📄 এটা বিশ্বাস করা আবশ্যক যে, কুরআন প্রকৃতপক্ষেই আল্লাহ তা‘আলার কালাম।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া বলেন: وَمِنَ الْإِيمَانِ بِاللَّهِ وَكُتُبِهِ الْإِيمَانُ بِأَنَّ الْقُرْآنَ كَلَامُ اللَّهِ مُنَزَّلٌ غَيْرُ مَخْلُوقَ مِنْهُ بَدَأَ وَإِلَيْهِ يَعُودُ وَأَنَّ اللَّهَ تَكَلَّمَ بِهِ حَقِيقَةً وَأَنَّ هَذَا الْقُرْآنَ الَّذِي أَنْزَلَهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ كَلَامُ اللَّهِ حَقِيقَةً لَا كَلَامُ غَيْرِهِ وَلَا يَجُوزُ إِطْلَاقُ الْقَوْلِ بِأَنَّهُ حِكَايَةٌ عَنْ كَلَامِ اللَّهِ أَوْ عِبَارَةٌ بَلْ إِذَا قَرَأَهُ النَّاسُ أَوْ كَتَبُوهُ فِي الْمَصَاحِفِ لَمْ يَخْرُجْ بِذَلِكَ عَنْ أَنْ يَكُونَ كَلَامُ اللَّهِ تَعَالَى حَقِيقَةً فَإِنَّ الْكَلَامَ إِنَّمَا يُضَافُ حَقِيقَةً إِلَى مَنْ قَالَهُ مُبْتَدِنَا لَا إِلَى مَنْ قَالَهُ مُبَلِّغَا مُؤَدِّيًا وَهُوَ كَلَامُ اللَّهِ حُرُوفُهُ وَمَعَانِيهِ لَيْسَ كَلَامُ اللَّهِ الْحُرُوفِ دُونَ الْمَعَانِي وَلَا الْمَعَانِي دُونَ الْحُرُوفِ
আল্লাহ তা'আলার প্রতি ঈমান এবং তাঁর কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করার মধ্যে এ বিশ্বাস করাও শামিল যে, কুরআন আল্লাহর কালাম। কুরআন আল্লাহর পক্ষ হতে নাযিল হয়েছে। উহা আল্লাহর কালাম ও সিফাত, মাখলুক নয়। উহা আল্লাহ তা'আলার পক্ষ হতে এসেছে এবং আখেরী যামানায় তাঁর দিকেই ফিরে যাবে। কুরআনের মাধ্যমে আল্লাহ তা'আলা প্রকৃতপক্ষেই কথা বলেছেন। এ কুরআন আল্লাহ তা'আলা মুহাম্মাদ এর উপর নাযিল করেছেন। উহা প্রকৃত অর্থেই আল্লাহর কালাম; অন্যের কালাম নয়।৪৬
কুরআনের ব্যাপারে এ কথা বলা জায়েয হবে না যে, এটি কেবল আল্লাহর কালামের বিবরণ অথবা আল্লাহ তা'আলার সত্তায় যে কালাম প্রতিষ্ঠিত রয়েছে, তা প্রকাশের মাধ্যম। মানুষ এটি পাঠ করলেই কিংবা কাগজে লিখলেই তা আল্লাহ তা'আলার প্রকৃত কালাম হতে বের হয়ে যায় না। কেননা কোন কালাম সর্বপ্রথম যার নিকট থেকে শুরু হয়, ঐ কালামকে তার দিকেই সম্বন্ধ করা হয়। পরবর্তীতে যে উক্ত কালামকে অন্যের নিকট পৌছিয়ে দেয়, তার দিকে সেই কালামের সম্বন্ধ হয় না। কুরআনের অক্ষরগুলো এবং অর্থসমূহ আল্লাহ তা'আলারই কালাম। কুরআনের মর্মার্থগুলো ব্যতীত শুধু অক্ষরগুলোই যে আল্লাহর কালাম, তা নয় এবং উহার অক্ষরগুলো ছাড়া শুধু মর্মার্থগুলোই যে তাঁর কালাম, তাও নয়; বরং অক্ষরসমূহ এবং মর্মার্থসমূহ মিলেই আল্লাহর কালাম।
ব্যাখ্যা: পূর্বে অতিক্রান্ত হয়েছে যে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস ঈমানের রূকনসমূহের অন্যতম। ঈমানের এ দু'টি মূলনীতির মধ্যে এ বিশ্বাসও শামিল যে, কুরআন আল্লাহর কালাম। কেননা আল্লাহ তা'আলার প্রতি ঈমান আল্লাহর সুমহান সিফাতগুলোর প্রতি ঈমানকেও শামিল করে। আল্লাহর কালাম তাঁর সুমহান সিফাতসমূহের মধ্যেই গণ্য। কালামকে আল্লাহ তা'আলা নিজের দিকে সম্বন্ধিত করেছেন। সিফাতকে তার মাউসুফের দিকে ইযাফাত করার যে নিয়ম রয়েছে, এটি হচ্ছে সেই নিয়মের ইযাফত। আল্লাহর সিফাতসমূহ মাখলুক নয়। সুতরাং আল্লাহর কালামও মাখলুক নয়।
অনেক ফির্কা এই মাসআলায় মতভেদ করেছে। তাদের মতে কুরআন মাখলুক। (নাউযুবিল্লাহ)। যারা কুরআনকে মাখলুক বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া তাদের কতিপয়ের মত এ অধ্যায়ে উল্লেখ করেছেন।
এক. জাহমীয়াদের মতামত: তারা বলে থাকে, আল্লাহ তা'আলা কথা বলেন না। তিনি অন্যের মধ্যে কালাম সৃষ্টি করেছেন। সেই কালামকেই তার দিকে সম্বন্ধ করে বর্ণনা করা হয়। তাই তাদের মতে রূপক অর্থে আল্লাহ তা'আলার দিকে কালামের সম্বন্ধ করা হয়, প্রকৃত অর্থে নয়। কেননা তিনি কালাম সৃষ্টি করেছেন। সুতরাং তিনি কথা বলেন মানে অন্যের মধ্যে কথা সৃষ্টি করেন।
আল্লাহর কালাম সম্পর্কে এই কথা বাতিল। এই কথা কুরআন ও হাদীসের দলীল বিরোধী এবং মানুষের বিবেক-বুদ্ধি দ্বারা বোধগম্য নয়। সালাফদের কথা এবং মুসলিমদের ইমামগণের মতেরও বিরোধী। কেননা প্রকৃতপক্ষে যে কথা বলতে পারে না অথবা যার গুণাবলীর মধ্যে 'কথা বলা' বিশেষণ নেই, তাকে মুতাকাল্লিম (বক্তা) বলা হয় না। সুতরাং কিভাবে এই কথা বলা যেতে পারে যে, قال الله "আল্লাহ বলেছেন", অথচ বাস্তবে এর প্রবক্তা আল্লাহ তা'আলা নন; বরং অন্য কেউ? কিভাবেই বা এটি বলা জায়েয হতে পারে যে, هذا كلام الله "এটি আল্লাহর কালাম", অথচ বাস্তবে তা অন্যের কালাম; আল্লাহর নয়?!
শাইখুল ইসলাম বলেন, কুরআন আল্লাহ তা'আলার পক্ষ হতে শুরু হয়েছে এবং তাঁর দিকেই ফিরে যাবে। কুরআনের মাধ্যমে আল্লাহ তা'আলা প্রকৃতপক্ষেই কথা বলেছেন। তিনি এ কুরআন মুহাম্মাদ ﷺ এর উপর নাযিল করেছেন, উহা প্রকৃতপক্ষেই আল্লাহর কালাম; অন্যের কালাম নয়: এই বক্তব্যের মাধ্যমে শাইখের উদ্দেশ্য হচ্ছে, জাহমীয়া ফির্কার প্রতিবাদ করা। তারা বলে, কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে শুরু হয়েছে এবং তিনি কুরআনের মাধ্যমে প্রকৃতপক্ষে কথা বলেননি; বরং রূপক অর্থে কুরআনকে আল্লাহর কালাম বলা হয়েছে। অথচ উহা অন্যের কালাম। আল্লাহর দিকে কুরআনকে সম্বন্ধ করার কারণ হলো, উহা আল্লাহর সৃষ্টি।
কুরআন আল্লাহর নিকট থেকে শুরু হয়েছে, এ কথার অর্থ হচ্ছে আল্লাহ তা'আলা থেকেই তা বের হয়েছে, প্রকাশিত হয়েছে এবং তিনি এর মাধ্যমে কথা বলেছেন। এখানে من হরফে জারটি সীমানার শুরু বুঝানোর জন্য ব্যবহৃত হয়েছে।
তাঁর দিকেই ফিরে যাবে: অর্থাৎ কুরআন পুনরায় আল্লাহর কাছেই ফিরে যাবে। কেননা আখেরী যামানায় কুরআন উঠিয়ে নেয়া হবে। মানুষের অন্তরে কুরআনের কিছুই অবশিষ্ট থাকবে না এবং কাগজেও লিখা থাকবে না। এটি কিয়ামাতের অন্যতম আলামত।
অথবা কুরআন আল্লাহর দিকে ফিরে যাবে, এ কথার অর্থ এটাও হতে পারে যে, কুরআনকে কেবল আল্লাহর দিকেই সম্বন্ধ করা হবে।
দুই. কুল্লাবিয়া সম্প্রদায়ের মত: অতঃপর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া আব্দুল্লাহ বিন সাঈদ বিন কুল্লাবের অনুসারী কুল্লাবিয়া সম্প্রদায়ের মতের দিকে ইঙ্গিত করেছেন। তারা বলে কুরআন হচ্ছে আল্লাহর কালামের বিবরণ। তাদের মতে, كلام الله هو المعنى القائم في نفسه لازم لذاته كلزوم الحياة والعلم "আল্লাহর কালাম বলতে এমন মর্মার্থ উদ্দেশ্য, যা আল্লাহর পবিত্র সত্তার সাথে যুক্ত। আল্লাহর হায়াত এবং ইলমের মতই এটি তাঁর সত্তার জন্য আবশ্যক। আল্লাহর কালাম তাঁর ইচ্ছার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ তা'আলার সত্তার মধ্যে এই মর্মার্থটি মাখলুক তথা সৃষ্টি নয়। অক্ষর দ্বারা গঠিত শব্দমালা এবং সেগুলো উচ্চারণের আওয়াজসমূহ সৃষ্টি। এগুলো আল্লাহর কালামের হেকায়াত (বিবরণ); এগুলো হুবহু আল্লাহর কালাম নয়।
তিন. আশায়েরাদের মত: আবুল হাসান আল-আশআরী এর অনুসারীগণ বলে থাকে, কুরআন আল্লাহর কালাম প্রকাশের ইবারাত বা মর্মার্থ ও তাৎপর্য। সুতরাং তাদের মতে আল্লাহর কালাম হচ্ছে এমন এবারত বা মর্মার্থ ও তাৎপর্য, যা আল্লাহর পবিত্র সত্তার মধ্যে প্রতিষ্ঠিত। আর এই মর্মার্থ ও তাৎপর্য মাখলুক নয়। আমরা যেই শব্দগুলো পাঠ করি, তা আল্লাহ তা'আলার সত্তার মধ্যে প্রতিষ্ঠিত মর্মাথ ও তাৎপর্যেরই নাম। আমাদের দ্বারা পঠিত শব্দগুলো মাখলুক। এগুলো আল্লাহর কালামের বিবরণ, এই কথা বলা যাবে না।
কোন কোন আলিম বলেছেন, কুরআনের ব্যাপারে আশায়েরা এবং কুল্লাবিয়া সম্প্রদায়ের মধ্যে মতভেদ শুধু শাব্দিক। এই মতভেদে কোন লাভ নেই। আশায়েরা এবং কুল্লাবিয়া সম্প্রদায়ের লোকেরা বলে থাকে, কুরআন দুই প্রকার। শব্দমালা এবং অর্থসমূহ। কুরআনের শব্দগুলো মাখলুক। কুরআনের মধ্যে যেই শব্দমালা রয়েছে, তা মাখলুক। আর কুরআনের অর্থগুলো কাদীম (অবিনশ্বর ও চিরন্তন) এবং তা আল্লাহ তা'আলার সত্তার সাথে প্রতিষ্ঠিত। সমস্ত কুরআনের সব অর্থ মিলে মূলতঃ একটি অর্থই প্রকাশ করে, তা বিভক্তিযোগ্য নয় এবং একাধিকও নয়। সে যাই হোক, উপরোক্ত মত দু'টি এক রকম না হলেও পরস্পর কাছাকাছি।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া এ দু'টি মতকেই বাতিল হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন: কুরআনের ব্যাপারে এ কথা বলা জায়েয হবে না যে, এটি কেবল আল্লাহর কালামের বিবরণ। যেমন বলে থাকে কুল্লাবিয়া সম্প্রদায়ের লোকেরা অথবা এ কথাও বলা বৈধ হবে না যে, উহা আল্লাহর কালাম প্রকাশের মাধ্যম মাত্র। যেমন বলে থাকে আশায়েরা সম্প্রদায়ের লোকেরা।
শাইখুল ইসলাম আরো বলেন: মানুষ এটি পাঠ করলেই কিংবা কাগজে লিখলেই তা আল্লাহ তা'আলার প্রকৃত কালাম হতে বের হয়ে যায় না। কুরআন আল্লাহর কালাম। যেখানেই কুরআন পাওয়া যাবে, উহার অক্ষরসমূহ এবং মর্মার্থসমূহ আল্লাহর কালাম বলেই গণ্য হবে। চাই তা মানুষের অন্তরে সংরক্ষিত থাকুক বা জবানের মাধ্যমে তেলাওয়াত করা হোক অথবা কাগজে লিখিত অবস্থায় থাকুক। উপরোক্ত কোন অবস্থাতেই কুরআনকে আল্লাহ তা'আলার প্রকৃত কালামের বাইরে গণনা করা যাবে না।
অতঃপর শাইখুল ইসলাম কুরআন আল্লাহ তা'আলার কালামের মধ্যে গণ্য হওয়ার দলীল বর্ণনা করতে গিয়ে বলেন: কোন কালাম সর্বপ্রথম যার নিকট থেকে শুরু হয়, উহাকে তার দিকেই সম্বন্ধ করা হয়। পরবর্তীতে যে উক্ত কালামকে অন্যের নিকট পৌঁছিয়ে দেয়, তার দিকে সেই কালামের সম্বন্ধ হয়না। কেননা যে ব্যক্তি মুবাল্লিগ বা প্রচারক হয়ে অন্যের কালাম পৌঁছিয়ে দেয়, তাকে কেবল মাধ্যম বলা হয়। আল্লাহ তা'আলা সূরা তাওবার ৬ নং আয়াতে বলেন:
وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ
"আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে, তাহলে তাকে আল্লাহর কালাম শ্রবণ করা পর্যন্ত আশ্রয় দাও। অতঃপর তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। কেননা এরা একটি অজ্ঞ সম্প্রদায়"।
এ আয়াতে যেই শ্রবণের কথা উল্লেখ করা হয়েছে, তা কেবল প্রচারকারীর মাধ্যমেই হতে পারে। অর্থাৎ প্রচারকের নিকট থেকেই, কেবল শ্রবণ করা সম্ভব। আর শ্রুত জিনিসকেই আল্লাহর কালাম হিসাবে নামকরণ করা হয়েছে। এতে প্রমাণিত হলো যে, কোন কথা সর্বপ্রথম যে বলে, সেই কথাকে তার দিকেই সম্বন্ধ করা হয়।
চার. মুতাযেলাদের মত: তারা বলে থাকে, কুরআনের অক্ষরগুলোই শুধু আল্লাহর কালাম। উহার মর্মার্থ ও তাৎপর্য আল্লাহর কালাম নয়। তাই তারা বলে থাকে, সাধারণভাবে যখন এই কথা বলা হবে, ইহা আল্লাহর কালাম, তখন শুধু শব্দ উদ্দেশ্য হবে। যাকে আল্লাহর কালাম বলে নাম দেয়া হয়েছে, তার দ্বারা শুধু শব্দই উদ্দেশ্য হবে, উহার মর্মার্থ কালামের অংশ হবে না; বরং আল্লাহ তা'আলার কালামের শব্দগুলো যা বুঝায়, উহা আল্লাহর কালাম নয়।
অতঃপর শাইখের উক্তি: ولا الحروف دون المعاني উহার অক্ষরগুলো ব্যতীত শুধু মর্মার্থগুলোই আল্লাহর কালাম নয়, এর মাধ্যমে মুতাযেলাদের মাযহাবের বিপরীত মত বর্ণনা করেছেন। যেমন কুল্লাবীয়া এবং আশায়েরাদের মাযহাব। যেমন একটু পূর্বে ব্যাখ্যাসহ তাদের মাযহাব বর্ণনা করা হয়েছে।
সঠিক মাযহাব হচ্ছে, অক্ষর এবং মর্মার্থগুলো সহকারেই কুরআন আল্লাহর কালাম। এটিই আহলে সুন্নাত ওয়াল জামা'আতের মত। আল্লাহর কিতাব এবং রসূলের সুন্নাতের দলীল-প্রমাণ দ্বারা ইহাই সুসাব্যস্ত。
টিকাঃ
৪৬. আখেরী যামানায় এক রাতেই কুরআন উঠিয়ে নেয়া হবে। তখন মানুষের অন্তর এবং মুসহাফ থেকে কুরআন উঠে যাবে। তাদের অন্তরে ও মুসহাফে কুরআনের কোন অংশই অবশিষ্ট থাকবে না। পৃথিবী তখন পাপাচারে ভরে যাবে। এমনকি আল্লাহ আল্লাহ বলার মত কোন লোক থাকবে না। তখন সেই নিকৃষ্ট লোকদের উপর কিয়ামাত প্রতিষ্ঠিত হবে। আল্লাহই সর্বাধিক জানেন।
📄 মু‘মিনগণ ক্বিয়ামতের দিন জান্নাতে প্রবেশের পর তাদের প্রভুকে দেখতে পাবে বিশ্বাস করা।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া বলেন: وَقَدْ دَخَلَ أَيْضًا فِيمَا ذَكَرْنَاهُ مِنَ الْإِيمَانِ بِهِ وَبِكُتُبِهِ وَبِمَلَائِكَتِهِ وَبِرُسُلِهِ الْإِيمَانُ بِأَنَّ الْمُؤْمِنِينَ يَرَوْنَهُ يَوْمَ الْقِيَامَةِ عِيَانًا بِأَبْصَارِهِمْ كَمَا يَرَوْنَ الشَّمْسَ صَحْوًا لَيْسَ بِهَا سَحَابٌ وَكَمَا يَرَوْنَ الْقَمَرَ لَيْلَةَ الْبَدْرِ لَا يُضَامُونَ فِي رُؤْيَتِهِ يَرَوْنَهُ سُبْحَانَهُ وَهُمْ فِي عَرَصَاتِ الْقِيَامَةِ ثُمَّ يَرَوْنَهُ بَعْدَ دُخُول الْجَنَّةِ كَمَا يَشَاءُ اللَّهُ تَعَالَى
পূর্বে আমরা আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান এবং রসূলদের প্রতি ঈমানের যে বর্ণনা প্রদান করেছি, তার মধ্যে এ বিশ্বাস করাও শামিল যে, মুমিনগণ কিয়ামতের দিন চোখ দিয়ে প্রকাশ্যভাবে তাদের প্রভুকে দেখতে পাবে। দিনের বেলায় পরিস্কার আকাশে সূর্যকে মেঘখন্ড আড়াল করে না রাখলে তারা যেমন সূর্যকে দেখতে পায় এবং পূর্ণিমার রাতে তারা যেমন চাঁদ দেখতে পায়, চাঁদ দেখতে যেমন তাদের কোন অসুবিধা হয় না, তেমনি তারা আল্লাহ তা'আলাকে দেখতে পাবে। আল্লাহ তা'আলাকে তারা কিয়ামতের প্রশস্ত ময়দানে দেখতে পাবে। অতঃপর তারা তাঁকে জান্নাতে প্রবেশ করার পরও দেখতে পাবে। আল্লাহ তা'আলা যেভাবে ইচ্ছা করবেন, সেভাবেই তিনি মুমিনদেরকে দেখা দিবেন।
ব্যাখ্যা: আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান এবং নাবী-রসূলদের প্রতি ঈমান আনয়নের মধ্যে পরকালে আল্লাহ তা'আলাকে দেখা যাবে, এ বিশ্বাসও শামিল হওয়ার কারণ হলো, তিনি তাঁর কিতাবে এবং রসূল তাঁর সুন্নাতে এ বিষয়ে সংবাদ দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি তাতে বিশ্বাস করবে না, সে আল্লাহ তা'আলার প্রতি, আল্লাহর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রসূলদের প্রতি কুফরী করল। কেননা যারা আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবসমূহের প্রতি এবং আল্লাহর রসূলদের প্রতি ঈমান আনয়ন করে, তাদেরকে অন্যান্য যেসব বিষয়ের সংবাদ দেয়া হয়েছে, তারা তার সবগুলোতেই বিশ্বাস করে। টা শব্দের আইন বর্ণে যের দিয়ে পড়তে হবে। অর্থাৎ তারা আসলেই আল্লাহকে খোলাখুলিভাবে দেখতে পাবে, তাতে কোন অস্পষ্টতা থাকবে না। কিয়ামাতের দিন আল্লাহকে দেখার বিষয়টি রূপকার্থক নয়। যেমন বলে থাকে আল্লাহর সুউচ্চ সিফাতে অবিশ্বাসী মুআত্তেলা ফির্কার লোকেরা।
দিনের বেলায় আকাশ পরিস্কার থাকলে এবং কোন মেঘমালা সূর্যকে আড়াল না করে রাখলে তারা যেমন সূর্যকে দেখতে পায় এবং পূর্ণিমার রাতে তারা যেমন চাঁদ দেখতে পায়, চাঁদ দেখতে যেমন তাদের কোন অসুবিধা হয়না, তেমনি তারা আল্লাহ তা'আলাকে দেখতে পাবে: অর্থাৎ তারা প্রকৃতপক্ষেই আল্লাহকে দেখতে পাবে, তাতে কোন অসুবিধা হবে না। আল্লাহকে দেখার ব্যাপারে পূর্বে ব্যাখ্যাসহ যেসব আয়াত ও হাদীস অতিক্রান্ত হয়েছে, এটা এ কথাই প্রমাণ করে।
তারা আল্লাহ তা'আলাকে কিয়ামাতের প্রশস্ত ময়দানে দেখতে পাবে। অতঃপর তারা তাঁকে জান্নাতে প্রবেশ করার পরও দেখতে পাবে: এখানে ঐসব স্থানের কথা এসেছে, যাতে আল্লাহ তা'আলার সাক্ষাৎ অর্জিত হবে। মোট দু'টি স্থানে মুমিনগণ আল্লাহকে দেখতে পাবে।
প্রথম স্থান : في عرصات القيامة অর্থাৎ কিয়ামাতের ময়দানে। العرصات শব্দটি العرصة -এর বহুবচন। এমন প্রশস্ত স্থানকে العرصة বলা হয়, যাতে কোন বাড়িঘর থাকেনা। কিয়ামাতের ময়দান বলতে হিসাবের জন্য দন্ডায়মানের স্থানকে বুঝায়। কিয়ামাতের ময়দানে কি শুধু মুমিনগণই আল্লাহকে দেখতে পাবে? না অন্যরাও দেখতে পাবে?
এ মাসআলায় তিনটি মত রয়েছে। (১) মানুষ যখন হিসাবের জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন মুমিন, কাফের এবং মুনাফেক সকলেই আল্লাহ তা'আলাকে দেখতে পাবে। (২) মুমিন ও মুনাফেকরা আল্লাহকে দেখতে পাবে, কাফেররা নয়। (৩) শুধু মুমিনরাই দেখতে পাবে। আল্লাহই সর্বাধিক জানেন।
দ্বিতীয় স্থান: মুমিনগণ জান্নাতে প্রবেশ করার পর আল্লাহকে দেখতে পাবে। কুরআন ও সুন্নাহর দলীল দ্বারা ইহা প্রমাণিত। ব্যাখ্যাসহ কিছু দলীল পূর্বে অতিক্রান্ত হয়েছে। সেই সাথে যারা আল্লাহর দিদারকে অস্বীকার করে, তাদের প্রতিবাদও পূর্বে অতিক্রান্ত হয়েছে।
الجنة (জান্নাত) শব্দের আভিধানিক অর্থ বাগান। কুরআন ও হাদীসের পরিভাষায় জান্নাত বলা হয় সেই বাসস্থানকে, যা আল্লাহ তা'আলা তাঁর বন্ধুদের জন্য তৈরী করে রেখেছেন। জান্নাতকে সকল প্রকার নেয়ামাত দ্বারা পূর্ণ করে রাখা হয়েছে।
শাইখুল ইসলাম বলেন: আল্লাহ তা'আলা যেভাবে চাইবেন, সেভাবেই তিনি মুমিনদেরকে দেখা দিবেন। অর্থাৎ পূর্ণরূপে আয়ত্ত না করেই এবং নির্দিষ্ট কোন ধরণ ও কায়া ছাড়াই তারা আল্লাহকে দেখতে পাবে。
📄 জান্নাত ও জাহান্নামের মাঝে সেতু।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া বলেন: فَمَنْ مَرَّ عَلَى الصِّرَاطِ دَخَلَ الْجَنَّةَ فَإِذَا عَبَرُوا عَلَيْهِ وُقِفُوا عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيُقْتَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ فَإِذَا هُذِّبُوا وَنُقُوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الْجَنَّةِ
যারা পুলসিরাত অতিক্রম করতে সক্ষম হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। তবে যখন তারা পুলসিরাত পার হবে, তখন তাদেরকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি সেতুর উপর থামানো হবে। এখানে তাদের একজন থেকে অপরজনের কিসাস বা বদলা গ্রহণ করা হবে। অতঃপর যখন তাদেরকে পারস্পরিক যুলুম থেকে পরিশুদ্ধ ও পরিস্কার করা হবে, তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হবে।
ব্যাখ্যা: (৭) কিয়ামতের দিন আরো যা হবে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া তা থেকে কানতারার (সেতুর) উপর দন্ডায়মান হওয়ার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন: যে ব্যক্তি পুলসিরাত অতিক্রম করবে এবং জাহান্নام থেকে নাজাত পাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তা'আলা বলেন: فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
"একমাত্র সে ব্যক্তিই সফলকাম হবে, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে (সূরা আল-ইমরান ৩:১৮৫)। আল্লাহ তা'আলা সূরা শুরার ৭ নং আয়াতে বলেন: فريق فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ
"এক দল জান্নাতে যাবে এবং অপর দলকে যেতে হবে জাহান্নামে"।
তবে জান্নাতে প্রবেশের পূর্বে মুমিনদের পারস্পরিক যুলুমের কিসাস নেওয়া হবে। পরিশেষে তারা যুলুম থেকে একদম পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে সুন্দরতম অবস্থায় জান্নাতে প্রবেশ করবে।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া (রহঃ) فإذا عبروا বাক্য দ্বারা এই কথার প্রতিই ইঙ্গিত করেছেন। অর্থাৎ তারা যখন পুলসিরাত পার হবে এবং জাহান্নামে পড়ে যাওয়া থেকে বেঁচে যাবে, তখন তারা একটি কানতারার উপর থামবে। সেতু, ওভার ব্রীজ এবং যমীনের উপর যেসব ঘরবাড়ি নির্মাণ করা হয়, তার চেয়ে উঁচু বস্তুকে কানতারা বলা হয়। এই কানতারা সম্পর্কে একাধিক কথা পাওয়া যায়। কেউ বলেছেন: এটি হচ্ছে পুলসিরাতের ঐ কিনারা, যা জান্নাতের নিকটবর্তী। কেউ কেউ বলেছেন: এটি হচ্ছে শুধু মুমিনদের জন্য খাস আরেকটি সিরাত।
فَيُقْتَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ অতঃপর তাদের একজনের জন্য অপরজন থেকে কিসাস বা বদলা গ্রহণ করা হবে: অর্থাৎ তাদের মধ্যকার পারস্পরিক যুলুমের বদলা নেওয়া হবে। যালেম থেকে মাযলুমের হক আদায় করে নেওয়া হবে। অতঃপর তাদেরকে যখন পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে অর্থাৎ মাযলুমের হক আদায় এবং অন্যান্য দায়ভার হতে মুক্ত হবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। তখন তাদের কতকের অন্তরে অন্যদের প্রতি যেই হিংসা-বিদ্বেষ ছিল, তা দূর হয়ে যাবে। আল্লাহ তা'আলা বলেন:
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ
"তাদের মনে যে সামান্য কিছু মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেবো, তারা পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে মুখোমুখি আসনে বসবে"। (সূরা হিজর ১৫:৪৭)
📄 সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলবেন, সর্বপ্রথম তাতে প্রবেশ করবেন এবং নাবী শাফাআ‘তের বর্ণনা।
শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া বলেন:
وَأَوَّلُ مَنْ يَسْتَفْتِحُ بَابَ الْجَنَّةِ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنَ الْأُمَمِ أُمَّتُهُ وَلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِيَامَةِ ثَلَاثُ شَفَاعَاتٍ أَمَّا الشَّفَاعَةُ الْأُولَى فَيَشْفَعُ فِي أَهْلِ الْمَوْقِفِ حَتَّى يُقْضَى بَيْنَهُمْ بَعْدَ أَنْ يَتَرَاجَعَ الْأَنْبِيَاءُ آدَمُ ، وَنُوحٍ ، وَإِبْرَاهِيمُ ، وَمُوسَى وَعِيسَى ابْنُ مَرْيَمَ عَنِ الشَّفَاعَةِ حَتَّى تَنْتَهِيَ إِلَيْهِ وَأَمَّا الشَّفَاعَةُ الثَّانِيَةُ: فَيَشْفَعُ فِي أَهْلِ الْجَنَّةِ أَنْ يَدْخُلُوا الْجَنَّةَ وَهَاتَانِ الشَّفَاعَتَانِ خَاصَّتَانِ لَهُ وَأَمَّا الشَّفَاعَةُ الثَّالِثَةُ : فَيَشْفَعُ فِيمَنِ اسْتَحَقَّ النَّارَ وَهَذِهِ الشَّفَاعَةُ لَهُ وَلِسَائِرِ النَّبِيِّينَ وَالصَّدِيقِينَ وَغَيْرِهِمْ ، فَيَشْفَعُ فِيمَنِ اسْتَحَقَّ النَّارَ أَلَّا يَدْخُلَهَا وَيَشْفَعُ فِيمَنْ دَخَلَهَا أَنْ يَخْرُجَ مِنْهَا
কিয়ামাতের দিন সর্বপ্রথম মুহাম্মাদ বেহেশতের দরজা খুলবেন। সমস্ত উম্মতের মধ্য হতে তাঁর উম্মতই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আর তিনি কিয়ামাতের দিন তিনটি শাফা'আত করবেন।
প্রথম শাফা'আতটি করবেন হাশরের মাঠে অবস্থানকারী সকল মানুষের জন্য। যাতে তাদের মধ্যে দ্রুত ফায়সালা করা হয়। আদম, নূহ, ইবরাহীম, মুসা, এবং সমস্ত নাবীই সেদিন আল্লাহর নিকট শাফা'আত করতে অক্ষমতা প্রকাশ করার পর শাফা'আতের বিষয়টি পরিশেষে মুহাম্মাদ এর নিকট ফিরে আসবে।
দ্বিতীয় শাফা'আতটি হবে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করানোর জন্য। এ দু'টি শাফা'আত নাবী ﷺ এর জন্য খাস।
আর তৃতীয় শাফা'আতটি হবে ঐসব লোকের ব্যাপারে, যাদের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যাবে। এই শাফা'আতটি হবে সমস্ত নাবী, সিদ্দীক এবং অন্যান্যদের জন্য। সুতরাং যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাদের জন্য তিনি সুপারিশ করবেন, তাদেরকে যেন জাহান্নামে প্রবেশ করানো না হয়। তিনি আরো সুপারিশ করবেন ঐ সব লোকের জন্য, যারা জাহান্নামে প্রবেশ করবে। তাদেরকে সেখান থেকে বের করার সুপারিশ করবেন।
ব্যাখ্যা: (৮) কিয়ামাত দিবসের যেসব অবস্থা পূর্বে উল্লেখ করা হয়েছে, তা অতিক্রম করার পর সেদিন মুমিনদের সর্বশেষ অবস্থা কী হবে, শাইখুল ইসলাম এখানে তা বর্ণনা করেছেন। পূর্বোক্ত অধ্যায়ে তিনি বলেছেন: অতঃপর যখন তাদেরকে পারস্পরিক যুলুম থেকে পরিশুদ্ধ ও পরিস্কার করা হবে, তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হবে। সুতরাং আল্লাহ তা'আলার অনুমতির পূর্বে এবং জান্নাতের দরজা খোলার আবেদন করার আগে কেউ তাতে প্রবেশ করতে পারবে না।
নাবী ﷺ সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। যেমন সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে, নাবী ﷺ বলেন: «آتِي بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتَفْتِحُ فَيَقُولُ الْحَازِنُ مَنْ أَنْتَ فَأَقُولُ مُحَمَّدٌ. فَيَقُولُ بِكَ أُمِرْتُ لَا أَفْتَحُ لِأَحَدٍ قَبْلَكَ»
"কিয়ামাতের দিন আমি জান্নাতে দরজায় উপস্থিত হয়ে উহার দরজা খোলার আবেদন করবো। তখন জান্নাতের প্রহরী বলবে: আপনি কে? আমি বলবো: মুহাম্মাদ। প্রহরী তখন বলবে: আপনার জন্য দরজা খুলতে আমাকে আদেশ করা হয়েছে। আপনার পূর্বে অন্য কারো জন্য আমি জান্নাতের দরজা খুলবো না"। ৫৯
الاستفتاح অর্থ হচ্ছে খোলার আবেদন করা। এখানে নাবী সম্মান ও ফাযীলাত প্রকাশ করা হয়েছে।
সর্বপ্রথম মুহাম্মাদ উম্মাতই জান্নাতে প্রবেশ করবে। কেননা তাদের ফাযীলত অন্যান্য সকল উম্মাতের উপরে। মুসলিম শরীফে আবু হুরায়রা হতে বর্ণিত হাদীসে এই কথার প্রমাণ পাওয়া যায়। নাবী বলেন:
نَحْنُ الْآخِرُونَ الأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ وَنَحْنُ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ»
"আমরা সকলের পরে দুনিয়াতে আসলেও কিয়ামাতের দিন সবার আগে জান্নাতে প্রবেশ করবো"। ৬০
কিয়াম তের দিন খাসভাবে নাবী তিনটি শাফা'আত করবেন। الشفاعات قمة الشفاعة এর বহুবচন। শাফা'আত শব্দের আভিধানিক অর্থ মধ্যস্থতা করা, সুপারিশ করা। আর শরীয়াতের পরিভাষায় শাফা'আত অর্থ السؤال الخير للغير অর্থাৎ অন্যের জন্য কল্যাণের আবেদন করা। الشفاعة শব্দটি الشفع থেকে নেওয়া হয়েছে। ইহা الوتر শব্দের বিপরীত। شفع অর্থ জোড় আর وتر অর্থ বে-জোড়। শাফাআতকারী তার আবেদনের সাথে সুপারিশকৃতের আবেদনকেও শামিল করে নেয় বলেই তাকে সুপারিশকারী বলা হয়। অথচ এর আগে সে ছিল একাকী।
শাইখুল ইসলাম বলেন: "কিয়ামাতের দিন নাবী ﷺ এর জন্য তিনটি শাফা'আত হবে"। কিয়ামাতের দিন আল্লাহ তা'আলার অনুমতিক্রমে নাবী যেসব শাফা'আত করবেন, তিনি এখানে ঐসব শাফা'আতের আলোচনা করেছেন। শাইখুল ইসলাম এখানে সংক্ষিপ্ত আকারে শাফা'আতের প্রকারভেদ বর্ণনা করেছেন। তবে অনুসন্ধানের পর মোট আট প্রকার শাফাআতের কথা জানা যাচ্ছে। এগুলোর মধ্য হতে কতিপয় শাফা'আত নাবী এর সাথে খাস এবং আরো কিছু শাফা'আতের কথা জানা যায়, যা তাঁর জন্য এবং অন্যদের জন্যও সাব্যস্ত।
১) الشفاعة العظمى وهي المقام المحمود : শাফা'আতে উযমা; মাকামে মাহমুদে। হাশরের মাঠে লোকদের দীর্ঘ অবস্থানের পর এবং আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবার কাছে সুপারিশের জন্য গমন করার পর নাবী আল্লাহ তা'আলার নিকট বান্দাদের মাঝে দ্রুত বিচার সম্পন্ন করার আবেদন করবেন। সকল নাবীই যখন আল্লাহর নিকট সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন, তখন নাবী মুহাম্মাদ তাঁর প্রভুর অনুমতি নিয়ে শাফা'আত করবেন।
২) شفاعته ـ صلى الله عليه وسلم ـ في دخول أهل الجنة بعد الفراغ من الحساب জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর শাফা'আত: হিসাবের পর জান্নাতীদেরকে দ্রুত জান্নাতে প্রবেশের অনুমতির জন্য নাবী আল্লাহর নিকট শাফা'আত করবেন।
৩) شفاعته - صلى الله عليه وسلم - في عمه أبي طالب তাঁর চাচা আবু তালেবের জন্য নাবী এর শাফা'আত: নাবী কিয়ামতের দিন তাঁর চাচা আবু তালেবের শাস্তি হালকা করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এই শাফা'আত তাঁর সাথেই খাস। কেননা আল্লাহ তা'আলা সংবাদ দিয়েছেন যে, কাফেরদের জন্য সুপারিশকারীদের সুপারিশ কোন কাজে আসবে না। নাবী সংবাদ দিয়েছেন যে, তাঁর শাফা'আত কেবল তাওহীদপন্থীদের জন্যই খাস। সুতরাং তাঁর কাফের চাচা আবু তালেবের জন্য যেই শাফা'আত তিনি করবেন, তা কেবল তাঁর সাথেই এবং আবু তালেবের জন্যই খাস। উপরের তিন প্রকার শাফাআত কেবল আমাদের নাবী মুহাম্মাদ জন্যই নির্দিষ্ট।
৪) شفاعته فيمن استحق النار من عصاة الموحدين أن لا يدخلها তাওহীদপন্থীদের মধ্য হতে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাদেরকে তথায় না পাঠানোর শাফা'আত: যেসব গুনাহগারদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে না পাঠানোর জন্য নাবী কিয়ামাতের দিন সুপারিশ করবেন।
(৫) شفاعته - صلى الله عليه وسلم - فيمن دخل النار من عصاة الموحدين أن يخرج منها তাওহীদপন্থী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের করার সুপারিশ: জাহান্নামে প্রবেশকারী তাওহীদপন্থী একদল পাপী লোককে তা থেকে বের করার জন্য তিনি শাফাআত করবেন।
৬) شفاعته ـ صلى الله عليه وسلم - في رفع درجات بعض أهل الجنة জান্নাতের ভিতরে মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ: জান্নাতবাসী কিছু লোকের মর্যাদা বৃদ্ধির জন্য নাবী শাফাআত করবেন।
(৭) شفاعته - صلى الله عليه وسلم - فيمن استوت حسناتهم وسيئاتهم গুনাহর পাল্লা এবং নেকীর পাল্লা সমান সমান হবে, তাদের জন্য সুপারিশ: কিয়ামাতের দিন যাদের গুনাহর পাল্লা এবং নেকীর পাল্লা সমান সমান হবে, তাদের জন্য নাবী শাফা'আত করবেন যে, তাদেরকে যেন জান্নাতে প্রবেশ করানো হয়। আলেমদের এক মত অনুযায়ী তারা হলেন আরাফবাসী।
(৮) شفاعته - صلى الله عليه وسلم - في دخول بعض المؤمنين الجنة بلا حساب ولا عذاب বিনা হিসাবে এবং বিনা আযাবে এক শ্রেণীর লোককে জান্নাতে প্রবেশ করানোর শাফা'আত: যেমন উক্কাশা বিন মিহসানের ব্যাপারে নাবী এর শাফা'আত। উক্কাশা যখন শুনলেন, এই উম্মাতের সত্তর হাজার লোক বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে যাবে, তখন তিনি আবেদন করলেন: হে আল্লাহর রসূল! আল্লাহ তা'আলার নিকট আমার জন্য দু'আ করুন, তিনি যেন আমাকে সেই সত্তর হাজারের অন্তর্ভূক্ত করেন। নাবী তখন উক্কাশার জন্য উক্ত সত্তর হাজারের অন্তর্ভুক্ত করে নেওয়ার দু'আ করলেন। ৬১
এ শেষোক্ত পাঁচ প্রকারের শাফা'আত করার মধ্যে নাবী ﷺ এর সাথে আরো অনেকেই শরীক থাকবে। যেমন অন্যান্য নাবীগণ, ফেরেশতাগণ, সিদ্দীকগণ এবং শহীদগণ।
আহলে সুন্নাত ওয়াল জামা'আতের লোকেরা উপরোক্ত সকল প্রকার শাফা'আতেই বিশ্বাস করে। কেননা সহীহ সূত্রে বর্ণিত অনেক দলীল দ্বারা তা প্রমাণিত। তবে দু'টি শর্ত ছাড়া শাফাআত হবে না।
প্রথম শর্ত: শাফা'আতকারীকে শাফা'আত করার পূর্বে আল্লাহ তা'আলার পক্ষ হতে শাফা'আতের অনুমতি লাভ করতে হবে। যেমন আল্লাহ তা'আলা বলেন:
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ
কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে?" (সূরা বাকারা ২:২৫৫)। আল্লাহ তা'আলা আরো বলেন:
مَا مِن شَفِيعِ إِلَّا مِن بَعْدِ إِذْنِهِ
"কোন শাফা'আতকারী এমন নেই, যে তাঁর অনুমতি ছাড়া শাফা'আত করতে পারে (সূরা ইউনুস ১০:৩)।
দ্বিতীয় শর্ত: যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকা অপরিহার্য। যেমন আল্লাহ তা'আলা বলেন:
وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ارْتَضَ
"তারা কেবল তাদের জন্যই সুপারিশ করবেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন”। (সূরা আম্বীয়া ২১:২৮) এ দু'টি শর্ত সূরা নাজমের ২৬ নং আয়াতে একসাথে এসেছে। আল্লাহ তা'আলা বলেন:
وَكَم مِّن مَّلَكِ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَى
"আসমানে অনেক ফেরেশতা আছে, যাদের সুপারিশও কোন কাজে আসবেনা। যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশী তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন"।
কাবীরা গুনাহয় লিপ্ত হয়ে যেসব মুমিন মৃত্যুবরণ করবে তাদের কেউ জাহান্নামের হকদার হলে তাকে জাহান্নামে প্রবেশ না করানোর জন্য শাফা'আতের ব্যাপারে মুতাযেলা সম্প্রদায় লোকেরা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের বিরোধিতা করেছে। সেই সাথে যারা জাহান্নামে প্রবেশ করবে, সেখান থেকে তাদের বের হওয়ার ব্যাপারেও শাফা'আত হওয়াকে মুতাযেলারা অস্বীকার করেছে। অর্থাৎ তারা শাফা'আতের উপরোক্ত প্রকারসমূহ থেকে পঞ্চম ও ষষ্ট প্রকার শাফা'আতকেও তারা অস্বীকার করেছে। তারা আল্লাহ তা'আলার এই বাণী দ্বারা দলীল গ্রহণ করে থাকে। আল্লাহ তা'আলা বলেন:
﴿ فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ ﴾ "সুপারিশকারীদের সুপারিশ তাদের কাজে আসবে না (সূরা মুদ্দাসসির ৭৪:৪৮)।
তাদের কথার জবাব হলো, আয়াতটি কাফেরদের ব্যাপারে নাযিল হয়েছে। সুপারিশকারীদের সুপারিশ কাফেরদের কোন কাজে আসবে না। তবে মুমিনদের ব্যাপারে কথা হচ্ছে কতিপয় শর্তসাপেক্ষ সুপারিশ তাদের উপকার করবে।
মোটকথা শাফা'আতের ব্যাপারে লোকেরা তিনভাগে বিভক্ত হয়েছে।
(১) এক শ্রেণীর লোক শাফা'আতকে সাব্যস্ত করতে গিয়ে সীমা লংঘন ও বাড়াবাড়ি করেছে। নাসারা, মুশরিক, সীমালংঘনকারী সুফী এবং কবর পূজারীরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা যাদেরকে তা'যীম করে, আল্লাহ তা'আলার নিকটে তাদের শাফাআতকে দুনিয়ার রাজা-বাদশাহদের নিকট পরিচিত শাফা'আতের মতই মনে করে থাকে। সুতরাং তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে শাফাআত প্রার্থনা করেছে। যেমন আল্লাহ তা'আলা মুশরিকদের ব্যাপারে উল্লেখ করেছেন যে, মুশরিকদের জন্য সুপারিশকারীদের সুপারিশ কাজে আসবে না।
(২) মুতাযেলা ও খারেজীরা শাফা'আতকে একদম অস্বীকার করেও সীমা লংঘন করেছে। তারা কবীরা গুনাহকারীদের জন্য নাবী ﷺ এবং অন্যদের শাফা'আতকে অস্বীকার করেছে।
(৩) আহলে সুন্নাত ওয়াল জামা'আতের লোকেরা কুরআনের আয়াত এবং নাবী ﷺ হাদীস দ্বারা প্রমাণিত শাফা'আতকে সাব্যস্ত করে। সুতরাং তারা শর্তসাপেক্ষ শাফা'আতকে সাব্যস্ত করে。
টিকাঃ
৫৯. সহীহ মুসলিম ১৯৭।
৬০. সহীহ মুসলিম ৮৫৫।
৬১. সহীহ মুসলিম ২২০, সহীহ বুখারী ৫৭৫২।