📄 আমি নিষ্পাপ হতে চাই
ইশশ! সেই নিষ্পাপ শৈশবে যদি একটু ফিরে যেতে পারতাম! দুধেল সাদা শৈশব! শুভ্র-সফেদ শৈশব! পঙ্কিলতাহীন শৈশব! পবিত্রতার আবেশ জড়ানো শৈশব!
কে না চায়, নিজের সব ভুল-ভ্রান্তিকে পেছনে ফেলে অনাবিল স্নিগ্ধতায় ভরপুর সেই শৈশবে ফিরে যেতে?
এই যে আমরা, তারুণ্যের উচ্ছ্বলতায় ভরপুর জীবন যাদের, পথ চলতে চলতে হঠাৎ করেই ইচ্ছে হয়, সব মায়া-মরীচিকার জটিল অঙ্ক বাদ দিয়ে আলোয় আলোয় ভরা সরল-ঋজু দিনগুলো আরেকবার আপন করে পেতে!
বিশ্বাসী হৃদয় এই বাসনায় উদগ্রীব থাকে একটু বেশি-ই। এই বাসনার সাথে জড়িয়ে আছে মহাসমুদ্ররূপী মহাকালের ঠিক মাঝখানে হাবুডুবু খাওয়ার গ্লানি থেকে পরিত্রাণ পাবার সুতীব্র আকাঙ্ক্ষা।
তারুণ্য বা বার্ধক্যকে পেছনে ফেলে শৈশব ফিরে পাওয়া আদৌ সম্ভব নয়, তবুও এই কল্পনার জগতে পরিভ্রমণের সময় নিজেকে বিশুদ্ধতার সফেদ উত্তরীয়তে জড়াবার যে স্বপ্ন লুকিয়ে থাকে অন্তরে, সেই স্বপ্নের মুখে একটু আলোর ঝলক দেয়ার জন্যে আমাদের এবারের আসর। আসর শুরু করার আগে আমরা এই ধরনের ভাবনা-পরিবাহী একটি কবিতার সাথে পরিচিত হয়ে যাই।
ইংরেজি সাহিত্যে মেটাফিজিক্যাল ধারার কবিদের একজন হেনরি ভন (Henry Vaughan); তাঁর বিখ্যাত The Retreat[১] কবিতাটি আমরা এখানে কাব্যানুবাদের চেষ্টা করেছি, প্রবহমান মাত্রাবৃত্ত ছন্দে।
কত না স্নিগ্ধ ছিলো পেছনের ফেলে আসা দিন সব!
ফেরেশতাদের মতো আলোকিত ছিলো সেই শৈশব!
হয় নি যখন এই পৃথিবীকে গভীর দেখা,
এবং ধরার জীবনে নিজের নামটি লেখা;
সস্তা এসব তত্ত্বীয় প্যাঁচ আমার যখন হয় নি শেখা-
তখন আমার শুভ্র ভাবনা জুড়ে ছিল এক অপার্থিব সৌরভ!
আমার প্রভুর ভালোবাসা থেকে আসি নি তখনো অনেক দূরে,
ওখানে দাঁড়িয়ে দেখতে পেতাম তাঁর আলোটাকে দৃষ্টি জুড়ে,
ঘণ্টাখানেক সময় ধরেই আমার আত্মা এক নিমেশে-
মিশে যেতো সেই স্বর্ণালী মেঘ কিংবা পুষ্পরাজির দেশে!
কিছু অনন্ত ছায়া-ই মূলত আসত এসব খুব সাধারণ জ্যোতির বেশে!
তখন আমার ভাষায় ছিলো না রুক্ষ-কঠিন ছাপ,
আমার হৃদয়ে সরব হয় নি তখনও কোনো পাপ!
এমন কলুষ স্বভাব ছিলো না, ইন্দ্রিয়কে যা দিয়ে প্ররোচিত করা যায়
অনুক্ষণ পাপের কাছেই নিয়ে।
বরং আমার দেহ-মনে শুধু অনুভব হতো সেই-
অনন্ত থেকে আসা উজ্জ্বল জ্যোতির দীপ্তিকেই!
জানি না এখন কিভাবে যে আমি এতদূর যাবো ফিরে!
সেই সে পুরনো পথে-প্রান্তরে হাঁটতে আবার ধীরে!
যেখানে ছিলাম ভাসুর আমি প্রাণে আর প্রাণনায়,
প্রথম সোনালি শৈশব রেখে এসেছি যেখানে হায়,
দেখতো শহর আলোর মনন তাল-তমালের ছায়!
কিন্তু আমার আত্মা এখানে কাটিয়েছে আহা অনেক কাল!
হয়ে গেছে তাই উন্মাদ-সম, চলতে গেলেই টালমাটাল!
মানুষেরা নাকি সামনে যেতেই স্বাচ্ছন্দ্য খুঁজে পায়
কিন্তু আমার হৃদয়টা আজ কেবল পেছনে ফিরে যেতে শুধু চায়!
আরেকবার পড়ুন তো! আমাদের অব্যক্ত অনুভূতিগুলো কী অপূর্ব ব্যঞ্জনায় ব্যক্ত করেছেন কবি! তাই না?
চলুন, এবার আমরা আমাদের সেই স্বপ্নিল পথে হাঁটা শুরু করবো। খুব কঠিন কিছু ভাবছেন? আরে নাআআ, একদম সহজ, দেখুন না!
আল্লাহর ওপর ভরসা রাখুন, হ্যাঁ!
এই পথে হাঁটতে গিয়ে পথিকদের কাছ থেকে আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হবো-
> আমি কিভাবে পাপ-পঙ্কিলতামুক্ত হবো? নিষ্পাপ হওয়া কি সম্ভব?
> আমার এত্ত এত্ত পাপ! আল্লাহ ক্ষমা করবেন তো!?
> আমি বারবার ফিরে আসি, কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারি না। পাপে জড়িয়ে যাই!
এই তিনটি মৌলিক প্রশ্ন / সংশয় / জড়তা- যাই বলুন- এগুলো আমাদের স্বপ্নিল পথে হাঁটার সামনে কাঁটা হয়ে থাকে। আমরা এই কাঁটাগুলো একটি একটি করে তুলে ফেলতে চাই। চলুন তাহলে... বুকে হিম্মত রেখে সন্তর্পণে শুরু হোক যাত্রা!
আমি কিভাবে পাপ-পঙ্কিলতামুক্ত হবো? নিষ্পাপ হওয়া কি সম্ভব?
আমরা অত থিওলজিক্যাল কথাবার্তায় যেয়ে কী করবো? চলুন, গল্প করতে করতে এগিয়ে যাই!
ক
ছোটভাই নাফিস অনেকক্ষণ ধরে পেন্সিল দিয়ে কি জানি আঁকছিলো খাতায়। আঁকা শেষ হবার পর বোধহয় ওর মনঃপুত হয় নি, অঙ্কিত দৃশ্যের প্রতি একরাশ বিরক্তি ঝরিয়ে সে রাবার দিয়ে মুছে ফেললো, পুরো পৃষ্ঠাটাই পুনরায় সাদা হয়ে গেলো। চাচ্চু আর আমি গপ্পো করছিলাম, দুইজনেই কথা থামিয়ে ওর কান্ডকারখানা দেখছিলাম। চাচ্চু যথারীতি ভাবুক হয়ে ওঠলেন,
আচ্ছা, নজীব! আমাদের জীবনটাও এমন হলে কেমন হতো! জীবনের ভুলগুলো যদি এক নিমেষেই মুছে ফেলা যেতো! কিংবা জীবনের কোনো একটা অধ্যায়কে যদি ঠিক এভাবেই দৃশ্যপট থেকে আড়াল করে দিয়ে ধবধবে সাদা করে দেয়া যেতো! আহ! সেরকম একটা রাবার থাকলেই হতো!
কম্পোজে আমার হাত মোটামুটি দ্রুত চলে। বেশ কিছুক্ষণ ধরেই এম এস ওয়ার্ডে একটা প্রবন্ধের ফরম্যাট খসড়া করছিলাম। কিন্তু প্রতিবারই পরিবর্তন-পরিবর্ধন করার পরও মনে ধরছিলো না। রুমমেট খুব মনোযোগ দিয়ে আমার টাইপিং দেখছিলো। সবার জানার কথা, লেখার সময় Ctrl+Z প্রেস করলে বর্তমান অবস্থা থেকে পুরনো অবস্থায় ফিরে যাওয়া যায়, যেটাকে কম্পিউটারের পরিভাষায় আমরা 'undo' বলে থাকি। রুমমেট একটা দীর্ঘশ্বাস নিয়ে বলছিলো,
জীবনে যদি একবার একটা Ctrl+Z অপশন পাইতাম, নতুন করে জীবনটারে সাজাইতাম! আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য একটা Ctrl+Z অপশন থাকতো যদি...!
গ
আমরা যাঁরা নিষ্পাপ হতে চাই, আমরা তো ঠিক এমনটাই কল্পনা করি, নাকি? আপনিও কি সেরকম একটা রাবার খুঁজছেন? অথবা একটা Ctrl+Z অপশন খুঁজে বেড়াচ্ছেন? চিন্তার কারণ নেই, আমিই খুঁজে দিচ্ছি আপনাকে। সেই রাবার অথবা Ctrl+Z অপশন-এর আল্লাহ প্রদত্ত নাম হচ্ছে: 'আত-তাওবাহ'!
: কী বলছেন!? রাবার কিংবা Ctrl+Z অপশন এর মতো তাওবাহ কি আমাকে একেবারে সাফ-সুতরো করে দিতে পারবে? আমার এত্ত এত্ত পাপ আর ভুল-ভ্রান্তিকে কিভাবে মুছে দেবে?
: বুঝছি, আপনি তাহলে আশ্বস্ত হতে পারছেন না! এই নিন, আপনার জন্যে এক্কেবারে প্রিয়নবীজি [] থেকেই আশ্বাসবাণী নিয়ে এলাম:
"পাপ থেকে তাওবাহকারী ব্যক্তি সেই ব্যক্তির মতোই, যার কোন পাপ-ই নেই!!১।"
ঘ
: চাচ্চু, রাবার পেয়ে গেছেন? ঝটপট মুছে ফেলেন তাইলে!
: ভাইয়া, Ctrl+Z অপশন পেয়েছো!? তাইলে তাড়াতাড়ি প্রেস করো!
চাচ্চু রাবার নিয়ে মেতে ওঠলেন। ভাইয়াটা সেই শবু প্রেস করে ফেললো।
আপনি পেরেছেন তো? না পারলে জলদি সেরে ফেলুন!
একটা কাঁটা সরে গেলো, আলহামদুলিল্লাহ। এবার আরেকটি কাঁটার সাথে বোঝাপড়া করবো আমরা। সেই কাঁটাটি হচ্ছে, তাওবাহ করার ক্ষেত্রে একটা সংশয় আপনাকে এসে বারবার খোঁচাতে থাকবে,
আমার এত্ত এত্ত পাপ! আল্লাহ ক্ষমা করবেন তো!
এই সংশয় অমূলক কিছু নয়। তবে একইসাথে, এই সংশয় কিন্তু একেবারেই বালির বাঁধ! কেনো জানেন? উত্তরটা আল্লাহর কাছ থেকেই শুনে নেই:
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
"আপনি বলে দিন যে, (আল্লাহ বলেন) আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর যুলম করেছো, তোমরা আল্লাহ তা'আলার রহমত হতে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহ (অতীতের) সমস্ত গুনাহ ক্ষমা করবেন; নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল, দয়ালু।১৯”
গভীর অনুভূতি দিয়ে একটু অনুভব করতে চেষ্টা করুন। এটা আমার নিজস্ব কোনো সান্ত্বনা নয়, বরং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কর্তৃক নিশ্চিত সত্য প্রতিশ্রুতি!
আপনার হতাশ হবার সুযোগ থাকে আর?
এবার একটা গল্প শোনাই।
বানানো গল্প নয়, আমরা নবীজির []-এর কাছ থেকেই গল্পটা শুনবো:
“তোমাদের পূর্বেকার জাতির একটি লোক নিরানব্বই জনকে হত্যা করে, এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী লোকের (‘আলিমের) খোঁজ করে, তখন তাকে একজন ইবাদতগুজার ব্যক্তির কথা বলা হয়। সে তাকে গিয়ে বলে, আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি, আমার তাওবাহ হবে? তিনি বললেন: না। অতঃপর তাকে হত্যা করে সে একশো জন লোক পূর্ণ করলো। অতঃপর সে একজন বিজ্ঞ ব্যক্তির খোঁজ করলে আরেকজন ‘আলিমের খোঁজ দেয়া হয়। সে তাঁকে গিয়ে বলে, আমি একশোজন লোক হত্যা করেছি, আমার কি তাওবা করার সুযোগ আছে? তিনি বললেন: ‘হ্যাঁ, আছে। কে তোমার ও তাওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে?’ তুমি অমুক স্থানে যাও, সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত কর। আর তুমি তোমার এলাকায় ফিরে যেও না। কেননা তোমার এলাকাটা খুব খারাপ। সে তখন যাত্রা শুরু করে। অর্ধেক পথ অতিক্রম করার সময় তার মৃত্যু এসে উপস্থিত হয়। অতঃপর তার ব্যাপারে রহমত ও আযাবের ফেরেশতারা বিবাদে লিপ্ত হন। রহমতের ফেরেশতারা বলেন: সে তাওবা করে আল্লাহর পানে ছুটে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলেন: সে কখনো কোনো ভালো কাজই করে নি। অতঃপর সেখানে মানুষের বেশে একজন ফেরেশতা আসেন। তারা তাকে বিচারক মানেন। তিনি বলেন: তোমরা দুদিকটা মেপে দেখ। সে যেদিকে অধিক নিকটবর্তী হবে, তাকে সেদিকের বলে ধরে নেয়া হবে। অতঃপর মেপে দেখা গেল যে, সে যেদিকে যাচ্ছিল সে দিকটাই নিকটে। এর ফলে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যায়।”
এবার আমাকে বলুন, আপনার যাপিত জীবনে সঞ্চিত পাপগুলো কি এই লোকটার চেয়েও বেশি ভয়ানক? পরিমাণে অধিক?
একশোটা লোক হত্যা করার মত বিশাল পাপের বোঝা আপনার কাঁধে বর্তমান? এতো বড়ো ও অকল্পনীয় পাপের বোঝা নিয়েও কেউ যদি আল্লাহর অপরিসীম করুণার ছায়ায় জায়গা করে নিতে পারে, আমি বা আপনি কেন পারবো না? হাদিসের গল্পে দেখলেন তো! আল্লাহ্ কত বেশি করুণার আধার, চিন্তা করা যায়! বান্দাহকে ক্ষমা করার জন্যে কত বেশি উদগ্রীব, ভাবা যায়!
শুধু কি তা-ই? তাওবাহ করার পর আল্লাহ্ আপনার সমস্ত পাপকে পুণ্যে 'কনভার্ট' করে দেবেন! এই যে, আল্লাহ বলছেন:
وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا . يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا . إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
"আর যারা আল্লাহর সাথে অন্য কোন মা'বুদের ইবাদত করে না এবং আল্লাহ যাকে (হত্যা করা) হারাম করে দিয়েছেন, তাকে হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ব্যতীত, এবং তারা ব্যভিচার করে না। আর যে ব্যক্তি এরূপ কাজ করবে, তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। কিয়ামাতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। কিন্তু যারা তাওবা করবে এবং ঈমান আনবে আর নেক কাজ করতে থাকবে, আল্লাহ তাদের পাপসমূহকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ বড়ই করুণাময়।১৯”
এত্ত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়, আপনিই বলুন?
তাহলে আর দেরি কেন?
সব দ্বিধা-সংশয় ঝেড়ে ফেলে এক্ষুণি দুই হাত সঁপে দিন প্রিয়তম প্রভুর কাছে। অশ্রুর ফোঁটা নিবেদন করুন গভীর অনুরাগে।
দুইটি কাঁটার তো হিল্লে হোল! এবার আপনার মনে আরেকটা সংশয়ের আগমন:
তাওবাহ তো করেছি। প্রায়-ই করি। কিন্তু নিজেকে যে ধরে রাখতে পারি না!
একদমই চিন্তা করবেন না। আপনি ইতোমধ্যে দুটো স্তর পার হয়ে এসেছেন। এবারের স্তর পার হওয়ার চ্যালেঞ্জ আরো সোজা, ইন শা-আল্লাহ!
কিভাবে?
চলুন একজন ভাইয়ার গল্প বলি। তিনি বলছিলেন,
এইবার শেষ! নিজেকে এবার শক্ত করে শাসালাম, কোনভাবেই আর পাপে জড়ানো যাবে না। তাওবাহ করলাম, কয়দিন ভালো মতোই কাটলো। নাহ, শেষমেষ কিভাবে যে পাপটাতে আবার জড়িয়ে গেলাম! এমনটা প্রায়-ই হচ্ছে, ভাই! আমি মনে-প্রাণে চাই এই অবস্থা থেকে উদ্ধার পেতে। কিছু একটা বল ভাই!
আপনার এই সমস্যাটা যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, তাহলে দাঁড়ায়:
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অবাধ্যতাকে খুবই গর্হিত এবং নিন্দনীয় কাজ মনে করেন। আপনার প্রিয়তম স্রষ্টা কর্তৃক নিষিদ্ধ কোনো বিষয়কে আপন করে নিতে আপনার মন সায় দেয় না। তবুও লক্ষ্যে-অলক্ষ্যে, সময়ে-অসময়ে আপনি তাতে জড়িয়ে পড়ছেন। তার জন্যে আবার প্রচণ্ড অনুশোচনাও হচ্ছে। তাওবাহ করে ফিরে আসার পর আপনার প্রতিজ্ঞা নড়বড়ে হয়ে যাচ্ছে; যার কারণে আবারো পুরনো পথেই হাঁটছেন। তারপর আবারও অনুশোচনায় পুড়ছেন!
মোটামুটি এই অস্বস্তিকর চক্র থেকে এখন আপনি মুক্তি পেতে চান। ঠিক ধরেছি না?
আপনার কিন্তু হতাশ হবার কিচ্ছু নেই!
আরেহ, আপনি নিজেই জানেন না, স্বয়ং আল্লাহ আপনাকে নিশ্চিন্ত থাকতে বলেছেন! বিশ্বাস হয় না?
বুঝেছি, আপনাকে চাক্ষুষ দেখাতে হবে আর কি! দেখুন, আল্লাহ আপনার জন্যে কী বলছেন:
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
"নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।"
চাট্টিখানি কথা?
খুব গভীরভাবে খেয়াল করে দেখুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন!
চোখ বন্ধ করে আবার কল্পনায় আনুন, আল্লাহ আপনাকে ভালোবাসেন!
হ্যাঁ, ভালোবাসেন! স্বয়ং আল্লাহ! আরশের মালিক! জ্বী, আপনাকেই!
এই যে পাপে জড়িয়ে যাবার পরই আপনি ফিরে আসছেন, আল্লাহ এ জন্যে আপনাকে ভালবাসেন।
তাওবাহ করার পর যখন আপনার প্রতিজ্ঞা নড়বড়ে হয়ে যায়, চোখ বন্ধ করে নিজেকে একটু স্মরণ করিয়ে দিন,
হে আমার আত্মা!
তুমি চেনো নিজেকে?
তোমাকে যে আল্লাহ ভালোবাসেন!
তুমি এই পবিত্র ভালোবাসার অমর্যাদা কিভাবে করবে?
তুমি অভিশপ্ত শাইত্বানকে সন্তুষ্ট করতে আরশের মালিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দিতে পারো না!
তুমি আমার প্রিয়তম স্রষ্টার ভালোবাসায় অবিশ্বাস ও অবাধ্যতার কালো ছাপ ফেলতে পারো না!
না, তুমি অত নীচ হও নি, হে প্রিয় আত্মা!
তোমার প্রভুর ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে কোন্ মুখে তাঁর সামনে দাঁড়াবে, বলো?
দেখুন তো, এরপর চোখটা ছলছল করে ওঠে কি না! অনুভব করলে দেখবেন, চোখের এই জল আপনার হৃদয়ের কালিমা-মলিন পঙ্কিলতাকে ধুয়ে মুছে শুভ্র করে দিয়েছে কখন, আপনিই টের পান নি!
এবার বলুন, আপনার কি কোনো সুযোগ থাকে আর? পাপে জড়াবার? আল্লাহর অবাধ্যতার? নাফসের গোলামির?
খুব সাধারণ, সাদামাটা ও সহজ সমাধান, যদি আপনি আন্তরিকভাবে প্রয়োগ করতে পারেন।
একইসাথে, আপনি আপনার প্রিয়তম প্রভুর একটি মর্মভেদী আহŹানকে স্মরণ রাখতে পারেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا
“মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবাহ করো, আন্তরিক তাওবাহ!!”
এই যে আমরা বললাম, ‘আন্তরিক তাওবাহ’- এটা ঠিক কী রকম? এই অনুবাদ মূল আরবি শব্দবন্ধ ‘তাওবাতান নাসূহা’কে পুরোপুরি বিম্বিত করে নি, এই শব্দবন্ধের যথার্থ আবেদন কী, জানতে হলে আমাদেরকে যেতে হবে তাফসীরকারদের কাছে। দেখে আসি, তাঁরা কী বলেন। ‘তাফসীর শাওকানী’ আমাদের জানাচ্ছে, ‘তাওবাতান নাসূহা’ বলা হয় এমন তাওবাহ-কে, যে তাওবাহটি তাওবাহকারীকে প্রণোদনা যোগায় পূর্বেকার পাপের দিকে ফিরে না যেতে।[২]
আয়াতটা আবার পড়ুন। কথাটা কিন্তু আল্লাহর! বলা হচ্ছে আপনাকে লক্ষ করে! আপনার প্রিয়তম প্রভুর কথা আপনি রাখবেন না, এমনটা কী হয়, বলুন? কথাটা রাখতে হলে কী করা চাই? কিচ্ছু করতে হবে না, আজকের তাওবাহটাকেই ‘তাওবাতান নাসূহা’ করে ফেলতে হবে। ব্যস, আপনার কাজ শেষ!
এবার আপনার খুব পরিচিত একটি দু'আকে পুনর্বার স্মরণ করিয়ে দেই। আপনার মনোবল বৃদ্ধি করা, অটল থাকার স্পৃহা জাগ্রত রাখা এবং মানসিক সুস্থিরতার জন্যে আল্লাহর কাছে চাওয়া চাই অনবরত! প্রিয়নবীজি-ও [ ] তা-ই করতেন। তাঁর প্রিয় দু'আগুলোর মধ্যে একটি ছিলো এটি, যা আপনিও জানেন, কিন্তু ততবেশি গুরুত্ব দিয়ে কখনো ভাবেন নি। যদি মুখস্থ না থাকে, তবে আমার বিশ্বাস, দুই মিনিটের বেশি আপনার লাগবে না এটাকে 'ঠোঁটস্থ' করে ফেলতে! চলুন দেখি, কী সেই দু'আ!
اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنا على طاعَتِكَ
“হে আল্লাহ! হে অন্তরসমূহ পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলো তোমার আনুগত্যের ওপর অবিচল রাখো!”
আপনি আপনার প্রিয়তম প্রভুকে ভালোবাসেন। তাঁর অবাধ্য না হবার জন্যে প্রাণপণ চেষ্টা করেন। আবার মাঝে মাঝে সুযোগ হলেই তাঁর কাছে আবেগভরা কণ্ঠে আবদার জানান, যেনো আপনার এই প্রচেষ্টায় তিনি সহায় হন, বারাকাহ ঢেলে দেন।
ব্যস, আপনার দিনগুলো আপনার প্রভুর সাথে অকৃত্রিম ভালোবাসা ও ভালো লাগায় কেটে যাবে। এই ভালোবাসায় চিড় ধরাতে পারবে না কেউ। কেউ-ই না!
যখন আল্লাহ আপনাকে ভালোবাসছেন, আপনিও তাঁর ভালোবাসার মূল্য দিচ্ছেন, তাঁর কাছে চাচ্ছেন, তিনিও অকাতরে ঢেলে দিচ্ছেন- বুঝতেই পারছেন, কী গভীর প্রীতির বন্ধনে আপনাকে জড়িয়ে নিয়েছেন আপনারই প্রভু! এই বন্ধন ছিন্ন করে কে?
চোখ বন্ধ করে দেখুন, দ্বীনের পথে আপনার অবিচল পথযাত্রার এই আনন্দকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ চলে এসেছেন ইতোমধ্যে! তাঁরা আপনার জন্যে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন! এই দেখুন, কুরআন বলছে:
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ
"নিশ্চয় যাঁরা বলে, আমাদের রব্ব আল্লাহ এবং তার ওপরেই অটল অবিচল থাকে, তাঁদের প্রতি ফেরেশতাগণ অবতীর্ণ হন এই বার্তা নিয়ে: তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না, তোমাদের জন্যে প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ নাও!”
এবার 'আলহামদুলিল্লাহ' বলে একটি মুচকি হাসি দিয়ে ফেলুন দেখি! অতঃপর নিজের সাথে কথা বলা শুরু করুন...!
তিনটি ধাপ আপনি পার হয়ে এসেছেন। আপনি কিভাবে সেই সুপ্নিল পথে সফলভাবে হেঁটে যাবেন, সেসবকিছু জেনে ফেললেন। এবার একটা সিরিয়াস কথা আপনার জন্যে!
সেটা শুনবার আগে চলুন একটা সুন্দর গান শুনে ফেলি। গানটির গীতিকার আব্দুল্লাহ মাহমুদ নজীব, সুরারোপ করেছেন আবুল আলা মাসুম এবং কণ্ঠ দিয়েছেন মারুফ আল্লাম।
শুনেছি তোমার দয়ার পাথার নেই তার কোন কূল
সে পাথারে হোক বিলীন আমার জীবনের যত ভুল ॥
তোমার পাথার থেকে সবটুকু না-ই যদি দাও আমায়,
এক ফোঁটা জল দাও না ঝরিয়ে আমার আমলনামায়!
সেই জলে প্রভু বুকের কালিমা ধুয়ে মুছে হোক সাফ-
পোড়া হৃদয়ের গ্লানি ভুলে আমি হতে চাই নিষ্পাপ।
আমার হৃদয়-কাননে ফোটাও ফিরদাউসের ফুল ॥
প্রতিটি ক্ষণেই আমি তো কেবল পাপই করেছি জমা
তুমিই বলেছো না হতে হতাশ, চাইতে তোমার ক্ষমা!
ডাকলে তোমায় সাড়া দেবে তুমি- কোরানে দিয়েছো বলে;
বুকে নিয়ে সেই আশা দুই চোখে দুফোঁটা অশ্রু গলে।
তোমার ওয়াদা রাখবে তুমি-ই, তুমি যে প্রভু অতুল ॥
শোনা শেষ? একটা হাসি দেন তাইলে!
চলেন, এবার 'সিরিয়াস' কথাটা বলে ফেলি। কথাটা আমার নয়, বিশ শতকের অন্যতম স্মরণীয় মণীষী আশ-শা'রাওয়ী [র.]-এর। তিনি তাঁর তাফসিরগ্রন্থের একটা স্থানে খুব চিন্তা জাগানিয়া কথা বলেছেন:
"আপনার কাছে তীক্ষ্ণ ধারালো তরবারি থেকে কী লাভ, যদি সেই তরবারি দিয়ে আঘাত করার মতো শক্ত হাত আপনার না থাকে?"
এবার আপনার কাছে আসি।
ধরুন, এই যে পাপ-পঙ্কিলতা-কদর্যতা, এ-সবকিছুই আপনার দুশমন। আপনি এতক্ষণ ধরে যা জানলেন, সেগুলো তরবারি, এই শত্রুর বিরুদ্ধে লড়ার জন্যে। কিন্তু... তরবারি পেয়ে যদি আপনি বসে থাকেন, আঘাত করার মতো শক্ত হাতের অধিকারী না হোন, তাহলে কিন্তু এই তরবারি কিছুতেই কাজে দেবে না! 'মাইন্ড ইট!'
শক্ত হাত মানে আপনার সুদৃঢ় ও সুসংহত একটি হৃদয়, যেটা সর্বক্ষণ পাপের বিরুদ্ধে সতর্ক থাকবে, পাপের মুখোমুখি হলেই তার সাথে তাওবাহ'র তরবারি দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে লড়বে।
আপনার সেই শক্তিমত্তা অর্জনের জন্যে চাই অনুভব-অনুভূতির জমিনে দৃঢ়তার চাষ করা। সেই জমিনকে উর্বর করার জন্যে তাফসির ইবন কাসিরে উল্লিখিত এই কবিতা দিতে পারে সারের যোগান:
تصل الذنوب إلى الذنوب وترتجي * درج الجنان ونيل فوز العابد
أنسيت ربك حين أخرج آدما * منها إلى الدنيا بذنب واحد
আমরা কাব্যানুবাদ করে ফেলি:
আমলনামায় হাজারও পাপ জমিয়ে চলেছো প্রতি ক্ষণে ক্ষণে,
'আবিদ এবং জান্নাতী হবো'- এমন স্বপ্ন দেখছো তবু?
আচ্ছা, তুমি কি ভুলেই গিয়েছো সেই জান্নাত থেকেই প্রভু-
আদমকে বের করে দিয়েছেন একটি মাত্র পাপের কারণে?
খুব স্পষ্ট বার্তা!
জান্নাত থেকে আদম [আ.]-কে আল্লাহ্ তা'আলা বের করে দিয়েছিলেন শুধু একটি অবাধ্যতার কারণে। আমরা একটি দুটি নয়, অসংখ্য পাপ সাথে নিয়ে সেই জান্নাতেই যাবার স্বপ্ন দেখছি!
পাপের মুখোমুখি হলেই আপনি নিজেকে এই কবিতাটা দিয়ে 'রিমাইন্ডার' দেবেন। নিজের সাথে কথা বলবেন। বেশ, ইন শা-আল্লাহ্ আপনি উদ্দীষ্ট শক্তিমত্তা অর্জন করবেন খুব সহজেই!
তাহলে, আমরা শত্রুকে চিনলাম। তরবারি হাতে পেলাম। তরবারি দিয়ে আঘাত করার মতো শক্তিমত্তাও অর্জন করলাম।
এবার? এবার আর কী? লড়াই শুরু হোক... পাপের বিরুদ্ধে, পঙ্কিলতার বিরুদ্ধে, কদর্যতার বিরুদ্ধে। এই লড়াইয়ের একটি শ্লোগান, একটি ইশতেহার... 'আমি নিষ্পাপ হতে চাই!'
টিকাঃ
১ Poems of Henry Vaughan, Vol. 1, P. 59-60.
১ সুনান ইবন মাজাহ: ৪২৫০; সুনান আল-কুবরা (বায়হাক্বী): ২১০৭০
১ সূরা আয-যুমার ৩৯:৫৩.
১. সহীহ মুসলিম: ২৭৬৬
১ সূরা আল-ফুরকান ২৫:৬৮-৭০
১ সূরা আল-বাক্বারাহ ২:২২২
১ সূরা আত-তাহরীম ৬৬:৮
২ তাফসীর শাওকানী, খ. ৭ পৃ. ২৫৭
১ সাহীহ মুসলিম: ২৬৫৪
২ সূরা ফুসসিলাত ৪১:৩০
১ তাফসীর ইবন কাসীর: খ. ১ পৃ. ২৭৬
📄 বিষমাখা পুষ্প
খুব মনে পড়ে, শুক্লপক্ষের রাতে বাড়ির ছাদে চাটাই বিছিয়ে দাদাভাই আমাদের গল্প শোনাতেন। শ্রোতা বলতে তখন আমি, রুবাইয়া এবং নাসিম - তিন ভাই-বোন।
হাজী মুহম্মদ মুহসীনের কথা ক্লাসে প্রথম শোনার পর বাড়িতে সবাইকে খুব উৎসাহ নিয়ে শোনাতে লাগলাম। ঐ বয়সটা এমনই, নতুন কিছু শেখার পরে বা নতুন কোনো বিষয় জানার পরে সেটা চারদিকে রাষ্ট্র করে বেড়াতে না পারলে দুই দন্ড স্বস্তি পাওয়া যায় না। দাদাভাই সে সময় আমার মুখে হাজী মুহসীনের কথা শুনে একদিন ছাদের ওপর বসে খুব সুন্দর করে আরেকজন দানবীরের গল্প শুনিয়েছিলেন: হাতেম তায়ী। তাঁর শেষ পরিণতি শুনে তো কতোবার কেঁদে বুক ভাসিয়েছি! তখন থেকে আমি আর রুবাইয়া একটা অঘোষিত প্রতিযোগিতায় নেমে পড়েছিলাম মুহসীন এবং হাতেম তায়ী হবার জন্যে! যত বড় হয়েছি, এই দুটো মানুষের প্রতি ঈর্ষার পরিমাণটাও বেড়েছে ক্রমশ। সেই ঈর্ষা জড়ানো ভালোবাসা থেকেই ফররুখ আহমদের সার্থক কাব্যনাট্য 'নৌফেল ও হাতেম' এক বসাতে শেষ করেছিলাম! সম্প্রতি তাফসীর কুরতুবীতে হাতেম তায়ীর উদ্ধৃত কবিতা দেখে আবিষ্কার করলাম, এই মহানুভব মানুষটির ছিলো বিস্ময়কর কাব্যপ্রতিভা! মনে মনে খুব খুশি হলাম তাঁর আরেকটা গুণের পরিচয় পেয়ে। আল্লাহর কী ইচ্ছা, আরবি কবিতার বই ঘাঁটতে গিয়ে হঠাৎ পেয়ে গেলাম তাঁর কাব্য সংকলন 'দিওয়ান হাতিম আত-তায়ী'! এ যে মেঘ না চাইতেই জল! প্রাচীন সাহিত্য; যথেষ্ট মনোযোগ এবং পরিশ্রম দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়েছে। এই কাব্যসংকলনে হাতিম আত-তায়ীর বিশুদ্ধ মননের পরিচয় পেয়ে ইচ্ছে জাগলো তাঁর সম্পর্কে বিস্তারিত জানার। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে হাতিম আত-তায়ী সম্পর্কিত যেসব জানা-অজানা বিষয় নজরে এসেছে, সেগুলোকে সাজিয়েই 'বিষমাখা পুষ্প'র গল্পের আসর বসলো আজ।
পরিচয়
পুরো নাম: হাতিম ইবন 'আব্দিল্লাহ ইবন সা'দ ইবন আল-হাশরাজ ইবন ইমরাইল-ক্বায়স ইবন 'আদী। কন্যার নামানুসারে তিনি 'আবু সুফানাহ' (সুফানাহর পিতা) বলে পরিচিত ছিলেন। তাঁর পুত্র 'আদী ইবন হাতিম রাসূলুল্লাহর [ ] সাহাবীদের [রা.] একজন।[১] ইতিহাসে 'আদী বিখ্যাত হয়েছেন সমঝোতার প্রস্তাব নিয়ে 'আলী [রা.] কর্তৃক মু'আওয়িয়াহ [রা.]-এর নিকট প্রেরিত হয়ে।
পন্ডিতগণ বলে থাকেন, তায়ী বংশ থেকে নিজ নিজ ক্ষেত্রে তিনজন অতুলনীয় ব্যক্তির আবির্ভাব হয়েছে: দানশীলতায় হাতিম আত-তায়ী, দুনিয়াবিমুখ একান্ত 'ইবাদাতে দাউদ ইবন নাসীর আত-তায়ী এবং কবিতার ক্ষেত্রে আবু তাম্মাম।[২]
দ্বীন
ইসলামের অভ্যুদয়ের পূর্বেই হাতিম আত-তায়ী মারা যান। রাসূলুল্লাহ'র [৬] বয়স যখন আট বছর (৫৭৮ ঈসায়ী), তখন তাঁর দাদা 'আব্দুল মুত্তালিব মারা যান এবং একই বছরে মারা যান হাতিম আত-তায়ী।[৪] তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী (নাসারা)। আল্লাহর বিচার, তাক্বদীর এবং অন্যান্য ঐশী নির্দেশাবলীতে তিনি বিশ্বাসী ছিলেন।[৫]
আরেকটি মতানুসারে, হিজরী অষ্টম সনে তিনি মারা যান।[৭] এ বছরের যুলহিজ্জাহ মাসে মারিয়াহ কিবতিয়াহ'র গর্ভে রাসূলুল্লাহর [১] সন্তান ইবরাহীম জন্মগ্রহণ করেন।[২]
হাতিমের অনন্য বদান্যতা ও দানশীলতার গল্প
হাতিম আত-তায়ীর দানশীলতা ও পরোপকারিতার ব্যাপারে সকল ঐতিহাসিক একমত। আমরা এতদসংক্রান্ত দুটো বর্ণনা এখানে উল্লেখ করবো।
১. হাতিম আত-তায়ীর স্ত্রী নাওয়ারকে একবার হাতিম সম্পর্কে জিজ্ঞেস করা হোল। তিনি বললেন:
"তাঁর প্রত্যেকটি কাজই ছিলো বিস্ময়কর। একবার আমাদের দুর্ভিক্ষ আক্রান্ত করলো। জমিন রুক্ষতায় ফেটে পড়লো এবং আকাশও হয়ে গেলো ধূসরিত। দুগ্ধদানকারীনি মায়েরা সন্তানদেরকে দুধ পান করানো থেকে সরে আসতে বাধ্য হন। উটগুলো অতিশয় কৃশকায় হয়ে পড়ে। সে সময় শীতের এক প্রখর রাতের অর্ধপ্রহরে আমাদের সন্তানগুলো ক্ষুধায় কান্না জুড়ে দেয়: আব্দুল্লাহ, 'আদ্দী এবং সুফানাহ। আল্লাহর শপথ, আমাদের এমন কিছু ছিলো না, যা দিয়ে তাদের সান্ত্বনা দেবো। হাতিম একজন সন্তানের দিকে এগিয়ে এসে কোলে তুলে নেন। আমি এক কন্যাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আল্লাহর শপথ, রাত্রির একটি অংশ অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত তাদের কান্না থামে নি। এরপর আমরা আঁশযুক্ত সিরীয় চাদর দ্বারা বিছানা পেতে দিলাম। আমরা সন্তানদের ঘুম পাড়িয়ে দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম, হাতিমও অন্য পাশে ঘুমিয়ে পড়লেন আর সন্তানরা ছিলো আমাদের মাঝে। হাতিম অতঃপর আমার দিকে এগিয়ে আসলেন এবং সান্ত্বনা দিতে লাগলেন, যাতে আমি ঘুমিয়ে পড়ি। আমি তাঁর উদ্দেশ্য বুঝতে পেরে ঘুমের ভান ধরলাম। হাতিম বললেন, 'কী হোল? ঘুমিয়ে পড়েছো?' আমি নীরব থাকলাম। তিনি বললেন, 'আমার মনে হচ্ছে, সে ঘুমিয়ে গেছে।' অথচ আমার চোখে কোনো ঘুম ছিলো না। যখন রাত প্রায় শেষ হয়ে এলো, তারকারাজি নিবু নিবু হয়ে এলো এবং সমস্ত প্রকৃতি-ও নিঝুম-নিস্তব্ধতায় নিমগ্ন হলো; তখন তাঁবুর এক প্রান্ত হঠাৎ উঁচু হতে দেখা গেলো। হাতিম বললেন, 'কে রে?' অতঃপর আগন্তুক চলে গেলো। ইতোমধ্যে রাত প্রায় শেষ হয়ে এসেছে। হাতিম [পুনরায়] জিজ্ঞেস করলেন, 'এটা কে?' [একজন মহিলা] বললেন, 'আমি আপনার প্রতিবেশীনি অমুক, হে 'আদীর পিতা! আমি আপনাকে ছাড়া কাউকে ভরসা ও সাহায্যের আশ্রয়স্থল মনে করি নি। আমি ক্ষুধার যন্ত্রণায় নেকড়ে বাঘের মতো আর্তনাদ করতে থাকা কিছু শিশুর পক্ষ থেকে আপনার কাছে এলাম।' হাতিম বললেন, 'তাদেরকে আমার কাছে নিয়ে এসো।' নাওয়ার বললেন, আমি লাফিয়ে উঠলাম এবং বললাম, 'আপনি কী করলেন? ঘুমিয়ে পড়ুন! আল্লাহর কসম, আপনার সন্তানগুলো বিলাপ করছে আর তাদেরকে বুঝ দেয়ার মতো কিছু পেলেন না; অথচ এই মহিলা এবং তার সন্তানদের কিভাবে নিবৃত্ত করবেন?' হাতিম বললেন, 'থামো, আল্লাহর শপথ, আমি তোমাকেও তৃপ্ত করবো ইনশা-আল্লাহ।' নাওয়ার বলেন, মহিলাটি দুই সন্তান কোলে এবং দুই পাশে চারজন সন্তানসহ আসছিলেন, মনে হচ্ছিলো যেনো কিছু বাচ্চা নিয়ে উটপাখি আসছে। হাতিম তার ঘোড়ার দিকে এগিয়ে এলেন এবং বর্শা দিয়ে গলায় আঘাত করলেন। অতঃপর চুলা জ্বালিয়ে দিলেন। এবার ছুরি নিয়ে এসে চামড়া তুলে ফেললেন এবং ছুরিটা মহিলাকে ফিরিয়ে দিলেন। বললেন, তোমার সন্তানদের পাঠাও। মহিলা পাঠিয়ে দিলেন। হাতিম বললেন, এই মৃত জন্তু থেকে শুধু কি তোমরাই খাবে, ছড়িয়ে থাকা আরো অসংখ্য ক্ষুধার্তকে ছাড়া? হাতিম বেরিয়ে পড়লেন, অতঃপর লোকেরা সবাই দলে দলে আসতে লাগলো। হাতিম একটা কাপড় জড়িয়ে এক পাশে শুয়ে থাকলেন আর আমাদের দেখতে লাগলেন। আল্লাহর কসম, তিনি একটা ক্ষুদ্র অংশও সেখান থেকে গ্রহণ করলেন না; অথচ তিনিই [ক্ষুধার তীব্রতায়] সবার চেয়ে বেশি মুখাপেক্ষী ছিলেন [খাওয়ার জন্য]। এরই মধ্যে সকাল হয়ে এলো, দেখা গেলো কিছু হাড়গোড় ছাড়া খাদ্যের কোন কিছু আর অবশিষ্ট নেই।”
২. ওয়াদ্দাহ ইবন মা'বাদ আত-তায়ী বর্ণনা করেন,
"হাতিম আত-তায়ী নু'মান ইবন মুনজিরা এর নিকট আগমন করলে নু'মান তাঁকে সম্মান প্রদর্শন করেন এবং কাছে টেনে নেন। আসার সময় তাকে কিছু উপঢৌকন প্রদান করেন; নগরীর মূল্যবান বস্তু ছাড়াও এর মধ্যে ছিলো স্বর্ণ ও রৌপ্য বোঝাই দুটি বাহন। হাতিম আত-তায়ী তাঁর সম্প্রদায়ের নিকট আগমন করলে তায়ী বংশের বেদুঈন গরীবরা তাঁকে ঘিরে ধরে এবং বলে, ওহে হাতিম! তুমি বাদশাহর কাছ থেকে এসেছো সম্পদ নিয়ে আর আমরা আমাদের পরিজনদের কাছ থেকে এসেছি দারিদ্র্য নিয়ে। হাতিম বলেন, 'আসো আসো! আমার সামনে যা কিছু আছে সব নাও!’ এই বলে তিনি তাদেরকে বণ্টন করে দিতে লাগলেন। অতঃপর তারা সবাই নু'মান কর্তৃক প্রেরিত উপঢৌকনাদির উপর ঝাঁপিয়ে পড়লো এবং নিজেদের মধ্যে ভাগ করে নিলো। এরই মধ্যে হাতিমের দাসী তুরাইফা এগিয়ে এসে তাঁকে বললেন, ‘আল্লাহকে ভয় করুন! নিজের জন্যও কিছু জমা রাখুন! এসব লোকেরা তো কোনো স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা আর অবশিষ্ট রাখলো না। আর না অবশিষ্ট রাখলো কোন বকরী অথবা উষ্ট্র।’ হাতিম আত-তায়ী তখন আবৃত্তি করে বললেন:
قالت طريفة ما تبقى دراهمنا ... وما بنا سرف فيها ولا خرق
إن يفن ما عندنا فالله يرزقنا ... ممن سوانا ولسنا نحن نرتزق
ما يألف الدرهم الكاري خرقتنا ... إلا يمر علينا ثم ينطلق
إنا إذا اجتمعت يوماً دراهمنا ... ظلت إلى سبل المعروف تستبق [3]
[তুরাইফা বলছে, আমাদের কোনো স্বর্ণমুদ্রা অবশিষ্ট থাকবে না। আমরা তো কোনো অপচয়ও করি নি, অনর্থক খরচও করি নি। আমাদের নিকট যা আছে তা যদি শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ-ই আমাদের দান করবেন অন্যদের কাছ থেকে। (আল্লাহ ব্যতীত) আমরা নিজেরা নিজেদের দান করতে সক্ষম নই। 'কার' অঞ্চলের স্বর্ণমুদ্রা আমাদের ঝাঁপিতে জমা হয় কেবল এইভাবে যে, সেটা ঝাঁপি অতিক্রম করেই বণ্টিত হয়ে যায়। যখনই কোনোদিন আমাদের স্বর্ণমুদ্রা জমা হবে, কল্যাণের পথে সেটা অগ্রগামী হতে প্রতিযোগিতায় লিপ্ত হবে।]
হাতিম নিরহংকার ছিলেন
আবু বাকর ইবন 'আইয়াশ বর্ণনা করেছেন: হাতিম আত-তায়ীকে জিজ্ঞেস করা হোল, আরবে আপনার চেয়ে দানশীল আর কেউ আছে কি? তিনি বললেন, প্রত্যেক আরবই আমার চেয়ে বেশি দানশীল।[২]
হাতিম প্রদর্শনেচ্ছু ছিলেন
হাতিম আত-তায়ীর অনুপম দানশীলতা এবং মহানুভবতা সত্যিই বিস্ময়ের উদ্রেক করে। আর তাঁর দানের মহাকাব্যিক উপাখ্যান ভালোবাসা ও ভালো লাগার অনন্য উপাদান। কিন্তু নিদারুণ হতাশ হলাম, যখন জানতে পেরেছি, তাঁর এই পরোপকার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছিলো না। বরং কেবল খ্যাতি ও প্রশংসার জন্যেই উদারহস্তে দান করেছিলেন। একটু খটকা লেগে গেলো, তবে শেষমেশ তাঁর সম্পর্কে রাসূলুল্লাহ []-এর অভিমত জানতে পেরে অনেক কষ্টে নিশ্চিত হলাম।
'আদী [রা.] প্রিয়নবীকে জিজ্ঞেস করেছিলেন: 'হে আল্লাহর রাসূল! আমার বাবা রক্তের বন্ধন অটুট রেখেছিলেন, অতিথির যত্ন নিয়েছিলেন এবং এই এই ভালো কাজ করেছিলেন।' রাসূল [] বললেন, 'তোমার বাবা যা চেয়েছিলেনা, তা তো পেয়ে গেছেন।'
হাতিম-এর জীবন থেকে আমরা কী শিক্ষাটি পেলাম?
সামগ্রিক বিচারে আমরা হাতিম আত-তায়ীকে মহানুভবতার সুরভিত পুষ্প হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু এ পুষ্পের সুবাসিত মদিরায় হৃদয় মাতানো যায় না, কারণ তার পাপড়িগুলো লৌকিকতার বিষে মাখা। নিয়্যাত পরিশুদ্ধ করার সীমাহীন গুরুত্বের কথাটা আমাদের আরও একবার স্মরণ করিয়ে দেয় হাতিম আত-তায়ীর জীবনাচার। কেবল কল্যাণ ও পুণ্যের পথে নিবেদিত হওয়া-ই যে চূড়ান্ত সার্থকতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিখাদ উদ্দেশ্যই সফলতার পূর্বশর্ত;- হাতিম আত-তায়ী থেকে আমরা এ শিক্ষাই নিতে পারি।
আমাদের পূর্ববর্তী সালাফ আস-সালিহুন নিয়্যাত শুদ্ধ করার প্রতি এতোটাই গুরুত্বারোপ করতেন যে, অনেকেই তাঁদের লিখিত গ্রন্থের শুরুতে 'হাদীসুননিয়্যাহ' উল্লেখ করে দিতেন )0( حديث النية বা 'নিয়্যাতের হাদীস' বলতে বোঝায় আমাদের সকলের কাছে পরিচিত (সাহীহ আল-বুখারীতে সর্বাগ্রে উল্লিখিত) হাদীসটি:
'উমার ইবন আল-খাত্তাব [রা.] থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ [] ইরশাদ করেছেন:
"নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়্যাত অনুযায়ীই গৃহীত হয়। আর প্রত্যেক ব্যক্তি তাই-ই পায়, যা সে নিয়্যাত করে। সুতরাং যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূল [ﷺ]-এর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যেই পরিগণিত হবে। আর যার হিজরত দুনিয়া লাভের বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হবে, তার হিজরত সে উদ্দেশ্যেই পরিগণিত হবে, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, মক্কা থেকে মদিনা-তে হিজরতের সময় মুমিনদের সবাই আল্লাহর নির্দেশ পালনের জন্যে এই ত্যাগ-কুরবানির নজরানা পেশ করলেও এক ব্যক্তি হিজরত করেছিলো মদিনার একজন রমণীকে বিবাহ করার জন্যে।
আ'মাশ [রা.] বলেন: "আমাদের মধ্যে এক লোক ছিলো, যে উম্মু কাইস নাম্নী মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মহিলা তাকে বিয়ে করতে অসম্মত হয়, এমনকি মদিনাতে হিজরত করে চলে আসে। এরপর লোকটি (ও) মদিনাতে হিজরত করে এবং (অবশেষে) তাকে বিয়ে করে। আমরা সেই লোকটির নাম দিয়েছিলাম (উম্মু ক্বাইসের মুহাজির)।
তার নিয়্যাত যেহেতু পরিশুদ্ধ ছিলো না, সে কারণেই এই দুর্গম পথ পাড়ি দেওয়ার কষ্ট, শত্রুর হাতে বন্দী হবার ঝুঁকি গ্রহণ — এতো ত্যাগ তার জন্যে কোন পুণ্য বয়ে আনলো না। একইভাবে, হাতিম আত-তায়ীর বদান্যতা, অকাতরে বিলিয়ে দেওয়ার মত হৃদয়ের প্রাশস্ত্য, আত্মত্যাগের মহাকাব্যিক দৃষ্টান্ত—কোনকিছুই চূড়ান্ত হিসেবের খাতায় একটি শূন্য বৈ কিছু বয়ে নিয়ে আসে নি।
নিয়্যাত পরিশুদ্ধ থাকলে স্বল্প 'আমালই মুক্তির কারণ হতে পারে, আবার বিপরীতে অধিক আমলও অর্থহীন হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ [ﷺ] মু'আজ ইবন জাবাল [রা.]-কে ইয়ামানে প্রেরণের প্রাক্কালে উপদেশ দিচ্ছিলেন,
أخلص دينك يكفيك العمل القليل
"তোমার দ্বীনকে একনিষ্ঠ করো। অল্প 'আমালই তোমার জন্য যথেষ্ট হবে”।[১]
টিকাঃ
১ সূরা আন'আম (৬) এর ১১৮ নং আয়াতের তাফসীর। [তাফসীর কুরতুবী, খ. ৭ পৃ. ৭২]
১ আল-মুফাসসাল ফী তারিখিল 'আরাব ক্বাবলাল ইসলাম, খ. ১৮ পৃ. ৩৭৮
২ আল-ওয়াফী বিল ওয়াফায়াত, খ. ৪ পৃ. ৮৬
৩ আল-মুফাসসাল, খ. ৭ পৃ. ২২১
৪ মুহাম্মাদ রাসূলুল্লাহ, খ. ১ পৃ. ৩৩
৫ আল-মুফাসসাল, খ. ১১ পৃ. ১৫৪
৬ আল-উনাস আল-জালীল, খ. ১ পৃ. ২১১
১ এক বছর দশ মাস বয়সে তিনি মারা যান। [সীরাত ইবন কাসীর, খ. ১ পৃ. ১০৪]
২ আল-উনাস আল-জালীল, খ. ১ পৃ. ২১১
১ আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, খ. ১ পৃ. ২২৮
২ হীরা রাজ্যের অধিপতি।
১ মুখতাসার তারীখ দিমাশক, খ. ২ পৃ. ৩০৯
২ আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, খ. ১ পৃ. ২৩০
১ অর্থাৎ, 'দানের প্রশংসা'। এই ব্যখ্যাটি আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ-তে এসেছে। খ. ১ পৃ. ২২৭।
২ মুসনাদ আহমাদ: ১৯৩৯৩
৩ 'উমার [রা.] থেকেও এ সংক্রান্ত একটি নির্দেশনা পাওয়া যায়: “যে ব্যক্তি কোনো গ্রন্থ রচনার ইচ্ছে পোষণ করে, সে যেন الأعمال بالنيات )হাদিসটি) দ্বারা তা শুরু করে।” [জামি' আল-'উলুম ওয়াল হিকাম, খ. ১ পৃ. ৫৯]
১. সাহীহ আল-বুখারী: ০১; সাহীহ মুসলিম: ৫০৩৬।
২. ফাতহুল বারী, খ. ১ পৃ. ১৩
১. আল-মুসতাদরাক: ৭৮৪৪। হাকিম বলেছেন: হাদিসটি সনদের দিক থেকে সাহীহ। ইমাম বায়হাক্বীর শু'আবুল ঈমান গ্রন্থে কিছুটা শাব্দিক ভিন্নতা সহ হাদিসটি এসেছে )أخلص دينك يكفيك القليل من العمل( এই বর্ণনায় হাদিসটি মুরসাল।
📄 আত্মকথন
ব্যালকনিতে বসে আছি। আজকের সকালটা বুঝি একটু বেশিই সতেজ। কিছুটা হিম হিম ভাব, তার সাথে মৃদুমন্দ বাতাস, ডানদিকে আমগাছটাতে কয়েকটা চড়ুই'র কিচিরমিচর, সব মিলিয়ে বেশ ফুরফুরে অনুভব। আমি কুরআন পড়ছিলাম। সূরা কাহফ।
আম্মু আমার বুকশেলফ গুছিয়ে দিতে দিতে বলছিলেন, 'আরবি কবিতার বইগুলো বোধহয় অনেকদিন ধরো নি। এই তাকটা খুব পরিপাটি দেখা যাচ্ছে।' অনেক দিন যে ধরি নি, তা না, তবে একটা বিরতি কিন্তু দিয়েছি ঠিকই। আজকের 'টু-বি রেড লিস্টে' কোনো কবিতার বই ছিলো না আমার। তবু আম্মুর কথাটা মনে ধরলো, কুরআন পড়া শেষ করে 'উলয়া বিনত আল-মাহদী'র 'দীওয়ান' (কাব্যসঙ্কলন) হাতে নিলাম। তাঁর কবিতায় চোখ বুলাচ্ছি এই প্রথমবারের মতো। তাঁর একটি বিশেষ পরিচয়, তিনি আব্বাসীয় খলিফা আল-মাহদী'র কন্যা এবং হারুন-আর-রাশীদ-এর বোন। চমৎকার সব কবিতা! এতদিন কেন মনোযোগ দিলাম না, নিজেকে খুব বোকা মনে হোল। আব্বাসী যুগের প্রচলিত সাহিত্যধারার সাথে বিশাল একটা পার্থক্য আছে তাঁর কবিতায়! প্রতিপক্ষের নিন্দা-কুৎসা রটনা, বংশীয় অহঙ্কার ও কীর্তিগাঁথা রচনা, রাজস্তুতি ও স্তাবক-বন্দনা – এই ধারা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত তো বটেই, আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সরল কাব্যিক রেখাতেও তিনি অবস্থান করেন নি, বোধের বাঁশিটা বাজিয়েছেন একেবারে স্বতন্ত্র অনুভূতির বটবৃক্ষের ছায়ায়। এই যেমন:
القلب مشتاق إلى ريب * يا رب ما هذا من العيب
قد تيمت قلبي فلم أستطع * إلا البكا يا عالم الغيب
আমি কাব্যানুবাদের চেষ্টা করেছি [মাত্রাবৃত্ত ছন্দে]:
আমার হৃদয় সন্দেহ আর সংশয়ে পড়ে যায় প্রভু!
এ কেমন বিব্রতকর দুঃসহ অনুভব!
আমার মনটা ওদিকেই ঝুঁকে যেতে যখনই চায়,
কান্না ছাড়া তো আমার কিচ্ছু করার থাকে না, রব!
কী সাংঘাতিক! আমি কবিতাটা পড়ছিলাম, মনে মনে কাব্যানুবাদ সাজাচ্ছিলাম, আর অবচেতনেই বিড়বিড় করে বলছিলাম, 'বোন রে! আমার কথাগুলো আপনি এত্ত আগেই বলে ফেললেন ক্যামনে!'
সংশয়ের আবর্তে ঘূর্ণায়মান মুসলিম তরুণদের অভিব্যক্তি গড়ের ওপর এমনই তো বোধহয়! এ নিয়ে আমার দর্শন আরও মজবুত হোল এই কবিতাটা থেকে। শাইত্বান যখন বিশ্বাসের সফেদ চাদরে দাগ ফেলতে চায়, তখন আল্লাহর কাছেই আমাদের অসহায়ত্বের স্বীকৃতি আর আশ্রয় প্রার্থনার বিনীত আকুতি পেশ করে অশ্রু নিবেদন করাটাই প্রশান্তির শেষ নিয়ামক। আল্লাহও তা-ই শিখিয়ে দিয়েছেন আল-কুরআনে:
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
"আমাদের রব্ব! আমাদেরকে পথ দেখানোর পর তুমি আমাদের হৃদয়গুলোকে পুনরায় বক্র করে দিও না! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্যে রহমত দান করো। তুমি তো উদার-মহান দাতা!!"
'উলয়ার কবিতায় বিরতি দিলাম, কেনো জানি মনে হোল, এক বসাতেই সম্পূর্ণ ভালো লাগা শেষ করা ঠিক হবে না! সময়ে সময়ে প্রয়োজনানুসারে ভালো লাগাটাকে একদম নবীনতম অনুভূতির জালে ধরার লোভ থেকে আরেকটা বই ধরলাম।
'আবদুল্লাহ ইবন আল-মুবারাক [রা.]-এর 'দীওয়ান' বেশ অনেকবার পড়েছি। কিন্তু অন্য আরো কিছু বইয়ের মতো এই বইটাও আমার কাছে বারবার পড়ার পরেও মনে হয় নতুন কিছু। আজকে একটা পঙক্তি খুব ভাবালো:
أرى أناسا بأدنى الدين قد قنعوا * ولا أراهم رضوا في العيش بالدون (১)
ষান্মাত্রিক মাত্রাবৃত্ত ছন্দে এটারও একটা কাব্যানুবাদ দাঁড়িয়ে গেলো মনে মনেই:
অনেককে দেখি দ্বীনের অল্প পালন করেই তুষ্ট রয়,
দুনিয়ার ভাগে অল্প পড়লে তারা-ই আবার রুষ্ট হয়!
আসলেই তো! দ্বীন পালনের ক্ষেত্রে আমাদের অমনোযোগিতা ও অবহেলা কিন্তু একটুও ভাবায় না আমাদেরকে। অবলীলায় এবং খুব স্বাভাবিক ভাবেই দ্বীনের প্রতি ভালোবাসা ও আবেগ-অনুরাগের পরিচর্যা কমিয়ে দিচ্ছি আমরা। এই অবহেলা এবং ছাড় দেওয়ার মনোবৃত্তি কিন্তু বৈষয়িক কোনো ব্যাপারে সেভাবে ঘটে না! একেবারে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের জন্যে সঞ্চয় ও অর্জনে সামান্যতম ত্রুটিটুকুও পরাহত করতে আমরা যতটা সচেতন, চিরস্থায়ী ও চূড়ান্ত জীবনের জন্যে কিছু পাথেয় কুড়িয়ে নেওয়ার জন্যে আমরা কি ততটুকু সচেতন?
আমি নিজেকে প্রশ্ন করে যাচ্ছি...
আল্লাহ রহম করুন সেই আলোকিত কবিদের; যাঁরা আমাদের বিশ্বাস ও বিশুদ্ধ অনুভূতিগুলোকে সতেজ ও সজীব রাখার উপাদান রেখে গেছেন, যাঁরা আমাদেরকে নশ্বর পিছুটানের মরীচিকা ভুলে অবিনশ্বর স্বপ্নপুরীর জন্যে তৈরি হবার প্রণোদনা যোগান প্রতিনিয়তই।
ঠিক সে সময় আল-কুরআনের সেই আয়াত দুটো যেনো তীর হয়ে এসে বিঁধে গেলো বোধিবক্ষে:
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى
"বরং তোমরা পার্থিব জীবনকেই বেশি অগ্রাধিকার দিচ্ছো। অথচ আখিরাতের জীবন হোল উত্তম এবং স্থায়ী!!"
টিকাঃ
১ সূরা আলে 'ইমরান ৩:৮
১ দীওয়ান ইবনুল মুবারাক, পৃ. ৪৮
২ সূরা আল-আ'লা ৮৭:১৬, ১৭
📄 তিনটি ব্যামো: ত্রিফলা প্রতিষেধক
ত্বালিবুল 'ইলম তথা 'Students of Knowledge' যাঁরা, তাঁরা সচরাচর যে তিনটি সমস্যার মুখোমুখি হন, সে সম্পর্কিত তিনটি কবিতা আমরা এখানে কাব্যানুবাদ করবো, বিইজনিল্লাহ। শেষ দুটোতে আক্ষরিক অনুবাদের বৃত্তে কেন্দ্রবিন্দু ঠিক রেখে ব্যাসার্ধ কিছুটা বাড়াতে হয়েছে, পাঠকের সহজাত বোধগম্যতার বৃত্তকে শিল্পিত করার জন্যে। তিনটি কবিতা-ই মাত্রাবৃত্ত ছন্দে অনূদিত।
(১) আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে
এই একই সমস্যার ব্যাপারে ইমাম আশ-শাফি'ঈ [রা.] তাঁর উস্তায ওয়াকী'র কাছে প্রশ্ন করেছিলেন। তিনি যে সমাধান দিয়েছেন, সেটা কবিতা আকারেই বর্ণনা করছেন।[১]
شكوت إلى وكيع سوء حفظي
فأرشدني إلى ترك المعاصي
وأخبرني بأن العلم نور
ونور الله لا يهدى لعاص
"প্রিয় উস্তায ওয়াকী'র কাছে করলাম অভিযোগ-
আমার স্মরণশক্তি কমেছে, কিভাবে সারবে এ রোগ?
তিনি বললেন, 'তুমি পাপ ছাড়ো'
এরপর তিনি বললেন আরো-
বৎস! 'ইলম হলো এক 'নূর' আল্লাহ তা'আলার!
পাপীদের দেয়া হয় না কখনো এই নূর উপহার!”
(২) আলসেমি কাটিয়ে উঠতে পারি না
'ইলম অর্জনের পথে অলসতা মারাত্মক একটি বিষফোঁড়া। ছাত্রজীবনে এটার 'ইনফেকশন' একটু বেশিই ভয়াবহ হয়ে থাকে।
একজন ছাত্রের সুফলা স্বপ্নের মাঠে অহেতুক অলসতা একদম পাকা ধানে মই দেয়ার মতো। অথবা বাড়া ভাতে ছাই দেয়ার মতো। নানা সময় নানা অজুহাত দাঁড় করানো আলস্যের প্রাণ।
ইমাম আয-যাহাবী এ সংক্রান্ত সুন্দর একটি কবিতা নিয়ে এসেছেনা। :
إذا كنت تؤذى بحر المصيف
ويبس الخريف وبرد الشتا ؟
ويلهيك حسن زمان الربيع
فأخذك للعلم قل لي متى؟
“এসেছে গ্রীম; তুমি বলো, 'আহ! খরতাপে পুড়ে যাই!
এমন গরমে কিভাবে পড়ার ফুরসত বলো পাই?'
শীত ঋতু এলে বলো, 'আহা এই হিম শীতলের মাসে,
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে কি পড়ার চিন্তা মাথায় আসে?'
শরৎ ঋতুর উদাসী পরশে তুমি হও ভুলোমনা,
পড়ার টেবিলে আনমনা হয়ে করে যাও কল্পনা।
বসন্ত এলো, বেশ! চারিদিকে রূপের মাধুরী দেখে-
প্রকৃতির প্রেমে পড়ে যাও তুমি পড়াশোনা সব রেখে।
এভাবেই যদি বন্ধু তোমার সারাটি বছর কাটে;
বলো তো তাহলে জ্ঞান আহরণে বসবে কখন পাঠে?”
(৩) পড়ার সময় নোট করার অভ্যাস না থাকা
কোনো গ্রন্থ অধ্যয়নের পরে, কোন জ্ঞানীর সংস্পর্শে নতুন কিছু জানার পরে, অথবা সহসা কোনো ভাবনার উন্মেষ নিজের ভেতরে অনুভূত হলে, আমাদের উচিৎ সেটা তখনই নোট করে নেয়া। নোট করার অভ্যাস না থাকলে অনেক জ্ঞাত ও সহজাত বিষয়ও আমাদের হাতছাড়া হয়ে যায়। ইবনু 'উজাইবাহ তাঁর তাফসীরগ্রন্থে এরকম একটি কবিতা বর্ণনা করেছেন। কোনো বিষয়ে জানার পরে নোট করে নেয়া যে কত বেশি প্রয়োজন, এটা কবিতার প্রতিপাদ্য।
العلم صيد والكتابة قيده
قيد صيودك بالحبال الواثقة
فمن الحماقة أن تصيد غزالة
وتتركها بين الخلائق طالقة
“ধরো কোন এক শিকারী শিকার করতে গিয়েছে বনে
একটা হরিণ শিকার করলো অতীব সংগোপনে
শিকারী ভাবলো, পেয়েছি এবার পালায় কিভাবে দেখি!
এদিকে সুযোগে পালালো হরিণ; শিকারী অবাক, 'এ কি'!
অথচ শিকারী শিকার পেয়েই ভালো করে যদি বাঁধে-
অনেক আশার হরিণটা তার পালাতো কি আর সাধে?
তুমিও তেমনি জ্ঞানের শিকারী, জ্ঞানকে শিকার করে
লেখার বাঁধনে আটকিয়ে নাও মনের খাঁচায় ভরে
অন্যথা সেই জানা জিনিসটা পালিয়েই যদি যায়
শিকারীর মতো তুমিও করবে বৃথা শুধু হায় হায়!”
টিকাঃ
১. দীওয়ান শাফি'ঈ, পৃ. ৮
১ সিয়ারু আ'লাম আন-নুবালা, খ. ১৭ পৃ. ১০৬
১ আল-বাহর আল-মাদীদ, খ. ১ পৃ. ৩৬৯