দিয়ে তাঁকে স্বাচ্ছন্দ্য অনুভব করাতে এবং ভরসা দিতে চেষ্টা করতাম। মনের ভাব বোঝাতে পারাটা ভাষার প্রধান উদ্দেশ্য। তিনি যা বলতে চাচ্ছেন, সেটা যেহেতু আমি বুঝে নিতে পারছি, সমস্যা কোথায় আর? এভাবে বুঝিয়ে দিলে তিনি খুশি হতেন। বেশ বিনয়ী ছিলেন তিনি। সারাক্ষণ কুরআন তিলাওয়াতেই মগ্ন থাকতেন। যাবার সময় তাঁর দেশের ঠিকানা দিয়ে গেলেন আর আমন্ত্রণ জানালেন। আমিও বাংলাদেশে ঘুরে যাবার আমন্ত্রণ জানালাম তাঁকে।
ইংরেজি জনিত কারণে কর্তব্যরত পুলিশ বা স্বেচ্ছাসেবকদের কাছে কোনো ব্যাপারে সাহায্য চাইতে গেলে বিপত্তি পোহাতে হয়। কারণ, তাঁদের আঞ্চলিক আরবিগুলো যে কারো পক্ষে বোঝা সম্ভব নয়। আবার ইংরেজির প্রসঙ্গ আসলে প্রায়-ই সবাই মুখ বাঁকা করতেন, না হয় একটা দায়সারা হাসি দিয়ে 'দুঃখিত' বলতেন। একজন তরুণ পুলিশ একবার সাফ জানিয়ে দিলেন, 'Sorry! No Urdu! No English!' খেয়াল করলাম, উনি আরো অনেককেই এই একই বাক্যটা বলে যাচ্ছেন! হারামে শুধু একটা তরুণ স্বেচ্ছাসেবককে পেয়েছিলাম, যে কি না ভালো ইংরেজি বলতে পারতো। মাসজিদ নাবাওয়ির 'মাকতাবা সাওতিয়াহ'র কর্তব্যরত অফিসার- তিনিও মোটামুটি ভাবে ইংরেজি বলতেন। এর বাইরে পরিচিত হওয়া সৌদি নাগরিকদের অধিকাংশকেই ইংরেজিতে সম্পূর্ণ বেদখল হিসেবে পেলাম।
এইদিকটাতে কর্তৃপক্ষের একটু নজর দেওয়া প্রয়োজন। যেহেতু ইংরেজি সমসাময়িক বিশ্বের আন্তঃভাষিক সেতুবন্ধনে রূপ নিয়েছে, সেহেতু অন্তত দায়িত্বশীল পর্যায়ের আরবদের উচিৎ মোটামুটি ইংরেজি আয়ত্তে রাখা, যাতে আল্লাহর ঘরের মেহমানদের সেবা প্রদানে বিঘ্ন না ঘটে।
আয়াদ ভাইয়াকে বলছিলাম, আমি কথোপকথনের সময় আপনাদের অনেকের কথাগুলো কিছুই বুঝি না! উনি বললেন, 'বাদ দাও ওসব! আরবদের সাথে কথা বলতে পারাটা কি আরবি শেখার লক্ষ্য? ওসব লোকাল ভাষা তুমি দু এক মাস তাদের সাথে কথা বললে এমনিতেই পারবে।' ভরসা পেলাম তাঁর অভয় দেয়াতে। তবুও ঐ ক'দিনে মোটামুটি খানিকটা রপ্ত করতে পেরেছি স্থানীয় কথ্য ভাষার বহুল ব্যবহৃত পরিভাষাগুলো।
মাসজিদ নাবাওয়িতে ওয়িতরের সালাতে সম্মানিত ইমামের দু'আ ছিলো খুবই মর্মস্পর্শী। হৃদয়ের অভাব-অভিযোগ আল্লাহকে পেশ করার কতো চমৎকার আর আবেদনঘন নিবেদন ছিলো সেই দু'আগুলোতে! মনে হয় না এই আবেগঘন আর সর্বোচ্চ বিনয়পূর্ণ দু'আয় শরিক হয়ে না কেঁদে কেউ পেরেছে! ফিলিস্তিন এবং অন্যান্য মজলুমানের জন্যে দু'আয় তো পুরো মাসজিদ বোধ করি ভেঙ্গে পড়তো। অক্ষমতার অনুশোচনা আর ভ্রাতৃত্বের কষ্টানুভূতি সব মুসাল্লিকেই কুরে কুরে খেতো ইমামের সাথে সাথে।
২৯ রমাদান চাঁদ দেখা গেলো। বিদায়ের সময় সে কি আবেগঘন অনুভূতি সবার! একবার সেই যে জড়িয়ে ধরেন, আর কেউ-ই যেনো ছাড়তে চান না।' ডাক্তার দাদাভাইয়াটা অনেকক্ষণ ধরে দু'আ করলেন, শেষ বিদায়ের আগে দুই গালে হাত দিয়ে বললেন, 'be a knowledge leader my dear!' 'ইশার সালাতের পর চলে এলাম মেজো আব্বর বাসায়। সুহাইমা-সাহিমের আনন্দের শেষ নেই। মেজো আবুব বললেন, তোমার তো ঈদের কেনাকাটা হোল না। ফুফু বললেন, ও আর ওর আব্বু কোন ঈদেই তো নতুন কাপড় নেয় না। মেজো আব্বুব বললেন, এইবার অন্ত নাও ভাতিজা!
ছোট আব্বুকে বললেন আমাকে সাথে নিয়ে যেতে। সবার অনুরোধে গেলাম। একটা তোব, টুপি আর পাজামা নিয়ে চলে এলাম। পছন্দমত কোনো তোব-ই মেলাতে পারছিলাম না, শেষে কোনোরকম একটা নিয়েছি। বাসায় এসে মেজো আম্মু আমার পছন্দের উচ্ছ্বসিত তারিফ করলেন। এবার কিছুটা খচখচে অনুভূতি শেষ হোল। ওখানে ঈদের সালাত ফজরের অব্যবহিত পরই হয়ে যায়। মাসজিদ আন-নাবাওয়িতে জায়গা পেতে হলে রাত তিনটার আগেই চলে যেতে হবে। ছোটাচ্চু তাঁর গাড়িতে করে পালা করে সবাইকে দিয়ে আসলেন। বাসায় রেখে দিলেন আমাকে। আমাদের বের হতে একটু দেরি হোল। মাসজিদ নাবাওয়ীতে জায়গা পাওয়া যাবে না, এ জন্যে মাসজিদ আল-মীকাতেই (মাদীনাহ থেকে যাঁরা হাজ্ব বা 'উমরাহ করতে যান, তাঁদেরকে এখানেই ইহরাম পড়তে হয়) ঈদের সালাত আদায় করলাম।
এর আগে রাতেই আমরা পরিকল্পনা করেছি বদর যুদ্ধের স্থানটি পরিদর্শনে যাবার। সালাত শেষে বাসায় এসে সামান্য নাস্তা করেই আমি, ছোটাচ্চু আর মেজো আবুব চললাম বদরের প্রান্তরে। মাঝখানে গাড়িতে জুস ফেলে ছোটাচ্চু আমার জামাটা ইয়ে করে দিলেন আর কি! বদরের যুদ্ধক্ষেত্রটি প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। ড্রাইভার আঙ্কেল বললেন, এখানে এসে অনেকেই মাটি ধরে বিলাপ করতো, মাটি নিয়ে গায়েমুখে মাখতো। আবার অনেকে কিছু মাটি সাথে করে নিয়েও যেতো।
এই ধরনের শিরক থেকে বাঁচার জন্যে পুরো যুদ্ধক্ষেত্রটা দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে কয়েক জায়গায় সামান্য গলা উঁচু করলেই বেশ ভালোভাবে দেখা যায়। আমরা সাথে লাগোয়া একটি টিলায় দাঁড়িয়ে জায়গাটা দেখতে পেয়েছি। বদর! প্রেরণার বদর প্রান্তর! সাহীহ বুখারী'র কিতাবুল মাগাযী-তে যে বদর দেখেছি, সীরাত ইবন হিশামের পাতায় যে প্রান্তর-কে কল্পনা করেছি, আজ সে প্রান্তর আমার সামনে দাঁড়িয়ে। তাকবীর ধ্বনি গলা ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলো। বদর পরিদর্শন শেষেই ড্রাইভার আঙ্কেল বললেন, ইয়ানবু' সৈকত এখান থেকে খুবই কাছে। মেজো আবুব বললেন, 'তুমি তো লোভ জাগায় দিলে মিয়া! চলো তাইলে, ভাতিজাকে নিয়ে যাই!' আমরা সৈকতে এসে পৌঁছলাম। আরব সাগরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্যে এই সৈকত খুবই চমৎকার করে সাজানো। আমাদের এখানে সমুদ্রসৈকত অনেক সময়ই নির্লজ্জতার প্রতিশব্দ হয়ে যায়। অস্তস্তিকর ও বিব্রতকর পরিস্থিতিরও সম্মুখীন হতে হয় অনেক শুদ্ধাচারী পর্যটককে। কিন্তু ওখানকার সৈকতের কী চমৎকার দৃশ্য! নারীদের মধ্যে যাঁরা সামান্য পানিতে নামছেন, পূর্ণ পর্দা বজায় রেখে নামছেন। এখানে ওখানে পিকনিক করতেও দেখা যাচ্ছে অনেককে। সাগরের মনোমুগ্ধকর ঢেউ আর নীল জলের বুকে দূর থেকে দেখা ফেনারাশি- সৌন্দর্যের অপার উৎসধারা উপভোগ করে এখানে কেউ সীমালংঘনে রত নেই, বরং সেই সৌন্দর্য ও নান্দনিকতার স্রষ্টার প্রতি যেন। কৃতজ্ঞচিত্ত হয়ে তাঁর সন্তুষ্টিকেই মূখ্যজ্ঞান করছেন। সৈকতের উপরিভাগে খেজুর গাছগুলোতে খেজুর পাকা শুরু হয়েছে, এবং কিছু ঝরেও পড়েছে। মজার বিষয় হোল, অনেকে পরিবার নিয়ে আসছেন, কিন্তু তাঁরা কেউ পানিতে নামেন না। সৈকতে গাড়ি চালিয়ে গাড়ির এক চাকা পানিতে আর অন্য চাকা পানির উপরে রেখেই তাদের আনন্দ! আবার পানি থেকে একটু উচুতে শামিয়ানা বিছিয়ে সবাই মিলে হাসি-খুশিতে ভোজন সেরে নিচ্ছেন। আমি আর ছোটাচ্চু পানিতে নেমে বেশ কদ্দূর গিয়ে ছবিটবি তুলে চলে আসলাম। বেশ কিছু তরুণ উদোম গায়ে একেবারে নীল জলের ওদিকে পৌঁছে যাচ্ছিলো। ড্রাইভার আঙ্কেল বললেন, ওরা খ্রিস্টান ধর্মাবলম্বী। বিশাল সাগরের দিকে স্থিরনেত্রে তাকিয়ে থাকলে শূন্যতার অনুভব খুব সহজেই ভেতরে জায়গা করে নেয়। এই অসীম জলধির বুকে নিঃসঙ্গ ও নিভৃতচারী হয়ে অহোরাত্র মুখ গুঁজে থাকার সাধ জাগে। কোলরিজ-এর একটা কবিতা ছিলো অনেকটা এরকম-ই। মনে পড়ছে না ঠিক।[১]
আমরা সৈকত থেকে উঠে এসে বাঙালী রেস্তোঁরা খুঁজে বের করলাম। ওখান থেকে সরাসরি চলে আসলাম মাসজিদ নাবাওয়িতে। এখানে যোহরের সালাত আদায় করে ফিরলাম বাসায়।
ছোটাচ্চু মাঝে মাঝে বলা-কওয়া ছাড়া হুটহাট গাড়িতে তুলে পছন্দের জায়গাগুলো ঘুরিয়ে আনতেন। হরেকদেশী মানুষ আর তাঁদের সংস্কৃতির সাথে হাতে-কলমে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। ছোটাচ্চু তার গাড়ি নিজেই বেশ ভালো ড্রাইভ করেন, আমাকেও ড্রাইভিংয়ের পয়লা সবক দিয়ে দিলেন! চাচ্চুদের মার্কেটে দুয়েকবার যাওয়া হয়েছিলো। অনেকগুলো জিনিসের নতুন আরবি নাম শেখা হোল এখানে।
হিজরতের পরে 'উসমান [রা.] মুসলমানদের পানি সমস্যা লাঘবের জন্যে যে কূপটি কিনে নিয়েছিলেন, এটা 'বীরে উসমান'[২] হিসেবে পরিচিত। আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে জানলাম, জায়গাটা আমাদের আশেপাশেই কোথাও। আমার দেখতে ভীষণ ইচ্ছে হোল। ড্রাইভার আঙ্কেলকে দেখালাম। উনি বললেন, খুঁজেটুজে দেখা যেতে পারে। ছোটাচ্চু, সাহিম আর আমাকে সহ নিয়ে আল্লাহর নামে বেরিয়ে পড়লেন। এবং খুব অল্প সময়েই আমরা কূপটির সন্ধান পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ! জায়গাটা মেজো আব্বুর বাসা থেকে সর্বোচ্চ পনের মিনিটের দূরত্বে। সুবহানাল্লাহ, এই কূপ থেকে এখনো পাশের বিশাল খেজুর বাগানে পানির যোগান দেয়া হচ্ছে! কূপের পাশেই 'উসমান [রা.]'র বাসস্থানের ভগ্নাবশেষ দেখতে পেলাম। ছোটাচ্চু বললেন, 'এতদিন মাদীনাহ থেকেও এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানের সন্ধান পেলাম না! তোমাকে বিশেষ ধন্যবাদ দিতে হয়, তোমার কল্যাণে দুইটা অজানা ঐতিহাসিক স্থান চিনে ফেললাম, আলহামদুলিল্লাহ।'
সুযোগ হলেই আমরা মাসজিদ নাবাওয়িতে জামা'আতে শরিক হতাম। মেজো আবুব বেশ রাত করে বাসায় ফিরতেন। ফুফু আর আমার সাথে পুরনো দিনের গল্পের ঝুড়ি মেলে ধরতেন। স্মৃতিগুলো এত বেশি জীবন্ত তাঁর কাছে, মাশা-আল্লাহ! জীবনকে কতভাবে কিভাবে দেখতে হয়, সেই দর্শনও চমৎকৃত হবার মতো। আমার ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়েও বেশ গাইডলাইন দিয়ে গেছেন সুযোগ হলেই। মেজো আম্মু ঐ অসুস্থ শরীরেও আমাদের যত্ন-আত্তিতে যাতে কোনো ত্রুটি না হয়, সে ব্যাপারে তীক্ষ্ণ নজর রেখেছেন। মেজো আম্মু তো শুধু ভালো একজন বন্ধু-ই ছিলেন না, ছিলেন আমার শৈশবের শিক্ষিকা-ও।
ছোটাচ্চুর সেই এক কাজ, বাইরে গিয়ে একগাদা ফলমূল, জুস আর দুধ নিয়ে আসা। না খেয়েও রক্ষা নেই, জোর করে গিলিয়ে ছাড়েন। ছোট আবুব্ব হলেন গিয়ে নীরব দর্শক। না বাজালে উনি বাজতে চান না! আবার প্রয়োজনীয় বাজনার ক্ষেত্রে সচেতন! বিশেষত ভাতিজার সুবিধা-অসুবিধা নিয়ে তাঁরও উৎকণ্ঠার কমতি নেই। সার্বক্ষণিক সব প্রয়োজনে পাশে ছিলো সুহাইমা আর সাহিম। এই দুই জান্নাতী প্রজাপতি আমার ভালোবাসার বাগানজুড়ে অনুক্ষণ উড়াউড়ি করেছে। কী এক মায়ার বাঁধনে আমাকে জড়িয়েছিলো জানি না, এখনো শূন্যতা অনুভব হয়। আমার তো দেয়ার মতো সেই একটাই আছে, সবার নামের অদ্যাক্ষর দিয়ে একটা করে কবিতা গিফট করে আসলাম।
আমি দেশ ত্যাগের আগেই একটা লিস্ট করে ফেলেছি বইয়ের। মেজো আবুব ছোটাচ্চুকে বললেন ড্রাইভার আঙ্কেলকে সাথে নিয়ে বইগুলো কিনে ফেলতে। দুই দিন বিভিন্ন লাইব্রেরি ঘুরে আমরা অধিকাংশ বই-ই পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আবার হোল কী, আমি ভেবেছিলাম যে দারুসসালাম যেহেতু বিশ্বজুড়ে সমাদৃত প্রকাশনা সংস্থা, এখানে সবাই তার ঠিকানাটা বলতে পারবে। কিন্তু কেউ-ই বলতে পারলেন না। শেষমেশ মনে পড়লো রাহনুমাপু দারুসসালামের বইয়ের ভক্ত-পাঠিকা! অবশেষে তাঁর শরণাপন্ন হলাম। আপু বই থেকে তাদের মাদীনাহ অফিসের ঠিকানাটা টেক্সট করে দিলেন। যারপরনাই আনন্দিত হলাম। দারুণ ঔৎসুক্য নিয়ে খুঁজে বের করে ফেললাম। বেশ কিছু পছন্দের বই নেয়া হোল। মেজো আবুব একদিন আমি, সুহাইমা আর সাহিমকে নিয়ে বেরোলেন কেনাকাটা করতে। ওরা দু জনের পছন্দ হয়েছে এমন দুটো তোব কিনলাম। মধ্যখানে সময় করে আমরা মাদীনাহ ইউনিভার্সিটি ঘুরে আসলাম। ওখানে বেশ কিছু বাঙালি বড় ভাইয়ার সাথে কথা বললাম, পরিচিত হলাম। দু জন সম্মানিত শাইখের সাথে কথা বললাম। খুশি হলেন এবং দু'আ করলেন।
আমাদের ফিরতি ফ্লাইটের দিন ঘনিয়ে আসছে। কখন যে পঁচিশ দিন পূর্ণ হয়ে গেলো, টের-ই পেলাম না! ছয় তারিখ রাতে ফ্লাইট। আমরা প্রস্তুতি নিতে থাকলাম। সিদ্ধান্ত হোল, পাঁচ তারিখ রাতে মাদীনাহ থেকে রওনা হবো। এর মধ্যে আবার মেজো আম্মু হঠাৎ করে ধরে বসলেন, কিছু নিতে হবে। আমি আসন্ন বিদায়ের কথা ভেবে এমনিতে ভারাক্রান্ত। ছোটাচ্চু আর সুহাইমা এক প্রকার জোর করেই সাথে নিয়ে নিলো। আমি এক জোড়া জুতো, মোজা আর একটা টি-শার্ট নিলাম। ফুফা আর ছোটাচ্চু আমাদের ব্যাগ আর লাগেজগুলো ভালো করে বাঁধছিলেন।
হর্ষের প্রহরগুলো খুব দ্রুত ফুরিয়ে গেলো, বিষাদের কালো ছায়া ক্রমশ ঘিরতে শুরু করলো, যখন শেষবারের মতো প্রিয় নবীজিকে সালাম দিয়ে এলাম আর মাসজিদ নাবাওয়িতে শেষ সালাত আদায় করে ফিরলাম, রাহমাতের ফল্গুধারা থেকে ক্রমে ক্রমে নিজেকে শুধু বঞ্চিত মনে হতে শুরু করলো। সুহাইমা খুব করে বলছিলো, 'ভাইয়া! আর দুটো দিন পরে যাওয়া যায় না?' সাহিম বলছিলো, 'দুইদিন না হলেও একদিন থাকেন না ভাইয়া! প্লিজ!' আমার তখন বলার কিছু থাকে? কষ্টগুলো দলা পাকিয়ে নিজেই গিলে ফেললাম। নতুন বাবু সাহিলও বিড়বিড় করে তাকিয়ে থেকে মায়ার বাঁধনে আটকে ফেলেছিলো। মেজো আবুবু, মেজো আম্মু, ছোট আব্বু, ছোটাচ্চু – তাঁদেরও বিদায়ের একটা অপ্রস্তুত অনুভূতি। অবশেষে ভালোবাসার সবগুলো অধ্যায়ের সমাপ্তি টেনে আমরা পাঁচ তারিখ রাতে রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। গাড়ি পরবর্তী মোড়ে অদৃশ্য হবার আগ পর্যন্ত সুহাইমা ও সাহিম ঠাঁয় দাঁড়িয়ে ছিলো রাস্তায়। ওদের নির্বাক চাহনিকে ভুলে গিয়ে প্রিয় রাসূলের শহরকে আমরা বিদায় জানালাম।
বিদায় মাসজিদ কুবা, বিদায় মাসজিদ আন-নাবাওয়ি, বিদায় উহুদ, বিদায়, বিদায়!
বিদায় হে মাদীনাতুর রাসূল...
ছয় তারিখ ভোরে আমরা মক্কায় পৌঁছলাম। এখান থেকে রাতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবার কথা। এবার হোটেল পেলাম বায়তুল্লাহ থেকে একেবারে কাছে। আমরা শেষবারের মতন বায়তুল্লাহ তাওয়াফ করলাম। এখন মানুষের ভীড় একদমই নেই। প্রাণভরে বায়তুল্লাহকে দেখতে পেলাম। হাতীমে কা'বার ভেতরে সালাত আদায়ের সুযোগ পাই নি গেলবার, এবার তাওয়াফকারীর সংখ্যা কম হওয়ায় পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় কা'বাকে শেষ বিদায় জানাবার অনুভূতি প্রকাশ কিভাবে করি? এ কেবল কা'বার মালিকই জানেন।
মালিক আমার! ইচ্ছা-অনিচ্ছায় সংঘটিত ভুলগুলো তুমি ক্ষমা করে দিয়ে আমাদের 'উমরাহ কবুল করে নাও। তৃষিত হৃদয়কে প্রশান্ত করতে আবার কখনো বায়তুল্লাহর দর্শন-সুধা পানের সুযোগ পাবো কি-না, জানি না। তোমার কা'বার আঙিনায় প্রস্তুত অশ্রুর ফোঁটাগুলো দিয়ে আমার ভুল-ভ্রান্তির অগ্নিতাপ নিভিয়ে দিও, মালিক!
টিকাঃ
১ হাজার বছরের বাংলা কবিতা, পৃ. ১০১
২ পূর্ণ এলিজি কবিতার জন্যে দ্রষ্টব্য: সীরাত ইবন কাসীর খ. ৪ পৃ. ৫৫৬; সীরাত ইবন হিশাম, খ. ২ পৃ. ৬৬৬
৩ 'এক মুঠো সবুজের স্বপ্ন'তে এই কাব্যানুবাদ গ্রন্থাশ্রিত হয়েছে।
৪ ছোট আবুব ও ছোটাচ্চু- এই দুই শব্দের ব্যাখ্যা দেই। চট্টগ্রাম অঞ্চলে চাচাদের আবুব সম্বোধনের রেওয়াজ আছে। আব্বুব্বরা ছয় ভাই। তো, আমরা যথাক্রমে (আমার) আবুব (অন্যদের কাছে 'বড়ো আব্ব'), মেজো আবুব, সেজো আবুব, ছোট আবুব- এভাবে নামকরণ করতে গিয়ে দু জন বাদ পড়ে গেলেন, এদিকে ধারাক্রম-বিশেষণ শেষ হয়ে গেছে। একজনকে তাঁর ইচ্ছানুযায়ী 'মিষ্টি আবুব' নামকরণ করা হোল। অন্যজনকে কী ডাকা যায়? মেজো আম্মুর পরামর্শ মোতাবেক আমরা সিদ্ধান্ত নিলাম, বিশেষণ যেহেতু পাওয়া যাচ্ছে না, বিশেষ্যকেই পরিবর্তন করা হোক; একদম ছোটোজনকে 'আবুব' না ডেকে 'ছোট চাচ্চু' বলা যেতে পারে। সেই 'ছোট চাচ্চু'র নজীবিয় সংস্করণ হচ্ছে 'ছোটাচ্চু'। আশা করি, পাঠকের সংশয় দূরীভূত হয়েছে।
১ অনেকেই 'রাওদ্বাহ' (/রওযা) বলতে রাসূলুল্লাহর [] কবর-কে মনে করেন। অথচ, কবর ও রাওদ্বাহ দুটো ভিন্ন। এক্ষেত্রে আমরা রাসূলুল্লাহর বক্তব্যটি খেয়াল করতে পারি: ما بين بيتي ومنبري روضة من رياض الجنة "আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান (রাওদ্বাহ)।" [সাহীহ আল-বুখারী: ১১৩৭, সাহীহ মুসলিম: ৩৪৩৪।]
১ نعاس শব্দটি সূরা আল-আনফাল (৮)-এর ১১ নং আয়াতে উল্লিখিত হয়েছে। نعاس এবং نوم শব্দ দুটি অর্থের দিক থেকে প্রায় কাছাকাছি হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। نعاس বলতে হালকা ও অগভীর ঘুম-কে নির্দেশ করা হয়, 'তন্দ্রাচ্ছন্নতা'-ও বলা যেতে পারে, যখন মানুষ পুরোপুরি অবচেতন হয় না, বরং অনুভূতি সজাগ থাকে। কিন্তু نوم বলতে বোঝানো হয় গভীর ঘুম, যা মানুষের চৈতন্য-কে পুরোপুরি সুপ্ত করে দেয়, মানুষটি মোটেও চিন্ময় থাকে না। অথবা এক কথায় এভাবেও বলা যেতে পারে, نوم হচ্ছে ঘুম, نعاس হচ্ছে ঘুম আসার পূর্বেকার (তন্দ্রাচ্ছন্ন) অবস্থা। [রূহুল মা'আনী, খ. ৭ পৃ. ২৮]
১ সুনান আল-বায়হাক্বী আল-কুবরা: ৮২৩৯
১ কবিতাটি ছিলো: "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea! And never a saint took pity on My soul in agony." [The Rime of the Ancient Mariner, Part IV]
২ : بئر
📄 বিয়ের কবিতা : জীবনের কবিতা
এক
ভালোবাসার মানুষগুলোর বিয়েতে দাওয়াত পাওয়ার পর আমি সশরীরে উপস্থিত হতে না পারলেও গিফটটা পাঠিয়ে দিতে চেষ্টা করি। আমার পক্ষ থেকে গিফট সব সময়-ই এক রকম, খুব সাধারণ: দুইজনের জন্যে দুইটা বই, আর দুইজনের প্রতি দু'আ ও ভালোবাসা জানিয়ে উভয়ের নামের অদ্যাক্ষর দিয়ে মিলিয়ে একটা কবিতা লিখে বাঁধাই করে দেই। এবার দুইটা গল্প বলি।
ক
যেই দিনটার কথা বলছি, তার পরেরদিন ছিলো ডাক্তারনি বুবুর বিয়ে। পরীক্ষার কারণে আমি ওয়ালিমায় উপস্থিত থাকতে পারছিলাম না। তবুও কবিতা লিখতে বসে গেলাম। মজার বিষয়, উভয়ের নামের সবগুলো বর্ণ মিলালে ১৪টা হয়। তার মানে একটা সনেট লিখে ফেলা যায় অনায়াসে! কিন্তু যথারীতি দ্বিধায় পড়ে গেলাম, কার নাম দিয়ে শুরু করবো, এই নিয়ে। আমি জানতে চাইলাম,
: বুবু, কার নামটা আগে দেবো?
: তোর ইচ্ছা!
: উঁহু! বলে দে প্লিজ।
: আচ্ছা, তোর ভাইয়ারটা আগে দে।
মোটামুটি নিকটাত্মীয় বলা যায়, এমন একজন ভাইয়ার বিয়ের দাওয়াত পেলাম। আমি যেহেতু অখন্ড অবসরে আছি, এমনিতেই কবিতা লিখে দিতাম একটা, কিন্তু ভাইয়াটা দাওয়াত দেয়ার সাথে সাথে স্মিত হেসে বললেন, 'একটা কবিতার আবদার রাখতে পারি তো!' তার মানে আমাকে দ্বিগুণ উৎসাহে কবিতা লিখতে হবে! যথারীতি বসে গেলাম। এবারও দ্বিধায় পড়লাম। আমার কবিতা লেখার স্টাইলটা বুঝিয়ে দিয়ে তাঁকেও জিজ্ঞেস করলাম। আলাপনটা প্রায় একই রকমের,
: ভাইয়া, কার নামটা আগে রাখবো?
: আপনার যেটা সুবিধা হয়।
: আপনি বললেই খুশি হবো ভাইয়া।
: তাহলে উনার নামটা আগে রাখো।
দুই
আমি আসলে দুটো গল্প শোনাতে চাই নি, দুটো বাক্য শোনাতে চেয়েছি:
'তোর ভাইয়ারটা আগে দে।'
'উনার নামটা আগে রাখো।'
তিন
খাতা-কলমের কবিতার ক্ষেত্রে এই দুটো বাক্য যেমন প্রোজ্জ্বল আভায় দীপ্যমান, জীবনের কবিতায় বাক্য দুটোর সার্থক প্রয়োগ কেমন স্বর্ণোজ্জ্বল দ্যুতি ছড়াতে পারে?
ভাবছিলাম, এই দুটো বাক্যের যে দর্শন, দুটো হৃদয়ের যুগল পথচলায় বিশ্বাস ও বিশুদ্ধতাকে অমলিন রাখার জন্যে এর চে' বেশি কিছু দরকার আছে কি না!
📄 পরীক্ষার গল্প
এক
পরীক্ষার হলে উপস্থিত হলেন। ইনভিজিলেটর আসলেন। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হোল। প্রশ্নপত্র হাতে পেয়ে আপনি এক দফা হেসে নিলেন। আপনার জানাশোনা বিষয়-আশয় থেকেই প্রশ্ন এসেছে। শতভাগ 'কমন'। হলের ভেতর কেউ ভ্রু কুঁচকাচ্ছে, কেউ মাথার চুল ছিঁড়ছে, আর কারো চোখ ছানাবড়া হয়ে আছে। বাকিরা যে যার মত লেখা শুরু করেছে। আপনি মোটামুটি আত্মবিশ্বাসী, আপনি এদের সবার চেয়ে ভালো উপস্থাপনা করতে পারবেন। ভাবতে ভাবতে আপনি খাতায় কিছুই লিখছেন না। পরীক্ষার নির্ধারিত সময় ধীরে ধীরে ফুরিয়ে এসেছে। আপনি আগাগোড়া সাদা খাতা জমা দিয়ে এলেন। ইনভিজিলেটর অবাক!
: কী ব্যাপার? তুমি কিচ্ছু লিখলে না? পুরোদস্তুর সাদা খাতা জমা দিয়ে যাচ্ছো!
: স্যার, আমার জ্ঞান, প্রশ্নকৃত বিষয় সম্পর্কিত সব প্রসঙ্গ-অনুষঙ্গ - সব তো আমার মস্তিষ্কে জমা আছে! খাতায় লেখার কী দরকার?
পরীক্ষার দিন স্যার কিছু বললেন না। রেজাল্ট প্রকাশের দিন দেখলেন, আপনার নামটা কোথাও নেই! স্যার সেদিন আপনাকে একঝলক দেখে যখন 'বোকা ছেলে কোথাকার!' বলে ভর্ৎসনা করলেন, তখন আপনার বুক ভেঙ্গে গেল। এত্ত পড়ালেখা আর জানাশোনা সব অর্থহীন হয়ে গেল!
দুই
আপনি বিশ্বাস করেন, পৃথিবীটা আপনার জন্যে একটি পরীক্ষাক্ষেত্র, আখিরাতে সব পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা হবে।
আপনি এই পৃথিবীতে আল্লাহ্ তা'আলা প্রদত্ত সিলেবাস- আল-কুরআন এবং আস-সুন্নাহ সম্পর্কে ওয়াকিফহাল। সাধ্যানুসারে জানার চেষ্টা করেন, পড়েন, লিখেন, ভাবেন অনেক কিছু। অথচ আপনার দৈনন্দিন জীবনে চলাফেরায়, উঠা-বসায়, কথা-বার্তায় কিংবা আচরণে একটু-ও প্রতিফলন ঘটে না তার। আপনি ঠিক সেই পরীক্ষার্থীর মতই দিব্যি বলে বেড়ান,
'ইসলাম তো আমার অন্তরেই আছে। বাইরে প্রকাশের কী হোল?'
তিন
আপনাকে দুটো সমীকরণ আবার দেখাই:
ক) আমার জ্ঞান তো আমার মস্তিষ্কে জমা আছে! খাতায় লেখার কী দরকার?
খ) ইসলাম তো আমার অন্তরেই আছে। বাইরে প্রকাশের কী হোল?
এবার একটু ভেবে দেখুন...
প্রথম ব্যক্তিটার মতো আপনার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবার দিন আল্লাহ্র কাছে আপনিও ঠিক এভাবে বোকা হয়ে যাবেন না তো! আপনার জ্ঞান এবং প্রজ্ঞা সব অর্থহীন হয়ে যাবে না তো!?
চিন্তা করা দরকার না!?
চার
একটু চিন্তা করার কথা বলছি কেনো জানেন? কারণ, দ্বিতীয় পরীক্ষার রেজাল্টের পর আপনার চিন্তা করার অবকাশ-ই থাকবে না। কিংবা চিন্তা করলেও তা কোনো কাজে আসবে না।
প্রথমে উল্লিখিত পরীক্ষায়, মানে পার্থিব কোন পরীক্ষায় যদি আপনি অকৃতকার্য হন, তাহলে সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার কোমর বেঁধে পড়াশোনা করে আবারো পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। প্রথমবারের ব্যর্থতাকে দ্বিতীয়বার সফলতায় রূপান্তর করার ফুরসত আছে। কিন্তু কিয়ামাতের দিন রেজাল্ট পাবার পর আপনাকে সে সুযোগ দেয়া হবে না! আল-কুরআন কী বলছে শুনুন:
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّnَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ
"সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের রব্ব! আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। (আল্লাহ বলবেন) আমি কি তোমাদেরকে এতটা সময় দেই নি, যাতে যা চিন্তা করার বিষয় তা চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব (আযাবের স্বাদ) আস্বাদন কর। সীমালঙ্ঘনকারীদের জন্যে কোন সাহায্যকারী নেই।" [১]
তাহলে চলুন, সময় থাকতেই আমরা চিন্তা করি, সতর্ক হই, সচেষ্ট হই! অবহেলায়, অবচেতনে অকৃতকার্য হতভাগ্যদের কাতারে যেনো না পড়ি আমরা! চূড়ান্ত সাফল্যের আনন্দে যেনো আমরা এক চিলতে হাসির ঝিলিক ছড়িয়ে দিতে পারি, তার জন্যে আজ থেকে, এখন থেকেই মনোযোগী হই...!
টিকাঃ
১ সূরা ফাতির ৩৫:৩৭
এক
পরীক্ষার হলে উপস্থিত হলেন। ইনভিজিলেটর আসলেন। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হোল। প্রশ্নপত্র হাতে পেয়ে আপনি এক দফা হেসে নিলেন। আপনার জানাশোনা বিষয়-আশয় থেকেই প্রশ্ন এসেছে। শতভাগ 'কমন'। হলের ভেতর কেউ ভ্রু কুঁচকাচ্ছে, কেউ মাথার চুল ছিঁড়ছে, আর কারো চোখ ছানাবড়া হয়ে আছে। বাকিরা যে যার মত লেখা শুরু করেছে। আপনি মোটামুটি আত্মবিশ্বাসী, আপনি এদের সবার চেয়ে ভালো উপস্থাপনা করতে পারবেন। ভাবতে ভাবতে আপনি খাতায় কিছুই লিখছেন না। পরীক্ষার নির্ধারিত সময় ধীরে ধীরে ফুরিয়ে এসেছে। আপনি আগাগোড়া সাদা খাতা জমা দিয়ে এলেন। ইনভিজিলেটর অবাক!
: কী ব্যাপার? তুমি কিচ্ছু লিখলে না? পুরোদস্তুর সাদা খাতা জমা দিয়ে যাচ্ছো!
: স্যার, আমার জ্ঞান, প্রশ্নকৃত বিষয় সম্পর্কিত সব প্রসঙ্গ-অনুষঙ্গ - সব তো আমার মস্তিষ্কে জমা আছে! খাতায় লেখার কী দরকার?
পরীক্ষার দিন স্যার কিছু বললেন না। রেজাল্ট প্রকাশের দিন দেখলেন, আপনার নামটা কোথাও নেই! স্যার সেদিন আপনাকে একঝলক দেখে যখন 'বোকা ছেলে কোথাকার!' বলে ভর্ৎসনা করলেন, তখন আপনার বুক ভেঙ্গে গেল। এত্ত পড়ালেখা আর জানাশোনা সব অর্থহীন হয়ে গেল!
দুই
আপনি বিশ্বাস করেন, পৃথিবীটা আপনার জন্যে একটি পরীক্ষাক্ষেত্র, আখিরাতে সব পরীক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা হবে।
আপনি এই পৃথিবীতে আল্লাহ্ তা'আলা প্রদত্ত সিলেবাস- আল-কুরআন এবং আস-সুন্নাহ সম্পর্কে ওয়াকিফহাল। সাধ্যানুসারে জানার চেষ্টা করেন, পড়েন, লিখেন, ভাবেন অনেক কিছু। অথচ আপনার দৈনন্দিন জীবনে চলাফেরায়, উঠা-বসায়, কথা-বার্তায় কিংবা আচরণে একটু-ও প্রতিফলন ঘটে না তার। আপনি ঠিক সেই পরীক্ষার্থীর মতই দিব্যি বলে বেড়ান,
'ইসলাম তো আমার অন্তরেই আছে। বাইরে প্রকাশের কী হোল?'
তিন
আপনাকে দুটো সমীকরণ আবার দেখাই:
ক) আমার জ্ঞান তো আমার মস্তিষ্কে জমা আছে! খাতায় লেখার কী দরকার?
খ) ইসলাম তো আমার অন্তরেই আছে। বাইরে প্রকাশের কী হোল?
এবার একটু ভেবে দেখুন...
প্রথম ব্যক্তিটার মতো আপনার চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবার দিন আল্লাহ্র কাছে আপনিও ঠিক এভাবে বোকা হয়ে যাবেন না তো! আপনার জ্ঞান এবং প্রজ্ঞা সব অর্থহীন হয়ে যাবে না তো!?
চিন্তা করা দরকার না!?
চার
একটু চিন্তা করার কথা বলছি কেনো জানেন? কারণ, দ্বিতীয় পরীক্ষার রেজাল্টের পর আপনার চিন্তা করার অবকাশ-ই থাকবে না। কিংবা চিন্তা করলেও তা কোনো কাজে আসবে না।
প্রথমে উল্লিখিত পরীক্ষায়, মানে পার্থিব কোন পরীক্ষায় যদি আপনি অকৃতকার্য হন, তাহলে সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার কোমর বেঁধে পড়াশোনা করে আবারো পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। প্রথমবারের ব্যর্থতাকে দ্বিতীয়বার সফলতায় রূপান্তর করার ফুরসত আছে। কিন্তু কিয়ামাতের দিন রেজাল্ট পাবার পর আপনাকে সে সুযোগ দেয়া হবে না! আল-কুরআন কী বলছে শুনুন:
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّnَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ
"সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের রব্ব! আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। (আল্লাহ বলবেন) আমি কি তোমাদেরকে এতটা সময় দেই নি, যাতে যা চিন্তা করার বিষয় তা চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব (আযাবের স্বাদ) আস্বাদন কর। সীমালঙ্ঘনকারীদের জন্যে কোন সাহায্যকারী নেই।" [১]
তাহলে চলুন, সময় থাকতেই আমরা চিন্তা করি, সতর্ক হই, সচেষ্ট হই! অবহেলায়, অবচেতনে অকৃতকার্য হতভাগ্যদের কাতারে যেনো না পড়ি আমরা! চূড়ান্ত সাফল্যের আনন্দে যেনো আমরা এক চিলতে হাসির ঝিলিক ছড়িয়ে দিতে পারি, তার জন্যে আজ থেকে, এখন থেকেই মনোযোগী হই...!
টিকাঃ
১ সূরা ফাতির ৩৫:৩৭
📄 পারঘাটা পার হলে
এক
এই প্রথম নৌকা ভ্রমণের অভিজ্ঞতা হোল আমার। কখনো নৌকা ভ্রমণ করি নি জানার পর থেকে মাসুম পরিকল্পনা করে বসে ছিলো আমাকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাবার। কোনো অজুহাতে কাজ হোল না, অবশেষে তিনি নিয়েই ছাড়লেন! এই নদী দূষিত হতে হতে পানির রঙ পর্যন্ত পরিবর্তিত হয়ে গেছে। সদরঘাটের কাছেই একটা খেয়াঘাট থেকে আমরা নৌকায় চড়ে বসলাম। অন্য ধরনের পুলক অনুভূত হয়েছে। মৃদু ঢেউয়ের তালে তালে নৌকার দোদুল দুল বেশ উপভোগ্য, আসলেই! আমি প্রথমবার নৌকায় চড়ার কারণে হয়তো এত বেশি উৎফুল্ল ছিলাম।
সেদিন মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিলো। আবার নৌকায় যাত্রীও ছিলো পূর্ণ। একে তো আমি ভীতু প্রকৃতির, তার ওপর সামান্য দুলতেই বুকের ভেতরটা কেমন আঁতকে ওঠে। দুরু দুরু কাঁপতে থাকি অজানা কোনো শঙ্কায়। মাঝ নদীতে এসে যখন ঢেউয়ের ভাঁজের সাথে নৌকার চলা খানিক বেঁকে যায়, তখন অনায়াসেই আল্লাহর প্রতি আত্মসমর্পণের চিন্তাটা মনে এসে যায়। অসহায়ত্বের ক্ষণগুলো বিমূর্ত হয়ে ওঠে আল্লাহর স্মরণ ও শরণ-প্রার্থনায়।
দুই
নৌকায় বসে ভাবছিলাম, আচ্ছা, এই যে আমি, ওপারে গিয়ে কি আল্লাহর স্মরণে বিগলিত হৃদয় আর তাঁর কাছে নিজের ক্ষুদ্রত্ব নিবেদনের কথা ঠিক এভাবে মনে থাকবে তো আমার?
জীবনচক্রের ঘূর্ণিতে কী ঘটছে আসলে? যাপিত জীবনের পথচলায় আমরা প্রতিটি ক্ষণেই আল্লাহকে ভুলে চলেছি। কিন্তু যখনই বিপদ-শঙ্কা আর অসহায়ত্বের কাছে হেরে যেতে বসি, তখন আবার আল্লাহর কাছেই ফিরে আসি। কিন্তু আল্লাহ তাঁর করুণায় যখন আমাদের উদ্ধার করেন সেই সঙ্গিন অবস্থা থেকে, আমরা বরাবরের মতোই অকৃতজ্ঞদের অন্তর্ভূক্ত হই।
কুরআনের এই আয়াতটি বারবার মনে পড়ছিলো আর নিজের অবস্থান নিয়ে ভাবছিলাম:
فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ
"তারা যখন জলযানে আরোহণ করে, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখনই তারা আল্লাহর সাথে শরীক করতে থাকে।" [১]
তিন
ভাবছিলাম, এই বিপদসংকুল, ফেনিল স্রোতে উত্তাল মাঝনদীতে আমিও তো পরম আকুতির প্রেক্ষণে তাঁকে দেখছি, চরম অসহায়ত্ব নিবেদন করছি সপ্রীত স্মরণে। আল্লাহ্ তীরে পৌঁছে দেয়ার পর আমার সকৃতজ্ঞ হৃদয় কি ঠিক এভাবেই তাঁর স্মরণে বিগলিত হবে?
প্রভু! নদীপার হবার মতই জীবনের নানা পর্যায়ে পারঘাটা পার হলেও যেন তোমার স্মরণ থেকে গাফেল না হই।
'জলযানে আরোহী' আমি এবং 'স্থলে পৌঁছে যাওয়া' আমি- দুই 'আমি'কে তুমি এক করে দাও, মালিক।
টিকাঃ
১ সূরা আল-'আনকাবূত ২৯:৬৫
এক
এই প্রথম নৌকা ভ্রমণের অভিজ্ঞতা হোল আমার। কখনো নৌকা ভ্রমণ করি নি জানার পর থেকে মাসুম পরিকল্পনা করে বসে ছিলো আমাকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাবার। কোনো অজুহাতে কাজ হোল না, অবশেষে তিনি নিয়েই ছাড়লেন! এই নদী দূষিত হতে হতে পানির রঙ পর্যন্ত পরিবর্তিত হয়ে গেছে। সদরঘাটের কাছেই একটা খেয়াঘাট থেকে আমরা নৌকায় চড়ে বসলাম। অন্য ধরনের পুলক অনুভূত হয়েছে। মৃদু ঢেউয়ের তালে তালে নৌকার দোদুল দুল বেশ উপভোগ্য, আসলেই! আমি প্রথমবার নৌকায় চড়ার কারণে হয়তো এত বেশি উৎফুল্ল ছিলাম।
সেদিন মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিলো। আবার নৌকায় যাত্রীও ছিলো পূর্ণ। একে তো আমি ভীতু প্রকৃতির, তার ওপর সামান্য দুলতেই বুকের ভেতরটা কেমন আঁতকে ওঠে। দুরু দুরু কাঁপতে থাকি অজানা কোনো শঙ্কায়। মাঝ নদীতে এসে যখন ঢেউয়ের ভাঁজের সাথে নৌকার চলা খানিক বেঁকে যায়, তখন অনায়াসেই আল্লাহর প্রতি আত্মসমর্পণের চিন্তাটা মনে এসে যায়। অসহায়ত্বের ক্ষণগুলো বিমূর্ত হয়ে ওঠে আল্লাহর স্মরণ ও শরণ-প্রার্থনায়।
দুই
নৌকায় বসে ভাবছিলাম, আচ্ছা, এই যে আমি, ওপারে গিয়ে কি আল্লাহর স্মরণে বিগলিত হৃদয় আর তাঁর কাছে নিজের ক্ষুদ্রত্ব নিবেদনের কথা ঠিক এভাবে মনে থাকবে তো আমার?
জীবনচক্রের ঘূর্ণিতে কী ঘটছে আসলে? যাপিত জীবনের পথচলায় আমরা প্রতিটি ক্ষণেই আল্লাহকে ভুলে চলেছি। কিন্তু যখনই বিপদ-শঙ্কা আর অসহায়ত্বের কাছে হেরে যেতে বসি, তখন আবার আল্লাহর কাছেই ফিরে আসি। কিন্তু আল্লাহ তাঁর করুণায় যখন আমাদের উদ্ধার করেন সেই সঙ্গিন অবস্থা থেকে, আমরা বরাবরের মতোই অকৃতজ্ঞদের অন্তর্ভূক্ত হই।
কুরআনের এই আয়াতটি বারবার মনে পড়ছিলো আর নিজের অবস্থান নিয়ে ভাবছিলাম:
فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ
"তারা যখন জলযানে আরোহণ করে, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন, তখনই তারা আল্লাহর সাথে শরীক করতে থাকে।" [১]
তিন
ভাবছিলাম, এই বিপদসংকুল, ফেনিল স্রোতে উত্তাল মাঝনদীতে আমিও তো পরম আকুতির প্রেক্ষণে তাঁকে দেখছি, চরম অসহায়ত্ব নিবেদন করছি সপ্রীত স্মরণে। আল্লাহ্ তীরে পৌঁছে দেয়ার পর আমার সকৃতজ্ঞ হৃদয় কি ঠিক এভাবেই তাঁর স্মরণে বিগলিত হবে?
প্রভু! নদীপার হবার মতই জীবনের নানা পর্যায়ে পারঘাটা পার হলেও যেন তোমার স্মরণ থেকে গাফেল না হই।
'জলযানে আরোহী' আমি এবং 'স্থলে পৌঁছে যাওয়া' আমি- দুই 'আমি'কে তুমি এক করে দাও, মালিক।
টিকাঃ
১ সূরা আল-'আনকাবূত ২৯:৬৫