📘 সীরাহ (রেইনড্রপস) 📄 ৬) আল্লাহর রাসূলকে ﷽ হত্যার চেষ্টা

📄 ৬) আল্লাহর রাসূলকে ﷽ হত্যার চেষ্টা


খাইবারের ইহুদিরা পরাজিত হবার পর নবীজি এবং তাঁর কিছু সাহাবিদের দাওয়াত করেন। সাহাবিদের জন্য তারা ভেড়ার মাংস রান্না করে দিলো। আপ্যায়ন করা আসলে তাদের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে হত্যা করা। যাইনাব বিনতে আল-হারিস নামের এক ইহুদি মহিলা এজন্য সেই মাংসে বিষ মিশিয়ে দেয়। রাসূল সাহাবিদের নিয়ে খেতে বসলেন। তারা কেউ ভাবতে পারেনি দাওয়াতের খাবারে বিষ মেশানো থাকতে পারে। বিশর ইবন আল-বারা নিশ্চিন্ত মনে মাংস মুখে নিলেন। নবীজিও মাংস মুখে নিলেন কিন্তু গিলে ফেলার আগেই মুখ থেকে ফেলে দিয়ে বললেন এই খাবারে বিষ মেশানো আছে। ওদিকে বিশর ইবন আল-বারা ততক্ষণে মাংস গিলে ফেলেছেন。

সেই মহিলাকে ডাকা হলো। জিজ্ঞেস করা হলো সে হত্যার উদ্দেশ্যে বিষ মিশিয়েছে কিনা। সে স্বীকার করলো। নবীজি তার এই কাজের কারণ জানতে চাইলেন। মহিলা উত্তর দিল, 'আপনি যদি মিথ্যা নবী হন তাহলে এই বিষে আপনি মারা যাবেন। আর যদি আপনি সত্য নবী হন তাহলে আল্লাহ আপনাকে তা জানিয়ে দেবেন।' রাসূল বললেন, 'আমার উপর বিজয়ী হওয়ার শক্তি আল্লাহ তোমাকে দেননি।'

রাসূল মহিলাকে তখন ছেড়ে দিলেন। এই বিষে বিশর ইবন আল-বারা মারা যান। কিছু বর্ণনামতে সেই মহিলাকে তখন হত্যা করা হয়। এই ঘটনার পরে আল্লাহর রাসূল আরও তিন বছর বেঁচে ছিলেন। নবীজির শেষ দিনগুলোতে যখন তিনি জ্বরে ভুগছিলেন তখন আইশাকে বলেছিলেন, 'আইশা, আমি এখনো সেই খাবারের স্বাদ পাই যা আমাকে খাইবারে খাওয়ানো হয়েছিল।'

ফন্ট সাইজ
15px
17px