📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 মানুষের অভাব-অনটনে সাহায্য করা, তাদের প্রয়োজন পূরণ করা ও বিপদাপদে তাদের পাশে দাঁড়ানো

📄 মানুষের অভাব-অনটনে সাহায্য করা, তাদের প্রয়োজন পূরণ করা ও বিপদাপদে তাদের পাশে দাঁড়ানো


মানুষের সেবা করা ও দুর্বলদের পাশে দাঁড়ানো মূলত হৃদয়ের স্বচ্ছতা, নিয়তের পরিশুদ্ধতা ও উত্তম চরিত্রের পরিচয় বহন করে। আর আল্লাহ তাআলাও তাঁর বান্দাদের মধ্যে দয়াকারীদের প্রতি দয়া করে থাকেন। এ সকল বিশেষ বান্দাকে তিনি অনেক পুরস্কারে ভূষিত করে থাকেন। অন্যের বিপদ দূর করার পুরস্কারস্বরূপ তিনি তাদের বিপদাপদ থেকে মুক্তি দেন। পরকালের চিন্তা দূর করে দেন।

আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, রাসুল বলেন : الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ... 'মুসলমান মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করে না। তাকে শত্রুর কাছে সমর্পণ করে না। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। যে কোনো মুসলমানের একটি বিপদ দূর করে, আল্লাহ তার বিনিময়ে কিয়ামতের দিন তার বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করে দেবেন। আর যে কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। '৭০

আবু নুআইম আরেকটু বৃদ্ধিসহ বর্ণনা করেন, 'যে কোনো মাজলুমের সাথে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, আল্লাহ তাআলা এমন দিনে তার কদমকে দৃঢ় করে দেবেন, যেদিন মানুষের পদযুগল বিচ্যুত হবে।'৭১

আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুল বলেছেন: مَنْ نَفْسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةٌ... 'যে কোনো মুমিনের একটি দুনিয়াবি বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবীর অভাব দূর করে দেবে, আল্লাহ তাআলা তার দুনিয়া-আখিরাতের অভাব দূর করে দেবেন। যে কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা তার দোষগুলোকে দুনিয়া-আখিরাতে গোপন রাখবেন। আর বান্দা যতক্ষণ তার অপর ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্যে থাকবেন। যে ইলম অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন।'৭৫

নববি বলেন:
'এই হাদিসে বহু ইলম, কাওয়ায়িদ ও আদাব বিবৃত হয়েছে। আর نفّস الكربة-এর মানে হচ্ছে, বিপদ দূর করে দেওয়া। এখানে ধন-সম্পদ, ইলম অথবা কোনোভাবে সাহায্য করা বা কোনো কল্যাণের প্রতি ইঙ্গিত করা বা কোনো নাসিহা করা-সহ যেভাবেই হোক মুসলিমদের সাহায্য-সহযোগিতা করার মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে।'৭৬

আর ভালো কাজ ও অন্যের প্রতি ইহসানের মাধ্যমে নিজের জীবন আলোকিত হয় এবং জীবনের পরিসমাপ্তিও ভালো হয়। উম্মে সালামাহ হতে বর্ণিত, রাসুল বলেন:

صَنَائِعُ الْمَعْرُوفِ تَقِي مَصَارِعَ السُّوءِ... 'ভালো কাজ খারাপ অবস্থায় মৃত্যু থেকে হিফাজত করে। গোপনে সদাকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে আয়ু বাড়ে।'৭৭

আর আল্লাহ তাআলা তাঁর বান্দাকে মুসলিমদের প্রয়োজন পূরণ এবং কল্যাণ সাধনের জন্য ধন-সম্পদ ও নিয়ামত দান করেন। যদি সে বান্দা মুসলিমদের প্রয়োজন পূরণ না করে, তবে তার থেকে এ সম্পদ ছিনিয়ে নেওয়া হয়।

ইবনে উমর থেকে বর্ণিত, রাসুল বলেন : إِنَّ لِلَّهِ عِبَادًا اخْتَصَّهُمْ بِالنِّعَمِ لِمَنَافِعِ الْعِبَادِ... 'নিশ্চয় আল্লাহর কিছু বান্দা আছে, যাদের তিনি বিশেষভাবে তাঁর পক্ষ থেকে নিয়ামত দিয়ে থাকেন; কারণ তারা তাঁর বান্দাদের উপকার করে থাকেন। তারা যে অন্যের উপকার করে থাকেন, সে কারণে আল্লাহ তাআলা নিয়ামতের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠিত করেন। যখন তারা উপকার করতে অস্বীকৃতি জানায়, তখন আল্লাহ তাদের থেকে তা ছিনিয়ে নিয়ে অন্যদের প্রদান করেন। '৭৮

ইবনে আব্বাস বলেন: 'যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য কদম বাড়ায়, তার প্রতিটি কদমের বিনিময়ে একেকটি সদাকা লিপিবদ্ধ হয়। '৭৯

সালাফের অবস্থা তো এমন ছিল যে, তারা নিজেদেরকে তাদের শরণাপন্ন হয়, এমন ব্যক্তিদের চেয়ে বড় মনে করতেন না। বরং তাদেরকেই সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতেন। কেউ তাদের নিকট কোনো প্রয়োজন নিয়ে আসলে তারা মনে করতেন—অভাবী ব্যক্তিটিই তার ওপর ইহসান করার জন্য এসেছেন।

আব্দুল্লাহ বিন আব্বাস বলেন: 'তিন ব্যক্তির জন্য আমি যথেষ্ট হতে পারব না। প্রথমত, এমন ব্যক্তি যে আমাকে প্রথমে সালাম দেয়। দ্বিতীয়ত, এমন ব্যক্তি যে আমাকে বসার জায়গা করে দিতে মজলিসকে প্রশস্ত করে। তৃতীয়ত, এমন ব্যক্তি যে আমাকে সালাম দেওয়ার জন্য আসতে গিয়ে তার পদযুগল ধুলোয় ধূসরিত করেছে। আর চতুর্থ স্তরেও এমন এক ব্যক্তি আছে, যাকে একমাত্র আল্লাহ তাআলাই পুরস্কার দিতে পারেন।' বলা হলো, 'কে সে?' তিনি বললেন, 'এমন ব্যক্তি যার কোনো প্রয়োজন দেখা দিল। অতঃপর সে ভাবতে ভাবতে রাত অতিবাহিত করল যে, প্রয়োজন সমাধানের জন্য কার কাছে যাবে। অবশেষে আমার কাছেই চলে এল তার প্রয়োজন পূরণের জন্য।'৮০

ফুজাইল বিন ইয়াজ বলেন:
'তারা আমার কাছে উল্লেখ করল যে, একদা এক ব্যক্তি তার প্রয়োজন পূরণের জন্য অন্য আরেক জন লোকের কাছে গেল। তা দেখে সে তাকে ধন্যবাদ জ্ঞাপন করল এবং বলল, “তোমার প্রয়োজন পূরণের জন্য আমাকে তুমি নির্বাচন করলে! জাজাকাল্লাহু খাইরান। আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন।”'

আবু আকিল আল-বালিগ-কে বলা হলো, 'যখন মারওয়ান বিন হাকামের কাছে কোনো প্রয়োজন পূরণের আবদার করা হয়, তখন তুমি তাকে কেমন পেলে?' তিনি বললেন :
'কৃতজ্ঞতা জ্ঞাপনের চেয়েও দয়া করতেই তার আগ্রহ বেশি দেখেছি। সমস্যাগ্রস্ত ব্যক্তির চেয়েও উক্ত সমস্যা নিয়ে তাকেই বেশি উদ্বিগ্ন দেখা যেত।'

ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ-এর প্রশংসায় বলেন :
'শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আন্তরিকভাবে মানুষের প্রয়োজন পূরণের চেষ্টায় লিপ্ত থাকতেন।'

উচ্চ মনোবলসম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, তারা বিপদাপদের সময় মানুষের ওপর নির্ভর না করার আপ্রাণ চেষ্টা করেন।

হাকিম বিন হিজাম বলেন:
'প্রতিদিন সকালে আমার বাড়িতে মানুষ কোনো না কোনো প্রয়োজন নিয়ে আসত। আর তাদের বিপদগুলোও প্রকৃত বিপদই ছিল।'৮১

যাকে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজন পূরণকারী বানিয়েছেন অথবা যাকে তিনি মানুষের প্রয়োজন পূরণ করার মাধ্যম বানিয়েছেন কিংবা তার অধীনে তার পরিচালনায় প্রয়োজনটি পূরণ হবে, এমন যোগ্যতা দিয়েছেন—সে ব্যক্তি যদি মানুষের প্রয়োজন পূরণ করতে অসন্তোষ প্রকাশ করে, তার শাস্তির বর্ণনায় এসেছে :
- তার থেকে প্রদত্ত নিয়ামত ছিনিয়ে নিয়ে তাকে সাবধান করা হয়।

ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসুল বলেন :

مَا مِنْ عَبْدٍ أَنْعَمَ اللهُ عَلَيْهِ نِعْمَةً فَأَسْبَغَهَا عَلَيْهِ ثُمَّ جَعَلَ مِنْ حَوائِجِ النَّاسِ إِلَيْهِ فَتَبَرَّمَ... 'যেই বান্দাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে নিয়ামত দান করেন, অতঃপর আল্লাহ মানুষের প্রয়োজন পূরণ তার প্রতি নীত করলে সে বিরক্তি প্রকাশ করে। এমন অসন্তোষের মাধ্যমে সে যেন উক্ত নিয়ামত তার থেকে বিলুপ্তির সম্মুখীন করে দিল।'৮২

হাদিসে উল্লেখিত تَبَرَّمَ অর্থ হলো, সে বিরক্তিবোধ করল, সে অসন্তুষ্টি প্রকাশ করল ইত্যাদি।৮৩ সুতরাং التبرম অর্থ অসন্তুষ্টি প্রকাশ করা, রাগ করা, মনকে সংকীর্ণ করা ইত্যাদি।

হাদিসে উল্লেখিত অসন্তোষ প্রকাশকারী ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো, প্রত্যেক এমন নিয়ামতের অধিকারী, যাকে আল্লাহ তাআলা এমন কোনো নিয়ামত দিয়েছেন, যার ফলে মানুষ তার প্রতি নির্ভরশীল হয়ে থাকে। যেমন: আলিম, মুফতি, দায়ি, শিক্ষক, তত্ত্বাবধায়ক, আমির, কাজি, দায়িত্বশীল, ডাক্তার, ব্যবসায়ী, উকিল, ধনী ব্যক্তি - এমন ইত্যাদি গুণের অধিকারী মানুষগুলো যারা বিস্তৃত-সুপরিসরে উপকার করার যোগ্যতা রাখেন। আল্লাহ তাআলা যাদের বিভিন্ন গুণের মাধ্যমে সমাজের মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব ও বিশেষ অবস্থান দান করেছেন।

এসব বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিবর্গের নিকট মানুষ মুখাপেক্ষী হওয়ার পর যদি তারা বিরক্তি প্রকাশ করে, অসন্তুষ্টি দেখায়, মানুষের সাথে সামান্য পরিমাণ সংকীর্ণতা প্রদর্শন করে, তাদের সাথে অহংকার করে, মুখ ফিরিয়ে নেয়, অনীহা প্রকাশ করে, তাহলে তাদের থেকে আল্লাহ তাআলার সেই নিয়ামত উঠে যাওয়ার জন্য তারাই দায়ী; তারা নিজেরাই সে নিয়ামত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আরজি পেশ করে। যেমনটি পূর্বোক্ত হাদিসে উল্লেখ করা হয়েছে।

হাদিসের এ সতর্কবাণীগুলো কুরআনের এ আয়াতের কথা অন্তর্ভুক্ত করে যে - ذلِكَ بِأَنَّ اللهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

'এই শাস্তির কারণ এই যে, আল্লাহ যদি কোনো জাতির ওপর নিয়ামত দান করেন, সেই নিয়ামত ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের অবস্থা পরিবর্তন না করে, নিঃসন্দেহে আল্লাহ মহাশ্রোতা ও মহাজ্ঞানী।' ৮৪

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

'আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোনো জাতির ওপর বিপদ আপতিত করতে চান, তখন তা প্রতিহত হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই।' ৮৫

ইমাম বাগাবি প্রথম আয়াতের তাফসিরে বলেন :
'আল্লাহ তাআলা যদি কোনো জাতিকে কোনো নিয়ামত দিয়ে থাকেন, তাহলে সেই জাতি অস্বীকৃতি ও অকৃতজ্ঞতা ইত্যাদি অবাধ্যতার মাধ্যমে উক্ত নিয়ামতকে পরিবর্তন করা ছাড়া তিনি তা পরিবর্তন করেন না। সুতরাং যখন তারা কোনো অবাধ্যতা বা অস্বীকৃতি করে বসে, তখন আল্লাহ তাদের থেকে সে নিয়ামত ছিনিয়ে নেন।'৮৬

আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন :

وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

'যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন। অতঃপর তারা তোমাদের মতো হবে না।'৮৭

ইমাম কুরতুবি বলেন :
'আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নেতৃত্ব, পরিচালনা ও কর্তৃত্ব প্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করে দিয়েছেন। যদি কেউ নেতা হয় আর প্রজাদের মাঝে সুবিচার না করে, বা কেউ যদি আলিম হয় আর ইলম অনুযায়ী আমল না করে, মানুষকে নসিহা না করে—তাহলে আল্লাহ তাদের থেকে তা উঠিয়ে নেবেন এবং অন্যদের প্রদান করবেন। আর আল্লাহ এ বিষয়ে সক্ষম।'৮৮

অতএব বোঝা গেল যে, পূর্বোল্লেখিত হাদিসের মধ্যে মূলত সেসব মানুষকে সতর্ক ও সাবধান করা হয়েছে, আল্লাহ যাদের নিয়ামত দিয়েছেন, সমাজে ভালো অবস্থান দিয়েছেন, যার কাছে মানুষ বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য আসে। অথচ সে আল্লাহর পছন্দনীয় পন্থায় সেগুলো সমাধান করে দেয় না।

টিকাঃ
৭০. সহিহুল বুখারি: ২৪৪২
৭১. হিলইয়াতুল আওলিয়া: ৬/৩৪৮
৭৫. সহিহু মুসলিম: ২৬৯৯
৭৬. শারহুন নববি আলা মুসলিম: ১৭/২১
৭৭. আল-মুজামুল কাবির, তাবারানি: ৮০১৪
৭৮. আল-মুজামুল আওসাত, তাবারানি: ৫১৬২
৭৯. আবু আব্দুল্লাহ আল-মারওয়াজি কৃত কিতবুল বিররি ওয়াস সিলা: ১৬৩
৮০. শুআবুল ইমান, বাইহাকি: ৭/৪৩৬
৮১. সিয়ারু আ'লামিন নুবালা : ৩/৫১
৮২. আল-মুজামুল আওসাত, তাবারানি: ৭৫২৯
৮৩. মুখতারুস সিহাহ: ১/২৭
৮৪. সুরা আল-আনফাল: ৫৩
৮৫. সুরা আর-রাদ: ১১
৮৬. তাফসিরুল বাগাবি: ৩/৩৬৮
৮৭. সুরা মুহাম্মাদ: ৩৮
৮৮. তাফসিরুল কুরতুবি: ৫/৪০৯

📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 করজে হাসানাহ ও অসচ্ছল ঋণগ্রহীতাকে সময় দেওয়া

📄 করজে হাসানাহ ও অসচ্ছল ঋণগ্রহীতাকে সময় দেওয়া


ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবিজি বলেন:

مَا مِنْ مُسْلِمٍ يُقْرِضُ مُسْلِمًا قَرْضًا مَرَّتَيْنِ إِلَّا كَانَ كَصَدَقَتِهَا مَرَّةً

'যদি কোনো মুসলমান অপর মুসলমানকে দুবার ঋণ দেয়, তাহলে তা একবার সদাকা করার সমান হয়ে যায়।'১০৫

হুজাইফা বলেন, রাসুল বলেছেন:

تَلَقَّتِ الْمَلَائِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ... 'তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক লোকের আত্মার সাথে ফেরেশতারা সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করল, “তুমি কি কোনো ভালো আমল করেছ?” সে বলল, “না, করিনি।” তারা বলল, “স্মরণ করে দেখো?” সে বলল, "আমি মানুষকে ঋণ দিতাম। আর আমার ছেলেদের আদেশ দিতাম যে, অসচ্ছলদের অবকাশ দাও। আর সচ্ছলরা ফেরত দানে কম দিলেও তাদের যেতে দাও।” রাসুল বলেন, “এরপর আল্লাহ বলেন, তোমরা তাকে যেতে দাও।””১০৬

টিকাঃ
১০৫. সুনানু ইবনি মাজাহ: ২৪৩০
১০৬. সহিহু মুসলিম: ১৫৬০

📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 খানা খাওয়ানো

📄 খানা খাওয়ানো


আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত,

أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الإِسْلَامِ خَيْرُ؟ قَالَ: تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

'এক ব্যক্তি নবিজি-কে জিজ্ঞেস করলেন, “ইসলামের কোন আমল অধিক উত্তম?” তিনি বললেন, “খানা খাওয়ানো এবং পরিচিত-অপরিচিতকে সালাম দেওয়া।”১০৭

আব্দুল্লাহ বিন সালাম থেকে বর্ণিত, তিনি বলেন :

লম্ম কদিম রাসুলুল্লাহি ﷺ... 'রাসুল যখন মদিনায় আগমন করলেন, তখন মানুষ তাঁর দিকে দ্রুত ছুটতে লাগল। আর এ কথা বলছিল যে, আল্লাহর রাসুল এসেছেন, আল্লাহর রাসুল এসেছেন, আল্লাহর রাসুল এসেছেন...। মানুষের ভিড়ে আমিও তাঁকে দেখার জন্য এলাম। যখন স্পষ্ট করে তাঁর চেহারা মুবারক দেখলাম, তখনই বুঝলাম যে, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তিনি প্রথম যে কথাটি বলেছেন তা হলো, "হে লোকসকল, পরস্পর সালাম বিনিময় করো, খানা খাওয়াও, শেষ রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো। তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে।””১০৮

আবু মুসা থেকে বর্ণিত, রাসুল বলেন : فُكُّوا الْعَانِي، وَأَطْعِمُوا الْجَائِعَ، وَعُودُوا الْمَرِيضَ 'বন্দী ব্যক্তিকে মুক্ত করো, ক্ষুধার্তকে খানা খাওয়াও এবং অসুস্থ লোকের সেবা করো। '১০৯

তিনি আরও বর্ণনা করেন, রাসুল বলেন: إِنَّ الْأَশْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ... 'যুদ্ধের ময়দানে আশআরিদের পাথেয় শেষ হলে অথবা মদিনায় তাদের পরিবার-পরিজনের আহারাদি শেষ হয়ে গেলে, তারা তাদের কাছে থাকা সবকিছুকে একটি কাপড়ে জমা করত। অতঃপর একটি পাত্রে নিজেদের মাঝে তা সমানভাগে ভাগ করত। তারা আমার অন্তর্ভুক্ত আর আমিও তাদের অন্তর্ভুক্ত। '১১০

হাদিসে উল্লেখিত إِذَا أَرْمَلُوا এর অর্থ হচ্ছে, যখন তাদের সামান-পত্র শেষ হয়ে যেত। এটি رমল শব্দ থেকে নির্গত। রমল শব্দের অর্থ বালু। অর্থাৎ সামান শেষ হয়ে যাওয়ায় কেমন যেন তারা মাটির সাথে লেপটে গেছে। পরস্পর ভ্রাতৃত্ব, নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়া, সফরে-ইকামাতে সকল্যের সম্পদকে একত্র করে অন্যদের সাহায্য করার ফজিলত হাদিসেও বর্ণিত আছে। আল্লাহ-ই ভালো জানেন।১১১

টিকাঃ
১০৭. সহিহুল বুখারি : ১২
১০৮. সুনানুত তিরমিজি: ২৪৮৫
১০৯. সহিহুল বুখারি: ৩০৪৬
১১০. সহিহুল বুখারি: ২৪৮৬
১১১. ফাতহুল বারি: ৫/১৩০

📘 শেষ বিদায়ের আগে রেখে যাও কিছু উত্তম নিদর্শন 📄 এতিমের প্রতি অনুগ্রহশীল হওয়া

📄 এতিমের প্রতি অনুগ্রহশীল হওয়া


আল্লাহ তাআলা ইরশাদ করেন :

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُশْرِكُوا بِهِ শَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ

'তোমরা আল্লাহর ইবাদত করো। তাঁর সাথে অন্য কিছুকে শরিক করো না। পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয় ও এতিম-মিসকিনদের সাথেও...।'১১২

এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে নবিজি-এর সাথে থাকবেন

সাহল বিন সা'দ থেকে বর্ণিত, নবিজি বলেন:
«أَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا... 'আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব।' এ বলে তিনি তার তর্জনি ও মধ্যমা আঙুল দিয়ে ইশারা করলেন। ১১৩

ইবনে বাত্তাল বলেন:
'প্রত্যেক মুসলিমের এই হাদিসটি শোনা আবশ্যক। যেন তারা এমন কাজে আগ্রহী হয়, যা তাদের জান্নাতে রাসুল-এর প্রতিবেশী ও নবি-রাসুলদের জামাআতের সাথে থাকার সৌভাগ্য এনে দেবে।' ১১৪

আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে, তারা এতিমদের প্রতি ইহসান করবে। তিনি বলেন :

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ

'যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে এ মর্মে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতিম ও দীন-দরিদ্রের সাথে সদ্ব্যবহার করবে।'১১৫

আর তাদের চেয়ে আমরাই এই মাহাত্ম্যের অধিকারী বেশি।'

যে ব্যক্তি আশা করে যে, তার অন্তর নরম হোক এবং প্রয়োজনগুলো পূরণ হোক—তাহলে সে যেন এতিমের প্রতি দয়া করে, তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং তাকে নিজ খাবার থেকে খাওয়ায়।

আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন :

'এক ব্যক্তি নবিজি-এর কাছে এসে তার অন্তরের কাঠিন্যের অভিযোগ করল। তখন তিনি তাকে বললেন, “তুমি কি চাও যে, তোমার অন্তর নরম হোক এবং তোমার প্রয়োজন পূরণ হোক? তবে এতিমকে দয়া করো, তার মাথায় হাত বুলিয়ে দাও, তোমার খানা থেকে তাকে খাওয়াও—তাহলে তোমার অন্তর নরম হবে এবং তোমার প্রয়োজন পূরণ হবে।””১১৬

কোনো এক সালাফ বলেছেন:
'শুরুতে আমি পাপের সাগরে ডুবে ছিলাম। মদ পান করতাম। একদিন দরিদ্র এক এতিম শিশুকে পেয়ে তাকে আমি সাথে করে নিয়ে আসলাম। সুন্দর করে তার প্রতিপালন করতে লাগলাম। খানা খাওয়ালাম, বস্ত্র পরিধান করালাম, গোসল করালাম, শরীরের ময়লা দূর করলাম, নিজের সন্তানের চেয়েও সুন্দর করে আদর-যত্ন করলাম। এসবের পর এক রাতে আমি স্বপ্নে দেখলাম যে, কিয়ামত কায়িম হয়ে গেছে, হিসাবের জন্য ডাকা হয়েছে। অতঃপর আমার পাপের দরুন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হলো। জাহান্নামের ফেরেশতা আমাকে টেনে নেওয়ার জন্য আসলো। আমি তাদের সামনে নিতান্তই নিঃস্ব, অসহায়, অপমানিত। তারা আমাকে টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ সে এতিমকে দেখলাম। সে পথ আগলে দাঁড়িয়ে আছে। সে বলল, “হে আমার প্রভুর ফেরেশতাগণ, তাকে ছেড়ে দাও। আমি তার জন্য আমার রবের কাছে সুপারিশ করব। কারণ, সে আমার প্রতি দয়া করেছে, আমাকে আদর-যত্ন করেছে।” ফেরেশতাগণ বললেন, “আমাদেরকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি।" এ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক এল; তিনি বলছিলেন, "তাকে ছেড়ে দাও। এতিমের সুপারিশের আবদারের কারণে এবং তার প্রতি দয়া করার কারণে আমি এ লোককে ক্ষমা করে দিচ্ছি।” তিনি বলেন, "তারপর আমি জাগ্রত হয়ে পড়ি, আল্লাহর কাছে তাওবা করি এবং এতিমদের প্রতি দয়ায় সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা-শ্রম ব্যয় করি।”১১৯

টিকাঃ
১১২. সুরা আন-নিসা: ৩৬
১১৩. সহিহুল বুখারি: ৬০০৫
১১৪. শারহুল বুখারি লি ইবনি বাত্তাল: ৯/২১৭
১১৫. সুরা আল-বাকারা: ৮৩
১১৬. মুসান্নাফু আব্দির রাজ্জাক: ১১/৯৭
১১৯. আল-কাবাইর: ৬৫

ফন্ট সাইজ
15px
17px