📄 সূরা আর রুম
রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা বিরাজমান ছিল। তারা ছিল সে সময়ের পরাশক্তি। ইরান, ইরাক, আফগানিস্তান, সম্ভবত পাকিস্তানের কিছু অংশ এবং এর উত্তর দিক ছিল পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। আর তুরস্ক, পূর্ব-দেশীয় ইউরোপ, আজারবাইজান এবং আর্মেনিয়া ছিল বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। রোমানদের অবস্থা তখন বেশ শোচনীয়, পারস্য একের পর এক যুদ্ধে তাদের পরাজিত করতে থাকে। এরই মধ্যে সিরিয়ায় পারস্য ও রোমানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে সংগঠিত হয় এবং তাতে রোমানরা পরাজিত হয়। মক্কার মানুষ এই খবর শুনে খুব খুশি হয়, আর মুসলিমরা দুঃখ পায়। কারণ, ধর্মীয় বিশ্বাসের দিক থেকে পারস্যরা ছিল মক্কার পৌত্তলিকদের আপন, যেহেতু তারা অগ্নিপূজা করতো। অপরদিকে রোমানরা ছিল খ্রিস্টান বা আহলে কিতাব, তাদের বিশ্বাস মুসলিমদের কাছাকাছি ছিল। এই ঘটনার পর মুশরিকরা মক্কার চারদিকে ঘুরে ঘুরে মুসলিমদের বলতে লাগল, 'যেভাবে পারস্যরা রোমানদের হারিয়েছে, আমরাও সেভাবে তোমাদের হারাবো।' আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটি আয়াত নাযিল করেন,
"আলিফ-লাম-মীম। রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে। অগ্র-পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মু'মিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।” (সূরা আর-রুম, ৩০: ১-৫)
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে রোমানরা দশ বছরের মধ্যে বিজয়ী হবে। আবু বকর এই আয়াত শুনে আবু জাহেলের কাছে গেলেন। তাকে বললেন, 'তোমার সাথে বাজি ধরতে চাই যে, রোমানরা বিজয়ী হবে।' আবু জাহেল বললো, 'কত সময়ের মধ্যে বিজয়ী হবে?' আবু বকর বললেন, 'দশ বছরের কম সময়ে।' বাজির পুরস্কার ঠিক হলো একশ উট। আবু বকর যেকোনো কিছুর ওপর বাজি ধরতে রাজি, কেননা তিনি কুরআনের উপর ভরসা করে বাজি ধরেছেন।
সূরা আর রুমের এই আয়াতটি বলছে রোমানরা বিজয়ী হবে এবং মুসলিমরা সেদিন খুশি হবে কারণ আল্লাহ তাদের বিজয় দেবেন। আট বছর পর রোমানরা সত্যিই বিজয়ী হলো, অথচ মুসলিমদের কাছে রোমানদের বিজয় সেদিন খুবই গৌণ বিষয়। মুসলিমদের জন্য সেটি খুশির দিন ছিল সত্যি, কিন্তু সেটা রোমানদের কারণে নয়, অন্য কোনো কারণে। আসল ঘটনা হচ্ছে, যেদিন তারা রোমানদের বিজয়ের খবর পেলো, সেই দিনটি ছিল বদরের যুদ্ধে বিজয়ের দিন, কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধ বিজয়ের প্রথম ইতিহাস। বলা বাহুল্য বদরের বিজয়ের সামনে অন্য সবকিছু ম্লান হয়ে যায়।
পৌত্তলিকরা বলতো তারা মুসলিমদের সেভাবেই পরাজিত করবে যেভাবে পারস্যরা রোমানদের পরাজিত করেছে, কিন্তু ঠিক উল্টোটাই ঘটল। রোমানরা বিজয়ী হলো এবং একই দিনে মুসলিমরাও বিজয়ী হয়। তবে অলৌকিকতার শেষ এখানেই নয়, এই আয়াতে বলা হয়েছে, বাইজেন্টাইন অর্থাৎ রোমানরা "আদনাল আরদ' এ পরাজিত হয়েছে। আদনা শব্দটির আরবিতে দুইটি অর্থ আছে, একটা অর্থ হলো সবচেয়ে কাছে আর আরেকটা অর্থ হলো সর্বনিম্ন। পূর্ববর্তী আলিমরা মূলত এই শব্দের অর্থ গ্রহণ করেছিলেন 'সবচেয়ে কাছে', কারণ আরবের সবচেয়ে কাছের দেশ ছিল আশ-শাম আর সেখানেই রোমানরা পরাজিত হয়েছিল। আবার অনেকে মনে করেন এই আয়াতের অর্থ সর্বনিম্ন, কেননা যে স্থানে এই যুদ্ধ হয়েছিল তা পৃথিবী পৃষ্ঠের সর্বনিম্ন স্থান। আল্লাহই ভালো জানেন।